
পাগল খুনি
অদ্রীশ বর্ধন
কাগজটার চারদিক দিয়ে চার হাত-পা বেরিয়েছিল। চুরি পরা হাত, শাড়ি ঢাকা পা। যেন কাগজটারই হাত-পা বেরিয়েছে। একটু পরে কাগজই যেন কথা বলে উঠল নারীকণ্ঠে, পড়েছ? আমি বললাম, পড়ব কখন? কাগজ বলল, কাগজ নিয়ে তোমার মাথাব্যথা নেই বলেই আমাকে পড়তে হয়।
জোর খবর আছে মনে হচ্ছে?
লোম খাড়া করা খবর।
যথা?
খুন।
রোজই হচ্ছে।
এ-খুন সে-খুন নয়।
তবে?
রহস্যজনক খুন।
কাগুজে ভাষা। জোলো হয়ে গেছে।
খুনি হয় বর্বর, নয় উন্মাদ।
খুন হয়েছে কে?
একটা মেয়ে।
সেক্স ম্যানিয়াক মনে হচ্ছে?
ও ইয়েস, মাই বর্বর স্বামী। তুমি কি শুনবে?
তোমার কৌতূহল যখন জাগ্রত হয়েছে–
এবং গা শিরশির করছে–
তখন শুনব বইকি। হতভাগিনীর বডি নিয়ে নিশ্চয় ছিনিমিনি খেলেছে সেক্স ম্যানিয়াক?
কাগজ নামিয়ে বড় বড় চোখে তাকাল কবিতা। লাল হয়ে উঠেছে ফরসা মুখ-চোখে গা রিরি করার আভাস। বললে সামান্য ভাঙা গলায়, কুৎসিতভাবে। বলতেও কষ্ট হচ্ছে। তুমি পড়ে নাও।
অবাক হলাম। ক্রাইমের গল্প আর খবর কবিতাকে চুম্বকের মতো টানে চিরকাল। বীভৎস খুন দেখেওছে। কিন্তু ঠিক এভাবে কখনও শিউরে উঠতে দেখিনি।
হাত বাড়িয়ে বললাম, দাও।
কাগজ বাড়িয়ে দিয়ে কবিতা বলে, শুধু মেরে ফেললেই পারত। ওইভাবে–
কীভাবে?
বলতে পারব না। পড়ো।
সত্যিই তা বলা যায় না। কাগজ পড়বার পর বুঝলাম। বর্বর খুনি মেয়েটার…
অসম্ভব! লিখতে পারছি না। সাংবাদিক যা পারে, সাহিত্যিক তা পারে না। তাই সংবাদটা হুবহু তুলে দিচ্ছি।
.
বীভৎস হত্যা–কামিনী নিয়ে ছিনিমিনি
রঙ্গিলানগর। দুপুরের খাওয়ার সময় পেরিয়ে গেছে অনেকক্ষণ। অথচ সাড়া নেই নীল কপোত হোটেলের চার নম্বর ঘরে। প্রাণের স্পন্দন যেন মুছে গেছে ঘরের ভেতরে ঠিক এই রকমেরই মনে হয়েছিল যোড়শী পরিচারিকা কাত্যায়নীর–ঘর পরিষ্কার করা যার রোজকার কাজ। মেজাজ খিঁচড়ে গেছিল প্রথমে দুপুর গড়িয়ে গেলে রাগ হওয়া স্বাভাবিক। সব ঘরেই ঝটপাট চুকে গেছে বাকি শুধু এই চার নম্বর। মরে গেল নাকি ঘরের মানুষ দুটো? কড়া নেড়ে আর ধাক্কা মেরেও যখন কেউ সাড়া দেয়নি–তখন চাবির ফুটো দিয়ে উঁকি মেরেছিল যুগলবন্দি দৃশ্য দেখবার মতলবে। সারারাত দাপাদাপি করেছে নিশ্চয়–এখন ঘুমিয়ে মড়া হয়ে গেছে। ষোড়শী কাত্যায়নীর ঔৎসুক্য কিন্তু মেটেনি। বাদ সেধেছিল চার নম্বর ঘরের নিকষ অন্ধকার। দিনের বেলাতেও ঘরের মধ্যে এককণা আলো নেই। দিনকে রাত বানিয়ে রেখেছে মানুষ দুটো। বলিহারি যাই আদিম রিপুর তাড়নাকে।
ফের দুমদাম ঘুসি মেরেছিল কাত্যায়নী দরজার কপাটে। নিথর কক্ষে জাগ্রত হয়নি এতটুকু শব্দতরঙ্গ। নিস্তব্ধ ঘরে শুধু প্রতিধ্বনিত হয়েছে কপাট কাঁপার আওয়াজ–তার বেশি কিছু না।
কুম্ভকর্ণের ঘুমও যে হার মেনে যায়!
কাত্যায়নী তখন খবর দিয়েছে বৌদিমণিকে। উনিশখানা ঘরওলা নীল কপোত হোটেলের দেখাশুনো করতে হয় এই মহিলাকেই। নাম তার শ্রীমতী চারুবালা মৈত্র। সংক্ষেপে ম্যাডাম। ঝি চাকরদের কাছে বউদিমণি। কারণ, হোটেলের মালিক গগনচাঁদ মৈত্রর তিনি পুত্রবধূ।
কাত্যায়নীর ব্যাজার মুখ দেখেই দেওয়ালের কোয়ার্জ ঘড়ির দিকে দৃষ্টি প্রসারিত করেছিলেন ম্যাডাম। দেখেছিলেন, কাঁটায়-কাঁটায় দুটো। কাত্যায়নীর রাগ কি অকারণে হয়েছে?
তবে ভুরু কুঁচকে গেছিল ম্যাডামের। বঙ্কিম হয়েছিল ললাটরেখা। উনিশখানা ঘরে উনিশটা উপন্যাস রচিত হয়েছে প্রতিরাতে। অবশ্যই মিলনান্তক। বিয়োগান্তক কিছু ঘটে গেল নাকি?
তদন্ত প্রয়োজন–অবিলম্বে।
পাশ কী বের করেছিলেন ম্যাডাম। হোটেলে নিশা সমাপনের অভিলাষে যাঁরা কক্ষ দখল করেন, তাঁদের হাতে একখানা চাবি গছিয়ে দিয়ে বলে দেওয়া হয়–একটাই চাবি এই ঘরের, হারিয়ে ফেলবেন না যেন।
কিন্তু তা নয়। ডুপ্লিকেট চাবি থাকে হোটেল মালিকের কাছে। পাশ কী যার নাম। সঙ্কট মুহূর্ত ছাড়া যে চাবি অদৃশ্যই থাকে।
এখন দৃশ্যমান হল সেই চাবি। প্রবিষ্ট হল চাবির গর্তে। উন্মুক্ত হল কপাট।
কিন্তু ঘর যে কবরখানার মতোই নিস্তব্ধ। শ্বাস-প্রশ্বাসের আওয়াজও যে নেই!
চৌকাঠে থমকে দাঁড়িয়েছিলেন ম্যাডাম। উৎকর্ণ হয়েও যখন সক্রিয় ফুসফুঁসের ক্রিয়াকলাপের কীর্তি কানে ধরা পড়েনিনয়নশক্তি তীক্ষ্ণতর করেও যখন নিশ্চিদ্র তমিস্রায় কিছুই অবলোকন করতে পারেননি তখন তিনি পায়ে-পায়ে এগিয়ে গেছিলেন জানলার দিকে। টেনে সরিয়ে দিয়েছিলেন পরদা। ছিটকিনি খুলে দু-হাট করে দিয়েছিলেন বাতায়নের পাল্লা।
আলোর ভেসে গেছিল ঘর। সেই আলোর উদ্ভাসিত হয়েছিল লোমহর্ষক এক দৃশ্য।
দুশয্যার এই ঘরে পাশাপাশি লাগানো রয়েছে দুটো সিঙ্গল বেড। একটা খাটে শয়ান এক কৃষ্ণকেশী কৃষ্ণা। বিছানার চাদর আর কম্বল দিয়ে মোড়া তার গলা থেকে পা পর্যন্ত। বস্ত্রাবরণ
সরিয়েই বলা যায় শূন্য হয়েছে তার প্রাণপিঞ্জর। পাশের সিঙ্গল খাটের চাদরে অজস্র রক্তচিহ্ন বহন করছে সেই কাহিনি।
শিহরিত ম্যাডাম তৎক্ষণাৎ সচকিত করেছিলেন আরক্ষা বাহিনীকে। কয়েক মিনিটের মধ্যেই তাদের আবির্ভাব ঘটেছিল রুধিরলাঞ্ছিত চার নম্বর ঘরে। চাদর আর কম্বল তারাই অপসারণ করেছিলেন বিগতপ্রাণার হিমশীতল নশ্বর দেহ থেকে। দেখেছিলেন নিষ্করুণ এক দৃশ্য।
পৈশাচিকভাবে বিকৃত করা হয়েছে শরীরটাকে।
সে দৃশ্য বাস্তবিকই অবর্ণনীয়। সুস্থ চিন্তার অধিকারী কোনও পুরুষের পক্ষে কি কোনও নারীর অঙ্গহানি করা সম্ভব এইভাবে?
লেখনী মন্থর হলেও পাঠকদের জ্ঞাতার্থে লিখতেই হবে। জনগণ জানুক, আজ এই মুহূর্তে এক নররূপী পশু বিচরণ করছে এই শহরে…স্টোনম্যান-এর চাইতেও যে বিকট এবং বিকৃত যৌনানন্দের অভিলাষী…
কৃষ্ণা সুন্দরীর বক্ষদেশের পদ্মকোরক দুটি কামড়ে প্রায় কেটে ফেলা হয়েছে ঝুলছে চিবোনো চামড়ার ওপর।
বিবমিষা জাগ্রত হলেও এই সংবাদ যাঁরা পাঠ করছেন, তাঁদের কাছে একান্ত অনুরোধ আরও একটু ধৈর্য ধরুন। কসাই-খুনির কদাকার অন্তর-প্রকৃতি এখনও যে উদঘাটিত হয়নি।
নির্মমভাবে পেটানো হয়েছিল মেয়েটাকে। ভয়াল কামনা যখন প্রকৃতই নারকীয় হয়ে ওঠে তখনই বুঝি এইভাবে কোমলাঙ্গী নারীদেহকে চাবুক মেরে ক্ষতবিক্ষত করা যায়। মোট সতেরোটা রক্তজমা গভীর ক্ষতচিহ্নময়, লম্বা দাগ ভয়াবহরূপে মুখব্যাদান করে রয়েছে হতভাগিনীর মুখে, বুকে, পেটে ও পিঠে।
মোট সতেরোবার তাকে কষাঘাত করা হয়েছে। কখনও চিৎ করে, কখনও উপুড় করে।
সাধারণ চাবুক নয়, অসাধারণ চাবুকের প্রহারে শক্তিমান উচ্চৈঃশ্রবাও উন্মাদ হয়ে গিয়ে নিশ্চয় মৃত্যুবরণ করত। নরম মেয়েটাকে আষ্টেপৃষ্ঠে গুনে-গুনে সতেরোবার সেই চাবুক হাঁকড়েছে বর্বর খুনি চোখের পাতা না কাঁপিয়ে এবং চাপা অট্টহাসিতে ঘর মুখর করে।
নরদানব অবশ্যই।
চাবুকটা? ছ-ইঞ্চি অন্তর লোহার কাঁটা বল লাগানো। মোট ছটা কন্টকময় লৌহগোলক। বাদশাহী আমলেও এরকম নির্যাতন বোধহয় কল্পনাতেও আনতে পারেনি কেউ। এক-একবারের কষাঘাতে ছটা কাটাবল একই সাথে, ছটি করে কূপ রচনা করে গেছে মাংস ভেদ করে, অস্থি পিঞ্জর চূর্ণ করে দিয়ে। ললাট ভেঙে ভেতরে ঢুকে গেছে। নাক ভেঙে হেলে পড়েছে, মেরুদণ্ডের কশেরুকা আস্ত থাকেনি।
পাশের খাটে রক্ত থইথই করেছিল কেন? এখন তা জমে শুকিয়ে শক্ত হয়ে গেছে বটে– কিন্তু অত রক্ত অবশ্যই অভাগিনীর শরীর থেকে অবিরল ধারায় ঝরানো হয়েছিল ওই খাটে– কণ্টকাকীর্ণ লৌহবর্তুলের মুহুর্মুহুঃ প্রহারে–তারপর দেহটাকে টেনে এনে ফেলা হয়েছে এই খাটে– চাদর আর কম্বল দিয়ে সযত্নে মুড়ে রেখেছে বিকট চাবুকের মালিক।
বালিশের ওপর তখন রাখা হয়েছিল চাবুকটা। রক্তমাখা চাবুকের দাগ জেগে রয়েছে শুভ্র ওয়াড়ে।
কদর্যতম বিকৃতির কাহিনি লিখতে কলম সরতে চাইছে না, কিন্তু তা লিখতেই হবে। নইলে যে জনসাধারণ জানতেই পারবেন না, কতবড় নরাধম বিচরণ করছে এই মুহূর্তে আমাদের আশেপাশে –পরবর্তী নারীশিকারের প্রতীক্ষায়।..কদর্যতম বিকৃতিটা এই : ঘরের খিল উপড়ে এনে ঘাতক তা দিয়ে তলপেটে আঘাত করেছে। তখন সে দুই গোড়ালি বেঁধে রেখেছিল বড় রুমাল দিয়ে।
কিন্তু হতভাগিনীকে কি জ্যান্তই পিটিয়ে গেছিল নরদানবটা তার যন্ত্রণা তারিয়ে-তারিয়ে উপভোগ করার জন্যে? ভয়াল চাবুকের এক ঘা-ই যথেষ্ট প্রাণপাখিটাকে উড়িয়ে দেবার পক্ষে বাকি ষোলটা কশাঘাত কি টের পেয়েছিল কালো সুন্দরী?
এ প্রশ্নের সঠিক জবাব দিতে পারেননি মর্গের পোস্টমর্টেম করার প্যাথলজিস্ট। তিনি শুধু বলেছিলেন, মেয়েটা মারা গেছে দম বন্ধ হয়ে যাওয়ার দরুন। হয়তো মুখের মধ্যে ন্যাকড়া ঠুসে দিয়ে ফুসফুঁসে বাতাস যাতায়াতের পথ রোধ করে দেওয়া হয়েছিল–অথবা, বালিশ চেপে ধরা হয়েছিল মুখে।
প্রহারের আগে, না পরে? মুখে কাপড় ঢুকিয়ে মরণ চিৎকারের পথ বন্ধ করেই নিশ্চয় চাবুক লকলকিয়ে উঠেছিল তার নিরাবরণা শরীরের প্রতিটি বর্গ ইঞ্চির ওপর। খিল উপড়ে আনা হয়েছিল তার আগে না পরে?
বীভৎস! অতিবড় দুঃস্বপ্নেও যে এহেন নারী নিধনের পরিকল্পনা মাথায় আনা যায় না। হত্যাকারী কি তবে উন্মাদ? যৌন বিকৃতিতে আচ্ছন্ন এক শরীরী আতঙ্ক?
পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে। মেয়েটির হাড়গোড় ভাঙা ছিন্নভিন্ন দেহটা পাওয়া গেছিল শুক্রবার, ২৪ জুন, ১৯৯৪। তার আগের রবিবারে চার নম্বর ঘর ভাড়া দেওয়া হয়েছিল যে পুরুষ অতিথিকে, তার সঙ্গে ছিল এক মহিলা–যে-মহিলা খুন হয়েছে, সে নয়। হোটেল রেজিস্টারে সই করেছিল পুরুষটি মিস্টার অ্যান্ড মিসেস এন. জি. সহায় নাম দিয়ে–ঠিকানা লিখেছিল মহম্মদবাজারের এক বাড়ির।
পুলিশ সুপার ইকবাল হোসেন নিজেই এই নিষ্ঠুর হত্যার তদন্ত শুরু করেছেন। পাঠক সাধারণের স্মরণ থাকতে পারে, গতবছর ইনি পুলিশ মেডেল পেয়েছিলেন দিল্লি থেকে ভারতের এক নম্বর মানুষ স্বর্ণপদক তুলে দিয়েছিলেন ভারতের এক নম্বর পুলিশ অফিসারের হাতে। কৃতী পুরুষ ইকবাল হোসেন তার প্রত্যুৎপন্নমতিত্ব আর বিদ্যুৎগতি তদন্তের অন্যতম নিদর্শন হাজির করেছেন কৃষ্ণাকামিনীর নিঠুর ঘাতকের সন্ধানে।
কয়েক ঘণ্টাও অতিক্রান্ত হয়নি–ঘাতকের হদিশ তিনি বের করে ফেলেছেন। নাম তার নটগোপাল সহায়। সুদর্শন। বয়স ২৯। একদা ছিল আর্মি অফিসার। বিলক্ষণ লম্বা–পাক্কা ছফুট। ক্রিমিন্যাল রেকর্ডের অধিকারী। সেসব ক্রাইমের মধ্যে অবশ্য ভায়োলেন্স নেই। খুন জখম মারপিটের দাগ নেই তার অতীত ইতিহাসে–তবে ধোয়া তুলসিপাতা নয়।
শনাক্ত করা গেছে হতভাগিনী মেয়েটিকেও। বয়স তার ৩২। নাম, মিসেস বিদ্রোহিনী বরাট। মাঝে-মাঝে ফিল্মে এক্সট্রা হয়েছে। স্বামী পরিত্যক্তা। হল্লামুখর বোহেমিয়ান জীবনযাপনে অভ্যস্ত। নিত্যনতুন আদমের সঙ্গে নিশাযাপন তার চরিত্রের মস্ত দিক।
খুনের আগের রাতে সে আকণ্ঠ সুরা পান করেছিল। শুধু বিকিনি এবং অতি ক্ষীণ বক্ষবাস পরে উল্লোল নৃত্য নেচেছিল নটগোপাল সহায়ের সঙ্গে স্থানীয় পানামা ক্লাবে। মধ্যযামিনী নাগাদ ক্লাব ছেড়ে বেরিয়ে এসেছিল দুজনে কোমর ধরাধরি করে। দাঁড় করিয়েছিল চলমান এক ট্যাক্সিকে। সোজা গেছিল নীল কপোত হোটেলে। ট্যাক্সিচালক উমেশ খান্না প্রখর স্মৃতিশক্তির নিদর্শন রেখেছে পুলিশ সুপারের রিপোর্টে। বলেছে, ওরা তো ট্যাক্সির মধ্যেই গুজুর-গুজুর করছিল, চাপা হাসি হাসছিল, এলোমেলো চুম্বনও চলছিল। মদের গন্ধে ভুরভুর করছিল ট্যাক্সি। এসব লোকদের আমি হাড়ে হাড়ে চিনি। বেশি বেলেল্লাপনা করলে নিশ্চয় গলা তুলতাম। কিন্তু তার দরকার হয়নি। নীল কপোত হোটেল যখন প্রায় পঞ্চাশ গজ দূরে, ট্যাক্সি থামিয়ে নেমে পড়েছিল দুজনে, ঢ