
ম্লান অম্লান
সমরেশ মজুমদার
নিরাপদ বসুকে এই কাহিনির নায়ক বলা যাবে না। অথচ যা কিছু ঝামেলা ওকে নিয়েই। নিরাপদ অবশ্য ঝামেলা বলে স্বীকার করে না। সে যথেষ্ট ঝামেলা এড়ানো ভদ্রলোক। ওর স্ত্রী হৈমন্তী যদিও এই স্বভাবটার জন্যে ওকে ব্যক্তিত্বহীন মানুষ বলে মনে করে। নিরাপদ এসব শুনলে দু:খ পায়। কিন্তু ইদানীং স্ত্রী-র কথাবার্তা সে উপেক্ষা করতে শিখে গিয়েছে। নিরাপদ একজন সরকারি চাকুরে। বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া হিসেবে ফল ভালো করেছিল। চাকরিতে ফাঁকি দেয়নি। তাই পঞ্চাশ বছরেই যতটা ওপরতলায় ওঠা সম্ভব উঠেছে।
হৈমন্তী খুব গোছানো মেয়ে। স্বামীর যা আয় তাতেই সে সংসারটাকে সুন্দর করে সাজিয়েছে। চাহিদা তো অনেক থাকে কিন্তু সেটা পাওয়া যাচ্ছে না বলে দিনরাত অশান্তি করে না। চল্লিশের। এপাশে এসেও হৈমন্তী এখনও আকর্ষণীয়, যাকে বলে সুন্দরী, ঠিক তাই। আর এখানেই তার যা। কিছু কষ্ট। নিরাপদ পঞ্চাশেই কেমন বুড়ো-বুড়ো হয়ে গিয়েছে। অফিস আর বাড়ি ছাড়া কিছুতেই উৎসাহ নেই। সুন্দরী স্ত্রী যে তাকে তেমন আকর্ষণ করে তা আর আজকাল বোঝা যায় না। হৈমন্তী নিরাপদের মেয়ের নাম অদিতি। বয়স আঠারো-উনিশের মাঝামাঝি। লম্বা, দারুণ দেখতে, ফার্স্ট ইয়ারে পড়ছে। পাড়ার ছেলেদের জ্বালায় হৈমন্তীর রাত্রের ঘুম নেই। টেলিফোন বাজলেই অদিতিকে কেউ-না-কেউ ডাকবে। লেটার-বক্সে প্রেমপত্রের বন্যা বয়ে যায়। ভরসা এই মেয়েটা এসব পাত্তা দেয় না। হৈমন্তীর রাগ, নিরাপদ একটুও চিন্তিত নয় মেয়ের ব্যাপারে। কখন কোন। উটকো ছেলের সঙ্গে মজে গেলে সারাজীবন কপাল চাপড়াতে হবে। সারা সময় মেয়েকে সেকথা শোনায় হৈমন্তী।
এই নিরাপদকে অফিসের কাজে একবার দিল্লিতে যেতে হয়েছিল। দিল্লিতে হৈমন্তীর দিদি থাকেন। কোনও অসুবিধে হয়নি। ফেরার সময় কালকার টিকিট পাওয়া গেল না। সেকেন্ড ক্লাস স্লিপারে সে বেশি স্বচ্ছন্দ। ভায়রাভাই রাজধানীর চেয়ারকারের টিকিট ম্যানেজ করে দিল। বড়লোকি পরিবেশ একদম সহ্য হয় না নিরাপদর। এয়ার কন্ডিশন্ড মানে সেইরকম ব্যাপার বলে মনে হয়েছিল তার। কিন্তু সিটে বসে দেখল তার মতো পোশাক ও চেহারার অনেক যাত্রী যাচ্ছে। সে সাইড ব্যাগ থেকে আগাথা ক্রিস্টির একটা বই বের করে চোখ রাখল হেলানো চেয়ারে মাথা রেখে। আগাথা ক্রিস্টি ওর খুব প্রিয় লেখিকা। গাড়ি চলল। ভেতর থেকে গতি বোঝার উপায় নেই, ধুলো নেই। নিরাপদর ভালো লাগল। এই সময় বেয়ারা গোছের একটি লোক এসে সামনে দাঁড়িয়ে সেলাম করল। চমকে উঠে বসল নিরাপদ। তারপর লোকটিকে লক্ষ্য করে বুঝল সেলামটা তার পাশে বসা যাত্রীর জন্যে। বেয়ারা খুব বিনয়ের সঙ্গে জিজ্ঞাসা করল, সাব, কফি চাহিয়ে?
কফি? হলে মন্দ হয় না।
ঠিক হ্যায় সাব। বেয়ারা চলে গেল।
নিরাপদ অবাক। কম্পার্টমেন্টের কাউকে এই প্রশ্ন করেনি বেয়ারা। এই লোকটি কী এমন তালেবর যে তাকেই খাতির করতে হবে! কিন্তু এই প্রশ্ন মনে এলেও মুখে কিছু বলল না নিরাপদ। সেটা তার স্বভাবে নেই। নিজেকেই বোঝাল, নিশ্চয়ই রেলের কোনও বড় কর্মচারী। সে আড়চোখে তাকাল। বছর পঁয়ত্রিশেক হবে। রোগা, ফরসা, চশমা পরা। এ ধরনের চেহারার বয়স চট করে অবশ্য আন্দাজ করা যায় না।
কফি এল। আরাম করে খেল লোকটা পাশে বসে। কম্পার্টমেন্টের অনেকেই এই খাওয়াটা দেখছে। সবার চোখেই বিস্ময়।
পাশাপাশি বসেও কথা হচ্ছিল না। আগ বাড়িয়ে কথা বলার স্বভাব নেই নিরাপদর। সে বই-এ দৃষ্টি রেখেছিল। বেয়ারাটা আবার এল কাপ প্লেট নিতে। জিজ্ঞাসা করল, সাব, আপনি কি আলাদা কোনও মেনু ডিনারে নেবেন?
লোকটি বলল, না, না। যা সবাইকে দিচ্ছ তাই আমাকে দিও।
নিরাপদ নিশ্চিত হল লোকটি রেলের অফিসার। তার অবশ্য রেলের অফিসারের সঙ্গে আলাপ রাখার প্রয়োজন নেই। কালেভদ্রে কলকাতা থেকে সে বের হয়।
ওটা কি আগাথা ক্রিস্টি?
চমকে উঠল নিরাপদ। দ্রুত মাথা নাড়ল, হ্যাঁ।
আমার খুব প্রিয় লেখক। কোনান ডয়েল, আগাথা ক্রিস্টি থেকে আমাদের ফেলুদা, হাতে পেলে পৃথিবী ভুলে যাই আমি।
নিরাপদ হাসল। অথবা বলা যেতে পারে, হাসবার চেষ্টা করল।
ভদ্রলোক জিজ্ঞাসা করলেন, দিল্লির লোক নন নিশ্চয়ই?
না, না, আমি কলকাতায় থাকি। কাজে এসেছিলাম। সরকারি কাজে।
প্রায়ই আসেন?
না। হঠাৎই আমাকে আসতে হল।
কোন ডিপার্টমেন্ট আপনার?
নিরাপদ সেটা জানাল। ভদ্রলোক মাথা নাড়লেন, যাক খুব দুশ্চিন্তা ছিল, আমার পাশে যদি কোনও উটকো লোক বসত তাহলে সারাটা পথ মুখ বন্ধ করে থাকতে হত। আপনার নামটা কিন্তু জানা হল না!
আমি নিরাপদ বসু। আপনি?
অম্লান মিত্র।
ভদ্রলোক কি করেন, রেলের অফিসার কিনা তা জানা গেল না। জিজ্ঞাসা করতেও সঙ্কোচ হচ্ছিল নিরাপদর। নিজের ওপর এই কারণেই তার ক্ষোভ হয়। হৈমন্তী রেগে যায় এই কারণে। ডিনার এল। ভদ্রলোক বেয়ারাকে বললেন খাবার দেওয়ার আধঘণ্টা বাদে আবার যেন কফি দিয়ে যায়। এবার দু-কাপ।
না, লোকটা খারাপ নয়। রাত্রে ঘুমাবার আগে অনেক কথা হল। সকালেও। নিরাপদর অফিস। এবং বাড়ির ফোন নম্বর নিলেন ভদ্রলোক। নিজের ফোন নম্বর দিলেন না। বললেন, টালিগঞ্জের নম্বর শুনছি পালটে যাবে। গিয়ে দেখব হয়তো এরই মধ্যে পালটে গিয়েছে। আপনাকে পরে। জানিয়ে দেব।
এই লোকটির কথা বাড়িতে ফিরে হৈমন্তীকে বলেনি নিরাপদ। বললেই হৈমন্তী জিজ্ঞাসা করত, একটা লোককে সব জানিয়ে দিলে অথচ সে কী করে কোথায় থাকে তা জানলে না? খুব স্বাভাবিক প্রশ্ন। কিন্তু নিরাপদ বোঝাতে পারবে না যে তার মনে হয়েছিল লোকটি নিজের সম্পর্কে বেশি কথা বলতে চায় না। তাই জিজ্ঞাসা করতে তার ভদ্রতায় লেগেছিল। তা ছাড়া একজনের সঙ্গে ট্রেনে আলাপ হয়েছে এবং সেখানেই শেষ, তাই নিয়ে স্ত্রীর সঙ্গে ঝামেলা করে কী হবে। হৈমন্তীকে একথা বলা মানে ঝামেলা পাকানো। হৈমন্তীকে খুশি করার জন্যে ও রোজ সকালে। বাজারে যায়, গ্যাস বুক করে, তাগাদা দেয়, রেশনের দোকানে যায়, শুধু কেরোসিনের লাইন দেয় না। সেটা হৈমন্তীই নিষেধ করেছে। ঘণ্টার-পর-ঘণ্টা বস্তির লোকেদের সঙ্গে স্বামীকে দাঁড়িয়ে থাকতে দেখতে চায় না সে। কিন্তু ইলেকট্রিক বা টেলিফোনের বিলটা ওর পকেটে গুঁজে দেয়। ডাবল সিলিন্ডার থাকায় গ্যাস ফুরোবার আগেই দ্বিতীয় সিলিন্ডার পাওয়া যায়। হৈমন্তীর সমস্যা থাকে না। এবার দিল্লি থেকে এসে শুনল যে-কোনও মুহূর্তে আগের গ্যাস শেষ হয়ে যাবে, কিন্তু। দোকানে বলা সত্বেও দ্বিতীয় সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। বলেছে সাপ্লাই নেই। পাড়ার দোকানে গ্যাস সাপ্লাই থাকলে নিরাপদ কী করতে পারে? হৈমন্তী অবশ্য কাজের মেয়েকে দিয়ে অনেকটা কেরোসিন তুলিয়ে রেখেছে।
একদিন অফিস থেকে ফিরে নিরাপদ দেখল লোডশেডিং। মেজাজ খারাপ হয় না আজকাল। এটাই স্বাভাবিক ঘটনা। প্রথম প্রথম ফোন করত অদিতির তাড়নায়। শুনত কেবল ফল্ট আজকাল করে না। মোমবাতি জ্বলে, গরমে পচতে হয়। আজ টেলিফোন বাজল। হৈমন্তী কথা বলে জানল অম্লান মিত্র নামে একজন তাকে ডাকছে।
নিরাপদ ফোন ধরল। অম্লানের গলা পাওয়া গেল, কি মশাই, চিনতে পারছেন? আমি অম্লান। রাজধানীতে আলাপ হয়েছিল। নিরাপদ শুকনো হাসল, হেঁ-হেঁ। কেমন আছেন।
ফার্স্ট ক্লাস। আপনাদের পাড়ায় এসেছিলাম। ভাবলাম যোগাযোগ করি। কি করছেন?
কিছু না।
তাহলে একবার আপনাদের ওখানে ঢু মেরে আসি। ঠিক কোথায় যেন বাড়িটা?
নিরাপদ মোটামুটি বুঝিয়ে দিল।
টেলিফোন রেখে সে কিন্তু কিন্তু হৈমন্তীকে বলল, অম্লানবাবুর সঙ্গে ট্রেনে আলাপ হয়েছিল। খুব বড় অফিসার।
কোথাকার?
রেলের বোধ-হয়।
বোধ-হয় মানে? উনি বলেননি?
নিরাপদ অস্বস্তিতে পড়ল, সেইরকম মনে হল।
আশ্চর্য! একটা লোকের সঙ্গে আলাপ হল, টেলিফোন নম্বর দিলে অথচ সে কোথায় কাজ করে জানলে না! কি করে সরকারি চাকরি করো? কী বললেন?
এ পাড়ায় এসেছিলেন। তাই ঘুরে যেতে পারেন।
এই অন্ধকারে? নিষেধ করলে না?
কেউ যদি আসতে চায় নিজে থেকে তা মানা করব কি করে?
আমি লোডশেডিং-এর মধ্যে চা-ফা খাওয়াতে পারব না।
মিনিট দশেক বাদে অম্লান এল। এসেই বলল, একি দাদা, অন্ধকারে বসে আছেন?
নিরাপদ বলল, কি করব, উপায় তো নেই।
উপায় নেই হয় নাকি? আপনার টেলিফোন কোথায়?
নিরাপদ অবাক হলেও টেলিফোন দেখিয়ে দিল। মোমবাতির আলোয় ডায়াল ঘোরাল অম্লান। নিরাপদ শুনল অম্লান বলছে, হ্যালো, চিফ ইঞ্জিনিয়ার আছেন? ও, অম্লান বলছি। আমি এখন তিনশো বাইশ সার্কুলার রোডে আছি। এখানকার ফেজটা অন করে দিতে বলুন। ধন্যবাদ। রিসিভার রেখে দিয়ে অম্লান বলল, এই গরমে কোনও ভদ্রলোক থাকতে পারে?
নিরাপদ অবাক। সে একেবারেই হতভম্ব হয়ে গেল যখন এর মিনিটখানেক বাদেই আলো এসে গেল। চারপাশে উল্লাস শোনা গেল। ভেতরের দরজায় দাঁড়িয়ে হৈমন্তী সমস্ত ব্যাপারটা শুনল। আলো জ্বলতে সেও অবাক। নিরাপদ না জিজ্ঞাসা করে পারল না, ইলেকট্রিক সাপ্লাইতে আপনার চেনাজানা আছে বুঝি?
ওই একটু-আধটু। অম্লান বসল। এই সময় অদিতি ছুটে এসে জানাল একমাত্র তাদের বাড়ি এবং রাস্তার এপাশের কয়েকটিতে আলো এসেছে। উলটোদিকটায় এখনও লোডশেডিং। অম্লান অদিতিকে দেখছিল। হেসে বলল, যাতে তোমাদের এই বাড়িতে কখনও লোডশেডিং না হয় সেই ব্যবস্থা করব?
আপনি পারবেন? অসম্ভব।
দেখি। রহস্যের হাসি হালে অম্লান।
নিরাপদ স্ত্রী ও কন্যার সঙ্গে অম্লানের আলাপ করিয়ে দিল। অম্লান খুবই ভদ্রভাবে কথা বলল। আদিতি টিভি খুলেছিল। ছবি এখনও কাঁপছে। দু-বছরের টিভি, মিস্ত্রি দেখিয়েও ঠিক হচ্ছেনা। অম্লান বলল, এই টিভি দেখবেন না দাদা, চোখ খারাপ হয়ে যাবে।
হৈমন্তী বলল, কিছুতেই ঠিক হচ্ছে না। গ্যারান্টি পিরিয়ড শেষ হয়ে যাওয়ার পর কয়েকবার মিস্ত্রি দেখালাম, যখন করে দিয়ে যায় তখন ঠিক থাকে তারপর যে-কে সেই। আর একটা যে কালার। টিভি কিনব তার তো উপায় নেই। যা দাম।
আহা কিনবেন কেন বউদি। দু-বছর তো বেশিদিন নয়। কোম্পানিকে লিখছেন না কেন? ঠিক আছে, টিভি কেনার রসিদটা আছে? অম্লান জিজ্ঞাসা করল।
রসিদ পাওয়া গেল। সে সেটা পকেটে রেখে বলল, এটা আমার ওপর ছেড়ে দিন। দেখি কী করা যায়।
অনেকক্ষণ গল্প করে চা খেয়ে চলে গেল সে। এর মধ্যে হৈমন্তী জানতে পেরেছে বিয়ে থা করার সুযোগ হয়নি এখনও ওর। টালিগঞ্জে বাড়ি। বাড়িতে মা আছে। সরকারি চাকরি করে। কিন্তু কোন ডিপার্টমেন্ট তা বের করতে পারেনি হৈমন্তী। অম্লান বলেছে, বউদি মাপ করবেন, এটা বলতে অসুবিধে আছে।
তাজ্জব ব্যাপার। সেদিনের পর আর লোডশেডিং হচ্ছে না এ বাড়িতে। প্রতিবেশীরা এতে অবাক। ঈর্ষান্বিত অনেকেই। হৈমন্তী বলল, সত্যি ভদ্রলোক খুব ইনফ্লুয়েন্সিয়াল।
হৈমন্তীর ভাই এসেছিল। ট্রেড ইউনিয়ন করে। বলল, সত্যি দিদি, এই কারণে তোমরা এত সহজে টুপি পরো।
হৈমন্তী চটে গেল, আজেবাজে কথা বলিস না।
ভাই বোঝাল, ধরো, আমার সঙ্গে খুব জানপয়চান আছে ইলেকট্রিসিটির ইঞ্জিনিয়ারের। এপাড়া এসে জানলাম তোমার বাড়িতে লোডশেডিং। সঙ্গে-সঙ্গে ফোনে তাকে অনুরোধটা করলাম। তারপর তোমার বাড়িতে এসে যেন প্রথম লোডশেডিং দেখছি এমন অভিনয় করে লোকটাকে দ্বিতীয়বার ফোন করলাম। ব্যাস, আলো এসে গেল। আর তুমি ভাবলে, ব্যাপস, লোকটার কি ক্ষমতা।
হৈমন্তী এতটা বোঝেনি। এবার বুঝে বলল, যাক বাবা, আমাদের তো আর লোডশেডিং হচ্ছে না, সেইটেই উপকার।
কিন্তু দিন-তিনেক বাদে টিভি কোম্পানি থেকে টেলিফোন এল। তাঁরা পুরোনো টিভি ফিরিয়ে নিয়ে নতুন সেট দিয়ে দিতে চান। আজ বিকেলে তা