Home
বিদেশে দৈবের বশে

বিদেশে দৈবের বশে

মনোজ সেন

বিদেশে দৈবের বশে

মনোজ সেন
short story

Change color

আজ থেকে বছর পনেরো আগে আমাকে একবার যেতে হয়েছিল বিরৌলি নামে উত্তরপ্রদেশের একটি ছোটো শহরে। রামনগর থেকে যে রাস্তাটা কাঠগুদামের দিকে গেছে, তার মাঝামাঝি প্রায় একটা জায়গায় বিরৌলি। প্রায় মানে, একটা ছোটো রাস্তা দিয়ে মাইল দুয়েক একটা জঙ্গলের ভেতর দিয়ে যেতে হয়। বড়ো রাস্তা থেকে বিরৌলি নজরে পড়ে না। তবে, জানি না, আজ হয়তো ওসব জায়গার অনেক পরিবর্তন হয়েছে।


বিরৌলি কিন্তু তীর্থযাত্রীদের কাছে একেবারে অপরিচিত নয়। একটা উষ্ণ প্রস্রবন আছে এখানে, আর আছে মৃত্যুঞ্জয় শিবের মন্দির। প্রতি বছর মাঘ মাসে একটা বড়ো মেলাও হয়। তবে যে সময়ের কথা বলছি, সে সময় বড়ো একটা দূরের যাত্রী এখানে আসত না, কারণ কাঠগুদাম বা রামনগর দু-জায়গা থেকেই এখানে আসা অত্যন্ত কষ্টসাধ্য ছিল। একটিমাত্র হাড় জিরজিরে বাস সকালে কাঠগুদাম থেকে রামনগর গিয়ে বিকেলে ফিরে আসত। তাও রোজ নয়, মাঝে মাঝেই সেটা বিগড়ে যেত। তা ছাড়া ছিল এক্কা। সেটাতে অতটা পথ যাওয়া যে কী কষ্টকর অভিজ্ঞতা, সে শুধু যে গেছে সেই বুঝেছে। জঙ্গলেও ভয় ছিল, জন্তু জানোয়ারেরও, মানুষেরও।


তবু কাছেপিঠের থেকে যাত্রী আসত। তাই, বিরৌলিতে ধর্মশালা ছিল, বেশ কিছু দোকান পাট ছিল, একটা ছোটো হোটেলও ছিল— ওরিয়েন্টাল লজ, প্রোঃ হরিদয়াল চতুর্বেদী। এ ছাড়া ছিল একটা টি বি স্যানাটোরিয়াম। হোটেলটা স্যানাটোরিয়ামের রুগির আত্মীয়দের আশ্রয়স্থল ছিল।


বিরৌলিতে আমার গন্তব্যস্থল ছিল এই স্যানাটোরিয়াম। আমি তখন মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ হিসেবে ওই অঞ্চলটা কভার করছিলুম। স্যানাটোরিয়ামের রেসিডেন্ট ডাক্তার ছিলেন কলকাতার লোক— ডা ফুলচাঁদ সরোগি। তাঁর জন্ম লেখাপড়া প্রভৃতি সবই কলকাতায়, বাংলা বলতেন পরিষ্কার। উনি যখন কলকাতায় প্র্যাকটিস করার চেষ্টা শুরু করেছিলেন, তখনই তাঁর সঙ্গে আমার পরিচয়ও হয়েছিল, মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ হিসেবে নয়, রুগি হিসেবে। খানিকটা তাঁর ভরসাতেই আমার বিরৌলিতে যাওয়া।


রামনগর রোডের ওপর বিরৌলি মোড়ে নেমে টাঙ্গা করে শহরে যখন গিয়ে পৌঁছলুম, তখন বেলা প্রায় বারোটা। ভোর চারটেয় বেরিয়েছি, তার ওপর বাসটা দু-বার রাস্তায় খারাপ হওয়ায় সব যাত্রীদের সঙ্গে আমাকেও ঠেলতে হয়েছিল সেটাকে; ফলে ক্লান্তিতে শরীর প্রায় অবসন্ন তখন। হসপিটালে তখনই না-গিয়ে সোজা চলে গেলুম ওরিয়েন্টাল লজে। সেখানে মালপত্র রেখে, স্নান খাওয়া সেরে একটু লম্বা হতেই ঘুমিয়ে পড়লুম। যখন ঘুম ভাঙল তখন বেলা আর বেশি বাকি নেই। ঘরের দরজায় তালা মেরে, ব্যাগ হাতে তখনই ছুটলুম হসপিটালের দিকে।


হসপিটালটা শহর থেকে একটু বাইরে, মিনিট পনেরোর হাঁটা পথ। পথটাও ভারি সুন্দর। একটা ছোট্ট নদীর তীর ধরে ধরে যেতে হয়। হটস্প্রিংয়ের জলটা এই নদীতেই এসে মেশে। নদীর ওপারে একটা গ্রাম। এপারে জনবসতিহীন রুক্ষ মাঠ। এই মাঠেরই অন্যপ্রান্তে নটবরলাল মেমোরিয়াল টি বি হসপিটাল; সংক্ষেপে এন এম এইচ। কাঁটা তার দিয়ে ঘেরা বেশ বড়ো একতলা হলদে রঙের বাড়ি, সামনে বাগান। তার থেকে কিছুটা দূরে পাঁচ-ছ-খানা একতলা বাংলো ধরনের বাগানওলা বাড়ি— সেগুলো ডাক্তারদের কোয়াটার্স।


হসপিটালে গিয়ে শুনলুম ডা সরোগি ছুটি নিয়েছেন, তবে কোয়াটার্সেই আছেন। তখন তাঁর বাড়িতে গিয়ে হানা দেওয়া গেল। অনেকক্ষণ বেল বাজানোর পর সন্তর্পণে দরজা খুললেন ডাক্তার। খুবই চিন্তিত মুখ, আমাকে দেখে একটু অবাক হলেন, কিন্তু খুশি হলেন কি না বুঝতে পারলুম না। নীরবে হাত নেড়ে ভেতরে আসতে বললেন। ডা সরোগি কোনোকালেই খুব হাসিখুশি লোক ছিলেন না, কিন্তু এতটা গম্ভীরও তাঁকে কোনোদিন দেখিনি।


সাদামাটা পরিচ্ছন্ন বসবার ঘর। একটা বেতের চেয়ারে বসে গড়গড় করে অনেক কথা বলে গেলুম। আমার তার পেয়েছেন কি না, শরীর কেমন আছে, স্ত্রী, ছেলেমেয়ে কোথায়, ইত্যাদি। ভদ্রলোক চুপ করে বসে সব শুনলেন। চোখ দু-টি কিন্তু অন্যমনস্ক। বললেন, ‘তার করেছিলেন নাকি? পাইনি তো। স্ত্রী ভেতরে আছেন, ছেলেমেয়েরা হোস্টেলে। ভালোই আছে সব। তা কী মনে করে?’


আমি বললুম, ‘ডাক্তারসাহেব, মনে হচ্ছে কিছু নিয়ে আপনি খুব চিন্তিত আছেন। আমি যে কী মনে করে এসেছি, তা তো আপনার জানাই আছে। তবে আজ সে কথা থাক। কাল বলা যাবে-খন।’ তারপর একটু চুপ করে থেকে বললুম, ‘যদি রাগ না-করেন তো একটা কথা জিজ্ঞেস করব?’


‘কী কথা?’


‘আপনার যদি কোনো সমস্যা এসে থাকে আর সেটা যদি নিতান্ত ব্যক্তিগত না-হয়, তাহলে আমি কি কোনোভাবে আপনাকে সাহায্য করতে পারি? আমি আপনার বহুদিনের পরিচিত, সেই ভরসাতেই এ কথাটা বললুম।’


ডাক্তার আমার কথা শুনে বেশ কিছুক্ষণ স্থির দৃষ্টিতে আমার দিকে চেয়ে রইলেন। তারপর বললেন, ‘মিস্টার রায়, সত্যিই আপনি বোধ হয় আমাকে সাহায্য করতে পারেন। করবেন?’


আমি মাথা নেড়ে বললুম, ‘করব। আপনি আমার বোনকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছিলেন, আমি…’


ডাক্তার বাধা দিয়ে বললেন, ‘না, না, ওসব কিছু নয়! তবে চট করে হ্যাঁ বা না বলে বসবেন না। আগে আমার প্রবলেমটা শুনুন, তারপরে যা স্থির করার করবেন।’


আমি বললুম, ‘বেশ তো! বলুন।’


ডাক্তার বললেন, ‘দেবেন্দ্র গর্গের নাম শুনেছেন? আপনার অবশ্য না-শোনারই কথা। ভদ্রলোক লখনউ-এর একজন নামজাদা কনট্রাক্টর, কোটিপতি লোক। মাস দুয়েক আগে ভদ্রলোক আমাদের এই হসপিটালে ভরতি হন। তখনই অবস্থা খুব সঙ্গীন। কোনোরকমে ঠেকা দিয়ে রাখা গিয়েছিল, সামান্য উন্নতিও হয়েছিল। গতকাল ভোররাত্রে হঠাৎ মারা গেলেন। সিজার অফ হার্ট। কিছু করার ছিল না।


ভদ্রলোক বিপত্নীক, দুই ছেলে। বিনয়কুমার আর অশোককুমার। একজনের বয়েস বাইশ, অপরজন চব্বিশ হবে। গোড়ার দিকে খুব ঘনঘন আসত, ইদানিং আসা অনেক কমিয়ে দিয়েছিল। ব্যাবসার ব্যাপার ফেলে রাখা যায় না।


দেবেন্দ্র মারা যেতে আমি লখনউতে ওদের বাড়িতে ফোন করি। শুনলুম অশোক গেছে আমেরিকায়, বিনয় কলকাতায়। মুনশিজি বললেন যে উনিও তক্ষুনি রওনা হতে পারছেন না, অতএব আমি যেন মৃতের সৎকার করে অস্থি রেখে দিই, যাতে ছেলেরা এসে সেটা সংগ্রহ করতে পারে।


এ ছাড়া উপায়ও ছিল না। আমার এখানে তো আর কোল্ড স্টোরেজ নেই। কিন্তু দাহ করতে গিয়েই হল প্রবলেম।


ভদ্রলোকের হাতে ছিল একটা দামি সোনার ঘড়ি, আর দু-হাতে গোটা চারেক আংটি— সেগুলোরও অনেক দাম। কাজেই ডেডবডি ওয়াশ করার আগে আমি নিজে দাঁড়িয়ে থেকে সেগুলো খোলাই।


এ ছাড়াও ওঁর দু-হাতে কনুইয়ের ওপর দুটো বড়ো বড়ো মাদুলি ছিল, সে দুটোই একইসঙ্গে খোলানো হয়। সব ক-টা জিনিস নিয়ে আমি আমার অফিস ঘরে লোহার সিন্দুকে রেখে চাবি দিয়ে দিই। মাদুলি দুটো পকেটেই ছিল, ভেবেছিলুম নদীর জলে ফেলে দেব।


মৃতদেহ শ্মশানে পাঠিয়ে আমার বাড়ি আসতে আসতে দুপুর গড়িয়ে গিয়েছিল। স্নান করতে যাবার আগে পকেট থেকে সব জিনিসপত্র বের করতে গিয়ে মাদুলি দুটো বেরিয়ে আসে। আমার স্ত্রী তখন সেখানেই দাঁড়িয়ে ছিলেন। ওঁর হাতে মাদুলি দুটো দিয়ে বললুম, ”এগুলো এখন রেখে দাও, পরে নদীতে ফেলে দেব-খন।”


বেশ বড়ো বড়ো দু-টি মাদুলি, কালো কার দিয়ে বাঁধা। আমার স্ত্রী সে দুটো নিতে গিয়ে অসাবধানে হাত থেকে ফেলে দেন। অমনি দুটোরই পাশদুটো খুলে গিয়ে ভেতর থেকে বড়ো বড়ো চারটে হিরে বেরিয়ে আসে, যাদের এক-একটারই দাম কয়েক লাখ টাকা। বুঝতে পারলুম, দেবেন্দ্র গর্গ এমার্জেন্সির জন্য ওগুলো নিজের সঙ্গে রেখেছিলেন। নিজের লোকেদের বা আত্মীয়স্বজনের ওপরেও খুব আস্থা বোধ হয় ছিল না।’


আমি জিজ্ঞেস করলুম, ‘হিরেগুলোর অত দাম আপনি কী করে বুঝলেন?’


ডা সরোগি হাসলেন। বললেন, ‘আমি ডাক্তার হতে পারি, কিন্তু আমার বংশ তো ব্যাবসাদারের বংশ। আমি মিসফিট বলে ব্যাবসায় ঢুকিনি, কিন্তু হিরে দেখলে চিনতে পারব না সেটা তো কোনো কাজের কথা নয়।’


আমি বললুম, ‘সে তো বটেই। তারপর কী হল?’


‘সেখানে আমরা দু-জন ছাড়াও, আমাদের বাড়ির কাজের মেয়ে রামদুলারী উপস্থিত ছিল। সে সেখানে না-থাকলে হয়তো কোনো বিপদই হত না, কিন্তু থেকেই যত গণ্ডোগোল বেধেছে। যদিও রামদুলারী অনেক বছর আমাদের বাড়িতে আছে ঠিকই, তবে সে খুব সৎ নয়, তার কিছু হাতটান আছে এটা আমরা জানি। শুনেছি, ওর বয়ফ্রেন্ড হচ্ছে গুলাব রাই; এই অঞ্চলের নামকরা ডাকাত। ভাবটা নাকি সম্প্রতি হয়েছে। কানাঘুসোয় শোনা, সত্যি-মিথ্যে জানা নেই।’


আমি প্রশ্ন করলুম, ‘এসব জেনেশুনেও অমন কাজের লোক ছাড়িয়ে দেননি?’


ডাক্তার মাথা নাড়লেন। বললেন, ‘না। তার প্রথম কারণ, মেয়েটি আমাদের কাছে অনেক দিন আছে। দ্বিতীয় কারণ, সে অত্যন্ত এফিসিয়েন্ট। তৃতীয় কারণ, তার সম্বন্ধে যা কিছু শুনেছি, তার সব-ই গুজব। চতুর্থ কারণ, গুলাব রাই আমার রুগি, আমার কোনো ক্ষতি সে করবে না বলেই এতদিন বিশ্বাস ছিল।


এসব অঞ্চলের কথা তো আপনি জানেন। ডাকাতরা বেশ ওপনেলি ঘুরে বেড়ায়, স্থানীয় লোকেরা তাদের হিরো ওয়ার্শিপও করে থাকে। সত্যি কথা বলতে কী, গুলাবকে নিয়ে বিরৌলির মানুষ বেশ অহংকার বোধ করে থাকে। পুলিশ রেড হলে খবর চলে আসে আগের থেকে। গুলাবকে জঙ্গলে পালিয়ে যেতে সাহায্য করা হয়, তার হাইড-আউটে খাবারদাবারও পৌঁছে যায়।


তা এই গুলাবকে আমি অনেক দিন থেকেই চিকিৎসা করে আসছি। কিশোর বয়েসে ওর প্লুরিসি হয়েছিল, তারপর থেকে বুকটা খুব সুস্থ নয়। নিশ্বাসের কষ্ট আছে। আর এ অঞ্চলের সকলের মতো যক্ষ্মা রোগটাকে বেজায় ভয় পায়। কাজেই মাঝে মাঝে সে আসে আমার কাছে। অত্যন্ত বিনয়ী, শান্ত প্রকৃতির লোক। আপনি দেখলেই চিন্তাই করতে পারবেন না যে, সে একটা দুর্দান্ত ডাকাত আর ভারত সরকার তার মাথার দাম ঘোষণা করেছেন পাঁচ হাজার টাকা।


এতদিন ভাবতুম গুলাব আর যারই ক্ষতি করুক, আমার করবে না। কিন্তু আজ মনে হচ্ছে সে ধারণা ভুল।’


আমি জিজ্ঞেস করলুম, ‘কেন?’


‘সে কথাই বলছি। রামদুলারী হিরেগুলোকে দ্যাখে এবং উত্তেজনার বশে বলে ফেলা আমার মন্তব্যগুলোও সে শোনে। আমি ব্যাপারটা বুঝতে পেরেই ওকে শুনিয়ে শুনিয়ে জোরে জোরে বলি যে খেয়ে উঠেই আমাকে এগুলো নিয়ে গিয়ে হসপিটালের সিন্দুকে রেখে আসতে হবে। বলে, ব্যাপারটা রিয়ালিস্টিক করবার জন্যে আমি হসপিটালে ফিরে গিয়ে বেশ জোরে জোরে শব্দ করে সিন্দুক খুলি, কিন্তু হিরেগুলো ওখানে রাখার পরিবর্তে সোনার ঘড়ি এবং আংটিগুলোও বাড়ি নিয়ে চলে আসি।’


আমি আঁতকে উঠে বললুম, ‘সর্বনাশ! করেছেন কী? গায়ে পড়ে এই ভয়ংকর ঝামেলা নিজের বাড়িতে এনে তুলেছেন?’


ডাক্তার গম্ভীর হলেন। বললেন, ‘হুঁ, আমার স্ত্রীও সে কথাই বলছেন বটে। কিন্তু কর্তব্যবোধ বলছে, আমি ঠিক কাজই করেছি। এই হাসপাতালে দেবেন্দ্রজির অপরিসীম দান আছে এবং আমি মনে করি তাঁর মূল্যবান জিনিসগুলো তাঁর উত্তরাধিকারীদের হাতে তুলে দেওয়াই আমার কর্তব্য, জেনেশুনে ডাকাতের হাতে তুলে দেওয়া নয়।’


আমি বললুম, ‘ঠিক আছে, আপাতত আপনার কথাই মেনে নিলুম, পরে এ বিষয়ে বিশদ আলোচনা করা যাবে। কিন্তু তার পরের ঘটনা বলুন।’


‘আমি বাড়ি ফিরে এসে দেখলুম, যা সন্দেহ করেছি তাই ঘটেছে— রামদুলারী অদৃশ্য হয়েছেন। আজ সকালে ঘুম থেকে উঠেই শুনলুম, হাসপাতালে কাল রাত্রে ডাকাত পড়েছিল। দারোয়ানের হাত-পা-মুখ বেঁধে সিন্দুকের দরজা কেটে ফেলা হয়েছিল অক্সি-অ্যাসিটিলিন গ্যাস দিয়ে। ভেতরে হাজার খানেকের কিছু কম টাকা ছিল। সেটা গায়েব হয়েছে। রুগিরা কেউ টের পায়নি, নার্সরাও নয়। আর পাবেই বা কোত্থেকে। এসব ব্যাপারে এ অঞ্চলে কেউ টের পায় না, পেতেও চায় না।


এখন আমার সন্দেহ, শুধু সন্দেহ কেন, স্থির বিশ্বাস যে আজ রাতে আমার বাড়িতে ডাকাত পড়বে। গুলাবের লোভের কাছে তার কৃতজ্ঞতাবোধ যে হার মানবে তাতে সন্দেহ নেই। এ যে অনেক টাকা।’


আমি জিজ্ঞেস করলুম, ‘পুলিশে খবর দেননি?’


‘দিয়েছি। পুলিশ আসেনি, কালও আসবে কি না সন্দেহ। কাজ শেষ হলে তবেই আসবে বোধ হয়। গুলাবেরও তো সবাইকে সন্তুষ্ট রেখে চল

**********
No Review
Related Books
Loading books…