
স্বপ্নের নেশা
সুনীল গঙ্গোপাধ্যায়
একটা সরু গলির শেষ প্রান্তে সেই বাড়িটি। ট্যাক্সিওয়ালা বড় রাস্তায় আমাকে নামিয়ে দিয়ে আঙুল তুলে দেখিয়ে দিল। এ দেশের ট্যাক্সিওয়ালারা একেবারে ঠিকানা মিলিয়ে বাড়ির দোর গোড়ায় নামিয়ে দেয়, কিন্তু এই সরু গলিতে গাড়ি ঢুকবে না, ভারী সুটকেসটা আমাকে বয়ে নিয়ে যেতে হবে।
দুপুরবেলা, কোনও জন-মনুষ্য নেই, থাকার কথাও নয়। গলিটার দুপাশে উঁচু দেয়াল, একেবারে নিরেট, মনে হয় কোনও কলকারখানা আছেদু-ধারে। বাড়িটার দরজার সামনে এসে ঠিকানাটা ভালো করে দেখে নিয়ে আমি বেলের বোতামে হাত দিলাম।
একটু পরে দরজা খুলল একজন লোক, বয়েস হবে চল্লিশের কাছাকাছি, মুখে না-কামানো দাড়ি, ময়লা জিনসের প্যান্ট আর একটা গেঞ্জি পরা, হাতে একটা হাতুড়ি। কিছু না বলে সে তাকিয়ে। রইল আমার দিকে।
সুটকেসটা নামিয়ে রেখে বললাম, আমি ইণ্ডিয়া থেকে এসেছি, এটা নিশ্চয়ই একটা গেস্ট হাউস? এখানে আমার একটা ঘর বুক করা আছে আজ থেকে।
লোকটি তবু নিঃশব্দে তাকিয়ে রইল বলে আমি পকেট থেকে চিঠিটা বার করে দেখালাম।
সে চিঠিটা আমার হাত থেকে নিয়ে ভেতরে চলে গেল। দরজা খোলা রেখে। দুমদাম করে সিঁড়ি দিয়ে ওঠার পায়ের শব্দ পেলাম।
এক মিনিট বাদেই সে ফিরে এল হাসি মুখে। হাতুড়িটা রেখে এসেছে, প্যান্টে হাত মুছে সে তুলে নিল আমার সুটকেসটা। মাথা নেড়ে ইঙ্গিত করল ভেতরে আসবার জন্য।
এসব দেশে নিজের মালপত্র নিজেকেই বইতে হয়। আর এটা তো হোটেল নয় যে-কোনও বেল বয় থাকবে! আমি লোকটিকে বললাম, না, না, সুটকেসটা আমিই নিচ্ছি! লোকটি সে-কথা শুনল না, দ্রুত এগিয়ে গেল।
এ পর্যন্ত লোকটি একটিও শব্দ উচ্চারণ করেনি। বোবা? সাহেব-বোবা আমি কখনও দেখিনি আগে।
সরু কাঠের সিঁড়ি, কার্পেট নেই, বেশ খানিকটা দৈন্য দশা বলেই আমার মনে হয়। আমি অসন্তুষ্ট হলাম। যেসব বাড়ির দু-একটা ঘর বাইরের লোকদের ভাড়া দেওয়া হয়, তার একটা নির্দিষ্ট মান থাকার কথা। এরকম ভাঙাচোরা সিঁড়ি কেন?
উঠতে হল তিনতলায়। এখানটা অবশ্য বেশ ঝকঝকে তকতকে। সদ্য রং করা ও ওয়াল পেপার বদলানো হয়েছে বোঝা যায়। ঘরে সুন্দর বিছানা পাতা। বাথরুমটি পরিচ্ছন্ন। অভিযোগ করার কিছু নেই।
সেই লোকটি বাথরুমের কল খুলে গরম জল, ঠাণ্ডা জল দেখিয়ে দিল, একবার ফ্লাস টানল, আলোর সুইচ জ্বালাল-নেভাল, সবই নিঃশব্দে।
সামনা-সামনি দুটো ঘর, মাঝখানে বসবার জায়গা। একটা শ্বেত পাথরের টেবিল। তার ওপর একটি চিঠি চাপা দেওয়া। লোকটি সেই চিঠিটা দিল আমাকে।
তাতে ইংরেজিতে আমার উদ্দেশ্যেই লেখা আছে যে, তোমার ঘর প্রস্তুত। তোমার বিছানায় পাশের টেবিলের ড্রয়ারে একটি চাবি আছে। তুমি যখন খুশি যাওয়া আসা করতে পারো, ওই চাবিতে সদর দরজা খোলা যাবে। তোমার আর কিছুর প্রয়োজন থাকলে সন্ধেবেলা আমাকে জানিও।
তলায় একজন মহিলার সই।
আমি বললাম, থ্যাংক ইউ। আর কিছুর প্রয়োজন নেই।
লোকটি হাসি মুখে আমার হাত ধরে ঝাঁকুনি দিয়ে চলে গেল।
আমি সুটকেস খুলে জিনিসপত্র গুছিয়ে নিলাম। এখন থেকে সাতদিন এই ঘরের মধ্যে আমার সংসার। হোটেলের চেয়েও এই ধরনের গেস্ট হাউস আমার বেশি পছন্দ। খরচ একটু কম পড়ে তো বটেই, তা ছাড়াও একটা বাড়ি-বাড়ি বোধ থাকে। হোটেলগুলো সব দেশেই প্রায় একই রকম আর একঘেয়ে।
ভালো করে স্নান সেরে নিয়ে শুয়ে পড়লাম।
খিদে নেই, শরীর এখন ঘুম চাইছে। বহুক্ষণ প্লেন জার্নি করে এলে মাথাটা কেমন অবশ হয়ে যায়।
বিছানাটা বেশ নরম। জানলাগুলোতে সাদা সিল্কের পর্দা। ভেবেছিলাম শোওয়ামাত্র ঘুমিয়ে পড়ব, কিন্তু তা হল না। ঘুমের প্রয়োজন হলেই যে ঘুম আসবে তার তো কোনও মানে নেই। এক একসময়ে ঘুমের পায়ে ধরে সাধাসাধি করলেও ঘুম আসে না।
খানিকক্ষণ ছটফট করার পর হঠাৎ মনে পড়ল, দুটো টেলিফোন করা খুব দরকার। এ ঘরে টেলিফোন নেই। হোটেলের তুলনায় এই একটা অসুবিধে। অধিকাংশ গেস্ট হাউসেই টেলিফোন ব্যবহারের ব্যবস্থা থাকে না।
বোবা লোকটি ছাড়া এ বাড়িতে আর কোনও লোক আছে বলে মনে হল না। ওর কাছ থেকে কিছু জানারও উপায় নেই। রাস্তায় বেরুলেই অবশ্য টেলিফোন বুথ পাওয়া যাবে। ফ্রাঙ্কফুর্ট শহরটি আমার একেবারে অচেনা নয়, আগে এসেছি।
জামা-প্যান্ট জুতো পরে আবার তৈরি হয়ে নিতে হল। চাবিটা নিয়ে নামবার সময় দেখলাম, সেই লোকটি হাতুড়ি-করাত নিয়ে সিঁড়ি সারাচ্ছে। এক জায়গায় কাঠ-ফাঠ সব খুলে ফেলেছে, আমাকে ডিঙিয়ে যেতে হল, লোকটির সঙ্গে হাসি বিনিময় করলাম।
ঘণ্টাখানেক বাদে ফিরে এসে দেখি, তখনও সে একমনে কাজ করে যাচ্ছে। সিঁড়ির অনেকটা অংশ সে নতুন করে ফেলেছে। তাঁর গেঞ্জিটা ভিজে গেছে ঘামে।
সন্ধের সময় গৃহকত্রী আমার খবর নিতে এল। বেশ গাঁট্টা-গোঁট্টা চেহারার জার্মান মহিলা, মুখের ভঙ্গি প্রাশিয়ানদের মতন। মোটামুটি কাজ চালানো ইংরেজি জানে। কাছাকাছি ট্রাম-স্টপ, বাস স্টপ ও হোটেল রেস্তোরাঁর কথা জানিয়ে দিল আমাকে। আমি ভাড়ার টাকা দিয়ে দিলাম অগ্রিম।
সেই বোবা লোকটি একটু দূরে দাঁড়িয়ে আছে। সাধারণত বোবারা কালাও হয়। কিন্তু এই লোকটি যেন সবকথা শুনছে মন দিয়ে। ওর গলায় বেশ বড় একটা লকেট, তাতে কার যেন একটা ছবি। আমাদের দেশে যেমন সাঁইবাবা কিংবা অন্য কোনও গুরুর ছবি অনেকে গলায় ঝোলায়,। সেইরকমই কোনও ব্যাপার মনে হল। লোকটি আপন মনে লকেটটি নাড়াচাড়া করছে এক হাতে।
মহিলাটি বলল, আমার স্বামীর সঙ্গে তোমার তো আগেই আলাপ হয়েছে? আমি সারাদিন বাড়ি থাকি না। কিন্তু ফিলিপ থাকবে। তোমার যখন যা প্রয়োজন হয়, এর কাছে চাইবে।
এই বোবা লোকটি এই মহিলার স্বামী? আমি ওকে ছুতোর মিস্তিরি ভেবেছিলাম। তাড়াতাড়ি ডানহাত বাড়িয়ে ওর সঙ্গে করমর্দন করলাম। ওর হাসিটি বেশ সারল্য মাখা।
গৃহস্বামিনী তার নিজের খুব একটা শক্ত নাম বলে বললেন, আমাকে অবশ্য এ নামে কেউ ডাকে না, আমাকে সবাই নোরা বলে। এবং আগেও আমাদের এখানে দু-একজন ভারতীয় অতিথি থেকে গেছে। তাদের কোনও অসুবিধে হয়নি। আশা করি, তোমারও…
আমি বললাম, না, না, চমৎকার জায়গা। রেল স্টেশনেরও খুব কাছে। আমার খুব পছন্দ হয়েছে। এখান থেকে বুক ফেয়ার যাওয়া-আসারও সুবিধে হবে।
নোরা বলল, আমরাও একদিন বুক মেসে দেখতে যাব। তুমি কি আমাদের জন্য টিকিট এনে দিতে পারবে? আমার স্বামী খুব বই ভালোবাসে, ও নিজেও একজন কবি!
আমি আবার চমকে উঠলাম। সঙ্গীত স্রষ্টা বিথোফেন একসময় কালা হয়ে গিয়েছিলেন, হোমার মিল্টন হয়েছিলেন অন্ধ, কিন্তু মূক ব্যক্তি কখনও কবিতা রচনা করেছে, এমন শুনিনি!
নোরা বলল, ও অবশ্য জার্মান ভাষায় লেখে না। লেখে ম্যাসিডোনিয়ান ভাষায়!
আমি বললাম, মাকেদোনিয়ান?
এবার নোরা একটু চমকে উঠল। কৌতূহলী হয়ে তাকিয়ে বলল, তুমি ওই ভাষার কথা জানো? আমরা জার্মান নই, মাকেদোনিয়ান!
আমি আরও একটু জ্ঞান ফলাবার জন্য বললাম, তার মানে তোমরা ঠিক কোথাকার? মাকেদোনিয়া নামে তো কোনও দেশ নেই। সে দেশটুকরো-টুকরো হয়ে খানিকটা বুলগেরিয়া, খানিকটা যুগোশ্লোভিয়া আর খানিকটা গ্রিসের মধ্যে ঢুকে গেছে। বোধহয় আলবেনিয়ার মধ্যেও কিছুটা গেছে, তাই না? তোমরা কি যুগোশ্লাভিয়া থেকে এসেছ? আমি একবার…
আমার কথা শেষ হওয়ার আগেই এক কাণ্ড ঘটল।
এতক্ষণ যাকে বোবা ভেবেছিলাম, এবার সে কথা বলে উঠল। বেশ রাগত সুরে সে কী যেন জিগ্যেস করল নোরাকে। সম্পূর্ণ দুর্বোধ্য ভাষা!
তারপর নোরা আর ফিলিপ নিজেদের মধ্যে কথা বলে যেতে লাগল ওই ভাষায়। যেন ঝগড়া করছে। আমি দাঁড়িয়ে রইলাম বোকার মতন।
একটু বাদে নোরা আমার দিকে তাকিয়ে বলল, আমার স্বামী তোমাকে ভেবেছে স্পাই! আমি ওকে বোঝাবার চেষ্টা করছি যে তুমি ইন্ডিয়ান, তোমার এ ব্যাপারে কোনও স্বার্থ নেই, ইণ্ডিয়ানরা এসব সাতে-পাঁচে থাকে না…
যাঃ বাবা আমাকে স্পাই ভেবেছে? তার মানে এখানে কি কোনও গোপন ষড়যন্ত্রের ব্যাপার চলছে? বোমা-বন্দুক বানায়? এ কোথায় এলাম?
নোরা আমাকে গুটেন নাখট জানিয়ে স্বামীর হাত ধরে টানতে-টানতে নিয়ে গেল। দুজনে তখনও তর্কাতর্কি করছে।
খুব একটা ভয় না পেলেও আমার খানিকটা দুশ্চিন্তা হল ঠিকই। হঠাৎ স্পাই-এর কথা উঠল কেন? বিদেশ-বিভুঁইয়ে এসে কোনও গণ্ডগোলে জড়িয়ে পড়ব না তো? একজন লোক কথা বলতে পারে, তবু বোবা সেজে থাকে, এটাও বেশ সন্দেহজনক!
ফিলিপের মুখখানা দেখলে তাকে সরল, ভালোমানুষ বলেই মনে হয়। কিন্তু হঠাৎ সে রেগে উঠল কেন? আমি এমন কী বলেছি?
কয়েক বছর আগে আমি যুগোশ্লাভিয়াতে ওখরিদ নামে একটা হ্রদের পারের ছোট্ট শহরে গিয়েছিলাম। সেখানে একটা আন্তর্জাতিক কবি সম্মেলন হয়। সেখানে গিয়েই আমি শুনেছিলাম
যে সে অঞ্চলের ভাষা হচ্ছে ম্যাসিডোনিয়ান এবং সেই ভাষার দাবি-প্রতিষ্ঠার জন্য একটা আন্দোলন চলছে। আমি যে বাংলা কবিতাটি পাঠ করেছিলাম, তার অনুবাদ শোনানো হয়েছিল ম্যাসিডোনিয়ার ভাষায়!
ম্যাসিডোনিয়া! নামটা শুনলেই রোমাঞ্চ হয়।
যিশুর জন্মেরও প্রায় সাড়ে তিনশো বছর আগে ওই ছোট্ট একটা দেশের রাজা ফিলিপের ছেলে আলেকজান্ডার দুনিয়া কাঁপিয়ে দিয়েছিল। আমাদের দেশের গল্পে-ইতিহাসে আলেকজান্ডারের একটি বিশেষ স্থান আছে, তার কারণ, পারস্য, মিশর, ব্যাবিলন পায়ের তলায় মাড়িয়ে এলেও। দিগ্বিজয়ী আলেকজান্ডার ভারত জয় করতে পারেননি। তক্ষশিলার বিশ্বাসঘাতক রাজার সাহায্য নিয়ে তিনি ঝিলাম নদীর পারে মহারাজ পুরুকে যুদ্ধে পরাস্ত করেছিলেন বটে, কিন্তু পুরুর পরাক্রম দেখে তিনি তাঁর সঙ্গে বন্ধুত্বও করেছিলেন। ভারতীয় সৈন্যদের শৌর্য দেখে আলেকজান্ডারের বাহিনীও আর এগোতে চায়নি, গঙ্গা পার হননি আলেকজান্ডার।
আমার ধারণা ছিল, এত হাজার বছরের ইতিহাস-ভূগোলের নানান ওলোট-পালোটে ম্যাসিডোনিয়া নামটা মুছে গেছে মানচিত্র থেকে। আলেকজাণ্ডারের অকাল মৃত্যুর পরই তাঁর সাম্রাজ্য টুকরো-টুকরো হয়ে যায়। ম্যাসিডোনিয়া নামটা তো আর কোথাও পাইনি।
কিন্তু যুগোশ্লাভিয়া গিয়েই জানতে পারলাম, ম্যাসিডোনিয়া নামে দেশটা হারিয়ে গেলেও সে নামটা এখনও লুপ্ত হয়নি। তিন-চারটি দেশে ছড়িয়ে আছে ম্যাসিডোনিয়া, সেই প্রাচীন ভাষা এখনও গ্রিক কিংবা সার্বো-ক্রোয়াশিয়ানের সঙ্গে টক্কর দেয়। ম্যাসিডোনিয়া নামটারও আসল উচ্চারণ মাকেদোনিয়া।
জার্মানিতে বহু জাতের মানুষ থাকে। আমি এসে পড়েছি এক ম্যাসিডোনিয়ান পরিবারে। কিন্তু এরা স্পাই-এর ভয় পায় কেন? এরা এখানে অবৈধভাবে আছে? কিন্তু আমিও তো আন্দাজে এখানে আসিনি। বইমেলা কর্তৃপক্ষের কাছে হোটেল ও গেস্ট হাউসের একটা তালিকা থাকে, সেখান থেকে ঠিকানা দেখে আমি আগে যোগাযোগ করেছি। বইমেলা কর্তৃপক্ষ তো ভালো করে খোঁজ খবর না নিয়ে কারুর নাম সুপারিশ করবে না! তারা গেস্ট হাউসগুলোও পরিদর্শন করে যায়। সুতরাং এদের নাগরিকত্ব নিয়ে কোনও গণ্ডগোল থাকলে ধরা পড়ে যেত।
এরা যদি বোমা-বন্দুকের কারবারি হয়, তা হলে সামান্য কিছু টাকার জন্য বাইরের অতিথি রাখবেই বা কেন?
সকালবেলা ঘুম ভাঙার পরেই মনে পড়ল চায়ের কথা।
গেস্ট হাউসে খাওয়া-দাওয়ার ব্যবস্থা থাকে না, বাইরেই খেতে হয়, কিন্তু সাধারণত ব্রেক ফাস্ট দেয়। কিন্তু হোটেলের মতন ঘরে চা দিয়ে যাবে না নিশ্চয়ই। ঘুম ভাঙার পর চায়ে চুমুক না দিয়ে আমার দিনটাই শুরু করতে পারি না।
খানিকক্ষণ অপেক্ষা করার পর মনে হল, লজ্জা করে লাভ নেই, নীচে গিয়ে চাইতে হবে।
তিনতলার অন্য ঘরটিতে কেউ আসেনি। দোতলা-একতলায় ওরা স্বামী-স্ত্রী ছাড়া আর কারুর অস্তিত্ব টের পাইনি।
সিঁড়ির মুখটায় দাঁড়াতেই দেখলাম, একতলার একটি ঘর থেকে ঘুমচোখে বেরিয়ে