Home
সূর্যকান্তর প্রশ্ন

সূর্যকান্তর প্রশ্ন

সুনীল গঙ্গোপাধ্যায়

সূর্যকান্তর প্রশ্ন

সুনীল গঙ্গোপাধ্যায়
short story

Change color


নার্সিংহোমের খাটে শুয়ে সূর্যকান্ত কী ভাবছেন এখন?

সাদা ধপধপে চাদরের ওপর সূর্যকান্তর লম্বা শরীরটা যেন পুরো খাট জুড়ে আছে। চোখ বোজা। একটা হাত বুকের ওপর রাখা। একটু দূরে জানলার কাছে বসে আছে একজন নার্স। ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল সূর্যকান্তকে, কিছুক্ষণ আগে তিনি খানিকটা ছটফট করছেন। এখন তিনি ঘুমিয়ে না জেগে তা ঠিক বোঝা যাচ্ছে না।


মমতা কাল সারারাত সূর্যকান্তর শিয়রের কাছে জেগে বসেছিল। এখন তাকে জোর করে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে, একটু বিশ্রাম নেওয়ার জন্য। আর কারুকে এখন এ-ঘরে ঢুকতে দেওয়া হবে না। দরজার বাইরে থেকে অনেকেই উঁকি মেরে দেখে যাচ্ছে। নার্সিংহোমের বাইরে বেশ। ভিড়। দূর-দূর থেকে অনেকে ছুটে আসছে সূর্যকান্তর খবর নেওয়ার জন্য।


সূর্যকান্তর বয়েস বাহান্ন, বেশ নিটোল স্বাস্থ্য, লম্বা, মেদহীন শরীর। কিছুদিন আগে সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছেন, অন্য কোনও নেশা নেই, এককালে খেলাধুলোর ঝোঁক ছিল। এখনও প্রায় শীতকালে ব্যাডমিন্টন খেলেন। তবু এরকম একটি কাণ্ড ঘটে গেল।



খাদিমগঞ্জ থেকে একটা জিপে ফিরছিলেন সূর্যকান্ত। সারাদিন ধরে ধকল গেছে খুব। দুপুরে ভালো করে খাওয়াও হয়নি, সন্ধেবেলা হেডোডাঙ্গায় পৌঁছে সত্যনারায়ণ পুজোর সিন্নি খাওয়ার কথা। সূর্যকান্ত পরিশ্রম করতে পারেন প্রচণ্ড, তাঁর সঙ্গের লোকেরাও মেতে থাকে, খিদে-তেষ্টার কথা জানায় না।


পৌষ মাসের অপরাহ্ন, আকাশের আলো মিলিয়ে যায় দ্রুত। রাস্তার দুপাশে খোলা মাঠ ধূ-ধূ করছে, পাতলা কুয়াশার মতন নেমে আসছে অন্ধকার। ঠান্ডা-ঠান্ডা বাতাস বইছে।


সূর্যকান্ত বসেছিলেন জিপের সামনে। সাধারণত তিনি সামনের সিটেই বসতে ভালোবাসেন, কখনও-কখনও নিজেই জিপ চালান। কিন্তু বাবলু আর জয়দীপ কিছুতেই তাঁকে সামনে বসতে দেবে না। দু-দিন আগেই একটা নির্জন রাস্তায় তাঁর জিপ আটকাবার চেষ্টা হয়েছিল, হঠাৎ দমাদ্দম করে এসে পড়েছিল পাথর। এর আগেও মানু দত্তর লোকেরা তাঁকে মেরে ফেলার চেষ্টা করেছে দুবার। সূর্যকান্ত ভয় পান না, কিন্তু বাবলু-জয়দীপরা ঝুঁকি নিতে চায় না। থানা থেকে একজন বডিগার্ড দেওয়া হয়েছে, বন্দুক নিয়ে সে বসে আছে ড্রাইভারের পাশে।


চলন্ত গাড়িতে বাবলু আর জয়দীপ নানান কথা বলে যাচ্ছে, সূর্যকান্ত চুপ করে শুনছিলেন। মাঝে মাঝে ছোট-ছোট কিল মারছিলেন। নিজের বুকে। কীসের যেন একটা অস্বস্তি হচ্ছে। খানিকটা বাতাস যেন আটকা পড়ে গেছে বুকের মধ্যে কিছুতে বেরুতে পারছে না। এরকম তাঁর কখনও হয়নি আগে।



কথার মাঝখানে হঠাৎ তিনি হাতটা বাড়িয়ে দিয়ে জিগ্যেস করলেন, দ্যাখ তো বাবলু, আমার জ্বর এসেছে নাকি?


বাবলু হাতটা ছুঁয়ে বললেন, কই না তো। গা তো গরম নয়।


তারপর সে সূর্যকান্তর কপালে হাত রেখে তাপ অনুভব করতে গিয়ে চমকে উঠে বলল, এ কী সূর্যদা, আপনি ঘামছেন?


সূর্যকান্ত বললেন, ঘামছি তাই না? মাঝে-মাঝে শরীরটা ঝাঁঝাঁ করছে, ঠিক জ্বরের মতন, তার পরেই আবার ঘাম হচ্ছে।


জয়দীপ বলল, আমার তো শীত-শীত লাগছে। এর মধ্যে আপনার ঘাম হবে কেন?


বাবলু বলল, তারপর দু-রাত তো ঘুমই হয়নি। রাত দুটো-আড়াইটেয় শুয়েই আবার ভোর পাঁচটায় ওঠা। সূর্যদা, আজ রাত দশটায় শুয়ে পড়বেন। ঘুম চাই ভালো করে না হলে খাটবেন কী করে?


সূর্যকান্ত বললেন, হ্যাঁ, আজ ঘুমোব।


খানিক বাদে সূর্যকান্ত আবার বললেন বড্ড জলতেষ্টা পাচ্ছে রে। গাড়িতে কি জলের বোতল টোতল আছে?



বাবলু আর জয়দীপ পরস্পরের দিকে তাকাল। গরমকাল নয়, তাই গাড়িতে জল রাখার কথা ওরা ভাবেনি।


জয়দীপ বলল, আর মাইলসাতেক পরে কমলাপুর, সেখানে গিয়ে খাবেন।


সূর্যকান্ত বুক চেপে ধরে বললেন, তেষ্টায় গলা ফেলে যাচ্ছে রে। অতক্ষণ থাকতে পারব না। গাড়িটা এখানে থামাতে বল তো!


এই মাঠের মধ্যে কোথায় জল পাওয়া যাবে? নালা ডোবা থাকলেও তো সেই জল পান করা যাবে না!


গাড়ি চালাচ্ছে পরিতোষ, সে বলল সামনে একটা কুঁড়ে দেখা যাচ্ছে, আলো জ্বলছে, ওখানে থামাব।


সূর্যকান্ত বললেন, হাঁ, থামা।


মাঠের মাঝখানে জিপ থামলে হঠাৎ মানু দত্তের লোকেরা এসে হামলা করবে কি না, তা নিয়ে চিন্তায় পড়ে গেল বাবলু-জয়দীপরা। কিন্তু সূর্যকান্ত প্রায় ছটফট করছেন তৃষ্ণায়।


জিপটা থামতে জয়দীপ বলল, আপনি বসুন সূর্যদা, আমি জল আনছি।



সূর্যকান্ত বললেন, তোকে যেতে হবে না। আমি খেয়ে আসছি। যার বাড়ি, তার সঙ্গে একটু কথাও বলে আসব।


বাবলু বলল, আপনার শরীর ভালো লাগছে না, আপনি বসুন না, আমরা জল আনছি।


সূর্যকান্ত সেকথা শুনলেন না। লাফিয়ে নামলেন জিপ থেকে। একটুখানি টলে গিয়ে আবার সোজা হয়ে দাঁড়িয়ে বললেন, এমন কিছু শরীর খারাপ নয় সে নিজে জল খেতে যেতে পারব না।


কুঁড়েঘরটা রাস্তা থেকে খানিকটা দূরে, একেবারে মাঠের মধ্যে। বাড়িটার সামনে একটা মস্ত তালগাছ। বন্দুকধারী গার্ডটি নেমে দাঁড়িয়েছে জিপ থেকে। সূর্যকান্ত একটু হেসে বললেন, তোমায় আসতে হবে না। বন্দুক নিয়ে কি কেউ লোকের বাড়িতে জল চাইতে যায়?


দুপাশে বাবলু আর জয়দীপ, সূর্যকান্ত রাস্তা ছেড়ে মাঠের মধ্যে নেমে এগিয়ে গেলেন কয়েক পা। তারপর এমনভাবে হঠাৎ ঝুপ করে পড়ে গেলেন মাটিতে যে বাবলু-জয়দীপরা তাঁকে ধরারও সুযোগ পেল না।


মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে সূর্যকান্তর জ্ঞান চলে গেছে।



একটুক্ষণের জন্য দিশেহারা হয়ে গেল বাবলু-জয়দীপরা। ছোটাছুটি করে কুঁড়েঘরটা থেকে জল এনে সূর্যকান্তকে খাওয়াবার চেষ্টা করল, মাথায় জল ছেটাল, কিন্তু কিছুতেই সূর্যকান্তর সাড়া এল না। সূর্যকান্তর মতন একজন স্বাস্থ্যবান মানুষ কোন কারণে আচমকা এমন অসুস্থ হয়ে পড়তে। পারেন, সে সম্পর্কে ওদের কোনও ধারণাই নেই।


অজ্ঞান সূর্যকান্তকে নিয়ে নার্সিংহোমে পৌঁছতে পৌঁছতে হয়ে গেল রাত দশটা। হাসপাতালের বদলে নার্সিংহোমে নিয়ে আসার কারণ ডাক্তার সন্তোষ মজুমদার সূর্যকান্তর বন্ধু মানুষ। নার্সিংহোম ছেড়ে এক জায়গায় তাস খেলতে গিয়েছিলেন তাঁকে খুঁজে আনতে সময় লেগে গেল আরও আধঘণ্টা।


সূর্যকান্তকে একনজর দেখেই সন্তোষ মজুমদারের মুখখানা ফ্যাকাসে হয়ে গেল। তিনি নিজেই যেন অজ্ঞান হয়ে যাবেন।


সূর্যকান্তকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে এনে ওষুধ দিতে-দিতে সন্তোষ মজুমদার সব ঘটনা শুনলেন। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, জল খাওয়ার জন্য সূর্য যে জিপ থেকে লাফিয়ে নামল, তাতেই ওর…তোমরা ওকে জোর করে বসিয়ে রাখতে পারলে না? অবশ্য তোমরাই বা বুঝবে কী করে? তারপর খাদিমগঞ্জ থেকে কমলাপুর খুব খারাপ রাস্তা, জিপটা এসেছে লাফাতে লাফাতে…ইস, গাড়িটা থামিয়ে সূর্যকান্তকে যদি শুইয়ে রাখতে পারতে…ম্যাসিভ হার্ট অ্যাটাক, এই সময় একটু নড়াচড়া করা মানেই মৃত্যুকে আরও কাছে ডেকে আনা…।



সন্তোষ মজুমদার সূর্যকান্তকে নিজের দায়িত্বে রাখতে সাহস পাচ্ছেন না। এই মফস্বল শহরের নার্সিংহোমে প্রয়োজনীয় যন্ত্রপাতি কিছুই নেই, সবরকম ওষুধও পাওয়া যায় না, সূর্যকান্তকে বাঁচাতে হলে কলকাতায় নিয়ে যাওয়া দরকার। হাসপাতালের ডাক্তার চন্দন রায় দেখতে এসে বললেন, এই অবস্থায় সূর্যকান্তকে কলকাতায় নিয়ে যাওয়াও খুব বিপজ্জনক, পথেই চরম কিছু ঘটে যেতে পারে।


সূর্যকান্ত গুন্ডা-বদমাইশদের হাতে আক্রান্ত হয়েছেন শুনলে কেউ অবাক হত না। কিন্তু তাঁর হার্ট অ্যাটাক হয়েছে শুনে সবাই অবাক। এমন নীরোগ, সুস্থ-সমর্থ মানুষটার হার্ট হঠাৎ বেঁকে বসল কেন?


আর ঠিক এগারো দিন পরে ভোট। সূর্যকান্তর জেতার সম্ভাবনা প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল। এখন কি লোকে আর এরকম একটা মুমূর্ষু মানুষকে ভোট দেবে?


সূর্যকান্ত নিজে নির্বাচনে দাঁড়াতে চাননি। তিনি রাজনীতির লোকও নন। সূর্যকান্তর বাবা ছিলেন উকিল, তিনি শেষ বয়েসে এখানে একটি কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। সূর্যকান্ত সেই কলেজে ইতিহাসের অধ্যাপক। ছাত্রদের শুধু পড়িয়েই তিনি ক্ষান্ত হননি, আরও বহুদিকে তাঁর উৎসাহ। ছাত্রদের সঙ্গে খেলাধুলো করা, পিকনিকে যাওয়া, গান গাওয়া এসব তো আছেই। তা ছাড়া তিনি ছুটির সময় ছাত্র-ছাত্রীদের ছোট-ছোট দল করে বিভিন্ন গ্রামে পাঠাতেন, যাতে গ্রামের নিরক্ষর মানুষরাও কিছুটা লেখাপড়ার স্বাদ পেতে পারে। গ্রামের মানুষদের কিছু-কিছু স্বাস্থ্যবিধি। বোঝনো, গাছপালা রক্ষা করা বিষয়ে সচেতন করে তোলা, এইসব কাজ নিয়েও তিনি ঘুরেছেন বহু গ্রামে। এ মহকুমার অনেকেই তাঁকে চেনে।



এই এলাকায় আগে পরপর তিনবার এম পি হয়েছিলেন বিধুভূষণ রায়। পুরোনো আমলের জেলখাটা, আদর্শবাদী মানুষ, সবাই তাঁকে ভক্তিশ্রদ্ধা করত। তাঁর মৃত্যুর পর থেকেই ডামাডোল চলছে। একবার বামপন্থীরা, একবার কংগ্রেসিরা জেতে। দু-পক্ষে মারামারি হয়। গত নির্বাচনে হঠাৎ জিতে গেল মানু দত্ত, নির্দল প্রার্থী হিসেবে। মানু দত্ত যে গুন্ডা ও স্মাগলারদের নেতা, তা সবাই জানে। সে তিন-চারখানা পেট্রল পাম্পের মালিক, আর কতরকম ব্যাবসা তার আছে তার ঠিক নেই। প্রচুর টাকা ছড়ায় বলে তার সাঙ্গোপাঙ্গ অনেক। গুন্ডার সর্দারও দিব্যি ভোটে জিতে যায়। জিতে যাওয়ার পর মানু দত্ত অন্যান্য দলের সঙ্গে দরাদরি শুরু করে দিল। সে কখনও এ দলে, কখনও ও-দলে যায়। পুলিশও তাকে ভয় পায়।


সূর্যকান্ত এসব নিয়ে মাথা ঘামায়নি। একদিন তাঁর ছেলে নীলকান্ত বলল, বাবা, আমাদের এই মহকুমার মানু দত্তর মতন একজন বদমাশ লোক নেতা সেজে যাচ্ছে, সে চতুর্দিকে অত্যাচার। করে বেড়ায়, চোর-ডাকাতদের পোষে, তবু সে লোকসভায় আমাদের প্রতিনিধিত্ব করবে, এটা ভাবতে আমাদের লজ্জা করে।


সূর্যকান্ত দীর্ঘনিশ্বাস ফেলে বলেছিলেন, সত্যি তো লজ্জার কথা। দেশটা এরকমই হয়ে যাচ্ছে। জানিস, ওই মানু দত্ত আমার সঙ্গে ইস্কুলে পড়ত। এক ক্লাসে। স্কুল ফাইনাল পাশ করতে। পারেনি, তার আগে থেকেই ও স্মাগলারদের সঙ্গে মিশতে শুরু করে। এখন সে দিল্লিতে মন্ত্রীদের সঙ্গে ওঠা-বসা করে।



নীলকান্ত বলল, বাবা, আমার কলেজের বন্ধুরা বলছে, তোমাকে দাঁড়াতে। মানু দত্তকে যে-কোনও উপায়ে এবার হারানো দরকার।


সূর্যকান্ত সে প্রস্তাব হেসে উড়িয়ে দিয়েছিলেন।


কিন্তু তার পরদিন থেকে দলে-দলে ছেলে এসে তাঁকে ওই একই অনুরোধ জানাতে লাগল।


সূর্যকান্ত যতই অস্বীকার করেন ততই তারা চেপে ধরে। এল ছোটখাটো ব্যবসায়ীরা, তারা সূর্যকান্তকে সাহায্য করবে। স্কুল-কলেজের শিক্ষকদের একটা বিরাট দল এল ওই একই প্রস্তাব নিয়ে।


একসময় সূর্যকান্ত নিমরাজি হলেও ঘোর আপত্তি তুললেন মমতা। রাজনীতি মানেই অনেক নোংরা ব্যাপার, অনেক মিথ্যে কথা ও গালাগাল, অন্য পার্টির ওপর কুৎসিত দোষারোপ, টাকাপয়সায় ছিনিমিনি খেলা। এই পরিবেশের মধ্যে তিনি তাঁর স্বামীকে যেতে দিতে চান না কিছুতেই।


তখন একদল ছাত্র অনশন করতে শুরু করল এই বাড়ির সামনে। নীলকান্তও তাদের মধ্যে একজন।



দুদিন সেই ছেলেরা একেবারে কিছুই না খেয়ে শুয়ে থাকার পর মমতা কেঁদে ফেললেন।


তখন সূর্যকান্ত রাজি হলেন এই শর্তে যে, তিনি কোনও দলের হয়ে দাঁড়াবেন না। কারুর কাছ থেকে টাকা নেবেন না। কেউ যদি গাড়ি দিয়ে সাহায্য করে কিংবা স্বেচ্ছাসেবকদের একবেলা খাওয়াতে চায় তাহলে ঠিক আছে। তাঁর নিজের বিশেষ টাকা নেই, অন্যের টাকা নিয়েও তিনি নির্বাচনে লড়বেন না।


সূর্যকান্ত নির্দল হিসেবে দাঁড়াবার পর বামপন্থী এবং কংগ্রেসিরা আলাদা-আলাদাভাবে এসে তাঁকে ধরেছিল, নিজেদের দলে আসবার জন্য। সূর্যকান্ত বলেছিলেন, আমি কোনও দলে যাব না কেন জানেন? এক দলে গেলেই অন্য দলকে গালাগাল দিতে হয়। সত্য-মিথ্যে মিলিয়ে অনেক রকম অভিযোগ তুলতে হয়। কিন্তু আমার স্ত্রী মাথার দিব্যি দিয়েছেন

**********
No Review
Related Books
Loading books…