
বাবা হওয়া
বুদ্ধদেব গুহ
ডাকবাংলোটা থেকে নদীটা দেখা যাচ্ছিল।
সামনে একটা খোয়ার পথ এঁকেবেঁকে চলে গেছে। পথের দু-পাশে সারি করে লাগানো আকাশমণি গাছ। মার্চের প্রথমে অগ্নিশিখার মতো ফুটেছে ফুলগুলো। আকাশপানে মুখ তুলে আছে। বাংলোর হাতায় পনসাটিয়ার ঝাড়। লাল পাতিয়া বলে মালি। পাতাগুলোর লালে এক পশলা বৃষ্টির পর জেল্লা ঠিকরোচ্ছে। কয়েক জন আদিবাসী মেয়ে-পুরুষ খোয়ার রাস্তাটা মেরামত করছে সামনেই।
আমার ছেলে রাকেশ আর মেয়ে রাই নদীর সবুজ মাঠটুকুতে দৌড়াদৌড়ি করে খেলছে। রাকেশ যথেষ্ট বড়ো হয়েছে। ক্লাস এইটে পড়ে সে। তা ছাড়া বয়স অনুপাতে সে অনেক বেশি জানে বোঝে। কত বিষয়ে সে যে পড়াশুনো করে, তা বলার নয়। পড়াশুনাতে খুব ভালো সে তো বটেই, কিন্তু শুধু স্কুলের পড়াশুনাতেই নয়।
নিজের ছেলে বলেই শুধু নয়, তার ভালোত্বে আমি সত্যিই গর্ব বোধ করে থাকি।
এই গর্বের কোনো সংগত কারণ আমার থাকার কথা নয়। কারণ ছেলে ও মেয়ের যা কিছু ভালো, তা আমার স্ত্রী শ্রীমতীরই জন্যে। বাবার কর্তব্য হিসেবে একমাত্র টাকা রোজগার ছাড়া আর কিছুই প্রায় করার সময় পাইনি আমি। আমি আমার দোষ স্বীকার করি। আমি অত্যন্ত উদার মানুষ বলেই আমার বিশ্বাস। তবুও খারাপটুকুর দায় শ্রীমতীর ওপর অবহেলায় চাপিয়ে আমার ছেলে-মেয়ের ভালোত্বের কৃতিত্বটুকু আমি এই মুহূর্তে এই বাংলোর চওড়া বারান্দার ইজিচেয়ারে বসে তাকিয়ে তাকিয়ে উপভোগ করছিলাম।
শ্রীমতী ঘরে একটু জিরিয়ে নিচ্ছে। ড্রাইভে আমার কালোরঙা, সদ্য-কেনা ঝকঝকে গাড়িটা সাদা সিট কভার পরে কৃষ্ণচূড়া গাছের ছায়ায় ঠায় দাঁড়িয়ে আছে।
আমি একজন সেলফ মেড মানুষ। লেখাপড়া বিশেষ করিনি, মানে ইন্টারমিডিয়েট অবধি পড়েছিলাম। ইংরেজিতে বেশ কাঁচা ছিলাম। পড়াশুনা ছেড়ে দিতে হয় আর্থিক কারণেই। কিন্তু ফিরিওয়ালা এবং নানারকম চাকর থেকে জীবন শুরু করে আমি এখন একটা কারখানার মালিক। স্মল স্কেল ইণ্ডাস্ট্রি হিসেবে রেজিস্টার্ড। লোহার ঢালাই-করা জিনিস নানা দেশে এক্সপোর্টও করি। আমার ব্যাবসাও যে ভালো সে-সম্পর্কেও ছেলে সম্পর্কিত গর্বের মতো গর্ব আছে আমার।
হাওড়াতে আমার কারখানা। সল্টলেকে হালফিল ডিজাইনের বাড়ি। সুন্দরী স্ত্রী। আর স্থাবর-অস্থাবর সম্পত্তি। বেশকিছু লোক আমাকে স্যার স্যার করে। ভালো লাগে। কলকাতার একটি বড়োক্লাবে আমি বছরখানেক হল মেম্বার হয়েছি। ইদানীং ক্লাবে এবং ব্যাবসার জগতে আমি আকছার ইংরেজি বলে থাকি। আমি এখন জানি যে, এ-সংসারে টাকা থাকলে ইংরেজি-বাংলা কিছুই না জানলেও চলে যায়। টাকার মতো ভালো ও এফেক্টিভ ভাষা আর কিছুই নেই। তা ছাড়া টাকা বাড়ার সঙ্গে সঙ্গেই সব বিদ্যাই আপনাআপনিই বাড়ে।
লঞ্জীর মতো সরস্বতী আর দুটি নেই।
ক্লাবে আমাকে লোকে ‘ম্যাক চ্যাটার্জি’ বলে জানে। আমার আসল নাম মকরক্রান্তি। ছোটোবেলায় পাড়ার ছেলেদের কাছে, আমার বাবার কাছে, চাকরি জীবনের বিভিন্ন মালিকদের কাছে আমার নাম ছিল ‘মকরা’। সে ডাকটা এখন ভুলেই গেছি। কেউ ডাকে না সে-নামে। ডাকলে আমি রেগেও যাব।
এই মুহূর্তে আমি একজন সুখী লোক। সংসারে সুখী হতে হলে যা-যা থাকতে হয়, থাকা উচিত, আমার তার প্রায় সবই আছে। আমি একজন কপিবুক সুখী লোক। কিন্তু নদীর সামনে; দূরে খেলে-বেড়ানো আমার ছেলে রাকেশ এবং মেয়ে রাই-এর কারণে আমি ঠিক যতটা সুখী, তেমন সুখী অন্য কিছুরই জন্যে নই।
ছেলে-মেয়ে ভালো হওয়ার সুখ, কৃতী হওয়ার সুখ বাবাকে যে আনন্দ এনে দেয়, তা তার ব্যাবসা, অর্থ, মানসম্মান কিছুই এনে দিতে পারে না। অবশ্য ছেলে-মেয়েকে তাদের জীবনে অনেক কিছু দিয়েছি আমি, আমাকে যা আমার মা-বাবা দিতে পারেননি।
আমি একজন কৃতী কেউকেটা যোগ্য বাবা। ভাবছিলাম আমি। বড়োলোক হওয়া সোজা। পন্ডিত হওয়া সোজা, সবকিছু হওয়াই সোজা, কিন্তু ভালো বাবা হওয়া বড়ো কঠিন। এই শান্ত দুপুরে, আলস্যে কবুতরের ডাকের একটানা ঘুমপাড়ানি শব্দে, ছায়ায় স্নিগ্ধ হাওয়াতে, আদিবাসী কুলিকামিনদের রাস্তা সারানোর ছন্দবদ্ধ খট-খট আওয়াজের মধ্যে বসে আমি ভাবছিলাম, আমি একজন সার্থক বাবা।
দুই
বোধ হয় একটু তন্দ্রা এসেছিল। চোখের পাতা বুজে গেছিল, এমন সময় একটা গাড়ির ইঞ্জিনের শব্দে আচমকা তন্দ্রা ভেঙে গেল।
চোখ মেলে দেখি, আমার কারখানার ওভারড্রাফট অ্যাকাউন্ট যে ব্যাংকে, সেই ব্যাংকেরই ম্যানেজার এসে হাজির।
মি. রায়। হঠাৎ? এখানে? উনি বললেন।
ওঁকে দেখেই আমি তড়াক করে লাফিয়ে উঠলাম।
বললাম, আরে? আপনি কোত্থেকে স্যার?
সব স্যারেরই স্যার বলার লোক থাকে? বাবারও বাবা থাকে। লিমিট বাড়ানো নিয়ে গত তিন মাস ধরে বড়ো রমদারমদি চলছে। কানাঘুসোয় শুনেছি, সোজা রাস্তায় হবে না। কিন্তু তেমন জানাশোনা হয় এমন সুযোগও হয় না। এ একেবারে গড-সেন্ট ব্যাপার!
রায় সাহেব ন্যাশনালাইজড ব্যাংকের বিরাট এয়ার কণ্ডিশণ্ড অফিসে সবসময়ই এমন একটা ‘এয়ার’ নিয়ে বসে থাকেন যে, মন খুলে কথাই বলা যায় না।
আমি রায় সাহেবকে ইম্প্রেস করার জন্যে ইংরেজিতে কথাবার্তা চালু করলাম। আমি যে হাওড়ার একজন সামান্য ঢালাইওয়ালা নই, ডাবু ধরাই যে আমার শেষ গন্তব্য নয়, টাকা যে নোংরা আর পাঁকের মধ্যেই জন্মায় না, পদ্মফুলের মধ্যেও জন্মায়, একথাটা এহেন আপনগন্ধে কস্তুরিমৃগসম পাগল ব্যাংকারকে বোঝানো দরকার।
এমন সময় রাকেশ ও রাই ফিরে এল।
আমি আমার ছেলে-মেয়ের সঙ্গে রায় সাহেবের আলাপ করিয়ে দিয়ে রায় সাহেবদের সবাইকে মহাসমারোহে বসালাম। রাইকে বললাম শ্রীমতীকে দিবানিদ্রা থেকে তুলতে। টিফিন-ক্যারিয়ারে কিছু খাবার আছে কী নেই কে জানে? চৌকিদারকে ডেকে চা করতে বললাম।
রায় সাহেব বললেন, রাঁচি যাচ্ছি। বাংলোটা দেখে ভাবলাম একটু রেস্ট করে যাই। আমার স্ত্রী ও শালি সঙ্গে আছেন। ওঁরা একটু…যাবেন।
নিশ্চয়ই নিশ্চয়ই! বলে আমি রাইকে বললাম, রাই, মাসিমাদের বাথরুমে নিয়ে যাও।
রায় সাহেব ইমপোর্টেড সিগারেটের প্যাকেট বের করে সিগারেট ধরালেন। আমাকেও একটা দিলেন। আমি কৃতার্থ হলাম। কিন্তু ওভারড্রাফট-এর লিমিটটা বাড়লে আরও বেশি কৃতার্থ হতাম।
তারপর বাংলোর সামনে কাজ-করা কুলিকামিনদের দিকে আঙুল তুলে বললে, দিজ পিপল আর ভেরি অনেস্ট অ্যাণ্ড নাইস ইণ্ডিড। আই মিন দিজ জাংগলি লেবারার্স।
তারপরেই বললেন, বাট দে আর রিয়্যালি নেভ।
আমি মাথা নাড়িয়ে বললাম, ইয়েস। রাইট ইউ আর। দে আর রিয়্যালি নেভ।
রাকেশ সিঁড়িতে বসেছিল। হঠাৎ উঠে এসে বলল, কাদের কথা বলছ বাবা?
আমি একটু হেসে বিদগ্ধ কৃতী বাবার মতো মুখ করে ওই কুলিকামিনদের আঙুল দিয়ে দেখিয়ে ইংরেজিতেই বললাম, উই আর টকিং অ্যাবাউট দেম। দে আর নেভ।
রাকেশ তার ক্লাসের সেরা ছাত্র। তার স্কুলও শহরের সেরা স্কুল।
সে অবাক গলায় বলল, নেভ?
রায় সাহেব সিগারেটের ধোঁয়া চেড়ে কৌতুকের স্বরে বললেন, হোয়াই, সান?
রাকেশ বলল, ওরা অনেস্ট কিন্তু নেভ, দুটোই একসঙ্গে কী করে হবে? তারপর কাঁধ ঝাঁকিয়ে আমাকে বলল, আই ডোন্ট নো হোয়াই ইউ কল দেম নেভ।
রায় সাহেব বিরক্ত গলায় বললেন, নেভ বানান জানো?
রাকেশ অপমানিত হল।
আমি, মানে রাকেশের বাবা, নেভ বানান এবং মানে দুটোর একটাও জানতাম না। রায় সাহেব বলেছিলেন বলেই ওঁর কথায় সায় দিয়ে বলেছিলাম! তাই রাকেশের দিকে তাকিয়ে রইলাম, সে বাবার সম্মান রাখতে পারে কি না দেখার জন্য।
রাকেশ কেটে কেটে বলল, Knave। আপনি আর বাবা এই knave-এর কথাই বলছিলেন তো? অন্য নেইভও আছে। তার বানান আলাদা। উচ্চারণও।
এগজাক্টলি! বললেন মি. রায়।
রাকেশ বলল, আমি তো তাই-ই ভাবছি। তাহলে ঠিকই বলেছি। knave-এর মানে তো অন্য। অনেস্ট আর নেভ একই সঙ্গে হতে পারে না।
মি. রায় আমার দিকে চেয়ে বললেন, তাহলে আমিই ভুল বলেছি, কি বলেন মি. চ্যাটার্জি?
আমি বললাম, কী যে বলেন স্যার? আপনি কখনো ভুল বলতে পারেন! আজকালকার ছেলেদের কথা ছেড়ে দিন। সব অসভ্য। অভদ্র।
রাকেশ হঠাৎ আমার দিকে একবার তাকাল। এমন চোখে! যে নবজাত ছেলেকে আমি নার্সিং হোমে উলঙ্গ অবস্থায় দেখেছি! দু-পা একসঙ্গে করে ধরে গামলায় চান করিয়ে নার্স যাকে তুলে ধরে বলেছিলেন, এই যে মকরাবাবু, দ্যাখেন আপনার ছাওয়াল। বাবা হইলেন গিয়া আপনে।
সেই ছেলে এমন ঘৃণা ও হতাশা মেশা অবাক হওয়া চোখে কখনো আমার দিকে তাকায়নি। কখনো তাকাবে বলে ভাবিয়োনি।
একটুক্ষণ তাকিয়ে রইল রাকেশ। তারপর মি. রায়ের দিকে মাথা নীচু করে বলল, আই অ্যাম সরি।
আমি বললাম, সরি শুধু নয় রাকেশ, ইনি কে জানো? কত বড়ো পন্ডিত তা তুমি জানো?
বলেই ভাবলাম, ও কী করে জানবে? স্টুপিড, ইনোসেন্ট, ইডিয়ট। স্কুলের পরীক্ষাই তো পাশ করেছে। জীবনের পরীক্ষায় তো বসতে হয়নি। ও জানবে কী করে? ব্যাংকের লিমিট না বাড়লে যে ব্যাবসা বাড়ে না, গাড়ি চড়া যায় না, আরও ভালো থাকা যায় না, ভালো স্কুলে পড়ানো যায় না ছেলে-মেয়েকে; তা ও কী করে জানবে। গাধা!
আমি বললাম, স্বীকার করো ওঁর কাছে যে তুমি অন্যায় করেছ। বলো যে, তুমি ভুল বলেছ। ক্ষমা চাও, তর্ক করেছ বলে।
আমি…
বলেই, রাকেশ আমার দিকে চেয়ে রইল।
ইতিমধ্যে রায় সাহেবের স্ত্রী ও শালি বারান্দায় চলে এলেন।
আমি আবহাওয়া লঘু করে বললাম, বসুন বসুন, এক্ষুনি চা আসছে।
ওঁরা বসতে যাচ্ছিলেন, কিন্তু রায় সাহেব রুক্ষ গলাতেই বললেন, চায়ের ঝামেলার দরকার নেই, রাস্তায় অনেক পাঞ্জাবি ধাবা আছে। সেখানেই খেয়ে নেব।
বলেই অত্যন্ত অভদ্রভাবে বললেন, চলি মি. চ্যাটার্জি।
শ্রীমতীও ঘর থেকে বাইরে এসেছিল। ওর সঙ্গে মহিলারা ভালোই ব্যবহার করেছিলেন। তাই মি. রায়ের এইরকম হঠাৎ চলে যাওয়ার কারণ ও বুঝতে পারল না।
সিঁড়ি দিয়ে নেমে আমি গিয়ে মি. রায়ের গাড়ির দরজা খুলে দিলাম। মি. রায় সামনের সিটে উঠতে উঠতে বললেন, আপনার ছেলেটি ভালো। কিন্তু ওকে ভালো করে ম্যানারস শেখান। এখনই যদি সবকিছু জেনে ফেলে তবে পরে কী জানবে আর?
আমি হাতজোড় করে বললাম, ওর হয়ে আমি ক্ষমা চাইছি। অপরাধ নেবেন না।
মি. রায় সিগারেটটা ছুড়ে ফেলে দিয়ে বললেন, অপরাধের কী আছে!
তারপর একটু থেমে, আমার চোখের দিকে চেয়ে বললেন, অপরাধ ক্ষমা করাই তো আমাদের কাজ।
গাড়িটা চলে গেল।
আমি ডাকলাম, রাকেশ। রাকেশ।
আমার ম্যাক চ্যাটার্জির মধ্যে থেকে মুন্ডিতলা বাই-লেনের মকরা বেরিয়ে এল বহুদিন পর। আমি হুংকার দিলাম, কোথায় তুই ছোকরা! তোর পিঠের চামড়া তুলব আজ।
রাকেশ যেন মাটি ফুঁড়ে উঠল। একটুও উত্তেজনা নেই। শান্ত ধীর পদক্ষেপে আমার দিকে এগিয়ে এল। আমার চোখে চোখ রাখল।
ওকে দেখে আমার মনে হল, এ আমার ছেলে নয়। এ আমার শত্রু। আমার ধ্বংসকারী। বিষবৃক্ষ।
আমি বললাম, তুমি ভেবেছটা কী?
রেগে গেলে ছেলে-মেয়েদের আমি তুমি করে বলি!
রাকেশ শান্ত গলায় বলল, কী বাবা?
আবার কী বাবা? বলে চটাস করে এক চড় মারলাম ওকে।
বললাম, বাবার মুখে কথা বলা, তুমি বাবার চেয়েও বেশি জানো? তুমি জানো মি. রায় কত বড়ো অফিসার? আমাদের ব্যাবসার ভাগ্যবিধাতা উনি। আর তুমি তাঁর চেয়েও বেশি জানো? বড়োদের মুখের উপর কথা! মুখে মুখে কথা।
শ্রীমতী দৌড়ে এল।
আমি বললাম, তুমি