
হাজারি খুঁড়ির টাকা
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
গ্রামের মধ্যে বাবা ছিলেন মাতব্বর।
আমাদের মস্ত বড়ো চণ্ডীমণ্ডপে সকালবেলা কত লোক আসত—কেউ মামলা মেটাতে, কেউ কারো নামে নালিশ করতে, কেউ শুধু তামাক খেতে খোশগল্প করতে। হিন্দু-মুসলমান দুই-ই। উৎপীড়িত লোকে আসত আশ্রয় খুঁজতে।
আমরা বসে বসে পড়ি হীরুঠাকুরের কাছে। হীরুঠাকুর আমাদের বাড়ি থাকে খায়। পাগল-মতো বামুন, বড্ড বকে—আর কেবল বলবে—ও নেড়া, একটু কুলচুর নিয়ে এসো তো বাড়ির মধ্যে থেকে। আমার মাসতুতো ভাই বিধু বলত— কুলচুর কোথায় পাব পণ্ডিতমশাই, ঠাকমা বকে। হীরুঠাকুর বলে—যখন কেউ থাকবে না ঘরে, তখন নিয়ে আসবি।
আমাদের গোমস্তা বদ্যিনাথ রায় কানে খাকের কলম গুজে চণ্ডীমণ্ডপের রোয়াকের পশ্চিম কোণে প্রজাপত্তর নিয়ে বসে বাকি-বকেয়া খাজনার হিসেব করত। সবাই বলত বদ্যিনাথ কাকা তোক ভালো নয়। প্রজাদের উপর অত্যাচার অনাচার করে, দাখিলা দিতে চায় না। বাবা এ নিয়ে বদ্যিনাথ কাকাকে বকুনিও দিতেন মাঝে মাঝে। তবু ওর স্বভাব যায় না। বাবা কখনো প্রজাদের কিছু বলেন না। তাঁর কাছে আসতেও প্রজারা ভয় পায়। যখন আসে তখন কিছু মাপ করার জন্যে বা বদ্যিনাথ কাকার বিরুদ্ধে নালিশ করার জন্যে।
তামাকের অঢেল বন্দোবস্ত আমাদের চণ্ডীমণ্ডপে। কেনা তামাকে কুলোয় না, সুতরাং হিংলি কিংবা মোতিহারি গাছ তামাক হাট থেকে কিনে আনা হয়। আমাদের কৃষাণ দুলাল মুচি সেগুলো বাঁশের উপর রেখে দা দিয়ে কাটে, তারপর সেই রাশীকৃত গুঁড়ো তামাক কোতরা গুড় দিয়ে মেখে কেটে কলসি ভর্তি করে রাখা হয়। যে আসচে সেই কলসির মধ্যে হাত পুরে এক থাবা তামাক বার করে নিচ্চে, কলকে আছে, ভেরেণ্ডা কিংবা বাবলা কাঠের কয়লা আছে একরাশ, সোলা আছে বোঝা বোঝা, চকমকি পাথর আর ঠুকুনি আছে—খাও কে কত তামাক খাবে। গ্রামের কতকগুলি লোক শুধু তামাকের খরচ বাঁচাবার জন্যেই আমাদের চণ্ডীমণ্ডপে সকাল-বিকেল আসে—এ কথা আমার মাসতুতো ভাই বিধু বলে।
দুপুরের বেশি দেরি নেই। হীরুঠাকুরকে আমি বললাম—পণ্ডিতমশায়, নাইতে যাবেন না?
-কেন?
—এর পর জোয়ার এলে আপনি নাইতে পারেন না তাই বলচি! নিরীহ সুরে বললাম কথাটা।
—কখন জোয়ার আসে?
—এইবার আসবে।
–তুমি কী করে জানলে?
—আমি—আমি জানি। বিধু বলছিল।
—না, বসে নামতা পড়ো। কড়ি-কষার আর্যা মুখস্থ হয়েছে বিধুর? নিয়ে এসো–বলো শুনি।
বিধু না-বলতে পেরে হীরুঠাকুরের বেঁটে হাতের চটাপট চড় খায়। আমি হঠাৎ ধারাপাতের ওপরে ভয়ানক ঝুঁকে পড়ি। এমন সময়ে আমাদের হাজারি খুঁড়ি এসে বদ্যিনাথ কাকার সামনে দাঁড়াল।
হাজারি খুঁড়ি গোপাল ঘোষের পরিবার, ওর ছেলের নাম বলাই, আমার বয়সি, আমাদের সঙ্গে খেলা করে। গোপাল ঘোষ মারা গিয়েছে আজ বছরখানেক, ওদের সংসারে বড়ো কষ্ট। হাজারির এক-পা খোঁড়া বলে গ্রামের সকলে তাকে হাজারি খুঁড়ি বলে ডাকে। সে এর-ওর বাড়ি ঝি-গিরি করে কোনোরকমে দিনপাত করে।
বদ্যিনাথ কাকা বললে—কী?
হাজারি বললে—টাকা।
—কী?
—ট্যাকা এনেলাম।
–কীসের টাকা
—এই টাকা।
হাজারি লজ্জায় জড়োসড়ো হয়ে গেল। বদ্যিনাথ কাকা বাবার দিকে চেয়ে বললেন—ও অম্বিক!
বাবা ছিলেন চণ্ডীমণ্ডপের ওদিকে বসে। কেননা এদিকে ছেলেদের নামতা পড়ার গণ্ডগোল ও বিভিন্ন প্রজাপত্তরের কচকচি তাঁর বরদাস্ত হত না। তিনি ওদিকে বসে নিবিষ্টমনে তামাক খেতে খেতে কী সব খাতার পাতা ওলটাতেন। বদ্যিনাথ কাকা তাকে ডাক দিতে তিনি খাতার পাতা থেকে মুখ তুলে বললেন— কী?
—গোপাল গয়লার পরিবার কী বলচে শোনো। আমি তো কিছু বুঝলাম না। টাকার কথা কী বলচে।—যাও, বাবুর কাছে যাও।
আমরা নতুন কিছু ঘটনার সন্ধান পেয়ে ধারাপাত থেকে মুখ তুলে কান খাড়া করে দু-চোখ ঠিকরে সোজা হয়ে বসলাম।
বাবা বললেন—কী হাজারি, কীসের টাকা বলছিলে?
—ট্যাকা এনেলাম।
—কীসের টাকা? তোমরা তো খাজনা করো না। গোপাল গয়লার ভিটের খাজনা মাপ ছিল।
—এজ্ঞে, সে ট্যাকা নয়—
কথা শেষ করেই হাজারি খুঁড়ি একখানা কালোকিষ্টি ময়লা নেকড়ার পুটুলি খুলে বাবার পায়ের কাছে ঢাললে—একরাশ রুপোর টাকা।
বাবা অবাক, বদ্যিনাথ কাকা অবাক, হীরু পণ্ডিত অবাক, আমাদের তো কথাই নেই। গরিব হাজারি খুঁড়ি একটি রাশ নগদ টাকা ঢালচে তার ছেড়া নেকড়ার পুঁটুলি খুলে।
বাবা বললেন—এ কীসের টাকা? এত টাকা কেন এনেচ? তুমি পেলে কোথায়?
হাজারি মুখে ঘোমটা টেনে অন্যদিকে মুখ ফিরিয়ে দাঁড়িয়েছিল। বললে—উনি দিয়ে গিয়েছেন। আপনার ছেলে। আপনার কাছে রাখুন।
এতক্ষণে আমরা সবাই ব্যাপারটা বুঝলাম। হাজারি টাকাটা গচ্ছিত রাখতে এনেচে বাবার কাছে।
বাবা বললেন—টাকাটা আমার কাছে রাখবে?
—হ্যাঁ বাবা।
—কত টাকা আছে?
সে বললে—চারশো। আপনি গুনে দেখেন।
বদ্যিনাথ কাকা টাকা গুনে দেখলে ঠিক চারশো টাকাই আছে। বাবা বললেন— চারশো টাকা পুরোপুরি রাখতে নেই। এক টাকা কম কী এক টাকা বেশি রাখতে হয়। এক টাকা তুমি নিয়ে যাও। কোথায় এতদিন টাকা রেখেছিলে?
—ঘটির ভিতর বাবা।
—একটা কথা শোনো গয়লা-বউ। তুমি গরিব মানুষ, টাকাটা দুই-এক টাকা করে নিও না। এতে টাকা খরচ হয়ে যাবে, অথচ তোমার কোনো বড়ো কাজে আসবে না।
—বাবা, আপনি যা বলেন তাই করব।
হাজারি চলে গেল।
বদ্যিনাথ বাবাকে বললে, দেখলে অম্বিক, ধুকড়ির ভেতর খাসা মাল! কে জানত যে ওর ঘরে ঘটির মধ্যে তিনশো-চারশো টাকা আছে? ঝি-বৃত্তি করে সংসার চালায় এদিকে, আজকাল মানুষ চেনা দায়।
—যাও, কাজ করো গে। সে-কথায় তোমার দরকার কী?
এই ঘটনার পর মাস পাঁচ-ছয় কেটে গেল। আবার আমরা বসে হীরুঠাকুরের কাছে ধারাপাত মুখস্থ করচি।
এমন সময়ে হাজারির ছেলে বলাই এসে কাঁদো-কাঁদো সুরে বদ্যিনাথ কাকাকে বললে—মা মারা গিয়েচে নায়েব মশাই।
বদ্যিনাথ কাকা চমকে উঠে হাতের কলম ফেলে বললে—তোর মা? কোথায় —কই—তা তো জানিনে—এখানে মারা গিয়েছে?
—না। মোর ভগ্নীপতির বাড়ি, কালাপুরে।
—কবে গিয়েছিল?
—তা আজ দু-মাস। মুইও তো সেখানে ছেলাম। একটু পরে বাবা এলেন বাড়ির ভিতর থেকে। বলাই গিয়ে প্রণাম করে দাঁড়াল বাবার সামনে। বদ্যিনাথ কাকা বললে—শুনলে অম্বিক, হাজরি মারা গিয়েছে।
—সে কী?
—হ্যাঁ, ও তাই বলছে।
–বলিস কীরে বলাই, শ্রাদ্ধ হয়ে গিয়েছে?
-তা হয়েল।
—তা তুই কী মনে করে এলি এখন?
—সে বলবানি। এখন মেলা নোকের ভিড়। নিরিবিলি বলবানি।
বাবা স্বভাবতই ভাবলেন যে বলাই টাকার জন্য এসেছে। কিন্তু তার বদলে সে যা বললে তাতে বাবা একটু অবাক হয়েই গেলেন।
কথাটা যখন বললে তখন বদ্যিনাথ কাকাও সেখানে ছিল।
বাবা বললেন—কী কথা বলবি বলাই?
—মোদের ঘরের চাবিটা নায়েবমশায়কে খুলে দিতে বলুন। ঘরে একটা ভাঁড়ে তিনশো টাকা আছে, মা মরণকালে মোরে বলেচে।
—ভাঁড়ে?
—হ্যাঁ, একটা ভাঁড়ের মধ্যে।
—আর কোনো টাকার কথা বলেচে তোর মা?
–না।
—আর কারো কাছে কোনো টাকা আছে বলেনি?
—না। বলেছে ভাঁড়ে টাকা আছে।
—বেশ, তুই চাবি নিয়ে ঘর খুলে দেখগে।-বদ্যিনাথ, ওর ঘরের চাবিটা দিয়ে দাও।
দুপুরের পর বলাই চাবি হাতে আবার আমাদের বাড়ি এসে বললে—ট্যাকা পেলাম না।
বাবা বললেন—টাকা পেলিনে? কোথায় গেলো অতগুলো টাকা?
—হঁদুরে-বাঁদরে নিয়ে কোথায় ফেলেচে বাবা। তখন বললাম অঘোর ঘোষের বাড়ির দিকি বাঁশঝাড়টা কাটিয়ে দেন। ওই বাঁশঝাড় থেকে ইঁদুর-বাঁদর আসে।
—বটে।
—তা মুই যাই?
—কোথায় যাবি?
—মুই কালোপুরে চলে যাই। ভগ্নীপতির বাড়ি গিয়েই থাকব। এখানে একা ঘর থেকে কেডা রাঁধবে, কেডা বাড়বে। মা মরে গেল। দুটো রাঁধা ভাতের জন্যি কার দোরে যাব?
-বুঝলাম। তোকে কোনো নগদ টাকা দিয়েছিল তোর মা?
—এককুড়ি টাকা দিয়ে গেছে। মোর কাছে আছে সে টাকা। মুই তেলেভাজা খাবার কিনে খাই হাটে হাটে। একমুটো ট্যাকা।
–আচ্ছা তুই একবার মাসখানেক পরে আসবি। দেখি তোর মায়ের টাকার যদি কোবো সন্ধান করতে পারি। বুঝলি?
—সে আর আপনি কোথায় সন্ধান করবা? সে ইদুরে-বাঁদরে নিয়ে গিয়েছে। বাদ দেন।
—তাহলেও আসিস, বুঝলি?
বলাই চলে গেলে বদ্যিনাথ কাকা বললে—আরে অম্বিক, তোমাকে একটা কথা বলি। ও টাকাটা তুমি ওকে আর দিও না। দেখচ ওর বুদ্ধিশুদ্ধি? অতগুলো টাকা নাকি ইঁদুরে নিয়ে গিয়েছে! ওকে আজ টাকা দেবে, কাল ওর ভগ্নীপতি ওর হাত থেকে ভুলিয়ে টাকাগুলো নেবে। মাঝে পড়েন দেবায়, ন ধর্মায়। ছেলেমানুষের হাতে অতগুলো টাকা দিতে আছে? বিশেষ করে ওর মা মরণকালে যখন বলে যায়নি, তখন তোমার টাকার কথা কবুল করবারই বা দরকার কী? কেউ যদি এর পরে বলে, তখন বললেই হবে ওর মা জামাইবাড়ি যাবার সময় গচ্ছিত টাকা আমার কাছ থেকে তুলে নিয়ে গিয়েছিল। খাতায় তুলিনি ও টাকা। মুখে মুখে টাকা রাখা—কে সাক্ষী আছে টাকার?
বাবা বললেন—বদ্যিনাথ, সাক্ষী নেই বলচ? তখন চণ্ডীমণ্ডপে কত লোক ছিল জানো তো?
–তারা জানে না কীসের টাকা। তুমি মহাজনী করো, তোমার দেনার টাকা তো হতে পারে।
—খাতায় দেনার কথা প্রমাণ করতে পারবে?
—তা হাতচিঠি একখানা তৈরি করে ফেলি আজই। দু-বছর আগের তারিখ দিই।
—পাগল। টিপসই কে দেবে?
—মরা লোকের টিপসই বুঝে নিচ্ছে কে? কোর্টে তার টিপসই রুজু করাচ্ছে কে? আমার টিপসই যে হাজারির নয় তাই বা প্রমাণ হচ্ছে কীসে থেকে?
বদ্যিনাথ কাকা ধড়িবাজ ঘুঘু লোক। ওর পেটে বহু অন্যায় ফন্দি সর্বদাই বিরাজ করছে, নদীর জলে তেচোকো মাছের ঝাঁকের মতো। বাবা হেসে বললেন—তা হয় না বদ্যিনাথ, এ কোর্টে না-হয় গরিব বেচারা হারল, কিন্তু উঁচু কোর্টে যে আমি হেরে যাব।
—উঁচু কোর্ট করছে কে?
—সে-কোর্ট নয়—
বাবা আকাশের দিকে আঙুল তুলে দেখালেন।
বদ্যিনাথ কাকা আর কোনো কথা বললে না।
মাস দুই পরে বলাই এসে হাজির হল একদিন। বাবা বললেন, ভালো আছিস বলাই?
—আপনার ছিচরণ আশীর্বাদে–
—তোর টাকার সন্ধান পেয়েছি।
–পেয়েছেন?
—পেয়েছি। একটা কাজ করতে হবে তাকে। তোদের সেখানে তোদের স্বজাতির মধ্যে কোনো মাতব্বর কেউ আছে?
—আছে। তেনার নাম সতীশ ঘোষ।
—আচ্ছা, সেই সতীশ ঘোষকে সঙ্গে নিয়ে আমার এখানে তুই সামনের বুধবারে আসবি। টাকার সম্বন্ধে তার সঙ্গে পরামর্শ করব।
সেই বুধবারে বলাই আবার এল, সঙ্গে একজন আধবুড়ো লোক। গলায় ময়লা চাদর, পায়ে চটিজুতো, হাঁটু পর্যন্ত ধুলোপায়ে। সামনের দাঁত দুটো একটু উঁচু ওর। বাবা তখন পাড়ায় কোথায় বেরিয়েচেন। আমি আর আমার মাসতুতো ভাই বিধু গাছের কচি ডাব পাড়াচ্চি।
বলাই বললে—এই সতীশ ঘোষকে এনেছি। তোমার বাবা কনে? সতীশ ঘোষ বললে, প্রাত:পেনাম। আমাকে আপনার বাবা ডেকেচেন কেন জানেন কিছু? আমি তো তাঁকে চিনিনে। কখনো দেখিনি। ব্রাহ্মণ দেবতা, ডেকেছেন তাই এলাম।
—আমি তো কিছু জানিনে। বাবা আসুন। আপনি তামাক খাবেন?
—হাঁ বাবা, খাই। তামাক টিকে কোথায়, আমি সেজে নিচ্ছি।