Home
শিশিরবাবুর স্বপ্ন

শিশিরবাবুর স্বপ্ন

মনোজ সেন

শিশিরবাবুর স্বপ্ন

মনোজ সেন
short story

Posted byবই বন্দর24-Jul-2025

Change color

শিশিরবাবু বিরক্ত মুখে খবরের কাগজটা ভাঁজ করে টেবিলের ওপর ছুড়ে দিয়ে বললেন, ‘দুর, দুর!’

শিশিরবাবুর স্ত্রী বিজয়া টেবিলের অন্যপাশে বসে দুধের গ্লাসে চিনি দিচ্ছিলেন। জিজ্ঞেস করলেন, ‘কী হল?’

‘কী আবার হবে। কিছুই হয়নি। সেটাই তো কথা। পয়সা দিয়ে কাগজ কেনা, পয়সা জলে দেওয়ার সমান!’

‘কী হবে আশা করছিলে?’


‘যাহোক কিছু। যুদ্ধ, ভূমিকম্প, বিপ্লব- একটা কিছু। কিন্তু নাঃ কিচ্ছু হচ্ছে না, কিচ্ছু হয় না। খালি রাজনীতির কচকচানি। সবাই বসে বসে ল্যাজ নাড়ছে আর বড়ো বড়ো বক্তৃতা দিচ্ছে। আমাদের ছোটোবেলায় এরকম ছিল না। রোজ যাকে বলে রোমহর্ষক ঘটনায় কাগজ রমরম করত। বিপ্লবীরা গুলি ছুড়ছে, ইন্দোচীনে অগ্ন্যুৎপাত ঘটছে, হিটলার, মাউ মাউ— সে এক হইহই ব্যাপার। আর এখন দ্যাখো! যা-কিছুই হতে যায়, সবাই দৌড়ে এসে বন্ধ করে দেয়। এমন করলে এখানে উত্তেজনা বলে কিছু থাকে?’


বিজয়া বললেন, ‘রিটায়ার করে তোমার জীবনটা একেবারে মিইয়ে গেছে, তাই না? তা কী করবে বলো? একসময় না-একসময় তো সকলকেই এই অবস্থায় এসে পৌঁছাতে হয়। সবসময় উত্তেজনার মধ্যে থাকতে চাও, অথচ তার বয়েস আছে? তার চেয়ে চলো না কিছু তীর্থভ্রমণ করে আসি।’


শিশিরবাবু দুধে চুমুক দিচ্ছিলেন। বিষম খেয়ে বললেন, তীর্থভ্রমণ? আমি? এতদিনেও আমাকে চিনে উঠতে পারলে না? কোনোদিন আমাকে ঠাকুর-দেবতার প্রতি ভক্তিতে গদগদ দেখেছ?’


‘না, তা দেখিনি। কিন্তু এখন তো তোমার বয়েস হয়েছে। এই সময়েও…’


‘থামো, থামো। এই বয়সে কী হয়েছে যে আমাকে হঠাৎ বসে বসে ঘণ্টা নাড়তে হবে?’ বলে অনেকক্ষণ আকাশের দিকে তাকিয়ে চুপ করে বসে রইলেন। তারপর নীচু গলায় বললেন, ‘কিছু কিছু লেখায় পড়েছি, তাঁরা নাকি গ্রহান্তরের মানুষ। কোনো সুদূ র অতীতে একবার বা হয়তো একাধিকবার পৃথিবীতে এসেছিলেন এবং সম্ভবত অদূর ভবিষ্যতে আবার আসবেন। তাঁরাই আমাদের আগুনের ব্যবহার শিখিয়েছিলেন, সভ্য করেছেন, কাঁচা মাংসের জায়গায় রান্না করা খাবাব খেতে শিখিয়েছেন। আমি পুজো করলে, ঘণ্টা নাড়লে, মন্ত্র পড়লে, যদি আবার তাঁরা আসেন, তো আমি রাজি আছি! মহাভারতে দেখো আছে, সমস্ত আকাশ ও পৃথিবী নিনাদিত করে ইন্দ্রের রথ ভূমিতে অবতীর্ণ হত। অর্থাৎ সেটা ছিল একটা মেকানিক্যাল মহাকাশযান। সেই রকম মহাকাশযানে করে তোমার উপাস্য দেবতারা যদি আসেন তো বলো, গঙ্গাস্নান করে এখনই ইন্দ্রের পুজোয় বসি।’


বিজয়া বিরক্ত গলায় বললেন, ‘যত সব হিজিবিজি বই পড়ে মাথার বারোটা বাজাচ্ছ! তার চেয়ে দুটো ভালো বই পড়ো- মনে শান্তি পাবে। এমন ছটফট করে বেড়াতে হবে না।’


শিশিরবাবু কোনো কথা না-বলে চুপ করে আকাশের দিকেই চেয়ে বসে রইলেন।


কিন্তু বসে থাকলে কিছু হয় না। কখনোই কিছু হয় না। কাজেই শিশিরবাবুকে উঠতে হল। আজ বাজার করবার দরকার নেই; তাই ভাবলেন, বাগানের কাজই করা যাক।


শিশিরবাবুর বাগানটা প্রকাণ্ড। বেশ কয়েক বিঘে জমি নিয়ে। ফলের গাছ, ফুলের গাছ, তরিতরকারি— সবই আছে। রুক্ষ পাথুরে জমিকে এই সবুজ খেতে পরিণত করেছিলেন শিশিরবাবুর ঠাকুরদা, রায়বাহাদুর প্রমথনাথ রায়। হাজারিবাগে এসেছিলেন ডাক্তারি করতে, এই বাড়ি আর বাগান তৈরি করে এখানেই থেকে গেলেন। তাঁর ছেলেরা কেউই হাজারিবাগে থাকেননি, সবাই কলকাতায় নয়তো দিল্লির স্থায়ী বাসিন্দা হয়েছিলেন। শিশিরবাবু আবার এসে এখানে উঠেছেন, কারণ রিটায়ার করার পর কলকাতা শহর তাঁর কাছে অসহ্য হয়ে উঠেছিল। প্রথমত জিনিসপত্রের দামের জন্যে আর দ্বিতীয়ত, বিরামহীন গোলমালের জন্য। নির্জনে বসে বই পড়বেন এই ইচ্ছে নিয়ে এখানে এসে উঠলেন। ছেলেরা এল না, মেয়ের তো বিয়েই হয়ে গিয়েছিল। তাতে অবশ্য তাঁর কোনো আফশোস নেই, কেবল বিজয়া মাঝে মাঝে ঘ্যানঘ্যান করে থাকেন। এতবড়ো বাড়ি, এতবড়ো বাগান— এর মধ্যে আজন্ম কলকাতায় থাকা বিজয়া বোধ হয় হাঁপিয়ে ওঠেন।


শিশিরবাবুর বাড়িটা শহরের একপ্রান্তে। একসময় বাইরেই ছিল, এখন শহর বাড়তে বাড়তে প্রায় ধরে ফেলেছে। তবে ছাড়িয়ে যায়নি। তাঁর বাগানের পেছনে এখনও রয়েছে বড়ো বড়ো পাথর ছড়ানো দিগন্তবিস্তৃত রুক্ষ জমি। সন্ধের পর এখনও নামে আশ্চর্য নৈঃশব্দ, আকাশে ঝকঝক করে তারা। বাড়ির সামনে কিছু লোকজন, দোকানপাট, সাইকেলরিকশার আওয়াজ। আর পেছনে বাগান পেরিয়ে সীমাহীন নির্জনতা। শিশিরবাবুর পড়া বা গান শোনার এখনও কোনো অসুবিধে নেই কিন্তু বাগানটা শুকিয়ে আসছে। মালী দীনদয়াল যত বুড়ো হচ্ছে, বাগানটাও যেন তেমনই বুড়িয়ে যাচ্ছে। শিশিরবাবু মাঝে মাঝে ভাবেন দীনদয়ালকে ছাড়িয়ে দেবেন, কিন্তু পারেন না। দীনদয়ালের বাবা প্রমথবাবুর মালী ছিল।


শিশিরবাবু দীনদয়ালকে জোরে দু-বার ডেকে বাগানের ভেতর হাঁটতে শুরু করলেন। ফুলের বেড়াগুলো ছাড়িয়ে তরিতরকারির বাগানটা কিছুক্ষণ দেখলেন। আগে ফুলের বাগানটা আরও বড়ো ছিল, এখন ছোটো হয়ে এসেছে। তরিতরকারির খেতটা হয়তো একটু বাড়ালে ভালো হত। দীনদয়ালের সঙ্গে পরামর্শ করা দরকার। কিন্তু দীনদয়াল কোথায়? আবার জোরে ডাকলেন শিশিরবাবু। সাড়া নেই। গেল কোথায় লোকটা? শিশিরবাবু বাগানের পেছন দিকে চললেন।


জাপানিরা নাকি বলে থাকে যে বাগান করার মতো সুখ আর নেই। শিশিরবাবু তা মানেন না। বুদ্ধিমান লোকের সুখ হওয়া উচিত এমন ব্যাপারে যাতে মস্তিষ্ক চালাতে হয়, যুক্তি তর্ক, বিশ্লেষণ-আলোচনা ইত্যাদি প্রয়োজন হয়, যা কল্পনাকে উত্তেজিত করে। সার নিয়ে এক্সপেরিমেন্ট বা কলম করে ফুলের রং পালটানোর মধ্যে সুখের সন্ধান তিনি কোনোদিন পাননি। আসলে সুখ আর নেই। ভালো বই আর লেখা হয় না। এমন কোনো ঘটনা ঘটে না, যা বুদ্ধিমান লোককে উত্তেজিত করতে পারে। পাঞ্জাবের নির্বোধ ছেলেমানুষি, ইউরোপের আত্মঘাতী রণসজ্জা, মধ্য আমেরিকার নির্বিবেক খুনোখুনি, কোনোটাই যুক্তিশীল প্রকৃত বুদ্ধিমান লোকের খোরাক হতে পারে না। বুদ্ধিমান লোকের উত্তেজনার দিন ফুরিয়ে গেছে। এখন নির্বোধ, অশিক্ষিত, গোঁয়ারদের রাজত্ব, কাজেই তাদের উত্তেজিত করার মতো ঘটনাই তো এখন ঘটবে। অতএব বাগান করা ছাড়া শিশিরবাবুদের আর গত্যন্তর কী? কিন্তু দীনদয়ালের এখনও কোনো সাড়া নেই।


বাগানের পেছন দিকে কোনো একসময় গোয়ালঘর ছিল, একটা কুয়ো ছিল, হাঁসের ঘর, কাপড় কাচার আর জল গরম করার উনুন ছিল— এখন সেসব ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে। কুয়োটাও শুকিয়ে গেছে বহুদিন আগে। শিশিরবাবু রোজই একবার এখানে এসে দাঁড়ান আর ভাবেন এ জায়গাটায় কিছু একটা করা দরকার, কিন্তু করা আর হয়ে ওঠে না। আজও পোড়ো গোয়ালঘরটার সামনে দাঁড়িয়ে অন্যমনস্কভাবে সেদিকে তাকিয়ে রইলেন। হঠাৎ তাঁর নজরে পড়ল, ভেতরে কী যেন নড়াচড়া করছে। মানুষ বলেই তো মনে হল।


এদিকে দীনদয়াল ছাড়া আর কারোর আসার কথা নয়। কাজেই শিশিরবাবু দু-পা এগিয়ে ডাক দিলেন, ‘ওখানে কে? দীনদয়াল নাকি?’


বোধ হয় তাঁর ডাক শুনেই ভাঙাচোরা দেওয়ালের ওপাশ থেকে একটা ফোকর টপকে দু-জন লোক বেরিয়ে এল। একজন অবশ্যই দীনদয়াল— মাথার কাঁচাপাকা চুল, গায়ে হাতকাটা গেঞ্জি আর খাকি হাফপ্যান্ট। তার সঙ্গে একজন ভদ্রলোক শিশিরবাবুর মতোই পাজামা আর পাঞ্জাবি পরা, তারই সমবয়সি হবেন। ভদ্রলোককে দেখে শিশিরবাবুর ভীষণ চেনা চেনা লাগল, কিন্তু ঠিক চিনে উঠতে পারলেন না। কোথায় যেন দেখেছেন, খুব কাছ থেকেই দেখেছেন, অথচ মনে করতে পারলেন না।


আগন্তুক ভদ্রলোকের দিকে কিছুক্ষণ অবাক হয়ে চেয়ে থেকে শিশিরবাবু দীনদয়ালকে বললেন, ‘এতক্ষণ ছিলি কোথায়? ওখানে কী করছিলি? ইনি কে?’


দীনদয়াল এতগুলো প্রশ্নের একটারও জবাব না-দিয়ে ফিক করে লাজুক হাসল। তারপর বরাভয়ের ভঙ্গিতে একহাত তুলে শিশিরবাবুকে একটু অপেক্ষা করতে বলে হাফপ্যান্টের পকেট থেকে একটা ছোট্ট কালো মতন যন্ত্র বের করে তার ওপর অদ্ভুত কায়দায় হাত বুলোতে লাগল। একটু বাদেই হঠাৎ কালো যন্ত্রটার ওপর একটা সবুজ আলো জ্বলে উঠল আর টিং করে একটা শব্দ হল। অমনি দীনদয়াল মুখ তুলে আবার ফিক করে হেসে বলল, ‘শিশিরবাবু, নমস্কার’।


শুনে শিশিরবাবু ভয়ানক আশ্চর্য হয়ে বললেন, ‘তার মানে? ব্যাপারটা কী? ইয়ার্কি হচ্ছে নাকি আমার সঙ্গে? এই ভদ্রলোক কে? ওখানে কী করছিলি?’


বলতে বলতে আবার টিং করে শব্দ হল। শিশিরবাবু মুখ ফিরিয়ে দেখেন আগন্তুক ভদ্রলোকের হাতেও একটা কালো যন্ত্র, তাতে সবুজ আলো জ্বলছে। দেখে একটু যে ভয় পেলেন না, তা নয়। কিন্তু একে সকাল আটটা, তার ওপর পাশেই দীনদয়াল, কাজেই বিশেষ বিচলিত হলেন না।


এবার আগন্তুক ভদ্রলোক কথা বললেন। অত্যন্ত বিনীতভাবে নমস্কার করে হেসে বললেন, ‘আপনার এই সুন্দর বাগান এমন চমৎকার রৌদ্রকরোজ্জ্বল দিন, এমন নির্মল পরিবেশ দেখে এখানে না-এসে আর থাকতে পারিনি। আপনার সঙ্গে অবশ্যই পূর্বনির্ধারিত সময়ের ব্যবস্থা করে আসা উচিত ছিল, কিন্তু কতগুলো বিশেষ কারণে, যা একটু বাদেই আমরা আপনাকে ব্যাখ্যা করে জানাব, তা সম্ভব হয়নি। অতএব আপনার কাছে আমরা ক্ষমাপ্রার্থী।’


এ আবার কোন পাগল? দীনদয়াল পারেও যত অদ্ভুত অদ্ভুত লোক ধরে আনতে। এই প্রথম নয়, এর আগেও কয়েক বার এরকম হয়েছে। পরে তাদের বিদেয় করতে প্রাণান্ত! যাহোক, এসব লোকের সঙ্গে সাবধানে ব্যবহার করতে হয়।


অতএব প্রতিনমস্কার করে শিশিরবাবু যথাসম্ভব স্বাভাবিক গলায় বললেন, ‘না, না, তাতে কী হয়েছে? তবে আপনি যখন বাগান দেখতে এসেছেন, তখন ওদিকে চলুন না, বাগানটা ওদিকেই। এটা তো পোড়ো জায়গা।’


শিশিরবাবুর পুরো কথাটা শেষ করতে না-দিয়ে আগন্তুক বলে উঠলেন, ‘না না ঠিক আছে। আমাদের এখানে কোনো অসুবিধে নেই। আমরা অবশ্য আপনার সঙ্গেই কথা বলতে চাই, বাগান দেখাটা আমাদের মূল উদ্দেশ্য নয়। সে কাজটা আমরা এখানেই সারতে পারি।’


শিশিরবাবু মাথা নেড়ে বললেন, ‘কথা বলতে চান তো বাড়ির ভেতরে চলুন। আমরা সেখানেই বসে আলোচনা করাতে পারব। সেইসঙ্গে একটু চা…’


শুনে আগন্তুক ভদ্রলোক আর দীনদয়াল—দু-জনেই চমকে উঠলেন। ভদ্রলোক বললেন, ‘চা, মানে একপ্রকার পানীয়? না, না, তার আমাদের প্রয়োজন নেই। কোনোরকম পানভোজন আমরা করতে পারব না। আমরা শুধু আপনার সঙ্গে একটু বাক্যালাপ করতে চাই।’


শিশিরবাবু বললেন, ‘তা, বাক্যালাপটা বাড়ির ভেতরে বসে করলেই ভালো হত না? এখানে এই রোদে…’


ভদ্রলোক পূর্ববৎ বিনীতভাবে বললেন, না, না, তাতে আমাদের কোনো অসুবিধে নেই। মানে, আলোচনাটা একটু নির্জনে হলেই ভালো হয়, এই আর কী! ‘


শিশিরবাবু আর জোর করলেন না। ভাবলেন, এই রোদে বেশিক্ষণ বাক্যালাপ তো চলবে না, সেটাই ভালো হবে। বললেন, ‘বেশ তো, তাহলে এখানেই আমরা কথা বলতে পারি।’


ভদ্রলোক খুশি হয়ে বললেন, ‘হ্যাঁ, সেই ভালো। প্রথমেই আমাদের পরিচয়টা দিয়ে দিই।’


শিশিরবাবু বাধা দিয়ে বললেন, ‘আমাদের বলছেন কেন? ওকে তো চিনি ও দীনদয়াল। আপনার সঙ্গে পরিচয় নেই অবশ্য, কিন্তু আপনাকে আমার খুবই চেনা চেনা লাগছে। এমনকী আপনার গলার আওয়াজ পর্যন্ত। কোথায় আপনাকে দেখেছি বলুন তো?’


আগন্তুক ভদ্রলোক মৃদু হেসে বললেন, ‘কী জানি, দেখেছেন হয়তো কোথাও। আমি হচ্ছি, একটা পুস্তক প্রকাশন সংস্থার সেলস রিপ্রেজেন্টেটিভ। সারা দুনিয়া চষে বেড়ানো আমার কাজ। কাজেই, দেখা কোথাও হয়ে থাকতেই পারে।’


শিশিরবাবু মাথা নেড়ে বললেন, ‘হ্যাঁ, তা ঠিক। যখন চাকরিতে ছিলুম, তখন বহু সেলসম্যানই আমার কাছে এসেছেন। তাঁদের অনেককে সাহায্যও করেছি। একটা বড়ো কলেজের প্রিন্সিপাল হিসেবে তখন আমার অনেক ক্ষমতাও ছিল। কিন্তু আজ তো অনেক বছর হল রিটায়ার করেছি, কারোর সঙ্গে তেমন যোগাযোগও আর নেই। কাজেই আমার কাছ থেকে খুব একটা সাহায্য কি আর পাবেন আপনি? আজকাল নতুন নতুন লোক, নতুন নতুন সাবজেক্ট, আপনি বরং কলকাতায়…’


আগন্তুক দু-হাত কচলাতে কচলাতে বললেন, ‘কী যে বলেন স্যার! আপনার কাছ থেকে সাহায্য পাব না তো, কার কাছ থেকে পাব? আমরা হিসাব করে দেখেছি, আপনার জ্ঞানতৃষ্ণা প্রবল, নতুন তথ্যে আপনার প্রচুর আগ্রহ আর আপনার অন্তর শান্ত।’


কৈতববাদে গলে যাওয়

**********
No Review
Related Books
Loading books…