
জঞ্জালীর জ্বালা – সুবোধ ঘোষ
রঞ্জিত চট্টোপাধ্যায়
ওই যে রূপসী, যার নাম মুক্তাকণা, যাকে আজ এক বছর ধরে সদাসর্বদা চোখের সামনে দেখছেন ছোট কুমার সাহেব, অর্থাৎ রায়জাদা অবনীশ রায়, তাকেই আজও মাঝরাতের অথবা শেষরাতের কোন প্রহরে হঠাৎ ঘুম-ভাঙা চোখ তুলে দেখতে গিয়েই তিনি চমকে ওঠেন। এবং চমকে উঠলেও অনেকক্ষণ ধরে একটু আড়ালে দাঁড়িয়ে মুক্তাকণা নামে ওই নারীর মুখের দিকে অপলক চোখে তাকিয়ে থেকে কি যেন বুঝতে চেষ্টা করেন ছোট কুমার সাহেব, অর্থাৎ মজিলনগরের রাজবাড়ির সেই সৌখিন আর ফুর্তিবিলাসী মানুষটি, সেই অবনীশ রায়।
ইনিই হলেন সেই অবনীশ রায়, যিনি স্কচ হুইস্কি, কবুতরের মাংস, ডিটেকটিভ উপন্যাস আর তাসের রং-মিল খেলা ছাড়া পৃথিবীতে আর কিছু ভালবাসেন কিনা, তা কেউ জানে না। হ্যাঁ, এই এক বছর ধরে আর একটি বস্তু তাঁর ফুর্তিময় জীবনের নতুন বিলাস হয়ে উঠেছে। সে হল ওই মুক্তাকণা। অবনীশ রায়ের ঘণী নয় মুক্তাকণা, শুধুই সঙ্গিনী, যদিও এক বছর ধরে দিন ও রাতের সকল মুহূর্তে অবনীশ রায়ের ঘরেরই শোভা আর মোহ হয়ে রয়েছে মুক্তাকণা।
মাঝরাতে অথবা শেষরাতের কোন প্রহরে অবনীশের হুইস্কির নেশা যখন একঘুমের পর ফিকে হয়ে যায়, তখন ধড়ফড় করে জেগে উঠেই দেখতে পায় অবনীশ রায়, ঘরের খোলা জানলার কাছে চুপ করে দাঁড়িয়ে আছে মুক্তাকণা। জানলার বাইরে শুধু নিরেট অন্ধকার, তাছাড়া আর কিছুই দেখবার নেই, তবু সেই অন্ধকারের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে মুক্তাকণা, দু’চোখের পলক পড়ে না।
অবশ্য রোজই নয়, মাঝে মাঝে, এবং বিশেষ করে কোন নতুন জায়গায় এসে আশ্রয় নেবার পর প্রথম কয়েকটি রাত্রিতে অবনীশের সঙ্গিনী ওই নারীর মনটা যেন কোন এক নিশির ডাক শুনতে পায়। আরও আশ্চর্যের ব্যাপার, যে রাতে আকাশে আর মাটিতে ধবধবে চাঁদের আলো ছড়িয়ে থাকে, সে রাতে কখনও এমন ঘটনা ঘটে না। চাঁদনি রাতের সঙ্গে যেন একটা আড়ি আছে মুক্তাকণার। যে রাতে বাইরে আকাশভরা চাঁদের আলো, সে রাতে ঘরের ভেতর ফরাশের ওপর পড়ে অঘোরে ঘুমোতে থাকে মুক্তা।
প্রথমে দেখা গিয়েছিল, আগ্রার সেই হোটেলের ঘরে। তারপর একবার সাসারামের ডাকবাংলোতে। তারপর মধুপুরে অবনীশের নিজেরই এস্টেটের সেই প্রকাণ্ড বাড়িতে, যার চারদিকে বসরাই গোলাপের মস্ত বড় বাগান। কে জানে কখন, বোধ হয় ঠিক যখন গভীর ঘুমে অসাড় হয়ে পড়ে থাকে অবনীশ রায়ের নেশাড়ে শরীর, আর বাইরের কালো অন্ধকারে ক্লান্ত জোনাকির পাখাও আর মিটমিট করে জ্বলে না, তখন হয় এই ঘর নয় ওই ঘরের কোন একটা খোলা জানলার কাছে গিয়ে দাঁড়িয়ে থাকে মুক্তাকণা। আরও অদ্ভুত ব্যাপার, মুক্তকণার সারা মুখ জুড়ে সেই সময় যেন একটা কৌতুকের হাসি থমথম করে। যেন বাইরের অন্ধকারের সঙ্গে মনে মনে একটা ঠাট্টার খেলা খেলছে মুক্তাকণা।
মধুপুরের বাড়িতে যে দৃশ্য দেখতে হয়েছিল, সেই দৃশ্য এই হীরাপুরের বাড়িতে এসেও দেখতে হল। ঠিক, সেই রকমই আবার মাঝরাতে ঘরের খোলা জানলার কাছে গিয়ে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে রয়েছে মুক্তাকণা, আর মনে হয়, সেই রকমই ভঙ্গিতে হাসছে।
দেখতে পেয়ে আস্তে আস্তে মুক্তকণার দিকে এগিয়ে যায় অবনীশ। গম্ভীরভাবে বলে, কি ব্যাপার মুক্তা ? তুমি ওরকম করে হাসছ কেন ? তোমাকে এত অদ্ভুত দেখাচ্ছে কেন ?
সত্যিই মুক্তাকে বড় অদ্ভুত দেখায়। খোলা জানলা দিয়ে শুধু বাইরের ঘন অন্ধকারের ভয়াল চেহারাটা দেখা যায়। দিগন্ত জুড়ে ঠেসে রয়েছে সেই নিরেট অন্ধকার। আকাশে তারা ঝিকঝিক করে ; মনে হয় তারাগুলি ভয় পেয়ে কাঁপছে। দেখা যায় না, নিকটে বা দূরে কোথায় গাছপালার ভিড় মুখ লুকিয়ে রয়েছে। শুধু বড় বড় তালের মাথাগুলিকে এক-আধটু ঠাহর করা যায়। তালের পাতায় বোধ হয় মাথা ঠোকে কোন রুগ্ণ শকুন। তাই একটা ক্ষীণ আর্তনাদ যেন আছাড় খেয়ে কাঁপতে থাকে। আর শোনা যায়, দূরের ঝাউবনের একটানা হাঁপানির শব্দ। বাতাস কখনও মৃদু হয়ে, আবার কখনও বা বেশ ঝড়ের মত হয়ে সেই অন্ধকারের জগৎ থেকে যত আক্ষেপ আর যত অদ্ভুত কাতরানির শব্দ ছড়িয়ে বেড়ায়। মুক্তা চুপ করে আর দুচোখ অপলক করে বাইরের সেই অন্ধকার দেখে আর কাতরানির স্বর শোনে।
ঘরের ভেতরে আলো জ্বলে, তাই মুক্তার মুখটাকে খুব স্পষ্ট দেখা যায়। দেখতে পায় অবনীশ, মুক্তার চোখ দুটো যেন দপদপ করে হাসছে। অত যত্ন করে বাঁধা খোঁপা, তাও যেন একেবারে ভেঙেচুরে ঝরে পড়তে চাইছে। ফুরফুর করে উড়তে থাকে উসকো-খুসকো চুল। মুক্তার কপালটা লালচে হয়ে ওঠে, যেন আগুনের আঁচ লেগেছে। দাঁতে দাঁত ঘষা লেগে বিশ্রী শব্দও হয়। পান-খাওয়া ঠোঁট স্যাঁতসেঁতে ; মুক্তার ঠোঁটের ফাঁক দিয়ে যেন রক্তমাখা লালা ঝরে পড়তে চায়। বড় অস্বাভাবিক মুক্তার মূর্তিটা। মাঝে মাঝে থরথর করে কাঁপে মুক্তার শরীরটা। ওর চোখ-মুখ-ঠোঁট, সবই যেন ওই অন্ধকারের সঙ্গে এতক্ষণ ধরে নিঃশব্দে কথা বলছিল। কে জানে কোন্ ভয়ানক রহস্যের কথা। সেই রহস্য যেন একটা ভাষাহীন কৌতুক। তাই মুক্তার চোখ দুটো ওরকম দপদপ করে হেসে উঠছে।
অবনীশের গম্ভীর গলার স্বর শুনে আস্তে আস্তে মুখ ফেরায় মুক্তা। কিন্তু তবু মনে হয়, অবনীশের কথাগুলির অর্থ যেন বুঝতে পারছে না মুক্তা। তেমনই দুই চোখ অপলক করে অবনীশের মুখের দিকে তাকিয়ে থাকে।
ঘুম-ভাঙা চোখের ভীত-বিস্মিত শিহর মুছে ফেলবার জন্য দু-হাতে চোখ ঘষে মুক্তার মুখের দিকে ভাল করে তাকায় অবনীশ রায়। কিন্তু কী অদ্ভুত, সত্যিই, মুক্তাকে যে মুক্তা বলেই মনে হয় না। সারাটা দিন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, গানে-গল্পে, হাসিঠাট্টায়, আর কত রঙে ঢঙে ও রগড়ে কুমারবাবুর-ফুর্তির জীবনকে মাতিয়ে রেখেছিল যে নারী, সে এখন এই মাঝরাতের স্তব্ধ প্রহরের কোন্ অভিশাপে এমন করে এলোমেলো হয়ে বোবা নিশাচরীর মত তাকিয়ে থাকে, আর দু’চোখের তারা নাচিয়ে দপদপ করে হাসে ?
অবনীশ রায়ের বিস্ময় এইবার দুঃসহ ভয়ে শিউরে ওঠে, চেঁচিয়ে ওঠে অবনীশ, কথা বলছ না কেন ? শিগগির কথা বল। উত্তর দাও মুক্তা।
মুক্তার চোখদুটো এইবার ভয় পেয়ে চমকে ওঠে। যেন এতক্ষণে অবনীশের কথাগুলি কানে শুনতে পেয়েছে মুক্তা। ব্যস্তভাবে শাড়ির আঁচল গায়ে জড়িয়ে মূর্তিটাকে একটু স্বাভাবিক করে নিয়ে মুক্তা বলে, কি বলব ? কি শুনতে চাও তুমি ?
তারপরেই চেঁচিয়ে ওঠে অবনীশ ভ্রুকুটি করে : সত্যি করে বল, কে তুমি ?
এইবার শিউরে ওঠে মুক্তার চোখের তারা। অবনীশের ওই প্রশ্নই যে তীক্ষ্ন ছুরির মত একটা ধারাল অস্ত্র। মুক্তার জীবনের এই সুন্দর ছদ্মবেশটাকে এই মুহূর্তে ছিন্নভিন্ন করে দেবার জন্য উদ্যত হয়েছে ওই প্রশ্ন। যদি উত্তর দিতে একটুও ভুল করে মুক্তা, যদি মনের ভুলে কিংবা হঠাৎ ভয়ে সত্য কথাটা বলেই ফেলে মুক্তা, তবে এই মুহূর্তে মুক্তার এত বড় সুখের প্রাসাদ ধুলো হয়ে যাবে। এত টাকা, এত সমাদর, এত আহ্লাদ আর এত সোনা আর জড়োয়ার উপহারে ধন্য হওয়া ঝকঝকে জীবনের সব উল্লাস স্তব্ধ হয়ে যাবে। শুধু তাই বা কেন ? অবনীশ নামে খামখেয়ালী ওই বড়লোকের মেজাজ হয়তো এই মুহূর্তে পাগল হয়ে গিয়ে তার এত আদরের মুক্তাকে ঘেন্না করে কিংবা পিস্তলের একটি গুলিতে শেষ করে দেবে।
কে তুমি ? অবনীশের এই প্রশ্নটাই যে অবনীশের মর্মভেদী একটা সন্দেহ। মুক্তাকণা সত্যিই মুক্তাকণা তো ? মুক্তাকণাও জানে, অবনীশের মনে মাঝে মাঝে একটা সন্দেহ বড় তীব্র হয়ে ওঠে। ভয় হয় মুক্তার, সেই সন্দেহের আঘাতে মুক্তার ওপর অবনীশের এত মায়া আর ভালবাসার নেশাটাই বুঝি চুরমার হয়ে যাবে।
খিলখিল করে হেসে ওঠে মুক্তা ; সে কি কথা ? আমি যে তোমারই মুক্তাকণা গো !
হ্যাঁ, ঠিক সেই রকমই ঝর্নার জলের মত উচ্ছল স্বরে হেসে উঠেছে অবনীশের সঙ্গিনী মুক্তাকণা। সকাল থেকে সন্ধ্যা, তারপর রাত, এই রূপসী নারীই হেসে-গেয়ে অবনীশের ফুর্তির পিপাসাকে তৃপ্তি দিয়েছে। স্কচ হুইস্কির নেশা কোন নেশাই নয়, যদি মুক্তাকণা নিজের হাতে গেলাস তুলে নিয়ে অবনীশের হাতের কাছে এগিয়ে না দেয়। ডিটেকটিভ উপন্যাসের পাতায় পাতায় ছড়ান ঘটনার শত রহস্য নিংড়েও কোন রসের স্বাদ অনুভব করা যায় না, যদি অবনীশের বই পড়বার সময় তার গা ঘেঁষে মুক্তাকণা বসে থাকে। বাজী রেখে মুক্তাকণার সঙ্গে তাসের রং-মিল খেলে অবনীশ রায়। মুক্তাকণার কাছে মুঠো মুঠো টাকা হেরে যেতে অবনীশ রায়ের ভালই লাগে। একদিন জাগা চোখেই স্বপ্ন দেখেছে অবনীশ, মুক্তাকণার মুখটা যেন ফুলদানির ওপর রাখা হয়েছে। হাসছে মুক্তার সুন্দর মুখ, কাঁপছে রঙিন ঠোঁট আর চোখের কালো তারা। মনে হয় অবনীশের, মুক্তাকণা যেন তার জীবনের সব তৃষ্ণাকে চিরটা কাল এইভাবে মধুর মাদক হাসিতে ভরে দিয়ে তার চোখের সামনে এইভাবে ফুটন্ত রূপ নিয়ে বসে থাকবে।
খুশি হয়েছে, সুখী হয়েছে অবনীশ। তাই তো সে এইরকম অজস্রভাবে, অঢেল উপহারে মুক্তাকণারও সব সুখের দাবীকে পূর্ণ করে দেবার জন্য সর্বক্ষণ তৈরি হয়ে রয়েছে। মুক্তাকণার নিজের ব্যবহারের আলমারিতে তিনটে মখমলের বাক্স সোনার অলঙ্কারে আর জড়োয়াতে ভরে গেছে। একটা সুগন্ধ সাবান দু’বার স্পর্শ করে না মুক্তা। অবনীশ নিজেই আপত্তি করে। বাসি সাবান গায়ে মাখলে মুক্তাকণার গায়ের চামড়া খসখসে হয়ে যেতে পারে, ভয় আছে অবনীশের মনে। আগ্রাতে থাকতেই মুক্তাকে কড়া হুকুম দিয়েছিল অবনীশ, এখন থেকে রোজ আতর-জলে স্নান করবে মুক্তা। সাবধান, যেন ভুলেও কোন ভুল না হয়।
এত বড় আদরের সিংহাসনে বসিয়ে রাখা হয়েছে যে রূপসী নারীকে, তাকেই আজও মাঝে মাঝে সন্দেহ করতে হয়। অবনীশ নিজেরই ওপর রাগ করে। মিছিমিছি হঠাৎ ভয় পেয়ে এরকম সন্দেহ মনের ভেতর ডেকে আনবার কোন দরকার ছিল না। পালিয়ে যাবে না মুক্তা, চলে যাবার কোন লক্ষণও দেখা যায় না। কোনদিন কোন মাঝ দুপুরের আলোতে জানলার পর্দা সরিয়ে পথের কোন মানুষের মুখের দিকে তাকায়নি মুক্তা। কাউকে চিঠি লেখে না মুক্তা ; পৃথিবীর কোন আনাচ-কানাচ থেকে মুক্তার নামে কোন চিঠি আসে না। অবনীশের আদরের জগৎ থেকে মুক্তাকণাকে চুরি করে নিয়ে যাবার মত কোন অভিসন্ধি এই পৃথিবীতে নেই। মুক্তাকণার প্রাণটাকেই কিনে ফেলেছে অবনীশ। মুক্তাকণাও স্বীকার করে, মেয়েমানুষকে এমন করে কোন স্বামীও ভালবাসে না।
ওসব ভয় নয়। কিন্তু তবু কেমন যেন মনে হয়, এবং মাঝরাতের এই মুক্তাকণাকে জানলার কাছে ওই মূর্তিতে ওভাবে দপদপ করে চোখের তারা নাচিয়ে হাসতে দেখে অবনীশের মনের ভেতরটা যে শিহর সহ্য করে, সেটা একরকমের ভয়েরই শিহর।
মুক্তাকণার খিলখিল হাসির স্বর শুনে অবনীশের চোখের তীব্র সন্দেহ ধীরে ধীরে ফিকে হয়ে যায়। মুক্তাও বড় বুদ্ধিমতী। চট করে একটি মিনিটের মধ্যে কেমন সুন্দর আবার নতুন করে পরিপাটির সাজে সেজে সামনে এসে দাঁড়িয়েছে। মুক্তাকণার গা-ভরা গহনার ওপর আলোর আভা ঝলমল করে। মুক্তাকণার হাত ধরে সোফার ওপর বসে অবনীশ।
মুক্তা হাসে— তুমি হঠাৎ ঘুম থেকে উঠে আর ছুটে এসে আমার মুখের দিকে ওরকম রাগ করে তাকাও কেন বল তো ?
অবনীশ হাসে— তুমি কথা দাও, আর কক্ষনো ওভাবে মাঝরাতে একা একা খোলা জানলার কাছে দাঁড়িয়ে আর অন্ধকারের দিকে তাকিয়ে হাসবে না ?
আশ্চর্য হয় আর ফ্যালফ্যাল করে অবনীশের দিকে তাকায় মুক্তা— অন্ধকারের দিকে তাকিয়ে হাসি আমি ?…কি বলছ তুমি ? যত সব মিথ্যে কথা।
অবনীশ—খুব সত্যি কথা বলছি।
মুক্তা রাগ করে— তাহলে বল, আমি একটা পাগল, নয় আমার মাথার রোগ আছে।
আনমনার মত তাকিয়ে আক্ষেপ করে অবনীশ—কে জানে ?
তারপরেই হেসে ওঠে অবনীশ— তবু ভাল !
কোন উত্তর দেয় না মুক্তা। চোখের ওপর শুধু কুটিল একটা ভ্রূভঙ্গি ফুটে ওঠে, তার মধ্যে তীব্র একটা চতুরতার ছায়াও লুকোচুরি খেলতে থাকে। জানে মুক্তাকশা, এবং আজও আবার অবনীশের ওই আক্ষেপ আর অভিযোগের ভাষা শুনে বুঝতে পারে, কিসের সন্দেহে অবনীশের মাঝরাতের ঘুম-ভাঙা চোখ ওভাবে চমকে ওঠে। এক বছর ধরে এত টাকা, আদর, গহনা আর ভালবাসা দিয়ে কাছে ধরে রাখা নারীর মনটাকে কাছে পাওয়া গেল না, এই তো অবনীশের সন্দেহ। সাসারামের ডাকবাংলোতে সেই শীতের রাতে অবনীশ স্পষ্ট ভাষায় মুক্তার কাছে এই অভিযোগ করতে গিয়ে প্রায় ফুঁপিয়ে উঠেছিল। সত্যিই বড় ব্যথা পায় ছোট কুমার সাহেব। মুক্তাকণার ভালবাসায় ফাঁকি