
বুটিদার ফেট্টি
আর্থার কোনান ডয়েল
আট বছর ধরে শার্লক হোমসের সঙ্গে সঙ্গে থেকে যে গোটা সত্তর কেসের তদন্ত ও ফলাফল দেখবার সুযোগ আমার হয়েছে সেগুলোর সবক’টাই আমি ডায়েরিতে লিখে রেখেছি। যখনই হাতে সময় থাকে তখন এই ডায়েরির পাতা উলটোই। দেখি যে, এই সব কেসের কোনও কোনওটা দারুণ মজার ব্যাপার। আবার দু’-একটা খুবই দুঃখের ঘটনা। তবে মজাদার কাণ্ডই হোক আর দুঃখজনক ব্যাপারই হোক, সবগুলো ঘটনাই কোনও না কোনও ভাবে অসাধারণ, অদ্ভুত। এই সব ঘটনার একটাও ছিঁচকে চুরি, সাধারণ গুন্ডামি বা রাহাজানির ব্যাপার নয়। তদন্ত করে কোনও রহস্যের সমাধান করাটা শার্লক হোমসের কাছে নিছক রুজিরোজগারের উপায় নয়। তাই শুধুমাত্র পয়সা উপার্জন করবার জন্যে যে-কোনও রকম ‘কেস’ নিতে সে মোটেই রাজি নয়। যে-সব ‘কেস’ একটু অন্য রকম, মানে যে-সব ঘটনা জীবনে বড় একটা চট করে ঘটে না, হোমস বেছে বেছে সেই সব ‘কেস’ই নেয়। এই যে-সব কেসের কথা বলছি, তার মধ্যে স্টোক মোরানে সারের বিখ্যাত রয়লট বংশের ব্যাপারটা বোধহয় সবচেয়ে গায়ে কাঁটা দেওয়া জমজমাট কাণ্ড। হোমসের সঙ্গে আমার আলাপ হবার অল্প কিছুদিন পরেই এই ঘটনাটা ঘটে। তখন আমরা বেকার স্ট্রিটে থাকতাম। এই ঘটনার কথা আমি আগেই লিখতাম। কিন্তু লিখিনি, কেন না আমি একজন ভদ্রমহিলাকে কথা দিয়েছিলাম, তিনি যতদিন বেঁচে থাকবেন ততদিন এ কথা কারও কাছে প্রকাশ করব না। সেই ভদ্রমহিলা কিছুদিন আগে হঠাৎ মারা গেছেন। আর আমাকেও প্রতিজ্ঞা থেকে মুক্তি দিয়ে গেছেন। আর একটা কারণেও ব্যাপারটা ঠিক কী হয়েছিল, তা পরিষ্কার করে বলা দরকার। কেন না ডাঃ গ্রিমসবি রয়লটের মৃত্যুকে কেন্দ্র করে ওই অঞ্চলে যে-সব গুজব আর গালগল্প ছড়াচ্ছে, তা আসল ঘটনার চাইতে ঢের বেশি মারাত্মক।
সেটা ১৮৮৩ সালের এপ্রিল মাস। একদিন ঘুম থেকে উঠে চোখ মেলতেই দেখি যে, জামাকাপড় পরে বাইরে বেরোবার জন্যে ‘রেডি’ হয়ে শার্লক হোমস আমার খাটের পাশে দাঁড়িয়ে। হোমস সাধারণত দেরি করে ঘুম থেকে ওঠে। দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম, সবে সওয়া সাতটা বাজছে। হোমসের দিকে আশ্চর্য হয়ে তাকালাম। নিজের ওপর একটু রাগও হল। আমি জীবনে মোটামুটিভাবে একটা ‘রুটিন’ মেনে চলি।
“ওয়াটসন, সাতসকালে তোমার ঘুম ভাঙালাম বলে খারাপ লাগছে। তবে কী জানো, আজ আমাদের সকলেরই এক অবস্থা। মিসেস হাডসনকে কে ঘুম থেকে তুলে দিয়েছে। তিনি তার শোধ তুলেছেন আমার ওপর। আর আমি তুললাম তোমার ওপর।”
“কিন্তু হয়েছেটা কী? আগুনটাগুন লেগেছে নাকি?”
“না। এক মক্কেল এসে হাজির হয়েছেন। যতটুকু জানতে পেরেছি, তা হল এক কমবয়সি ভদ্রমহিলা খুব উত্তেজিত অবস্থায় এখানে এসে উপস্থিত। তিনি আমাদের সঙ্গে দেখা করবেন বলে ভীষণ জেদ ধরেছেন। তাঁকে বাইরের ঘরে বসানো হয়েছে। এখন কথা হচ্ছে যে, যদি কমবয়সি কোনও ভদ্রমহিলা ভোরবেলায় লন্ডন শহরে অত্যন্ত উত্তেজিত অবস্থায় একা একা ঘুরে বেড়ান আর কোনও অপরিচিত লোকের ঘরে জোর করে ঢুকে তাকে বিছানা থেকে ঘুম ভাঙিয়ে টেনে তোলেন, তো বুঝতে হবে ব্যাপার খুবই গুরুতর। আর ব্যাপারটা যদি সত্যি সত্যি ‘ইন্টারেস্টিং’ হয় তো তুমি নিশ্চয়ই গোড়া থেকে সব কথা জানতে চাইবে। তাই ভাবলাম তোমাকে সবকিছু জানানো উচিত।”
“বন্ধু হে, এমন সুযোগ আমি কিছুতেই ছাড়ছি না।”
শার্লক হোমসের তদন্ত করবার কায়দা কাছ থেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে আমি যে রকম আনন্দ পাই, সে রকম আনন্দ আর কোনও কিছুতেই পাই না। আমার সব চাইতে ভাল লাগে তার বিশ্লেষণের পদ্ধতি। যখন সামান্য কোনও সূত্র থেকে সে কোনও সিদ্ধান্ত করে, তখন মনে হয় যে, ব্যাপারটা স্রেফ একটা ‘ইনটুইশন’। কিন্তু তা নয়। ইনটুইশন নয়, তার প্রতিটি সিদ্ধান্ত যুক্তির ওপর দাঁড় করানো। তার কাছে যে-সব সমস্যা এনে হাজির করা হয় এই চুলচেরা বিশ্লেষণের সাহায্যেই হোমস সেগুলোর নির্ভুল ভাবে মীমাংসা করে দেয়। আমি কোনও রকমে চোখেমুখে জল দিয়ে জামাকাপড় পরে নিতেই হোমস আমাকে নিয়ে বাইরের ঘরে গেল। আমরা ঘরে ঢুকতেই কালো কাপড়জামা পরা মুখে ওড়না চাপা দেওয়া এক ভদ্রমহিলা জানলার কাছের চেয়ারটা থেকে উঠে দাঁড়ালেন।
“গুডমর্নিং মাদাম। আমার নাম শার্লক হোমস। আর ইনি আমার বন্ধু ও সহকারী ডঃ ওয়াটসন,” অল্প হেসে হোমস বলল। “এঁর সামনে আপনি আপনার সব কথাই কোনও রকম সংকোচ না করে বলতে পারেন।…যাক, মিসেস হাডসন দেখছি বুদ্ধি করে আগুন ধরিয়ে দিয়েছেন। আপনি আগুনের কাছে সরে আসুন। আমি দেখি, একটু গরম কফির ব্যবস্থা করতে পারি কিনা। আপনি তো দেখছি ঠান্ডায় খুবই কাহিল হয়ে পড়েছেন।”
হোমসের কথায় ভদ্রমহিলা ফায়ার প্লেসের কাছে এসে বসলেন। তারপর খুব আস্তে আস্তে বললেন, “আমি কাঁপছি দেখে আপনি ভাববেন না আমি ঠান্ডায় কাবু হয়ে পড়ছি।”
“তবে?”
“বিশ্বাস করুন মিঃ হোমস, আমি ঠান্ডায় এ রকম কাঁপছি না। ওহ, সাংঘাতিক বিভীষিকা।” এই কথা বলে ভদ্রমহিলা মুখের চাপাটা সরিয়ে দিলেন। দেখলাম ভদ্রমহিলার অবস্থা সত্যি খুবই শোচনীয়। দেখে কষ্ট হল। মুখ শুকিয়ে গেছে। মুখের রংটা কেমন বিশ্রী রকম সাদাটে হয়ে গেছে। চোখে একটা ভয়ের ছাপ। কী যেন বিপদের আশঙ্কায় চোখ দুটো সব সময়েই এদিক-ওদিক ছটফট করছে। চেহারা দেখে মনে হল, ভদ্রমহিলার বয়স তিরিশের মধ্যেই হবে। কিন্তু এরই মধ্যে চুলে পাক ধরেছে। তার শরীরে একটা অসম্ভব হতাশা আর ক্লান্তির ছোপ পড়েছে। শার্লক হোমস খুব ভাল করে ভদ্রমহিলার আপাদমস্তক দেখে নিল।
তারপর ভদ্রমহিলার হাতে হাত বুলিয়ে তাকে সান্ত্বনা দিয়ে বলল, “আপনি একদম ভয় পাবেন না। আমরা নিশ্চয়ই আপনার সমস্যার খুব তাড়াতাড়ি একটা সমাধান করে ফেলতে পারব।…আপনি সকালের ট্রেনে এসেছেন দেখছি।”
“আপনি আমায় চেনেন নাকি?”
‘না। তবে আপনার বাঁ হাতের দস্তানার ফাঁকে একটা রিটার্ন টিকিটের আধখানা গোঁজা রয়েছে, দেখতে পাচ্ছি। আপনি খুব সকাল সকাল বেরিয়েছেন। আরও দেখতে পাচ্ছি, টমটমে চেপে অনেকটা মেঠো রাস্তা পেরিয়ে আপনাকে স্টেশনে আসতে হয়েছে।”
ভদ্রমহিলা ভয়ানক রকম চমকে উঠলেন। তারপর আমার বন্ধুর দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন।
“না, না, এর মধ্যে কোনও ম্যাজিক নেই,” হাসতে হাসতে হোমস বলল। “আপনার কোটের বাঁ হাতায় কম করে সাত জায়গায় কাদার ছিটে লেগেছে। দাগগুলো দেখতে পাচ্ছি টাটকা। টমটম ছাড়া আর কোনও গাড়ি থেকে এ রকম কাদা ছিটোয় না। আর গাড়োয়ানের বাঁ দিকে বসলে এ রকম কাদার ছিটে লাগবেই।”
“সে যে ভাবেই আপনি কথাগুলো বলুন না, আপনার কথা সবই সত্যি,” ভদ্রমহিলা বললেন। “আমি ছ’টা বাজার আগেই বাড়ি থেকে বেরিয়েছি। ঠিক ছ’টা বেজে কুড়ি মিনিটে লেদারহেডে এসে পৌঁছেছি। তারপর সেখান থেকে প্রথম যে ট্রেন পেয়েছি, সেটায় চেপে ওয়াটারলু স্টেশনে এসেছি।…বিশ্বাস করুন, আমার মনের ওপর যে অসম্ভব চাপ পড়ছে, তা আমি আর সহ্য করতে পারছি না। আমি হয়তো পাগল হয়ে যাব। আমার এমন কেউ নেই, যার কাছে এই ঘোর বিপদের দিনে আমি একটু সাহায্য পেতে পারি। আমার কেউ নেই, কেউ নেই। আপনার কথা আমি শুনেছি মিঃ হোমস। মিসেস ফ্যারিন্টশ আমাকে আপনার কথা বলেছেন। মিসেস ফ্যারিন্টশকে আপনি বিপদ থেকে বাঁচিয়ে ছিলেন। তিনিই আমাকে আপনার ঠিকানা দিয়েছেন। আচ্ছা, আপনি কি আমাকে কোনও ভাবে সাহায্য করতে পারেন না? আর কিছু না হোক, যে-কাণ্ড সব ঘটছে, সেগুলো অন্তত কেন বা কী ভাবে ঘটেছে, আমাকে যদি বুঝিয়ে দেন? ঠিক এখুনি আমি আপনাকে আপনার ফি দিতে পারব না। তবে দু’-এক মাসের মধ্যেই আমি আমার সম্পত্তির মালিকানা পেয়ে যাব। তখন আমি আপনাকে আপনার উপযুক্ত পারিশ্রমিক অবশ্যই দেব। সে বিষয়ে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন।”
ভদ্রমহিলার কথার কোনও জবাব না দিয়ে হোমস তার ডেস্কের কাছে গেল। তারপর ডেস্ক খুলে একটা ছোট নোটবই বের করে পাতা ওলটাতে লাগল।
“ফ্যারিন্টশ,” হোমস আপন মনে বলল, “ও হ্যাঁ, হ্যাঁ, এখন ঘটনাটা মনে পড়েছে। একটা গয়না নিয়ে গোলমাল হয়েছিল। বুঝলে ওয়াটসন, ফ্যারিন্টশের ব্যাপারটা যখন তদন্ত করছিলাম, তখন তোমার সঙ্গে আলাপ হয়নি।” তারপর ভদ্রমহিলার দিকে তাকিয়ে হোমস বলল, “আপনাকে শুধু এই কথা দিতে পারি যে, ফ্যারিন্টশের বেলায় যে রকম আপ্রাণ চেষ্টা করেছিলাম, আপনার বেলায়ও সেই রকম চেষ্টাই করব। আর পারিশ্রমিকের কথা বলছেন? কাজের আনন্দই আমার সবচেয়ে বড় পারিশ্রমিক। আর খরচপত্র যা হবে, তা আপনি আপনার যখন সুবিধে হবে তখনই দেবেন। এখন আপনি আমাকে আগাগোড়া সব কথা খুলে বলুন, যাতে করে আমি আপনার সমস্যাটার সম্বন্ধে একটা স্পষ্ট ধারণা করতে পারি।”
খুব একটা বড় নিশ্বাস ফেলে আমাদের মক্কেল বলতে শুরু করলেন। “কিন্তু মুশকিলটা কী জানেন, আমার এই বিপদের আশঙ্কাটা অস্পষ্ট, ধোঁয়াটে। আর ব্যাপারটা ঠিক ধরাছোঁয়া যায় না বলেই আমার ভয়টা আরও বেশি ভয়ংকর রূপ নিচ্ছে। আমার এই আশঙ্কার মূলে এমন সব ছোটখাটো তুচ্ছ ব্যাপার রয়েছে যে, কারও কাছে আমার মনের কথা খুলে বললেই সে মনে করে সবটাই মিথ্যে মেয়েলি কল্পনা। আমার মুখের ওপর এই কথা কেউ বলে না ঠিকই, তবে হাবেভাবে ঠারেঠোরে সেই কথাই জানিয়ে দেয়। মিঃ হোমস, আমি শুনেছি যে, আপনি দুষ্টু লোকেদের সব শয়তানি মতলবই ধরে ফেলতে পারেন। হয়তো আপনি আমাকে বলে দিতে পারবেন যে, কী করে আমার চারপাশে বিপদের যে বেড়াজাল বিছিয়ে রয়েছে তা থেকে আমি বেরিয়ে আসতে পারব।”
“আপনার কথা শোনবার জন্য আমার খুব কৌতূহল হচ্ছে।”
“আমার নাম হেলেন স্টোনার। আমি আমার বিপিতার, মানে আমার মায়ের দ্বিতীয় পক্ষের স্বামীর কাছে থাকি। আমার বিপিতা এক খুব পুরনো স্যাক্সন বংশের সন্তান। সারের পশ্চিম অংশে স্টোক মোরান অঞ্চলে রয়লটদের খুব খাতির।”
হোমস মাথা নেড়ে বলল, “হ্যাঁ, ওদের কথা শুনেছি বটে।”
“রয়লটরা একসময় খুবই অবস্থাপন্ন লোক ছিল। উত্তরে বার্কশায়ার থেকে পশ্চিমে হ্যামশায়ার পর্যন্ত এদের জমিদারি ছিল। গত একশো বছর এদের বংশে পর পর বেশ কয়েকজন বেহিসেবি উড়নচণ্ডে ধরনের লোক জন্মায়। এরা টাকা আয় করার চাইতে টাকা ওড়াতেই বেশি পটু ছিল। এদের হাতে পড়ে জমিদারির অবস্থা খারাপ হতে শুরু করে। শেষকালে এমন একজন নচ্ছার স্বভাবের লোকের হাতে জমিদারির ভার এল, যে সে সব উড়িয়েপুড়িয়ে ছাই করে দিল। ফলে এমন হল যে, কয়েক একর জমি আর ওই দু’শো বছরের পুরনো বাড়িটা ছাড়া আর কিছুই রইল না। অবশ্য বসতবাড়িটাও এখন বন্ধক পড়েছে। আমার বিপিতার পিতা ছিলেন যেমন দাম্ভিক, তেমনই অত্যাচারী। কিন্তু আয় বলতে তাঁর একটি কানাকড়িও ছিল না। আমার বিপিতা বুঝতে পেরেছিলেন যে, বাঁচতে হলে তাঁকে পয়সা উপায় করতেই হবে। তাই তিনি তাঁর এক আত্মীয়ের কাছ থেকে টাকাপয়সা ধার করে ডাক্তারি পড়তে যান। ডাক্তারি পাশ করে তিনি প্র্যাকটিস করতে কলকাতায় যান। সেখানে তার চেষ্টায় আর যোগ্যতায় তিনি বেশ ভাল রকম পসার জমিয়ে তোলেন। কলকাতায় একদিন তাঁর বাড়িতে একটা ছোটখাটো ছিঁচকে চুরি হয়। সেই চুরির সঙ্গে তাঁর চাকরের যোগসাজস আছে মনে করে তিনি তাকে এমন বেধড়ক ঠ্যাঙানি দেন যে, বেচারা প্রাণে মারা পড়ে। অল্পের জন্য তিনি ফাঁসির হাত থেকে বেঁচে যান বটে, তবে তাঁকে অনেক দিন হাজতবাস করতে হয়েছিল। জেল থেকে ছাড়া পেয়ে তিনি দেশে ফিরে আসেন। তবে এই ঘটনার পরে তাঁর স্বভাব পালটে যায়। তাঁর মেজাজ ক্রমশ রুক্ষ হয়ে ওঠে।
“ভারতবর্ষে থাকবার সময় ডঃ রয়লটের সঙ্গে আমার মায়ের বিয়ে হয়েছিল। আমার মায়ের হাতে অনেক টাকাকড়ি ছিল। তিনি সেই টাকাকড়ি আমার আর আমার যমজ বোন জুলিয়ার মধ্যে উইল করে ভাগ করে দেন। উইলের শর্ত হল যে, যত দিন না আমাদের বিয়ে হচ্ছে, তত দিন আমাদের বিপিতাই আমাদের সম্পত্তির দেখাশোনা করবেন। বিয়ের পর আমরা নিজের নিজের ভাগ পেয়ে যাব। ইংল্যান্ডে ফিরে আসবার অল্প কিছু দিন পরে ক্রু স্টেশনের কাছে এক দুর্ঘটনায় আমাদের মা মারা যান। এই ঘটনার পরই আমাদের বিপিতা লন্ডন শহরের বাস তুলে দিয়ে আমাদের নিয়ে স্টোক মোরানের বাড়িতে চলে যান। আমাদের মায়ের যে টাকাপয়সা ছিল তাতেই আমাদের খুব ভাল ভাবে চলে যেত।
“আমাদের মায়ের মৃত্যুর পরে আমাদের বিপিতার স্বভাব হঠাৎ খুব পালটে যেতে শুরু করল। আমরা স্টোক মোরানে ফিরে যাওয়ায় ওখানকার বাসিন্দারা খুবই খুশি হন। তাঁদের খুশি হবার কারণ এই যে, অনেক দিন পর একজন রয়লট বংশের