Home
বাবা

বাবা

সুনীল গঙ্গোপাধ্যায়

বাইরের ঘরের জানলা দিয়ে সকালবেলা বেশ সুন্দর রোদ্দুর আসে। ওটাই বসবার ঘর, আর ওটাই ছেলেমেয়েদের পড়বার ঘর। সকালবেলা হঠাৎ কোনও অতিথি এসে গেলে মুশকিল হয়, ছেলেমেয়েদের পড়াশুনোর মাঝখানেই অতিথিকে বসিয়ে কথা বলতে হয়। নিতু, সিতু, মান্তুরা এই জন্য রাগ করে।


শীতকালে ওই সিল্কের চাদরের মতন রোদটা উপভোগ করবার জন্য জয়দেব নিজেই এসে বসেন ওই জানলার ধারে, খবরের কাগজ নিয়ে অনেকটা সময় কাটান। এটাও নিতু, সিতু, মান্তুদের পছন্দ নয়। মান্তু প্রায়ই বলে, বাবা, তুমি ভেতরে যাও না। তুমি থাকলে আমাদের পড়াশুনোর অসুবিধে হয়।


আজকাল ছেলেমেয়েরা বাবাকে একটুও ভয় পায় না। জয়দেবদের ছেলেবেলায় কাছাকাছি বাবার চটি জুতোর শব্দ শুনলেই ভয়ে বুক কাঁপত। বাবা ও জ্যাঠামশাই মাঝে-মাঝেই হুংকার দিতেন, এই ছেলেমেয়েরা, মুখ বুজে আছিস কেন, কী হচ্ছে ওখানে, চেঁচিয়ে-চেঁচিয়ে পড়! এখন নিতু, সিতু, মান্তুদের ওসব বালাই নেই। চেঁচিয়ে পড়ার কথা বললে ওরা হাসে। ওদের পড়াশুনোর ব্যাপারে বেশি নাক গলাতে গেলে চটে যায়। মান্তু একদিন বলেছিল, বাবা, তুমি তো সায়েন্স পড়েছিলে, তুমি ইকনমিকসের কী জানো? আমি কতটা পড়ছি, না পড়ছি তা তুমি কী করে বুঝবে?



অবশ্য ছেলেমেয়ে তিনটিই পড়াশুনোয় বেশ ভালো। প্রাইভেট টিউটর রাখতে হয় না। টপাটপ পাশ করে যায় শুধু না, ভালো রেজাল্ট করে। মান্তু স্কলারশিপ পেয়েছে।


তবু শীতকালের এই আরামটকু ছাড়তে রাজি নন জয়দেব। একতলার ফ্ল্যাটে আর কোনও ঘরে এরকম আলো হাওয়া ঢোকে না। জানলার ধারে একটা চেয়ার টেনে নিয়ে বসে তিনি বলেন, তোরা পড়াশুনো কর বা গল্প কর, যা খুশি কর, আমি কিছু শুনছিনা, আমি কাগজ পড়ছি!


বড় ছেলে সদ্য বদলি হয়েছে জামশেদপুরে, সেখানে সে একা থাকে। তার বউ ছেলেমেয়ে এখানে। দুটি যমজ নাতি মাঝে-মাঝে তাঁর ঘাড়ে চড়ে উপদ্রব করতে আসে। ওদের সঙ্গে খুনসুটি করতে-করতে, হাসতে-হাসতে জয়দেবের খেয়াল থাকে না, তখন মান্তু ধমক দিয়ে বলে, আঃ। বাবা, তোমার জন্য আমরা পড়তে পারছি না। কেউ কখনও শুনেছে, বাবার জন্য ছেলেমেয়েদের পড়াশুনোর ক্ষতি হয়?


মান্তুর স্বভাবটা প্রায় তার মায়ের মতন, সব কথার মধ্যেই ধমকের সুর। শুনতে জয়দেবের খারাপ লাগে না, অনেক দিনের অভ্যেস তো!



সাড়ে নটার সময় মান্তুরা একে-একে স্নান করতে যায়। দুপুরবেলা এই ঘরটা ফাঁকা। তখন


অবশ্য রোদ পোহাবার দরকার থাকে না। কলকাতার শীতে দুপুরের রোদ আরামদায়ক নয়। তবু দুপুরবেলা জয়দেব এই ঘরেই অনেকটা সময় কাটান। রিটায়ার করার পর থেকে তাঁর খুব বই পড়ার ঝোঁক হয়েছে। অন্য কোনও বই না পেলে তিনি এক-একদিন ছেলেমেয়েদের বই ঘেঁটে দেখেন পড়ার মতন কিছু আছে কি না।


সদর দরজাটা খোলা, তবু কলিংবেল বাজল। এই জানলা দিয়েই পুরো রাস্তাটা দেখা যায়। জয়দেব মুখ বাড়িয়ে দেখলেন, সদ্য পাট-ভাঙা ধুতি ও পাঞ্জাবি পরা একজন সুদর্শন যুবক দাঁড়িয়ে আছে দরজার কাছে। একে আগে কখনও দেখেননি জয়দেব।


তিনি জানলা দিয়ে জিগ্যেস করলেন, এই যে ভাই, এদিকে আসুন। বলুন কাকে খুঁজছেন?


যুবকটি সরে এসে বলল, উজ্জয়িনী আছে?


মান্তুর ভলো নাম উজ্জয়িনী। জয়দেব টেবিলের ওপর টাইমপিসটা দেখলেন। মান্তু স্নান করে খেয়ে বেরিয়ে গেছে কি না তিনি খেয়াল করেননি, তবে এখনও সাড়ে দশটা বাজেনি।



একবার বাইরের দু-তিনটি ছেলেমেয়ে এরকম মান্তুর খোঁজ করতে এসেছিল, জয়দেব দরজার সামনে থেকেই মান্তু, বলে চেঁচিয়ে ডেকেছিলেন বলে মান্তু খুব রাগ করেছিল। বাইরের লোকের সামনে তার ডাকনাম ধরে ডাকা ঠিক হয়নি। তা ছাড়া, ওরকম চেঁচিয়ে ডাকাও নাকি। আজকালকার প্রথাবিরুদ্ধ। কিন্তু মান্তুকে তো তিনি কোনওদিন উজ্জয়িনী বলে ডাকেননি, জিভে কেমন যেন আটকে যায়। মান্তু বলেছিল, যদি আমাকে কখনও উজ্জয়িনী বলে না-ই ডাকবে, তা হলে ওই নামটা রেখেছিলে কেন? শুধু মান্তু নাম রাখলেই পারতে! বাবা-মায়ের দেওয়া নাম বুঝি শুধু অন্যদের জন্য?


জয়দেব যুবকটিকে বললেন, আপনি ভেতরে এসে বসুন, আমি দেখছি।


যুবকটি বললেন, না, না। আমি বসব না, শুধু একটা কথা বলে চলে যাব।


জয়দেব ভেতরে চলে গেলেন। এখনও বেরিয়ে যায়নি মান্তু, খেতে বসেছে।


জয়দেব তার পাশে গিয়ে মুচকি হেসে বললেন, এই যে উজ্জয়িনী দেবী, খুব সুন্দর দেখতে তোমার এক বন্ধু তোমাকে ডাকছেন!


মান্তু এবং তার মা একই সঙ্গে বলে উঠল, কে?



জয়দেব বললেন, নাম তো জানি না। আগে কখনও দেখিনি।


মান্তু ভুরু কুঁচকে দু-এক মুহূর্ত চিন্তা করল। তারপর এঁটো হাতেই সে ছুটে গেল দরজার কাছে। তার পরেই এক অদ্ভুত বিস্ময়ে চিৎকার করে বলল, ওমা, আপনি? আসুন, আসুন, বসবেন। আসুন! না, না, একটু বসতেই হবে। এক মিনিট, প্লিজ, আমি হাতটা ধুয়ে আসছি।


বাকি ভাত-টাত আর খেলেই না মান্তু, ফিরে এসে হাত-মুখ ধুতে-ধুতে বলল, মা, একটু চা হবে?


মেয়ের বন্ধুর সঙ্গে কথা বলার সময় বাবার উপস্থিত থাকার কোনও প্রশ্নই ওঠে না। জয়দেব শুধু একবার বসবার ঘরে ফিরে এলেন খবরের কাগজটা নেওয়ার জন্য। কুণ্ঠিতভাবে তিনি। আগন্তুকটির দিকে একটু হাসি দিয়ে কাগজটি তুলে নিয়ে ভেতরে চলে গেলেন তাড়াতাড়ি।


একটা ব্যাপারে তাঁর মজা লাগল। যে মান্তু বাড়ির লোকজনদের সঙ্গে সবসময় বকে-বকে কথা বলে, এখন তার গলা দিয়ে কী মিষ্টি সুর বেরুচ্ছে। ছেলেটিকে দেখে মান্তুর মুখেও খুব গদগদ ভাব।



হিমানী জিগ্যেস করলেন, কে এসেছে? মান্তুর ইউনিভার্সিটি যেতে দেরি হয়ে যাচ্ছে না?


জয়দেব দুদিকে মাথা নেড়ে বললেন, আমি তোনাম জানি না। তুমি গিয়ে নাম জিগ্যেস করে এসো, কিংবা মাকে বলল যে ওর দেরি হয়ে যাচ্ছে!


হিমানী একটা রাগের মুখভঙ্গি করলেন। হিমানীরও বাইরের লোকের সামনে মাকে এরকম কথা বলার সাহস নেই!


বাবা কিংবা মা কেউই মান্তুকে শাসন করতে পারে না। ইউনিভার্সিটিতে ওঠার পর থেকে মান্তু যখন খুশি বাড়ি থেকে বেরুতে পারে। এক একদিন রাত সাড়ে-আটটা, ন-টার সময় বাড়িতে ফেরে, মাঝখানে একবার কয়েকজন বন্ধুর সঙ্গে শান্তিনিকেতন ঘুরে এল দুদিনের জন্য, সেই বন্ধুদের দলে দু-একটি ছেলেও ছিল। কিন্তু মান্তুর মুখে এমন একটা সারল্যের তেজ আছে যে তাকে বকুনি দেওয়ার উপায় নেই। মান্তুর পক্ষে কোনও অন্যায় কাজ করা যেন সম্ভবই নয়। শান্তিনিকেতনে গিয়ে ওরা থাকার জায়গা পায়নি। পাঁচজন ছেলেমেয়ে মিলে বোলপুরের এক হোটেলে একটা ঘরে রাত কাটিয়েছে। মান্তু নিজেই এই গল্প শুনিয়েছে মজা করে, যেন এ কাহিনি শুনে বাবা মায়ের মনে করার মতন কোনও ব্যাপারই থাকতে পারে না।



আজকের ছেলেটিকে জয়দেবের বেশ পছন্দ হয়েছে। আজকাল ধুতি-পাঞ্জাবি পরা ইয়াংম্যান তো দেখাই যায় না। শুধু সেজন্য নয়, ওর মুখে বেশ একটা ব্যক্তিত্বের ছাপ আছে, দেখলেই বোঝা। যায় ভালো পড়াশুনো জানে। জোর করে ধরে বেঁধে, কিংবা নিজেরা সম্বন্ধ করে মান্তুর যে বিয়ে দেওয়া যাবে না, তা জয়দেব আর হিমানী দুজনেই জানেন। সে চেষ্টাও তাঁরা করবেন না। কী একটা প্রসঙ্গে মান্তু একদিন হিমানীকে বলেছিল, আমার যেদিন ইচ্ছে হবে সেদিন যাকে খুশি। বিয়ে করব, তোমরা তার আগে একটি কথাও উচ্চারণ করতে পারবে না।


তবু হিমানী মেয়ের বিয়ের চিন্তা করেন। রাত্তিরে শুয়ে-শুয়ে জয়দেবকে বকুনি দেন। জয়দেবকে তখন বলতে হয়, মান্তু যাকে পছন্দ করবে, সে কক্ষনো খারাপ হতে পারে না।


আজকের এই যুবকটিই যদি মান্তুর সেই পছন্দের পাত্র হয়, তা হলে দুজনকে সুন্দর মানাবে!


সন্ধেবেলা জয়দেব জিগ্যেস করলেন, আজ যে ছেলেটি এসেছিল ওর নাম কী রে?


মান্তু ভুরু তুলে বললেন, ছেলেটি? কোন ছেলেটি? অরুণাভ রায়? বাবা, তুমি কী আশ্চর্য, অত বড় একজন লোক, তাকে তুমি ছেলে বলছ? তোমার চোখে কি সবাই বাচ্চা? তুমি এমন কিছু বুড়ো হওনি!



জয়দেব হাসতে-হাসতে বললেন, তোর বন্ধু তো, সেই জন্যই ছেলে বললুম। রাস্তায় ঘাটে এমনি দেখলে ভদ্রলোক বলতুম!


মান্তু একইরকম বিস্ময়ের সঙ্গে বললেন, আমার বন্ধু? তুমি পাগল হয়েছ? উনি অরুনাভ রায়, কত বড় নামকরা লোক, উনি যে নিজে আমাদের বাড়িতে আসবেন, আমি প্রথমে চোখে দেখেই বিশ্বাস করতে পারিনি। আমার সঙ্গে একদিন মাত্র আলাপ হয়েছিল।


—খুব নামকরা লোক? সিনেমা করেন বুঝি?


—বাবা, তোমাকে নিয়ে আর পারা যায় না! সিনেমার লোকের সঙ্গে আমি আলাপ করতে যাব কেন, তারাই বা কেন আমাদের বাড়িতে আসবে? অরুণাভ রায় খুব বড় একজন কবি, যৌবন পত্রিকার সম্পাদক, তোমরা তো কিছু পড়োনা, তাই নাম জানো না! ওঁকে নিয়ে আমাদের এই গলি থেকে বেরুতেই একটি ছেলে ওঁর কাছে অটোগ্রাফ চাইল!


জয়দেব সত্যিই অরুণাভ রায়ের নাম শোনেননি। যৌবন পত্রিকাও চোখে দেখেননি।


তিনি এবারে মেয়েকে একটু ধমক দিয়ে বললেন, তা ওরকম একজন নামকরা লোক বাড়িতে এসেছিলেন, আমার সঙ্গে আলাপ করিয়ে দিলি না কেন?



—তোমার সঙ্গে আলাপ করিয়ে দিলে তুমি কী কথা বলতে? তুমি তো ওর একটা লেখাও পড়নি? তুমি ওর নাম শুনে চিনতে পারবে না, উলটো-পালটা কীসব বলে ফেলতে…


হিমানী শ্লেষের সঙ্গে বললেন, কবিদের সঙ্গে কথা বলতে গেলে সবসময় বুঝি কবিতার কথা বলতে হয়, অন্য কোনও বিষয় নিয়ে ওঁরা কথা বলেন না!


জয়দেব বললেন, আমি ঠিক কথা বলতে পারতুম! জানিস, একসময় আমিও কবিতা লিখতুম?


—বাবা? তুমি? কবিতা লিখতে?


মান্তু এবারে হেসে সারা শরীর দোলাতে লাগল। যেন এরকম মজার কথা সে সারা জীবনে শোনেনি। বাবা শ্রেণির লোকেরা কবিতা লিখবে, এরকম অবিশ্বাস্য ব্যাপার যেন হয় না। তার ধারণা, কবিরা চিরযৌবনের প্রতীক, তারা কখনও বাবা বা জ্যাঠামশাই হয় না।


—তুমি সারা জীবন রেলের চাকরি করে এলে, তুমি কবিতা…



–রেলে চাকরি করলে বুঝি কবিতা লেখা যায় না? তোর মাকে জিগ্যেস করে দ্যাখ!


হিমানী এই সময় ব্যস্ততার ভান দেখিয়ে বললেন, যাঃ, যত সব পাগলের কাণ্ড!


বিয়ের পর চাকরি জীবনে প্রথম ট্রান্সফার হয়ে আদ্রা জংশনে থাকার সময় জয়দেব মেঘদূতের যক্ষের স্টাইলে হিমানীকে লম্বা-লম্বা কবিতায় চিঠি লিখতেন। সে চিঠিগুলো হিমানী নষ্ট করেননি। কয়েকদিন আগেও বড় ট্রাঙ্কটা গোছাবার সময় সেই পত্রকাব্য বেরিয়ে পড়েছিল। জয়দেব সেগুলি পড়ছিলেন আর হিমানী বারবার তাড়া দিয়ে বলেছিলেন, এই, কী করছ কী, ওগুলো ভেতরে রেখে দাও, ছেলেমেয়েরা দেখে ফেলবে!


পরদিন দুপুরে, যদিও বসবার ঘরে কেউ নেই, তবু অনেকটা চোরের ভঙ্গিতে জয়দেব মান্তুর খাতাপত্র ঘাঁটতে লাগলেন। হ্যাঁ, তিনি ঠিকই আন্দাজ করেছিলেন, মান্তু কবিতা লেখে, তার দু খানা খাতা ভরতি শুধু কবিতা। পাতা উলটে-উলটে সেগুলো তিনি পড়লেন অনেকক্ষণ ধরে, কিন্তু কিছুই প্রায় বুঝতে পারলেন না। এসব আধুনিক কবিতা, ছন্দ নেই, মিল নেই, মাথামুণ্ডু কিছুই। নেই মনে হয়, কারা এসব পড়ে কে জানে! তবু পড়তে পড়তে জয়দেব গভীর বিস্ময় বোধ করতে লাগলেন। এইসব অদ্ভুত, জটিল সব বিষয়, চিন্তা, শব্দ মান্তুরই তো মাথা থেকে বেরিয়েছে। যতই বড়-বড় ভাব করুক, মান্তু তো এখনও ছেলেমানুষই, ভূতের গল্প শুনলে বা পড়লে রাত্তিরবেলা। একা একা বাথরুমে যেতে ভয় পায়, পরীক্ষার রেজাল্ট বেরুবার আগের দিন এখনও কেঁদে কেঁদে চোখ ফোলায়, পাগলের মতন আচার খেতে ভালোবাসে, সেই মান্তুর একটা আলাদা চিন্তার জগৎ আছে, যা বাবা হয়েও জয়দেব কিছুই জানেন না।



কখন লেখে মান্তু এসব কবিতা? এক একদিন মান্তু অনেক রাত জেগে পড়ে, সেই পড়াশুনো করার নামেই সে এসব লিখে-লিখে পাতা ভরায়। মান্তুর কবিতা কি ছাপা হয়েছে কোথাও? নইলে আধুনিক কবি অরুণাভ রায় দেখা করতে এল কেন মান্তুর সঙ্গে?


মান্তুক

**********
No Review
Related Books
Loading books…