Home
যমজ কাহিনি

যমজ কাহিনি

সুনীল গঙ্গোপাধ্যায়

যমজ কাহিনি

সুনীল গঙ্গোপাধ্যায়
short story

Change color

মাস তিনেক আগে কেনা হয়েছিল হাঁসগুলো। মোট আটটা। বোলপুর বাজারে শুধু রবিবার হাঁস বিক্রি হয়। আশে পাশের গ্রাম থেকে নিয়ে আসে চাষিরা। বেশ ছোট ছিল তখন। বাচ্চা হাঁস দেখতে তেমন ভালো হয় না, কেমন যেন দুর্বল প্রাণী মনে হয়। বাচ্চা কুকুর দেখলেই যেমন আদর করতে ইচ্ছে করে, হাঁসেরা তেমন নয়।

এই তিনমাসেই বেশ বড় হয়ে গেছে। পুকুরের জলে ভেসে বেড়ায়, এখন তাদের রূপ ফুটেছে। খুব। তেজি আর স্বাস্থ্যবতী। প্রত্যেকটিরই পালকে কত রকম রং।

জানলা দিয়ে পুকুরটা দেখা যায়।

কলম হাতে নিয়ে লেখক চেয়ে থাকেন পুকুরের দিকে। তাঁকে একটা গল্প লিখতে হবে। এখনও এক লাইন শুরু হয়নি।


হাঁসেদের মধ্যে কোনটি পুরুষ আর কোনটি মেয়ে তা চেনা খুব শক্ত। ডাক শুনে বুঝতে হয়। কোনও-কোনও হাঁস দারুণ গলায় জোরে প্যাঁক-প্যাঁক করে ডাকে। কোনও-কোনও হাঁসের ডাক ফ্যাঁস-ফ্যাঁস ধরনের। ওরা এখনও ডিম দিতে শুরু করেনি। দীনবন্ধুর মতে, এবার যে কোনওদিন ডিম পাড়বে।


গল্প লিখতে হবে, এখনও লেখকের মাথায় কিছুই আসছে না।


পুকুরটা বেশি বড় নয়, শীতকালে খুবই ছোট দেখায়। এখন ভরা বর্ষায় থইথই করছে। পদ্মপাতায় ছেয়ে গেছে অনেকটা।


হাঁসগুলো মাঝে-মাঝে জল থেকে উঠে এসে পাড়ে ঘুরে বেড়ায়। হাঁসদের মধ্যে একবারেই দলাদলি নেই। আটখানা হাঁস সবসময় একসঙ্গে থাকে। একজন জল থেকে উঠে এলেই অন্যরাও আর জলে থাকে না। কাছাকাছি কোনও মানুষ দেখলেই ওরা আবার জলে ঝাঁপিয়ে পড়ে। একসঙ্গে।


বাগানের লোহার গেটটা কেউ খুললেই ক্যাঁচ করে একটা শব্দ হয়। অমনি সে দিকে চোখ চলে যায়।


সে বুড়িটা এসে ঢুকছে। একেবারে থুলখুলে বুড়ি। মনে হয়, বয়েসের গাছ পাথর নেই। কেউ যদি বলে, তাও অবিশ্বাস্য মনে হবে না। শরীরটা দুমড়ে বেঁকে গেছে, কোনওক্রমে হাঁটতে পারে, কিন্তু সিড়ি দিয়ে ওঠার ক্ষমতা নেই। সিঁড়ির কাছে এসে বসে পড়ে।


পাশের রাস্তা দিয়ে আস্তে-আস্তে হেঁটে যাচ্ছে দুটি তরুণী। পৃথিবীর নিয়মই এই, বুড়ির বদলে যুবতী মেয়েদের দিকেই পুরুষ মানুষের আগে চোখ যাবে।


দুটি তরুণীরই সাজ পোশাকের চাকচিক্য দেখে বোঝা যায়, তারা শহুরে মেয়ে। দুজনের যেন একইরকম চেহারা। যমজ নাকি?


লেখক কৌতূহলী হয়ে উঠলেন।


মাঝে-মাঝে তাঁর কাছে মেয়েরা দেখা করতে আসে। অটোগ্রাফ চায়। তবে, সাধারণত তাদের সঙ্গে একজন পুরুষ থাকে। আবার অনেকে ছুটির দিনে এখানে জমি খুঁজতে আসে কলকাতা থেকে। তাদেরও সঙ্গে স্বামী কিংবা অভিভাবকদের থাকার কথা। মেয়ে দুটি এ-বাড়ির দিকেই তাকাচ্ছে।


সাধারণত লেখার সময় কেউ দেখা করতে এলে তিনি বিরক্ত হন। তবে মেয়েরা এলে ফিরিয়ে দেওয়ার প্রশ্ন ওঠে না। গরমের সময় তাঁর খালি গায়ে থাকা অভ্যেস। কোনও দর্শনার্থিনী এলে তিনি গায়ে একটা জামা গলিয়ে নীচে নেমে যান।


যমজ মেয়ে কিংবা যমজ ছেলে নিয়ে তিনি এ-পর্যন্ত কোনও গল্প লেখেননি। এই মেয়ে দুটির সঙ্গে কথা বললে একটা নতুন গল্পের উপাদান পাওয়া যেতে পারে।


উলটো দিক থেকে সাইকেলে একটি লোক আসছে। মেয়ে দুটি তাকে কী যেন জিগ্যেস করল। তারপর দ্রুত পায়ে এগিয়ে যেতে লাগল সামনের দিকে। ওরা অন্য কোনও বাড়ির সন্ধান করছে। খুব সম্ভবত ওরা বাংলা বইটই পড়ে না।


বুড়িটি হেঁটে আসছে থপথপিয়ে। হাঁসগুলো তার পাশ দিয়ে চলে গেল। অন্য কোনও মানুষের এত কাছে ওরা আসে না। ওরা কি বুঝে গেছে যে এই বুড়ির পক্ষে হাত বাড়িয়ে একটা হাঁস ধরে ফেলারও ক্ষমতা নেই?


বুড়িটি লেখকের চেনা। বারো বছর আগে শান্তিনিকেতনের এই বাড়িটি করার সময় থেকেই দেখছেন। একইরকম চেহারা। এত আস্তে কথা বলে যে প্রায় বোঝাই যায় না। তবে, এইটুকু জানা গেছে যে, তার দুই ছেলেই মারা গেছে। সে থাকে নাতির সংসারে। সেখানে সে যে পরম যত্ন আদর পায় না, তা অনুমান করা শক্ত নয়। লেখকের স্ত্রী প্রতিবারই তাকে কুড়িটা টাকা দেন, সে বিড়বিড় করে অনেক আশীর্বাদ করতে-করতে চলে যায়।


এই বুড়িটিকে নিয়ে কি লেখা যায় গল্প? যাবে না কেন, প্রত্যেকের জীবনেই থাকে গল্প। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কিংবা সতীনাথ ভাদুড়ির হাতে ভালো খোলে এরকম গল্প। এই লেখকের মনে এখনও ঝিলিক মারছে। ওই তরুণী দুটি কি সত্যিই যমজ ছিল? ওরা এ-পাড়ায় কার বাড়িতে গেল?


একবার এই বুড়িটি কিন্তু প্রায় একটি গল্পের উপাদান হয়ে উঠেছিল।


নতুন বাড়ি বানাবার পর প্রথম-প্রথম খুব উৎসাহের সঙ্গে প্রতিবারই এসে ক্যামেরায় অনেক ছবি তোলা হত। সঙ্গে আসত বন্ধু-বান্ধব বা আত্মীয়দের কেউ-না-কেউ। একবার সেইরকম ছবি তোলা হচ্ছে। সেই সময় এসে পড়ল বুড়ি। একেবারে সামনে দাঁড়িয়ে বলল, ও বাবা, আমার একটা ছবি তুলে দাও না গো! আমার ছবি দেখি নাই কোনওদিন।


বুড়ির চোখ দুটি ঘোলাটে। দৃষ্টিশক্তি আছে কিনা সন্দেহ, যদিও নিজেই হেঁটে-হেঁটে আসে। সেবার লেখকের দুই শ্যালিকা এসেছিল, ছোটো শ্যালিকাই জিগ্যেস করেছিল, ও বুড়িমা, তুমি চোখে দেখতে পাও?


মাথা নাড়তে নাড়তে বুড়ি বলেছিল, না-গো-না, সব ঝাপসা। এই তোমার মুখখানিও ভালো দেখতে পাচ্ছি না গো মা! চোখ গেছে।


বোঝাই যায়। কখনও ছানি কাটানো হয়নি, এর চোখ দুটি প্রায় অন্ধই বলাই যায়। ছবি তুললে তো নিজেই দেখতে পাবে না। তবু মানুষের ছবির প্রতি এমনই মায়া।


গ্রুপ ছবি ছাড়াও বুড়ির আলাদা করে দুটি ছবি তুলেছিলেন লেখক। কিন্তু দুঃখ ও লজ্জার কথা, সে ছবি ওঠেনি। বড়ো শ্যালিকার দুষ্টু ছেলেটি ক্যামেরাটি নিয়ে ঘাঁটাঘাঁটি করতে গিয়ে পেছনটা একবার খুলে ফেলেছিল, আলো ঢুকে শেষের দিকে সাত আটখানা ছবি সাদা হয়ে গেছে।


পরের বার গিয়ে বুড়িকে কী বলা হবে? লেখক খুবই অস্বস্তির মধ্যে পড়েছিলেন। শ্যালিকার ছেলের ওপর রাগও করা যায় না।


ছোটো শ্যালিকা বলেছিল, ওকে একটা অন্য ছবি দিয়ে দিন না। আমার ছবিটা দিয়ে দিন। ও তো কিছু বুঝতেই পারবে না।


এই উপাদান নিয়ে অনায়াসেই একট ছোটো গল্প উতরে দেওয়া যেত। বুড়িকে এক সুন্দরী যুবতীর ছবি দেওয়া হল, সে সেই ছবিখানা নিয়েই আনন্দ করতে-করতে চলে গেল…।


কিন্তু লেখক সে গল্প লেখেননি। এর মধ্যে একটা নিষ্ঠুরতা আছে।


আসলে, পরের বার যাওয়ার পর বুড়ি সেই ছবির কথা জিগ্যেসই করেনি। তার কিছু মনে নেই। এর অ্যালজাইমার্স ডিজিজ আছে নির্ঘাত!


হঠাৎ পুকুরের জলে ঝপাং করে একটা জোর শব্দ হল।


লেখক এখনও গল্প শুরু করতে পারেননি, শব্দটায় চমকে উঠলেন। এত জোরে শব্দ কীসের হতে পারে। উঠে গিয়ে তিনি অন্য জানলা দিয়ে দেখতে লাগলেন।


পুকুর ধারে পাশাপাশি তিনটে তালগাছ। জমি কেনার সময় থেকেই এই গাছ তিনটে ছিল। লেখক যে কোনও গাছ কাটার বিরোধী। তাই বাড়ি তৈরির সময় এমনভাবে নকশা করা হয়েছে যাতে গাছ তিনটিকে বাঁচিয়ে রাখা যায়। তারপর পাশ দিয়ে কাটা হয়েছে পুকুর।


এখন গাছ তিনটিকে বেশ মানানসই মনে হয়। ছোটো পুকুরটাকেও অনায়াসেই বলা যায় তাল পুকুর। নজরুলের কবিতা আছে, বাবুদের তালপুকুরে, হাবুদের ডাল কুকুরে, সে কি বাস করল। তাড়া…।


অন্য অনেক গাছেরই নারী-পুরুষ ভেদ থাকে না, কিংবা সহজে বোঝা যায় না। কিন্তু তাল গাছ। একেবারে মানুষের মতনই। তিনটে গাছের মধ্যে প্রথম একটি গাছে জটা বেরিয়ে এল। অর্থাৎ পুরুষ। কোনওদিনই ফল হবে না। তৃতীয়টাতে পরের বছর ফুল ফুটল। যথা সময়ে পাওয়া গেল অনেক তাল, প্রায় তিরিশ ছল্লিশটা। মাঝখানের গাছটা এখনও চুপচাপ, নারী না পুরুষ বোঝা যাচ্ছে না। এই তিনটে তালগাছ নিয়েও তো গল্প লেখা যায়। মাঝখানের গাছটা যদি ফল ফলাতে শুরু করে। তা হলে দুজন নারী ও একজন পুরুষ। আর এরও যদি জটা বেরিয়ে আসে। তাহলে দুই পুরুষ ও এক নারী। অনায়াসে হতে পারে ত্রিকোণ প্রেমের কাহিনি।


কিন্তু আরম্ভ করা যাবে কীভাবে।


ভাদ্র মাসে তাল নিজে থেকেই খসে পড়ে। এ-বছর এই প্রথম শুরু হল, প্রথমটাই পড়েছে পুকুরে।


লেখক চেঁচিয়ে বললেন, দীনবন্ধু, একটা তাল পড়েছে, তুলে নাও!


তাল পড়ার শব্দে হাঁসগুলো ভয় পেয়ে পুকুরের অন্যদিকে ডাঙায় উঠে পড়েছে।


ওপরে উঠেই হাঁসগুলো ডানার জল ঝেড়ে ফেলার জন্য ব্যস্ত হয়ে পড়ে। ঠিক যেমন মেয়েরা স্নান করে উঠে গামছা দিয়ে মাথার চুল ঝাড়ে।


মেয়েদের মাথার চুল ঝাড়ার দৃশ্য লেখক দেখলেন কোথায়? সবাই তো বাথরুমে স্নান করে। গামছা উঠে গেছে, তার বদলে তোয়ালে। মেয়েরা আর বড় চুলও রাখে না। তাঁর ছোট শ্যালিকা ও তার এক বান্ধবী এই পুকুরে স্নান করেছ কয়েকবার। সাঁতার কেটে উঠেই গায়ে তোয়ালে জড়িয়ে চলে গেছে বাড়ির ভেতরে বাথরুমে।


আসলে উপমাটা মনে আসে বাল্যস্মৃতি থেকে। ছেলেবেলায় গ্রামে দেখেছেন, মেয়েরা ব্লাউজ শায়ানা পরে, শুধু শাড়ি জড়িয়ে নামত পুকুরে। বিশেষ করে মনে পড়ে, যমুনা পিসির কথা, লম্বা চুল ছিল পিঠ ছড়ানো, প্রায় লাফিয়ে-লাফিয়ে চুল ঝাড়তেন গামছা দিয়ে, আর কী যেন গান গাইতেন গুনগুনিয়ে। লেখকের বয়েস তখন দশকিংবা এগারো, আর যমুনা পিসির উনিশ-কুড়ি।


অন্য অনেক মেয়ের কথাই মনে নেই, শুধু যমুনা পিসির চেহারাটাই এখনও স্মৃতিতে জ্বলজ্বল করে।


সেই যমুনা পিসি এখন কোথায়? ওঃ হো, তিনি তো আত্মহত্যা করেছিলেন গায়ে আগুন লাগিয়ে। তাই নিয়ে গ্রামে কী হইচই।


কেন আত্মহত্যা করেছিলেন! মনে নেই। কিংবা ওই বয়েসি ছেলের সামনে কেউ এ-বিষয়ে আলোচনা করেনি।


ওই যমুনা পিসিকে নিয়ে গল্প লেখা যায় না? একটি কুমারী মেয়ের আত্মহত্যা ঘিরে অনেক রহস্য রোমাঞ্চ থাকে। অনেক কিছু বানানোও যায়। একজন লেখকের পক্ষে এসব খুব সোজা।


তবু কলমে একটা শব্দও লেখা হল না। প্রথম বাক্যটি লেখাই আসল কাজ, তারপর তরতরিয়ে এগিয়ে যাওয়া যায়।


যমুনা পিসির সঙ্গে আর একজনের মুখ মিলে যাচ্ছে। তার নামও যমুনা। কিন্তু যমুনা নামটি এখনও পুরোনো হয়নি। সেই ভাবে প্রমথেশ বড়ুয়ার স্ত্রীর নাম ছিল যমুনা, প্রথম দেবদাস। ফিলমের নায়িকা। লেখক এই ফিলম দেখেননি। আজও কোনও-কোনও মেয়ের নাম যমুনা হয়। আত্মপ্রকাশ উপন্যাসের নায়িকার নাম যমুনা ছিল না?


এই মহিলার নাম যমুনা চ্যাটার্জি। নিউক্লিয়ার ফিজিকসের অধ্যাপিকা, বাউলে-তে থাকেন। দেশে আসেন মাঝে-মাঝে। তাঁর স্বামী বিশ্বরূপ লেখকের এক বন্ধুর বন্ধু। গত বছর যমুনা আর অরিন্দম শান্তিনিকেতনে বেড়াতে এসে দুদিন থেকে গেছে এই বাড়িতে।


স্বামী-স্ত্রী দুজনেই খুব সুন্দর, দুজনেই অনেক লেখাপড়া জানে, আবার ঠাট্টা ইয়ার্কি আড্ডাতেও বেশ জমিয়ে তুলতে পারে। তবু দুজনের সম্পর্কের মধ্যে কোথাও যেন একটা সূক্ষ্ম ফাটল আছে তা শুধু লেখকের চোখেই ধরা পড়েছিল।


একদিন বিকেলে ছাদে দাঁড়িয়ে কথা হচ্ছিল। কাছেই সেই তিনটে তাল গাছ। যমুনা চ্যাটার্জি নিউক্লিয়ার ফিজিক্সের অত বড় পণ্ডিত হলেও তালগাছের যে নারী ও পুরুষ আলাদা হয়, তা জানে না। শহরের অনেক মেয়েই জানে না। যমুনা চ্যাটার্জি প্রথমে তালগাছকে মনে করেছিল নারকোল গাছ। কচি তাল দেখে সে ভেবেছিল ডাব।


কথায়-কথায় লেখক যখন বললেন, মাঝখানের গাছটার লিঙ্গ নির্ণয় হয়নি, খুবই অবাক হয়ে গেল যমুনা। সে দু-বার জিগ্যেস করল, সত্যিই এরকম বোঝা যায়?


লেখকের স্ত্রী বললেন, দ্যাখো না, ওই যে ওপাশের গাছটা, মাথার কাছ থেকে জটা বেরিয়ে ঝুলছে। ওই লম্বা-লম্বা জিনিসগুলোকে জটা বলে, তাতেই বোঝা যায় পুরুষ। আর এ-পাশে গাছটায় অনেক তাল হয়েছে দেখতেই পাচ্ছ। কাল তোমাদের তালশাঁস খাওয়াব।


যমুনা বলল, আমি সামনের বছরেই এটা দেখবার জন্য আসব। মাঝখানের গাছটা কী হয়, আমার খুব জানতে ইচ্ছে করছে।


একটা তালগাছের লিঙ্গ জানবার জন্য সুদূর আমেরিকা থেকে একজন চলে আসবে, এটা শুনতে অদ্ভুত লাগে!


যমুনার স্বামী জিগ্যেস করল, হঠাৎ তোমার এত ক

**********
No Review
Related Books
Loading books…