
পরশ পাথর
অদ্রীশ বর্ধন
ভেসে ভেসে বেড়াচ্ছিলাম অনেক মাস, অনেক বছর। সঙ্গে আছে আরো অনেকেই। দিশেহারা। উদ্দেশ্যহীন।
কিন্তু আমার মতো ম্যজিক জানে না কেউ। জাদুমন্ত্র আমার সূক্ষ্ম সত্তায়। আমি চাইলে অনেক কিছু করতে পারি। কিন্তু ইচ্ছে নেই।
পৃথিবীর আকর্ষণ বড্ড বেশি। প্রবল। মাঝে-মাঝে দূরের ওই গ্রহনক্ষত্রের দিকে ছিটকে গেছিলাম বটে, কিন্তু প্রচণ্ড আকর্ষণ আমাকে টেনে নামিয়ে এনেছে। বনে জঙ্গলে, পাহাড়ে গুহায়, মন্দির কাঠ গির্জায় মসজিদে ঘুরে ঘুরে বেড়াই। এই সব জায়গাই আমার বেশি ভালো লাগে।
পগাড়ে নালায়, পোড়োবাড়ি আর বাঁশঝাড় নিমগাছে যারা ঘোরে, মায়া হয় ওদের দেখে। একেবারেই শক্তিহীন। যতদিন বেঁচেছিল, শুধু নাওয়া খাওয়া, টাকা রোজকার আর ভোগবাসনা নিয়েই মেতে থেকেছে। ব্রহ্মাণ্ডের অসীম শক্তিদের শরীরের আধারে সঞ্চয় করার কোনও চেষ্টা করেনি।
আমি করেছিলাম। বছরের পর বছর ল্যাবরেটরিতে সাধনা করেছি। হিমঠান্ডায় পাহাড়ের গুহায় অজানাকে জানতে চেয়েছি। শক্তি পেয়েছি। অকল্পনীয় শক্তি।
কিন্তু অত শক্তিকে ধরে রাখার মতো শরীর আমার ছিল না। রক্তমাংসের শরীর জীর্ণ করে দিয়ে আমার মূল সত্তাকে আঁকড়ে ধরে ধারণাতীত শক্তিরা বেরিয়ে এল বাইরে। মূল সত্তার বিনাশ নেই, জরা নেই, ক্ষয় নেই। জাদুবলে বলীয়ান এই সত্তা আবার নবদেহে প্রবিষ্ট হতে পারে। কিন্তু আমার ইচ্ছে নেই।
না, ইচ্ছে নেই। লাভ কী?
কিন্তু মায়া হল ছেলেটিকে দেখে। কতই বা আর বয়স। বড়জোর চোদ্দো। ভারি সুন্দর চেহারা। চোখদুটো বড় বড়। টকটকে ফর্সা রং। মাথায় বেশ লম্বা। একমাথা হালকা চুল।
সবচেয়ে ভালো লেগেছিল ছেলেটার চোখের চাহনি। দিঘির মতো টলটলে, কালো। সমুদ্রের মতো অতলান্ত। আকাশের মতো অসীম, প্রশান্ত।
অথচ এই চোখই কখনো কখনো ভয়ঙ্কর হয়ে ওঠে। হিংস্রতায় নিষ্করুণ হয়ে ওঠে। তখন তার দিকে চাওয়া যায় না।
ঠিক এই সময়েই কিন্তু গভীর চোখে তার দিকে চেয়েছিল তার মা। তন্ময় চাহনি। ব্যথা যেন ঝরে পড়ছে দুই চোখে।
মা বলে ঠিকই চিনেছিলাম আমি। ড্রেসিং টেবিলের ওপরেই রয়েছে যে তার ফটোগ্রাফ। ছেলেটি আত্মনিমগ্ন সেই ফটোর পানে চেয়ে। চোখ, চিবুক, মুখের গড়ন একই রকমের।
ছবির মা কিন্তু সামনেই দাঁড়িয়ে। ছলছল চোখে চেয়ে রয়েছে ছেলের দিকে।
আমি যে পাশে এসে দাঁড়িয়েছি, সে তখনও তা দেখেনি। ছেলেটির দেখবার কথা নয়। কিন্তু মা তো দেখবে। কিন্তু যার সমস্ত মনপ্রাণ জুড়ে রয়েছে ওই ছেলে, সে পাশের দিকে তাকাবে কখন?
মৃদু স্বরে জিগ্যেস করেছিলাম–কী হয়েছে?
ভীষণ চমকে উঠল ছেলের মা। আমাকে দেখেই বিস্ময়ভরা চোখদুটোয় ফুলে উঠল নিবিড়। বিস্ময়-কে আপনি?
তোমারই মতো একজন। দেহত্যাগ করেও ঘুরে ঘুরে বেড়াচ্ছি। পৃথিবীর মায়া আর কাটাতে পারছি না।
আপনারও ছেলে আছে নাকি?
না। কেউ নেই আমার।
তবে?
কীসের আকর্ষণে আটকে আছি পৃথিবীতে, এই তো? হয়তো মাটির আকর্ষণ…অথবা হয়তো আমাদের মতোই যারা দুঃখ শোকে অধীর, তাদের ছেড়ে যেতে পারছি না বলেই…।
আপনি কি সাধু ছিলেন?
লম্বা দাড়ি দেখে বলছ? হাসলাম আমি–চুলদাড়ি কাটবার সময় পেতাম না–তাই।
শুধু দাড়ি নয়, ছেলের মা আমার চোখের দিকে ঘাড় বেঁকিয়ে তাকিয়ে–আপনার মতো সৌম্য বিদেহী আজ পর্যন্ত দেখিনি। ঋষির মতোই চেহারা আপনার, বলতে বলতে হঠাৎ দু-চোখে আশার আলো জ্বলে ওঠে মেয়েটির–আপনিই কি সেই সব অদৃশ্য সহায়দের একজন যারা মরণের পরেও মানুষের উপকার করে যান নানাভাবে?
হাসলাম। জবাব দিলাম না।
মেয়েটির চোখমুখ তখন জ্বলজ্বল করছে। কতই বা আর বয়স হবে। বড় জোড় চব্বিশ। মৃত্যুকালে যে বয়স ছিল, এখনও তা রয়ে গেছে। পরমা সুন্দরী। যেমন রং, তেমনি মুখের গড়ন। দীর্ঘাঙ্গী। চোখদুটো সবচেয়ে সুন্দর বড় বড়। গভীরভাবে আচ্ছন্ন।
বলল আকুল কণ্ঠে–ঠাকুর, আমার ছেলেটাকে ভালো করে দেবেন?
ঠাকুর! হেসে ফেললাম আমিঠাকুর বললে কেন আমাকে?
ওইরকমই যে দেখতে আপনাকে। বলুন না, ভালো করে দেবেন ছেলেটাকে?
কী হয়েছে ওর?
ভেবে ভেবেই বোধহয় পাগল হয়ে যাচ্ছে। ওই দেখুন…ওই দেখুন।
দেখলাম ছেলেটা উঠে দাঁড়িয়েছে। স্কিপিং-এর দড়িটা নিয়ে নাড়াচাড়া করছে। চোখদুটো বিষণ্ণ। মায়ের ছবির দিকে তাকাচ্ছে আর দড়িটাকে টেনে টেনে দেখছে কত শক্ত।
মতলবটা বুঝলাম। বললাম–ওর বাবা কোথায়?
কাজে বেরিয়েছে। রাত হবে ফিরতে। তার মধ্যেই দেখুন…ওই দেখুন ওই দেখুন..!
ছেলেটা মায়ের ফটো তুলে নিয়ে বুকে জড়িয়ে কাঁদছে। দু-গাল বেয়ে জল গড়াচ্ছে। মাঝে মাঝে তাকাচ্ছে পাশেই বাবার ছবির দিকে। কিন্তু কী আশ্চর্য। সে চোখে বিদ্বেষ! বিজাতীয় ঘৃণা।
বাপকে একদম সইতে পারে না দেখছি, বলেছিলাম আমি।
অথচ বাপকেই সবচাইতে ভালোবাসে। আমার চাইতেও। হঠাৎ ওর অখণ্ড বিশ্বাসে ঘা লেগেছে। খণ্ড খণ্ড হয়ে গেছে বাবার ওপর অগাধ বিশ্বাস। ও আজ তাই দিশেহারা।
বিশ্বাস ভাঙল কেন? দেখলাম ছেলেটা দড়ি নিয়ে আবার টেনে টেনে দেখছে। খালি গা। প্রদীপ্ত চোখে বিকার ভাব। অস্থির। মাথার মধ্যে যেন সব গোলমাল হয়ে যাচ্ছে।
ওর মামা কানে বিষ ঢেলেছে। নিজেদের দোষ ওর বাবার ঘাড়ে চাপিয়েছে। বলেছে, তোর বাবা তোর মাকে মেরে ফেলেছে।–একী–একী করছিস রাজু।–ঠাকুর-ঠাকুর! ওকে বাঁচান!
মায়ের চিৎকার ছেলে শুনতে পাবে কেন? একজন ইহলোকে, আর একজন পরলোকে। কিন্তু ছেলের কাণ্ড দেখে মায়ের সে খেয়াল নেই। আর্তকণ্ঠে চেঁচিয়ে উঠেছে–বাঁচান! বাঁচান! ঠাকুর, ওকে বাঁচান।
খাটে উঠে পড়েছে রাজু। স্কিপিং দড়ির একটা প্রান্ত বেঁধেছে সিলিংয়ে লাগানো হুকে। অন্য প্রান্তে একটা ফাস তৈরি করেছে।
গলায় দড়ি দেওয়ার মতলব। কাঁদছে ওর মা। হাওয়া-শরীর নিয়ে ছেলেকে আটকাতে পারছে না। ঘর ফাঁকা। দরজায় ল্যাচ দেওয়া। চাবি নিশ্চয় বাবার কাছে। তিনি না ফিরলে এ ছেলের আত্মহত্যা কেউ রোধ করতে পারবে না। কিন্তু আমি পারব।
চনমন করে উঠল আমার বিদেহী সত্তার শক্তিকেন্দ্রগুলো। দ্রুত হ্রস্ব স্বরে শুধোলাম ব্যাকুল-নয়না মেয়েটিকে–নাম কী তোমার, মা?
দুর্গা। রাজু। রাজু। লক্ষ্মী ছেলে আমার–ধীর হ। মাথা ঠান্ডা কর।
রাজু ততক্ষণে দড়ির ফাঁস গলায় দিয়েছে। আমি আর দেরি করলাম না। ঢুকে পড়লাম ওর শরীরের মধ্যে। চলে গেলাম একেবারে মস্তিষ্কে। যেখানে দশ হাজার কোটিরও বেশি নিউরণ পরিপাটিভাবে সাজানো রয়েছে। ন-হাজার কোটি এখনও নিষ্ক্রিয়। সারা জীবন জানতে চেয়েছি এই ন-হাজার কোটি নিউরনের কাজ কী। কেন তাদের সৃষ্টিকর্তা ভরে দিয়েছেন করোটির মধ্যে। নিশ্চয় উদ্দেশ্য আছে। নিষ্ক্রিয় নিউরণদের সক্রিয় করলে কী কী ঘটতে পারে, বৈজ্ঞানিক গবেষণায় আর ধ্যানের মাধ্যমে তা জানতে চেয়েছি–পেরেছিও।
প্রবেশ করলাম এই নিষ্ক্রিয় নিউরণের রাজ্যে। থাকে থাকে সাজানো কোটি কোটি পুঞ্জীভূত রহস্য। প্রতিটি নিউরণ এক একটি অন্তহীন প্রহেলিকা। শক্তি কেন্দ্র। অসীম শক্তির ভাণ্ডারকে করোটির মধ্যে নিয়ে মানুষ কত অসহায়…ভাবে বুঝি মাত্র পাঁচটা ইন্দ্রিয়ই তার একমাত্র সম্বল। এই পাঁচ ইন্দ্রিয় গ্রাহ্য জগৎ ছাড়া অন্য আর কিছুই মানতে চায় না। মূর্খ! মূর্খ!
নিউরণ-লোকে বিচরণ এই আমার প্রথম নয়। ধ্যানের শক্তি নিয়ে আমি কোটি কোটি প্রহেলিকাদের মধ্যে ঘুরে ঘুরে তাদের চরিত্র জেনেছি, তাদের কাজ জেনেছি, অলৌকিক কাণ্ডকারখানার আধারদের প্রয়োজনমতো সক্রিয় করে তুলে অসম্ভবকে সম্ভব করে তোলার মন্ত্রগুপ্তি আয়ত্ত করেছি।
রাজুর নির্মল মস্তিষ্কে প্রবেশ করেই টের পেলাম দোটানার প্রচণ্ড আলোড়ন চলছে। নিউরণদের মধ্যে দিয়ে যেন ঝড় বয়ে চলেছে। আবেগের এই প্রভঞ্জন ধেয়ে আসছে একদিক থেকেই–একগুচ্ছ নিউরণ-কেন্দ্র থেকে–ভুল ধারণা মৌরসীপাট্টা গেড়ে বসেছে যেখানে।
অনেক কিছুই করা যায় এখন। কিন্তু সে সময় তো নেই। প্রথমেই ওর অসুস্থ চিন্তাধারায়। যে প্ল্যানটা ছকে রেখেছে, সেটাকে ভণ্ডুল করে দিতে হবে। ওর চোখ দিয়ে দেখতে পাচ্ছি, মায়ের ছবিটা বুকে ধরে কাঁদতে কাঁদতে সিধে হয়ে দাঁড়াল। এরপর ওর ইচ্ছে চেয়ারটাকে টেনে তার ওপর দাঁড়িয়ে দড়িটাকে ছোট করে নেওয়া। যাতে চেয়ার থেকে লাফিয়ে পড়লে গলায় এঁটে যায়।
ঠিক এই জায়গাটাতেই কয়েকটা নিউরণকে অসাড় করে দিলাম। দড়ি ছোট করার কথা ভুলে গেল রাজু। খাটে উঠে দাঁড়িয়ে লাভ দিতেই দড়িটা আলগা হয়েই রইল। আরও কয়েকটা নিউরণকে নিষ্ক্রিয় করে দিলাম–যাতে উপস্থিত বুদ্ধি হারিয়ে ফেলে। রাজু মেঝেতে লুটিয়ে পড়ে গলায় দড়িটা টেনে টেনে বসাতে লাগল। কাঁদছে। হিস্টিরিয়া এসে গেছে। অজ্ঞান হয়ে গেল। গাজলা বেরোচ্ছে ঠোঁটের কষ বেয়ে।
বেরিয়ে এলাম। দুর্গা আতঙ্কঘন চোখে তাকিয়ে ছেলের দিকে।
বললাম–বেঁচে গেল তোমার ছেলে। কিন্তু এভাবে কতদিন ওকে বাঁচাবে?
আপনি ব্যবস্থা করুন ঠাকুর।
ঠাকুর। বেঁচে থাকতে কেউ ঠাকুর বলে ডাকেনি। পাগল বলত সবাই।
বললাম–ঠিক আছে, মা। দেখছি কী করা যায়।
দুর্গার কষ্ট হচ্ছিল। সূক্ষ্মদেহী। অনেক উধ্বস্তর থেকে নেমে এসেছে ছেলের টানে। এখন কষ্ট হচ্ছে। জলের মধ্যে মানুষ ডুবে থাকলে যেরকম কষ্ট হয়, তার চাইতেও বেশি।
বললাম–মা, তুমি যাও। আমি আছি।
আপনার কষ্ট হচ্ছে না?
হলেও যেতে পারছি না, মা। যাও।
দুর্গা চলে গেল। নিশ্চিন্ত মনে আমার পাহারায় ছেলেটাকে সঁপে দিয়ে সে ফিরে গেল ঊর্ধ্বলোকের বিদেহীদের মাঝে।
আমি চেয়ে রইলাম রাজুর মুখের দিকে। অসহায়। বড় অসহায়। বিকারগ্রস্থ হওয়ার ফলে এত বুদ্ধিদীপ্ত হয়েও নির্বোধের মতো আচরণ করে চলেছে। একে টেনে তুলতেই হবে। ঘোর কাটাতেই হবে। অন্ধকার থেকে আলোয় নিয়ে আসতে হবে।
দরজার ল্যাচ-কী ঘুরে গেল। রাজুর বাবা ঢুকলেন ঘরে। শ্রান্ত, ক্লান্ত চেহারা। বয়সে প্রৌঢ়। চোখের তারায় কিন্তু অবসাদ কুঁড়ে বুদ্ধির ঔজ্জ্বল্য ঠিকরে বেরোচ্ছে। যৌবনে ব্যায়ামচর্চার চিহ্ন এখনো রয়ে গেছে বাহু আর বুকের পেশিতে। লম্বা চুল উস্কখুস্ক। জুলপি পেকে সাদা। সরু গোঁফও বিলকুল রূপোলি।
ঘরে ঢুকেই ভদ্রলোক এদিক-ওদিক তাকালেন। ছেলেকে দেখতে পেলেন না। নিমেষে আতঙ্ক ঘনিয়ে এল দুই চোখে। ছুটে গেলেন রান্নাঘরে, তারপর কলতলায়। ছেলে কোথাও নেই। উদ্ভ্রান্তের মতে ফের দৌড়ে ঘরে ঢুকলেন বড় ঘরে। ছেলে অনেক সময় খাটের তলায় লুকিয়ে ভয় দেখায় বাবাকে। তাই খাটের তলায় হেঁট হয়ে উঁকি দিলেন। ট্রাঙ্ক আর কার্ডবোর্ড বাক্স বোঝাই থাকায় খাটের ওদিক পর্যন্ত দেখতে পেলেন না। উঠে দাঁড়িয়ে খাট ঘুরে এদিকে আসতে যাবেন, এমন সময় চোখে পড়ল সিলিং থেকে লাকলাইন দড়ি ঝুলছে। দড়ি নেমে গেছে খাটের ওপাশে মেঝে পর্যন্ত।
মেঝেতে শুয়ে রাজু। অজ্ঞান। বুকের ওপর দুহাতে জড়িয়ে মায়ের বাঁধানো ফটোগ্রাফ–যে মাকে ওর মনেই নেই।
গলায় দড়ির ফাঁসের দিকে চেয়ে রইলেন ওর বাবা। সেকেন্ড খানেক। বিপদ অনেক মানুষের প্রত্যুৎপন্নমতিত্ব জাগিয়ে তোলে। এই ভদ্রলোকের ক্ষেত্রে তাই ঘটল। নিমেষে মেঝেতে হাঁটু গেড়ে বসে রাজুর শিথিল একটা হাত তুলে নিয়ে মণিবদ্ধে আঙুল টিপে দেখলেন–নাড়ি আছে। ফটোটা বুক থেকে নিয়ে রাখলেন ড্রেসিং টেবিলে। গলা থেকে ফাঁস ফুলে বগলের তলায় হাত দিয়ে মেঝের ওপর দিয়ে টেনে নিয়ে এলেন খাটের এদিকে। দুহাতে ছেলেকে তুলে শুইয়ে দিলেন খাটে। দৌড়োলেন রাস্তার ওপার থেকে ডাক্তারকে ডেকে আনতে।
ডাক্তার এলেন স