
বিরলে নিরালায়
সুনীল গঙ্গোপাধ্যায়
দাড়ি কামাতে-কামাতে ব্যথাটা শুরু হল। শূন্য থেকে হঠাৎ উঠে আসা উল্কার মতন। খড়ের ঘরে দপ করে আগুন জ্বলে ওঠার মতন। এ ব্যথা চিনতে কখনও ভুল হয় না।
এক্ষুনি শুয়ে পড়া নিয়ম। এক পা-ও না হেঁটে, এই বাথরুমের মেঝেতেই। কিন্তু কতকগুলো। জিনিস করা যায় না। কিছুতেই যায় না। যতক্ষণ জ্ঞান থাকে। মুখের আধখানায় সাবান মাখানেনা, হাতে রেজার স্টিক, এই অবস্থায় প্রতুল সেনগুপ্ত বাথরুমের মেঝেতে শুয়ে পড়তে পারে না।
প্রতুল আয়নায় দেখল, তার কপালে, এই শীতের সকালেও বিন্দু বিন্দু ঘাম। বাঁ-হাতটা অবশ হয়ে আসছে। ব্যথাটা তরঙ্গের মতন এক-একবার প্রবল ঝাপটা মেরে তার চেতনা কেড়ে নিতে চাইছে, আবার একটু ফিকে হয়ে যাচ্ছে যেন।
ব্যথার চেয়েও প্রবল একটা রাগ ছড়িয়ে পড়ল তার মাথায়। দাঁতে দাঁত চেপে সে বলল, গডড্যম ইট! আমায় ভয় দেখাতে চাইছে!
আস্তে আস্তে বাথরুমের দরজার ছিটকিনিটা খুলে দিল সে। তারপর দরজাটা ফাঁক করে রাখল একটু। অনেক সময় দরজা ভেঙে বার করতে হয়, সে জানে। বন্ধ বাথরুমের মধ্যে এই রকম ব্যথা এর আগে অনেককে হানা দিয়েছে।
তারপর দাড়ি কামানো শেষ করল। মাথা নীচু করে মুখটা আর দেওয়া হল না, ব্যথাটা এবারে তার টুটি চেপে ধরেছে। বুকের তোয়ালেটা মুখে বুলিয়ে সে এক-পা এক-পা করে হেঁটে এল নিজের শোওয়ার ঘরে। বিছানায় চিত হয়ে শুয়ে সে সাদা ছাদ দেখল। সদ্য কালি ফেরানো হয়েছে, ঘরের দেওয়াল ও ছাদ ধপধপে, এই প্রথম প্রতুলের মনে হল, ঠিক হাসপাতালের মতন।
বাইরে একটা চমৎকার সকাল। এত ভোরে প্রতুল সচরাচর জাগে না, তাই এরকম সকাল দেখা যায় না। জানলার গায়ে যে রোদ পড়েছে, তা ঠিক এক থোকা আঙুর ফলের মতন, হ্যাঁ, সেইরকমই মনে হয়। বাইরে পাখিটাখিও ডাকছে। ওই পাড়ায় পাখিদের অস্তিত্ব সম্পর্কে কোনও ধারণাই ছিল না প্রতুলের।
রাস্তায়, এমন কি বাড়ির মধ্যেও যেসব শব্দ, তার মধ্যে ফুটে উঠছে একটা চাপা উল্লাস। আজ একটি বিশেষ দিন।
দ্রুত হাতে চুলে চিরুনি চালাতে-চালাতে ঘরে ঢুকে রানী বলল, এ কী, তুমি শুয়ে পড়লে যে?
প্রতুল মুখে খানিকটা হাসি আঁকল। একটু হালকা গলায় বলল, তোমরা তৈরি হও না, আমি ততক্ষণ কাগজটা পড়ে নিই।
খবরের কাগজটা পাশেই, সেটা তুলে ধরতে হল মুখের সামনে। এতে মুখ আড়াল করা যায়। ব্যথাটা যেন তার বুক ফাটিয়ে দিয়ে বাইরে বেরিয়ে আসতে চাইছে।
সেই রাগের ভাবটা এখনও ধিকিধিকি করে জ্বলছে মাথায়, তার সঙ্গে একটু-একটু করে মিশছে নৈরাশ্য। আজই, এখনই এটা আসার দরকার ছিল? কাল রাত্তিরে, কিংবা ঘুমের মধ্যে এরকম হলে কী ক্ষতি ছিল। আজ যে একটা অন্যরকম দিন।
মামুন আর টোটো অনেকক্ষণ থেকেই নতুন পোশাকে তৈরি। ওরা ছুটোছুটি করছে সারা বাড়ি কাঁপিয়ে। এক একবার দুদ্দাড় করে নেমে যাচ্ছে সিঁড়ি দিয়ে।
দমাস করে দরজা ঠেলে ঢুকে টোটো ঘোষণা করল, মাসীমণিরা এসে গেছে!
ঘরে এক ঝলক সোনালি আলো নিয়ে এল রানীর ছোট বোন বনানী। তার বড়-বড় চোখ, তার হাসিমাখা ওষ্ঠে আসে এই রকম আলো। তার অস্তিত্বেই আছে সুস্বাস্থ্যের আভা।
সামান্য ব্যাপারেই বনানীর মুখে বেশি বিস্ময় ফোটে। সে দরজার কাছে দাঁড়িয়ে বলল, এ কী, প্রতুলদা, তুমি এখনও শুয়ে? কী ব্যাপার?
উচ্ছল, হালকা গলায় প্রতুল বলল, জানো না, আমার তৈরি হতে ঠিক দু মিনিট লাগে? তোমার দিদিকে তাড়া দাও!
—চান করবে না?
—আমি নদীতে গিয়ে সাঁতার কাটব!
প্রিয় শ্যালিকার জন্য কত কষ্ট করে যে প্রতুল তার কণ্ঠে এই লঘু সুর এনেছে, তা আর কেউ জানবে না। তার শ্বাসকষ্ট হচ্ছে। কারডিয়াক অ্যারেস্ট বুঝি বলে একেই!
বনানী মুহূর্তে মুখ ফিরিয়ে বলল, এই দিদি, আমার ছেলের জন্য জল ফুটিয়ে নিতে হবে রে, আমি ফ্লাস্ক আনতে ভুলে গেছি।
একটা সুবিধে এই যে প্রতুল আগে থেকেই এরকম একটা রেকর্ড করে রেখেছে যে সে জিনিসপত্র গুছোবার ব্যাপারে কোনও সাহায্য করতে পারে না। সুতরাং সারা বাড়িতে যে প্রস্তুতি পর্ব চলছে, তাতে আপাতত আর কোনও ভূমিকা নেই।
ড্রাইভার এসে বলল, দাদাবাবু, একটা ফ্যান বেল্ট নিতে হবে। আর একটা অ্যাকসিলারেটারের তার—
রাস্তা থেকে শুধু এইটুকু বলে প্রতুল পাশ ফিরল। রানী খুব মনোযোগ দিয়ে রাস্তায় কী যেন দেখছে, এদিকে একবার মুখ ফেরাতেই প্রতুলের সঙ্গে চোখাচোখি হল, প্রতুল বলল, রানী—
সে বলতে যাচ্ছিল, রানী, সব বন্ধ করে দাও, শিগগির ডাক্তার ডাকো, আমি মরে যাচ্ছি!
কিন্তু সে কথা সে বলল। থেমে গিয়ে, একটু সময় নিয়ে সে বলল, আমার পার্সটা তোমার সঙ্গে নিও। আর হুইস্কির বোতলটা—।
এখন সবকিছু থামিয়ে দেওয়া যায় না। এমন চমৎকার শীতের সকালে স্ত্রী, ছেলেমেয়েরা, শ্যালিকা, এক জোড়া বন্ধু ও বন্ধুপত্নী বেড়াতে যাওয়ার জন্য উৎফুল্ল হয়ে আছে। এর মধ্যে প্রতুল একবার তার ব্যথার কথা বললেই সব থেমে যাবে। বদলে যাবে রানী আর বনানীর মুখ। বাচ্চারা ঠিক বুঝতেই পারবে না। বন্ধু আর বন্ধুপত্নী মোটেই বিরক্ত বা দুঃখিত হবে না, বরং তারা দারুণ উদ্বিগ্ন হয়ে প্রতুলের খাটের পাশে এসে দাঁড়াবে।
এরকম স্বার্থপরের মতন কাজ প্রতুল কখনও করেছে আগে? তার নিজের কোনও কারণে অন্যদের সুখ নষ্ট করে দেওয়া?
যদি এমন হয়, ডাক্তার আসে, এত সকালে তাঁকে আনতে বেশ ঝামেলা করতে হবে, সঙ্গে ইসি জি যন্ত্র, বেড়াতে যাওয়ার প্রোগ্রাম ক্যানসেলড, সারা বাড়ি থমথমে। সব পরীক্ষা করে দেখা হল। কিছুই হয়নি। ডাক্তার বললেন, গ্যাসের চাপ দিয়েছিল, তাতে অনেক সময় মনে হয় বটে…।
প্রতুল এত ভীতু? তার এই দর্শনটা সে এতকাল সগর্বে বলে এসেছে, আমি আগামীকালের কথা কখনও চিন্তা করি না, আমার আজকের জীবনটাই আসল জীবন!
প্রতুল উঠে বসল।
বনানী অর্থাৎ টিংকু এসে বলল, প্রতুলদা, একটা সিগারেট খাব!
কাল রাত্তিরেই দশ প্যাকেট সিগারেট এনে রেখেছে প্রতুল। বাইরে গেলে তার নিজস্ব ব্র্যান্ড যদি পাওয়া না যায়, সেইজন্য সেসব সময় স্টক রাখে। টিংকু চাইলে সে বরাবর দুটা সিগারেট একসঙ্গে ঠোঁটে চেপে ধরিয়েছে।
এই অবস্থায় সিগারেট? তার চেয়ে আর্সেনিক খেলেই বা ক্ষতি কী?
টিংকুর ঝলমলে মুখখানার দিকে তাকিয়ে প্রতুল বলল, নিশ্চয়ই! লাইটারটা ওই যে, এনে দাও তো!
দুটি সিগারেটই ধরাল প্রতুল। নিজেরটা ইনহেল না করলেই হল। ফুকফুক করে টানবে।
জামাইবাবুর কাঁধে হাত রেখে টিংকু বলল, এবারে উঠুন, আমরা সব রেডি।
টিংকু এত কাছে দাঁড়িয়ে বলেই বোধহয় ব্যথাটা এখন একটু কম লাগছে। তবে শ্বাসকষ্টের ভাবটা এখনও রয়েছে। বুকের ওপরে যেন একটা পাথর চাপানো।
প্যান্ট শার্ট পরতে গেলে, এ ঘর থেকে বেরিয়ে, বারান্দা দিয়ে হেঁটে অন্য ঘরে যেতে হবে। অন্তত কুড়িটা স্টেপ। প্রতুল কতবার ডাক্তার বন্ধুদের কাছে শুনেছে, চেষ্ট পেইন হলে এক পা-ও হাঁটা। উচিত নয়। প্রথম চিকিৎসাই হল সাবধানে শুয়ে থাকা।
খাট থেকে নেমে প্রতুল ধীর পায়ে হেঁটে গেল পোশাকের ঘরে। এ ঘরের সংলগ্ন বাথরুমের দরজাটা হাট করে খোলা, সিগারেটটা ছুড়ে কমোডের মধ্যে ফেলে দিল প্রতুল। রানীর চোখে এটা একটা অমার্জনীয় অপরাধ। কিন্তু ফেরা হবে তিনদিন পর। কিংবা, এটার জন্য আর কোনওদিনই রানী তাকে বকুনি দিতে পারবে না।
শার্ট গায়ে গলাবার পর, প্যান্টটা পরবার জন্য একটা পা তুলতেই ঠিক যেন একটা বন্দুকের গুলি লাগল প্রতুলের বাঁ-বুকে। অসহ্য ব্যথায় বসে পড়ল সে। সারা শরীর ঘামে ভিজে যাচ্ছে। সে আর পারছে না। শার্টের নীচে শুধু জাঙ্গিয়া পরা, প্যান্টের এক চোঙার মধ্যে একটা পা ঢোকানন, এরকম অসহায় অবস্থায় বসে আছে প্রতুল, দরজা খোলা, যে-কোনও সময় বাচ্চারা, কিংবা রানী কিংবা টিংকু এসে পড়তে পারে।
সাদা দেওয়ালের দিকে তাকিয়ে ক্রুদ্ধ হিসহিসে গলায় প্রতুল বলল—ইফ ইউ ওয়ান্ট টু কিল মি, কিল মি হোয়েন আই অ্যাম অ্যালোন।
কথাটা বলেই, ব্যথার চেয়েও বেশি বিস্ময়ে অবসন্ন হল প্রতুল। এরকম কথাটা সে বলল কাকে! এরকম অদ্ভুত ইংরিজিতে? ইউ? সে, প্রতুল সেনগুপ্ত, যার কাছে অনির্দেশ্য কিছুই নেই, সে কাকে সম্বোধন করছে? দেওয়ালকে?
হুদা হেল ইজ দ্যাট ইউ? ড্যাম ইট!
তক্ষুনি বেশ দাপটের সঙ্গে উঠে দাঁড়াল প্রতুল। দ্রুত প্যান্ট পরে নিয়ে কোমরে বেল্ট বাঁধল; বেরিয়ে এসে বলল, টিংকু, চিরুনিটা দাও!
পাঁচ মিনিটের মধ্যে সেনীচে নেমে এসে গাড়ির সামনে দাঁড়িয়ে অসহিষ্ণু গলায় বলছে, ওঠো, ওঠো, আর দেরি নয়! রোদ চড়ে যাচ্ছে!
তাকে ভয় দেখানো হচ্ছে? মৃত্যু ভয়? একটা থাপ্পড় কষাবে সে মৃত্যুর গালে। উনপঞ্চাশ বছর বয়েস, তার জীবনে কোনও অনুতাপ নেই। কোনও উচ্চাকাঙ্ক্ষা নেই। হ্যাঁ, বেঁচে থাকা খুব সুন্দর, খুবই উপভোগ্য, কিন্তু মরতে হলেও সেটুসকি দিয়ে মরে যেতে পারে।
জেদ করে সে একটা সিগারেট ধরাল। ইউ? তার বেঁচে থাকার মধ্যে কোনও ইউ নেই। মৃত্যু তো জাস্ট একটা হ্যাপনিং, জন্মানোর মতনই।
সবাই পেছনে বসল, প্রতুল সামনে। লম্বা রাস্তা, ড্রাইভারকে মাঝে-মাঝে বিশ্রাম দিয়ে, তার গাড়ি চালাবার কথা। পথ থেকে প্রকাশ আর শ্রাবণীকে তুলে নিতে হবে।
যথারীতি প্রকাশ এখনও তৈরি হতে পারেনি। ওপরের বারান্দা থেকে পা-জামা পাঞ্জাবি পরা অবস্থায় ঝুঁকে প্রকাশ বলল, এই ওপরে এসো তোমরা! চা খেয়ে যাবে!
টিংকু ছটফটে। বাইরে বেড়াতে যাওয়ার নামেই তার শরীরে একটা গতি এসে গেছে, সে বলল, না, না, আমরা আর চা খাব না। আপনারা চলে আসুন!
প্রকাশ বলল, আরে, ট্রেন ধরার তাড়া তো নেই। এসো এসো, লুচি ভাজা হচ্ছে।
—লুচি খাব না!
শ্রাবণীর স্নান হয়নি এখনও। আরও দশ পনেরো মিনিট তো লাগবেই!
স্নান না করে মেয়েরা বাড়ি থেকে বেরুতে পারে না, এটা যেন একটা ধর্মীয় নির্দেশ। রানী স্নান করেছে, টিংকু স্নান করেছে, শ্রাবণীও তো স্নান করবেই। প্রতুল স্নান করেনি। প্রকাশও করবে না নিশ্চয়ই।
রানী বলল, চল, তাহলে ওপরে গিয়ে বসি!
ওপর মানে তিনতলার সিঁড়ি। প্রতুল গ্যাসের ব্যথা চেনে। জল খেলে কমে যায়। একবার দার্জিলিং-এ এই অন্যরকম ব্যথা হয়েছিল। ডাক্তার পরে বলেছিল, ইসকিমিয়া। সিগারেট বন্ধ, রাত-জাগা একেবারেই চলবে না, মদ তিন পেগ। প্রতুল কোনওটাই মানেনি।
এবারে ব্যথা অনেক বেশি, একেবারে অমোঘ। আর যাই হোক, এখন তিনতলার সিঁড়ি দিয়ে। ওঠার কোনও প্রশ্নই ওঠে না। আর কিছু না, যদি সিঁড়িতেই হুমড়ি খেয়ে পড়ে, তারপর ডাক্তার ডাকবার আগেই…। একটা বিশ্রী, নাটকীয় ব্যাপার। প্রতুল এইরকম নাটকই তো অপছন্দ করছে। কেন আজ সবাই মিলে আনন্দ করে বেড়াতে যাওয়ার দিনেই এই উৎপাত!
ইংরিজি বাক্য কিংবা ইউ সম্বোধনটার কোনও মানে হয় না, কিন্তু প্রতুল তখন বলতে চেয়েছিল— নিরালায়, নিরিবিলিতে আসুক মৃত্যু, তখন সে দেখবে, প্রতুল কত সহজভাবে তাকে গ্রহণ করতে পারে।
প্রতুল বলল, তোমরা ওপরে গিয়ে বসো, আমি ততক্ষণে সামনের পাম্প থেকে গাড়িতে তেল ভরে আনছি।
পাম্পে গিয়ে তেল ভরবার পর প্রতুলের মনে পড়ল তার কাছে টাকা নেই। মানি ব্যাগটা দিয়েছে রানীর কাছে। কেন সে তখন রানীর কাছে টাকা রাখার কথা বলল? কোনওদিন তো এমন হয় না। সে পুরুষ, সক্ষম দলপতি, বাইরে যাওয়ার পথে তাকে অনেক খরচ করতে হবে, তার কাছেই তো টাকা রাখবার কথা।
ড্রাইভারকে পাঠিয়ে দিল প্রকাশের বাড়িতে মানি ব্যাগ আনবার জন্য।
সাদা দেওয়ালকে সেই কথাটা শোনাবার পর কিন্তু ব্যথাটা যেন অনেকটা কমে গেছে। একেবারে থ