
সিঁদুরচরণ
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
সিঁদুরচরণ আজ দশ-বারো বছর মালিপোতায় বাস করছে বটে কিন্তু ওর বাড়ি এখানে নয়। সেদিন রায়েদের চণ্ডীমণ্ডপে সিঁদুরচরণ কোথা থেকে এসেছে তা নিয়ে কথা হচ্ছিল। বৃদ্ধ ভট্টাচার্য মশায় তামাক টানতে টানতে বললেন—”কে, সিঁদুরচরণ? ওর বাড়ি ছিল কোথায় কেউ জানে না, তবে এখানে আসবার আগে ও খাবরাপোতায় প্রায় দশ বছর ছিল। তার আগে অন্য গাঁয়ে ছিল শুনিচি, গাঁয়ে গাঁয়ে বেড়িয়ে বেড়ানোই ওর পেশা।”
পেশা হয়তো হতে পারে, কারণ সিঁদুরচরণ গরিব লোক।
জীবনে সে ভালো জিনিসের মুখ দেখেনি কখনো। কেউ আপনার লোক ছিল, সম্প্রতি মালিপোতাতে এসে বিয়ের চেষ্টাও করেছিল। কিন্তু অজ্ঞাতকুলশীলকে কেউ মেয়ে দেবার আগ্রহ দেখায়নি। মালিপোতার এক বুনো মালি আজকাল ওর সঙ্গে একত্র স্বামী-স্ত্রীর মতো বাস করে। তার বয়স ওর চেয়ে বেশি ছাড়া কম নয়। দেখতে মোটাসোটা, মিশকালো রং, মাথার চুলে এখনও পাক ধরেনি বটে তবে ধরবার বেশি দেরিও নেই। বুনো বলে এদেশে সেইসব কুলি-মজুরের বর্তমান বংশধরদের, যারা একশো বছর আগে নীলকুঠির আমলে রাঁচি, হাজারিবাগ, গিরিডি, মধুপুর, প্রভৃতি থেকে এসেছিল মজুরি করতে, এখন তারা বেমালুম বাঙালি হয়ে গিয়েচে”ভাষা, ধর্ম, আচার-ব্যবহার সবরকমে। পূর্বপুরুষের বোংগা পুজো ভুলে গিয়েচে কতকাল, এখন হরিসংকীর্তন করে ঘরে ঘরে, মনসা-পুজো, ষষ্ঠী-পুজো করে, কালীতলায় মানত করে।
এখন যদি এদের জিজ্ঞাসা করা যায়—তোরা কোন দেশ থেকে এসেছিলিরে? তোদের আপনজন কোথায় আছে?
ওরা বলবে—তা কী জানি বাবু!
—পশ্চিম থেকে এসেছিলি, না?
—শুনেচি বাপ-ঠাকুরদার কাছে। ওদিকের কোথা থেকে আমাদের পাঁচ-ছ’ পুরুষের আগে এসে বাস করা হয়। সে সত্য যুগের কথা।
সিঁদুরচরণ এ-হেন বুনো মালিকে নিয়ে দিব্যি ঘর করতে থাকে। তার নাম কাতু —হয়তো ‘কাত্যায়নী’-র অপভ্রংশ হবে নামটা। কিন্তু ওর অপভ্রংশ নামটাই অন্নপ্রাশনের দিন থেকে পাওয়া—ভালো নাম তাকে কেউ দেয়নি।
সিঁদুরচরণ পরের গোরু চরিয়ে আর পরের লাঙল চষে জীবনের চল্লিশটি বছর কাটিয়ে দেওয়ার পরে বিঘেতিনেক জমি ওটবন্দি বন্দোবস্ত নিলে। তার জমিতে পরের বছর দশ মণ পাট হল, সেবার বাইশ টাকা পাটের মণ। পাট বিক্রি করে সেবার এত পেলে সিঁদুরচরণ, অত টাকা একসঙ্গে তার তিন পুরুষে কখনো দেখেনি। দশ টাকার নোট বাইশখানা।
কাতু বললে—হ্যাঁ গো, দশ হাত ফুলন শাড়ির দাম কত?
—কেন, নিবি?
—দাও গিয়ে এবার। অনেকদিন যে ভাবচি। বড় শখ।
—এই বয়সে ফুলন শাড়ি পরলি লোকে ঠাট্টা করবে না? কথাটা কিঞ্চিৎ রূঢ় হয়ে পড়ল, মনে হল সিঁদুরচরণের। অল্পবয়সে ওকে দেবার লোক কে ছিল? আজ বেশি বয়সে সুবিধে যখন হলই তখন অল্পবয়সের সাধটা পূর্ণ করতে দোষ কী? তারপর ঘোষেদের দোকান থেকে একখানা ফুলন শাড়ি শুধু নয়—তার সঙ্গে এল একখানা সবুজ রঙের গামছা।
কাতু খুশিতে আটখানা। বললে—শাড়িখানা কী চমৎকার—না?
—খুব ভালো। তোর পছন্দ হয়েছে?
—তা পছন্দ হবে না? যাকে বলে ফুলন শাড়ি!
—আর গামছাখানা কেমন?
—অমন গামছাখানা কখনো দেখিইনি। ও কিন্তু মুই ব্যাভার করতি পারব না প্রাণ ধোঁরে। তাহলি খারাপ হয়ে যাবে।
—খারাপ হয় আবার কিনে দেব। আমার হাতে এখন কম ট্যাকা না!
সেদিন কামার-দোকানে বসে তিনকড়ি বুনোর মুখে কালীগঞ্জে গঙ্গাস্নান করতে যাবার বৃত্তান্ত শুনল সিঁদুরচরণ। বাড়ি এসে কাতুকে বললে—কাতু, তুই থাক, আমি দু-দিন দেশ বেড়িয়ে আসি—
—কোথায় যাবা?
—একদিকে বেড়িয়ে আসি—
—আমারে নিয়ে যাবা না?
—তুই যাস তো চল—ভালোই তো—
দুজনে জিনিসপত্র একটা বোঁচকাতে বেঁধে তৈরি হল। কিন্তু যাবার দিন কাতুর মত বদলে গেল হঠাৎ। সে বললে—তুমি যাও, আমি যাব না। গোরুটার বাছুর হবে এই মাসের মধ্যে। যদি আসতে দেরি হয়, বাছুরটা বাঁচবে না।
-তুই যাবিনে?
—আমার গেলি চলবে কেমন করে? বাছুরটা মরে গেলি সারাবছরটা আর দুধ খেতি হবে না। তুমি যাও, আমি যাব না।
সুতরাং সিঁদুরচরণ একাই রওনা হল বোঁচকা নিয়ে। রেলগাড়িতে সামান্যই চড়েচে সে, একবার কেবল বেনাপোেল গিয়েছিল গোরুর হাট দেখতে। সে জীবনে একবার মাত্র রেলগাড়ি চড়া। পরের চাকরি করতে সারাজীবন কেটেছে।
স্টেশনে গিয়ে রেলে চড়ে যেতে হবে। সিঁদুরচরণ কাপড়ের খুঁটে শক্ত করে গেরো বেঁধে দু-খানা দশ টাকার নোট নিয়েছে। কেউটেপাড়ার কাছে পাঁচু বুনোর দো-চালা ঘর রাস্তার ধারে। ওকে দেখে পাঁচু জিজ্ঞেস করলেও সিঁদুরচরণ, কনে চলেচ এত সকালে?
-একটু ইস্টিশানে যাব।
—কোথায় যাবা?
—বেড়াতি যাবা রানাঘাটের দিকি।
—তামাক খাও বসে। সিঁদুরচরণ তামাক খেতে বসল। কাছেই একটা বাঁশনি বাঁশের ঝাড়–সিঁদুরচরণ সেদিকে চেয়ে ভাবলে—এই বাঁশনি বাঁশের ঝাড়টা এদেশে, আবার অন্য দেশেও গিয়ে কী এমনি দেখা যাবে? সে আবার না-জানি কীরকম বাঁশনি বাঁশ! এই রকম কেঁচো, এইরকম কচুর ফুল কী অন্য জায়গাতেও আছে? দেখতে হবে বেড়িয়ে। সত্যি, বড়ো মজা দেশ-বিদেশে বেড়ানো।
সিঁদুরচরণ স্টেশনে পৌঁছবার কিছু পরে টিকিটের ঘণ্টা পড়ল ঢং ঢং করে। একজন ওকে বললে—যাও গিয়ে টিকিট করো। গাড়ি আসছে।
টিকিটের জানলায় গিয়ে ও বললেও বাবু, একখানা টিকিস দেন মোরে–টিকিটবাবু বললে—কোথাকার টিকিট?
—দেন বাবু, রানাঘাটেরই দেন আপাতোক একখানা।
গাড়িতে উঠে সিঁদুরচরণের ভীষণ আমোদ হল। সে আমোদ রূপান্তরিত হল বার বার ওর ধূমপান করবার ইচ্ছায়। ঘন ঘন বিড়ি খায়, এই ধরায়, এই খায়। কয়েকটি বিড়ি খেতে খেতেই রানাঘাটে গাড়ি এসে পড়াতে ও আশ্চর্য হয়ে পড়ল। ষোলো মাইল রাস্তা যে এত অল্পসময়ে এসে পড়বে, তা ও ভাবেইনি!
রানাঘাটে নেমে এখন কোথায় যাওয়া যায়? এমন অনেক দূরে যেতে হবে, যেখানে কখনো সে যায়নি।
স্টেশনের এপারে একটা উঁচুমতো রোয়াক-বাঁধানো জায়গা খুব লম্বা। তার দু ধারে রেল লাইন পাতা। সেই লম্বা রোয়াকের ওপর লম্বা একটা টিনের চালা। অত বড়ো টিনের চালার তলায় বা রোয়াকটার অন্যদিকে লোকে পান বিড়ি, চা, খাবার ইত্যাদি বিক্রি করছে—লোকজনে কিনচে। যেন একটা মেলা বসে গিয়েছে। মড়িঘাটায় গঙ্গাস্নানের যোগের সময় এরকম মেলা সে দেখেচে।
একদল উত্তরে লোক তার সঙ্গে একই ট্রেন থেকে নেমে বিড়ি টেনে আড্ডা জমিয়েচে টিনের চালার নীচে। ও সেখানে গিয়ে বললে—কনে যাবা?
তারা বললে—মুকসুদাবাদ; বেলডাঙা।
—সে কনে?
—উত্তুরে।
—কোথায় গিয়েলে?
—পাট কাচতে গেছলাম ওই কানসোনা, তালহাটি, মেহেরপুর।
মেহেরপুর গ্রাম সিঁদুরচরণের বাড়ির কাছে। লোকগুলো সেখান থেকে আসছে শুনে সিঁদুরচরণের মনে হল এই দূর বিদেশ-বিভুয়ে এরাই তার পরমআত্মীয়। সে বললে—মেহেরপুরের নসিবদ্দি সেখরে চেনো?
—তেনার বাড়িতেই তো ছিলাম আমরা। বছর বছর তেনার পাট কাচি। পত্তর দিয়ে আমাদের তিনি নিয়ে আসে।
—মুইও তারে খুব চিনি।
—আপনি কতদূর যাবা?
—বেড়াতে বেরিইচি, যতদূর যাওয়া যায় ততদূর যাব।
ওদের মধ্যে একজন বললে—তবুও কদ্দূর যাওয়া হবে? আমার সঙ্গে বাহাদুরপুর চলো, আমি সেখানে যাব।
—সে কনে?
—কেষ্টলগর ছাড়িয়ে।
–তবে পয়সা নিয়ে মোর টিকিটখানা তোমার সঙ্গে করে নিয়ে এসো ভাই।
—দেও টাকা।
—কত নাগবে?
—এগারো আনা।
আধঘণ্টা পরে লোকটা টিকিট কেটে এনে তার হাতে দিল। সিঁদুরচরণ পুঁটুলির মধ্যে থেকে কাতুর দেওয়া ধুপি-পিঠে খেতে লাগল এবং তার সঙ্গীকে দিলে। ধুপি-পিঠে আর কিছুই নয়, শুধু চালের গুঁড়োর পিঠে, জলে সিদ্ধ। গুড় দিয়ে ভিন্ন সে কঠিন হঁটের মতো জিনিস গলা দিয়ে নামে না—কিন্তু গুড় সে সঙ্গে করে আনেনি কাপড়চোপড়ে লেগে যাবে বলে। ওর সঙ্গী বললে—একটু রসগোল্লার রস কিনে আনব? এ বড্ড শক্ত।
—হ্যাঁগা উত্তরের গাড়ি কখন আসবে?
—এই এল। তামুক খেয়ে ল্যাও তাড়াতাড়ি। একটু পরে আরাম করে বসে ওরা তামাক খেতে লাগলে। সঙ্গে সঙ্গে হুড়মুড় করে উত্তরের অর্থাৎ মুর্শিদাবাদের ট্রেন এসে হাজির। চা, পান, পাঁউরুটির ফিরিওয়ালাদের চিৎকারে প্ল্যাটফর্ম মুখরিত হয়ে উঠল। যাত্রীরা ইতস্তত ছুটাছুটি করতে লাগল গাড়িতে ওঠবার চেষ্টায়। হতভম্ব ও কিংকর্তব্যবিমূঢ় সিঁদুরচরণের হাত ধরে টেনে হিঁচড়ে তার নতুন সঙ্গী তাকে একটা কামরায় ওঠালে।
গাড়ী রানাঘাট ছেড়ে দিলে। সিঁদুরচরণ এক কল্কে তামাক সেজে হাঁপ ছেড়ে বললে—বাবাঃ-এর নাম গাড়ি চড়া? কী কাণ্ড।
সিঁদুরচরণের মনে হল কাতুকে কতদূরে ফেলে সে অজানা বিদেশ-বিভুইয়ের দিকে চলেচে। না-এলেই যেন ছিল ভালো! কে জানে বাড়ির বার হলেই এসব হাঙ্গামা ঘটবে? বিদেশের লোক কীরকম তারই বা ঠিক কী? তার টাকা ক-টা কেড়ে নিতেও পারে!
তার সঙ্গী তাকে বলে বলে দিচ্চে—এই উলো, এই বাদকুল্লো, এই কেষ্টলগর।
—কেষ্টলগর? কই দেখি দিকি! নাম শোনা আছে বহুৎ দিন যে!
সিঁদুরচরণ বিশেষ কিছুই দেখতে পেলে না। গোটাকতক টিনের গুদোম, খানকতক ঘোড়ার গাড়ি, দু-চারটি কোঠাবাড়ি। তাই দেখেই সে মহা খুশি। মস্ত জায়গা কেষ্টনগর। দেশে ফিরে গল্প করার মতো কিছু পাওয়া গেল বটে। কাতুকে নানা ছাঁদে গল্প শোনাতে হবে বাড়ি ফিরে।
আরও একটা স্টেশন গেল। পরের স্টেশনেই বোধ হয়—তার সঙ্গী বললে— নামো, নামো, বাহাদুরপুর।
সিঁদুরচরণ বোঁচকা নিয়ে প্ল্যাটফর্মে নেমে পড়ল।
তখন সন্ধ্যা হয়-হয়ঃ; সে চেয়ে দেখে—ধু-ধু মাঠের মধ্যে ছোট্ট স্টেশন—চারিধারে কূলকিনারা নেই এমন বড়ো মাঠ। দূরে দূরে দু-চারটে তালগাছ, বাঁশবন। সিঁদুরচরণের বুকের মধ্যটা হু-হু করে উঠল।
কোথায় কাতু, কোথায় তাদের মালিপোতা। সব ফেলে সে আজ এ কোথায় কতদূরে এসে পড়েছে!
মনে মনে বললে—এ্যানধারা বিদেশেও মানুষ আসে! ভগবান, এ তুমি কোথায় নিয়ে ফেললে মোরে।
ওর সঙ্গী বললে—চলো।
—ও বলে—কনে যাব?
—মোদের গাঁয়ে চলো। এখেন থেকে দু-কোশ পথ।
—সেখানে যাব?
—যাবা না তো এখানে থাকবা কোথায়? খেতে-দেতে হবে তো?
—কী নাম তোমাদের গাঁর?
—গোয়ালবাথান। নাগরপাড়া।
অগত্যা সিঁদুরচরণ চলল নাগরপাড়া, তার নতুন সঙ্গীর বাড়ি। ক্রোশ দুই হাঁটবার পরে এক গাঁয়ে ঢুকবার মুখেই ছোট্ট চালাঘর। সেখানে গিয়ে তার বন্ধু বললে— এই মোদের বাড়ি! ভাত-পানি খাও, হাত-মুখ ধোও।
সিঁদুরচরণ বললে—ভাত-পানি খাব কী, মুই কনে এসে পড়েছি তাই শুধু ভাবতি লেগেচি।
–কদ্দুর আসবা আবার!
—কোথায় ছেলাম আর কনে আলাম! উঃ, এ পিরথিমির কী সীমেমুড়ো নেই? হ্যাঁগা, আর কদুর আছে ইদিকি?
—আরে তুমি কী পাগল নাকি? কী বলে আর কী করে! ল্যাও ভাত-পানি খাও।
ভাত খেয়ে সিঁদুরচরণ গ্রামের মাঠের দিকে বেড়াতে গেল।
বড়ো বড়ো মাঠ, দূরে তালগাছ। এতবড়ো মাঠ তাদের দেশে সে কখনো দেখেনি, আর চারিদিকেই আকের খেত। উ-ই কী-একটা গ্রাম দেখা যায়। ওর পরও পিথিম আছে ওদিকে? বাব্বা!
একজন লোককে বললে—হ্যাঁগা, ইদিকে এত আকের চাষ কেন?
—কেন, বেলডাঙায় চিনির কল আছে। আক সেখানে মণ দরে বিক্রি হয় গো
—সব আক?
—এ কী আক তুমি দেখচ, বেলডাঙার ওদিক ষাট-সত্তর একশো বিঘের এক এক বন্দ, সুদ্দু আক।
ওর বন্ধুর বাড়িতে দিন-দুই থাকার পরে আকের জমির মজুর দরকার হয়ে পড়ল। ওদের পরামর্শে সিঁদুরচরণও