রবিবারের সকালবেলা। দেরিতে ঘুম থেকে উঠে, চা-জলখাবার খেয়ে, বাড়িতে যে তিনখানা কাগজ দিয়ে যায়, তার হেডলাইনগুলোর উপরে একবার চোখ বুলিয়ে নিয়ে সদ্য আমার নতুন বইখানার প্রুফ দেখতে বসেছি, এমন সময় সদানন্দবাবুর আবির্ভাব। দরজা পেরিয়ে, ঘরে ঢুকে রোজই যেমন একটু দ্বিধাগ্রস্তভাবে এদিকে-ওদিকে বারকয়েক তাকান, তেমন আজও তাকালেন। অর্থাৎ হাতের লাঠিখানাকে যে ঠ...