
বনি আর ক্লাইড
অদ্রীশ বর্ধন
দিবসরজনীর বিভীষিকা ছিল ওরা…
মরণের ডঙ্কা বাজিয়ে গেছে নগরে নগরে…
এক কিশোর আর কিশোরীর রুধির-পিপাসার রক্তাক্ত কাহিনি।
হলিউডের ফিল্ম ক্যামেরা বিপুল গ্ল্যামার এনে দিয়েছে বনি আর ক্লাইডের শোণিতসিক্ত জীবন
উপাখ্যানে। সময় অনেক কিছুই গ্রাস করে, আবার অনেক কিছুকেই মর্যাদা দেয়। বনি আর ক্লাইড এমনই দুটি ব্যক্তি যাদের মহাকাল মুছে ফেলতে পারেনি, রুপোলি পরদার মহিমায় যারা কলঙ্কিত চরিত্র নিয়েও বীরত্বের শিরোপা পেয়েছে।
রবিনহুড চরিত্রকে কেন্দ্র করে কিংবদন্তীর অভাব নেই। বনি আর ক্লাইডও বহু আশ্চর্য কিংবদন্তীর স্রষ্টা। রবিনহুড ছিল ধনীর ত্রাস। গরিবের সহায়। বনি আর ক্লাইডও ছিল নিয়মের নিগড় পরা সমাজে বিদ্রোহের বহ্নিশিখা। লড়ে গেছে আমৃত্যু নিজেদের দাবি আদায়ের সংগ্রামে, সারা আমেরিকা জুড়ে তখন নেমেছে নৈরাশ্যের নিকষ তমিস্রা। বনি আর ক্লাইড নগরে-নগরে উড়িয়েছে মরণের কেতন, খেলেছে রক্তের হোলিখেলা।
কিন্তু সত্যিই কি মাথায় তুলে নাচার মতো মানুষ ছিল বনি আর ক্লাইড?
না! না! একেবারেই না!
যুগল-খুনে ডাকাত ছাড়া তাদের আর কিছুই বলা যায় না। বড় মাপের খুনি নয়, ডাকাতও নয়। রবিনহুড বা বিশে ডাকাতের মতো মহান আর দরদি ছিল না তারা কস্মিনকালেও। লুঠ করেছে নিছক নিজেদের স্বার্থে–দশের কল্যাণের জন্যে নয়। নরহত্যা করেছে নির্বিচারে কেবল মাত্র ধরা পড়ার ভয়ে। পুলিশকে ঘৃণা করত তারা সমস্ত অণু-পরমাণু দিয়ে অধিকাংশ নীচুদরের অপরাধীর মতোই। নরশোণিতের তৃষ্ণা জাগ্রত হয়েছে মজ্জাগত এই ঘৃণা থেকেই। আমেরিকার পয়লা সারির খুনে গুন্ডারা বলত, জনসাধারণের এক নম্বর শত্রু হল বনি আর ক্লাইড।
স্বস্তির নিশ্বাস ফেলেছিল তারা এদের মৃত্যুর সংবাদ পেয়ে।
বনি আর ক্লাইড! দুবৃত্তদেরও দিবানিশির আতঙ্ক হয়ে দাঁড়িয়েছিল অতি সাধারণ দুটি ছেলে আর মেয়ে। ছিমছাম ব্যাঙ্ক ডাকাতদেরও, মাথা হেঁট হয়ে যেত এদের এক একটা নারকীয় কীর্তির পর। খুন! খুন! খুন! খুন করাটাই ছিল তাদের একমাত্র উকট উল্লাস। জাহান্নমে যাওয়া এক কিশোর আর এক কিশোরীর অন্তরের অন্দরে এহেন পৈশাচিক আনন্দের চাহিদা এল কীভাবে, এবার তা দেখা যাক।
.
প্রচণ্ড প্রেম
ক্লাইডের পুরো নাম ক্লাইড চেস্টনাট বারো। বাবা ছিল টেক্সাসের গরিব চাষা। আট ছেলে মেয়ে। ষষ্ঠজন এই কীর্তিমান ক্লাইড।
ক্লাইডের জন্ম ১৯০৯ খ্রিস্টাব্দের চব্বিশে মার্চ। ছেলেবেলা থেকেই অতিশয় বদমেজাজি। মাথায় রক্ত চড়ে যেত একটুতেই। ভয়ানক অবাধ্য আর একগুঁয়ে। আর একটা গহিত বাসনা সুপ্ত ছিল তার চরিত্রে তখন থেকেই সমকামিতা!
কিন্তু তার প্রচণ্ড প্রেম ছিল মাত্র দুটি বস্তুর ওপর।
একটি ধ্বংসের দূত, আর একটি গতিবেগের।
বন্দুক আর মোটরগাড়ি ছিল তার জীবনের সব চাইতে প্রিয়…প্রাণের চাইতেও।
ক্লাইড-চরিত্রের সবচেয়ে ভয়ানক দিকটি ছিল কিন্তু তার মানসিক বিকৃতি। স্যাডিজ! অপরকে কষ্ট দিয়ে বুকভরা আনন্দে আত্মহারা হয়ে যেত বাচ্ছাবেলা থেকেই। আর এই মানসিক বিকৃতির জন্যেই অমানুষিক নিষ্ঠুরতা প্রশ্রয় পেয়ে এসেছে তার চরিত্রে কঁচা বয়স থেকেই।
ক্লাইডের পৈশাচিক প্রবৃত্তির কিছু কিছু ঘটনা পাওয়া গেছে তার বাল্যবন্ধুদের কাছ থেকে। সাক্ষী আছে প্রতিবেশীরাও। মুরগি ছানার ঘাড় মুচড়ে রগড় দেখত ক্লাইড–মরো মরো না হলে ছাড়ত না। একটা জীবন্ত প্রাণীকে অকারণে তিল তিল করে মৃত্যুর দিকে এগিয়ে দিয়ে নারকীয় উল্লাস চোখেমুখে ফুটিয়ে তুলত, যা নাকি নজিরবিহীন। যন্ত্রণায় ছটফট করত মুরগি ছানা, পরমানন্দে তা প্রত্যক্ষ করত ক্লাইড। কখনও-সখনও পাখা ভেঙে দিত পাখির। ভাঙা ডানা নিয়ে ওড়বার বৃথা চেষ্টায় যখন ঘুরে-ঘুরে আছড়ে পড়ত হতভাগ্য বিহঙ্গ–অকপট হর্ষে অট্টহাস্য করত ক্লাইড।
বনি মেয়েটাও একসময়ে শক্ত ধাঁচের মেয়ে বলে নাম করেছে। মেয়েরা সিগারেট খায়– কিন্তু চুরুট খায় কি? বনি কিন্তু দাঁতে কামড়ে চুরুট খেত পাকা চুরুটখেকোদের মতো। যেন ইস্পাত দিয়ে গড়া বনি বালিকা বয়স থেকেই অতিরিক্ত যৌনক্ষুধায় ছটফট করেছে। রতিক্রিয়ায় ভঁটা দেয়নি কখনও।
ক্লাইডের চেয়ে বয়েসে সে ১৮ মাসের ছোট। তবে সামাজিক প্রতিপত্তির দিক দিয়ে ক্লাইডের চেয়ে এক ধাপ উঁচুতেই ছিল বলা যায়। ক্লাইডের বাবা ছিল চাষা। আর বনির বাবা তৈরি করত ইট।
বনির বাবা মারা যান বনির চার বছর বয়সেই। পুরো ফ্যামিলিটা তখন চলে আসে টেক্সাসে। ডালাসের কাছে সিমেন্ট সিটিতে আস্তানা নেয়।
ক্লাইড কিন্তু তার আগে থেকেই আসর জাঁকিয়ে বসেছিল পশ্চিম ডালাসে। বাবা চাষবাস করে সংসার চালাতে হিমসিম খেয়ে যাচ্ছিল বলেই মাঠ ছেড়ে চলে আসে পেট্রল পাম্পের ব্যবসায়। গাড়ি আসছে এন্তার, খালি তেল ভরে দেওয়া। রোজগার মন্দ হচ্ছিল না।
বনি আর ক্লাইডের প্রথম দেখাশুনা কবে কীভাবে হয়েছিল–তা কিন্তু সঠিক জানা যায়নি। বেধড়ক খুন আর ডাকাতি করে যাওয়ার ব্যাপার-স্যাপারগুলো যেমন রহস্যাবৃত খুঁটিনাটি বিবরণ জানা যায়নি কোনওদিনই–ঠিক তেমনি এই কীর্তিধন্য ব্যক্তি দুটির প্রথম মিলন কাহিনিও ধোঁয়াটে রয়ে গেছে আজও।
তবে বনির মা মিসেস পার্কারের মুখে যে ঘটনাটা শোনা গেছে, অজস্র রোমান্টিক রটনার মধ্যে সেইটাকেই খুবই সম্ভাব্য বলে ধরে নেওয়া যেতে পারে। ক্লাইডের বয়স যখন একুশ আর বনি সবে উনিশ বছরের জন্মদিবস পালন করেছে–সেই সময়ে দেখা হয় দুজনের দৈবাৎ। বনির এক বান্ধবী ছিল ক্লাইডেরও বান্ধবী। কমন ফ্রেন্ড। মেয়েটির হাত ভেঙে যাওয়ায় তার সেবায় উঠে পড়ে লেগেছিল ক্লাইড। বনি আর ক্লাইডের ঘটনাবহুল জীবন-সড়কের মিলন ঘটেছিল হাতভাঙা এই মেয়েটির বিছানার পাশে।
বনিকে দেখেই পটেছিল ক্লাইড। প্রথম দর্শনেই প্রেম। এমন কিছু আহামরি দেখতে ছিল না বনি। ছোটখাটো আকৃতি। পাঁচ ফুট লম্বাও নয়। চোখের রং নীল। নির্লজ্জভাবে উদ্ধত আর বেহায়া। লাল মুখ।
ক্লাইডকেও এক নিমেষ ভালোবেসে ফেলেছিল বনি, অথচ চোখ যার সাপের মতো, চালচলন যার মেয়েলি–তাকে মেয়েরা চট করে জীবনমরণের সখা বলে বুকে জড়িয়ে ধরে না!
কিন্তু ভবিতব্য এড়ানো যায় না। অন্যদের কাছে এই দুই মূর্তি অচল হতে পারে–দুজনে দুজনের কাছে অপরিহার্য হয়ে উঠল পলক দর্শনেই।
শুরু হয়ে গেল বনি আর ক্লাইডের যুগল ক্রীড়া। রক্তজমানো বুক কাঁপানো ঘটনার পর ঘটনা।
সেই রাতেই সিমেন্ট সিটির বাড়িতে বনি এল ক্লাইডকে সঙ্গে নিয়ে। ঘণ্টার পর ঘণ্টা কত কথাই বলে গেল দুজনে। কথা যেন আর ফুরোয় না। আশ মিটিয়ে দুজনে দুজনকে দেখছে তো দেখছেই।
রাত গম্ভীর হল। এত রাতে দুরন্ত মেয়ের রহস্যময় বন্ধুকে তো আর বলা যায় না বাপু হে, এবার পথ দেখো। চোখ যার সাপের মতো–তাকে অন্তত সাফ কথাটা বলতে পারেননি মিসেস পার্কার। উলটে বসবার ঘরে একটা বড় সোফায় তার শোওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন।
পরে বলেছিলেন–যাক বাবা, বাঁচা গেল! রয় সরে পড়ার পর থেকেই হেদিয়ে মরছিল মেয়েটা। ক্লাইডকে নিয়ে মেতেছে–ভালোই করেছে।
.
যে কাজ অপরাধীদের মানায়
রয়! সে কে?
পুরো নাম তার রয় থর্টন। যে বয়েসে ছেলেমেয়েরা নির্মল মেলামেশা আর খেলাধুলোয় মেতে থাকে–সেই বয়েসেই রয়ের সঙ্গে চুটিয়ে প্রেম এবং ইত্যাদি চালিয়ে গেছে বনি। যৌনপিপাসার নিবৃত্তি ঘটাতেই মাত্র ষোল বছর বয়েসে প্রিয়তম রয়কে বিয়েও করে ফেলেছিল বনি। যার প্রতিটি রক্তকোষ কামনার লেলিহান শিখায় সদা উদ্দীপ্ত–তার পক্ষেই মানায় এতটা বেহায়াপনা।
কিন্তু শাশুড়িঠাকরুণের দাপটে বিয়ে ভেঙে দিতে হয় বছর কয়েকের মধ্যেই। ছেলের ওপর ধকল যাচ্ছে দেখে ছেলের মা স্থির থাকতে পারেনি। দূর দূর করে খেদিয়ে দিয়েছে খুদে বউকে– যার লাসলা আর কামনা, দেহের আর মনের খিদে মিটোনোর ক্ষমতা ছিল শুধু একজনেরই ক্লাইডের!
বিতাড়িত হয়ে মায়ের কাছে ঠাই পেয়েছে বনি। আবার এই মা-ই ক্লাইডকে ঠাই দিয়েছে। বাড়িতে প্রথম দর্শনের দিনেই। বনির জীবনে তাই একটা বিরাট ভূমিকা নিয়েছে এই মা। ক্লাইডের কাছেও মা ছিল শ্রদ্ধা আর সম্মান, ভালোবাসা আর পরম আশ্রয়ের স্থল। আতঙ্কের পর আতঙ্ক সৃষ্টি করে দুজনে যখন বেশ কয়েকটা স্টেটের পুলিশ বাহিনীকে সন্ত্রস্ত আর সজাগ করে তুলেছে তখনও পুলিশের চোখে বেমালুম ধুলো দিয়ে বনি আর ক্লাইড হাসতে হাসতে দেখা করে গেছে যে-যার মায়ের সঙ্গে। প্রতিটি অভিযান রোমাঞ্চকর এবং রক্তঝরানো–তবুও পুলিশ তাদের টিকি ধরতে পারেনি।
বিশ্ব ইতিহাসে এমন কুলিশকঠোর করাল নির্মম চরিত্র আর আছে কিনা সন্দেহ।
বনি আর ক্লাইডের মিলন ঘটে যাওয়ার দিন থেকেই বলা যায় শুরু হয়ে গেল ওদের যৌথ অ্যাডভেঞ্চার। মিসেস পার্কারের দৌলতে বড় সোফায় শুয়ে নিরুদ্বেগে নাক ডাকাচ্ছে ক্লাইড রাতভোর হয়েছে, ভোরের পাখি ডাকছে…এমন সময় পুলিশ হানা দিল সেই ঘরেই!
ক্লাইডকেই চাই তাদের। কেন? কারণটা শুনে মিসেস পার্কার তো থ! চোখ দেখেই নাকি মানুষ চেনা যায় ক্লাইডের সাপের মতো চোখ দেখে তাহলে তিনি অকারণে শঙ্কিত হননি।
ছোটখাটো মেয়েলি চেহারার ছোকরার গুণের তো ঘাট নেই! এই বয়সেই গাড়ি চুরি করেছে বেধড়ক, ডাকাতি করেছে হাসতে-হাসতে। এক-আধটা নয় সাত-সাতটা চার্জ ঝুলছে তার বিরুদ্ধে। সপ্ত অপরাধে অপরাধী ফিচেল ছোকরা এর পরেও ভিজে বেড়ালের মতো নিরীহ নিপাট ভদ্রলোক সেজে প্রেম করতে পারে তার মেয়ের সঙ্গে এবং যেন ভাজামাছটি উলটে খেতে জানে না–এমনি শান্তশিষ্ট সুবোধ বালকের মতো অমন বিচ্ছিরিভাবে নাসিকা গর্জন করে ঘুমোতে পারে প্রণয়িনীর বসবার ঘরে?
বেচারি মিসেস পার্কার! ভেবেছিলেন, প্রথম জামাই সরে পড়ার পর দ্বিতীয় জামাইকে নিয়ে দিনগুলো শান্তিতে কাটাবেন। কিন্তু এ কী আপদকে সোফায় ঘুমোতে দিয়েছেন? এ যে খাল কেটে কুমির ডেকে আনা!
বনি কিন্তু চেঁচিয়ে-মেচিয়ে একসা করেছিল। তার চোখের সামনেই পুলিশ ধরে নিয়ে যাবে ক্লাইডকে? এত বড় স্পর্ধা? হিস্টিরিয়া রোগে পেয়েছিল তাকে সেই মুহূর্তে! তারপর কিন্তু চোখের পাতা আর কঁপেনি।
একেবারেই না। নরহত্যা, চুরি, ডাকাতি আর গুলিবৃষ্টির ঝড় বইয়ে দিয়েছে দুজনে মিলে কিছুদিন পর থেকেই। দাঁতে চুরুট কামড়ে ধোঁয়ার কুণ্ডলী ছেড়েছে মুখে–আগ্নেয়াস্ত্রের ঘোড়া টিপে ধূম্রজাল রচনা করেছে নগরে-নগরে। চিত্ত চঞ্চল হয়নি এতটুকুও। মনের মানুষকে পেয়ে বনি দেখিয়ে দিয়েছে নারী নারকীয় হতে পারে কতখানি।
জেলখানায় থাকতেই হত ক্লাইডের টানা চোদ্দো বছর। কিন্তু ভিজে বেড়ালের গাঁটে-গাঁটে কুচুটে বুদ্ধির তো অন্ত নেই। তাই ভেবেচিন্তে সাতটা অপরাধের মধ্যে তিনটে অপরাধের আদ্যোপান্ত স্বমুখে নিবেদন করল আদালতে৷ অপরাধী নিজেই যখন অপরাধ স্বীকার করে, কবুল জবাব দেয়– তখন ধর্মাবতারের কঠিন প্রাণ গলে যায়, শাস্তির বহর কিঞ্চিৎ কমিয়ে দেন।
ধুরন্ধর ক্লাইড এমন অভিনয় করে গেল যেন নিদারুণ আত্মগ্লানি আর অনুশোচনা তাকে কুরেকুরে খাচ্ছে ভেতর থেকে। বোকা বনে গেল প্রত্যেকেই। চোদ্দ বছরের জায়গায় মাত্র দু-বছরের শ্রীঘর বাসের সাজা মাথা পেতে নিয়ে মুখ টিপে হেসে জেলখানার চেহারাটা দেখতে গেল ক্লাইড।
কৌতূহলী পাঠিক পাঠিকা নিশ্চয় জানতে ইচ্ছুক, কড়া ধাতের মেয়ে বনি সাধারণ মেয়ের মতো অত চেঁচামেচি করেছিল কেন ক্লাইডকে ধরে নিয়ে যাওয়ার সময়ে?
খুবই সমীচীন কৌতূহল!
বনির মা মিসেস পার্কার সর্পচক্ষু ভাবী জামাইয়ের অতীত কাহিনি কিছুই জানতেন না। তাই তিনি ভেবেছিলেন এবং পরে সবাইকে বলে দিলেন–আহা রে! সদ্য ভালোলাগা মানুষটা এত কুকাণ্ড করে বসে আছে, জানতে পেরে মেয়ে আমার বড় শ পেয়েছিল!
ভুল! ভুল! মা হয়েও মেয়েকে তিনি চিনতে পারেননি।