
ম্যাথস
বুদ্ধদেব গুহ
বাঁদরের তৈলাক্ত বাঁশে চড়ার অঙ্কই হোক, কী চৌবাচ্চার জল ফুরোনোর হিসেবের অঙ্কই হোক, কোনো অঙ্কই আমার ঠিক হত না। এমনকী, সামান্য যোগ-বিয়োগ-গুণ-ভাগেরও ভুল হত।
অক্ষয়-স্যার আমাদের স্কুলের মাস্টারমশাই তো ছিলেনই, ম্যাথস-এ কাঁচা বলে বাবা ওঁকে বাড়িতেও পড়াতে বলেছিলেন আমাকে। টকটকে ফর্সা রং ছিল ওঁর। খোঁচা-খোঁচা কালো গোঁফ। ধুতি আর পাঞ্জাবি পরতেন। গায়ে একটি এণ্ডির চাদর থাকত। পায়ে পাম্প-শু। টেবিলের উলটো দিকের চেয়ারে বসে আমার খাতার উপর ঝুঁকে পড়ে অঙ্কের ফল দেখতে দেখতে ওঁর মুখ বিরক্তিতে ভরে উঠত। ভুরু কুঁচকে যেত। বলতেন, ই-ইটা কী? কখনোবা গম্ভীর গলায় বলতেন, যেন টেবিল-চেয়ারকেই বলছেন, আর কতবার বলতে হবে তোমাকে যে, সংখ্যাকে না বদলে তা কেটে পাশে পরিষ্কার করে লিখবে?
আমি মুখ নীচু করে থাকতাম। ভীষণ কষ্ট হত বুকের মধ্যে! অক্ষয়-স্যার যখন আমাকে বকতেন, মারতেনও কখনো, তখন আমার অত কষ্ট হত না। কিন্তু ওঁর মুখে যখনই বিচ্ছিরি বিরক্তির ভাব। ফুটে উঠত, সেই মুখে আমি স্পষ্টই পড়তে পারতাম, আমি একটি গাধা। এবং উনি আমাকে নিয়ে রীতিমতোই নাজেহাল। অথচ টিউইশানিরও দরকার নিশ্চয়ই ছিল তখন ওঁর। তাই বলতেও পারতে না বাবাকে যে, আমাকে আর পড়াবেন না। ওঁর একমাত্র ছেলে গোপেনদা ব্রিলিয়ান্ট ছাত্র ছিলেন। ওঁর জন্যে অক্ষয়-স্যারের গর্বের অন্ত ছিল না।
উনি চলে গেলে অনেকক্ষণ এক ঘরে আমি বসে থাকতাম। নিজের উপর বড়োই রাগ হত। অথচ কী করব? অঙ্ক আমার একেবারেই ভালো লাগত না। কবিতা লিখতে, ছবি আঁকতে, গান গাইতে ভালো লাগত। কিন্তু ওইসব তো কোনো গুণের মধ্যে পড়ত না। যে-গুণ ভাঙিয়ে টাকা রোজগার না করা যায়, তা কি আর গুণের মধ্যে পড়ে?
বাবা অফিস থেকে ফিরলেই শব্দ পেতাম। গ্যারাজ ছিল একতলাতেই, আমার পড়ার ঘরের পাশেই। অফিস থেকে ফিরেই বাবা একবার আমার ঘরে ঢুকতেনই। বলতেন, খোকন, কেমন হচ্ছে পড়াশোনা? পরীক্ষা তো এসে গেল। কোনোদিন বলতেন, আমি তো জানিই, তুই স্কলারশিপ পাবিই। তবে স্ট্যান্ড করলে আরও খুশি হব।
বাবাকে আমি ভালোবাসতাম খুবই। কিন্তু আমার সম্বন্ধে বাবার এমন উঁচু ধারণায় কুঁকড়ে যেতাম। আপত্তিও করতে পারতাম না। বলতে পারতাম না যে, আমি হয়তো ফার্স্ট ডিভিশনই পাব না।
নিজের ছুঁড়ে-দেওয়া কথাতে নিজেই খুশি হয়ে দোতলায় উঠে যেতেন বাবা আমাদের ফক্স টেরিয়ার কুকুর ম্যাডাকে আদর করতে-করতে। বাবার গাড়ির ইঞ্জিনের শব্দ পর্যন্ত চিনত ম্যাডা। গাড়ি যখন রাস্তায় এবং আর কেউই যখন বুঝতে পর্যন্ত পারত না, ম্যাডা তখন উত্তেজিত গলায় ডাকতে-ডাকতে দোতলা থেকে তার পায়ের নখে খচর-খচর আওয়াজ করতে করতে সিঁড়ি দিয়ে তড়িৎগতিতে নেমে এসে গ্যারেজের সামনে ছুটোছুটি করত। বিহারের মধুবনী জেলার এক রং রুট ড্রাইভার সুরজনারায়ণ ঝা, অতি-উত্তেজিত ম্যাডার একটা পায়ের উপর চাকা তুলে দিয়ে সামনের বাঁ-পাটাকে একবার প্রায় ভেঙেই দিয়েছিল।
বাবা উপরে চলে যাওয়ার পর আরও খারাপ লাগত। অক্ষয়-স্যার পড়ালে গোরু-গাধাও নাকি ফার্স্ট ডিভিশন পায়। আমি অন্য সব বিষয়ে খুব ভালো না হলেও অঙ্কের মতো অতটা খারাপ। ছিলাম না। তাই অঙ্কের দায়িত্ব অক্ষয়-স্যারের হাতে তুলে দিয়ে বাবা নিশ্চিন্ত হয়ে যা খুশি তাই ভাবছিলেন।
বন্ধুদের কাছেও শুনতাম যে, তাদের সকলের বাবাও নাকি ওইরকমই বলতেন। প্রত্যেকের মায়েরাই বলতেন, তোর বাবা কোনোদিন ক্লাসে সেকেন্ড হননি। আর তুই?
আমার বন্ধু প্রণব একদিন দুঃখ করে বলেছিল, ভেবে দ্যাখ, সক্কলের বাবাই যদি ক্লাসে ফার্স্ট হতেন, তা হলে ওঁদের সময়ে ক্লাসে সেকেন্ড হতেন কে বল তো?
প্রীতি বলেছিল, আর ফেলই বা করতেন কারা? আমি তো ভেবেই পাই না।
২.
অক্ষয়-স্যার সপ্তাহে তিনদিন আসতেন। তাঁর বিরক্তি আর আমার হতাশা ও অপরাধবোধ ক্রমশ বেড়েই চলেছিল। একদিন এক টিপ নস্যি নিয়েই উনি আমাকে বললেন, খারাপ-ভালোর। অনেরকম হয়, বুঝেছ? তোমার মতো ছেলে আমি আর দেখিনি। তোমার বাবা মিছেই তোমার পেছনে পয়সা খরচ করছেন। আমি এবার তোমার বাবাকে বলব। তোমার মতো দু-চারটি ছাত্র পেলেই আমার এতদিনের সুনাম ডুববে। এত সোজা অঙ্ক, তাও তুমি…
আমি মাথা নীচু করেই ছিলাম। অনেক ছেলে বাবা-মায়ের কাছে রিপোর্ট লুকোয়, পাছে তাঁরা মারেন, বকেন। আমি কখনোই লুকোইনি। অক্ষয়-স্যার আমার কথা বাবাকে বলে দিলেও বাবা আমাকে কিছুই বলতেন না, কিন্তু বড়ো দুঃখ পেতেন নিশ্চয়ই। বাবাকে ভালোবাসতাম বলে বাবা দুঃখ পান, তাও চাইতাম না। অথচ আমি আপ্রাণ চেষ্টা করেও তৈলাক্ত বাঁশে বাঁদরের ওঠার অঙ্ক বা চৌবাচ্চার জল ফুরোনোর অঙ্ক কিছুতেই করতে পারতাম না। সেই সময় কোনো রবীন্দ্র সংগীতের কলি কানের পাশে ঘুরঘুর করত। চোখের সামনে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যক-এর রাজা দোবরুপান্না বা মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মানদীর মাঝির হুসেন মিঞার মুখ ভেসে উঠত। অ্যালজেবরাও একদম ভালো লাগত না। জিওমেট্রি একটু ভালো লাগত। মনে হত ছবি আঁকছি। কিন্তু থিওরি এলেই মাথা একেবারে গোলমাল হয়ে যেত। আমি পরীক্ষায়। ভালো ফল না করলে যে বাবা আরও দুঃখ পাবেন–এই কথাটা।
ভেবেই আমার হাত-পা ঠান্ডা হয়ে আসত। বাবার দুঃখ পাবার ভয়ে নিজে আগেভাগেই এত দুঃখ পেতাম যে, তা বলবার নয়। বাবার মস্ত কারখানার ভার তাঁর একমাত্র ছেলে নেবে এই-ই ছিল। বাবার ইচ্ছে।
ভালো ছাত্র ছিলাম না বলেই স্কুলের কোনো মাস্টারমশাই বিশেষ চোখে দেখতেন না আমাকে। যদিও ব্যবহার এবং স্বভাবটা পড়াশুনার তুলনায় একটু ভালো ছিল বলে কেউ খারাপ বলতেন এমনও নয়। আমি জানতাম যে, শিশির অথবা অনিমেষ অথবা অন্য কেউ ছাত্র হিসেবে আমার চেয়ে অনেকই ভালো ছিল। কাটু, বান্টা, এরা সব পড়াশুনোতে শিশিরদের মতো ভালো না হলেও খেলাধুলোর জন্যে আলাদা এক ধরনের সম্মান পেত স্যারদের কাছ থেকে। পুরো স্কুলের। ছেলেরাও তাদের হিরো-জ্ঞানে দেখত। কাটুর তো তখন এতই কদর ফুটবলে যে, চার ফুট দশ ইঞ্চি হাইটের ম্যাচ হলেই এক বিকেলে চার-পাঁচ জায়গায় ওকে ভাড়া করে নিয়ে যেত বিভিন্ন ক্লাব। ওর নিন্দুকেরা বলত, ও নাকি এককাপ চা ও একটা বিস্কুট পেলেই ভাড়ায় খেলে দেয়। কাটু বিকেলের প্রথম খেলতে নেমেই গোটা ছয়েক গোল দিয়ে তাদের এগিয়ে রেখে অন্য সব ম্যাচে গিয়ে পটাপট গোল দিয়ে আবার প্রথম ম্যাচের জায়গায় গিয়ে দেখত, প্রতিপক্ষের। স্ট্রাইকাররা গোল শোধ করে দিয়েছে কি না। যদি ছটার বেশি গোল তারাও দিত, তবে কাটু তক্ষুনি আরও গোটা দু-তিন গোল দিয়ে সেই ম্যাচের ইতি টানত।
প্রাইজ ডিস্ট্রিবিউশনের দিন শিশির এত বই পেত প্রাইজ হিসেবে যে, একা বয়েই নিয়ে যেতে পারত না। তিন-চারজনের সাহায্য লাগত। স্পোর্টস-এর প্রাইজের দিনও অন্যান্য ছেলেরা কত মেডেল, কাপ সব পেত। জীবনে কি পড়াশুনোতে, কি স্পোর্টসে, কোনোদিন একটিও প্রাইজ। পাইনি। রেজাল্ট বেরোবার দিন, প্রাইজের দিন, বড়ো মনমরা হয়ে বাড়ি ফিরতাম। এই ভেবে সান্ত্বনা দিতাম নিজেকে যে, আমরাই তো দলে ভারী। যারা প্রাইজ পেল, তারা আর ক-জন? তবুও বড়ো ছোটো, সাধারণ, ভিড়ের মধ্যের একজন বলে মনে হত নিজেকে। কোনো কোনোবার প্রাইজ ডিস্ট্রিবিউশনের অনুষ্ঠানে গান গাইতে বলা হত আমাকে। সে-গান মা-র-মাই শিখিয়ে দিতেন। গানও কিছু আহামরি গাইতাম না। অমন গান সকলেই গাইতে পারত।
কেবলই ভাবতাম, আমি খারাপ। আমি কোনো কিছুতেই ভালো নই। ফার্স্ট বয়দের মতো লাস্ট বয়দেরও একদা আলাদা পরিচয় থাকে, বৈশিষ্ট্য থাকে। আমার তাও ছিল না। যে বয়সে প্রত্যেকেই ইমপর্ট্যান্ট হতে চায়, সেই বয়সে তখন আন-ইমপর্ট্যান্ট হয়ে থেকে মরমে মরে যেতাম।
আমাদের ক্লাসের লাস্ট বয় ছিল গজু। বয়সে সে আমার চেয়ে অন্তত চার-পাঁচ বছরের বড়ো ছিল। একই ক্লাসে ছিল পাঁচ বছর। গতবার ফাইনাল পরীক্ষায় বাংলা পরীক্ষার দিনে আমার পাশেই সিট পড়েছিল গজুর। ও ঘাড় নীচু করে আমার কানে মুখ ঠেকিয়ে গরম নিশ্বাস ফেলে বলেছিল, বিপ্রকর্ষ কী রে?
গার্ড ছিলেন নরু-স্যার। দুষ্টু ছেলেরা তাঁকে ডাকত ঘাড়-ছোটো নরু-স্যার বলে। গজুর কথাতেই আমার দিকে তাকিয়েছিলেন উনি। ওঁর অভ্যাস ছিল ক্লাসের এ-প্রান্ত থেকে ও-প্রান্ত অবধি পায়চারি করে বেড়ানো। ক্লাসে পড়াবার সময়ও অমনই করতেন। গার্ড দেওয়ার সময়ও তাই করছিলেন। উনি যেই দূরে চলে গেলেন, গজু ফিসফিস করে বলল, তোর পেট যদি আজ ছুরি দিয়ে না ফাঁসাই, তো আমার নাম গজশোভা রায় নয়।
সেকথা শুনেই আমার পিলে চমকে গেল। গলা শুকিয়ে এল। কানাঘুষোয় আমি শুনেছিলাম যে, গিরিশ পার্কের পাশে ও একটি মরচে-পড়া ছুরি দিয়ে একটি ছেলেকে খুন করেছিল। মরচে-পড়া ছিল বলে ছেলেটাকে বাঁচাতে পারেনি ওর মা-বাবা অনেক চেষ্টা করেও। কিন্তু গজুর বাবা ছিলেন পুলিশের দারোগা। তাই কিছুই হয়নি ওর।
ঘাড়-ছোটো নরু স্যার কথাটা শুনে ফেললেন। ঘুরে দাঁড়িয়ে বললেন, গজু, কেন ছেলেমানুষকে ভয় দেখাচ্ছ? বিপ্রকর্ষর মানে জানতে চাও তো আমিই বলে দিচ্ছি। কিন্তু ওই একটি প্রশ্নের উত্তর ঠিক লিখলেই কি তুমি পাশ করে যাবে এবারে?
গজু নরু স্যারকে ধমকে বলল, স্যার, আমি অলরেডি চটে আছি। আমাকে আর চটালে কার পেট যে ফাঁসবে তার ঠিক নেই।
ঠিক আছে, ঠিক আছে। একটু নস্যি নেবে? বলেই ঘাড়-ছোটো নরু স্যার গজুর কাছে গিয়ে ওকে নস্যি অফার করলেন। গজু রেগুলার নস্যি নিত। স্যারের ডিবে থেকে একটিপ নস্যি নিয়ে কিছুটা আমার নাকে উড়িয়ে একটি নোংরা রুমাল বার করে নাক ঝাড়ল।
সেই মুহূর্তে ভালো ছাত্র শিশির সম্পর্কে যেরকম সম্রম ছিল আমার মনে, খুনি এবং ওঁচা ছাত্র গজু সম্পর্কেও, তার দুর্দান্ত প্রতাপ দেখে, ঠিক সেরকম নয়, তবে অন্য একরকম সম্ভ্রম জাগল। সেই। মুহূর্তে আমি বুঝতে পেরেছিলাম যে, জীবনে বিশেষ কেউ হতে হলে খুবই ভালো হতে হবে। এখানে মাঝামাঝিদের কোনো পরিচয় নেই, দামও নেই। খুব ভালো যদি না হওয়া যায়, তাহলে খুব খারাপ, গজুর মতো হওয়াও বোধহয় ভালো। কিছু-না-হয়ে-থাকার চেয়ে তবু কিছু একটা। হওয়া হল। আমাদের বন্ধু রাজেন যেমন কিছু হল সেদিন রাস্টিকেটেড হয়ে। বাবার আলমারি ভেঙে টাকা নিয়ে সে বোম্বে যেতে চেয়েছিল সিনেমায় নামবে বলে। খড়গপুরেই পুলিশ পাকড়াও করে নিয়ে আসে তাকে। বোম্বেও যাওয়া হল না, রাস্টিকেটেডও হল।
৩.
যেদিন স্কুল ফাইনালের রেজাল্ট বেরোল, সেদিন বাথরুমে গিয়ে খুব কাঁদলাম। আমার চেয়ে বেশি কাঁদলেন। এবং মাকে অপদার্থ ছেলের জন্য কাঁদতে দেখে আমার বুক ফেটে যেতে লাগল।
সন্ধ্যের পর অক্ষয়-স্যার এলেন। আমি পড়ার ঘরেই ছিলাম। ট্যাবুলেটরের কাছ থেকে উনি মার্কস জেনে এসেছিলেন। যেহেতু অঙ্কই পড়াতেন, অঙ্কের মার্কসই শুধু জেনেছিলেন। ওঁর মুখে। আমার প্রতি সেই ঘৃণা, বিতৃষ্ণা আর অধৈর্য চিরদিনই ছিল। সেইসব আবারও তীব্র ঝলকে ফুটে উঠল। পথের ডাস্টবিনের পাশ দিয়ে যাওয়ার সময় অনেকে যেমন নাকে রুমাল চাপা দেন, তেমন করে আমার খারাপত্বর গন্ধও যেন ওঁর নাকে লেগে ওঁকে ভীষণ পীড়িত করছিল। নস্যি মাখা রুমাল দিয়ে নাক চাপা দিলেন উনি।
মুখটি নীচু করেই রইলাম আমি। এ-মুখ কাউকেই দেখানোর নয়।
অক্ষয়-স্যার বললেন, তুমি আমার লজ্জা। তোমার মতো গোটা-দুই ছেলে যদি আমার লিস্টে থাকে, তবে আমার প্রাইভেট টিউটর হিসেবে যে সুনাম, তা একেবারেই উবে যাবে। তোমার বাবাকে বোলো, অন্য টিউটরের খোঁজ করতে। তুমি পঁয়তাল্লিশ পেয়েছ। বুঝেছ? ইয়েস!
পঁয়তাল্লিশ! আর অ্যাডিশনাল ম্যাথস-এ পেয়েছ পঁচিশ। ছোঃ, ছোঃ। অ্যাডিশনাল ম্যাথস! শখ কত্ত! কী স্পর্ধা! আর শোনো, ফার্স্ট ডিভিশনও জোটেনি কপালে। দশ নম্বর কম আছে।
আমি মুখ নীচু করেই রইলাম।
অক্ষয়-স্যার হঠাৎ একটিপনস্যি নিয়ে উঠে পড়েই বললেন, তোমার বাবাকে কোন মুখে ফেস করব? উনি আসার আগেই আমি উঠছি। বাবাকে বোলো, তোমার ব্রিলিয়ান্ট মার্কসের কথা। ছিঃ, ছিঃ! কী বাবার কী ছেলে! লজ্জা, লজ্জা! তুমি আমার ছেলে হলে…।
হলে যে কী করতেন, সেটা না বলেই