Home
মাসাবোর গুপ্তধন

মাসাবোর গুপ্তধন

মনোজ সেন

মাসাবোর গুপ্তধন

মনোজ সেন
short story

Posted byবইয়েের খনি24-Jul-2025

Change color

অবসরজীবনের সবই ভালো শুধু রোববারগুলো ছাড়া। অন্তত সমরেশের পক্ষে ব্যাপারটা সেই রকমই। সপ্তাহের অন্যান্য দিনগুলোতে নেই নেই করেও অনেক কাজ থাকে যেমন, বাজারে যাওয়া নানারকমের ট্যাক্স জমা দেওয়া, বাড়ির ছোটোখাটো কাজের জন্যে মিস্ত্রির সন্ধান লাগানো আর তাদের কাজে লাগিয়ে কারণে-অকারণে তাদের পেছনে টিকটিক করা, ব্যাঙ্কে গিয়ে বেশ কিছুটা সময় কাটানো, ইত্যাদি। কিন্তু রোববারের বাজারটা দময়ন্তী নিজে করবেই কারণ তার ধারণা যে সমরেশের হাতে পাঁঠার মাংস কেনবার গুরুদায়িত্ব প্রাণ থাকতে দেওয়া যায় না। কাজেই, সেদিনটা বিরস দিন বিরল কাজ। তবে, যদি সেদিন বিকেলবেলা সস্ত্রীক শিবেন অথবা অন্য কোনো বন্ধু এসে পড়ে, তখন পরমানন্দে আড্ডা উপভোগ করা চলে। নইলে, সকাল থেকে ভয়ংকর টেলিভিশন আর আদ্যোপান্ত খবরের কাগজ ভরসা।


মাঘ মাসের এমনই এক রবিবারের কুয়াশাচ্ছন্ন বিষণ্ণ বিকেলে সমরেশের অর্কিড রোডের বাড়িতে একজন অপ্রত্যাশিত অতিথির শুভাগমন হল। ইনি সমরেশের ইঞ্জিনিয়ারিং কলেজের সহপাঠী, (বর্তমানে ড.) বিক্রম দেবনাথ। ইঞ্জিনিয়ারিং ফাইনাল পরীক্ষা পাশ করেই বিদেশে চলে গিয়েছিলেন, অনেক পড়াশুনো করেছেন, সেখানেই কোনো এক ইউনিভার্সিটিতে পড়াতেন। তার বাড়িঘর সব ওদেশেই। এখন একটা বিশেষ কারণে কলকাতায় এসেছেন অনির্দিষ্টকাল থাকবেন বলে।


শনিবার বিক্রম দেবনাথের ফোন পেয়ে সমরেশ খুব অবাক হয়ে গিয়েছিল। একথা সেকথার পর বিক্রম জানালেন যে তিনি সমরেশের বাড়িতে আসতে চান। কবে এলে সুবিধে হয়, সেটা জানতে চাইলেন। সমরেশ জানাল যে যেকোনো দিন বিকেল পাঁচটা থেকে ছ-টার মধ্যে এলে খুবই সুবিধে। তাহলে একসঙ্গে চা খাওয়া যাবে। কথা সেই পর্যন্তই হয়েছিল। তাই বলে যে পরদিনই বিক্রম দেবনাথের শুভাগমন হবে, সেটা একেবারেই প্রত্যাশা করেনি।


***


বিক্রম দেবনাথ লম্বায় সমরেশের কাঁধের একটু নীচেই হবে। চওড়ায় দোহারা বলা যায়। বুক পেট সমান, কোনো, উঁচু-নীচু টক্কর নেই। বিরলকেশ তবে মুখে কাঁচা-পাকা ফ্রেঞ্চকাট দাড়ি। চোখে স্টিলফ্রেমের চশমা। পরনে নীল রঙের গরম সুট। টাই নেই। মুখ গম্ভীর।


প্রাথমিক পরিচয়পর্ব শেষ হলে গম্ভীর মুখে বিক্রম বলল, ‘শুনুন মিসেস দত্তগুপ্ত, এই হারামজাদা যদি আমার সম্বন্ধে আপনাকে কিছু বলে থাকে, সেটা ডাহা মিথ্যে কথা বলে জানবেন। বাড়িয়ে বলা আর রং চড়িয়ে বলা ওর স্বভাব।’


দময়ন্তী সহাস্যে বলল, ‘না না, ও আপনার কথা আমাকে প্রায় কিছুই বলেনি। শুধু বলেছে যে আপনারা দু-জনে কলেজ ফুটবল টিমে খেলতেন।’


বিক্রম বলল, ‘হ্যাঁ, সেটা ঠিক। সে অবশ্য বহুকাল আগের কথা। বিদেশে গিয়ে অবধি ফুটবলে একটা লাথিও মারিনি।’


সমরেশ বলল, ‘কোন দেশে গিয়েছিলি? সেখানে ফুটবল খেলা হয় না? দক্ষিণ মেরু নাকি?’


গম্ভীর মুখে মাথা নেড়ে বিক্রম বলল, ‘না। আমি গিয়েছিলুম জার্মানি। সেখানে খুবই ফুটবল খেলা হয় কিন্তু আমি খেলিনি। ‘ভুরু কুঁচকে সমরেশ জিজ্ঞাসা করল, ‘কেন? খেলিসনি কেন? পেছনে ফোঁড়া হয়েছিল?’


‘দুর। তা নয়। জার্মানিতে রওনা হওয়ার আগে মা আমাকে বলেছিলেন যে আমি যেন ওখানে গিয়ে আজেবাজে কাজে সময় নষ্ট না করে খুব মন দিয়ে পড়াশুনো করে যত তাড়াতাড়ি হয় তাঁর কাছে ফিরে আসি। এই আজেবাজে কাজের মধ্যে ছিল, মেয়েদের সঙ্গে ফস্টিনস্টি করা, ছেলেদের সঙ্গে আড্ডা দেওয়া, ফুটবল খেলা আর সিনেমা-থিয়েটারে যাওয়া। জানেন মিসেস দত্তগুপ্ত, আমি মায়ের সব ক-টা আদেশ অক্ষরে অক্ষরে পালন করেছি। কিন্তু তাতে কিছুই হল না।’


দু-জন শ্রোতা সমস্বরে প্রশ্ন করল, ‘তার মানে?’


মাথা নীচু করে বিক্রম থেমে থেমে বলল, বছর চারেক বাদে আমার পিএইচ. ডি. ডিগ্রি অ্যাপ্রুভ হবার পরে যখন দেশে ফেরার তোড়জোড় করছি, প্লেনের টিকিটও কাটা হয়ে গেছে, তখন খবর পেলুম, বাবা আর মা একসঙ্গে বিষ খেয়ে আত্মহত্যা করেছেন। কেন করেছেন তার কারণ আমরা আজও জানি না। তবে, মায়ের কথামতো আর কোনোদিন ফুটবল খেলিনি।’


দময়ন্তী বলল, ‘কী ভয়ানক! কোনো সুইসাইড নোট ছিল না?’ ‘ছিল। সাদা কাগজে ওপরে নীচে ইংরেজিতে লেখা দুটো লাইন। দুটোরই বয়ান এক— আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। ওপরেরটা বাবার নিজের হাতে আর নীচেরটা মার নিজের হাতে। শুনেছি স্পষ্ট পরিষ্কার লেখা ছিল।’


‘কোনো ডায়েরি বা বাড়ির কাগজপত্র থেকে কোনো কু পাওয়া যায়নি?’


‘না, কিচ্ছু না।’


‘সেই নোটটা কি পাওয়া যাবে?’


সমরেশ বলল, ‘সে তো প্রায় পঁয়ত্রিশ কি ছত্রিশ বছর আগেকার কথা। সে কি আর পাওয়া যায়। তুই কি সেই ব্যাপারটা নিয়ে আমাদের সঙ্গে কথা বলতে এসেছিস?’


মাথা তুলে বিক্রম পূর্ণদৃষ্টিতে সমরেশের দিকে তাকিয়ে গভীর গলায় বলল, ‘আমাদের? এটা কি গৌরবে বহুবচন? তোর সঙ্গে নয়, আমি মিসেস দত্তগুপ্তর সঙ্গে কথা বলতে এসেছি।’


‘তবে তোরাই কথা বল। আমি একটু ঘুরে আসি।’


‘তুই কোথাও যাবি না। এখানেই থাকবি। তোদের বন্ধু মি. শিবেন সেন আমাকে বলেছেন যে তুই না থাকলে তোর স্ত্রী কোনো কথা বলবেন কি না সে বিষয়ে সন্দেহ আছে। কাজেই তোকে থাকতেই হবে। তবে, শিবেনবাবু বলেছেন যে তোর নাকি যেকোনো আলোচনার মধ্যে আজেবাজে ফোড়ন কাটার স্বভাব আছে। কাজেই, আমি যখন কথা বলব তখন তোকে একেবারে স্পিকটি নট হয়ে থাকতে হবে।’


‘তুই এখানে আসবার আগে এষণায় গিয়েছিলি?’


‘হ্যাঁ। ওঁরাই তো আমাকে তোদের খবর দিয়েছেন। শিবেনবাবুও এলেন বলে। আমি তো ভাবতেই পারিনি যে তোর মতো একটা হাঁদাগঙ্গারামের স্ত্রী একজন অপরাধ-বিজ্ঞানী হতে পারেন।’


‘তুই তোর নামের পেছনে যে লম্বা একটা ল্যাজ লাগিয়েছিস, তাতে তুই আমাকে হাঁদাগঙ্গারাম বলতে পারিস। তবে ওই ল্যাজটা কেটে দিলে তোর যে কত বুদ্ধির বহর তা আমার বিলক্ষণ জানা আছে।’


দময়ন্তী হাসতে হাসতে বলল, ‘আপনাদের দুই বন্ধুর এই মিষ্টালাপ


আপাতাত বন্ধ রেখে, আপনার সমস্যাটা কি সেটা বললে হয় না?’ ঠিক তখুনি সিঁড়িতে একজোড়া ভারী জুতোর আওয়াজ পাওয়া গেল।


***


দময়ন্তী বলল, ‘সবার আগে বলুন, আপনার বাবা এবং মা কী করতেন।’


বিক্রম পূর্ববৎ বললেন, ‘আমার বাবা ড. কৃষ্ণেন্দু দেবনাথ ছিলেন জিয়োলজিস্ট। সারাজীবন ভারত সরকারের জিয়োলজিকাল সার্ভে অফ ইন্ডিয়ায় চাকরি করেছেন। রিটায়ার করবার সময় উঁচু পদে ছিলেন। আর এই সুবাদে, পৃথিবীর যেখানে যত জনহীন মরুভূমি বা হিংস্র জন্তুজানোয়ার আর ভয়ংকর সাপখোপে ভরতি ঘন জঙ্গল বা বরফে ঢাকা বিপজ্জনক জায়গা আছে সেসব জায়গায়, ভগবান জানেন কীসের সন্ধানে ঘুরে বেড়িয়েছেন। সেরেংগেটি থেকে সাইবেরিয়া, টঙ্গি থেকে টিম্বাকটু, কাঁহা কাঁহা সব মুল্লুক।’


‘আর, আপনার মা?’


‘আমার মা, অনুরূপা দেবনাথও কিছু কম যান না। কলকাতা ইউনিভার্সিটি থেকে ইংরাজি সাহিত্যে এম এ আর সেযুগের ময়দানে ওরায়ন ক্লাস্কেটবল টিমের প্লেয়ার। বাবার সঙ্গে বহু জায়গায় ঘুরেছেন। বাবার কাজের জায়গার কাছে-পিঠে কোনো শহর থাকলে সেখানে ঘর ভাড়া করে থাকতেন। বাবা ভোরবেলা কাজে বেরিয়ে গেলে, বাড়ি বসে না থেকে তিনি ও সেই শহরে ঘুরে ঘুরে কোনো একটা কাজ জোগাড় করে তাই নিয়ে সময় কাটাতেন। এই করতে গিয়ে তিনি অ্যাঙ্গোলায় স্কুলে ইংরেজি পড়িয়েছেন। স্পেনে একটা বইয়ের দোকানে হিসেবপত্র রাখার কাজ করেছেন। ভিয়েতনামে টুরিস্ট গাইডের কাজ করেছেন। হোবার্টে বাস্কেটবল কোচ ছিলেন। দু-জনেরই অজস্র আর অসাধারণ অভিজ্ঞতা। ওঁদের সঙ্গে সেইসব অভিজ্ঞতার গল্প শুনতে শুরু করলে রাত কাবার হয়ে যেত।’


সমরেশ বলল, ‘তুই তখন কি করতি? ওঁদের সঙ্গে ঘুরতি?’ ‘হ্যাঁ, সাতবছর বয়েস পর্যন্ত। তারপরে আমাকে কার্সিয়াঙয়ে একটা মিশনারি স্কুলে ভরতি করে দেওয়া হয়। তারপরে আর ওঁদের সঙ্গে বিদেশে ঘোরাঘুরি হয়নি। ছুটিছাটায় হয় জামতাড়ায় আমার বাবার মামাবাড়িতে নয়তো টালিগঞ্জে ঠাকুরদার বাড়িতে থাকতুম। সেই সময় বাবা-মা নিজেরাই আসতেন আমার সঙ্গে থাকতে।


‘এখন আমার পরিচয়। আমি থাকি জার্মানির স্টুটগার্ট শহরে। সেখানে স্টুটগার্ট ইউনিভার্সিটিতে পড়াই। এ ছাড়া আমার স্ত্রী সুনীতা ওখানে একটা কফিশপ চালায় যেখানে ভারতীয় খাবারও পাওয়া যায়। সেটার অনেক খদ্দের। বেশ ভালোই চলে। আমরা ওদেশে একটা ছোটো দোতলা বাড়িও কিনেছি। এখন আমরা পুরোপুরি জার্মান নাগরিক।


‘গত তিন বছর যাবৎ আমাদের একটা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে যার হাত থেকে আমরা সম্পূর্ণভাবে মুক্ত হতে চাই। ‘সমস্যাটা হল, কোনো এক কলকাতার ব্যবসায়ী আমাদের কলকাতার বাড়িতে গিয়ে ভাড়াটের ওপরে হামলা করছে আর বলছে যে তিনি যেন আমাদের বলেন, যে আমাদের এখন উচিত জার্মানির পাট চুকিয়ে কলকাতায় গিয়ে পৈত্রিক বাড়িতে থাকা। রীতিমতো চোখরাঙানি, ধমকাধমকি, এমনকী ভয় দেখানো পর্যন্ত।


‘আশ্চর্য তো! এই বাড়িটা কোথায়?’


টালিগঞ্জ টেরাসে। রিটায়ার করবার সময় বাবা বাড়িটা কিনেছিলেন। দোতলা বাড়ি। একতলায় একজন সাহিত্যিক, রামকুমার গাঙ্গুলী, ভাড়া থাকেন। অত্যন্ত সজ্জন লোক। কোনো ঝামেলা-টামেলার মধ্যে নেই। দোতলাটা তালা বন্ধ থাকে। চাবি থাকে গাঙ্গুলীবাবুর কাছে। আমরা মাঝে মাঝে যখন যাই, উনি ঘরদোর পরিষ্কার করে রাখেন।’


দময়ন্তী জিজ্ঞাসা করল, ‘এই ব্যাবসাদারটি কে? কীসের ব্যাবসা?’ ‘এঁর নাম মনীশ সাধু। ইনি জার্মানি থেকে বড়ো বড়ো পাওয়ার লুম আর অন্যান্য টেক্সটাইল মিলের যন্ত্রপাতি আমদানি করেন। কলকাতার তালতলার ছেলে, এখন ব্যাবসার সুবিধের জন্যে মুম্বাই-প্রবাসী।’


ইনি আপনার ভাড়াটেকে বাড়িটা ছেড়ে দিতে বলছেন না?’ ‘না। রামবাবুরা একতলায় থাকলে তার কোনো আপত্তি নেই । কিন্তু, দোতলাটা খালি থাকলেই তাঁর ভয়ানক আপত্তি। ওখানে যে মালিক, তাকেই থাকতে হবে। এবং থাকতেই হবে।’


সমরেশ বলল, ‘তোর মনীশ সাধু কোথাকার কোন হরিদাস পাল রে? কলকাতার কোন বাড়ির মালিক তাঁর নিজের বাড়িতেই থাকবেন, নাকি আস্তানানারিভোর কোনো এঁদো গলির একটা পোড়োবাড়িতে থাকবেন, সেটা তিনি স্থির করে দেবেন? কলকাতা শহরটা ওই হরিদাসবাবুর জমিদারি না বাপের সম্পত্তি? পাগল না গাধা?’


বিক্রম হাত নেড়ে বলল, ‘আহা, সেটাই তো রহস্য। আমি জার্মানি ছেড়ে কলকাতায় এসে থাকলে এই লোকটার যে কী সুবিধে হতে পারে, সেটাই তো আমার বোধগম্য হচ্ছে না। আমি গাঙ্গুলীবাবুর চিঠি পেয়ে প্রথমে তোর মতোই কোনো ছিটগ্রস্তের পাগলামি ভেবেছিলুম। পাত্তাই দিইনি। কিন্তু, ব্যাপারটা এখন ক্রমশ ঘোরালো হয়ে উঠেছে। গাঙ্গুলীবাবুকে রীতিমতো প্রাণের ভয় দেখানো হচ্ছে।’


এতক্ষণ শিবেন মনোযোগ দিয়ে তার ডায়েরিতে কীসব নোট করছিল। মুখ তুলে বলল, ‘আপনি গাঙ্গুলীবাবুকে বলে দিন যে তাঁকে একটু সাবধানে চলাফেরা করতে। বাড়িতে দরজা-জানলা বন্ধ করে ভেতরে বসে থাকার দরকার নেই। তবে অস্বাভাবিক কোনো কিছু দেখলে যেন সঙ্গেসঙ্গে থানায় খবর দেন। আমি এখুনি লোকাল থানাকে খবর দিচ্ছি। ওরা ওঁর বাড়ির ওপরে আর ওঁর চলাফেরার ওপরে নজর রাখবে।’


‘সেটা ঠিক আছে। তবে, আমরা আসবার সঙ্গে সঙ্গে স্বামী-স্ত্রী দরজায় তালা মেরে মুর্শিদাবাদে ওনার দেশের বাড়িতে চলে গেছেন।’ ‘আপনারা কি টালিগঞ্জ টেরাসের বাড়িতেই উঠেছেন?’


‘না। হোটেলে উঠেছি। সুনীতা একটু নার্ভাস প্রকৃতির। ভয় পেলে উলটোপালটা কিছু করে বসতে পারে।’


‘ভালোই করেছেন। এখন তাহলে শুধু আপনার বাড়ির ওপরে নজর রাখলেই হবে। যাই হোক, এই মনীশ সাধুর আমি খোঁজ লাগাচ্ছি। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং, কি বলেন, বউদি? নিন, এবার আপনার প্রশ্নমালা শুরু করে দিন।’


দময়ন্তী মৃদু হেসে বলল, ‘বেশ। আমার প্রথম প্রশ্ন, আপনার ছেলে-মেয়ে ক-টি?’


বিক্রম বললেন, ‘একটি ছেলে। তার নাম অর্জুন। সে আমেরিকার নর্থ ক্যারোলাইনা ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করে সেখানেই রিসার্চ-স্কলার হয়ে কাজ করছে।’


**********
No Review
Related Books
Loading books…