
রাসু হাড়ি
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
সেবার আষাঢ় মাসে আমাদের বাড়ি একজন লোক এসে জুটল। গরিব লোক, খেতে পায় না—তার নাম রাসু হাড়ি। আমরা তাকে সাত টাকা মাইনে মাসে ঠিক করে বাড়ির চাকর হিসেবে রেখে দিলাম। প্রধানত সে গোরু-বাছুর দেখাশোনা করত, ঘাস কেটে আনত নদীর চর থেকে, সানি মেখে দিত খোল জল দিয়ে।
বাবা মারা গিয়েছিলেন আমাদের অল্পবয়সে। তিন ভাইয়ের মধ্যে আমিই বড়ো, লেখাপড়া আমার গ্রাম্য পাঠশালা পর্যন্ত। ছোটো ভাই দুটি ডান্ডাগুলি খেলে বেড়াত, এখন চাষের কাজে আমাকে সাহায্য করে।
রাসু বছরখানেক কাজ করার পরে একদিন রাত্রে আমাদের বড়ো বলদজোড়া নিয়ে অন্তর্ধান হল। আমাদের চক্ষুস্থির, তখনকার সস্তার দিনেও সে গোরুজোড়ার দাম দুশো টাকা। আমার ছোটো ভাই সত্যচরণের (ডাক নাম নেন্টু) বড়ো সাধের বলদ, সে ভালো গাড়ি চালাতে পারত বলে শখ করে জন্তিপুরের গো-হাটা থেকে ওই গোরুজোড়া কিনে এনেছিল।
ভোরবেলা ওঠেন সকলের আগে। সেদিন উঠে চণ্ডীমণ্ডপে গিয়ে দেখেন রাসু নেই, যে কম্বলখানা গায়ে দিয়ে শুত সেখানাও নেই। গোয়ালে দেখেন বলদজোড়াও নেই।
আমাকে উঠিয়ে বললেন, হ্যাঁরে নীলে, রাসু গেল কোথায় জানিস?
আমার তখন বিয়ে হয়নি, সত্য আর আমি এক ঘরে শুই। আমি উঠে চোখ মুছতে মুছতে বললাম, তা কী জানি? মাঠের দিকে গেল না তো?
—এত ভোরে সে কোনোদিন মাঠে যায় না, আজ গেল কেন? বড়ো গোরুজোড়াও তো দেখচিনে।
—গোরুকে কী মাঠে খাওয়াতে নিয়ে গেল?
—এত সকালে আর এই শীতে? কখনো তো যায় না।
—তাই তো। দাঁড়াও উঠি আগে।
বহু খোঁজাখুঁজি হল সারাদিন ধরে।
রাসু হাড়ি না-পাত্তা। নির্ঘাত ভেগেছে গোরুজোড়া নিয়ে। অমন গোরুজোড়া!
সত্য তো পাগলের মতো হয়ে গেল। ওর গায়ে খুব জোর, খুব সাহসী আর তেজি ছোকরা। বললে, দাদা চলো, ওর বাড়ি সেই বেলডাঙা যাব।
—কে যাবে?
—তুমি আর আমি।
—জানিস ওর বাড়ির ঠিকানা?
—বেলডাঙা থানা, মাঠ-বেনাদহ গ্রাম। ও দু-বার চিঠি পাঠিয়েছে ওই ঠিকানায়।
—ডাকঘর?
–ওই বেলডাঙা, জেলা মুর্শিদাবাদ।
–বাবাঃ, সে কদুর এখেন থেকে! ও থাকগে।
সত্য কিছুতেই শুনল না। তার পীড়াপীড়িতে দুই ভাই পুঁটুলি নিয়ে বাড়ি থেকে বেরুলাম। বত্রিশ টাকা সঙ্গে নিয়ে।
সোজা গিয়ে বেলডাঙা স্টেশনে ট্রেন থেকে নামলাম।
জিজ্ঞেস করে জানা গেল মাঠ-বেনাদহ এখান থেকে তিন মাইলের মধ্যে। বেলডাঙার থানাতে গিয়ে দারোগাবাবুকে সব খুলে বললাম। তাঁর নাম পঞ্চানন রায়, বাড়ি হুগলি জেলা। আমাদের মুখে সব শুনে তাঁর দয়া হল। আমাদের বললেন সেখানে কিছুদিন থাকতে, অন্তত এক সপ্তাহ। সাধারণ পোশাকে তিনি দুজন কনস্টেবলকে সঙ্গে নিয়ে নিজে বেনাদহ গ্রামে গিয়ে খবর নিয়ে এলেন, সে বাড়ি নেই।
আমাদের বললেন, থানায় রাত্রে শুয়ে থাকবেন, কোনো অসুবিধে হবে না। বেঁধে খেতে পারেন, কিংবা যদি না-বেঁধে খেতে চান, আমার এক ছত্রি কনস্টেবল আছে—
সত্য বললে, কিছু না দারোগাবাবু, আমরা রান্না করেই নেব। থানার উত্তরে বড়ো এক পুকুর, পুকুরের পাড়ে উলুটি বাচড়া ও তালগাছ। আমাদের যশোরের ভাষায় উলুটি বাচড়া বলে উলুঘাসে ঢাকা মাঠকে। দেখে সত্য খুব খুশি। বলে, দাদা ওই তালগাছের তলায় আধ-ছায়া আধ-রৌদ্রে বসে রাঁধব।
দিনকয়েক সেখানে থাকা হল, বেনাদহ গিয়ে রাসু হাড়ির সন্ধান সবসময়ে নেওয়া হচ্ছে। কখনো রাতদুপুরে, কখনো দিনদুপুরে, কখনো খুব ভোরবেলায়। গাঁয়ের লোকে বলে সে যশোর জেলায় ব্রাহ্মণদের বাড়ি চাকরি করে। এখানে থাকে না তো। আজ এক বছরের মধ্যে তাকে গাঁয়ে দেখা যায়নি।
সুতরাং সাত দিন পরে আমরা রাসু হাড়িকে অপ্রকট অবস্থায় রেখেই বেলডাঙা থেকে রওনা হলাম বাড়ির দিকে।
সত্য বললে, দাদা পয়সা নেই হাতে, তা ছাড়া রাস্তা দেখে যেতে হবে। যদি এমন হয় পথ দিয়ে গোরু তাড়িয়ে বাড়ির দিকে আসচে”চলো হেঁটে বাড়ি ফিরি।
—সে কী রে, এখান থেকে যশোর জেলা—পথটি যে সোজা নয়। পারবি হাঁটতে?
—গোরুজোড়া ফেরত পাওয়ার জন্যে সব করতে পারি দাদা। আমার গাড়ি চালানো একদম বন্ধ হয়ে গেল ওই গোরুজোড়ার অভাবে।
অতএব নামলাম দুই ভাই পথে।
বেলডাঙার বাজার থেকে চালডাল কিনে নিই। হাঁড়ি-সরা কিনে বোঁচকায় বেঁধে নিলাম। প্রথম দিন রাস্তার ধারে এক আমতলায় রান্না করে খেলাম। বেশ লাগে কিন্তু এভাবে পথ চলতে। ঘর থেকে কখনো বেরুইনি, এতদূরেও জীবনে কখনো আসিনি, রাসু হাড়ির দৌলতে অনেক দেশ দেখলাম।
সত্য বললে, দাদা, হাঁড়ি ফেলে দিয়ে কাজ নেই। বড্ড দাম হাঁড়ির। ধুয়ে নিয়ে আসি পুকুর থেকে, বোঁচকায় বেঁধে নিই। নইলে কত পয়সা লেগে যাবে রোজ হাঁড়ি কিনতে।
সন্ধ্যার আগে আশ্রয় নেবার জন্যে একটা কী গ্রামে ঢুকে সামনের একটা বাড়িতে গিয়ে দাঁড়ালাম। বাড়ির লোকেরা খুঁটের আগুন পোয়াচ্চে উঠোনে। আমাদের কথা শুনে বললে, এখানে জায়গা হবে না, আমাদের তাই থাকবার জায়গা নেই। এগিয়ে গিয়ে গাঁয়ের মধ্যে দেখা গে।
কিছুদূর গিয়ে আর একটি বাড়ি পেলাম রাস্তার বাঁ-ধারে। বাড়ির সামনে গোয়ালঘর, প্রথম শীতে লাউ গাছে মাচাভরা লাউ ঝুলচে। মেটে ঘর দু-তিনখানা, উঠোনের পেছনদিকে একঝড় তলদা বাঁশ। বুড়ো-মতো একটা লোক তামাক খাচ্ছিল দাওয়ায় বসে, আমাদের দেখে বললে—কে তোমরা?
আমি বললাম, পথ-চলতি লোক।
—এখানে কী মনে করে?
—একটু থাকবার জায়গা দ্যাও কর্তা। অনেক দূর থেকে আসছি, বড়ো কষ্ট হয়েছে।
—তোমরা?
—আমরা ব্রাহ্মণ।
—গিয়েছিলে কোথায়?
তখন সব কথা খুলে ওকে বললাম—রাসু হাড়ির আনুপূর্বিক ঘটনা। লোকটা নির্বিকার ভাবে তামাক টানতে টানতে সব শুনলে। আমাদের কথা শেষ হয়ে গেলে হুঁকোয় শেষ টান দিয়ে পিচ করে থুতু ফেলে শান্ত ও ধীরভাবে বললে, এখানে থাকার অসুবিধে, আগে দেখো—
—এই দাওয়াটায় না-হয় শুয়ে থাকব। এই শীতে—
—এখানে সুবিধে হবে না।
সত্য বললে, এগিয়ে চলো দাদা। এখানে দরকার নেই।
কিছুদূর গিয়ে আমরা একটা বাড়ির পেছনদিকটাতে পৌঁছালাম। বাড়ির মধ্যে মুড়ি ভাজার গন্ধ বেরুচ্চে এবং খোলা হাঁড়িতে মুড়ি ভাজার চড়বড় শব্দ হচ্ছে। আমরা ঘুরে গিয়ে বাড়ির উঠোনে ঢুকলাম। একটা কালোমতো বেঁটে লোক বাড়ি থেকে বেরিয়ে এল। আমাদের দিকে কটমট করে চেয়ে বললে, কে তোমরা? কী চাই?
—আমরা বিদেশি পথিক, বেলডাঙা থেকে আসছি। একটু থাকবার জায়গা হবে রাত্তিরে?
—কী জাত তোমরা?
—ব্রাহ্মণ। আমাদের সঙ্গে চালডাল আছে, নিজেরা বেঁধে খাব।
লোকটা যেন একটু নরম হয়ে বললে, দাঁড়াও জিজ্ঞেস করে আসি।
বাড়ির মধ্যে থেকে এবার বেরিয়ে এল একটি মেয়েমানুষ, কালো, ঢেঙা, হাতে কুঁচিকাঠি। ইনিই মুড়ি ভাজছিলেন তা হলে। আমাদের দিকে চেয়ে বললে, কে গা তোমরা?
—আমরা ব্রাহ্মণ, একটু থাকবার জায়গা চাই।
—এখানে জায়গা হবে না, আগে দেখো।
—আগে কোথায় দেখব?
–ওমা, তোমরা জানো না নাকি? আগে কত লোক আছে—দ্যাখো গে যাও।
—আমরা নতুন লোক। কী করে জানব লোক আছে কিনা।
—সামনে এগিয়ে দেখো না।
—জায়গা একটু হবে না? আমরা নিজেরা বেঁধে খেতাম।
–বার বার বলছি হবে না, তুমি বাপু কীরকম লোক?
বলেই মেয়েমানুষটি আমাদের দিকে পিছন ফিরে একপাশ ঘুরে চলে গেল বিরক্তভাবে। সত্য বললে—দাদা উপায়? কেউ তো জায়গা দেয় না দেখচি। রাত বেশ হল।
–চলো দেখি এগিয়ে।
—আমাদের কী চোর-ডাকাত ভাবছে নাকি?
—কী করে বলব, চলো দেখি এগিয়ে।
এবার একটা পাকা দালানবাড়ির বাইরের রোয়াকে আমরা ক্লান্তভাবে এসে বসে পড়লাম বোঁচকা নামিয়ে। অনেকক্ষণ পরে একজন লোক বাড়ি থেকে বের হয়ে কোথায় যাচ্ছিল লণ্ঠন হাতে, আমাদের দেখে বিস্ময়ের ভাবে বললে—কে তোমরা?
আমি বললাম—একটুখানি শুয়ে থাকবার জায়গা দেবেন রাত্তিরে? আমরা ব্রাহ্মণ, বাড়ি যশোর জেলা, বেলডাঙা থেকে আসছি।
—হেঁটে আসচ?
—হ্যাঁ।
—তা থাকো শুয়ে।
ব্যস, এই পর্যন্ত। বললে না উঠে বৈঠকখানার মধ্যে গিয়ে শোও, কিংবা তোমরা খাবে কী—কিছু না। সেই যে গেল, আর তাকে দেখলামও না। আর কোনো খোঁজখবরও নিলে না আমাদের।
সেই শীতের রাত্রে খোলা রোয়াকে কাপড় পেতে দুই ভাই শুয়ে রইলাম। কী করি!
সত্য বললে—রাসু হাড়ির সঙ্গে একবার দেখা হত, তার মুণ্ডুটা ভেঙে দিতাম এক ঘুঁষিতে।
সত্য বেশ জোয়ান ছোকরা, খেতেও পারত অসম্ভব। একসের রান্না-করা মাংস আর আধসের চালের ভাত একা খেতে পারত।
বেলডাঙার বাজারে সস্তা ডিম দেখে ও বলত—দাদা, রোজ চারটে ডিম এক একবারে ভাতে দিও আমার জন্যে। খুব করে ডিম খেয়ে নিই।
আরও বেশি করে তার কথা মনে পড়ছে, কারণ—
কিন্তু থাক সেসব এখন।
আরও একদিন কাটল পথে।
বেথুয়াডহরি ছাড়ালাম। আরও এগিয়ে যাই দুজনে। জগদানন্দপুর বলে গ্রামের হাটে বড়ো একটা মাছ কিনলাম বেলা দশটার পরে। খিদেও পেয়েচ বেশ। একটা বড়ো পুকুরের ধারে আমগাছের ছায়ায় সত্য উনুন খুঁড়তে লাগল, আমি মাছ কুটবার ছাই কী করে জোগাড় করি তাই ভাবছি, এমন সময় সত্য বললে—ওই দেখো দাদা–
যা দেখলাম তা এখনো মনে আছে, আজ এই চোদ্দো-পনেরো বছর পরেও—
একটি সুন্দরী বউ গামছা কাঁধে নিয়ে আমাদের দিকে আসতে আসতে পথের অদূরে দাঁড়িয়ে রয়েছেন থমকে। আমরা রান্না করতে বসেছি পথের ধারেই। এই পথটা নিশ্চয়ই পুকুরঘাটে যাওয়ার পথ। বউটি অপরিচিত লোকদের দেখে ঘাটে যেতে পারছেন না। ভদ্রলোকের মেয়েদের স্নানের ঘাটে যাবার পথের ধারে আমাদের রান্না করতে বসা উচিত হয়নি।
সত্য বললে—দাদা, ঘাটের পথে বসেছি, কী করি, উঠে যাব?
হঠাৎ দেখি বউটি যেন আমাদের দিকে চেয়ে চেয়ে দেখে ফিরে গেলেন। অমন রূপসী বউ এমন পাড়াগাঁয়ে দেখব আশা করিনি। আমাদের ভয়ও হল। সত্য বললে—যাঃ, ফিরে চলে গেল বউটি। আমরা না-বুঝে অন্যায় করে ফেলেচি— চলো সরে যাই।
পরক্ষণেই ভয়ের সুরে বললে—দাদা লোক আসচে এদিকে, বউটি গিয়ে বাড়িতে বলে দিয়েছে—চলো পালাই—মারবে—
আমি আশ্বাস দিয়ে বললাম—কেন, পালাতে হবে কেন? কী করেছি আমরা? মার বুঝি সস্তা?
দুটি ছোকরা এসে আমাদের কাছে দাঁড়াল, আপনারা আসচেন কোথা থেকে? আমি বললাম, বেলডাঙা।
—যাবেন কোথায়?
–যশোর জেলা।
—আপনারা ব্রাহ্মণ?
—আজ্ঞে হ্যাঁ।
—কিছু মনে করবেন না, আমাদের খুড়িমা (আমরা ভাবচি, এই রে! এইবার আসল কথা বলবে) এসেছিলেন ঘাটে নাইতে। তিনি ফিরে গিয়ে বললেন, দুটি ব্রাহ্মণের ছেলে আমাদের বাড়ির সামনে উনুন খুঁড়ে বেঁধে খেতে যাচ্ছে এই দুপুরবেলা। ওঁদের গিয়ে বাড়িতে ডেকে আনো। তা আপনারা দয়া করে চলুন আমাদের ওখানে। আমি জিনিসপত্র নিয়ে যাচ্চি।
আমরা তো অবাক। এমন কথা বিদেশে কখনো শুনিনি। লোকে একটু শোবার জায়গাই দিতে চায় না, আর কী না রাস্তা থেকে ডেকে নিয়ে যেতে চাইছে! সত্য বললে, ও দাদা।
—কী?
—যাবে নাকি?
ছোকরা দুটি বলে—যেতেই হবে। খুড়িমা নইলে ছাড়বেন না। আমাদের হুকুম, নিয়ে যেতেই হবে আপনাদের। নে বলাই, ওঁদের বোঁচকা দুটো তোল—
আমরা মুখ চাওয়া-চাওয়ি করি, সত্য আর আমি। আমাদের কোনো আপত্তিই গ্রাহ্য করলে না ওরা, নিয়েই গেল। একতলা কোঠাবাড়ি, বাড়ির উঠোনে ডানদিকে দুটো বড়ো গোলা, তার পাশেই গোয়ালবাড়ি, সামনে ছোটো বৈঠকখান