
ভূতির মার রেস্টুরেন্ট
সমরেশ মজুমদার
জ্যোতিরিন্দ্র নন্দী
ভূতিদের রেস্টুরেন্টটা বিক্রি করে দেওয়া হচ্ছে। দোকানের দরজায় ভূতির বাবা এক টুকরো সাদা কাগজে ‘রেস্টুরেন্ট বিক্রয়’ বেশ বড় বড় হরফে লিখে ঝুলিয়ে দিলা কাগজটা দুলতে লাগল বাতাসে।
ভূতির মার রেস্টুরেন্টের সামনে গাড়ি দাঁড়ায়। ভোলানাথ বটব্যাল নামেন। শহরের বিজনেস ম্যাগনেটা সৌভাগ্যক্রমে এবং শহরের একটি বৈশিষ্ট্য বলেও ভোলানাথবাবু থাকেন ভূতিদের বাড়ির একশ হাত দূরে ঠিক রাস্তার উল্টো দিকে তাঁর বিরাট হালফ্যাশনের চারতলা বাড়ি সামনের আকাশটা কালো করে রেখেছে।
এই ছোট্ট দোকানে ভূতির হাতের চা খেতে তিনি দোকানে ঢোকেননি। বারান্দায় দাঁড়িয়ে কাগজের লেখাটা পড়া শেষ করে ভোলানাথ গাড়িতে ঢুকছিলেন। ভূতির নরম গলা শুনে ফিরে দাঁড়ালেন
‘তুই চা করতে পারিস? ভোলানাথ ভূতির কোঁকড়া চুলের মধ্যে সাদা বিশাল হাত ঢুকিয়ে হাসেন এবং ভূতির পিছন পিছন দোকানে ঢোকেন। ভূতি সারা দুপুর বারান্দায় দাঁড়িয়ে অপেক্ষা করছিল চা খেতে কেউ আসে কি না আশ্বিন মাস। এখন তো দুপুরে তেমন গরমও থাকে না, বরং বেশ চা-চা করে মনা তবু খদ্দের নেই। ছিল না।
ভূতি ঠিক জানত না, ভূতি আজ দুদিন ভেবে ভেবে বুঝতে চেষ্টা করছে, ক্রাইসিস কথাটার অর্থ কি। দোকানে আর তেমন খদ্দের ঢুকছে না। এটা ওটা হাতে করে এ টেবিলে ও টেবিলে ছুটোছুটি থেমে গেছে। ভূতিও থেমে গেছে।
ভূতির বাবা ‘বয়’ কেষ্টকে কাল বিদায় করেছে। কাল রাত নটায় দোকানের আলো নিবেছে। আজ সকালে দোকান খোলা হল বটে, কিছু তৈরি করা হয়নি। হবে না।
বাজারের ধরন-ধারণ দেখে ভূতির বাবার তো বটেই, ভূতির মার চোখও চড়কে উঠেছে।
আসলে রেস্টুরেন্ট দিয়েছিল ভূতির মা। গয়না বিক্রির টাকায়। যখন ভূতির বাবার চাকরি যায়। জীবনের মধ্যাহ্নে দাঁড়িয়ে সহজ সরলমন কালীনাথ ডুকরে কেঁদে ফেলেছিল। অফিস থেকে বাড়ি ফিরে মুখের ওপর দু’হাত রেখে কাঁদছিল।
বাবার সতেরো বছরের তাড়াহুড়ো করে ড্যালহৌসির ট্রামে চাপবার তাড়া, ট্রামে চাপবার তাড়ায় তাড়াহুড়ো করে মাথায় জল ঢালা ও ভাত খাওয়া হঠাৎ একদিন থেমে গেল দেখে ভূতিও কম ভয় পায়নি সেদিন বারো বছরের কান দুটোতে অনেক কথা উড়ে উড়ে গিয়ে ঢুকল। চাকরি গেল মানে সব যাচ্ছে। ভূতিরা মরবে। ভূতি ও ভূতির আর চারটে ভাইবোন মরবে।
সকলের বড় মেয়ে ভূতি।
ইস্কুলে নাম কাটা যাবে ওর, বিয়ে হবে না। কিন্তু ভূতির মা ভূতির বাবার চেয়ে শক্ত মানুষ। ভূতিরা এটা আবিষ্কার করল এবং সব চোখের ওপর দেখল। মার চুড়ি বিক্রির টাকা দিয়ে বাবা টেবিল কিনেছে, হার বিক্রির টাকায় টেবিল ও দশটা চেয়ার, আর পাপোশটা এসেছে।
দুটো ফুলের টব বসিয়েছিল দোকানের দরজার দু’ পাশে ভূতির বাবা।
পাড়াটা ভাল ছিল।
বড় রাস্তা সামনে ছিল।
অনেক আশা ছিল রেস্টুরেন্ট চলবার। বেপারিটোলার এই গলির মোড়ে ওরা যুদ্ধের বহু আগে থাকতে দুখানা ঘরে সামান্য টাকা ভাড়ায় বাস করছিল। দুখানা বেশ বড় ঘরা।
ভূতির বাবাকে অনেক আশ্বাস দিয়ে এবং ব্যবসা করাই যে এখন বুদ্ধিমানের কাজ, রাস্তার ওপর সদর খোলা এমন যাদের একটি ঘর আছে তাদের আর ভাবনা কি ইত্যাদি বলে এবং ভেবে ভূতির মা রেস্টুরেন্ট খুলেছিল।
ভূতির বাবা দোকানে বসল। কিন্তু রেস্টুরেন্ট চলল না।
ভূতির বাবা চালাতে পারল না।
দুমাসের মধ্যে দেনার দায়ে জর্জরিত হয়ে গেল বলতে গেলে কালীনাথ একরকম গা-ঢাকা দিয়ে আছে পরশু থেকে। পাওনাদাররা হুলুম হালুম করে তাগিদ দিচ্ছে দিনে দশবার করে।
বাড়িঅলা, দুধ, ডিম, মাংস মুদি। ভূতির মার মাথা ঘুরছিল।
কটা দিন সহস্র ভাবনায় মাথা ঘুরতে ঘুরতে কাল শেষরাত্রের দিকে ভূতির মার মাথা-ঘোরা হঠাৎ থেমেছে। যেমন ইলেকট্রিকের বিল মেটানো হয়নি বলে তাদের মাথার ওপরের পাখা হঠাৎ থেমে গেছে। শুধু থেমে যায়নি, পাখা দুটোও নেই। পাখার লোক কাল এসে পাখা খুলে নিয়ে গেছে।
আজ ভোরে উঠে ভূতির মা ঠিক করে ফেলেছে দোকান বিক্রি করে ফেলবে। আর আশা করা বৃথা।
‘বিক্রি না হওয়া তক দোকানের দরজা অবশ্য ভোলা থাকুক।’ ভূতির মা বলল, নয় তো পাওনাদারদের মনে আরো বেশি সন্দেহ জাগবে।’
কালীনাথ দোকানে নিজে বসবে না। দোকানে এখন থেকে ভূতি থাকবে।
রেস্টুরেন্ট হওয়া অবধি দিনে দশ কাপ চা খাওয়া যেমন রপ্ত করে ফেলেছিল তেমনি চমৎকার তৈরি করতেও শিখেছিল ভূতি চা।
দোকানে বসে থাকতে থাকতে হাই উঠছিল ওর।
তাই এইমাত্র উঠে গিয়েছিল ও দেখতে বারান্দায়। খদ্দের কেউ আছে কি না। গাড়িওলা কোনো খদ্দের তাদের চুপচাপ ঠাণ্ডা প্রায় উঠে যাওয়া দোকানে ঢুকবে ভূতি বিশ্বাস করতেও পারল না।
বার বার ডাগর কালো দুটো চোখ তুলে বটব্যালকে দেখছিল আর মাথা নিচু করছিল।
বটব্যাল ভূতির ছিপছিপে সুন্দর পাখির পালকের মতন হালকা নরম থুতনিটা হাতের মুঠোর মধ্যে নিয়ে বললেন, ‘তুই চা করতে পারিস?’
হাতের মুঠো থেকে থুতনি সরিয়ে নিয়ে ভূতি ঘাড় নাড়ল।
‘আর কি খাবেন?’ ভূতি প্রশ্ন করল।
বটব্যাল ঘাড় ঘুরিয়ে সকৌতুকে দোকানের ভিতরের অবস্থাটা দেখল। কিছুই নেই।
পাঁউরুটি মাখন বিস্কুট ডিম ও ঘিয়ের টিনগুলি খা-খা করছিল। মশলার কৌটোয় মশলা ছিল না।
গেল মাসে বড় রকমের লোকসান দিয়ে ভূতির মা এমাসের গোড়া থেকে সাবধান হয়েছিল। কিছুই আর কেনাকাটা হয়নি এবং এই করে এখন তো দোকানসুদ্ধ বিক্রি হতে চলল। টেবিল চেয়ার উনুন সসপেন কেটলি চামচ পেয়ালা পিরিচ বালতি ঝাঁটা। দরজার পর্দা দুটো।
সুন্দর পাপোশটাও বিক্রি করে দেওয়া হবে দোকান আরম্ভ করার সময় বেশ বড় একখানা পাপোশ কেনা হয়েছিল। ভূতির মা ওটা সাধ করে দোকান ও অন্তঃপুরের দরজার মাঝখানে বিছিয়েছিল। দানাপুরের কারিগরের হাতের তৈরি পাপোশ। মাঝখানে দুটো বড় গোলাপ।
এদিকে পর্দার ওপারে দাঁড়িয়ে, দোকানে অবস্থার কথা ভাবতে ভাবতে ভুতির মাও যাকে বলে ‘ডাকসাইটে’ বড়লোক খদ্দেরকে হঠাৎ দোকানে ঢুকতে দেখে চমকে উঠল।
বুকের ভিতর ঢিব ঢিব করছিল ভূতির মার। বটব্যাল তার কোলের কাছে ভূতিকে টেনে নিয়ে আদর করছে আর কথা বলছে।
‘তোর বাবা কই, খুকি?’
‘মাল কিনতে গেছে।‘ ভূতি বলে। কেননা ভূতিকে এই বলতে শিখিয়ে দেওয়া হয়েছে। পালিয়ে বেড়াচ্ছে বললে পাওনাদাররা আরো গণ্ডগোল করবে, দোকানে ঢুকবে, ভিতরের ঘর পর্যন্ত ধাওয়া করে ভূতিদের বাক্স-পেঁটরা বাসন-কোসন বিছানা-পত্তর হাতের কাছে যা কিছু টেনে নিয়ে নিয়ে চলে যাবে। ডিমওলা ভূতির বাবার কাছে একুশ টাকা পায়, গয়লা পায় পঞ্চান্ন, মুদি পায় (রেস্টুরেন্টের ও সংসারের তেল-মশলা আলু এবং কাঠ নিয়ে) একশ পঁচিশ, মাংসের মদন বসাকের ছাপ্পান্ন টাকা পাওনা হয়েছে। সকালবেলার মধ্যে দুবার এসে ওরা ভূতির বাবাকে খুঁজে গেছে। তাগিদ দিয়ে গেছে টাকার জন্য বস্তুত ভূতিদের ঘরেও আজ উনুন ধরানো হয়নি। চাল ডাল, এতটুকু নুন পর্যন্ত নেই। কাল বিকেল থেকে সব ফুরিয়েছে। দুটো বাচ্চাকে একমুঠো আটা ভেজে খাইয়ে এবং ভূতিকে কিছু আটা ও কিছু ছোলাভাজা খাইয়ে ভূতির মা নিজে পেট ভরে কুঁজোর জল খেয়ে পর্দার কাছে ঘন ঘন এসে দাঁড়াচ্ছিল। কেউ যদি দোকানটা কিনতেই আসে। এইবেলার মধ্যে আজকের মধ্যে ওটা বিক্রি হলে সন্ধ্যার দিকে যাহোক কিছু বাজার সওদা করা যায়। রান্নাবান্না করলে ছেলেমেয়েগুলো খেয়ে বাঁচে।
কিন্তু তিনি তো আর দোকান কিনবেন না, যেন শুধু চা খেতেই এসেছেনা ভূতির মা পর্দার ফাঁক দিয়ে বটব্যালকে দেখতে দেখতে একটা দীর্ঘশ্বাস ফেলল। কান খাড়া করে শুনতে লাগল কথা।
‘মাল কিনতে গেছে? কোথায়? বটব্যালের লাল মেদস্ফীত মুখে হাসি। ‘তোদের দোকানটা বিক্রি করে ফেলছিস?’
ভূতি কথা কইছে না একবারও।
নুয়ে কেটলির জল গড়াচ্ছে।
বটব্যাল আসন ছেড়ে উঠে খুকির পাশে গিয়ে দাঁড়ায়। ভূতির মা চোখ দুটোকে পর্দার ফাঁক দিয়ে আরো বড় করে এ ঘরে পাঠিয়ে রুদ্ধশ্বাস হয়ে দাঁড়িয়ে রইল।
ঘাড় নাড়ছিল বটব্যাল ভূতির দিকে তাকিয়ে। ‘এমনি নয়, এমন করে চা করতে হয়।’
বটব্যাল কেটলি ও ছাকনি নিজের হাতে তুলে নিয়ে খুকিকে চা করে দেখায়। ভূতি মিটমিটি হাসে।
এতক্ষণ পর ওর জড়তা কেটেছে যেন। তরুলতা ঠোঁট টিপে হাসল।
বটব্যালেরও মেয়ে আছে। এই ভূতির বয়সী। দিব্যি গাড়ি চড়ে সেজেগুঁজে ইস্কুলে যায়।
গৌরী। ওর মেয়ের নাম গৌরী। পর্দার এপারে দাঁড়িয়ে ভূতির মার মনে পড়ল।
একসঙ্গে ইস্কুলে পড়ে। তাই বাড়িতে অনেক তথ্য কুড়িয়ে নিয়ে আসে ভূতি নিত্যা তিনটি বাড়ি করেছে বটব্যাল কলকাতা শহরে। তিনখানা তাঁর গাড়ি।
সব পেরেছে এই লোক বুদ্ধির জোরে। তাঁর ব্যবসায়ী বুদ্ধি।
চোখ বড় করে তরুলতা তাঁর চা তৈরি করা দেখতে লাগল। ‘এমনি চা করতে হয়। এমন করে যদি তোর বাপ চা তৈরি করতে পারত, তোদের দোকান ফেল পড়ত না।’ ভূতি চুপ।
মুখে আঙুল গুঁজে কথা শুনছে। ভূতির মা’র গা শির শির করছিল।
লোহালককড়ের কারবারি। শহরে তিনটে দোকান হাতের ছোঁয়ায় হরে হরে লোহা সোনা করে দিচ্ছে। সেই কারবারির হাতের তৈরি চা সোনার মত টলমল করবে ভুতির মার জানা ছিল বৈকি। ভূতিকে আবার কোলের কাছে টেনে নিয়ে সেই সোনালি চা একটা কাপে খানিকটা ভূতিকে দিয়ে বাকিটা নিজের জন্যে ঢেলে রেখে বড়লোক আবার খুকির সঙ্গে গল্প শুরু করল।
ভূতির মা একবার অন্তঃপুরে গিয়ে ছোট শিশুটাকে কোল থেকে নামিয়ে বিছানায় শুইয়ে রাখল। বড়টাকে এক টুকরো মিশ্রি হাতে গুঁজে দিয়ে বুঝিয়ে-সুঝিয়ে ঘরের মাঝখানে বসিয়ে রেখে আবার চলে এল পর্দার কাছে।
না, আরো বেশি কৌতূহল হচ্ছিল ভূতির মা’র এই জন্যে এই ভেবে যে সমান-বয়সী কালীনাথ কত অক্ষম, অপদার্থ একলা মানুষ এই লোক কি না করেছে।
বটব্যালের নিয়মিত মদ, মাংস, কলা, দুধ, ডিম ও সবজি খাওয়া উজ্জ্বল স্বাস্থ্যমণ্ডিত চেহারার দিক থেকে ভূতির মা এক সময় চোখ ফেরাতে পারল না।
তাঁর গিলে-মারা এন্ডি, শান্তিপুরী ধুতি, চকচকে পাম্পশু, সোনার বোতাম-আংটি, দামী সিগারেটের সুন্দর গন্ধ দোকানের আবহাওয়া বদলে দিয়েছে। না, রেস্টুরেন্টে কি আর দু’টি চারটিও খদ্দের আসেনি তাদের! আসত।
বেশির ভাগ এসেছে বেকার, বাউণ্ডুলে।
ধার খাওয়ার গোষ্ঠী।
এদের জন্যেই দোকানটা মাথা তুলে দাঁড়াতে পারল না ভূতির মা ভেবেছে। আর বটব্যালের মত বড়মানুষরা গাড়ি হাঁকিয়ে চলে যায় সোজা সাহেবপাড়ার রেস্টুরেন্টে কি জানাশোনা কোন দেশী চায়ের দোকানে যেখানে ভাড়াটে মেয়ে রাখা হয়েছে, বাবুদের টেবিলে চা তুলে দিতে হেসে সোহাগ করে একটা দুটো মিষ্টি কথায় ভুলিয়ে চা-এর সঙ্গে আরো দু’পদ খাবার গছিয়ে দিতা
ভূতি তাঁর হীরে-বসানো আঙুলের আংটিটার দিকে অবাক চোখে তাকিয়ে দেখছিল কি। চা খাওয়া শেষ করে ভূতির গালে আর একটি চুমো দেয় বড়মানুষ। ‘আপনি তো আমাদের দোকানে আসেন না।’ যেন আরও এক ধাপ সাহস বেড়েছে মেয়ের, বেশ সাজিয়ে-গুছিয়ে প্রশ্ন করছে।
‘আসব এখন থেকে, রোজ আসবা’ চায়ের বাটি হাত থেকে নামিয়ে রেখে বটব্যাল হঠাৎ যে কেন কথাটা বলল, ভুতির মা ঠিক বুঝল না। বাইরে ‘রেস্টুরেন্ট বিক্রি’ ঝুলছে কী বড়মানুষের। চোখে পড়েনি?
পর্দার সঙ্গে একরকম লেপটে দাঁড়িয়ে ভূতির মা চুপ করে রইল। কৌতুকবোধ করল ও। গরিবের দোকানে পা দিয়ে শহরের নামজাদা সওদাগরটি তার নোংরা ফ্রক-পরা ত