Home
যাচাই

যাচাই

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়


গোরুরগাড়ি ঢুকল চাঁদপুর গ্রামের মধ্যে। ননীবালা ছেলেকে বললে—বাবা, চেয়ে দ্যাখো


—ঘুমুইনি মা। চেয়ে আছি–


—এই গাঁয়ের সীমানা। ওই গেল দুলেপাড়া—


—ব্রাহ্মণপাড়া কতদূর?


—আরও আগে।


ননীবালার সারা দেহেমনে একটি অপূর্ব অনুভূতির শিহরণ!


মনে পড়ল আজ ত্রিশ-বত্রিশ বছর পূর্বে একদিন এই গ্রামে নববধূরূপে ঢুকবার সেই দিনটির কথা। তিনি ছিলেন পাশে—আজ যেমন ছেলে সুরেশ তার পাশে বসে রয়েছে। তেমনি মুখচোখ, তেমনি চোখের দৃষ্টি, বয়েসও তাই।


চাঁদপুর গ্রামে ঢুকবার কিছু পরেই কাক-কোকিল ডেকে ভোর হয়ে গেল। সুরেশ গাড়ি থেকে নেমে গাঁয়ের পথের ধুলো তুলে মাথায় দিলে। মাকে বললে—তোমরা কতদিন গাঁ থেকে গিয়েছিলে?



—তোর বয়েস।


—একুশ বছর?


—হ্যাঁ। ওঁর ইস্কুলের চাকরি গেল—আমরা এখানকার মায়া কাটালুম।


–বাবা দুঃখ করেননি?


—আহা! মরবার আগেও প্রায়ই বলতেন—বড়ো বউ, একবার যদি চাঁদপুর যেতে পারতাম ফিরে, তবে বোধহয় কিছুদিন আরো বাঁচতাম। ওখানে এখনো চৈত্র মাসের দুপুরে বুড়িমা কুলচুর শুকুচ্চে রোদুরে। বাঁশবনে কত কোকিল পাপিয়া ডাকচে। আমি গাঁয়ে যাব। শহরের ছোট্ট বাসার মধ্যে উনি চিরকাল হাঁপিয়ে এসেছেন। আর তেমনি গরম সেখানে।


—আমি যদি তখন বড়ো হতাম, বাবাকে বাবার জন্মভূমিতে ঠিক নিয়ে আসতাম বলে দিচ্চি।


সুরেশ ছিপছিপে চেহারার শক্ত হাতপাওয়ালা যুবক। ফুটবল খেলে ভালো। দেশ স্বাধীন হবার পরে রাইফেল ক্লাবে যোগ দিয়ে খুব রাইফেল ছোড়া অভ্যেস করচে। এইবার রেলের শিক্ষানবিশি শেষ করে ভালো চাকুরি একটা পাবে। শিক্ষানবিশির সময়েই ও খেলোয়াড় হিসেবে রেলের উপনিবেশের শহরটির অনেক বড়ো বড়ো অফিসারের দৃষ্টি আকৃষ্ট করেছে। শিক্ষানবিশির ছাত্রও সে ভালো—অঙ্ক বেশ ভালো জানে বলে অঙ্কের টুইশানিতে মাসে আজকাল সত্তর-আশি টাকা রোজগার করে।



স্বামী মারা গিয়েচেন আজ দশ-এগারো বছর। সুরেশ তখন দশ বছরের ছেলে, নীচের ক্লাসে পড়ে। কী আতান্তরেই ফেলে গিয়েছিলেন সেদিন! মনে হয়নি যে আবার একদিন এ ধাক্কা কাটিয়ে উঠতে পারা যাবে! রেল উপনিবেশের সকলেই খুব দয়া করলেন। একটা বাসা দেখে দিলেন, কারণ রেলের কোয়াটার ছাড়তে হল, ইনস্টিটিউটের সেক্রেটারি রায় বাহাদুর হরিচরণ বসু নিজে দেখাশোনা করলেন। সুরেশের লেখাপড়া যাতে বন্ধ না-হয়, যাতে এ গরিব অসহায় পরিবারটি অনাহারের পথ থেকে রক্ষা পায়—এ সমস্তই ওখানকার বড়ো বড়ো লোকেরা করলে। সে-সব দিনের কথা ভাবলে জ্ঞান থাকে না। এমন দিনও আসে মানুষের জীবনে!


আজ মনে হচ্চে সমুদ্রে পাড়ি দিয়ে এসে অদূরে এবার কুলরেখা যেন দেখা দিয়েছে। ওরা সবাই বলে আমাদের দেশ এখন স্বাধীন, আর সে-যুগের মতো কষ্ট করতে হবে না। এখন ছেলেপিলেদের ভালো চাকুরি হবে, চাকুরিতে উন্নতি হবে, আগের মতো অল্প মাইনেতে ঘষটাতে হবে না। না-খেয়ে মরবে না কেউ এ স্বাধীন। ভারতের মাটিতে। অনেক বড়ো বড়ো আশার কথা সে শুনেচে, ছেলে-ছোকরারা কত মিটিং করে, বক্তৃতা দেয়। গান্ধীজির ছবিতে মালা দিয়ে গান করতে করতে শহর ঘুরে বেড়াল এই তো সেদিন। তাঁর মৃত্যুর পরে সেদিন এক বৎসর বুঝি ঘুরল। সুরেশও চমৎকার গান গাইতে পারে। আর একটা গান গায় সুরেশ, গান্ধীজি নাকি বড়ো ভালোবাসতেন। সবাই বলে, রামধুন গান।



রঘুপতি রাঘব রাজারাম

পতিতপাবন সীতারাম।


ভোরের আলো বেশ ফুটেছে। সামনের পুরোনো কোঠাবাড়িটা থেকে একজন বার হয়ে এসে পথের ওপর দাঁড়িয়ে ওদের গোরুরগাড়ির দিকে তাকিয়ে দেখলে। ননীবালা চুপিচুপি বললে–ও সুরেশ, ওই বোধহয় তোর বিনোদ কাকা, ওঁর খুড়তুতো ভাই। আমি চিনেচি। তুই এগিয়ে যা। পরিচয় দিয়ে প্রণাম করবি। ওঁকেই চিঠি দেওয়া হয়েছিল।


মিনিট পনেরো কেটে গেল উভয়ের কথাবার্তায়—সুরেশ আর তার বিনোদ কাকার। তারপর বিনোদ কাকা এগিয়ে এসে ননীবালাকে আদর করে বাড়ির মধ্যে নিয়ে গেলেন।


বহুদিন পরে গ্রামের বউ গ্রামে ফিরে এসেচে। আজ কুড়ি-একুশ বছর পরে। গ্রামের বউ-ঝি দেখা করতে এল এপাড়া-ওপাড়া থেকে। অভয় নাপিতের বউ এসে বললে–ও বউ, কেমন আছ? খোকা কই? কতবড়ো হয়েচে দেখি? দাঁড়াও, একটু পায়ের ধুলো দ্যাও দিনি আগে।



তারপর দুই পায়ের ধুলো নিয়ে প্রণাম করে সে সামনে বসল।


অভয়ের বউকে দেখে ননীবালা যেমন আশ্চর্য হয়ে গেল তেমনি মনে মনে কেমন এক ধরনের দুঃখও হল। অভয়ের বউ তার চেয়ে অন্তত কুড়ি-পঁচিশ বছরের বড়ো, তার মার বয়সি, চুল অর্ধেক পেকে গিয়েছে—শুধু ধাত ভালো আছে বলে অত বয়েস বোঝা যায় না—কিন্তু অভয়ের বউ এখনো সধবা। পাকা চুলে সিঁদুর পরচে। অভয় নাপিত এখনো বেঁচে থাকবে সেটা ভেবে দেখলে এমন কিছু আশ্চর্যের কথা নয়, বড়ো জোর সত্তর-বাহাত্তর না-হয় তার বয়েস হয়েছে— কিন্তু–


এ ‘কিন্তুর’ কোনো সান্ত্বনা ননীবালা মনের মধ্যে খুঁজে পেলে না। ওঁর কি মরবার বয়েস হয়েছিল? পরদিন সে দেখলে, শুধু অভয় নাপিতের বউ নয় তার চেয়ে অনেক বড়ো বয়সে বউ এখনো দিব্যি সিঁদুর পরছে পাকা আধপাকা চুলে। কেন চলে গেলেন অল্পবয়সে ওদের বিদেশে ভাসিয়ে? গ্রামের মেয়েরা যখন দেখা করতে আসে, তখন বার বার ওই কথাটাই মনে হয় ওর।


ননীবালার শ্বশুরবাড়ি বিনোদ কাকাদের বাড়ির দক্ষিণ গায়ে। কুড়ি-একুশ বছর ধরে সে বাড়িতে কেউ না-থাকায় উঠোনে একগলা নোনা, ভাঁট, সেঁউতি লতার জঙ্গল, জংলি ডুমুরের বড়ো গাছে ডুমুর ফলচে পাঁচিলের মাথায়, জানলায় কাঁটালতা উঠে জানালার কবাট ঢেকে ফেলেছে।



সুরেশ কেবলই বলছিল, মা, আমাদের নিজের বাড়িতে চলে গিয়ে। গ্রামে এসে পরের বাড়িতে থাকব কেন? আজ তিন-চার দিনে জঙ্গল কাটিয়ে উঠোন পরিষ্কার করে তবে ননীবালা নিজেদের ভিটেতে ঢুকল।


মাত্র তিনখানি ঘর, দুটো বারান্দা দু-দিকে, ভাঁড়ার-রান্নাঘর আলাদা। কতকাল পরে আবার এ ভিটের মাটিতে সে পা দিল? দীর্ঘ একুশ বছর। এও তার জীবনে ঘটবার ছিল।


সুরেশ বলে—কই মা, আমার তো কিছু মনে নেই এ বাড়িতে থাকবার কথা?


ননীবালা বলে—দূর, তোর বয়েস যখন ন-মাস তখন এ বাড়ি ছেড়ে আমরা চলে যাই যে।


—এখন এখানে কিছুদিন থাকো মা। আমার বড় ভালো লাগছে।


—থাকতেই তো এলাম। এখন মা মঙ্গলচণ্ডী যা করেন।


ননীবালা সারাদিন ঘর ঝাড়ে পোঁছে সাজায়। আজ একুশ বছরের ধুলোর স্তর পড়েচে ঘরখানার ওপর। কেবলই ওর মনে পড়ছে আজকাল ওদের বিবাহিত জীবনের সেই মধুমাখা দিনগুলি—নববধূর নতুন স্বপ্ন মাখানো অপূর্ব রাত্রি ও দিনগুলি। উনি তখন একেবারে তরুণ, সে চোদ্দো বছরের কিশোরী।



ওই তো সেই কুলুঙ্গিটা। ওটাতে উনি একদিন রসগোল্লা এনে লুকিয়ে রেখে মজা করেছিলেন। একটা বিলিতি ওষুধের কাগজের বাক্সের মধ্যে রসগোল্লা ছিল লুকোনো। উনি বলেছিলেন—কি বলো তো ওতে?


প্রগলভা নববধূ বলেছিল—তোমার জিনিস তুমিই জানো। ও তো একটা বিলিতি ওষুধ।


–বাজি ফেলবে?


—অতশত আমি বুঝিনে। কী ওতে?


–রসগোল্লা।


—হাতি।


—গা ছুঁয়ে বলচি। এই দ্যাখো–ক-টা খাবে বলো।


তারপর দুজনে কাড়াকাড়ি করে সেই রসগোল্লা খেয়েছিল—ত্রিশ বছর আগের কথা। মনে হচ্ছে কাল ঘটেছে। এখানে বসে বড্ড বেশি করে স্বামীর কথা মনে পড়চে ননীবালার। সব ঘরে, সব বারান্দায়, প্রতি কোণে, ওই রান্নাঘরের খেতে বসবার বড়ো কাঁঠাল কাঠের পিঁড়িখানায় ওর নববধূ-জীবনের স্মৃতি মাখানো। তরুণ স্বামী সেখানে ঘুরচেন এঘরে-ওঘরে, ও নিজে সেখানে ব্রীড়ান কুণ্ঠিতা কিশোরী বধূ, নতুন প্রেমের স্পর্শে দুরুদুরু বুক নিয়ে আলতাপরা পায়ে এঘরে ওঘরে গৃহকাজ করে বেড়াচ্চে নবীন উৎসাহ নিয়ে!



ননীবালার মনে হচ্চে যেন ওঘরে গেলেই দেখবে তিনি বসে আছেন তক্তপোশে, আবার ওঘরে থাকলে মনে হয় বুঝি এঘরে এলেই দেখা পাবে। আগেকার দিনের মতো লুকোচুরি খেলা এখনো কি চলচে?


একবার উনি নতুন ধানের শিষ নিয়ে এসে ঘরে ঢুকলেন। বললেন—লক্ষ্মীর ঝাঁপিতে রেখে দাও। নতুন জমির নতুন ধান। শাঁখ বাজাও, তুমি ঘরের লক্ষ্মী, শাঁখ বাজিয়ে অভ্যর্থনা করা নিয়ম তোমার।


ঠিক দুপুরের গমগম রোদে অলস নিমফুলের গন্ধের মধ্যে কতকাল আগের তাঁর কথাই মনে পড়ে। ননীবালা একদৃষ্টে চেয়ে থাকে বাঁশঝাড়ের ঘন ডালের দিকে, কিন্তু মন তখন অতীত দিনের কোনো আবেশাতুর মুহূর্তটিতে স্থিরনিবদ্ধ। হয়তো সে-সময় ছেলে সুরেশ বলে ওঠে—মা, একটু খাবারজল দাও না। ননীবালা চমকে ওঠে ধ্যান ভেঙে, লজ্জা পায় পাছে ছেলে কিছু বা বুঝে ফেলে। ছেলেকে জল দিয়ে হয়তো কাঁথা সেলাই করতে বসে গেল, কিংবা নতুন পাড়া তেঁতুলের রাশ বঁটি পেতে কাটতে আরম্ভ করে দিলে।


অমনি মনে পড়ে যায় সেইসব দিনে এমন চৈত্রের দুপুরে—



বাড়ির পেছনের গাছের তেঁতুলের রাশ এমনি কাটতে বসেছিল একদিন।


উনি পেছন থেকে এসে চুপিচুপি বললেন—তেঁতুল কাটা রাখো। নুন দিয়ে নেবুপাতা দিয়ে তেঁতুল জরাও দিকি বেশ করে।


—চুপ। মা টের পাবেন। পালাও তুমি। তেঁতুল খেলে জ্বর হয়।


—ইস! উনি যেন আর খাবেন না, একলা আমি খাব কিনা। মা ঘুমুচ্চে। তুমি তাড়াতাড়ি ওঠো তো লক্ষ্মীটি। জিভে জল আসচে না তেঁতুলের নামে? সত্যি কথা বলো।


ননীবালাকে উঠে যেতে হয় কাটা তেঁতুল নিয়ে রান্নাঘরের দিকে। উনি বলেন —দাঁড়াও, আমি নেবুপাতা নিয়ে আসছি। তেঁতুলগুলো একটু ধুয়ে নিও, বড্ড বালি কিচকিচ করবে নইলে—


ননীবালা ধমকের সুরে বলে—হ্যাঁ গো হ্যাঁ। সর্দারি করতে হবে না। তেঁতুল ধুয়ে কেউ জরায় না। জিগ্যেস করো গিয়ে। পানসে হয়ে যায়।



দুজনে কাড়াকাড়ি করে সেই একতাল জরানো তেঁতুল খেয়ে ফেলে। পরদিনই ওঁর সর্দি আর গলাব্যথা, ননীবালা আঙুল তুলে কৌতুকের সুরে বলে—কেমন? বলেছিলাম না? কথা শোনা হল? আমার কথা শোনা হবে কেন—আমি কী আর কেউ?


—মাকে যেন কোনো কথা বোলো না—


—ঠিক বলে দেব। চালাকি বার করে দেব, দেখো। আর একটু তেঁতুল চলবে? নিয়ে আসব নুন-নেবুপাতা দিয়ে?


ননীবালার দু-চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। তাড়াতাড়ি মুছে ফেলে আঁচল দিয়ে, ছেলে পাছে টের পায়। আজ যদি তিনি থাকতেন! মরার বয়েস হয়নি তো। অনায়াসেই থাকতে পারতেন। আজ কী সুখের দিন তা হলে! খোকা এত বড়ো হয়েছে, যে দেখে সেই ভালো বলে। দু-দিন পরে মা মঙ্গলচণ্ডীর কৃপায় রেলে ভালো চাকরি করবে। উনি পায়ের ওপর পা দিয়ে বসে খান না কেন! আমরা তাঁকে কাজ করতে দিতাম না। আরাম করে খান না ছেলের রোজগার। এই দুপুরে বসে বসে কত গল্প করতাম দুজনে। ছেলের বউ সেবা করত, তেঁতুল জরিয়ে নিয়ে আসত।


পৃথিবীর পথে সে যেন একা।



সঙ্গী চলে গিয়েছে তাকে ফেলে।


দীর্ঘ পথ সামনে দুর থেকে বিস্তৃত। কে জানে কতদিন চলতে হবে এই টানা পথ বেয়ে?


না না, তার খোকা, তার সুরেশ আছে। বেঁচে থাক সে। তার ঘরকন্না গুছিয়ে দিতে হবে না? আজ বাদে কাল সুরেশের বিয়ে দিতে হবে। ছেলেমানুষ ওরা, সংসারের কী জানে? তাকেই গুছিয়ে দিতে হবে সব।


সুরেশ এসে বললে—মা, একটু তেঁতুল জরাও না? নুন দিয়ে, নেবুপাতা দিয়ে?


ননীবালা চমকে উঠে ছেলের তরুণ মুখের দিকে চেয়ে থাকে অবাক হয়ে। অন্যদিকে মুখ ফিরিয়ে সে চোখের জল রোধ করলে।


ছেলে কী করে জানলে তার বাবা অবিকল এমনি সুরে, এমনি টান দিয়ে কথা বলত?


গ্রামে ফিরে আসা পর্যন্ত ওঁর প্রতি পদক্ষেপ যেন সে শুনতে পায়। কী জানি, কিছুই যেন ভালো লাগে না। সব যেন ফাঁকা, অর্থহীন হয়ে গিয়েছে। কোনো কাজে আর উৎসাহ নেই।




একদিন ওপাড়ার হরিদাস চক্কত্তির বাড়ি সত্যনারাণের পুথি শোনা ও প্রসাদ খাওয়ার নিমন্ত্রণে সে-পাড়ার ঝি-বউদের সঙ্গে গেল। সেকেলে কোঠাবাড়ি, দালানে পুজোর জায়গা হয়েছে, মাদুর পেতে দেওয়া হয়েচে নিমন্ত্রিতা মেয়েদের জন্যে। পুরুষেরা বসেচে বাইরের রোয়াকে। পূর্ণিমার রাত্রে উঠোনের বড়ো নারকোল গাছগুলোর ছায়া প

**********
No Review
Related Books
Loading books…