
বারিক অপেরা পার্টি
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
সকালবেলা।
একজন কাঁচা-পাকা দাড়িওয়ালা মুসলমান আমার সামনে এসে দাঁড়িয়ে বললে —সালাম বাবু।
–কে তুমি?
—আমার নাম বারিক মণ্ডল, বাড়ি চালদী। আপনার কাছে এটু আলাম—
–কেন?
—ধানি জমি কিনবেন? পঞ্চাশের মন্বন্তর তখনো উগ্র হয়ে ওঠেনি, দিকে দিকে ওর আগমনবার্তা অল্পে অল্পে ঘোষিত হচ্ছে। একটা ব্যাপার শেষ না-হয়ে গেলে বোঝা যায় না সেটা কত বড়ো হল। সবাই ভাবছে, এ দুর্দিনের অভাব-অনটন শিগগির কেটে যাবে। এ সময়ে ধানের জমি কেনা মন্দ নয়, সামনেই শ্রাবণ মাস, জলবৃষ্টিও বেশ হচ্ছে, কিনেই ধান রোয়া হতে পারে এবারই। চালের দাম পঁচিশ টাকা মণ, তাও সহজপ্রাপ্য নয়। কলকাতা থেকে বোমার ভয়ে পালিয়ে এসে বাড়ি বসে আছি। হয়তো কলকাতা শহর জাপানি বোমার ঘায়ে ছত্রাকার হয়ে যাবে, দেশেই থাকতে হবে বরাবর। দেশে ধানি জমির নিতান্ত অভাব, যা আছে তা নিয়ে কাড়াকাড়ি চলচে।
বললাম—জমি কোথায়? কতটা?
—চালদীর মাঠে। তা বলি আপনার কাছেই যাই, ওঁর জমির যদি দরকার থাকে। সাত বিঘে জমি বাবু। বিক্রি করবে আমাদের গাঁয়ের সোনাই মণ্ডল।
—তুমি তার কেউ হও?
—না বাবু। ওর মধ্যে দু-বিঘে ভিটে জমি আছে, সে জমিটুকুতে আমি খাজনা দিয়ে বাস করি। জমিটা কিনলে আমি আপনার ভিটের প্রজা হব। দু-টাকা করে খাজনা করি। ধানের জমিটা আপনাকে সস্তায় করে দোব বাবু। আমাকে ধানের জমিগুলো কিন্তু ভাগে দিতে হবে। আর যদি আপনি নিজে চাষ করেন তো আলাদা কথা—
কলকাতা থেকে নতুন এসে বহুদিন পরে দেশে বসেছি, জমিজমার ব্যাপার তত বুঝিনে। ব্যাপারটা তলিয়ে বুঝবার চেষ্টা করলাম। চালদীর বারিক মণ্ডল আমার কাছে এসেচে কিছু জমি বেচতে। ওর জমি নয়, সোনাই মণ্ডলের জমি। ও এসেছে কেন, এতে ওর স্বার্থ কী? না, ও আগে থেকেই এই জমার অন্তর্ভুক্ত দু-বিঘে জমিতে বাস করে, জমি নিলে ও আমার প্রজা হবে এবং আমি ওকে ধানের জমির ভাগীদার করব। বেশ কথা। বারিকের চেষ্টায় ও আমার ইচ্ছায় তিনদিনের মধ্যে জমি কেনা হয়ে গেল।
রেজেষ্ট্রি অফিসে যে দলটি জমি রেজেষ্ট্রি করতে গিয়েছিল বারিক মুসলমান দেখলুম তার মোড়ল। মহা ফুর্তিবাজ লোক সে। আধ-বুড়ো লোক হলে কী হয়। দাড়ি নেড়ে নেড়ে পান খাচ্চে, বিড়ি খাচ্চে, বেগুনি খাচ্চে, ফুলুরি খাচ্চে। রেজেস্ট্রি শেষ হয়ে গেলে বারিক আমায় ডেকে বললে—বাবু, এটুখানি দোকানে চলুন।
—কোন দোকান?
—জল খাবেন এট্টু।
জল খাওয়ানোর প্রথা আছে এদেশে, যে জমি কেনে, সে-ই মনের ফুর্তিতে সাক্ষী ও শনাক্তকারীকে মিষ্টিমুখ করায়। যে জমি বেচে সে তো রিক্ত হয়ে গেল, সে খাওয়াবে কেন? এ কথা তো এদেশে নেই। কিন্তু বারিকের আনাড়ি ধরনের বিনীত গ্রাম্য অনুরোধ এড়াতে না-পেরে খাবারের দোকানে বসলাম।
—দ্যাও, ও দোকানি বাবুরি (অর্থাৎ বাবুকে) নিমকি, সেঙ্গারা, সন্দেশ দ্যাও। আর ওই যে হ্যাদে গোল গোল তোমার, ওকী কী বলে, ওই দ্যাও একপোয়া নুচি খাবেন বাবু? হ্যাদে বাবুরি নুচি দ্যাও আটখানা—ভাজা নেই? তা ভেজে দ্যাও—
দেড় টাকা খরচ গেল শুধু আমার পিছু। খাবার খরচ গেল টাকাচারেক। বারিক মহাফুর্তিতে এক টাকার খাবার নিজেই খেলে।
সন্ধ্যা হয়ে গেল। সবাই মিলে অন্ধকারে বাড়ির দিকে রওনা হই। বারিক অন্ধকার পথে গান জুড়ে দিলে চেঁচিয়ে–
‘ওগো হরি বংশীধারী শ্যাম লটবর—‘
সোনাই মণ্ডল বাজার থেকে বড়ো দেখে দুটো ইলিশ মাছ কিনেচে, কারণ আজ তার হাতে কড়কড়ে আড়াইশো টাকা। জমি ওরা নাকি খুব সস্তায় দিয়েছে আমাকে। দলিল-লেখক আমাকে আড়ালে বলেছিল—আড়াইশো টাকায় সাত-আট বিঘের জমি কিনেছেন, তার মধ্যে পাঁচ বিঘে আমন ধানের জমি। সাব রেজিস্ট্রারবাবু এ দলিল এখন মঞ্জুর করলে হয়, দামটা কম বলে মনে হচ্ছে কিনা–
যা হোক, রেজিস্ট্রি হয়ে গেল, কোনো গোলমাল হয়নি।
বারিক মণ্ডল বললে—বাবু, আমাদের গাঁ আগে, তারপর আপনাদের গাঁ। এই অন্ধকারে কী করে যাবেন? সোনাই ইলিশ মাছ কিনেচে, আমাদের গ্রামে আজ থাকুন। ইলিশ মাছ রান্না করুন পেঁজ দিয়ে। আজ চলুন একটু ফুর্তি করা যাক—
আমি রাজি হলাম না। বাড়ি চলে এলাম অন্ধকারে।
বারিক আমার প্রজা হল। তখন শুনলাম বারিক অপরের জমিতে বাস করত, সে ভিটের খাজনা বহুদিন না-দেওয়াতে জমিদার ওর বাড়ি (অর্থাৎ একখানা চালাঘর) এবং একজোড়া বলদ বিক্রি করে ক্রোক দেবার উপক্রম করেছিল। তাই ও সে জমি ছেড়ে আমার জমিতে নতুন করে চালাঘর বাঁধল। আমার নতুন কেনা ধানের জমি ও-ই ভাগে চাষ করবার জন্যে বন্দোবস্ত করে নিলে। সেবার ধান রোয়া শেষ করলে।
বারিক রোজ সকালে একবার করে আমার বাড়ি ঠিক আসবে। এসে এ-গল্প ও গল্প করে ওঠবার সময় কিছু-না-কিছু ছুতোয় টাকা চাইবে।
—বাবু—
-–এসো বারিক। তামাক খাও।
—বাবু, বড্ড দায়ে পড়ে অ্যালাম। পাঁচটা টাকা দিতে হবে—
—কেন, হঠাৎ?
—আপনার জমিতি বারোমেসে চাষ দিয়ে রেখেচি। মুসুরি বোনতাম। যা হবে আপনার আর্ধেক, আমার আর্ধেক।
—বেশ নিয়ে যাও—
তারপর শুনলাম মুসুরি বুনবার টাকা দিয়ে বারিক ওর গানের দলের ডুগি তবলা কিনেচে।
একদিন বললাম—মুসুরি বুনলে বারিক?
—আজ্ঞে বাবু।
–ক-বিঘে?
—এক বিঘে।
—আর দু-বিঘে?
—বাবু, আর দু-টো টাকা দিতি হবে। খরচে কুলোচ্চে না।
—মিথ্যে কথা। তুমি তোমার গানের দলের ডুগি-তবলা কিনেচ সেই পয়সা দিয়ে। কোথায় তোমার গানের দল?
—ওই জেলেপাড়ার জেলে ছোঁড়াদের নিয়ে বসি। রোজ আখড়াই হয়। গান বাজনা ভালোবাসি বাবু। এবার পুজোর সময় ‘সাধন সমর’ বা ‘অজামিলের বৈকুণ্ঠলাভ’ নামাব বারোয়ারির আসরে—দেখি যদি খোদার মর্জি হয়—আমার ছোটো ছেলে কেষ্ট সাজে, দেখবেন কী গানের গলা—কী অ্যাক্টো—
—বেশ, বেশ—
—দেন বাবু দু-টো টাকা।
—নিয়ে যাও, কিন্তু মুসুরি ঠিক বুনবে।
—তা আর বলতি? কাল সকালেই বাকি দু-বিঘে সাঙ্গ করব।
ধানের সময় আমার ভাগে যে ধান দেওয়ার কথা, বারিক আমাকে তা দিলে না, অনেক কম দিলে। লোকে বললে—বাবু, ও ওইরকম। কত লোককে ফাঁকি দিয়েছে, আপনাকে ভালো মানুষ পেয়ে ফাঁকি তো দেবেই।
খুব রেগে বারিকের বাড়ি গেলাম। গিয়ে দেখে-শুনে বেশি রাগ রইল না। কী মুশকিল, এইরকম বাড়িঘর ওর! মাত্র একখানা চারচালা ঘর। ঘরের দরজা জানালার ফাঁকগুলো বাঁশের ঝাঁপ দিয়ে আটকানো, দোর পর্যন্ত নেই ঘরের। ওর দলিজে বিছানো আছে একখানা বেদে-চটা অর্থাৎ খেজুরপাতার বোনা পাটি, একটা কলঙ্কধরা তামার বদনা, একটা হুঁকো আর তামাক, টিকে রাখবার মাটির পাত্র। একখানা অত্যন্ত হেঁড়া ও ময়লা রাঙা নরুন-পাড় শাড়ি চালে শুকুচ্চে। চালের অন্যস্থানে একটা কুমড়োগাছ উঠেছে। উঠোনে একখানা ভাঙা গোরুরগাড়ি। সবসুদ্ধ মিলে অত্যন্ত ছন্নছাড়া অবস্থা।
কিন্তু বিষয়সম্পত্তি রাখতে গেলে ভাবপ্রবণ হলে চলে না। আমি কড়া সুরে বললাম, মোটে দু-বিশ ধান পেলাম তিন বিঘে জমিতে? আমার সবসুদ্ধ বাইশ তেইশ টাকা নিয়ে এসেচ, তার বদলে ধান দাও। আর বছরের ভিটের খাজনা দু টাকা তাও শোধ করো। নইলে কালই নালিশ ঠুকে দেব।
বারিকের দুটি ছেলে, বড়োটির বয়স আঠারো-উনিশ, ছোটোটির চোদ্দো পনেরো। তারা বাবার কাছেই দলিজে বসে গল্পগুঁজব করছিল। চট করে একখানা খুরসি পিঁড়ি এনে বড়ো ছেলেটা আমায় বসতে দিলে।
বারিক বললে—যা, কাঁঠালপাতা কী কলার পাতা নিয়ে আয়, বাবু তামাক খাবেন। ওরে আলি, শিগগির ছোট।
–থাক, আমার তামাকের দরকার নেই। ধান বের করো বাকি টাকার—
—ঠাণ্ডা হোন বাবু। তামুক খান আগে—
বারিক নিজে তামাক সেজে দিলে।
বললাম—তোমার ছেলেরা কী করে?
–বড়োটি গোরু চরায়। ওরা দুজনে ভালো গান গায়, শুনিয়ে দে বাবুকে একখানা গান।
-–থাক, গান এখন দরকার নেই, তুমি ধান বের করো।
—দেব বাবু দেব।
—আর খাজনা? আজ সব শোধ করে দিতে হবে। নইলে নালিশ হবে জানো?
—দেব বাবু, দেব, তামাক খান।
একটু পরে বারিক ও তার দুই ছেলেতে ধরাধরি করে দু-বস্তা ধান বার করে নিয়ে এল। বারিক বললে, বাবুর এই ধানগুলো ওঁর বাড়ি পৌঁছে দিয়ে আসতি হবে—গোরু দুটো খুঁজে নিয়ে এসে গাড়ি জুতে দে।
আমি বাধা দিয়ে বললাম—কত ধান?
—আড়াই বিশ।
–সাড়ে সাত মণ? এতে তো শোধ হবে না দেনা।
–বাবু, আল্লার কিরে, ঘরে আর ধান নেই। সব দেলাম আপনাদের। আর কিছু নেই, আপনি দেখে আসুন ঘরে।
—তোমার ধান রইল না?
—না বাবু, সব দেলাম।
—তুমি ছেলে-পিলে নিয়ে খাবে কী?
—তা আর কী করব বাবু। আমি নালিশকে বড্ড ভয় করি।
ওর কথা আমার বিশ্বাস হল না।
দুই বস্তা ধান গোরুরগাড়ি করে ওরা আমার বাড়ি পৌঁছে দিলে।
দু-দিন পরে বারিক তার দুই ছেলেকে সঙ্গে নিয়ে সন্ধ্যাবেলা আমার বাড়ির সামনে দিয়ে দেখি কোথায় যাচ্ছে। বারিকের বগলে বেহালা।
বললাম, ও বারিক, কোথায় চললে?
–আজ্ঞে বাবু সালাম। মহল্লা দিতে যাচ্ছি।
—তুমি কী বেহালা বাজাও?
—ওই অমনি একটু একটু। খোদার মর্জিতে।
জেলেপাড়ায় ওদের দলের ঘরে একদিন গিয়ে বেড়াতে বেড়াতে হাজির হলাম। বাঁওড়ের ধারে একটা জামগাছের ছায়ায় লম্বা দোচালা ঘর, কঞ্চির বেড়ার দেওয়াল, বসবার জন্যে খানচারেক পুরোনো মাদুর, এককোণে দু-জোড়া ডুগি তবলা, একখানা খোল, একজোড়া মন্দিরা, গোটা দুই থেলো হুঁকো টাঙানো বাঁশের খুঁটির গায়ে। জন-পাঁচ-ছয় লোক জুটেছে, বাকি এখনও আসেনি। আমাকে ওরা সরবে অভ্যর্থনা জানাল। বটতলাতে বসলাম। সামনে বাঁওড়ের স্বচ্ছ জলে পদ্মফুল আছে। লম্বা লম্বা জলজ ঘাসের মধ্যে দিয়ে সুড়ি বালি মাটির পথ গিয়ে জলের ঘাটে নেমেচে, পানকৌড়ি বসে আছে পাটা-শ্যাওলার দামে। ওপারে কাজি সাহেবের দরগা, ভাঙা পাঁচিলে মস্তবড়ো জিউলি গাছ বেড়ে উঠে সমস্ত দরগা ঘরের ওপর ঝুপসি ছায়া পড়ে আছে, আঠা ঝরে পড়চে গাছটার কাঁধ থেকে— খানিকটা সাদা, খানিকটা লাল—আঠা ঝরে ঝরে দরগাঘরের পশ্চিম দিকের পাঁচিলের কোণটা একেবারে ঢেকে গিয়েছে। দরগাতলার ঘাটের ওপারে আমিনপুর গ্রামের কৃষক-বধূরা মাটির কলসি কাঁখে জল নিতে যাওয়া-আসা করচে!
একজন তামাক সেজে কলকে আমার হাতে দিয়ে বললে—তামুক সেবা করুন —একটা কলার ডাঁটা কী এনে দেব?
আমি তামাক খেতে খেতে বললাম—তা একটু গান-বাজনা হোক শুনি।
সে বললে, বারিক এখনো আসেনি। সে না-এলে আরম্ভ হবে না বাবু। সে হল বেয়ালাদার। এ দলই তার। এর নাম বারিক অপেরা পার্টি।
—বাঃ বাঃ, নাম দিয়েচে কে?
—বাবু, মোরা তো ইংরেজি জানিনে। অন্য অন্য যাত্রাদলের কাগজে যেমন লেখা থাকে, তাই দেখে মোরা একটা মিল খাটিয়ে করিচি। ভালো হয়নি?
একটু পরে বারিক এসেও সেই কথা জিজ্ঞেস করলে।
আমি বললাম—নামের মতো নাম একটা হয়েছে বটে। খাসা নাম।
—গান শুনিয়ে দে, বাবুরি তামুক সেজে দে। ব্যস্তসমস্ত বারিককে ঠাণ্ডা করে আমি তাকে বেহালা বাজাতে বললাম। ওর দুই ছেলে বেশ গান গায়। ছোটো ছেলে কৃষ্ণ সাজে, বেশ কালো নধর চেহারাটি। তাকে বারিক বললে গান করে আমায় শুনিয়ে দিতে। সে রগে হাত দিয়ে তারস্বরে সোনাই যাত্রার এক গান আরম্ভ করলে :—
ওরে ও কিছান ভাই,
আমি হেথা বলে যাই
গওরেতে শোন সেই বাণী—
বললাম—বেশ, বেশ। কৃষ্ণের গান?
বারিক ধমক দিয়ে বললে—মানভঞ্জর পালার সেই গানখান