
ফকিরচাঁদের ফৌতি ব্যবসা
অদ্রীশ বর্ধন
চোখের সামনে থেকে খবরের কাগজটা নামিয়ে গুলি-গুলি চোখে আমাকে নিরীক্ষণ করলেন পুলিশ কাকা।
তারপর চেরা-চেরা গলায় শুধোলেন–হঠাৎ কী মনে করে?
কাষ্ঠ হেসে বললাম, পুলিশের গোয়েন্দাগিরি…
এমন সময়ে হাঁচি এল কাকার। এই এক ব্যায়রাম তাঁর সাইনাসাইটিস। দক্ষ পুলিশ কর্মচারী ছিলেন ব্রিটিশ আমলে। সাব ইন্সপেক্টরের পদ থেকে ডিটেকটিভ ডিপার্টমেন্টের ডেপুটি কমিশনার হয়েছিলেন। বড়লাটের হাত থেকে সোনার মেডেল নিয়েছেন। দোষ একদম ছিল না। পান-তামাক বিড়ি-সিগারেট-চা-কফি-নস্যি কোনও নেশা নেই।
দোষের মধ্যে ওই হাঁচি আর নাক ঝাড়া।
হচ্চো করে হাঁচতেই আমি থেমে গেলাম। তারপর বললাম, নিয়ে কিছু…
হ্যাঁচ্চো! গল্প লেখবার…
হ্যাঁচ্চো! ফরমাশ এসেছে।
ফোঁৎ-ফোঁৎ! এবার শুরু হল নাকঝাড়া।
আমি আবার গোড়া থেকে আগমনের উদ্দেশ্য ব্যাখ্যা করতে যাচ্ছি, উনি হাত তুলে নিরস্ত করলেন। রুমালের পাট খুলে নাক ঝাড়লেন, এবং পাট মুড়ে রেখে আমার দিকে ফের গুলি-গুলি চোখে তাকালেন।
বক্রসুরে বললেন, শুনেছি। পুলিশ আবার গোয়েন্দাগিরি করে নাকি?
নার্ভাস হয়ে গেলাম। চিরকাল হয়েছি। পুলিশ কাকার স্বভাব রুক্ষ, চেহারা রুক্ষ, কথাবার্তাও রুক্ষ। চুল ছাঁটেন মল্লবীরের মতো। সামনের দিকে তিন বর্গইঞ্চি পরিমিতো স্থানে ইঞ্চিখানেক লম্বা কয়েকগাছা পাকা চুল–বাকি মাথা ক্লিপ দিয়ে মুড়িয়ে ছাঁটা। গড়ুর পাখির ঠোঁটের মতন বেঁকানো নাক, পুরু ওষ্ঠ এবং দৃঢ় চিবুকের মধ্যে কঠোর মনোবল, ধীশক্তি এবং একগুঁয়েমির লক্ষণ। সন্দেহ কুটিল চাহনি সারা জীবন ক্রিমিন্যাল ঘেঁটে কাউকেই যেন আর বিশ্বাস করেন না।
জোর করে হেসে বললাম, আগে ইন্ডিয়ান পুলিশ জার্নাল বেরোত–আপনারা রিটায়ার করলেন–সে সবও বন্ধ হয়ে গেল। তাই…
ওষুধ ধরল। সাদা চুলভরতি বুকে হাত বুলোতে-বুলোতে কাকা বললেন, কে আর বলবে? ক্যালকাটা পুলিশ জার্নালও যদি একটা থাকত–
কথাটা অসমাপ্ত রাখলেন কাকা। নত-চক্ষে কি যেন ভাবলেন। তারপর ভ্রুকুটি-ঘন চোখ তুলে কিছুক্ষণ নিরীক্ষণ করলেন আমাকে–যেন মনে-মনে তৌল করলেন আমার অন্তরের অভিপ্রায়। অবশেষে বললেন স্বভাবকর্কশ গলায়, আমাদের কালে ফোরেনসিক সায়েন্সের এত রমরমা ছিল না। সায়েন্টিফিক ডিটেকশন যখন শুরু হয়নি, যখন প্রত্যক্ষদর্শীর বিবরণের ওপর আমরা বেশি গুরুত্ব দিতাম–তখনকার একটা কেস মনে আছে।
আমি নড়েচড়ে বসলাম।
কেসটা স্রেফ সারকন্সট্যানসিয়াল এভিডেন্সের ওপর খাড়া করেছিলাম। কিস্ এভিডেন্স পাইনি–প্রত্যক্ষদর্শী ছিল না।
প্রমাণ?
তাও ছিল না। ছিল শুধু একটা সূত্র। খুব সামান্য। বাকিটা ব্যাক ক্যালকুলেশান করে মনে মনে কল্পনা করেছিলাম।
পুলিশ কাকা অঙ্কে সোনার মেডেল পেয়েছিলেন এম. এস. সি. পরীক্ষায়–ফার্স্ট ক্লাস ফার্স্ট। পিছুহটা অঙ্কতে রপ্ত থাকবেন বইকী। কিন্তু
জিগ্যেস করলাম, কোর্টে কেস টিকেছিল?
বলেই বুঝলাম ভুল করেছি। নির্দয় চোখে কিছুক্ষণ চেয়ে রইলেন পুলিশ কাকা। তারপর প্রচণ্ড শব্দে নাক ঝাড়লেন গুনে-গুনে তিনবার। রুমালটা পাট করে রেখে কর্কশকণ্ঠে বললেন, ফাঁসি হয়ে গিয়েছিল ফকিরচাঁদ, ফকিরলাল আর শ্রীশচন্দ্রের লাটে উঠেছিল ফৌতি ব্যবসা।
আমি কিছুক্ষণ কাঠ হয়ে বসে রইলাম। তারপর শুধোলাম ভীরুকণ্ঠে, ফৌতি ব্যবসা কী?
মার্বেল-চোখে এক পশলা তাচ্ছিল্য বর্ষণ করলেন কাকা। একটা উদগত হাঁচিকে সংবরণ করে নিয়ে বললেন ঠোঁট বেঁকিয়ে, মড়া…ডেড বডি নিয়ে কারবার।
.
তখন বডি স্ন্যাচারদের স্বর্ণযুগ।
সোনা-দানা-মণিমুক্তো নয়–স্রেফ লাশ লুঠ করেও দু-পয়সা পিটছে একদল লোক।
কলেজ হাসপাতালের শব ব্যবচ্ছেদ কক্ষে দারুণ চাহিদা রয়েছে মরা মানুষের। মড়াপিছু দেড়শো থেকে দুশো টাকা। মড়া কেটে জ্ঞানার্জন করতে চায় ছাত্ররা। অত মড়া হাসপাতাল থেকে পাওয়া সম্ভব নয়। চালান আসত বাইরে থেকে।
ক্রমে ক্রমে মড়া চালান একটা ব্যবসায়ে দাঁড়িয়ে গেল। জোগান দিতে লাগল কলকারখানার কুলিমজুর এবং অন্যান্য গরিবরা আত্মীয়স্বজন মরলে চিতায় তোলবার বা গোর দেওয়ার খরচও যাদের নেই। মড়ার দালালদের হাতে মড়া চালান দিয়ে সে খরচ তো বাঁচছেই উপরন্তু দু-পয়সা আসছে।
আরও একটা পথে ডেড বডি জোগাড় করত দালালরা কবর খুঁড়ে!
অর্থাৎ মড়া চুরি। রাত বিরেতে এরা কবরখানায় দিত হানা। কেউ জানতেও পারত না– মাটির তলা থেকে সদ্য মরা মানুষটা চালান আসত কলেজ হাসপাতালের শব ব্যবচ্ছেদ কক্ষে।
ডেড বডি বিক্রি আইনের চোখে দোষনীয় নয়। কিন্তু গোরস্থানের লাশ লুঠ বেআইনি।
যে ব্যবসায়ে লাভ বেশি, বদলোক সেখানে জুটবেই–লাভের অংশ আরও বাড়ানোর ফিকিরে দু-ভাবে তা সম্ভব।
ডেড বডি সংগ্রহের খরচ আরও কমিয়ে দিয়ে।
অথবা, একেবারে না খরচ করে!
কি দরকার খামোকা দালালদের পেছনে টাকা খরচ করার? ডেড বডি যে কিনতেই হবে, এমন দিব্যি কেউ দেয়নি। গোরস্থান থেকে লুঠ করারই বা দরকার কী? তাতেও অনেক খরচ, অনেক হাঙ্গামা।
সব খরচের সাশ্রয় সম্ভব একটিমাত্র পন্থায়।
মড়া বানিয়ে নেওয়া।
ডেড বডি জোগাড় করার ঝক্কি অনেক–কিন্তু মড়া তৈরি করার কোনও ঝক্কি নেই। বাউন্ডুলে, ভবঘুরে, ভিখিরে অনেকেই আছে। এদের ঠিকানা নেই। নিখোঁজ হলে কারও মাথাব্যথাও নেই। মরলেও কিছু এসে যায় না। বডি পিছু গড়ে দেড়শো টাকা নীট লাভ করো।
অতীব লাভজনক ব্যবসা। কিন্তু হুঁশিয়ারি প্রয়োজন। বডি দেখে যেন সন্দেহ না হয় যে আনন্যাচারাল ডেথ।
ফৌতি ব্যবসার বিপদ এইখানেই।
.
শব ব্যবচ্ছেদ কক্ষ।
গিরধরলাল টুলে বসে পা দোলাচ্ছে। দেবী চামুণ্ডার পদতলে নিক্ষিপ্ত অসুরের মতন মাংসপুষ্ট বপু। মিশমিশে কালো। চোখ দুটি ঘোর রক্তবর্ণ। নগ্ন গা। কটি দেশে ক্ষীণ বস্ত্রাবরণ।
গিরধর পূর্বজন্মে শুম্ভ অথবা নিশুম্ভ ছিল বোধ হয়। ইহজন্মে সে একাধারে ডোম ও মুদ্দোফরাশ। জাতিতে চণ্ডাল।
গিরধর বিপত্নীক। অতিকোপনা বউয়ের সঙ্গে বছর দুই ঘর করেই নিষ্কৃতি পেয়েছে–ও পথ আর মাড়ায়নি। কিন্তু দেবী ধান্যেশ্বরীর সেবা চলে নিয়মিত। আর তার সঙ্গে দেবী সূর্যমুখীর প্রসাদে সে তুরীয় আনন্দে আছে।
টুলে বসে বিড়ি টানতে-টানতে সেই কথাই ভাবছিল গিরধর।
কালরাতের মৌজ এখনও কাটেনি। উপরি পয়সা হাতে এলে এটু ফুর্তি না করে পারে না সে।
হাসপাতালের স্টুডেনবাবুরা দিলদরাজ। শুধু মুখে খোশামুদ নয়, হাতে সিকি-আধুলি গুঁজে দিয়ে যায় বায়নাস্বরূপ। বডির বায়না।
ডেড বডি জোগাড় কি চাট্টিখানি কথা? তাকে অবশ্য কিছুই করতে হয় না। দালালরাই বড়ি পৌঁছে দিয়ে যায় ঘরে। কম দামে কিনে চড়া দামে বেচে দেয় গিরধর। তাকেই সব করতে হয়। মড়া নিয়ে ঘাঁটাঘাঁটি করলেও কেনাবেচার সময়ে কোনও ডাক্তারবাবুই থাকেন না।
খোলা দরজায় উঁকি মারল দুটি মুণ্ড। একজনের মুখ তরতরে, চোখেমুখে কথা কয়। অপরজনের চোখ পাচার চোখের মতন বকুটিল, টেপা-ঠোঁট, শুকনো মুখ।
বিড়িটা দাঁতে কামড়ে বললে গিরধর, ফিকির-ফকির যে! এত সকালে?
চৌকাঠ পেরিয়ে এল তারা। তরতরে মুখ যার, সে বেশ ঢ্যাঙা, ডিগডিগে। পেচক-চক্ষু গাঁট্টাগোট্টা। প্রথম জন ফকিরচাঁদ, দ্বিতীয় জন ফিকিরলাল। দুজনেই লাশ চালানি। গিরধরলালের সঙ্গে দীর্ঘদিনের পরিচয়।
ফকিরচাঁদ হেসে বললে, মাল আছে।
হাত নেড়ে গিরধরলাল বললে, দরকার নেই। কাল একটা পেয়েছি।
একটু দমে গেল ফকির। কিন্তু ফিকিরের মুখে কোনও ভাবান্তর দেখা গেল না।
ফকিরচাঁদ বললে, সস্তায় দিব। লিয়ে লাও।
অর্থাৎ সস্তায় কিনে কাঠের বাক্সের মধ্যে বরফচাপা দিয়ে রাখলেই হবে। স্টুডেনবাবুরা কালকেই বডি চাইবে।
বিড়ি কামড়েই বলল গিরধর, কত?
সোয়া-শ।
যা, ভাগ।
কত দিবি বলবি তো?
সত্তর।
শেষ পর্যন্ত রফা হল নব্বই টাকায়। বডি আনতে চলে গেল ফিকির আর ফকির। মনে মনে হিসেব করে দেখল গিরধর। একদিনেই ষাট টাকা লাভ। সূর্যমুখীর নাকছাবির খরচটা তো উঠে গেল।
ঘণ্টা তিনেক পরে ফিরে এল ফিকির আর ফকির। সঙ্গে আরও দুই ব্যক্তি। মাথায় করে এনেছে একটা ঝকা। চারজনে ধরাধরি করে মেঝেতে নামাল ঝাঁকাটা।
ঝাঁকার মধ্যে একটা মুখবাঁধা বস্তা। মুখের দড়ি খুলে দিল ফিকির আর ফকির। বস্তার পেছনের কোণ দুটো ধরল শক্ত মুঠোয়। তারপর হ্যাঁচকা টানে বস্তা উপুড় করে দিল মেঝের ওপর।
ধপ করে বস্তার মধ্যে থেকে ছিটকে এল একটা কিশোর বালকের প্রাণহীন দেহ।
চোখ কুঁচকে বস্তা উপুড় করার ধরনটা দেখছিল গিরধরলাল। মানুষে মরে গেলেও এইভাবে কেউ তাকে ছুঁড়ে ফেলে না। ডেড বডি নিয়ে এত হেলাফেলা বড় বেশি দৃষ্টিকটু।
এবার চোখ ফিরল বডির দিকে।
এবং ফেরাতে পারল না বেশ কিছুক্ষণ।
ছেলেটি সুদর্শন। বছর চোদ্দো-পনেরো বয়স। গায়ের রং তামাটে। কিন্তু নাকমুখ বেশ ধারালো। মৃত্যু এখনও তার সতেজ লাবণ্য কেড়ে নিতে পারেনি। বাঁ-রগটা সামান্য কেটে গেছে এবং রক্ত ক্ষরণের দাগ রয়েছে।
অনিমেষে চেয়ে রইল গিরধর। বিড়িটা ধরা রইল দাঁতের ফাঁকে। ভুলে গেল টানতে। কোথায় যেন একটা খুঁত রয়েছে ধরতে পারছে না সে।
স্বাভাবিক মৃত্যু বলেই তো মনে হচ্ছে। বল প্রয়োগের এতটুকু চিহ্ন নেই…অথচ কোথায় যেন একটা গলদ রয়েছে… ।
…না! ঝুঁকি নেওয়াটা ঠিক হবে না। মনে খটকা যখন লেগেছে…
বিড়িটা নামিয়ে গিরধর বললে, তা হলে নব্বইতে রাজি তো?
আরে হা হা, চোখেমুখে কথা কয়ে উঠল ফিকির।
দাঁড়া, টাকা নিয়ে আসি ডাক্তারবাবুর কাছ থেকে।
তোর কাছে নেই?
না। দাঁত বার করে হাসল গিরধর। কাল রাত্তিরে উড়িয়ে দিয়েছি। দাঁড়া, আসছি।
অ্যানাটমির ডিমন্সট্রেটর ডক্টর রক্ষিতকে এক নিশ্বাসে আপন সন্দেহের কথা বিবৃত করল গিরধর। ডক্টর রক্ষিত প্রবীণ, বিচক্ষণ এবং বহুদর্শী। ভূকুঞ্চিত ললাটে শুনলেন গিরধরের সন্দেহের কাহিনি। টাটকা বডি, চোট লাগেনি কোথাও–অথচ খটকা লেগেছে শুনে এলেন ওর সঙ্গে।
মেঝের ওপর আঁকা, আঁকার পাশে শুন্য বস্তা এবং গতায়ু বালকের দেহসুষমার পানে ক্ষণেক চাইলেন ডাক্তার। চোখের কোণ দিয়ে দেখলেন ফিকির আর ফকিরের নির্ভীক মুখচ্ছবি। হেঁট হয়ে ডেড বডির হাত-পা তুলে নেড়ে আড়ষ্টতা পরখ করলেন, চোখের পাতা টেনে অক্ষি-তারকা লক্ষ করলেন।
লাশের ওপর চোখ রেখে সহজ গলায় জিগ্যেস করলেন, কত দিতে হবে?
নব্বই, জবাব দিল ফকিরচাঁদ।
দাঁড়াও–আনছি টাকা, বলে বেরিয়ে এলেন ডাক্তার। পেছনের দরজা দিয়ে মর্গের বাইরে গিয়ে গাড়ি হাঁকিয়ে সোজা হাজির হলেন থানায়।
থানার ছোট দারোগা একনাথ রায় নিবিষ্ট চিত্তে শুনলেন ডক্টর রক্ষিতের সন্দেহ কাহিনি। সামনের দিকের খানকয়েক চুলের মধ্যে আঙুল চালাতে-চালাতে তীক্ষ্ণ কণ্ঠে শুধু একটা প্রশ্নই করলেন, গিরধরলালের কথা বাদ দিন। আপনার সন্দেহ হল কেন?
পাঁচটি কারণে। মুখটা ফোলাফোলা, চোখ দুটোয় রক্তজমা, দেহটা টাটকা আর হাত-পা আড়ষ্ট।
সূচীতীক্ষ্ণ চেয়ে রইলেন পুলিশকাকা একনাথ রায়। ঈষৎ ঝুঁকে কর্কশ কণ্ঠে বললেন, পঞ্চম কারণটা বললেন না তো?
সেটা আপনি নিজে দেখবেন। দেখলেই বুঝবেন।