Home
রাজা কঙ্ক

রাজা কঙ্ক

অদ্রীশ বর্ধন

রাজা কঙ্ক

অদ্রীশ বর্ধন
thriller

Change color

বাই রোড গাড়িটাকে পাঠিয়েছিলাম আগের দিন চম্পকনগরে। ট্রেন থেকে সেখানে নেমেই গাড়ি হাঁকিয়ে যাব বন্ধুদের বিবরে–এই ছিল আমার প্ল্যান।

হাওড়া থেকে ট্রেন ছাড়বার মিনিট কয়েক আগেই আমার কামরায় এসে উঠল সাতজন আরোহী। পাঁচজন আবার সিগারেটখোর। এতটা পথ এদের সঙ্গে যেতে হবে ভেবে মেজাজ খিঁচড়ে গেল। স্টেটসম্যান আর ব্র্যাডশ নিয়ে চলে এলাম পাশের কামরায়।

আমাকে দেখেই খুবই বিরক্ত হল যে মেয়েটি তার বয়স পঁচিশও নয়। ভারী মিষ্টি মুখখানা। পানপাতার মতো গড়ন। চোখ-মুখ-নাক নিখুঁত। ঢলঢলে চোখে মাদকতা বা সেক্স যাই বলুন না কেন আছে। কামরায় একমাত্র আরোহী সে। তাই আমাকে দেখে ভুরু কুঁচকে ফিসফিস করে কী যেন বলল ফুটবোর্ডে দাঁড়িয়ে থাকা ভদ্রলোকটিকে।

বুঝলাম আমার সম্বন্ধে লাগানো হল। ভদ্রলোক মেয়েটির স্বামী নিশ্চয়। ট্রেনে তুলে দিতে এসেছেন। আমার আপাদমস্তক খুঁটিয়ে দেখলেন। সন্তুষ্ট হলেন এবং মৃদু হেসে বোধহয় অভয় দিলেন স্ত্রীকে। শুনে মেয়েটিও হাসল আমার দিকে চেয়ে। ছোট্ট কামরায় ঘণ্টাকয়েক আমার সঙ্গে তালা চাবি দিয়ে রাখলেও যেন তার আর কোনও ভয় নেই।


ভদ্রলোক বললেন, রাগ কোরো না মণি কেমন? চলি, নইলে অ্যাপয়েন্টমেন্ট ফেল করব।


জানলা থেকে রুমাল নেড়ে বিদায় জানাল মেয়েটি এবং লুকিয়েচুরিয়ে আঙুলের ডগায় অধর ছুঁইয়ে কয়েকটা তোফা চুম্বনও নিক্ষেপ করল স্বামীর পানে।


গার্ড হুইশল দিয়েছে। ট্রেন চলতে শুরু করেছে।


ঠিক এই সময়ে প্ল্যাটফর্ম দিয়ে ছুটতে ছুটতে এল একটা লোক।


লোকজন হইচই করে উঠল তার দুঃসাহস দেখে। কিন্তু কোনওদিকে না চেয়ে ফুটবোর্ডে লাফিয়ে উঠেই দড়াম করে দরজা খুলে ভেতরে এসে পড়ল আগন্তুক।


আমার সঙ্গিনী অন্যমনস্ক ছিল। আচমকা ওইভাবে একজনকে কামরায় ঢুকতে দেখেই আতঙ্কে চেঁচিয়ে উঠে ধপ করে বসে পড়ল বেঞ্চিতে।



আমি ভীতু নই। কিন্তু প্ল্যাটফর্ম থেকে ট্রেন বেরিয়ে যাওয়ার ঠিক আগেই এভাবে কামরায় ছিটকে আসা মোটেই স্বাভাবিক নয়। বদ মতলব না থাকলে সচরাচর….


লোকটার চেহারা দেখে কিন্তু সেরকম কিছু মনে হয় না। ঠিক যেন পাকা মাকাল ফলটি। যেমন টুসটুসে রং–টুসকি দিলেই যেন ফেটে পড়ে–তেমনি ফিটফাট সাজগোজ। যে লোক এ রকম তেড়েমেড়ে ছুটন্ত ট্রেনে লাফিয়ে ওঠে, তার চেহারা আর পোশাক আর একটু নিরেশ হলে যেন মানাত। চেহারা দেখলে মনে হয় বুঝি পারস্যের খানবাহাদুর কিম্বা আরব দেশের তৈল সম্রাট। লাল-লাল ফ্রেঞ্চকাট দাড়ি, টানা-টানা চোখ, চোখাচোখা নাক। আর পোশাক? র‍্যানকিন-হার্মান গোলাম মহম্মদরাও বুঝি অমন কাট-ছাঁট রপ্ত করতে পারেনি এখনও। যেমন দামি কাপড় তেমনি বাহারি স্যুট। অমন সুন্দর টাইও বড় একটা দেখা যায় না। জোডিয়াক তো নয়ই বিলিতি নিশ্চয়ই।


দেখেই আমার কিন্তু খটকা লাগল। হ্যান্ডসাম ফিগার, চোস্ত পোশাক-আশাক, মুখটাও কেমন জানি চেনা-জানা। চেনা লোকের ফটোগ্রাফ অনেক দিন পর দেখলে যেমন চিনেও চিনে ওঠা যায় ণা এ যেন তেমনি। কিন্তু কিছুতেই মনে করতে পারলাম না কোথায় দেখেছি নবরূপী কার্তিক মহাশয়কে।



সঙ্গিনী মেয়েটির দিকে তাকিয়ে দেখি অবস্থা তার শোচনীয়। দু-চোখ কোটর থেকে খসে পড়ার উপক্রম হয়েছে–আতঙ্ক মূর্ত হয়েছে বিস্ফারিত চোখের তারায়। ফরসা রং ফ্যাকাশে হলে বিশ্রী লাগে–মেয়েটিকেও বিশ্রী লাগছে মুখটা কাগজের মতো সাদা হয়ে যাওয়ার দরুন। বেঞ্চির ওদিকে বসে সুদর্শন আগন্তুক–এদিকে বসে সুন্দরী সঙ্গিনী। আগন্তুক চেয়ে আছে জানলা দিয়ে বাইরে, সঙ্গিনী ফ্যালফ্যাল করে চেয়ে আছে আগন্তুকের দিকে। ভ্যানিটি ব্যাগ পড়ে রয়েছে ইঞ্চি কয়েক দূরে। মেয়েটির ইচ্ছে ব্যাগটাকে কাছে টেনে আনে কিন্তু ভয়ের চোটে হাত বাড়াতেও পারছে না। থরথর করে আঙুল কাঁপছে, চোখ ঠেলে বেরিয়ে আসছে। অবশেষে আঙুল দিয়ে পৌঁছল ব্যাগের হাতলে এবং কোলের ওপর উঠে এল হলুদ থলে।


এতক্ষণে চারচোখে মিলন হল আমার সঙ্গে মেয়েটির। আমি ওর নার্ভাসনেস দেখে না বলেও পারলাম না ব্যাপার কী? শরীর খারাপ নাকি? জানলা খুলে দেব?


জবাব না দিয়ে ভীরু চোখে মেয়েটি কেবল চেয়ে রইল। কথা বলার মতো সাহসও তার নেই বুঝে আমি অভয় চোখে তাকিয়ে রইলাম। মেয়েটি আমার চোখের মধ্যে তাকিয়ে আড়চোখে বারবার ইশারা করতে লাগল আগন্তুকের পানে। চোখের ইশারায় সে যেন বলতে চায়, লোকটাকে দেখেছেন? সুবিধের নয়।



আমি ওর সভয় চাহনির জবাব দিলাম অভয় হাসি হেসে–ঠিক যেভাবে হেসেছিল তার স্বামী আমার সম্বন্ধে তার ভয় কাটিয়ে দেওয়ার জন্যে। ইঙ্গিতে বললাম–ভয় কী? আমি তো রয়েছি। যুবতীদের দেখলেই যুবকদের প্রাণে বীররসের সঞ্চার ঘটে। আমিই বা বাদ যাই কেন?


ঠিক এই সময়ে আগন্তুক চাইল আমাদের পানে। পর্যায়ক্রমে চোখ বুলিয়ে নিল আমার আর সঙ্গিনীর থেকে মাথা পর্যন্ত। সে চোখে জিজ্ঞাসা নেই, ঔৎসুক্য নেই, ঔদাসীন্যও নেই। পর্যবেক্ষণ সমাপ্ত হতেই চোখ ফিরিয়ে নিয়ে ফের চেয়ে রইল জানলা দিয়ে বাইরের দিকে।


কামরার মধ্যে আর কোনও কথা নেই। মেয়েটি এই নৈঃশব্দ্য সইতে পারল না যেন। সর্বশক্তি কেন্দ্রীভূত করল সুচারু রসনায়–বললে ফিসফিস করে, শুনেছেন?


কী?


এই ট্রেনে সে চলেছে?



কে?


সে আবার কে…একা!


কে? কার কথা বলছেন?


রাজা কঙ্ক।


আগন্তুকের পানে চেয়েই শেষ কথাটা বলল মেয়েটি। অর্থাৎ রাজা কঙ্ক তার দৃষ্টিপথেই আবির্ভূত হয়েছে। বেঞ্চের অপর প্রান্তেই উপবিষ্ট রয়েছে।


সুতরাং আমি নিশ্চিন্ত হলাম। ভয়াবহ ওই নামের মর্যাদা থেকে আমি রেহাই পাওয়ায় হাঁফ ছেড়ে বাঁচলাম।


আগন্তুক কিন্তু ঘাড় হেঁট করে বসেই রয়েছে। মুখটা ঈষৎ ফেরানো–যেন আমরা দেখেও চিনতে না পারি। প্রতিবাদের সুরে বললাম, রাজা কঙ্কর কিন্তু বিশ বছর সশ্রম কারাদণ্ডর হুকুম হয়েছে গতকাল–পলাতক থাকা অবস্থাতেই। সুতরাং পলাতক রাজা কঙ্ক খামোকা লোকের সামনে এসে নতুন ঝামেলায় জড়াতে যাবে বলে মনে হয় না। সবচেয়ে বড় কথা খবরের কাগজওয়ালারা পর্যন্ত জেনে গিয়েছে রাজা কঙ্ক ছুটি উপভোগ করতে গিয়েছে লঙ্কার সমুদ্রতীরে–পাকিস্তান থেকে লম্বা দেওয়ার পর থেকে ইন্ডিয়ার মাটি তার কাছে এখন বিষবৎ। সুতরাং–



রাজা কঙ্ক এই ট্রেনেই রয়েছে, বলল মেয়েটি। একটু জোর গলাতেই বলল যাতে গলাটা আগন্তুকের কান পর্যন্ত পৌঁছয়। আমার হাজব্যান্ড ডেপুটি জেল-সুপার। স্টেশনেও শুনলাম পুলিশ তাকে খুঁজছে।


কিন্তু খুঁজবে কেন?


টিকিট কাউন্টারে তাকে দেখা গেছে বলে। চম্পকনগরের টিকিট কেটেছে রাজা কঙ্ক।


সেখানেই তার কলারটা চেপে ধরা হল না কেন?


অদৃশ্য হয়ে গেল বলে। টিকিট কালেক্টর তার টিকিও দেখতে পেল না। তাই সবাই ভাবলে নিশ্চয় এক্সপ্রেস ট্রেনে উঠে এসেছে রাজা কঙ্ক। জানেন তো এই ট্রেনের দশ মিনিট পরেই আছে এক্সপ্রেস।


তাহলে তো ল্যাঠা চুকেই গেল। এক্সপ্রেসেই পুলিশ তাকে হাতকড়া লাগাবে।


লাস্ট মোমেন্টে নিশ্চয় এক্সপ্রেস থেকে লাফিয়ে এই ট্রেনে উঠে পড়েছে রাসকেল।



বেশ তো রাসকেলকে এই ট্রেনেই ধরা যাবেখন।


ধরবে? রাজা কঙ্ককে ধরবে?


চম্পকনগরেই সে ধরা পড়বে।


ইহজীবনে আর ধরা পড়বে না। রাজা কঙ্ককে ধরা যায় না। ঠিক পালাবে।


তাহলে পালাক। যাত্রা তার শুভ হোক।


তার আগে কী সর্বনাশটা করবে ভেবেছেন?


কী সর্বনাশ?


চুপ মেরে গেল ভয়াতুরা সঙ্গিনী। নীরবে আঁকড়ে ধরল ভ্যানিটিব্যাগ। বললাম, অত ঘাবড়ালে চলে কি? রাজা কঙ্ক ট্রেনে উঠেছে মেনে নিয়েও বলব সে বোকা নয়। খামোকা নতুন ফ্যাসাদ ডাকতে যাবে না।



আমার কথায় বিশ্বাস হল না মেয়েটির। ভয়ও কমল না।


কি আর করা যায়? আমি খবরের কাগজটা টেনে নিয়ে রাজা কঙ্কর বিচারকাহিনি পড়তে লাগলাম। সবই অবশ্য জানা। তবুও মন্দ লাগছিল না রংচঙে উপাখ্যানটা। পড়তে-পড়তে চোখের পাতা ভারী হয়ে এল। পরপর দুটো রাত কম ধকল হয়নি শরীরের ওপর। ঘুম তো পাবেই।


চমকে উঠলাম মেয়েটির চাপা আর্তনাদে। খপ করে কাগজটা আমার হাত থেকে ছিনিয়ে নিয়ে ককিয়ে উঠল সে, কী সর্বনাশ! ঘুমোচ্ছেন নাকি?


না, না, ঘুমোব কেন? প্রাণপণে সজাগ থাকবার চেষ্টা করে বললাম।


এখন ঘুমোনো মানেই রাজা কঙ্ককে সুযোগ দেওয়া!


একশোবার! সায় দিলাম তৎক্ষণাৎ।



এই বলে চোখ পাকিয়ে চেয়ে রইলাম জানলা দিয়ে বাইরে। ঘুমোনো না পণ করলেও ঘুমকে কি ছাই আটকানো যায়। ট্রেনের টিকি-ঢিকি ছন্দ আর দুই বিনিদ্ররজনীর অবসাদ–দুয়ে মিলে কিছুক্ষণের মধ্যেই ঘুম পাড়িয়ে ফেলল আমাকে। চোখের সামনে থেকে মুছে গেল নিসর্গ দৃশ্য।


স্বপ্নজগতে দেখলাম রাজা কঙ্ক নামধারী সেই রহস্যাবৃত অতিমানবটিকে। দেখলাম ধনীর সিন্দুক শূন্য করে দুর্লঙ্ঘ্য পাঁচিল টপকে দুর্গম অঞ্চলেও বিজয়কেতন উড়িয়ে ছায়ার মতো অপসৃয়মান কিংবদন্তীর নায়ক রাজা কঙ্ককে। দেখলাম দরিদ্রের বন্ধু এবং শোষকের শত্রু রাজা কঙ্কর পাঁকের মতো পিচ্ছিল দেহরেখা, অশরীরীর মতো যে ধরাছোঁয়ার বাইরে, ঈগলের মতো যে দুরন্ত দুঃসাহসী দেখলাম সেই অমিতশক্তিধর অসামান্য পুরুষটিকে। সেইসঙ্গে দেখলাম আর একটি চরিত্রকে যে রাজা কঙ্কর নাম নিয়েও রাজা কঙ্ক নয়। দেখলাম ছায়ার মতো শরীর নিয়ে অকস্মাৎ লাফিয়ে ঢুকল কামরার মধ্যে, হনুমানের লঙ্কাদাহনের সময়ে শরীর বিবর্ধনের মতো ক্রমশ ফুলে উঠল তার ছায়াময় কায়া এবং চেপে বসল আমার বুকের ওপর। তার সাঁড়াশীর মতো শক্ত আঙুলের নিষ্পেষণে চোখ ঠেলে বেরিয়ে এল আমার, রুদ্ধ হয়ে এল নিশ্বাস। দমবন্ধ হয়ে মরতে বসেও রক্তজমা চোখে দেখলাম বেঞ্চিতে শুয়ে হাত-পা খেচছে ভয়কাতুরে মেয়েটা।


বাধা দিতে চেষ্টা করলাম না…শক্তিও ছিল না…রগ দপদপ করছে অক্সিজেনের অভাবে…বড়জোর আর একটা মিনিট…তারপরেই সব শেষ।



আগন্তুক তা বুঝল। আঙুল শিথিল করল বটে, বুক থেকে উঠল না। ডানহাতে একটা নাইলন দড়ি বার করল পকেট থেকে। দড়ির প্রান্তে ঢিলে ফঁস। ফঁসের মধ্যে আমার দুহাত গলিয়ে আমাকে বেঁধে ফেলল নিমেষমধ্যে…মুখে রুমাল ঠেসে, দু-পা বেঁধে পোঁটলার মতো ফেলে রাখল বেঞ্চির কোণে। ধড়ফড় করল না উদ্বিগ্ন হল না। ঠান্ডা মাথায় ঝড়ের মতো হাত চালিয়ে এত সংক্ষেপে অথচ এমন পরিপাটিভাবে বাঁধল আমাকে যে বুঝলাম লাইনের লোক। দীর্ঘদিনের অভিজ্ঞতা না থাকলে এমন নৈপুণ্য অর্জন করা যায় না। বাহাদুর বটে! রতনেই রতন চেনে! পুলিন্দার মতো অসহায় অবস্থায় বেঞ্চিতে শুয়ে মনে-মনে তাকে এক লক্ষবার প্রশংসা করলাম আমিরাজা কঙ্ক!


পরিস্থিতিটা হাস্যকর। আসল রাজা কঙ্ককে পিছমোড়া করে বেঁধেছে নকল রাজা কঙ্ক। শুধু তাই নয় আমার পকেট মেরে বারো হাজার টাকা সমেত নোটবইটা নিজের পকেটে চালান করেছে। রাজা কঙ্ক আনাড়ির মতোই মার খেয়েছে, সর্বস্বান্ত হয়ে আছে একটা মস্ত গর্দভের মতো!


মহিলা সঙ্গিনী চোখ মুদে পড়ে আছে কাঠের মতো। আগন্তুক তার যৌবনের দিকে ফিরেও তাকাল না। মেঝে থেকে কুড়িয়ে নিল ভ্যানিটি ব্যাগটা। অমনি আঙুল থেকে সোনার আংটিটা খুলে বাড়িয়ে ধরল নকল মূছায় মূৰ্ছিতা সঙ্গিনী। আগন্তুক আংটি নিয়ে গিয়ে বসল কোণে। ভ্যানিটি ব্যাগ খুলে কোলের ওপর ঢালল কতকগুলো জড়োয়া গয়না। উলটেপালটে দেখে হৃষ্ট হল নিশ্চয়। লুঠের মালের দাম যে সামান্য নয়, আমিও তা দূর থেকে বুঝলাম।



আগন্তুক আমাদের নিয়ে আর চিন্তিত বলে মনে হল না। সিগারেট ধরিয়ে বসে রইল চুপচাপ।


আমি রাজা কঙ্ক জুলজুল করে চেয়ে রইলাম তার পানে। পরিস্থিতি খুবই ঘোরতর। হাওড়া পুলিশ যখন আমায় দেখেছে চম্পকনগরের পুলিশকেও সজাগ করা হয়েছে। স্টেশনে নামলেই আমাকে পুলিশ ঘেরাও করবে আমি জানি। এও জানি, হাওড়া পুলিশের চাইতে বেশি বুদ্ধি ধরে

**********
No Review
Related Books
Loading books…