
ভুতো
বুদ্ধদেব গুহ
ভুতোর ক্রিয়াকাণ্ড সব লিখতে হলে মহাকাব্য হয়ে যাবে। ওর ভাল নাম ছিল ভূতনাথ সরকার। ও আমাদের চেয়ে বয়সে বছর দশেকের ছোট ছিল কিন্তু ক্ষণজন্মা ছিল। স্কুলে ও ক্লাসে ফারস্ট হত নাকি। কোন স্কুলে পড়ত তা জিজ্ঞেস করা হয়নি। তবে ও যেমন বুদ্ধিমান ছিল যে ওকে অবিশ্বাস করার কোনও কারণ ঘটেনি। কী কারণে ওর বাবা ওকে খুব মারধর করে দোতলার সিঁড়ি থেকে গড়িয়ে নাকি একতলাতে ফেলে দেন। তারপর থেকেই ও স্কুলে যাওয়া বন্ধ করে। সবরকম নেশা করতে থাকে—রেসের মাঠে যাওয়া শুরু করে। কিন্তু মেকানিক ও ছিল খুব বড় মাপের। এক কথায় ব্রিলিয়ান্ট।
নাজিম সাহেব আমাদের দু বেলা দাবড়াতেন। ছঁওড়াপুত্তান বলে ডাকতেন। তিনি যেহেতু বয়সে অনেকই বড় এবং আমাদের হাজারিবাগি লোকাল গার্জেন ছিলেন ওঁকে আমরা ঘাঁটাতাম না। গোপাল তখন কলেজের ছাত্র, একবার চাতরার জঙ্গলে প্রখর গ্রীষ্মে শিকারে গিয়ে প্রায় মারাই যেতে বসেছিল। নাজিম সাহেবের সেবা—যত্নে সে প্রাণ ফিরে পায়। নাজিম সাহেবই গোপালের বাবাকে কলকাতাতে ট্রাঙ্ককল করে খবর দেওয়াতে মাসিমা ওদের ব্যুইক এইট গাড়ি ও ডাক্তার সঙ্গে নিয়ে কলকাতা থেকে এসে গোপালকে গাড়ি করেই নিয়ে যান কলকাতাতে। গোপালের মা—বাবা গোপালকে খুব পুতু পুতু করে রাখতেন। এটা কোরো না, ওটা কোরো না করতেন সব সময়েই অধিকাংশ বাঙালি বাবা—মায়ের মতন। আমার বাবা এসব ব্যাপারে মহাদেব ছিলেন। আমি কোথায় যাচ্ছি, কী করছি, যা করছি তাতে বিপদ হতে পারে কি না এসব নিয়ে ভাববার অবকাশই তাঁর ছিল না, উল্টে সমস্তরকম বিপজ্জনক কাজে উৎসাহ দিতেন। এ জন্যে গোপাল আমার বাবাকে খুবই শ্রদ্ধা করত। বলত মেসোমশাই—এর মতো বাবা পেয়েছ, তুমি ভাগ্যবান। বাঙালিদের মধ্যে এমন বাবা সত্যিই দেখা যায় না।
সেই নাজিম সাহেবকেই ভুতো প্রথম আলাপেই একেবারে ল্যাজে—গোবরে করে দিয়েছিল। ভুতো সবসময়েই ওর মামাবাড়ির আমবাগানের গল্প করত। সেই আমবাগানের বড় বড় গাছে কী অসামান্য পারদর্শিতাতে সে উঠত এবং গাছে বসেই আম খেত তার গল্প করত আমাদের সবিস্তারে। আমরা শুনতাম, নাজিম সাহেবও শুনতেন।
একবার গরমের দিনে আমরা হাজারিবাগে গেছি। শুক্লপক্ষ। সন্ধের পরেই চাঁদ উঠেছে। সকলে মিলে হাঁটতে বেরিয়েছিলাম। ‘পূর্বাচল’—এ ফিরে আসছি। নাজিম সাহেব ভুতোকে গোপালদের বাড়ির ইউক্যালিপটাস গাছগুলো দেখিয়ে বললেন, আরে এ ভুচু! তুমহারা মামাবাড়িকি আমগাছমে চড়নেকা বহত গপ তো শুনায়া—ইউক্যালিপটাস গাছমে চড়নে শেকোগে? তুমহারা গাঁড় টুট যায়েগা হাঃ।
ভুতোকে নাজিম সাহেব ভুচু বলে ডাকতেন এবং প্রথম থেকে ওর ডোন্ট কেয়ার ভাব দেখে ওর উপরে রাগ ছিল নাজিম সাহেবের। ভুতো নাজিম সাহেবের পেছনে লেগেও থাকত সবসময়ে। নাজিম সাহেবের কথার কোনও উত্তর দিল না ভুতো। বাড়ির হাতাতে ঢোকার পরে ভুতো বিনা বাক্যব্যয়ে চটি জোড়া ছেড়ে, যেমন করে খেজুর রসের হাঁড়ি পাড়তে লোকে পায়ে দড়ি বেঁধে খেজুর গাছে চড়ে তেমন করে দড়ি ছাড়াই সট সট করে মসৃণ ইউক্যালিপটাস গাছে উঠে যেতে লাগল—উঠে প্রায় মগডালে পৌঁছে একটা সরু ডালে দু পায় লটকে সার্কাস করতে লাগল আর বলতে লাগল, এ বুড়ুয়া। হাম হিয়াসে গিড় যানেসে হামারা মামালোগ আকর আপকি খাল খিঁচ লেগা। নাজিম সাহেব দু হাত জড়ো করে বলতে লাগলেন, আরে ও বাবা ভুচু নিচুমে উতর আ যা বাবা—তু সাচমুচ গিড় পড়েগা হুঁইয়েসে। ভুতো সার্কাস করতে করতে বলল, ম্যায় নেহি উতরেগা, আপ বোলিয়ে আপকি গাঁড় টুটা হ্যায়, তবহি ম্যায় উতারকে আওবেগা।
উতর আ বাবা। উতর আ……।
ভুতো বলল, নেহি উতরেগা। বোলিয়ে আপ কো গাঁড় টুটা হ্যায়।
অমন বিপদে মহম্মদ নাজিম জীবনে পড়েননি। বলতে লাগলেন, উতর আ বাবা। ভুতো নাছোড়বান্দা। অবশেষে নাজিম সাহেবকে হার মানতেই হল। নাজিম সাহেব বললেন, হাঁ। হাঁ। হামারা টুট গ্যায়া। ভুতো বলল, বলিয়ে গাঁড় টুটা। নাজিম সাহেব বললেন, মান লিয়া রে—টুটা, টুটা, হামারা গাঁড় টুটা।
তারপর ভুতো কাঁড়িয়ে পিরেতের মতো সড়াৎ সড়াৎ করে নীচে নেমে এল।
আমরা সকলে দোর্দণ্ড প্রতাপ নাজিম সাহেবের ওই দুর্দশা দেখে হাসি চাপতে না পেরে একসঙ্গে হেসে উঠলাম। জংলি ঘোড়া যে ভাবে বশ করে সে ভাবেই ভুতো নাজিম সাহেবকে বশ করল। তারপর থেকে নাজিম সাহেব ভুতোকে আর কখনও ঘাঁটাননি।
আরেকবার প্রচণ্ড শীতে হাজারিবাগে গেছি। গোপাল বলল, একটা জিপ জোগাড় করতে পারো লালা! সুব্রত তখন গুমিয়াতে। মুকুলও চাকরি পেয়ে চলে গেছে কলকাতার কাছে এক সাহেবি কোম্পানিতে। আমি ডালটনগঞ্জে মোহন বিশ্বাসকে ফোন করে বললাম, মোহন একটা জিপ পাঠাও কালকে। পরশুই ফেরত পাঠিয়ে দেব। ডালটনগঞ্জ থেকে লাতেহার চান্দোয়া টোড়ি বাঘড়া মোড় সীমারিয়া হয়ে জিপ এসে পৌঁছল। গোপালের এক জান—চিন স্যাঙাৎ ছিল হান্টারগঞ্জে। আমরা বিকেল বিকেল রওনা হলাম। ভীষণই ঠান্ডা। গোপাল বলল, এক বোতল রাম সঙ্গে নেওয়া ভাল। তখনও আমরা মদ্যপান করি না। ওষুধ হিসেবেই রাম নেওয়া হল। নাজিম সাহেব বললেন, রাম ঔর আন্ডা বহতই মানহুস হোতি হ্যায়। ওসব লেকর শিকারমে যানা নেহি চাইয়ে। আমরা কথা শুনলাম না। গোপাল চমনলালকে বলল, মশলা বেটে রাখতে। আমরা হান্টারগঞ্জ থেকে হরিণ মেরে ফিরে এলেই ফটাফট রান্না করতে হবে।
বড়হি থেকে আরও আগে গ্রান্ড—ট্রাঙ্ক রোডে ডোভির পথে গিয়ে সে রাস্তা ছেড়ে বাঁদিকের পাহাড়ে হান্টারগঞ্জে যাওয়ার রাস্তা।
প্রচণ্ড ঠান্ডা। সত্যিই প্রচণ্ড ঠান্ডা ছিল। হাজারিবাগ আর বহরমপুরের মশা ছিল কুখ্যাত আর আলমোড়ার মাছি, কিন্তু হাজারিবাগ আর বহরমপুরের শীত—গ্রীষ্মের কুখ্যাতিও কম ছিল না। মিলিটারি জিপে গরম জামাকাপড়, মাথায় টুপি, হাতে গ্লাভস পরে তো রওয়ানা হওয়া গেল। গোপালের ভাষাতে ড্রাইভারের চেহারাটা জিপের শক অ্যাবজর্বারের মতো। ঠান্ডায় সেই ধুতি—পাঞ্জাবি পরিহিত গলায় চাদর জড়ানো ড্রাইভারের অবস্থা রীতিমতো শোচনীয়। সে স্টিয়ারিং শক্ত করে দুহাতে ধরে গাড়ি চালাচ্ছে। গাড়ি তো সে চালাচ্ছে না, মনে হচ্ছে গাড়িই তাকে চালাচ্ছে। ঠান্ডাতে হাত কুঁকড়ে যাওয়াতে স্টিয়ারিং ডাইনে বাঁয়ে কাটাচ্ছেই না। খানা—খন্দ যাই থাকুক পথে। জিপ সোজা চলেছে এবং ঘটাং ঘটাং করে গাড্ডায় পড়ছে প্রতি সেকেন্ডে।
নাজিম সাহেব সেই ড্রাইভারের ড্রাইভিং—এর রকম দেখে বললেন, ক্যা ড্রাইভার সাব, নিমন গীতিয়া না গাওয়েব, সরকারনে না পাকড়ায়েব?
হ্যায় না?
আমরা, কেউই কথাটার মানে বুঝতে পারলাম না।
সমস্বরে বললাম, মতলব?
ড্রাইভার কোনও কথাই বলছিল না। একেবারেই নীরব।
নাজিম সাহেব বললেন উও কিসসা বাতায়গা! পহিলে ভুচু যাও, স্টিয়ারিং—পর বৈঠো, বাদমে বাত করেগা।
ড্রাইভার খুশি মনেই স্টিয়ারিং ভুতোকে ছেড়ে দিয়ে পেছনে গিয়ে নাজিম সাহেবের পাশে বসল। আমি আর গোপাল সামনে বসেছিলাম।
ভুতোর পরনে একটি ফেডেড জিনস, ঊর্ধ্বাঙ্গে একটি ডোরাকাটা স্পোর্টস গেঞ্জি, পায়ে একজোড়া হাওয়াই—চপ্পল। ওই শীতে ওই পোশাক পরে ও কী ভাবে বেঁচেছিল তা ওই জানে। কিন্তু উঃ আঃও করছে না। একেবারে নির্বিকার মহাদেব।
ভুতো, জিপ গিয়ারে ফেলে নাজিম সাহেবকে বলল, হাঁ মিঞা, অব বোলিয়ে। যেন ইয়ার! আমরা যখন সম্ভ্রমের সঙ্গে নাজিম সাহেবকে ‘নাজিম সাহেব’ বলে সম্বোধন করি তখন ভুতো সেই ইউক্যালিপটাস কাণ্ডের পর থেকেই তার ঠাকুর্দার বয়সি নাজিম সাহেবকে নাম ধরে ডাকত ‘নাজিম’ বলে। কখনও কখনও বলত মিঞা।
নাজিম সাহেব বললেন, এক রাজার এক মন্ত্রী ছিল। রাজা গান—বাজনা শুনতে খুব ভালবাসতেন। নানা বড় বড় গাইয়ে বাজিয়েকে আমন্ত্রণ করে এনে গান শুনতেন। তাঁদের জবরদস্ত তোফা দিতেন। এদিকে সেই মন্ত্রীর এক সুন্দরী তরুণী সুগায়িকা বাইজি রক্ষিতা ছিল। মন্ত্রীর খুবই ইচ্ছে যে সে একদিন রাজাকে তার রক্ষিতার গান শোনাবে। অনেকদিন ধরে বলতে বলতে রাজা বললেন, ঠিক আছে মন্ত্রী নিয়ে এসো কাল তোমার গাইয়েকে।
মন্ত্রী তো বেজায় খুশি। নিয়ে গেলেন তাঁর রক্ষিতাকে। রাজা যখন গান গাইতে বললেন তখন সেই বাইজি কাঁকাঁ কিঁকিঁ কুঁকুঁ শব্দ করে চেঁচিয়ে উঠল। মিনিট দু তিন শুনেই রাজা বললেন, ঈ, ক্যা হো রহা হ্যায়? নিকালিয়ে মন্ত্রীজি, নিকালিয়ে উনকি।
বাইরে চার ঘোড়ায় টানা ব্রুহাম গাড়ি তৈরিই ছিল। মন্ত্রী তো তাঁর রক্ষিতাকে তাতে তুলে দিয়ে বললেন, রাতমে মিলেঙ্গে।
রাতে যখন মন্ত্রী গেলেন রক্ষিতার কাছে রাজকার্য সমাপন করে, গিয়ে খুব রাগ করলেন রক্ষিতার উপরে। বললেন, কত সোনা দানা ধন রত্ন পেতে পারতে রাজার কাছ থেকে, তুমি তো সত্যিই ভাল গাও। ওটা কী করলে তুমি? ছিঃ ছিঃ। এমন অসম্মান করলে আমাকে!
বাইজি হেসে বলল, আপ মন্ত্রী হোনে শকতা মগর অকল থোড়া কম হ্যায় আপকি।
মতলব?
মতলব, ম্যায় আচ্ছি গাতিথি তবতো রাজা মুঝকো হারেমমেহি ভর দেতে থে। আপ আতা থা কিসকি পাশ? ”নিমন গীতিয়া না গায়েব, সরকারমে না পাকড়ায়েব।” মানে হল, ভাল গান গাইব না, গাইলে রাজার হারেমে…..
ভুতো বলল, তা তো বুঝলাম কিন্তু মোহনদার পাঠানো জিপের ড্রাইভারকে একথা বললেন কেন আপনি? মানে বুঝলাম না।
বুঝলে না? ড্রাইভার যদি ভাল করে গাড়ি চালাতেন তবে তো এই ঠান্ডাতে সারা রাত খোলা জিপ চালাতে হত। চালাক বলে উনি এমন করেই চালালেন যে তাঁর হাত থেকে স্টিয়ারিং তোমাকেই দিতে হল।
বলেই, বললেন, ক্যা ড্রাইভারসাব, ঠিক্কেই না বোলিন।
ড্রাইভার সাহেব, এন্ডির চাদরে কান মাথা গলা ঢেকে তখন গভীর নিদ্রাতে। কোনওরকম উচ্চচবাচ্যই করলেন না।
হান্টারগঞ্জে আমরা শীতের রাতের সাতটাতেই পৌঁছলাম। বেশ উঁচু পাহাড়ের উপরে একটি মালভূমি। হান্টার নামের কোনও সাহেব বা অ্যাংলো ইন্ডিয়ান হয়তো পত্তন করেছিলেন জায়গাটার, ম্যাকলাস্কিগঞ্জ, হ্যামিলটনগঞ্জ, ফোর্বস গঞ্জেরই মতো কিন্তু এখন দেহাতি বস্তি প্রায়। খুব ভাল বাজরা হয়েছে। আর বাজরা খেতেই গোপালের ওখানকার চেনা শনিচরোয়া আমাদের জিপ ঢুকিয়ে দিল। একটা বিরাট দল স্পটেড ডিয়ারের, বাজরা খেতে বাজরা খাচ্ছিল। হড়বড়িয়া—খড়বড়িয়া গোপাল নিশানা না নিয়েই গুলি করে দিল। আমি আর নাজিম সাহেবও করলাম—নিশানা কেউই নিলাম না—গুলি হল অ্যাট দ্যা জেনারাল ডিরেকশান—শীতে আঙুল কুঁকড়ে ছিল—আমার আঙুল গ্লাভস পরা থাকাতে পিছলে গেল। সে রাতে ভাগ্য হরিণদের সদয় ছিল আর আমাদের নির্দয়। গুলি ফসকে যাওয়াতে গোপাল নির্দেশ দিল ভুতোকে—আরও আগে করো জিপ। অন্ধকারে অন্ধর মতো জিপের অ্যাকসিলারেটরে চাপ দিল ভুতো আর জিপ গিয়ে পড়ল একটি নালার মধ্যে। অনেকক্ষণ এবং গ্রামের অনেক মানুষের সম্মিলিত চেষ্টাতে গাড্ডা থেকে জিপ উদ্ধার করে খালি হাতে আমরা হাজারিবাগমুখো হলাম। অনেকখানি পথ। পূর্বাচল—এ ফিরতে ফিরতে রাত দশটা হয়ে যাবে। আর ওদিকে চমনলাল মাংসের মশলা বেটে বসে বসে মশার কামড় খাচ্ছে।
আমাদের কষ্টের তো সেই সবে শুরু। তখন কি আর জানি কপালে আরও কত দুর্ভোগ আছে।
শিকার তো হলই না, যখন অকুস্থল থেকে ফিরে আসছি হান্টারগঞ্জের পাহাড়ি ঘাটের ঘনবনাবৃত পথ দিয়ে, হঠাৎই কোঁ—কোঁ—কোঁ—কোঁ আওয়াজ করে জিপটা থেমে গেল। থেমে গেল না বলে বলা উচিত কোনও অদৃশ্য শক্তি যেন তাকে শ্বাসরোধ করে মেরে ফেলল। জিপটাকে, তার প্রাণ থাকতে থাকতে ভুতো বুদ্ধি করে বনপথের বাঁদিকের উঁচু জঙ্গলময় ডাঙার গা ঘেঁষে দাঁড় করিয়ে দিয়েছিল যাতে অন্য যানবাহনের যাতায়াতের অসুবিধা না হয়। তবে সে পথে যানবাহন ছিলই না। আসার সময়েও একটিও যান চোখে পড়েনি। পরে জেনেছিলাম সূর্যাস্তের আগে একটি বাস নামে হান্টারগঞ্জ পাহাড় থেকে—নেমে, পাকা রাস্তাতে পড়ে বাঁদিকে গিয়ে দোভিতে পৌঁছায়। নবাব শের শাহর পত্তন করা গ্রান্ড ট্রাঙ্ক রোড এর উপরে। তারপরে সেখানে প্যাসেঞ্জারদের চা—পানি খাইয়ে রোদ ওঠার পরে গয়ামুখো যায়। সেই বাসই আবার ফিরে আসে হান্টারগঞ্জে বিকেল বিকেল—হান্টারগঞ্জ পৌঁছতে পৌঁছতে রাত নেমে আসে।
কী ব্যাপার? জিপ থেমে গেল কেন আর্তনাদ করে? কোঁ—কোঁ—কোঁ—কোঁ শব্দ হওয়ার সঙ্গে সঙ্গে ভুতো পার্টি হো হো