
হাসন সখি
অন্নদাশঙ্কর রায়
ক্লাসের যারা ডাকসাইটে দস্যি ছেলে, পড়া বলতে পারে না, বেঞ্চির উপর দাঁড়ায়, তারা বসে পিছনের সারিতে। একদিন তাদের রাজা সূর্যমোহন এসে আমায় বললে, ‘আজ থেকে তুমি হলে আমাদের মন্ত্রী। আমাদের সঙ্গে বসবে, খাতা দেখতে দেবে, প্রম্পট করবে। কেমন, রাজি?’
আমি নবাগত, আমার ছেলেবেলার ইস্কুল থেকে নাম কাটিয়ে পুরী জেলা স্কুলে ভরতি হয়েছি। কাউকে চিনিনে বললে হয়তো ভুল বলা হবে, কারণ আমার এক দূর সম্পর্কের দাদা আমার সহপাঠী, তারই কাছে বসি ও তারই সঙ্গে বেড়াই। এমন যে আমি, সেই আমাকেই কিনা মন্ত্রী মনোনয়ন করলেন সেকেণ্ড ক্লাসের ছোটোলাট সূর্যমোহন ছোটরায়।
শুনেছিলুম তাদের অসাধ্য কাজ নেই। ফুটবল খেলার সময় ফাউল করে পা ভেঙে দেওয়া তাদের নিত্যকর্ম। সন্ধ্যার অন্ধকারে ল্যাং মারা ও গলির মধ্যে অদৃশ্য হওয়া তাদের অভ্যাস। আমার যদিও ফুটবল খেলার ব্যসন ছিল না, সমুদ্রতীর থেকে বাসায় ফিরতে প্রায়ই অন্ধকার হত। বাসা ছিল গলির ভিতরে, সুতরাং ভয়ের হেতু ছিল। আমি আর কথা কাটাকাটি না করে পিছনের সারিতে মুখ ঢাকলুম।
এই ঘটনা যে কেউ লক্ষ করবে অতটা আমি ভাবিনি। আমি অপরিচিত নগণ্য ব্যক্তি, কে-ই বা আমাকে চেনে? কিন্তু দিনকয়েক পরে আমাদের ইংরেজির মাস্টার কেশববাবু আমাকে অযাচিত অপমান করলেন আমি খারাপ ছেলেদের একজন বলে। তারপর কী মনে করে আমাকে কাছে ডেকে নিয়ে বললেন, ‘If you want to be a good boy follow my Nilu.’ কেশববাবুর ছেলে নীলাদ্রি পড়ত আমাদেরই ক্লাসে, বসত সামনের সারিতে। সত্যিকারের ভালোছেলে, ফার্স্ট-সেকেণ্ড হত। আমি তার সঙ্গে আলাপের চেষ্টা করিনি, সেও আমার সঙ্গে না। আমি লাজুক, সে অহংকারী। অন্তত লোকে তো তাই বলে। তার বাবা যখন এত মানুষের মাঝখানে আমাকে অপমান করে গেলেন তখন আমিও আমার মুখরক্ষার জন্যে তাঁর কথাগুলির অন্য অর্থ করলুম। আমার দুষ্টু ছেলের দলটিকে মন্ত্রণা দিলুম, ‘ওহে, মাস্টারমশাই কী করতে বললেন শুনলে তো! নীলুকে ফলো করতে হবে। তার মানে, নীলু যখন যেদিকে যাবে তোমরাও তখন সেইদিকে যাবে। কিন্তু খবরদার, নীলু যেন টের না পায়।’
সেদিন থেকে আমাদের মন্ত্র হল, নীলুকে ফলো করো। আমরা ওটার ওপর বাঁদরামি ফলিয়ে ওর উচ্চারণ করতুম, ফললো মাই নিললো!
তখন ঠাহর হয়নি এর পরিণাম কী হতে পারে। একদিন আমাদের দলের দীনকৃষ্ণ এসে আমার কানে কানে বললে, ‘জানিস ও কোথায় যায়?’
‘কোথায়?’
‘কাউকে বলিসনে। সমুদ্রের ধারে একটা ছোটো দোতলা বাড়ি আছে, চক্রতীর্থের দিকে। সেখানে রোজ বিকেল বেলা নীলু গিয়ে কাদের সঙ্গে আড্ডা দেয় শুনবি?’
‘কাদের সঙ্গে?’
‘মেয়েদের সঙ্গে!’
ডিটেকটিভ বই পড়েও আমি এমন রোমাঞ্চিত হইনি। সেদিন আমার ইচ্ছা করছিল দুনিয়ার লোককে ডেকে বলতে, আহা! নীলু কেমন ভালোছেলে দেখলেন তো আপনারা! ফললো মাই নিললো!
মেয়েদের উল্লেখ শুনে আমি আমার মুখখানাকে যথাসাধ্য সাধুসন্ন্যাসীদের মতো করে বললুম, ‘আমরা দুষ্টু ছেলে বটে, কিন্তু দুশ্চরিত্র নই। আমাদের আদর্শ স্বামী বিবেকানন্দ, আমরা কি কখনো মেয়েদের সঙ্গে মিশতে পারি!’
দীনু বললে, ‘মেশা দূরে থাক, ওদের কাছে যেতেই আমার বুক ধুকপুক করে। একটি মেয়ে যেই নীচে নামল আমি দিলুম ভোঁ দৌড়। নীলুর, যাই বল, সাহস আছে।’
আমি সেদিন আবিষ্কার করলুম যে আমরা দুজনেই সমান ভন্ড। যেমন আমি তেমনি দীনু। আসলে আমরা নীলুর অনুসরণ করতে পারলে বাঁচি। দুনিয়ার লোকের চোখে ধুলো দিয়ে আমরা দুই ভন্ড সন্ন্যাসী নীলুর পিছু নিলুম। বুক ধুকপুক করছিল বটে দুজনেরই, কিন্তু মেয়েদের জন্যে নয়, তাদের অভিভাবকদের ভয়ে। মুখে বোলচাল দিচ্ছিলুম, ‘নীলুটাকে ধরিয়ে দিতে হবে।’ কিন্তু অন্তরাত্মা জানেন যা মনে মনে বলছিলুম। ‘যদি ধরা পড়ি তখন?’ তখন অবশ্য ভোঁ দৌড়।
বাড়িটার নাম ‘ঊর্মিমুখর’। ছোটো দোতলা বাড়ি। ফিকে নীল রং। সমুদ্রের হাওয়ায় ছিল সমুদ্রের স্বনন। বাড়িটা সার্থকনামা।
আমরা ওর পাশে ঝিনুক কুড়োতে বালু খুঁড়তে আরম্ভ করে দিলুম গুটিকয়েক চেনা শিশুর সঙ্গে ভাব করে। নজর রাখলুম নীলুর ওপরে। নীলু যখন দোতলায় পৌঁছোল তখন হাসির হররা উঠল—তাকে দেখে না তার পোশাক দেখে না কী দেখে তা বোঝা গেল না। নীলুও সে-হাসিতে যোগ দিলে। আমাদের কানে আসতে লাগল হা-হা হো-হো হি-হি।
নীলুটা যে এমন বাঁদর তা কে জানত। মেয়েদের সঙ্গে সমানে চাল দেয়। কখনো হাসে, কখনো গায়, কখনো খুনসুটি করে। আমরা শুনতে পেলুম ওরা ওকে ভুতুম বলে ডাকছে। নামের কী ছিরি! ভুতুম! নীলুর কিন্তু তাতেই আনন্দ। সে প্যাঁচার মতো আওয়াজ করছে, ‘হুঁম….হুঁম…হুঁম…’
দীনু বললে, ‘খেতে খেতে আওয়াজ করছে বলে অমন শোনাচ্ছে।’
আমি বললুম, ‘বুঝেছি, খাবার লোভেই ছোঁড়া রোজ এদিকে আসে।’
নীলু যে একজন ভাগ্যবান পুরুষ এ বিষয়ে আমাদের দ্বিমত ছিল না। না-জানি কী ভালোমন্দ খায়, আমরা তো পাইনে। এতগুলো মেয়ে মিলে রেঁধেবেড়ে খাওয়ায়। হয়তো চপ, কাটলেট, ডিমের অমলেট। কী বলে ওকে? পুডিং। হয়তো চকোলেট, টফি, লজেন্স খেতে দেয়, আইস ক্রিম লেমোনেড সিরাপ।
আমরা স্থির করলুম নীলুর বাবাকে জানাতে হবে সে কুসংসর্গে মিশছে। আমাদের দলের টাইগারের ওপর সে-ভার পড়ল। ওর মতো ঠোঁটকাটা বেহায়া খুব কম দেখা যায়। মানুষের গায়ে পড়ে ঝগড়া বাঁধায়, বিশ্রী গালাগাল দেয়। ওর মুখে কিছু আটকায় না। লঘু গুরু জ্ঞান নেই।
টাইগার একদিন মাস্টারমশায়ের পা মাড়িয়ে দিয়ে ঘটা করে পায়ের ধুলো নিলে। তারপর বললে, ‘এবার থেকে নীলুরও পায়ের ধুলো নেব, স্যার। সে আমাদের চেয়ে অনেক উঁচুতে।’
‘কেন হে?’
‘সে গাছের ডালে বিচরণ করে, নাম তার ভুতুম। একটি নয়, দুটি নয়, অনেকগুলি প্যাঁচানি তার সহচারিণী।’
মাস্টার তো হতবাক। তারপরে টাইগারের কানটা নিজের মুখের কাছে টেনে নিয়ে বললেন, ‘ভালো করে খোঁজ নিলে জানবে যে নীলু চায় একটি রুগণ মেয়েকে একটুখানি আনন্দ দিতে। মেয়েটির যক্ষ্মা, বাঁচবে কি না সন্দেহ। সহচারিণী যাদের বলছ তাঁদেরও ওই কর্তব্য। সহচরও আছে। সব ভদ্র ঘরের ছেলে, ভদ্র ঘরের মেয়ে। তোমার মতো ইতর নয়।’
এরপরে আমি নীলুর সঙ্গে যেচে আলাপ করি। সে একটি যক্ষ্মা রোগীকে একটুখানি আনন্দ দিতে যায়, ভুতুম সাজে, লোক হাসায়। এতে আমি তার মহত্ত্বের পরিচয় পেলুম। তাকে খুলে বললুম সমস্ত, মাফ চাইলুম। নিজের দল ছেড়ে সামনের সারিতে বসতে লাগলুম তার পাশে। ইতিমধ্যে সেও পেয়েছিল আমার বিদ্যার পরিচয়। মাস্টারমশায় আমার খাতা দেখে তাকে না কি বলেছিলেন যে, ছোকরার স্টাইল আছে।
অবশেষে সেই অনিবার্য দিনটি এল যেদিন নীলু আমাকে তার অনুসরণ করতে বললে ‘ঊর্মিমুখর’-এর দোতলায়। সেখানে একটি ইজিচেয়ার পাতা, তাতে ঠেস দিয়ে বসে ছিল বা শুয়ে ছিল আমাদেরই বয়সের একটি বিষণ্ণ রুগণ মেয়ে। নীলু বললে, ‘এ আমার হাসন সখি।’ মেয়েটি একটু হাসল। ‘আর আমি এর ভুতুম!’
‘তোমার নাম কি বুদ্ধু?’ প্রথম আলাপেই প্রশ্ন করল মেয়েটি। আমি বলতে যাচ্ছিলুম আমার নাম, কিন্তু চোখ টিপল নীলু। তখন আমি উত্তর করলুম, ‘হ্যাঁ, ভাই, আমার নাম বুদ্ধু।’ সে যখন আমাকে তুমি বলেছে আমিও কেন তাকে তুমি বলব না? সুধালুম, ‘তুমি বুঝি, ‘‘ঠাকুরমার ঝুলি’’ পড়তে ভালোবাস?’
‘ভালোবাসি। সবচেয়ে ভালো লাগে কিরণমালার কাহিনি। আমি যেন কিরণমালা আর তোমরা যেন অরুণ বরুণ। তোমরা যেন মস্ত এক পুরী বানালে মর্মর পাথরের। আর আমি তাকে সাজালুম যত রাজ্যের মণিমাণিক্য দিয়ে। তবু কীসের যেন অভাব। তাই তোমাদের বললুম, যাও তোমরা, নিয়ে এসো সেই সোনার পাখি আর সেই মুক্তা ঝরার জল।’
মেয়েটির আসল নাম চাঁপা। এককালে ওর গায়ের রং চাঁপার মতো ছিল, এখন শুকিয়ে কালো হয়ে আসছে। মুখে একপ্রকার মাদকতা বা মদিরতা। নেশা লাগে ওর সঙ্গে কিছুক্ষণ থাকলে। দেখতে যে খুব সুন্দর তা নয়, কিন্তু তন্ময় হয়ে কথা যখন বলে তখন মনের সৌন্দর্য এসে তনুর সৌন্দর্য হয়।
সেদিন ওদের ওখান থেকে যখন ফিরলুম তখন চোখে আমার জল। নীলু লক্ষ করলে। বললে, ‘কাঁদছিস নাকি?’
‘কাঁদব না তো কি হাসব? আমি কি তোর মতো পাষাণ?’
‘আমি যে হাসি তা পাষাণ বলে নয়। হাসি ওকে হাসাতে।’
‘ওকে হাসাতে চাইলেও আমি হাসতে পারব না। এ কি হাসির কথা যে একটি সুন্দর ফুল দিন দিন শুকিয়ে যাচ্ছে! হায় ভগবান, কেন আমাদের এত অক্ষম করে সৃষ্টি করলে! কেন, কেন, ওগো একটিবার বলে দাও কেন আমরা পারব না ওকে মুক্তা ঝরার জল দিয়ে বাঁচাতে!’
নীলু শুধু বললে, ‘মানছি তোর স্টাইল আছে।’
এখন যেমন আমি একজন হাস্যরসিক তখন তেমন ছিলুম না। তখন ছিলুম উচ্ছ্বাসপরায়ণ ও অরসিক। সেই যে সেদিন ফিরলুম আর ওমুখো হলুম না। নীলু ডাকলে চোখের জল মুছি। বলি, ‘যেদিন পারব ওকে মুক্তা ঝরার জল এনে দিতে সেদিন যাব। তার আগে নয়।’
নীলু হাসিয়ে হাসিয়ে বলে, ‘বুঝেছি, প্রথম দর্শনেই প্রেম। দ্বিতীয় দর্শনের আবশ্যক হত বিয়ের আশা থাকলে।’
আমি তাকে তাড়া করে যাই। ভাবি, নীলুটা এমন নিরেট!
পুরীতে আরও কিছুকাল থাকলে হয়তো আবার যেতুম, কিন্তু যে কারণেই হোক আমাকে আবার নাম লেখাতে হল আমার ছেলেবেলার ইস্কুলে। পুরী থেকে বিদায় নিলুম অকালে।
প্রায় চার বছর পরে পাটনা কলেজের উত্তরে গঙ্গার ধারে বেড়াচ্ছি এমনসময় নীলুর সঙ্গে মুখোমুখি। শুনলুম সে পাটনা ইঞ্জিনিয়ারিং স্কুলে পড়ে, ওভারসিয়ার হয়ে বেরোবে। তার বাবা হঠাৎ মারা যান, তাই কলেজে পড়বার সাধ থাকলেও সাধ্য ছিল না।
নীলু বললে, ‘তোর চেহারার তো বিশেষ পরিবর্তন দেখছিনে। তোর স্বভাবটি কি তেমনি আছে—কথায় কথায় কান্না?’
‘তোর শরীরটি তো বেশ খোট্টার মতো হয়েছে। স্বভাবটি কি তেমনি আছে—কথায় কথায় হাসি?’
এর থেকে হাসন সখীর প্রসঙ্গ। নীলু বললে, ‘বেঁচে আছে। তার চেয়ে বড়োকথা, ভালো আছে। বিয়ের কথাবার্তা চলছে।’
‘বলিস কী! এত দূর!’ আমি আশ্চর্য হলুম। ‘আমি ভাবছি এ অসম্ভব সম্ভব হল কী করে? কে তাকে এনে দিলে মুক্তা ঝরার জল? তুই নীলু? না আর কেউ?’
নীলু আমাকে তার হোস্টেলে ধরে নিয়ে গেল। খেতে দিলে পাটনার অমৃতি আর পল্লি অঞ্চলের ঠেকুয়া। যাক, ছাতু আর লংকা খেতে দেয়নি এই ঢের। ও নাকি নিজে তাই খেয়ে খেয়ে চেহারা ফিরিয়েছে। পাশেই কোন এক মহাবীরজির আখড়ায় ডন বৈঠক ফেলে, সাঁতার কাটে গঙ্গায়।
সে কিছুতেই স্বীকার করলে না যে তার সখি সেরে উঠেছে তার আনন্দ রসায়নে। বললে, ‘দু-বছরের ওপর আমি পাটনায়, চাঁপা দেওঘরে। ছুটির সময় দেখা হয় অল্প কয়েক দিনের জন্যে। কাজেই আমার কৃতিত্ব কতটুকু! জানিনে আর কেউ আছে কি না ওখানে।’
পাটনায় নীলুর পড়া শেষ হয়ে গেল আমার আগে, যাবার আগে সে আমাকে খবর দিয়ে গেল যে, চাঁপার বিবাহ হয়েছে কলকাতার এক ডাক্তারের সঙ্গে। বললে, ‘ওঃ! কী ভাবনাই ছিল ওর জন্যে আমার। ডাক্তার শুনে ধড়ে প্রাণ এল। ও বাঁচবে বহুকাল। চিরকাল বাঁচবে ও, ডাক্তার ঠিক বাঁচাবে ওকে। তোকে বোধহয় বলিনি যে ডাক্তারটি প্রবীণ ও প্রসিদ্ধ। হ্যাঁ, দোজবর।’
আমি বললুম, ‘নীলু, মুক্তা ঝরার জল ডাক্তারখানায় মেলে না। মানুষকে যে বাঁচায় সে ডাক্তার নয়। আমি নিশ্চিন্ত হতুম, যদি তোর সঙ্গে ওর বিয়ে হত। হাসছিস যে! তোর না হয় অর্থ নেই, কিন্তু ভালোবাসা তো আছে। তুই কীসে অযোগ্য শুনি?’
‘শঙ্কর’, নীলু আমার দু-হাত ধরে আমার দু-চোখে চোখ রেখে বললে, ‘তুই বিদ্বান, তুই কবি। কিন্তু বিদগ্ধ নস। কখনো ভালোবেসেছিস কি না সন্দেহ। যদি কোনোদিন বাসিস তাহলে দেখবি দুরকম ভালোবাসা আছে। সখার সঙ্গে সখীর। প্রিয়ের সঙ্গে প্রিয়ার। চাঁপার সঙ্গে আমার ভালোবাসা দ্বিতীয় পর্যায়ের নয়, কোনোদিনই ছিল না, তুই ভুল বুঝেছিলি।’
‘বুঝেছি।’ আমি যেন কত বড়ো একটা আবিষ্কার করলুম। ‘তোরা ছিলি এক হিসেবে ভাইবোন। কেমন, ঠিক ধরেছি কি না?’
‘না, ঠিক নয়, বেঠিক। ভাইবোনের ভালোবাসা অন্য জিনিস। চাঁপাকে আমি বোন বলে ভাবতে পারিনে। ও আমার সখি, সই, সহেলি। এই যেমন তোর সঙ্গে আমার সখ্য তেমনি ওর সঙ্গ