Home
হতভাগ্য শিকার

হতভাগ্য শিকার

সমরেশ বসু

হতভাগ্য শিকার

সমরেশ বসু
short story

Posted byশেষ পৃষ্ঠা01-Mar-2025

Change color

স্বামী স্ত্রী মুখোমুখি বসে আছে। ছোট ডাইনিং টেবিলের ওপরে, প্লেটে পড়ে আছে ভুক্তাবশিষ্ট মাখন টোস্টের শক্ত ধারওয়ালা টুকরোগুলো। চায়ের কাপ শূন্য।

সময় বিকাল সাড়ে পাঁচটা। প্রাইভেট কোম্পানির কোয়ার্টারের কম্পাউন্ডে, খোলা জায়গায়। দশ বারো বছরের একদল ছেলে ফুটবল খেলছে। বেশ বড় কম্পাউন্ড। বল পেটানোর দুমদাম শব্দের সঙ্গে, ওদের চিৎকার চেঁচামেচি ভেসে আসছে। কম্পাউন্ডের এক দিকে ছোটদের জন্য আছে দোলনা। শ্লোপিংবার। এমনকী ব্যাডমিন্টনের কোর্ট। এই গ্রীষ্মকালে যদিও কেউ ব্যাডমিন্টন খেলছে না। সেখানে প্যারাম্বুলেটারে শিশু নিয়ে পাক দিচ্ছে দুই-তিনজন আয়া। যদিও এদের আয়া ঠিক বলা যায় না। ঝি পর্যায়ে পড়ে। মাঝারি পোস্টের কর্মচারীরা বা তাদের স্ত্রীরা ঝিকে মেড-সারভেন্ট বলে। সময় বিশেষে আয়া।

কম্পাউন্ড ঘিরে দোতলা। ছোট ছোট দুই বেডরুমের ফ্ল্যাট অনেকগুলো। ছশো থেকে হাজার টাকা বেতন পায়, এ রকম কর্মচারীদের কোয়ার্টারস। উলটো দিকে তিন বেডরুমের বড় দোতলা কোয়ার্টারস। দু-তিন হাজারি বেতনধারী কর্মচারীদের কোম্পানির দেওয়া আস্তানা। এরা অফিসার। র‍্যাঙ্কে পড়ে। নিজেদের সাহেব মনে করে। ঝি-চাকরদের প্রতিও নির্দেশ, সাহেব বলে ডাকতে হবে। সাহেব গিন্নিকে, অতএব, মেমসাহেব।


দ্বিতীয় শ্রেণীর কর্মচারীদের কম্পাউন্ড কোয়ার্টারের দিকে, প্রথম শ্রেণীর কর্মচারীদের কোয়ার্টারের পিছন দিক। তাদের আরও বড় কম্পাউন্ড এ দিক থেকে দেখা যায় না। সেখানেও বড় কম্পাউন্ডে খেলার জায়গা আছে। অতিরিক্ত আছে একটি টেনিস লন, আর এক দিকে সারি সারি মোটর গ্যারেজ। কৌলীন্যের দিক থেকে এই ব্লককে প্রথম শ্রেণীর বলতে হবে। কিন্তু সর্বোচ্চ না।

সর্বোচ্চরা কখনও ওই রকম ব্লক বেসিসে ফ্ল্যাটে থাকে না। তাদের জন্য বাংলো। পরস্পর থেকে বিচ্ছিন্ন, বাগান সংলগ্ন বাংলো। এর আবার এক রকম গরিবিয়ানা নামও আছে, যাকে বলে কটেজ। এরা কুটিরবাসী। কুঠি না। সেটা ছিল সেকালের আভিজাত্য। নীলকুঠি কিংবা চটকলের কুঠি। বর্তমানের আভিজাত্য কটেজ। এর সংখ্যা কম। সামনে বাগান। পিছনে টেনিস লন, ব্যাডমিন্টন কোর্ট। ঝি চাকর আয়াদের জন্য আলাদা ঘর। মোটর গ্যারেজ অবশ্যিই আছে। এরা ম্যানেজারিয়াল র‍্যাঙ্কে থেকে একজিকিউটিভ পদের লোক।

তৃতীয় শ্রেণীর কর্মচারীদেরও আলাদা কোয়ার্টারস আছে। চারতলা বড় ফ্ল্যাট বাড়ি। একটি বেডরুম, একটি বসার ছোট ঘর। খাবার ঘর আলাদা নেই। রান্নাঘর আছে। আর কেমন করে যেন এই সব ছোট ছোট খোপগুলোতেই জনসংখ্যার চাপও বেশি। এদেরও কম্পাউন্ড আছে। আয়তনে ছোট। বাচ্চাদের খেলবার জন্য সেখানেও দোলনা আছে, শ্লোপিংবার আছে।


বিহারের একটি শহরে, একটি বড় কারখানাকে ঘিরে, এই সব স্টাফ কোয়ার্টার, বড় রাস্তা, অফিস বিল্ডিং, মার্কেট প্লেস, সব মিলিয়ে একটি শহর। আর এই শহর, কোম্পানির স্টাফদের মধ্যে। আছে সর্ব ভারতীয় নানা ধর্মের লোক। যাকে বলে পুরোপুরি কমোপলিটন।

দ্বিতীয় শ্রেণীর কোয়ার্টারসের এক তলার ডাইনিং টেবিলে স্বামী-স্ত্রী মুখোমুখি বসে আছে। ভুক্তাবশিষ্ট টোস্টের টুকরো আর শূন্য চায়ের কাপ দেখলেই বোঝা যায়, স্বামী চাকরি থেকে ফিরে বিকালের টিফিন খেয়েছে। তার হাতে জ্বলন্ত সিগারেট। মুখ কেবল চিন্তামগ্ন না, রীতিমতো থমথমে। তাকিয়ে আছে বাইরের জানালার দিকে। জানালার ওপরে পরদা, বাতাসে উড়ছে। কিন্তু সে যে বাইরের কিছুই দেখছে না, তার অন্যমনস্ক চোখ দেখেই বোঝা যাচ্ছে। পাজামার ওপরে গেঞ্জি গায়ে, অনধিক লম্বা দোহারা গড়নের স্বাস্থ্যবান পুরুষ। বয়স পঁয়তাল্লিশ-ছেচল্লিশ হবে। মাথার চুল পাতলা, কপালে ও কানের কাছে কিছু রুপোলি রং ধরেছে। গায়ের রং ফরসা। নাক চোখা, একটু মোটা! বড় চোখ, চওড়া চোয়াল। গোঁফ দাড়ি কামানো।


স্ত্রীর বয়স অনধিক চল্লিশ। দেখায় আরও কম। ফরসা রং, টিকোলো না বলে, ঈষৎ বোঁচাই বলা যায়। কিন্তু চোখ দুটি টানা ও কালো। মেদবর্জিত দীর্ঘ শরীরে স্বাস্থ্যের দীপ্তি ও লাবণ্য নষ্ট হয়নি। স্লিভলেস জামা, সিনথেটিক ছাপা শাড়ি গায়ে। চোখে বোধ হয় কাজলের সামান্য রেখা টানা। ঠোঁট স্বাভাবিক রঙেই কিঞ্চিৎ লাল। কপালে লাল টিপ, সিঁথেয় সিঁদুর। চিন্তিত বিমর্ষ মুখ। তাকিয়ে আছে, মুখ নিচু করে স্বামীর মুখের দিকে।

স্বামী সিগারেটে একটা টান দিয়ে গম্ভীর গলায় জিজ্ঞেস করল, কিছু বলেছ নাকি?

না। স্ত্রী মুখ তুলল, বলেছি মানে, জিজ্ঞেস করেছি। যেমন লুকিয়ে ওর পকেট ঘাঁটি, সেই ভাবেই ঘাঁটতে গিয়ে দেখি, একটি দশ টাকার নোট। জিজ্ঞেস করলাম, তোর পকেটে এ টাকা এল কোথা থেকে? জবাব সেই একই, ও আমার টাকা নয়, এক বন্ধুর টাকা। আমার কাছে রেখেছে, আবার দিয়ে দেব।’

বিকাশ সেন। অর্থাৎ স্বামী, স্ত্রী মালবিকার চোখের দিকে তীক্ষ্ণ চোখে তাকাল। সেই কুটি-তীক্ষ্ণ চোখের দৃষ্টি দেখলে মনে হয়, সে মালবিকাকেই অপরাধী ভাবছে। জিজ্ঞেস করল, তারপর?

তারপর আর কী।’ মালবিকা একটা নিশ্বাস ফেলল, তোমার কথা মতো আমি জেরা করেছি। বলেছি, এর মানে কী? কিছুদিন ধরেই দেখছি তোর পকেটে প্রায়ই দশ-বিশ পঁচিশ টাকাও থাকছে। কখনও দামি চকোলেট। জিজ্ঞেস করলেই বলিস, অমুক বন্ধুর টাকা। তোর কাছে রেখে দিয়েছে। কেন? তোর বন্ধুরা কি বাড়ি থেকে টাকা চুরি করে তোর কাছে গচ্ছিত রাখে? ও কেমন হেসে চলে, সেই রকমই জবাব, তুমি কি ভাব আমার বন্ধুরা চোর? রণবীর চোপরা বড়লোকের ছেলে। বিনয় কেলকার, অজিত শ্রীবাস্তব, সুরজিৎ সিং এরা তো সবাই বড়লোক। কিন্তু আমি বুঝতে পারি, ওর হাসিটার মধ্যে স্বস্তি নেই। মিথ্যে কথা বানিয়ে বলছে। আমি জিজ্ঞেস করি আর এই সব ভাল ভাল চকোলেট? এ সবও কি তোর সেই বন্ধুরাই দেয়? জবাব দিতে গিয়ে ও কেমন বিব্রত হয়ে পড়ে। তোক গিলে হেসে জবাব দেয়, হ্যাঁ তা ছাড়া আর কে দেবে? বুডটো, বিরিজলাল, সৌগত, ওরা কি দেবে? ওদের অবস্থা তো আমাদের মতোই।


বিকাশের মুখ আরও চিন্তিত, গাম্ভীর্যে থমথমে হয়ে ওঠে, অথচ আশ্চর্য এই, ও যে সব বড়লোকের ঘরের বন্ধুদের কথা বলে, তারা কোনও দিন আমাদের বাড়ি আসে না। আমাদের সঙ্গে পরিচয়ও নেই। তারাই ওর কাছে টাকা রাখে। ওরাই ওকে দামি চকোলেট খাওয়ায়।

সে কথাও আমি বলেছি। মালবিকা বলল, তোর যে সব বন্ধুরা তোর কাছে টাকা রাখে, তোকে চকোলেট খাওয়ায়, তাদের বাড়িতে ডেকে আনিস না কেন? আমাদের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দিতে পারিস না? আমি বেশ বুঝতে পারি ও মিথ্যে করে বলে, ওদের তো আমাদের বাড়িতে আসতে বলি। ওরা আসতে চায় না। না আসতে চাইলে আমি কী করব?

বিকাশ ঝাঁজের সঙ্গে বলল, বলবে, তা হলে তুমি ওদের সঙ্গে মিশতে পারবে না। আমি পছন্দ করছি না, তুমি ওদের সঙ্গে মেশো।

তুমি কি ভেবেছ, আমি সে কথা বলিনি?’মালবিকার চোখে মুখে একটা বিরক্তি ফুটে ওঠে, আমি পরিষ্কার বলেছি, যে বন্ধুরা তোমার বাড়িতে আসতে চায় না, তোমার বাবা মার সঙ্গে পরিচিত হতে চায় না, এমন বন্ধুদের সঙ্গে তা হলে তোমার মেশা উচিত নয়।

হুঁ, তার জবাবে শ্রীমান কী বলে?

শ্রীমানের জবাব সেই একই৷’মালবিকা বলল, বলে একসঙ্গে এক স্কুলে, এক ক্লাসে পড়ি। মিশতে চাইলে আমি কী করব? আমি তো ইচ্ছে করে ওদের সঙ্গে মিশতে যাই না। মালবিকা এক মুহূর্তের জন্য থামল, এবং আবার নিজের মন্তব্য করল, কিন্তু এটা আমি পরিষ্কার বুঝতে পারি। ও সত্যি কথা বলছে না। ও মুখে হাসি বজায় রাখবার চেষ্টা করে কিন্তু সেই হাসিতে অস্বস্তি। আমার চোখে চোখ রেখে কথা বলতে পারে না। প্রত্যেকটা কথার জবাব দিতে গেলেই, এক বার করে ঢোক গেলে।

বিকাশ চুপচাপ চিন্তিত মুখে কয়েক বার সিগারেট টানল। মালবিকার ভিতরের অস্বস্তি আর উত্তেজনা টের পাওয়া যাচ্ছে, তার বারেবারে হাতের মুঠি পাকানো আর খোলা দেখে। বিকাশ টেবিলের ওপর রাখা ছাইদানিতে সিগারেটের ছাই ঝেড়ে দিয়ে বলল, আচ্ছা মালা একটা বিষয়ে তুমি তো নিশ্চিত, ঝুনু তোমার সংসারের তবিল থেকে বা আমার পকেট থেকে টাকা সরাচ্ছে না?

তোমার এই কথাটার জবাব আমি অনেক বার দিয়েছি। মালবিকার মুখ একটু গোমড়া হল, তোমার দেওয়া সংসার খরচের তবিলে, আমার পাই পয়সার খরচ পর্যন্ত টোকা থাকে। সেখান থেকে দশ-বিশ তো দূরের কথা, দুটো টাকা এদিক ওদিক হলে আমি টের পেতাম। আর তোমার পকেট হাতড়ানো? সে তো তুমিই ভাল জানেনা। তোমার কি মনে হয়েছে, তোমার মানিব্যাগের টাকার কোনও গোলমাল দেখা দিয়েছে?

বিকাশ চিন্তিত মুখে মাথা নাড়ল, না। আমার মানিব্যাগে কত টাকা আর থাকে? আমার হাত-খরচের মধ্যে তো সিগারেট কেনা। অফিসে যাই সাইকেল চেপে। স্কুটার ট্যাক্সি কোনও খরচই আমার নেই। প্রভিডেন্ট ফান্ড কেটে যা মাইনে পাই, সবই আমাদের টায়টিকে গোনা-গাথা টাকা। তুমি ঠিকই বলেছ, ঘর থেকে ও টাকা সরাচ্ছে না। তা হলে?

বিকাশ উৎকণ্ঠিত চোখে মালবিকার দিকে তাকাল। উৎকণ্ঠা মালবিকার চোখেও। তদুপরি ওর চোখে জল এসে পড়ল। কান্নারুদ্ধ স্বরে বলল, আমি ভাবতেই পারিনে, ঝুনু আমাদের ছেলে, পরের বাড়ি থেকে টাকা চুরি করছে। আমার একমাত্র ছেলে, লেখাপড়ায় ভাল, প্রত্যেক বছর ভাল ভাবে পাশ করে, একজন প্রাইভেট টিউটর পর্যন্ত ওর জন্যে রাখতে হয়নি। তুমি যেটুকু দেখিয়ে দাও, তাতেই ওর যথেষ্ট। টিচার আর আন্টিদের সঙ্গে কথা বলে দেখেছি, সবাই ঝুনুর প্রশংসায়

**********
No Review
Related Books
Loading books…