Home
বিস্ফোরণের একটু আগে

বিস্ফোরণের একটু আগে

স্মরণজিৎ চক্রবর্তী

বিস্ফোরণের একটু আগে

স্মরণজিৎ চক্রবর্তী
short story

Posted byদীপাঞ্জন 07-Dec-2025

Change color

ছাত্রছাত্রীদের ভিড় আর চিৎকার, হুল্লোড়-ভরা করিডর থেকে সে পাশের একটা নির্জন করিডরে ঢুকে গেল। এই করিডরটা অপেক্ষাকৃত সংকীর্ণ। আজ তার পরনে একটা বিখ্যাত কুরিয়ার কোম্পানির পোশাক। কাঁধে তাদেরই ব্যাগ। আর ওই ব্যাগের মধ্যেই রাখা আছে সেই জিনিসটা। এই নির্জন করিডরের শেষ প্রান্তেই বায়োসেরামিক ল্যাব। আর ব্যাগের মধ্যের জিনিসটা প্রোফেসর সোমের জন্য। প্রোফেসর হৃদয়নাথ সোম। ডক্টরেট ইন বায়োসেরামিক রেডিয়েশন। দীর্ঘদিন গবেষণা করছেন বায়োসেরামিক রেডিয়েশন দিয়ে কারসিনোজেনিক বা ক্যান্সারের গ্রোথ কীভাবে বন্ধ করা যায়। প্রোফেসর সোম এখন ক্লাস নিচ্ছেন তিনতলায়। দোতলায় তাঁর ল্যাব এখন ফাঁকা। চাবি দেওয়া। ক্লাসের পর তিনি এখানে আসবেন। সে জানে। তাই সে এইসময়েই এসেছে। কারণ, সে জানে এই সময় তাকে দেখে ফেলার এখানে কেউ থাকবে না।

সে গিয়ে দাঁড়াল ল্যাবের বন্ধ দরজার সামনে। পকেট থেকে বের করল ইঞ্চি ছয়েক লম্বা একটা খাঁজকাটা রড। রডটা সে তালার গর্তে ঢুকিয়ে আলতো করে চাপ দিল। খুট। তালা খুলে গেল। সহজ, ভীষণ সহজ এইসব কাজ। সে একবার নির্জন করিডরের দিকে তাকাল। না, কেউ নেই। সে ঢুকে পড়ল ল্যাবে। এই ল্যাব তার ভীষণ চেনা। বিভিন্ন সময় সে কখনও সাংবাদিক, কখনও ছাত্র সেজে প্রোফেসর সোমের থেকে জানার চেষ্টা করেছে বায়োসেরামিক অক্সাইড থেকে নির্গত ইফ্রারেড দিয়ে কীভাবে ক্যান্সার ঠেকানো যায়। না, সে পারেনি। পরে লুকিয়ে সে তন্নতন্ন করে খুঁজেছে প্রোফেসরের ফর্মুলা। তাও সে পায়নি। তাই গেব্রিয়েল ফার্মাসিউটিক্যালের নির্দেশে আজ সে এসেছে এর শেষ দেখতে। প্রোফেসর সোমের টেবিলে গিয়ে সে ব্যাগ থেকে বের করল তার প্যাকেট। চৌকো, সুন্দরভাবে প্যাক করা একটা বাক্স। তার উপর রাখা একটা নতুন মোবাইল ফোন। বাক্স ও তার উপরে রাখা মোবাইল ফোনটা সে টেবিলে রাখল। ফোনটা বাক্সের উপর সেলোটেপ দিয়ে আটকানো ছিল। সে সাবধানে খুলে নিল সেলোটেপটা। তারপর বাক্সের নীচে এক জায়গায় ছোট্ট একটা বোতামে চাপ দিল। খুট শব্দ শুনে বুঝল গোটা সিস্টেমটা সক্রিয় হয়ে গিয়েছে। একে বলে সিস্টেম আর্মড। গোটা সিস্টেম এমনভাবে তৈরি, যাতে একবার আর্ম হয়ে গেলে একে ডিজ়আর্ম করা যাবে না অর্থাৎ নিষ্ক্রিয় করা যাবে না।

সে একবার ঘড়ির দিকে তাকাল। প্রোফেসরের ক্লাসের সময় দেখে নিল একবার। তারপর দ্রুত বেরিয়ে এল ল্যাব থেকে। খানিকটা হেঁটে সে পার করল কলেজ ক্যাম্পাস। একটু দূরেই স্ট্যান্ড করা আছে তার মোটরবাইক। আর মিনিটখানেক বাকি আছে প্রোফেসরের ক্লাস শেষ হতে। উপরের ক্লাস থেকে ল্যাবে আসতে তাঁর সময় লাগবে আরও মিনিট চারেক। তারপর বাক্সটার সামনে দাঁড়াতে তাঁর সময় লাগবে এক-দু’মিনিট। অর্থাৎ মোটামুটি সাত-আট মিনিট সময় আছে। সে তার বাইক স্টার্ট করল। পৌনে এক কিলোমিটার দূরত্বে গিয়ে সে পকেট থেকে নিজের মোবাইল বের করল। তারপর ডায়াল করল একটা নম্বর। সে মনে মনে দেখতে পেল একটা মোবাইল বাজছে বায়োসেরামিক ল্যাবে। আর অবাক হয়ে তার দিকে এগিয়ে যাচ্ছেন প্রোফেসর সোম। সে জানে, গিফ্ট প্যাক আর তার উপর রাখা মোবাইল ফোন দেখে প্রোফেসর অবাক হবেন। তার ফলে তিনি ফোনটা ধরবেনই। আর তিনি বাক্সের উপর রাখা ফোন তুললেই…

সে বিস্ফোরণটা শুনল এত দূর থেকেও। সে জানে, এই ল্যাব সমেত ক্যাম্পাসের নর্থ ব্লক এখন ‘আছে’ নয়, ‘ছিল’ হয়ে গেছে। সে অজান্তেই হেসে ফেলল। বুল্স আই। টার্গেট অ্যাচিভ্ড। বাক্সের ভিতরে ছিল দুটো ব্যাটারির সঙ্গে জোড়া একটা ডেটোনেটর, যা লাগানো থাকবে আর ডি এক্স-এর সঙ্গে। মোবাইল ফোনটা ছিল ট্রিগার। ফোন তুলতেই বাক্সের উপর চাপ কমে যাবে। এবং একটা বোতাম উঠে আসবে। ফলে ব্যাটারির পজিটিভ ও নেগেটিভ সংযুক্ত হবে, সার্কিট কমপ্লিট। বৈদ্যুতিক তরঙ্গ পৌঁছোবে ডেটোনেটরে। একটি মৃদু বিস্ফোরণ আর তার তাপে ও চাপে প্রবলভাবে বার্স্ট করবে আর ডি এক্স। ভেঙে পড়বে নর্থ ব্লক। আবিষ্কার নিয়ে নিশ্চিন্তে পরপারে চলে যাবেন প্রোফেসর সোম। গেব্রিয়েল ফার্মাসিউটিক্যাল সেই স্বত্ব না পেলে আর কেউ পাবে না। সে ভাবল, প্রোফেসর সোম ফালতু সেন্টিমেন্ট বজায় রাখতে গিয়ে প্রাণটা খোয়ালেন!

কিন্তু আর কিছু করার নেই। সে অদ্ভুত এক তৃপ্তি বোধ করল। মিশন অ্যাকমপ্লিশড। হয়তো তার বয়স বাইশ বছর কিন্তু নৈপুণ্যে সে অসাধারণ। সে জানে, প্রোফেসর সোমের সঙ্গে অনেক নিরীহ মানুষ মারা গেছে। কিন্তু সে নিরুপায়। তার কাজ তাকে করতেই হবে। এর প্রাপ্য হিসেবে সে জানে, কাল সন্ধের মধ্যে বিদেশি এক ব্যাঙ্কে তার অ্যাকাউন্টে জমা পড়বে পঁয়ত্রিশ হাজার মার্কিন ডলার। সে সবসময় ডলারে পেমেন্ট নেয়। কারণ ডলার অনেক অনেক ভারী টাকার চেয়ে।

২

“মাইক্রোবায়োলজির ক্লাস শুরু হওয়ার সাতদিন পর যে জয়েন করলাম। এতে পড়াশোনায় পিছিয়ে পড়ার কোনও আশঙ্কা নেই তো? মানে এমনিতেই মাস্টার ডিগ্রি, তার উপর সাতদিন লেট হয়ে গেল…”

আমাকে আর কথা শেষ করতে দিল না শুভ। নিজেই হ্যা হ্যা করে হেসে আমাকে থামিয়ে দিল। এই ইউনিভার্সিটিতে ভরতি হওয়ার পর যে ক’জনের সঙ্গে পরিচয় হয়েছে, শুভব্রত দে, মানে শুভ তাদের একজন। শুভ বেশ হাসিখুশি, প্রাণখোলা টাইপ।

হাসি থামিয়ে শুভ বলল “শোন অমিত, অদম্য কী বলছে।”

অমিত দেবরায় গম্ভীর প্রকৃতির। একটু চুপচাপ থাকে। আর মেজাজটাও তার ট্যারাব্যাঁকা। স্বভাবতই ও কোনও উত্তর দিল না। মুখ দিয়ে হুঃ টাইপের একটা শব্দ বের করল শুধু।

শুভ বলল, “দূর, মাস্টার ডিগ্রিতে কোনও কিছুই কঠিন নয়। মন দিয়ে একটু ল্যাবে প্র্যাকটিক্যালটা করবি, ব্যস।”

আমি একটা কথা বলতে যাচ্ছিলাম কিন্তু বলতে পারলাম না। একটা মেয়ে দৌড়ে এল আমাদের সামনে। মেয়েটা বেশ, ফরসা চোখে চশমা কিন্তু দারুণ সুন্দরী। আর সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে ফিগার। একদম বালি ঘড়ির মতো। ক্লাসে ক’দিন ওকে দেখেছি, মানে না দেখে উপায় ছিল না আর কী, কিন্তু আলাপ করার সাহস হয়নি। দমবন্ধ করা সুন্দরীর সামনে কথা বলা খুব মুশকিল।

মেয়েটা এসেই বলল, “তোদের মধ্যে কার ব্লাডগ্রুপ ও-নেগেটিভ বল। আমাদের ক্লাসের রেশমির অ্যাক্সিডেন্ট হয়েছে। প্রচুর রক্ত বেরিয়ে গেছে। রক্ত চাই।”

**********
No Review
Related Books
Loading books…