
ফিরে আসে – মনোজ সেন
মনোজ সেন
আমাদের মধ্যে একমাত্র ইতিহাসের অধ্যাপক মুকুল গাঙ্গুলী, আমাদের সঙ্গে একমত হতে রাজি ছিল না। তার বক্তব্য ছিল যে, যেকোনো কুসংস্কার পত্রপাঠ জানলা দিয়ে বাইরে ছুড়ে ফেলবার আগে তার উদ্ভব কী করে বা কোথা থেকে হল, সেটা জেনে নেওয়া দরকার। অনেক সময়ই দেখা গেছে যে, কোনো কোনো কুসংস্কারের সৃষ্টি হয়েছে কোনো অদ্ভুত বা অবিশ্বাস্য সত্য ঘটনা থেকে; যেটা আমাদের বর্তমান বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় না। আর এটাও মনে রাখা দরকার যে আজ থেকে হাজার বছর আগে সেই সময়ের বিজ্ঞান দিয়ে যা ব্যাখ্যা করা যেত না, বিজ্ঞানের উন্নতির ফলে তার অনেক কিছুই আজ সত্যি বলে মানা হচ্ছে। আসলে, মানা বা না মানা ব্যক্তিগত ব্যাপার। তবে, সব কুসংস্কারই যে অর্থহীন নির্বুদ্ধিতা সেটা ঠিক নয়।
এককালের বিপ্লবী, দেশ স্বাধীন হবার পরে আইনসভার বহুবারের সদস্য এবং আপাতত অবসর জীবনযাপনরত চিত্তপ্রসাদ রায় একটা বেতের চেয়ারে বসে আমাদের তর্ক শুনছিলেন। তার সমবয়সি দাবা খেলার প্রতিপক্ষরা কেউই সেদিন বৃষ্টির জন্য ক্লাবে আসতে পারেননি। তাই তখনকার মতো আমাদের আলোচনা শোনা ছাড়া তাঁর করবার আর কিছু ছিল না।
মুকুল হঠাৎ তাঁর দিকে ফিরে প্রশ্ন করল, ‘রায়মশাই, এ ব্যাপারে আপনার মতামত কী?’
রায়মশাই বললেন, ‘এ ব্যাপারে আপনার সঙ্গে আমি মোটামুটি একমত। যেমন ধরুন, অশ্লেষা, মঘা, ত্র্যহস্পর্শ ইত্যাদি যোগে ভ্ৰমণ এককালে নিষিদ্ধ ছিল। এটাকে আমরা কুসংস্কার বলি। একটু যদি ভেবে দেখেন তো দেখবেন এই কুসংস্কারটা চালু করবার পেছনে একটা অতি মহৎ উদ্দেশ্য ছিল।’
মুকুলসহ আমরা সবাই স্তম্ভিত। সব সমস্বরে প্রশ্ন করলুম, ‘কী অতি মহৎ উদ্দেশ্য?’
‘অতি মহৎ উদ্দেশ্যটা হল, যাঁদের কোনো অত্যন্ত জরুরি কাজে কোথাও যাবার থাকে, তাঁরা যেন সেদিন একটু আরামসে ট্রেনে যেতে পারেন। যেমন ধরুন, আমি আর আমার দুই কাকা কোথাও যদি যেতেই হত, তখন পাঁজি দেখে যত অযাত্রার দিনে আমরা রওনা দিতুম। সেদিন ট্রেন থাকত ফাঁকা, দিব্যি হাত-পা ছড়িয়ে যাওয়া যেত। আজ অবশ্য সে সুখের দিন আর নেই।’
আমরা হাসতে হাসতে বললুম, ‘না, রায়মশাই, ঠাট্টা নয়। শনি-মঙ্গলে বেগুন খাবে না, পুব বা দক্ষিণ দিকে পা করে শোবে না, জন্মবারে চুল কাটবে না— এইসব সংস্কারগুলো কি অর্থহীন নির্বুদ্ধিতা নয়? এগুলোর পেছনে কি সত্যিই কোনো মহৎ উদ্দেশ্য ছিল বা আছে?’
‘আলু বেগুন বা চুলকাটা এগুলো তো অতি সামান্য ব্যাপার। এগুলো নিয়ে আলোচনা করা নিতান্তই সময় নষ্ট। এসবের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ কুসংস্কার আছে যা নিয়ে অনেক দিন থেকে অনেক আলোচনা, গবেষণা হয়েছে এবং হচ্ছে। কিন্তু আজও সেগুলো কুসংস্কার না কুসংস্কার নয়- সেই প্রশ্নের সমাধান হয়নি।’
আমাদের নিরঞ্জন প্রশ্ন করল, ‘যথা? একটা উদাহরণ দিন।’
‘উদাহরণ? আপনারা তো গল্প শুনতে ভালোবাসেন। তাহলে, আমি আমার জীবনের একটা ভয়াবহ অভিজ্ঞতার কথা বলি। আপনারা যদি সেটা গাঁজাখুরি গল্প বলেন, স্বচ্ছন্দে বলতে পারে আমি কোনোরকম আপত্তি করব না।’
আমরা সবাই আবার সমস্বরে বললুম, ‘শুরু করে দিন, স্যার। আর দেরি করবেন না।’
সেদিন, রায়মশাই যে কাহিনিটি আমাদের শুনিয়েছিলেন সেটা এইরকম।
বর্ধমান জেলায়, বীরভূম জেলার সীমান্তের কাছাকাছি, পলাশপাড়া নামে একটা গ্রাম আছে। আজকে তার অবস্থা বেশ ভালো, যদিও বছর পঞ্চাশ আগেও এটা একটা নিতান্তই দরিদ্র চাষিদের বাসস্থান ছিল। এই গ্রামটিকে আগাপাস্তলা ঘিরে রেখেছে এক বিশাল আর গভীর জঙ্গল, যার স্থানীয় নাম পাঁচভরির জঙ্গল। এহেন বিচিত্র নামের কারণ কী তা স্থানীয়দের কেউ জানে না। আর জানবেই বা কী করে? যাদের ডাইনে আনতে বাঁয়ে কুলোয় না, তাদের দায় পড়েছে তাদের গ্রামের ইতিহাস বা ভূগোল নিয়ে মাথা ঘামাতে।
সেই দায় নিজের ঘাড়ে তুলে নিয়েছিলেন বর্ধমান জেলার একজন প্রাক্তন জেলাশাসক শ্রীঅর্ধেন্দুবিকাশ সোম। সোমসাহেবের নানা বিষয়ে কৌতূহল তো ছিলই, আর ছিল প্রচুর পড়াশুনো। যেখানেই বদলি হয়ে যেতেন সেখানেই প্রশাসনিক কাজের ফাঁকে ফাঁকে সেই জেলার হারানো ইতিহাস, সেখানকার গাছ পালা, জন্তুজানোয়ার, উৎসব এবং সর্বোপরি সেখানকার বাসিন্দাদের জীবনযাপন সম্পর্কে যতটা সম্ভব তথ্য জোগাড় করতেন। সেসব নিয়ে অনেক বইও লিখেছেন ছদ্মনামে। সেই বইগুলি যথেষ্ট প্রশংসিতও হয়েছে।
বর্ধমান জেলায় আসবার পর এই জেলার ইতিহাসের ওপরে বই ঘাঁটতে ঘাঁটতে সোমসাহেব পাঁচভরির জঙ্গলের খোঁজ পান। সেইসঙ্গে জানতে পারেন যে ওই জঙ্গলের ভেতরে একটা বিশাল প্রাসাদের ধ্বংসাবশেষ আছে, যার ইতিহাস লোকশ্রুতি অনুযায়ী অদ্ভুত আর করুণ। কিন্তু, তার আসল ইতিহাসটা যে কী, সেটা কোথাও বিস্তারিতভাবে লেখা নেই।
একটা কথা বোঝা গেছে যে পাঁচভরির জঙ্গলের ভেতরে যে প্রাসাদটা আছে, তার ইতিহাসের লেখকরা কেউ সেটা নিজের চোখে দেখেননি। পশালপাড়া গ্রামের কোনো কোনো বাসিন্দার বলা বিবরণ থেকে একটা মোটামুটি বিশ্বাসযোগ্য রচনা দাঁড় করানো হয়েছে। এই বাসিন্দারা প্রায় সকলেই বোলপুর, ভেদিয়া বা গুসকরায় ছোটো-বড়ো কাজের সন্ধানে আসে বা কাজ করে। তাদের বলা যত গল্প তার বেশিরভাগই স্পষ্টতই কাল্পনিক বা বংশানুক্রমে শুনে আসা লোকস্মৃতি।
যেমন, পলাশপাড়ার একজন মহিলা, যিনি ভেদিয়া স্কুলের ক্লাস ফোর স্টাফ, বলেন যে প্রাসাদটি না কি রাজা হরিশচন্দ্র বানিয়েছিলেন হাজার হাজার বছর আগে। হাজার হাজার বছরটা বাদ দেওয়া যেতে পারে। আর একজন, গুসকরায় একটি হোটেলের কর্মচারীর মতে, প্রাসাদটি হরিশচন্দ্র রায় নামক একজন জমিদার বানিয়েছিলেন সাতশো বছর আগে। হরিশচন্দ্র রায় কিন্তু স্থানীয় লোক ছিলেন না। তিনি যে কোথা থেকে এসেছিলেন আর তাঁর পরিবারই বা এখন কোথায় তা কেউ জানে না। হরিশচন্দ্র মিলে গেল, সাতশো বছরটাও খুব একটা অসম্ভব ব্যাপার কিছু নয়। অতএব, সাতশোটা কমিয়ে পাঁচশো করে প্রাসাদ তৈরির ইতিহাস দাঁড়াল, পাঁচশো বছর আগে হরিশচন্দ্র রায় নামক এক ব্যক্তি কোনো অজ্ঞাত জায়গা থেকে এসে পাঁচভরির জঙ্গলের ভেতরে একটা বিশাল প্রাসাদ বানিয়েছিলেন।
কেন? তার দুটো কারণ থাকতে পারে। প্রথম কারণ, হরিশচন্দ্র রায় বদ্ধ উন্মাদ ছিলেন। তা না হলে খামোখা একগাদা পয়সা খরচ করে ঘন জঙ্গলের ভেতরে এমন প্রকাণ্ড প্রাসাদ কেউ বানায়? অথবা, দ্বিতীয় কারণ, পাঁচশো বছর আগে এই জঙ্গলটা ছিলই না। একটা জনবসতি নিশ্চয়ই ছিল বা রায়পরিবার বাইরে থেকে রায়তদের নিয়ে এসে পলাশপাড়া গ্রামের পত্তন করেছিলেন। রায় পরিবার এখান থেকে চলে গেলে শূন্য প্রাসাদটা জঙ্গলে ঘিরে ফেলল। ফলে, কয়েকশো বছরে প্রাসাদটা স্থানীয় লোকেদের স্মৃতি থেকে হারিয়ে গেল।
দ্বিতীয় কারণটা বিশ্বাসযোগ্যা হলো- সোমসাহেব কিন্তু পুরোপুরি সন্তুষ্ট হতে পারলেন না। এই সহজ সরল থিওরিটা মেনে নিলে, প্রাসাদটা সম্পর্কে যে অদ্ভুত আর করুণ ইতিহাস পলাশপাড়া গ্রামের লোকেরা বলে থাকেন আর প্রাসাদ আর তার সংলগ্ন জায়গাটা অভিশপ্ত বলে তার ধারে-কাছেও যান না— এই সমস্ত ব্যাপারটাই গেঁও লোকের বাজে কুসংস্কার বলে উড়িয়ে দিতে হয়। এটা অর্ধেন্দুবাবুর কিছুতেই মনঃপুত হল না। যে প্রশ্নটার কোনো উত্তর পাওয়া গেল না, তা হল, রায়পরিবার আর পালাশপাড়ার বাসিন্দারা কোথায় গেলেন এবং কেনই-বা গেলেন।
এর পরে তো আর ঘরে বসে থাকা যায় না। অতএব, যত তাড়াতাড়ি সম্ভব, পলাশপাড়ায় একটা টুরের ব্যবস্থা করে ফেললেন সোমসাহেব।
এই পর্যন্ত বলে, চিত্তপ্রসাদ রায় একটু থামলেন। বললেন, ‘এইখানে শ্রীঅর্ধেন্দু সোপ সম্পর্কে কিছু বলে রাখা ভালো।
‘১৯৪৭ সালে প্রায় কপর্দকশূন্য অবস্থায় সেই সময়কার পূর্ব পাকিস্তান থেকে শিয়ালদা স্টেশনে এসে পৌঁছেছিল সোন পরিবার। অর্ধেন্দুবাবুর বয়েস তখন তেরো। সোম পরিবার আশ্রয় পেয়েছিল স্কুল অফ ট্রপিকাল মেডিসিনের উলটোদিকে সেন্ট্রাল অ্যাভেনিউ থেকে বের হওয়া একটা গলির ভেতরে একটি অতি প্রাচীন দোতলা বাড়িতে।
‘একটা ছোটো প্রায়ান্ধকার ঘরে অর্ধেন্দুবাবু, তাঁর বাবা পূর্ণেন্দু মা রমা আর ছোটোবোন ভগবতী ওরফে পারুলের স্থান হয়েছিল। সেই সময়ে সেটাই আশাতীত প্রাপ্তি ছিল। বাড়ির মালিক ছিলেন অর্ধেন্দুবাবুর এক দূরসম্পর্কের জ্যাঠামশাই রাধানাথ সরকার, রেলের অবসরপ্রাপ্ত টিকিট-চেকার। রাধানাথবাবু একজন অত্যন্ত সজ্জন মানুষ, পূর্ণেন্দুবাবুর টেলিগ্রাম পেয়ে খুব খুশি হয়ে তাঁকে শিয়ালদায় নেমেই পত্রপাঠ তাঁর কাছে চলে আসতে বলেছিলেন। তিনি অকৃতদার ছিলেন, একা থাকতেন। পূর্ণেন্দুবাবুকে আশ্রয় দিয়ে তাঁর আনন্দিত হবারই কথা।
‘পূর্ব পাকিস্তানে মুন্সিগঞ্জ গভর্নমেন্ট হাইস্কুলের ছাত্র অর্ধেন্দুর পড়াশুনোর ফলাফলের বিবরণ শুনে রাধানাথ চমৎকৃত হয়েছিলেন। তিনি নিজে পরীক্ষা করে দেখলেন সেই বিবরণ সঠিক। তখন তিনি নাতিকে সঙ্গে করে নিয়ে গিয়ে হেয়ার স্কুলে ভরতি করে দেন । কোনো সার্টিফিকেট তো ছিল না। কাজেই রাধানাথের মুখের কথা অবিশ্বাস না করলেও স্কুল কর্তৃপক্ষ সকলের সন্তুষ্টির জন্য একটা পরীক্ষা নিয়েছিলেন। তার কি ফল হয়েছিল সেটা বলাই বাহুল্য।
‘সেই যে যাত্রা শুরু হয়েছিল, প্রেসিডেন্সি কলেজ হয়ে তার শেষ হল প্রশাসনিক পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হয়ে। তখন অর্ধেন্দুর বয়েস ছিল বাইশ। এদিকে, পূর্ণেন্দুবাবু অনেক হাঁটাহাঁটির পর কলকাতা বন্দরে একটা কেরানির কাজ পেয়েছিলেন। পদোন্নতি হয়ে ১৯৬৩ সালে বড়োবাবু হয়ে যখন চাকরির মেয়াদ শেষ হবার বছর তিনেক আগেই অবসর মিলেন তখন তার বয়েস সাতান্ন।
‘শিয়ালদা স্টেশনে নামার দিন থেকে এই খোলো বছরে অবশ্যই আরও কিছু ঘটনা ঘটে গিয়েছে। অর্ধেন্দু প্রশাসনিক পরীক্ষা পাশ করবার পর থেকেই নানা জায়গা থেকে তার বিয়ের প্রস্তাব আসতে থাকে। পারুলও বছর তিনেক বাদে এম.এ ক্লাসে ভরতি হবার পর তার জন্যেও একটা-দুটো প্রস্তাব আসতে থাকে।
‘পূর্ণেন্দুবাবু কিন্তু এদের কোনোটা নিয়ে এগোতে পারেননি কারণ, তাঁর একতলার ছোটোঘরটায় এই সব প্রস্তাব নিয়ে কারোর সঙ্গে আলোচনা করতে তিনি সংকোচ বোধ করতেন। কাজেই, ১৯৫৯ সালে মির্জাপুর স্ট্রিটের ওপরে খুব বেশি পুরোনো নয় এইরকম একটি ছোটোখাটো বাড়ির দোতলার ওপরে বারোশো স্কোয়ার ফুটের একটা ফ্ল্যাট কেনেন। তখন অবশ্য অর্ধেন্দু অধুনা মহারাষ্ট্রের বিদর্ভ ডিভিশনের নাগপুরে পোস্টিং পেয়ে চলে গেছেন। এই বাড়ি কেনবার জন্যে তিনি তাঁর বাবাকে বেশ কিছু টাকা দিয়েছিলেন।
‘অর্ধেন্দু কিন্তু বিয়ে করলেন না। তার কারণ সম্ভবত, তাঁর কোনো কোনো বন্ধুর মুখে ১৯৪৭-এ তাঁদের পূর্ববঙ্গের কয়েকটা ভয়ংকর স্মৃতি তাঁর মনের মধ্যে যে ক্ষত তৈরি করেছিল, সেটার যন্ত্রণা থেকে তিনি কিছুতেই বেরিয়ে আসতে পারছিলেন না। মাঝে মাঝে সন্ধের দিকে মাথার ভেতরে খুব কষ্ট হত, তখন রাতের পর রাত ঘুমোতে পারতেন না। স্বপ্ন দেখতেন যেন তাঁর চারদিকে আগুন জ্বলছে আর একটি সশস্ত্র ক্ষিপ্ত জনতা তাঁকে মারতে ছুটে আসছে। একটা জঙ্গলের ভেতর দিয়ে পালাবার চেষ্টা করছেন কিন্তু জনতা প্রতি মুহূর্তে তাঁর আরও কাছে এগিয়ে আসছে। একটা তীব্র যন্ত্রণায় তাঁর ঘুম ভেঙে যেত। সেই সময়টা কোনো ঘুমের ওষুধই কোনো কাজ করত না। যখন এই স্বপ্নগুলো আসত, তার পরের বেশ কয়েকটা দিন তিনি কেমন যেন ঝিমিয়ে থাকতেন। এই সময়টা তাঁর ভেতরে ফনা তুলে ওঠা একটা প্রচণ্ড রাগ যেন কোনো নিরপরাধ মানুষের কোনো ক্ষতি না-করে ফেলে— এই চেষ্টায় তিনি নিজেকে ব্যাপৃত রাখতেন। কাজেই, কাউকে তাঁর ভেতরের জ্বালাটা কোনোদিন বুঝতে দেননি।
‘অর্ধেন্দুর এই ব্যাপারটা জানতেন একমাত্র তার মা, রমা। ছেলেকে অনেক বোঝাবার চেষ্টা করেছেন, কিন্তু কোনো ফল হয়নি। তিনি ছেলেকে বলতেন যে তাঁর পরিবা