মেয়েমানুষটি দাঁড়িয়েছিল দরজার কাছে।
সামনের রাস্তাটি উত্তর দক্ষিণে লম্বা। সরু রাস্তা দু-পাশে ঘিঞ্জি বাড়ি। রাস্তার ধারে পানবিড়ির দোকানপাট। দক্ষিণে জেলেপাড়া, উত্তরে মালীপাড়া। মালীপাড়ায় মালী আর নেই। এখন নামটি বেঁচে আছে। ভাল কথায় লোকে বলে খারাপ পাড়া। মফস্বলের ছোট শহর হলেও, বেচা কেনা, হাট বাজার—বেশ জমজমাট শহর।
মেয়েমানুষটি যে বাড়ির দরজায় দাঁড়িয়েছিল, ওইখান থেকে মালীপাড়ার শুরু বলা যায়।
পৌষের দুপুর। দেখতে দেখতে রোদ কাত হয়ে গেছে কখন। পাড়াটার পুবের বাড়ির চালাগুলি পেরিয়ে কোঠাবাড়ির মাথায় ঠেকেছে রোদ।
মেয়েমানুষটির দরজার মাথায় একটি ছোট সাইনবোর্ড টাঙানো রয়েছে। লেখা আছে, শ্রীমতী কৃষ্ণভামিনী দাসী কীর্তন গায়িকা। ভিতরে অনুসন্ধান করুন।
দাঁড়িয়ে আছে কৃষ্ণভামিনী নিজেই। মাজা মাজা রং, দোহারা গড়ন। মধ্য-ঋতু আশ্বিনের নিস্তরঙ্গ ঢলে ঢলে শরীর। বয়সটা অবশ্য গিয়ে ঠেকেছে তলে তলে আর একটু দুরে। দিনের হিসেবে আশ্বিনের দিন কাবার হয়ে অগ্রহায়ণের একটু শীত ধরেছে সেখানে। একটু রাশভারী দলমলে কৃষ্ণভামিনী। কপালের সামনে পাতা পেড়ে চুল এগিয়ে দিয়েছে। সিঁথির সিঁদুর সামান্য। ডাগর চোখে এখনও সজাগ চাহনি, খরতাও আছে। কালো শাড়ি পরনে, গায়ে জামা নেই।
মুখে পান টিপে ভ্রূ কুঁচকে তাকিয়ে আছে দক্ষিণে। চোখে ঠোঁটে রাগ রাগ ভাব। নাকছাবিটিও নড়েচড়ে উঠছে নাকের পাটায়।
পুব কোলের কোঠাবাড়ির বারান্দা থেকে একটি মেয়ে জিজ্ঞেস করল, দাঁড়িয়ে আছ যে কেষ্টদিদি?
কৃষ্ণভামিনী, সেদিকে না তাকিয়ে বলল, দেখছি।
কাকে?
মরণকে।
মেয়েটি হেসে বলল, বুঝিছি। তোমার খোলঞ্চিকে তো? তা সে মিনসেকে তো দেখলাম, একটু আগে ভেঁপু ফুঁকতে ফুঁকতে, রিকশা চালিয়ে একটা লোক নিয়ে গেল পাড়ার মধ্যে।
কথা শেষ হতে না হতেই হর্ন বাজিয়ে একটা সাইকেল রিকশা এসে দাঁড়াল কৃষ্ণভামিনীর দরজায়। রিকশায় যাত্রী নেই। রিকশাওয়ালা নেমে একটু অপ্রতিভ মুখে হাসল কৃষ্ণভামিনীর দিকে চেয়ে।
কালো মানুষ। পেটা পেটা শক্ত চেহারা। বাবরি চুলও কালো। গোঁফ দাড়ি কামানো মুখ। এ-সব মানুষ একটু বয়স-চোরা হয়। ধরা যায় না কিছু। কালো মুখে ধুলো লেগে রুক্ষ দেখাচ্ছে। সদ্য রিকশা চালিয়ে ফুলে উঠেছে হাত পায়ের পেশি। অপ্রতিভ হয়ে হাসলে তাকে বোকা দেখায়।
ভ্রূ বাঁকিয়ে গম্ভীর গলায় জিজ্ঞেস করল কৃষ্ণভামিনী, কটা বেজেছে?
সে বলল, এট্টুস দেরি হয়ে গেছে।
কৃষ্ণভামিনীর রাগ চড়ল তার কথা শুনে। বলল, রিকশা চালিয়ে খাবে, ওই চালিয়ে মরবে। ভগবান তোমার হাতে কেন শ্রীখোল দিয়েছিল, বলতে পারো?
অন্য মেয়েটির কথানুযায়ী বোঝা গেল, লোকটি কৃষ্ণভামিনীর খোলুঞ্চি অর্থাৎ খোল বাজিয়ে। নাম গগন। হেসে বলল, ভগবানের বিষয় বলে কথা? কী যে কে হয়, কেউ জানে? পয়সার কাজটা আমাকে করতে হবে তো। না, কি বলো গো।
বলে পুবের বারান্দার মেয়েটির দিকে তাকাল। কৃষ্ণভামিনীর কৃষ্ণচোখের তারা জ্বলে উঠল দপদপ করে। চতুর্থ ঋতু অগ্রহায়ণেও বৈশাখের বিদ্যুৎবহ্নি। তীক্ষ্ণ গলায় বলে উঠল, ও আবার কী বলবে? আমিই বলছি, না পোষায় ছেড়ে দিলেই পারো। আমার কি শ্রীখোলা-বাজিয়ের অভাব হবে, না তোমাকে পয়সা আমি দিতে চাইনি। রাস্তায় দাঁড়িয়ে সাক্ষী মানছ লোককে, ন্যাকামো করে তবে মরতে আসা কেন এখানে?
বলতে বলতে ভিতরে ঢুকে গেল কৃষ্ণভামিনী। দাঁড়িয়েছিল রানীর মতো, ফিরে গেল ক্রুদ্ধা রাজেন্দ্রানীর মতো। দরজাটির পাল্লা নেই। নইলে বন্ধ করে দিয়ে যেত।
বিমর্ষ হেসে গগন ফিরে তাকাল পুবের বারান্দার দিকে। সে মেয়েটি, গগনকে নয়, কৃষ্ণভামিনীকে ভেংচে চলে গেল।
বাড়ির দরজাটি বড়। সেকেলে বড়লোকের বাড়ি ছিল এটা। বাড়িটা নেই। পাঁচিল আর দরজার মাথাটা রয়ে গেছে। রিকশাটা ঢুকিয়ে দিল গগন উঠোনে।
ভিতরে তখন কৃষ্ণভামিনী হাঁক দিয়েছে, রাধি, ও রাধা, কোথায় গেলি?
রাধা ছুটে এল ঘরে। ডাগর-সাগর রাধা, কটা রং। ছোট ছোট চোখে ডাগর চোখের ঢুলুনি। ঠোঁট দুটি বড় লাল, একটু স্থূল। কৃষ্ণভামিনী বলল, নে হারমনিয়াটা টেনে নে।
রাধা বুলল, খোলুঞ্চি খুড়ো এল না মাসি?
কৃষ্ণভামিনী দেওয়ালের পেরেক থেকে খঞ্জনি জোড়া পেড়ে ধমকে উঠল, তুই বোস্ দিকিনি। শ্রীখোল ছাড়াই হবে। পোষ মাসের আর কটা দিন মাত্তর বাকি। নবদ্বীপ থেকে বাবাজির চিঠি এসে পড়েছে। দোসরা মাঘ বেরুতেই হবে। আমার কাজ আছে। রাধা চোরা চোখে মাসির মুখ দেখে আর কথা বাড়াল না। ওই মুখের কাছে মুখ বাড়ানো যায় না।
প্রতি বছর মাঘ মাসেই কৃষ্ণভামিনী নবদ্বীপে যায়। মাঘ মাসে ভোর ভোর সকালে নবদ্বীপে আখড়ায়, আখড়ায়, মন্দিরে মন্দিরে কীর্তনের আসর বসে। নবদ্বীপের চেহারা বদলে যায়। স্বয়ং বিষ্ণু অবতরণ করেন। লোকে মাঘে যায় প্রয়াগে, বৃন্দাবনে, মথুরায়। ত্রিবেণীতে কল্পবাস করে। আর নবদ্বীপে আসেন নামকরা মহাজনেরা, মহাশয় বৈষ্ণবেরা। ত্রৈলোক্য আচার্য, কৃষ্ণনাথ ভট্টাচার্য, মোহিনীমোহন মল্লিক, এই সব বড় বড় লেখাপড়া জানা বৈষ্ণব গায়কেরা আসেন। পদ রচনা করেন, ভাঙেন গড়েন, পুঁথি নিয়ে বসেন বড় বড়। আসর হয়, এক একদিন এক এক আখড়ায়। সে আসরে স্কুল কলেজের ছাত্র মাস্টারমশাইরাও ভিড় করেন এসে। নবদ্বীপের ওই সব আসরে কৃষ্ণভামিনীর বড় আদর। মহাশয়েরা স্নেহ করেন মেয়ের মতো। বাবাজিরা তাকিয়ে থাকেন সতৃষ্ণ নয়নে। ভক্ত অভক্ত জনতার রক্তেও আখরের দোলা লাগে।
পানটি নেশার জিনিস। নবদ্বীপেও ভোরবেলা স্নান করে পানটি মুখে দেয় কৃষ্ণভামিনী। ঠোঁট রক্তরেখায় বেঁকে ওঠে। বোয়া নীলাম্বরী পরে, আঙুল তুলে গায়,
বঁধু, তোমার দেওয়া গরবে,
তোমার গরব টুটাব হে।
নবদ্বীপে না গিয়ে পারে না কৃষ্ণভামিনী। আজকাল, শহরে বাজারে আর তাদের বড় ডাক পড়ে না। বায়স্কোপ থিয়েটার, রেডিয়ো রেকর্ডে অনেক কীর্তন শোনে লোক। কত শত মিঠে গলায় বাহারে পদের গান। তা ছাড়া দিন গেছে বদলে। কৃষভামিনীর দেহ ও বয়সের ধারায়, যুগটা পাশ কাটিয়ে গেছে অন্যদিকে। পাড়াতে তাদের ডাকতেও নাকি অসম্মান। সাইনবোর্ডটা ঝুলানো আছে এক যুগ ধরে। ওইটি দেখে কোনওদিন কেউ ডাকতে আসেনি তাকে। সাইনবোর্ডটির বয়স বেড়ে গিয়ে টিন বেরিয়ে পড়েছে।
তাই নবদ্বীপ যেতে হয়। সেইখানে কিছু বায়না পাওয়া যায়। এখনও দুর জেলা থেকে ডাক আসে। বর্ধমান, বাঁকুড়া, আরও তলায় মেদিনীপুর, উঁচুতে মানভূম–প্রবাসের বাঙালিরা ডাকেন কখনও সখনও। কীর্তনের খোঁজে সবাই নবদ্বীপেই আসেন এখনও। কৃষ্ণভামিনী কাছে না থাকলেও বাবাজিরা ঠিকানা দিয়ে পাঠিয়ে দেয় এখানে। না গিয়ে উপায় কী?
বছর দুয়েক আগে, রাধামাধব আখড়ার রাখহরি বাবাজি একদিন গানের শেষে এসে বলেছিল, কেষ্ট, আচায্যি মশাই বলছিলেন, এবার তোমার আখেরটা একটু দেখতে হয়।
ধ্বক করে উঠেছিল কৃষ্ণভামিনীর বুক। কেন বাবাজি? গান জমেনি?
বাবাজি বলেছিল, রাধেমাধব। এমনটি আর কার জমে গো। আচায্যি বলছিলেন, কেষ্টর বয়স হল। আখেরের কিছু না করলে শেষ বয়সটা.. একটু থেমেই আবার বলেছিল, তোমার কথা সবাই ভাবেন। তাই বলছিলাম, সব গুটিয়ে-সুটিয়ে একেবারে নবদ্বীপেই চলে এসো। শেষ বয়সটা রাধামাধবের সেবা করে…।
ধ্বকধ্বকানিটা থেমেছিল, যন্ত্রণাটা বুকের কমেনি কৃষ্ণভামিনীর। শেষ বয়স! যে কথাটি অনেকবার তার রক্তস্রোত বলে গেছে কানে কানে, আজ সকলে মিলে বলছে সেই কথা। সময় হয়ে এসেছে। বেলা যায়, বেলা যায়। কৃষ্ণভামিনী বুঝেছিল, শুধু তার রূপ নয়, আরও কিছু আছে। বিলাপের দুই জায়গায় স্বর ছিঁড়ে গিয়েছিল। বুক ভরে দম নিয়ে, গলার শির ফুলিয়েও শেষরক্ষে হয়নি।
বাবাজি আরও বলেছিল, গলার আর দোষ কি বলো। যেখানে আছ, সেখানে থাকলে অনাচার তো একটু হবেই।
অনাচার অর্থে নেশা ভাং আর শরীর পীড়নের ইঙ্গিত করেছিল বাবাজি। একেবারে মিছে বলেনি। কিন্তু নবদ্বীপে এসে থাকলে কি সে সবের কিছু কমতি হবে? একে তো সে-আশ্রয় হবে পরের আশ্রয়। কৃষ্ণভামিনীর তাতে বড় ঘৃণা। আর, রাখহরি বাবাজি যখন ভালবাসবে, তখন? অমন ঢুলঢুল চোখ বাবাজির, কেষ্টকে ভাল না বেসে তার উপায় কি।
সে ভালবাসার আশ্রয় তো সইবে না তার।
তবে আখেরের ব্যবস্থা করেছিল কৃষ্ণভামিনী। মালীপাড়ার মেয়ে সে, নিজের জীবন তাকে শিখিয়েছে অনেক কিছু। রাধাকে পেয়েছিল সে আটবছর বয়স থেকে। আরও বারো বছর খাইয়ে পরিয়ে বড় করেছে, গান গেয়ে, দেহ পণ্য করে। কীর্তনে দীক্ষাও দিয়েছে অনেকদিন। মালীপাড়ার কারবারে ছেড়ে দেয়নি পুরোপুরি। মেয়েটার রং ঢং আছে। গলাটি একটু খর, তবে মন্দ নয়। কিন্তু বড় মাথা মোটা। দিন রাত্রই সেজে গুজে আছে। সন্ধে হলেই উঁকি ঝুঁকি মারবে এ-দিকে ও-দিকে। মালীপাড়ার মন্ত্র পড়ছে তো কানে দিবানিশি। এখন রক্তে বড় জ্বালা।
প্রথম দিকে শেখাবার অতটা চেষ্টা ছিল না কৃষ্ণভামিনীর। গত দুবছর থেকে সাঁড়াশির মতো চেপে ধরেছে সে রাধাকে। তালিম দিচ্ছে চুলের মুঠি ধরে। গতবছর নবদ্বীপের বায়নার জায়গায় জায়গায় নিয়ে গেছল তাকে।
আখেরের ব্যবস্থা করেছে সে। কাউকে বলে দিতে হয়নি। তার গান, গায়িকা কৃষ্ণভামিনী, তারও যে আখের আছে, সেকথা ভেবে কেন মন পোড়ে।
বঁধু, পিরিতি করিয়া রাখিলে যদি,
অভিসার নিশি কাটে কেন।
না রাখিতে নিশি কাটে না যেন।
খঞ্জনিতে দুবার ঝুন ঝুন করে কৃষ্ণভামিনী বলল, নে, মানের গানটা ধর।
রাধা উসখুস করছে। এ বাড়িতে আরও তিনঘর মেয়ে আছে। এ সময়ে তাদের কাছে বসে রাধা তাদের বাসরলীলার কাহিনী শোনে। বলল, কোনটা?
কালকে যেটা হয়েছে।
ভয়ে ভয়ে বলল, আমার মনে পড়ছে না মাসি।
কৃষ্ণভামিনী রাগে জ্বলে উঠল। বলল, তা তো তোর মনে পড়বে না। চিরকাল বারোভাতারি তোর কপালে আছে, খণ্ডাবে কে।
তারপর একমুহূর্ত চুপ করে থেকে গুন গুন করে উঠল সে।
তুমি সুনাগরী রসের আগরী
তেজহ দারুণ মান।
সখীর বচনে কমলনয়নী
ঈষৎ কটাক্ষে চান।…..
রাধা গান ধরতে না ধরতেই, গগন এসে ঢুকল। কৃষ্ণভামিনী চেয়েও দেখল না। রাধার ভ্রূ দুটি নেচে উঠল শুধু।
এ আসরে সে নিতান্ত বেমানান। ময়লা হাফশার্ট গায়ে, তালিমারা ফাটা ফুলপ্যান্ট পরা রিকশাওয়ালার সঙ্গে কোনও মিল নেই এ ঘরের। এ ঘরের সাজানো-গোছানো অল্পসল্প জিনিস, পরিষ্কার যুগল শয্যা, সব কিছুতেই বিপরীত।
দেওয়াল থেকে খোলটি পেড়ে, কপালে ঠেকিয়ে একটু দূরেই বসল সে। কৃষ্ণভামিনীর চোখের পাতা নড়ল না। কিন্তু খঞ্জনির রিনিঠিনি খোলের বোলে একাত্ম হয়ে গেল। রাধারও গলা ছাড়ল।
.
গগন লোকটি এ তল্লাটের নয়। বছর দশেক আগে, বর্ধমানের এক গ্রাম থেকে, চলে এসেছে কৃষ্ণভামিনীর পিছনে পিছনে। কৃষ্ণভামিনী গাইতে গিয়েছিল সেখানে।
লোকটির পেছু নেওয়া নজরে ছিল তার। দেখেই বুঝেছিল, অন্তঃসারশূন্য গেঁয়ো বাউণ্ডুলে। ঘর বউ জোটেনি কপালে। রেস্ত থাকলে একটু আসকারা দিত হয়তো কৃষ্ণভামিনী। মাগনা পিরিতে মন দূরের কথা, শখও ছিল না একটু।
লোকটি কয়েকদিন এ-দিক সেদিক করে হঠাৎ এসে বলেছিল, তোমার সঙ্গে এট্টুস খোল বাজাব ভাই।
আজকে যেমন অপরাধীর মতো হেসে এসে দাঁড়াল, সেদিনও তেমনি করে এসে দাঁড়িয়েছিল। তখন কৃষ্ণভামিনীর শ্রাবণের খরস্রোত দেহে, আশ্বিনের ঢল বয়সের হিসেবে। চোখের পাতার নিঃশব্দ ঝাপটাতেই তাড়িয়ে দিতে চেয়েছিল পারেনি। ওদিকে আবার গগনের একটু চ্যাটাং চ্যাটাং কথা ছিল। বলেছিল, আমার রং কালা, ট্যাঁকও কালা, একটু বাজাতে চাই খালি।
বাজিয়েছিল। বাজিয়ে নিয়েছিল কৃষ্ণভামিনী। তেওড়ার ঢং-এ দুঠুকী বাজাতে বাজাতে গোলাপী নেশার মতো ঢুলছিল গগন। আর চোখ দিয়ে যেন চাটছিল কৃষ্ণভামিনীকে। দেখে শুনে ভা
