
রাজার মতো যাওয়া
সমরেশ মজুমদার
আজকাল রাত না ফুরোতেই ঘুম ভেঙে যায়। আসলে ঘুম বলা ঠিক উচিত নয়, ঘুমের একটা ঘোর গোছের ব্যাপার শুরু হয় একটা নাগাদ। তারই চটকা ভেঙে যায় অন্ধকার কাটতে-না কাটতেই। তারপর বিছানায় শুয়ে ছটফট করা আর জানলা দিয়ে আকাশ দেখা। ভোরের আকাশ দেখা একটা দারুণ ব্যাপার। এটা এক ধরনের নেশা হয়ে গেছে অবনীর। নীল বেনারসি শাড়ির মতো আকাশটা, জমজমে আকাশটা ক্রমশ উদাস-উদাস হয়ে যায়। জ্বলে যাওয়া শাড়ির রঙের মতো নেতিয়ে থাকে। যে তারাগুলো এতক্ষণ মাত করে রেখেছিল দাপটে, সেগুলোকে চোরের মতন মনে হয়। তারপর একসময় ফুটো বেলুনের মতন রাতটা চুপসে যায়। ভোরের টাটকা বাতাস আর মেয়েদের, অল্পবয়সি কোনও মেয়ের, হাতের ছোঁয়ার মতো ভোরের রোদ্দুর পৃথিবীতে ছড়িয়ে পড়ে। অবনী চুপচাপ দ্যাখে। এপাশের জানলায় আকাশ আর পাশ ফিরলেই। সুনীপা, একদম ঘুমে কাদা হয়ে সাত বছরের বাচ্চার মতো গুটিসুটি মেরে শুয়ে থাকা সুনীপা।
বিছানার ওপর উঠে বসে অবনীভূষণ ঘরের চারপাশে চোখ বোলাল। সারারাত একটা জিরো পাওয়ারের নীলচে আলো জ্বেলে রাখে সুনীপা। অন্ধকারে থাকতে খুব ভয় ওর। যদিও এখন রাত নেই তবু এই আলোটা সারা ঘরে দুধের সরের মতো জড়িয়ে আছে। অবনীভূষণ মাথার কাছে রাখা মাঝারি টেবিল ভরতি ওষুধগুলো দেখল। এগুলো কি হবে? সব তো শেষ হবে না। এত দামি-দামি ওষুধ সব!
ভোরবেলায় এ সময়টায় ওর রোজই সুনীপার জন্যে কষ্ট হয়। এই সময় দেওয়ালে আলোর নিচে টাঙানো তার আর সুনীপার ছবিটাকে বড্ড ঝকঝকে দেখায়। তিন বছর আগের তোলা ছবি। ম্যারেজ রেজিস্ট্রারের অফিস থেকে বেরিয়ে এক দোকানে ছবিটা তুলেছিল ওরা। বিয়াল্লিশ। বছরের অবনীভূষণ আর তার দুবছরের ছোট সুনীপা। একটু বেশি বয়স, তবু হয়ে গেল। না, প্রেম-ট্রেম করে নয়, কাগজে বিজ্ঞাপন দেখে যোগাযোগ। মন্ত্র পড়ে বিয়েতে দেখা গেল দুজনেরই আপত্তি। ছবিটার দিকে তাকাল অবনীভূষণ। কেমন ছিমছাম দেখাচ্ছে তাকে। সুনীপাকে অবশ্য একদম যুবতী-যুবতী দেখাচ্ছে। অবশ্যি শরীরটা ওর এখনও ভাঙেনি। কিন্তু অবনীর মুখ, চিবুক, গলা? অজান্তে হাত বোলাল ও, চটচট করল আঙুলের ডগা। রোজই হয়, কিন্তু তবু এই আঙুলের ডগার শিরশিরানিটা জানান দেয়, না হে, তোমার হয়ে আসছে। রোজই সকালে গলার, চিবুকের ব্যান্ডেজ পালটাও। কেমন গন্ধ বের হয় আজকাল ব্যান্ডেজ থেকে।
সুনীপার ঘুম ভাঙবার আগেই ও বাথরুমে চলে আসে। দরজা বন্ধ করে আলোটা জ্বেলে আয়নার সামনে দাঁড়ায়। মুখ চোখ ফোলা-ফোলা। চিবুক ঢেকে যে ব্যান্ডেজটা মাথার ওপরে গিয়ে গিট খেয়েছে সেটার ওপর নজর রাখে অবনীভূষণ। চিবুকের তলায় গলার ওপরটা ভিজে গেছে। কালচে-কালচে দাগ। রক্ত বেরিয়েছে। ঠোঁট দুটো ব্যান্ডেজের চাপে বেঁকে ফুলে গিয়েছে। এবার হসপিটাল থেকে ফিরে যন্ত্রণাটা আর বাড়েনি। প্রথমবার রে নেওয়ার আগে ভুগিয়েছিল খুব। রে নেওয়ার পর মাসকয়েক মোটামুটি ভালোই ছিল সে। তারপর আবার যেতে হল। এবার। অপারেশন। কিন্তু এ অপারেশন আর শুকোল না। ডাক্তার রায় প্রায় স্পষ্ট গলায় বলেছিলেন, দেখুন, এখন শুধু বরাতের ব্যাপার।
অথচ এখন কাগজে মাঝে-মাঝেই বের হয়–পৃথিবীর এপাশে-ওপাশে কেউ-কেউ ক্যান্সার সারাচ্ছে। সুনীপার আগ্রহেদু-এক জায়গায় চিঠি দিয়েছিল; না, কোনও জবাব আসেনি। ডা: রায় ভালোই বলেন, বরাতের ব্যাপার। লটারির টাকা পাওয়ার মতন। কেউ-কেউ তো পেয়েও থাকে।
প্রথম-প্রথম অস্বস্তি হত, আজকাল হাত রপ্ত হয়ে গেছে। ব্যান্ডেজটা খুলে ফেলে নতুন ব্যান্ডেজ করে নিল অবনীভূষণ। পুরোনোটায় আজ যেন বেশি রক্তের দাগ। সপ্তাহে একদিন ড্রেসিং করার কথা। রোববারের সকালে।
চোখে জল দিয়ে বাইরে এল অবনীভূষণ। আজকাল আর দাঁত মাজার ব্যাপারই নেই। সে পাট চুকে গেছে অনেকদিন।
এখন বেশ রোদ উঠেছে। ছিমছাম পরিষ্কার রোদ। এরকম রোদের সকালে মনটা বেশ প্রফুল্ল থাকে। এমনিতে শরীরে আর কোনও অসুবিধে নেই। হাত-পা বেশ সচল। তবে কদিন থেকে শরীরটা কেমন ঝিমঝিম লাগছে, ডা:রায় যাকে উইকনেস বলেন। বেশিদূর হাঁটাচলা করতে একটু কষ্ট হয়। বাইরের ঘরে এল অবনীভূষণ। আসার সময় দেখল, সুনীপা উঠে পড়েছে।
খবরের কাগজটা হাতে নেওয়ার একটা উত্তেজনা আছে। নতুন ছাপার কালির গন্ধ বেশ লাগে। কত খবর হচ্ছে রোজ পৃথিবীতে; কালকের খবর আজ বাতিল; এইভাবেই চলতে থাকে।
অবনীভূষণ যখন থাকবে না, তখনও খবরের কাগজ ছাপা হবে, টাটকা-টাটকা খবর, কিন্তু অবনীভূষণ সেগুলো পড়তে পারবে না। অতদূর কি, কলকাতাটাই ভালো করে দেখা হল না। মধুসূদনের সমাধিটা দেখা হয়নি–সেই দাঁড়াও পথিকবর কবিতাটাই পড়েছে ছোটবেলা থেকে। বিড়লা প্লানেটোরিয়াম, ভিক্টোরিয়ার ভেতরটা–এসব দেখার সময়ই পাওয়া গেল না। না, একদিন সব দেখে নিতে হবে। নইলে কখন কি ফাঁকি হয়ে যায়–বুকের ভেতরটা কেমন করে।
সুনীপা এল চা নিয়ে। তেপায়া টেবিলে চা রেখে বলল, আজ কেমন আছ?
মাথা নাড়ল অবনী। যার মানে, এই আর কী! রোজ সকালে সূর্য ওঠার মতো নিয়ম করে এই প্রশ্ন জিগ্যেস করে সুনীপা। খারাপ নেই জানলে একটু নিশ্চিন্ত হয়। বোধহয় আর একটা দিন কেটে। যাওয়ার আশ্বাস পায়। তাই আজকাল শরীরের সামান্য কষ্ট হলে বলে না অবনীভূষণ। কেমন আছ কথাটা শুনতেও কেমন অস্বস্তি হয়।
বাজারের থলি নিয়ে দরজায় আসতেই রিকশা পেয়ে গেল সে। প্রথম-প্রথম সবাই আপত্তি করেছিল। সবাই বলতে বাবা আর ছোট ভাই সুনীপার সঙ্গে গলা মিলিয়েছিল। বাজার সে কোনওকালেই করত না, কিন্তু অপারেশনের পর একটা কেমন নেশা হয়ে দাঁড়িয়েছে। শেষপর্যন্ত ওরা হাল ছেড়েছে, লোকটা একটা কিছু নিয়ে থাকুক–এইরকম ভাব আর কী।
রিকশাওয়ালা ওকে চেনে। ব্যান্ডেজবাঁধা বাবুকে বাজারে নেওয়ার ব্যাপারে ওর কিছু অভিজ্ঞতা আছে। বাবু এখন যাবে গলির শেষ বাড়িটায়। গিয়ে অবনীভূষণ হাঁকবে, গুপ্ত আছ নাকি?
গুপ্তগিন্নি দরজা খুলবেন, আসুন, ও দুধ আনতে গিয়েছে। অবনী জানে গুপ্ত এখন থাকবে না।
না, এখন যাব না, কই বাজারের ব্যাগটা দাও।
মুখ-চোখে কেমন একটা লজ্জার ব্যাপার দেখল অবনী। গুপ্তগিন্নিকে এবার ধমক দিল, ও, কী হল, দাঁড়িয়ে কেন? ব্যাগটা আনো?
ও বলছিল, রোজ-রোজ–। গুপ্তগিন্নি মিনমিনি গলায় বলতে চাইলেন।
তুমি কি চাও তার সঙ্গে কথা বন্ধ করব! আরে কদিনই বা আছি, একটু–। আর কথা শুনতে। দাঁড়িয়ে নেই গুপ্তগিন্নি। বাজারের ব্যাগটা এনে দিলেন তাড়াতাড়ি। হাত বাড়িয়ে সেটা নিয়ে বলল অবনী, কী মাছ আনব?
যা খুশি।
আঃ, তোমরা মনের কথা মুখে বলতে পারো না কেন? অফিসের সময় কুচো মাছ আনলে হাড়ে হাড়ে টের পাবে।
রিকশা ঘোরাতে বলল ও। তারপর আরও দুটো বাড়ির ব্যাগ আদায় করে বাজারে চলল অবনী। এই তিনটে সংসারের মোটামুটি খরচ জানা আছে তার। বিশেষ করে গুপ্ত লোকটাকে দেখে ওর অবাক লাগে। সব সময় হাসিখুশি, রাত এগারটায় যখন বাড়ি ফেরে তখনও রাস্তায় দাঁড়িয়ে। দোতলার জানলায় দাঁড়ানো অবনীর সঙ্গে বকবক করে যায় কিন্তু এত এনার্জি লোকটা পায়। কোত্থেকে? গুপ্ত মাইনে কত পায় অবনী জানে। মোটামুটি এই তিনটে পরিবারের অবস্থা ওর জানা। এই টাকায় ওরা কীভাবে বেঁচে থাকে–সবরকম হাসিখুশি নিয়ে, এটাই বুঝতে পারে না ও। দ্বিতীয়বার হাসপাতাল থেকে ফিরে এসে এইসব চিন্তা মাথায় জমছে ওর।
মোড়ের মাথায় গুপ্তর সঙ্গে দেখা হয়ে গেল। দুহাতে দুটো বোতল ঝুলিয়ে মুখে একটা চারমিনার চেপে আসছে গুপ্ত। বেঁটেখাটো কদমছাঁট চেহারা। এই শালা, এই তোমার সকাল হল! কেন, আর একটু আগে গতর তুলতে কি হয়? রিকশা দাঁড় করিয়ে খিঁচিয়ে উঠল অবনী।
দুটো বোতল এক করে মাথায় ঠেকাল গুপ্ত। চারমিনারটা ঠোঁটের কোণে সরিয়ে ফিক-ফিক করে হাসল। তারপর দুলে-দুলে বলল, সকাল কোনওদিন দেখিনি সাহেব, ওকে বলে ব্রাহ্মমুহূর্ত,পূণ্যাত্মাদের জন্য সংরক্ষিত।
অবনী আর দাঁড়াল না। গুপ্তর সঙ্গে কথা বলা যায় না। এত কথা ও পায় কোথায় কে জানে। সেল। ট্যাক্সের অফিসার অবনী, গুপ্ত ওকে সাহেব বলবেই। হোক না কেন রোববারের তাসের পার্টনার।
রিকশাওয়ালার সঙ্গে কথা বলে ওকে নিয়ে বাজারে ঢুকল ও। মোটামুটি একই জিনিস চারটে থলেতে কিনবে ও। এই সময়টা অদ্ভুত একটা উত্তেজনা মনে। এই দর করে বাজার করা।
কত? আলুর দোকানে দাঁড়াল অবনী।
বিশ বাবু।
বিশ? ইয়ার্কি? কাল এক দশে নিলাম। তোমরা পেয়েছটা কী বলো তো? এখনই এই অবস্থা, কয়েক মাস পরে দু-টাকা বলবে! টনটন করল ঠোঁটের কোণাটা। কথা বলতে অসুবিধে হয় ব্যান্ডেজের জন্য, কিন্তু এরকম হল কেন?
তা কি করব বাবু, বাজারের যা অবস্থা, দেখুন না সামনের বছর কী হয়। দোকানি পাল্লায় আলু চড়াল।
সামনের বছর কি হয়! অবনী একটু খতিয়ে গেল। সামনের বছর যদি আলুর দর পাঁচ টাকা হয় অবনী জানবে না। কিন্তু গুপ্তদের কী হবে? সর্বত্র এক অবস্থা। পটল বেগুন কি আদার দর দেখে মেজাজ খারাপ হয়ে যায়। পটল বিক্রি করে যে ছোঁকরাটা তার কাছে এল ও। এর সঙ্গে কদিন আগে প্রায় হাতাহাতি হয়ে গিয়েছিল অবনীর। ব্যাটা পাকামো করে বলেছিল, দর করবেন না বাবু। যে কদিন আছেন খেয়ে যান। আজকে ইচ্ছে করেই দর জিজ্ঞাসা করল না সে। ছোঁকরা অবাক হল। যেতে বলল, একই দর বাবু, আপনার কাছে কম দাম নিলাম। বাজারে দেখুন দেড় টাকা কিলো। অবনী আজকাল হাসতে পারে না। ঘাড় নাড়ল শুধু। না, দর বাড়াওনি, কিন্তু ওজনে মারছ। ভিজে পটলে লাভ অনেক। কিন্তু অবনী কিছু বলল না। আজকাল কাউকে কিছু বলতে ইচ্ছে করে না।
সুনীপা একটু সাজতে ভালোবাসে। স্কুলে যাওয়ার সময়ও চুল বাঁধা আর স্নো-পাউডারে ওর বেশ সময় খরচ হয়। খদ্দরের পাঞ্জাবি আর ধুতি পরে বসেছিল অবনী, সুনীপা আসতেই উঠে দাঁড়াল। সুনীপার স্কুল সেই পার্ক সার্কাসে। এখান থেকে যাওয়া-আসা করা মুশকিল। কিন্তু তবু চাকরিটা ছাড়তে চায় না। হেডমিসট্রেস হওয়ার সুযোগ আছে। মাইনে খারাপ দেয় না স্কুলটা। গলির ভেতর একটা ট্যাক্সি ঢুকেছিল, দরজায় দাঁড়িয়ে ধরে ফেলল সুনীপা। অবনী ভাবল আজ কপালটা ভালোই যাবে। অন্যদিন রিকশা করে মোড়ের মাথায় গিয়ে ট্যাক্সির জন্যে হা-পিত্যেশ করতে হয়। গলির মুখে আসতেই ট্যাক্সি থামাতে বলল অবনী। সুনীপা ভ্রু কুঁচকে একপাশে সরে যেতে যেতে বলল, আদিখ্যেতা। অবনী হাসল। সুনীপা এসব ভালো চোখে দেখছে না। এই বাজার। করা, ধার দিয়ে তাগাদা না করা, অফিসে যাওয়ার সময় ট্যাক্সিতে লিফট দেওয়া। ছোট ভাইয়েরও ধারণা অসুখের পর দাদার মাথাটা গোলমেলে হয়েছে। আর এই লোকগুলো তার সুযোগ নিচ্ছে। ঝগড়া করতে ইচ্ছে করে না অবনীর। টাকা সে অনেক রোজগার করেছে। মাইনের চেয়ে বাঁ হাতে এসেছে বেশি। যে চাকরির যা দস্তুর। সুনীপার ভবিষ্যতের কোনও আশঙ্কা নেই। তার ওপর জি পি এফে আছে মোটা টাকা। তবু যে কেন ওরা এরকম করে!
ডালহৌসি ঘুরে গেল ট্যাক্সিটা। তিনজনকে সেখানে নামিয়ে ও গেল পার্কন্সার্কাসে। সুনীপাকে স্কুলে পৌঁছে দিয়ে অফিস। তেতলায় ওর ঘর। আগে সিঁড়ি ভাঙত, এখন লিফটে ওঠে। এইটুকুনিতেই আজ কেমন ক্লান্তি লাগছে।
নিজের ঘরে বসে অবনীর কেমন অসহায় বোধ হল। অসুখের পর থেকে ওর আর অ্যাসেসমেন্ট নেই। কাজের চাপ আর সহ্য হয় না। অথচ যতক্ষণ না নিজে চাকরিটা ছাড়ছে ততক্ষণ কেউ ওকে চলে যেতে বলবে না। সবাই জানে, গাঙ্গুলিসাহেব যে কোনওদিন মারা যাবেন। ক্যান্সার বলে কথা। দু-দুবার হাসপাতাল থেকে ফিরে এসেছেন ভাগ্যের জোরে।
ছোটখাটো কয়েকটা ফাইল দেখল অবনী। তারপর টেবিলে রাখা গেলাসটার জল আকণ্ঠ খেয়ে চেয়ারে গা এলিয়ে দিল। কদিন বাদে এই চেয়ারে অন্য কেউ বসবে। লোকটা নিশ্চয়ই অবনীর কথা জানবে। কেমন মনে হবে ওর! ওই জানলা, জানলা দিয়ে দেখা গির্জার চূড়া এসব ওর কেমন লাগবে! আচ্ছা, লোকটা যখন এই চেয়ারে বসে কোনও পার্টির কাছ থেকে ঘুষ নেবে তখন নিশ্চয়ই ভাববে অবনীও নিত। অবনী অনেক ঘুষ নিত, শেষপর্যন্ত অবনীর ক্যান্সার হল! ঘুষ নিত অবনী তাই ক্যান্সার হল এরকমটাও ভেবে নিতে পারে লোকটা। লোকটা নিশ্চয়ই ভয় পাবে। কা