সুধা বলেছিল, পুরুষজাতটাকে বাপু কোনওদিন বিশ্বাস করতে পারব না। সুধাময় জানে, তবু শুধিয়েছিল, কেন? তোমাকে তো দেখছি। সুধার মুখে কিছু আটকায় না।
সুধার সব ভালো, শুধু মাঝে-মাঝে এই কথাগুলো বেলকাঁটার মতো ফোঁটে। টেনে বের করলেও দপদপানি কমে না। খুব অন্তরঙ্গ মুহূর্তেও সুধা একই স্বভাবের। বুকে মুখ রেখে বলে, আমি জানি এটা ঠিক করছি না আবার না করেও যে পারি না।