অসহায় চোখে তাকিয়ে রইলেন জগদীশ গুপ্ত। ভদ্রলোক প্রায়-বৃদ্ধ। অথচ বেশ শক্ত সমর্থ। দাড়িগোঁফ ভালোই কামিয়েছেন। কিন্তু চুল আঁচড়াননি। একমাথা সাদা চুল পাখির বাসার মতো ছড়িয়ে রয়েছে মাথা ঘিরে। ফরসা তিনি কোনওকালেই নন। তার ওপর রোদে পুড়েছেন সারাটা জীবন। খদ্দরের ধুতি আর পাঞ্জাবিও লাট খাওয়া। পাঞ্জাবির বোম থেকে কাল...