
বেঁচে থাকা
সমরেশ মজুমদার
ট্র্যাঙ্গুলার পার্কের সামনে অবনীভূষণ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকল। আশেপাশের দোকানগুলো বন্ধ হচ্ছে। যে দোকানটায় ও তড়কা রুটি খায় সেটা ঝাঁপ টেনে দিচ্ছে, চেয়ারগুলো টেবিলের ওপর পা তুলে শোয়ানো। অতএব আজ রাত্রে খাওয়া হল না। অবনীভূষণ অবশ্য খাওয়ার জন্যে তেমন কোনও কিছু বোধ করছিল না। একটু আগেই শেষ বাসটা গড়িয়াহাটার দিকে গেছে। সেটা থেকেই নামল অবনী।
বসন্ত রায় রোড এখন চুপচাপ। ফুটপাত ধরে হাঁটছিল অবনী। আর একটা দিন কাটল। কলেজ স্ট্রিট থেকে রাত দশটায় বেরিয়ে হেঁটে নন্দন রোড। তারপর এই শেষ বাস-এর ভিড়ে মিলেমিশে আসায় একটাও পয়সা খরচ হল না। অবশ্য দশ পয়সার রিস্ক ছিল। ওটা নিতেই হয়। কাঁহাতক আর হাঁটা যায়। রাসবিহারীর মোড় থেকে এই তিনটেস্টপেজ অবশ্যই ফাউ।
আর একটা দিন কাটল, অথচ কিছুই হল না। পরমেশটার কথা বুলি হয়ে যাচ্ছে ইদানীং। ওকে। আর বিশ্বাস করা যায় না। কিন্তু না করেও উপায় নেই। লাইনে নামডাক আছে। মোটরসাইকেলটা কভার করেছে সম্প্রতি। আজকের অপারেশনে পরমেশ ওকে এড়িয়ে গেল। ঠিক হ্যায়। অবনী। চারমিনারটা ছুঁড়ে ফেলল। এই সময় ও কুকুরগুলোর ডাক শুনতে পেল। ক-শশা কুকুর আছে এ পাড়ায়? শালারা রোজ রাত্রে ওকে দ্যাখে, অথচ। অবনীর চারপাশে কোনও লোকজন নেই অথচ সম্মিলিত সারমেয় চিৎকার ওকে কিছুক্ষণ স্তব্ধ করল। এ-পাড়ায় কোনও নেড়ি কুত্তা নেই। দামি কুকুরগুলো যারা চিৎকার করছে তারা কেউ রাস্তায় বেরুবে না। কিন্তু অরুণদার কাছে রিপোর্ট। হয়ে যেতে পারে। তাহলে এখানকার আস্তানা থাউজেন্ড ভোল্ট হয়ে যাবে। প্রথমদিন অরুণদা বলেছিল, এখানে আসতে চাও; আমার আপত্তি নেই। আমার অফিস দশটা টু আটটা। এই টাইমটা অ্যাভয়েড করবে। আর ওপরের ফ্ল্যাটের বাড়িওয়ালা যেন কোনও কমপ্লেন না করে। বাংলায় এম এ দেওয়ার পর অরুণদার সঙ্গে আলাপ। তখন দু-একটা গল্প লিখত অবনী। আর। অরুণদা একটা কাগজ করত। ব্যাস। অরুণদার এই অফিসটা শালা মি: আইচ-এর টাকায় চলে। কালচারাল ব্যাপার সব। মারো গাড়ু। অরুণদা অবশ্য ওকে স্নেহ-টেহ করে। এম এ-র পর তিনটে বছর ফিউজ হয়ে গেল। অরুণদা কি চেষ্টা করলে একটা চাকরি দিতে পারত না? আজ দেড়মাস এখানে আছে, অরুণদার সঙ্গে দেখাই হয় না। অবশ্য এখন আর চাকরির জন্যে ওর কোনও নোলা নেই। কারণ বয়েসটা থাউজেন্ড হর্স পাওয়ার নিয়ে ছুটছে। এজ লিমিট বার।
অরুণদার অফিসের সামনে ছোট্ট বাগান। লম্বা লোহার গেট। ওপর বাড়িওয়ালার ফ্ল্যাট। অবনী দেখল গেট বন্ধ। দশটায় তালা পড়ে। একবার চারপাশে চোখ বোলালো ও, কোনও মানুষ বা রাউন্ডের পুলিশের মুখ দেখতে পেল না। খাঁজে-খাঁজে পা রেখে ও লোহার গেটটার ওপর উঠতেই বাড়িওয়ালার কুকুরটা হাউমাউ করে উঠল। অবনী ধীরেসুস্থে নেমে বাগানটা পেরিয়ে অরুণদার দেওয়া ডুপ্লিকেট চাবি দিয়ে অফিসের দরজা খুলল। আশেপাশের সমস্ত বাড়ির আলো নেবাননা। এ-পাড়ার লোকগুলো তাড়াতাড়ি বিছানায় যায়, আর তিন প্রহর রাত্রে যারা ফেরে তাদের গাড়ি আছে।
বিরাট হলঘর। দেওয়ালে দামি-দামি ছবি। এসব ছবির মানে বুঝতে পারে কী করে লোকে অবনীর বোধগম্য হয় না। ডিম লাইটটা জ্বালালো ও। অনেকগুলো ঘর। সব ঘরেই ছবি, ম্যাগাজিন। অবনী জামাপ্যান্ট ছেড়ে বাথরুমে গেল। সারাদিন ধরে হাঁটাহাঁটি। গেঞ্জি আন্ডারওয়ারে বোঁটকা গন্ধ ছাড়ছে। দারুন বাথরুম। মোজায়েক করা, শাওয়ার বাথটব সব আছে। অবনী বিবস্ত্র হয়ে যাওয়ার খুলে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকল। তারপর অরুণদার মার্গো সোপ দিয়ে গেঞ্জি আন্ডারওয়ার কাচতে শুরু করল।
এখন রাত একটা। মেঝেতে শব্দ হচ্ছে গেঞ্জি কাঁচার। সাবানটায় ভালো ফেনা হয় না। শব্দটা একটু আস্তে-আস্তে করার চেষ্টা করল সে। দারুণ ফোর্সে শাওয়ার থেকে জল পড়ে। আগে যে মেসটায় ছিল সে সেখানে কল দিয়ে বাচ্চা ছেলের পেচ্ছাপের থেকেও সরু জল পড়ত। বড়লোকদের কেতাই আলাদা।
স্নানটান সেরে অফিসঘরে এসে দুটো টেবিল জোড়া দিয়ে স্টোররুমের কোণায় গোঁজা বিছানাটা নিয়ে এসে ভালো করে পাতল। এখন একটু খিদে-খিদে পাচ্ছে। অবনী আর একটা চারমিনার। ধরাল। ধরিয়ে অরুণদার বসার ঘরটায় ঢুকল। দারুণ সাজানো। এই ঘরটা রাস্তার দিকে। কাঁচের জানলা দিয়ে বাইরের আলো ঢোকে। টেবিলে পেপারওয়েট চাপা দেওয়া একটা চিরকুট। অবনী পড়ল, টেলিফোনটা অফিসের জন্যে। তার মানে? এটা কি অবনীকে উদ্দেশ্য করে? কী বলতে চায় অরুণদা? শালা ফরেন মানি নিয়ে অফিস, তার ফুটুনি! খুব উত্তপ্ত হয়ে উঠল অবনী। একবার ভাবল অরুণদার বাড়িতে ফোন করে জিজ্ঞাসা করে, এভাবে ইনসাল্ট করার কারণটা কী? ও রিসিভার তুলে ডায়াল করল। রিং হচ্ছে ওপাশে। কেউ ধরছে না। এখন রাত কটা? দেওয়াল। ঘড়িটার দিকে তাকাল অবনী, একটা কুড়ি। নিশ্চয়ই অরুণদা ঘুমোচ্ছে। ওর বউটা যা মুটকি। রিং হচ্ছে। অবনী চারমিনার টানতে-টানতে শুনল ওপাশে কেউ এসে রিসিভার তুলল। মেয়েলি গলা। ঘুম-জড়ানো। হ্যালো-হ্যালো!
অবনী দু-বার হ্যালো শুনে বলল, কাল সকালেই যেন মালটা আসে, বুঝলেন?
মাল! কীসের মাল? ভদ্রমহিলার অবাক গলা।
রসগোল্লা। এটা কি কে সি দাসের দোকান নয়?
রং নাম্বার। বলে ঘটাং করে লাইন কেটে দিলেন ভদ্রমহিলা। অবনী প্রাণখুলে কিছুক্ষণ হাসল, তারপর আবার রিসিভার তুলল। কাকে ডায়াল করা যায়! কোনও নাম না পেয়ে এমনি কয়েকটা নাম্বার ঘোরালো ও! এবার বেশ কিছুক্ষণ অপেক্ষার পর একটা হেঁড়ে গলা ধরল, হ্যালো।
অবনী বলল, ইয়েস, আপনার স্ত্রী কোথায়?
ওপারের গলায় বিস্ময়, স্ত্রী কেন বলুন তো?
দরকার, জরুরি দরকার। লালবাজার থেকে বলছি।
লালবাজার? ও-ও তো বাপের বাড়িতে।
না, সেখানে নেই।
নেই মানে?
আপনি ইমিডিয়েটলি ডাফরিন হসপিটালে চলে যান। সিরিয়াস অবস্থা। হারি প্লিজ। অবনী ফোনটা কেটে দিল। অবনী আন্দাজ করল, লোকটা এখনই ডাফরিনে ছুটবে। এবং গিয়ে দেখবে ওটা একটা বাচ্চা হওয়ার হাসপাতাল। লোকটার মুখের চেহারা তখন কেমন হবে? হো-হো করে হাসতে-হাসতে অবনী উঠতেই টেলিফোন বেজে উঠল। একি হল। অবনীর দু-চোখে বিস্ময়। এত রাতে কোনওদিন ফোন আসে না তো। নাকি ওর মতো কোনও পার্টি মজাকি করছে। রিসিভার তুলল ও, হ্যালো।
হ্যালো, আপনি কি করছেন? কড়া গলার স্বর।
মানে?
মানে এত রাত্রে মেঝেতে কি আওয়াজ করছেন। আপনার মনে রাখা উচিত এটা ভদ্রলোকের বাড়ি, আমি কমপ্লেন করব। ওধারে গলা উত্তেজিত।
শালা বাড়িওয়ালা। অবনী একটু ঘাবড়ে গেল। তারপর কাটা-কাটা গলায় বলল, আপনি কি ড্রাঙ্ক?
মানে?
রং নাম্বার। ফোনটা নামিয়ে রেখে পা টিপেটিপে এসে টেবিলের ওপর শুয়ে পড়ল অবনী। আঃ, আরাম! আর একটা দিন কাটল অবনীভূষণের। আগামীকাল কিছু বিজনেস আছে। নাটে-নাটে লাগলে বাড়িওয়ালার থোড়াই কেয়ার। মনে-মনে গুনগুন করতে লাগল, শালার চামড়ায় বানানো ঢাক, তেরে কেটে তাক। অবনীভূষণ ঘুমিয়ে পড়ল।
উল্টোডাঙায় তিন নম্বর লাল বাড়িটার পরমেশকে পেয়ে গেল অবনী। কাল রাত্রে খাওয়া হয়নি কিছু। আজ ঘুম থেকে উঠেই স্নানটান সেরে বেরিয়ে পড়েছে। বেরোবার সময় গেটে বাড়িওয়ালার সঙ্গে দেখা। লেক থেকে চেনবাঁধা কুকুরকে নিয়ে বেড়িয়ে ফিরছেন। অবনী মুখোমুখি হতেই হেসে বলল, ভালো আছেন মেসোমশাই! ভদ্রলোক দুটো কুঁচকে ভেতরে ঢুকে গেলেন। অবনী মনে মনে একটা সুন্দর খিস্তি করে নিল। তারপর পাঞ্জাবির দোকানটা থেকে পেটপুরে খেয়ে উল্টোডাঙ্গায় চলে এল পরমেশকে ধরতে। এখন ওর পকেট খালি। পরমেশকে এখানে পেয়ে গেল।
পরমেশ টেবিলের ওপর উপুড় হয়ে লিখছিল, অবনীকে দেখে সরিয়ে নিল কাগজপত্র। এই বাড়িটার মালিক মাড়োয়াড়ি। বহুত ব্যবসা আছে। নিচে কাঠের আড়ত। পরমেশ ওকে দেখে বাঁ চোখ কুঁচকে কী ভাবল, তারপর বলল, যাক ভালোই হয়েছে তুই এসে পড়েছিস।
অবনী একটা চেয়ার টেনে নিল, কালকে তুই শালা আমাকে বাতেলা দিলি কেন?
বাতেলা? তোকে! ধৎ, ধৎ, ওসব ফালতু কাজ তুই করবি কেন? আমি তো তোকে জানি। পরমেশ হাসল।
কাজটা কী ছিল?
ওই আর কী! থ্রি-বি রুটের একটা স্টেট হাম্পু করতে হল।
কত মাল ছেড়েছে?
দুই। পাঁচটা সাকরেদ ছিল। হাতে কিছু থাকে না দিয়ে-থুয়ে। পরমেশ নির্বিকার। মনে মনে অবনী পরমেশকে জরিপ করল। হাতে কিছু না রাখার মাল পরমেশনয়। শালা। কোনও রিস্ক ছিল না কাজটায়। আলিপুরের মোড়ে বাস থামিয়ে দুটো আওয়াজ দিলেই প্যাসেঞ্জাররা পালাবে। তারপর টিনটা উপুড় করে ট্যাঙ্কের মুখটা খুলে দিয়ে দেশলাই ছুঁড়ে দেওয়া। ব্যস। সিংজি নগদ পেমেন্ট করে। পার স্টেট বাস দু-হাজার। পুলিশ আসার আগেই পরমেশনিশ্চয়ই পার্ক স্ট্রিটে বসে বিয়ার টানছিল। একটা স্টেট বাস পুড়লে দু-হাজার খরচ, আসবে হাজার গুণ। আরও। একটা প্রাইভেটের পারমিট পাবে সিংজি। শালা। দেখল টেবিলের ওপর খবরের কাগজের ফার্স্ট পেজে পোড়া বাসের ছবি।
অবনী বলল, আছিস ভালো। কিছু ছাড়ো এবার।
কত।
পাঁচ।
অসম্ভব। দুশো দিতে পারি। অ্যাডভান্স। পকেট থেকে টাকা বের করল পরমেশ।
অ্যাডভান্স কেন?
আজকের অপারেশনটার জন্যে। ভালো দাঁও আছে। আমি ভেবে দেখলাম তোকে নিয়েই করব। তেওয়ারিকে ও মাল আমি নিতে দেব না। অবনীর সামনে দুটো একশো টাকার নোট রাখল। পরমেশ।
কাজটা কী? অবনী টাকাটা পকেটে রাখল।
তেওয়ারি তিন নম্বরের লাইনে আজ রাত্রে যাবে। কেন যাবে খবর পাইনি। এমনি যাওয়ার মাল ও নয়। এসব ব্যাপার লিক হলে অবনী–। পরমেশ থমল হঠাৎ।
বলতে হবে না। হাসল অবনী, ওয়াগনের ব্যাপার নাকি গুরু!
না, ওসব ব্যাপার না। তুই এক কাজ কর। একটা মাল ডেলিভারি আছে। আমিই যেতাম, তুই এসেছিস, ভালো হয়েছে। ট্যাক্সি নিয়ে ঠিক দশটায় গ্লোবের সামনে যাবি। তেওয়ারির লোক। থাকবে ওখানে। বাঁ-হাতে রুমাল জড়ানো। তোকে দেখে রুমালটা খুলবে আর বাঁধবে। মালটা দিয়ে চলে আসবি।
তেওয়ারির লোক?
হ্যাঁ বস। তেওয়ারি আমার বহুদিনের দোস্ত। বলে পরমেশ টেবিলের নিচ থেকে ছোট এয়ারব্যাগটা বের করে অবনীর সামনে রাখল। বিকেল সাড়ে পাঁচটা পাঁচমাথার মোড়ে কফি হাউসের সামনে চলে আসিস।
এয়ার ব্যাগটা নিয়ে অবনী ঠিক কাঁটায়-কাঁটায় দশটায় গ্লোবের সামনে পৌঁছোল। এখন এদিকটায় বেশি লোজন নেই। ট্যাক্সিটা ছেড়ে দিয়ে ব্যাগটা দোলাতে-দোলাতে ও গ্লোবের কাউন্টারের সামনে গিয়ে দাঁড়াল। বেশ ভারী ব্যাগটা। ট্যাক্সিতে আসতে-আসতে ও খুলে দেখেছে অন্তত গোটা কুড়ি গ্রেনেড আছে। কোথা থেকে যে পায় পরমেশ। আর এইসব অস্ত্র ও তেওয়ারির হাতে তুলে দিচ্ছে, যে তেওয়ারিকে আজ রাত্রে প্রয়োজন হলেই হাপিস করে দেবে পরমেশ। তাজ্জব ব্যাপার সব। এইজন্যেই পরমেশকে গুরু বলতে ইচ্ছে করে।
অবনী চোখ রাখছিল রুমাল বাঁধা হাতে কেউ আসছে কিনা। মিনিট তিনেক কাটল। শালা এ অবস্থায় যদি পুলিশ ধরে নির্ঘাত তিন বছরের জেল। মারাত্মক অস্ত্রসহ সমাজবিরোধী গ্রেপ্তার কাগজের হেডিং হয়ে যাবে। ইচ্ছে করলে তো পরমেশই ওকে এখন ধরিয়ে দিতে পারে। একটু ঘাম জমল ওর শরীরে। ঠিক এই সময় ওর চোখে পড়ল একটা ডাঁসা মেয়ে গ্লোবের ভেতরে ঢুকল। বাঁ-হাতের কবজিতে রুমাল বাঁধা। ও একটু অবাক হল। এই মেয়েটা কি তেওয়ারির লোক? ইম্পসিবল, হতেই পারে না। মেয়েটা রুমাল খুলছে আর বাঁধছে। এক-একবার এদিক ওদিক দেখছে। তেওয়ারির, রিক্রুট তো দারুণ জিনিস। অবনী এগিয়ে গেল মেয়েটির দিকে। তারপর ফিসফিস করে বলল, চলুন।
কপালে ভাঁজ ফেলল মেয়েটি, মানে?
তেওয়ারি? অবনী আস্তে করে কথাটা ছেড়ে দিল।
মেয়েটি হাসল, হ্যাঁ, দিন।
এখানেই নেবেন? চলুন না কোথাও বসা যাক। অবনী উদার হল।
মেয়েটি হাসল, আমার শুধু নিয়ে যাওয়ার কথাই ছিল কিন্তু।
আমার শুধু দেওয়ার। একটু অবাধ্য হই না, আপত্তি আছে?