
সন্ধেবেলার মানুষ
সমরেশ মজুমদার
পরদা উঠলে দেখা গেল মঞ্চ অন্ধকার। কয়েক মুহূর্ত যেতেই আমরা বুঝতে পারলাম এমনটা নাটকে ছিল না। উইংস-এর ওপাশে যাঁরা ছিলেন তাঁরা ব্যস্ত হয়ে ছোটাছুটি শুরু করলেন। কথাবার্তা যা ভেসে এল তাতে বুঝলাম বৈদ্যুতিক বিভ্রাট ঘটে গেছে।
আমরা উশখুশ করতেই একটা মোমবাতি দেখা গেল। ছোট্ট আলো সামলে যিনি মঞ্চে এলেন তাঁর বয়স আন্দাজ করা মুশকিল।
মুখেই আলো জমায় মোটামুটি বয়স্ক ঠেকছে। ভদ্রলোক এগিয়ে আসতে আধো-আলোয় মধ্যবিত্ত আসবাব দেখতে পেলাম।
উপস্থিত ভদ্রলোক এবং ভদ্রমহিলারা, আপনারা আমার নমস্কার গ্রহণ করুন। এমনটা হওয়ার কথা ছিল না সেটা বুঝতেই পারছেন। কথা তো অনেক কিছুরই থাকে না, হয়ে যায়, এবং হলে আমরা তার সঙ্গে মানিয়ে নিতে বেশ অভ্যস্ত হয়ে পড়েছি।
যা হোক, চুপচাপ বসে থেকে আসুন আপনাদের সঙ্গে আমি একটু আলাপ পরিচয় করে ফেলি। আমরা আজ যে নাটকটি করব সেটি আমার পরিবারের কয়েকজনকে নিয়েই। যেহেতু আমিই একমাত্র রোজগেরে মানুষ, তাই আমাকেই কর্তা বলা হয়। আমার নামে কার্ড এলে স্ত্রী নেমন্তন্ন খেতে যান। তাই এই নাটকের প্রধান চরিত্র হিসেবে আপনাদের সঙ্গে কথা বলার অধিকার আমার আছে।
ভদ্রলোক মোমবাতিটা একটা টেবিলে সযত্নে রাখলেন। আলো সরতেই বুঝলাম ওঁর বয়স পঞ্চাশের গায়ে। কথা বলার ধরন মন্দ নয়।
আমার নাম নিরাপদ মিত্র। একেবারে সাদাসাপটা নাম। আমি জীবনে কখনও কোনও পাপ করিনি। যাকে বলে অন্যায়, তা কখনও করিনি। মিথ্যে কথা বলিনি। এই কথাগুলো আপনাদের কানে সোনার পাথরবাটির মতো শোনাচ্ছে। কিন্তু এটাই সত্যি। আমি রাজ্য সরকারের একজন। কর্মচারী এবং এখন পর্যন্ত ঘুষ নিইনি। এই বাড়িটা আমার স্বর্গীয় পিতৃদেব কিনেছিলেন। গত কুড়ি বছরে হোয়াইট ওয়াশ করাতে পারিনি পয়সার অভাবে। খুব কষ্ট হচ্ছে সংসার চালাতে। এটা নতুন গল্প নয়। কিন্তু এ-বাড়িতে মনে হয় কষ্টটা আমি একাই করছি। আপনাদের এসব কথা বলছি জানলে বাড়িতে কুরুক্ষেত্র বেধে যাবে। আমার বেশি কথা বলা বারণ।
আমরা চারজন এই বাড়িতে থাকি। আমার স্ত্রী নন্দিতা দাঁড়ান, নন্দিতার সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দিই। পঁচিশ বছর আগে আমরা যখন বিয়ে করেছিলাম তখন ওর বয়স ছিল বাইশ। এই সাতচল্লিশে চেহারাটা খুব খারাপ রাখেনি। হ্যাঁ, আগে খুব ছিপছিপে ছিল, কথাবার্তায় মিষ্টত্ব ছিল। আমারই দোষে সেগুলো নষ্ট হয়েছে। তবে হ্যাঁ, ও যে দুটো বড়-বড় ছেলেমেয়ের মা, তা দেখলে বোঝা যায় না। ডাকি ওকে, নন্দিতা, নন্দিতা–!
কেন? ভেতর থেকে গলা ভেসে এল।
একটু এ ঘরে আসবে?
প্রশ্নটা ছুঁড়ে দিয়ে উত্তর না পেয়ে নিরাপদ মিত্র আমাদের দিকে তাকিয়ে হাসলেন, আমি অবশ্য সচরাচর এমন ডাকাডাকি করি না। অস্বস্তি হয়। আসলে ছেলে বা মেয়েকে যে গলায় ডাকি, স্ত্রী কে ডাকতে গেলেও তো সেই গলাতেই ডাকতে হয়। ভেবে দেখুন, ব্যাপারটা ঠিক নয়, আমার বাবা তোমাকে কোনওদিন নাম ধরেই ডাকেননি।
এই সময় সালোয়ার কামিজ পরা লম্বা গড়নের একজন ঘরে ঢুকল, ডাকছ কেন?
তোমাকে নয়, তোমার মাকে।
মা সেটাই জানতে চাইল। মেয়েটার উচ্চারণ খুব স্পষ্ট।
অ। তুমি এতক্ষণ কোথায় ছিলে?
কাজ ছিল।
কাজ? ইউনিভার্সিটি ছুটি হয় চারটেয় আর রাত সাতটা পর্যন্ত কী কাজ করো?
রাত সাতটা নয়, সন্ধে সাতটা।
আমার প্রশ্নের এটা উত্তর নয়।
বললাম তো কাজ ছিল।
না, থাকতে পারে না। বিকেলবেলার পর তোমার বয়সি মেয়ের কোনও কাজ থাকতে পারে না। যদি দরকার হয়, সেই কাজ দিনেরবেলায় করবে।
কেন?
আমার চিন্তা হয়।
তোমার ছেলে রাত নটার আগে বাড়ি ফেরে না। তাকে একথা বলো না কেন?
আশ্চর্য! সে ছেলে, নিজের ব্যাপারটা সামলাতে পারে।
বাবা, তোমার ধারণা সন্ধে নামলেই কলকাতার রাস্তায় চিতাবাঘ আর হায়না ঘুরে বেড়ায়?
আমি তোমার সঙ্গে তর্ক করতে চাই না।
না, তুমি আমাকে বোঝাও। সন্ধের পর রাস্তায়-হাজার হাজার মানুষ ঘুরে বেড়ায়। মেয়েরাও কাজের জন্যে বের হয়। তোমার কি মনে হয়, সেইসময় ছেলেরা আমাদের অসম্মান করবে?
করতে পারে।
এই ছেলেরা কারা? শ্যামল বা তোমার কারও ভাই অথবা বাবা?
নিরাপদ যেন স্তম্ভিত, তুমি কী বললে!
অবাক হয়ো না। কথাটা সত্যি। যারা মেয়েদের অসম্মান করে তারা আকাশ থেকে পৃথিবীতে নেমে আসে না। আর সেইসব জন্তুগুলো দিনেরবেলাতেও সক্রিয় থাকে। বাবা, আমরা এতকাল ভয় পেতাম আর তোমরা সেই ভয়টাকে হাওয়া করতে। কিন্তু এখন দিন বদলে যাচ্ছে। এই মুহূর্তে তুমি অসুস্থ হলে আমাকেই ডাক্তার ডাকতে বেরুতে হবে, তাই না?
মেয়েটি বেরিয়ে গেল। নিরাপদ মিত্রকে বেশ বিপর্যস্ত দেখাচ্ছিল। নিজেকে সামলে নিতেই বোকার মতো হাসলেন। হেসে আমাদের দিকে তাকিয়ে বললেন, আমার মেয়ে নীপা।
অবশ্য অতবার-বাবা ডাক শুনে আমরা সম্পর্কটা বুঝেই গিয়েছিলাম, তাই এটা না বললেও ওঁর চলত। নিরাপদ মিত্র এক পা এগিয়ে এলেন, জানেন মশাই, আজকাল নিজের মেয়েকে ঠিকঠাক বুঝতে পারি না। এমন সব কথা বলে যে, যুক্তি দিয়ে খণ্ডন করা মুশকিল হয়ে পড়ে কিন্তু মানতে কষ্ট হয়। হ্যাঁ মানি, আজকালকার মেয়েরা আমাদের মা-মাসিমাদের মতো নয়, কিন্তু কাগজ খুললেই এত ধর্ষণের ঘটনা চোখে পড়ে যে, বাবা হিসেবে আতঙ্কিত না হয়ে পারা যায়?বলুন! যাকগে, মেয়ের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিলাম কিন্তু যাঁকে ডেকেছি তিনি এখনও এলেন না। শৈশবে দেখেছি ঠাকুরদা বা বাবার কীরকম কন্ট্রোল ছিল ফ্যামিলির ওপর। মুখের কথা। খসামাত্র কাজ হয়ে যেত। মা বাবার অবাধ্য হয়েছেন এমন ঘটনার কথা ভাবতেই পারি না। আর আজকাল। আমিই একমাত্র আর্নিং মেম্বার কিন্তু আমাকেই তোয়াক্কা করে না। মা ভয় পেতেন দেখে আমরাও বাবাকে ভয় পেতাম। এখন ছেলেমেয়েরা মাকে দেখে শিখছে, কি করে বাবাকে অবজ্ঞা করা যায়।
ডাকছ কেন? আধা-অন্ধকারে এক মধ্যবয়সিনী প্রবেশ করলেন।
তোমার মেয়ে আমাকে পাঁচকথা শুনিয়ে গেল।
কেন খোঁচাতে যাও!
বাঃ, চমৎকার! রাত করে বাড়িতে ফিরবে আর বললেই দোষ!
কেন রাত হল জিজ্ঞাসা করেছ?
করেছি। বলল, কাজ ছিল। এটা কোনও উত্তর হল?
যখন সংসারের কোনও কাজ করবে না, তখন ওটাই উত্তর।
তার মানে? আমি সংসারের কাজ করি না।
কী করো? সকালে বাজারটা আর ইলেকট্রিক বিল জমা দেওয়া। টাকা এনে দিচ্ছ বলে সাপের পাঁচ-পা দেখেছ! নীপা এ ঘরে আসার আগেই তুমি ডেকেছিলে আমাকে!
নিরাপদ হাত ছুড়লেন, মনে নেই। এসব শোনার পর কিছু মনে থাকে না। এক-এক সময় মনে হয় তোমার সঙ্গে কথা বলা বন্ধ করে দিই। এটা কি স্বামী-স্ত্রীর সম্পর্ক?যখনই দেখা হয় তখনই দুরমুশ করছ। আমি যেন পাপোশ, দেখলেই পা ঘষছ।
হতে পারে। তোমার সম্পর্কে আমার কোনও আগ্রহ নেই। যা বোঝার তা একদিনে বুঝে। নিয়েছি। যার সম্পর্কে আগ্রহ নেই তার সঙ্গে প্রেম করা যায় না।
ও আচ্ছা। তা তো বলবে। পাবলিক তোমার কথা শুনছে। বুঝে যাচ্ছে তুমি কী চিজ।
চিজ! আমাকে তুমি চিজ বললে!
নয়তো কী? আমার সঙ্গে যখন কথা বলো তখন যেন ড্রাম বাজছে আর যতীন যখন আসে তখন মনে হয় জলতরঙ্গ!
যতীনবাবু হাসালে! ওই সিঁড়িঙ্গে লোকটা সম্পর্কে আমার আগ্রহ হবে? তুমি তো এর বেশি ভাবতেও জানো না। এইসময় কড়া নাড়ার আওয়াজ হতেই ভদ্রমহিলা দ্রুত বেরিয়ে গেলেন।
নিরাপদ মিত্র আমাদের দিকে তাকালেন, এইরকম এক মহিলার সঙ্গে আমাকে ঘর করতে হচ্ছে। আমি অভিযোগ করছি না, নন্দিতা, আমি ছাড়া আর সবার কাছে খুব ভালো। কিন্তু আমি আমার দোষটা বুঝতে পারি না। আমি অসৎ নই, মিথ্যে কথা বলি না, কখনও কোনও পাপ করিনি। লাস্ট দশ বছর নন্দিতা মেয়ের সঙ্গে শুচ্ছে। মাঝে-মাঝে ভাবি আমার সঙ্গে ওর বিয়ে না হলেই ভালো ছিল। ওর সঙ্গে প্রেম করার জন্যে পাড়ার একটি ছেলে ছটফট করত। বাবা-মায়ের ভয়ে তাকে প্রশ্রয় দিতে পারেনি। এ গল্প বিয়ের দু-বছর বাদে শুনেছিলাম। ছেলেটার নাম কী। যেন–পার্থ, পার্থ সান্যাল। পার্থর সঙ্গে বিয়ে হলে নন্দিতা সান্যাল হয়ে এখন নিউ জার্সিতে। থাকত। নন্দিতাই খবর এনেছে পার্থ এখন আমেরিকান শিল্পপতি। নিরাপদর জায়গায় পার্থ হতেই পারত। ভাবতেই কেমন লাগে! আচ্ছা, এই নিয়ে নন্দিতার মনে আপশোশ নেই তো! মুখে বলেনি কোনওদিন, কিন্তু–।
হঠাৎ ভেতর থেকে চিৎকার ভেসে এল, বাড়িতে ভূতের মতো বসে আছ। সমস্ত পাড়ায় আলো জ্বলছে। ফিউজটা গেছে, এটা চেঞ্জ করতে পারোনি!
সঙ্গে-সঙ্গে নন্দিতার গলা, কে করবে? যাঁর করার কথা তিনি তো ওই ঘরে দাঁড়িয়ে কাব্যি করছেন।
নিরাপদ কিছু বলতে যাচ্ছিলেন, এইসময় দপ করে আলো জ্বলে উঠল। ফুঁ দিয়ে মোমবাতিটা নিবিয়ে দিলেন তিনি। তারপর আমাদের দিকে তাকিয়ে বললেন, আমার ছেলে ঘরে ফিরলেন। ছেলে না বলে অপোনেন্ট বলাই ভালো। ওর সঙ্গে আলাপটা আপনারা নিজেরাই করে নিন। ততক্ষণ আমি হাতমুখ ধুয়ে নিই।
নিরাপদ ঘর থেকে বেরিয়ে গেলে আমরা চোখ বোলালাম। একটি অতি সাধারণ ড্রইং কাম ডাইনিং রুম। ঘরের দেওয়ালের চুন অনেক জায়গায় খসে-খসে গিয়েছে। একটা সস্তা টেবিল এবং চারটে চেয়ার দেখতে পাচ্ছি একপাশে। এদিকে তিনটে কাঠের চেয়ার মুখোমুখি। নন্দিতা ঘরে ঢুকলেন হাতে দুটো থালা নিয়ে। টেবিলে নামিয়ে রেখে গলা তুললেন, খাবার দিয়েছি! সঙ্গে-সঙ্গে নীপাকে দেখা গেল জলের জাগ এবং তিনটে গ্লাস নিয়ে ঢুকতে। ব্যস্ততা বাড়ল।
নন্দিতা কয়েকবার সম্ভবত রান্নাঘরেই গেলেন এবং তিনটে থালায় খাবার ছাড়াও একটা আলাদা পাত্র মাঝখানে রইল। নীপা একপাশে চেয়ার টেনে বসতেই ঘরে শ্যামল এল। মাঝারি লম্বা, ছিপছিপে সুদর্শন, কিন্তু একটু চোয়াড়ে ভঙ্গি আছে। পরনে গেঞ্জি পাজামা। টেবিলের সামনে দাঁড়িয়ে ঈষৎ ঝুঁকে খাবারের থালার দিকে তাকাল। ওর মুখে বিরক্তি ফুটে উঠল, ওঃ, সেই একঘেয়ে ব্যাপার।
নন্দিতা বললেন, বোস।
চেয়ার টেনে নিল শ্যামল, ধুস! এভাবে খাওয়া যায় না। একদিন একটু ভালো করে রাঁধতে পারো না?
নীপা বলল, ওই সয়াবিনের তরকারিটা আমাকে দিও না।
ছেলে নয়, মেয়ের দিকে তাকালেন নন্দিতা, কী দিয়ে খাবে?
ডাল দিয়েই হয়ে যাবে। নীপা হাত বাড়াল।
শ্যামল মায়ের দিকে ফিরল, আজ মাংস করতে বলেছিলাম না?
নন্দিতা হাসার চেষ্টা করলেন, মাংসের কেজি কত করে জানিস?
যতই হোক, লোকে তো খাচ্ছে, কারা খাচ্ছে, কীভাবে খাচ্ছে তা আমার জানার দরকার নেই।
তোর বাবা যে টাকা দেয় তা থেকে শেষদিকে মাংস কেনা আমার পক্ষে সম্ভব নয়। নন্দিতা। ঝাঁঝিয়ে উঠে দেখতে পেলেন নিরাপদ ঢুকছে। সেই গলায় তিনি বললেন, এসব কথা রোজ রোজ শুনতে আমার ভালো লাগে না। তুমি জবাবদিহি দাও!
নিরাপদ চেয়ার টেনে নিলেন। নন্দিতা বসলেন না। নিরাপদ বলেলেন, আমার যা রোজগার তাতে এর চেয়ে বেশি হয় না শ্যামল। তুই পাশটাশকরে চাকরি করলে ইচ্ছেমতো খেতে পারবি।
চাকরি যেন হাতের মোয়া, চাইলেই পাব! শ্যামল রুটি ছিঁড়ল।
নন্দিতা আরও বিরক্ত হলেন, এমনভাবে কথা বলছিস যখন, তখন কলেজে যাওয়াই বা কেন? তাতেও তো কিছু পয়সা বাঁচে।
শ্যামল মায়ের দিকে তাকাল, আশ্চর্য! তোমরা কেউ সত্যি কথা ফেস করতে চাও না কেন বলো তো? আজকাল যেখানে ব্রিলিয়ান্ট রেজাল্ট করেও চাকরি পেতে হিমসিম খেতে হচ্ছে, সেখানে আমার কোনও চান্স নেই, বুঝলে?
ব্রিলিয়ান্ট রেজাল্ট করার চেষ্টা করেছিস কখনও? নন্দিতা যেন বাগে