Home
ফকির

ফকির

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

ইচু মণ্ডলের আজ বেজায় সর্দি হয়েছে। ভাদ্রমাসের বর্ষণমুখর শীতল প্রভাত। তালি দেওয়া কাঁথা, ওর বউ, তার নাম নিমি, শেষরাত্রে গায়ে দিয়ে দিয়েছিল। এমন সর্দি হয়েছে যেন মনে হচ্ছে সমস্ত শরীর ভারী। ইচু শুয়েই পা দিয়ে চালের হাঁড়িটা নেড়ে দেখলে, সেটা ওর পায়ের তলার দিকেই থাকে, হাঁড়িটাতে সামান্য কিছু চাল আছে মনে হল তার।


ইচু বললে—আজ আর জনে যাব না। একটু পানি দে দিকি।


ওর বউ বললে—জনে যাবে না তবে চলবে কিসি?


—কেন, চাল তো রয়েছে তোর হাঁড়িতি, সজনে শাক-মাক সেদ্দ কর আর ভাত। নুন আছে।


—এটটু অমনি পড়ে আছে মালাটার তলায়।


—তবে আর কী? পানি দে—নামাজ করি। ইচু জল দিয়ে হাত-মুখ ধুয়ে ওজু শেষ করে ফজরের নামাজে বসে গেল। এটি তার জীবনের অতিপ্রিয় কাজ বাল্যকাল থেকেই। মজুরি করতে না-যেতে পারে সে, কিন্তু নামাজ না-করে সে দিনের কাজ কখনো আরম্ভ করেনি।



নিমি বললে—উঠেছ যখন, তখন জনে যাও। আজকাল যুদ্ধের বাজারি দশ আনা করে জন, অন্য সময় তিন আনা হত যে। হাঁড়িতে যদি চাল থাকতি দেখলে, তবে আর তুমি জনে যাবা না! ও ভালো না।


ইচু বললে—নামাজের সময় ঘ্যান ঘ্যান করিসনে বাপু, একটু চুপ কর। নামাজ শেষ করে ইচু দা হাতে বেরিয়ে যেতে গিয়ে একটু থেমে বললে—খিদে পেয়েছে। কী আছেরে?


—কিছু নেই।


—দেখ না হাঁড়িটা—বড্ড খিদে পেয়েছিল।


—দুটো-কটা পানি দেওয়া ভাত পড়ে আছে, আর কিছু নেই।


—তাই দে। বেনবেলা না-খেয়ে গেলি দুপুরবেলা এমন খিদে পায়, দা ধরতি হাত কাঁপে। কাজ করতি পারিনে।


শাইলিপাড়া গ্রামের পাশ দিয়েই রেললাইন চলে গিয়েছে।



রেললাইন পার হয়ে ফাঁকা মাঠ একদিকে, মাঠের মধ্যে বিল, ভরা ভাদ্রের বর্ষায় থই থই করছে তার জল, ধারে ধারে কাশবনে সবে ফুল ফুটতে শুরু হয়েছে, জলে কলমিলতা জালের মতো বিস্তৃত হয়ে আছে। বনখেজুর গাছের মাথায় তেলাকুচো লতার দুলুনি। টুকটুকে লাল তেলাকুচো ফল সবুজ পাতার আড়াল থেকে উঁকি মারছে। ফিঙে পাখি ঝুলছে রেলের তারে।


রামা গোয়ালা জনমজুর নিয়ে ধান কাটছে তার নিজের জমিতে। ইচুকে দেখে বললে—যাবা কোথায়?


—সনেকপুরের বিলি ধান কাটতি।


—কত করে জন দেচ্ছে?


—সাত সিকি করে বিঘে। তামাকের আগুন দেবা?


–নিয়ে যাও, ওই বেনাঝোপের ধারে মালসা আছে।


—ভাত খেয়েই চলে আলাম, হাঁফ জিরুতে পারিনি। তামাক না-খেলি কাজে মন বসে?



মালসা থেকে আগুন নিয়ে তামাক খেতে খেতে চলল ইচু।


ইচুর গ্রাম থেকে দু-মাইল দূরে সনেকপুরের বিলে দেড়শো-দুশো বিঘে জমিতে ভাদুই ধান পেকে গাছ শুয়ে পড়েছে। যেমন বর্ষা নেমেছে, দু-পাঁচ দিনে বিলের জল বেড়ে পাকা ধান ডুবিয়ে দেবে, তাই এবার মজুরির রেট এদিকে খুব বেশি। তার ওপর আছে মজুরদের একবেলা খোরাকি।


ইচুর বড়ো ভালো লাগে আল্লার কথা শুনতে। পায়রাগাছির ফকির এ অঞ্চলের মধ্যে নামজাদা সাধু। একবার ইচু তাঁকে দেখেছিল। বাল্যকাল থেকে ইচুর ঈশ্বরের দিকে কেমন এক টান। পায়রাগাছির ফকির সে টান আরও বাড়িয়ে দেন ওর। ইচু যেন কেমন হয়ে গিয়েছে তার পর থেকে। সংসারে মন দেয় না, মজুরি করে পয়সা রোজগারের দিকে বা খাওয়া-দাওয়ার দিকেও মন নেই। কাস্তে হাতে জমির ধান কাটতে কাটতে মাঝে মাঝে অন্যমনস্ক হয়ে পড়ে। অনেকে ওকে তা নিয়ে খেপায়। বলে—ও ইচু, শেষকালে ফকির হবা নাকি গো? ইচু মুখে কিছু বলে না, চুপ করে থাকে। সে নিতান্ত ভালোমানুষ, কারো কোনো কথার প্রতিবাদ সে করতে পারে না।


মজুরির রেট নিয়ে দরাদরি করতে পারে না বলে অনেকে ওকে ঠকিয়ে কাজ আদায় করে। বিনি মজুরিতে অনেক সময় খাটিয়ে নেয়।



—ও ইচু, আমার বাড়ির চালকুমড়োর মাচাটা তুমি থাকতে নষ্ট হয়ে যাবে?


—কেন, কী হয়েছে চাচা?


—খুঁটিগুলো সব পড়ে গিয়েছে।


–ওবেলা এসে করে দেবানি চাচা।


ইচু কথা ঠিক রাখত নিজের। যাকে যা বলবে, তা সে রাখবার জন্যে প্রাণপণে চেষ্টা করবে এটা সকলেই জানে। মহাজনে দু-তিন বিশ ধান মুখের কথায় ওকে দিয়ে দিত, এ পর্যন্ত সে কারো টাকা বা ধান মেরে দেয়নি।


একবার পাশের গ্রামের মুখুজ্যেদের জমির ধান সে ভুল করে কেটে ফেলেছিল —বেশি নয়, কাঠাখানেক জমির পাকা ধান। মুখুজ্যেদের জমির পাশে তখন ওর নিজের ওটবন্দি জমি ছিল দু-বিঘে। মুখুজ্যেমশায় যখন জানতে পারলেন তাঁর জমির ধান কে কেটে নিয়েছে, তখন খুব হইচই জুড়ে দিলেন। কে ধান কেটেছে সন্ধান করতে পারলেন না, কারণ সবারই তখন ধান কাটবার সময়, সকলেরই বাড়িতে ধান—কার ধান তিনি গিয়ে ধরবেন? দিন-দুই পরে ইচু গিয়ে সন্ধ্যাবেলা তাঁর বাড়ি হাজির হল।



মুখুজ্যেমশায় বললেন—কী রে ইচু, কী মনে করে?


ইচু বললে—সালাম বাবু! একটা বড় ভুল করে ফেলিছি!


—কী রে?


—আপনার জমির ধানডা কাঠাখানেক কেটে ফেলে ঘরে নিয়ে গিয়ে তুলোম। তা বাবু, দেড়া সুদ দিয়ে সেই ধানডা আপনারে ফেরত দিতে চাই।


—ওঃ, তোর কাজ ইচু! আমি আকাশ-পাতাল হাতড়াচ্ছি।


—আজ্ঞে হ্যাঁ বাবু। সেদিন বড্ড বর্ষা, জমির আল ঠিক করতি পারলাম না। তার পর পরস্পর শুনলাম আপনার জমির ধান কে চুরি করেছে বলে আপনি খোঁজ করছেন। তখন ভাবলাম বাবুরে বলে আসি। খেতি লোকসান যখন অজান্তে করে ফেলেছি, তখন দেড়া বাড়ি সুদ দেব আপনারে।



মুখুজ্যেমশায় বিশ্বাস করলেন ওর কথা। ইচুকে অন্তত চোর বলে কেউ সন্দেহ করবে না। ইচু জন-খেটে খায় বটে, কিন্তু আশেপাশে চার-পাঁচ গ্রামের লোক ওকে মনে মনে শ্রদ্ধা করে। মুখুজ্যেমশায় বললেন, তোকে সুদ দিতে হবে না ইচু, আমার ধান যা কেটেছিস ও আর ফিরিয়েও দিতে হবে না। ও তোকে দিলাম। ভুলে করে ফেলেছিস তা আর এখন কী হবে।


ইচু হাতজোড় করে বললে—তা হবে না মুখুজ্যেমশায়, ও ধান নিতি পারব না, মাপ করবেন। ও ধান আমার গলা দিয়ে নামবে না। আল্লা যা আমায় হাতে তুলে দেবেন, তাই খেয়ে পরান বেঁচিয়ে রাখব—যা না দেবেন সে আমার হারাম।


মুখুজ্যেমশায় জানতেন ইচুকে। খুশি হয়ে বললেন—যাক, দুটো চিড়ে নিয়ে যা, বাড়ির মধ্যে তোর কাকিমার কাছ থেকে চেয়েনে।


সনেকপুরের বিলটায় পৌঁছে ইচু দেখলে, জনমজুর এখনও কেউ এসে পৌঁছায়নি। এটা পছন্দ করে না সে। বেশি রেটে মজুরি নেব অথচ কাজে আসব দেরি করে, মালিকের কাজে ফাঁকি দেব, এ তার ভালো লাগে না। ধান কাটে ঘড়ির কাঁটার মতো। এ কাজে তার ফাঁকি নেই।



পথ-চলতি লোকে জিজ্ঞেস করে—কী ধান এটা গো?


—বেনাঝুপি।


–এবার ফসল কেমন?


—আড়াই বিশ থেকে তিন বিশ পড়তা হতি পারে।


—বিঘেয়?


—বিঘেয় না কি কাঠায়?


ইচু হা-হা করে হাসে পথিকের অজ্ঞতায়। পথিকের উদ্দেশ্যে চেঁচিয়ে বলে— কাঠায় আড়াই বিশ ধান ফলন হলি কী আমরা জন-খেটে খাতাম গো কর্তা? হ্যাঁ—হ্যাঁ—হ্যাঁ—


—বাড়ি কোথায় তোমার?



—শাইলেপাড়া।


—নাম?


—ইচু মণ্ডল।


বেলা আড়াইটের গাড়ি দূরের রেললাইন দিয়ে গড় গড় করে চলে গেল। জনমজুরদের জন্যে জমির মালিক খাবার পাঠিয়েছে, একজন লোকে বাঁকে ঝুলিয়ে আধক্রোশ দূরবর্তী সনেকপুর গ্রাম থেকে কাঁসার জামবাটিতে সাজিয়ে এনেছে গরম ভাত, কুমড়োর ঘণ্ট ও কুচো চিংড়ি ভাজা। এ সময় ভালো খেতে দিয়ে মন খুশি করা মানে বেশি কাজ আদায় করা ওদের কাছ থেকে। জমির মালিকেরা তা জানে। আখের মণ্ডল খেতে খেতে বলে—আজ এটটু সকাল সকাল যাব। মোর ঘরে নুন নেই—বাজার থেকে নুন না-নিয়ে গেলি বাচ-কাচ খেতি পাবে না।


—নুন কনে পাবা? বাজারে কালও খোঁজ করিছি, নুন মেলে না।


—ওমা, আলুনি খেয়ে খেয়ে মুখি তো পোকা পড়ে গেল।



—আর অন্ধকারে খেয়ে খেয়ে চকি ঢ্যালা বেরুল। কেরাচিন্নি তেলের মুখ দেখিনি কতকাল।


–কুমড়োর ঝালডা করেছে বেশ। সনেকপুরের এরা খেতি দেয় ভালো, পেটটা ভরি খেতি দেয়। কেরাচিন্নি পাবা কোথায়?


খাওয়া-দাওয়া শেষ করে আখের মণ্ডল দা-কাটা তামাক সাজলে কলকেতে। বেশ করে আগুন ধরিয়ে প্রবীণ রমজান মণ্ডলের হাতে দিয়ে বললে—হ্যাদে ধরো চাচা।


ইচু বললে—চাচা, তোমার বয়স হল ক-কুড়ি?


—তা যে-বার জোড়া বন্যে হয়েল সেবার আমি গোরু চরাতে পারি, তিরিশ কী চল্লিশ হল পেরায়—


কেউ বিশেষ বুঝতে পারলে না। জোড়া বন্যা কত বৎসর পূর্বে কোন সালে হয়েছিল কেউ জানে না। রমজানের বয়স কম হলেও সত্তর ছাড়িয়েছে। যখন সে গোরু চরায় তখন এর কেউ জন্মায়নি। সংখ্যা সম্বন্ধে জ্ঞান এদের নিতান্তই সীমাবদ্ধ।


বেলা যায়যায়। পাঁচটার গাড়ি গড় গড় করে মাদলার বিলের ওপর দিয়ে চলে গেল। ঝিঙের খেতে ফুল ফুটেছে সনেকপুরের মাঠে। নোয়ালি সর্দার জাতে বুনো, সনেকপুরের মধ্যে অবস্থাপন্ন, গোরুর পাল তাড়িয়ে নিয়ে যাচ্ছে গ্রাম্যপথ ধরে। ইচু সন্ধ্যার নামাজ শেষ করে উঠতেই বেড়ার ধার থেকে নোয়ালি সর্দার বললে— ও ইচু, কাল আমায় জন দিতি পারবা?



—না গো।


—কেন?


—সনেকপুরওয়ালাদের বিলির ধান কাটা হচ্ছে।


–চলো আমার বাড়ি, তামুক খেয়ে যাবা।


রমজান মণ্ডলকে ইচু ডাক দিলে।—ও চাচা, সর্দারের বাড়ি তামুক খাবা চলো।


নোয়ালি সর্দারের তামুক খাওয়ানোর আসল উদ্দেশ্য মজুরির রেট সম্বন্ধে দরদস্তুর করা। ইচু রমজানের পুত্রের বয়সি—সুতরাং দরদস্তুর সম্বন্ধে রমজান নেতা হয়ে কথাবার্তা চালালে।


—সাত সিকের কম পারবনি গো, এতে তুমি রাগ কোরো না সর্দার।


রমজান চাচা, তার চেয়ে আমার গলায় পা দিয়ে মেরে ফেলো না কেন?



—অন্যায্য তো কিছু বলছিনে।


—অন্যায্য নয় চাচা? যা ছেল চোদ্দো আনা তাই সাত সিকে? এট্টা ভেবেচিন্তে কথা বলো। পাঁচ সিকে করো, আর চাল ডাল মাছ পেটিয়ে দেবানি তোমরা রান্না করে খেয়ো। মোদের রান্না তো তোমরা খাবা না। আমার পুকুরি এবার এই এত বড়ো বড়ো চ্যাং মাছ–


নোয়লি সর্দার হাত দিয়ে কাল্পনিক মৎস্যের দৈর্ঘ্য নির্দেশ করলে, যদি লোভ দেখিয়ে এদের কাজে টানা যায়।


রমজান ঘাড় নেড়ে বললে–ও হবে না সর্দার। সাত সিকের কম করলি—


—আর এক কলকে ধরাও চাচা! হ্যাদে, গাছের জালি শসা গোটাকতক নিয়ে যাও। দুজনে খেয়ো।


—শসা পুঁতেছিলে? মাচার শসা, না মেঠো?


—মেঠো কোথায় পাব চাচা, এই উঠোনটাতে মাচা করে দিয়েলাম—শিম বরবটি শসা—কিনে খাবার তো ক্ষ্যামতা নেই মোদের, তরিতরকারির আগুন দাম।


—সে-কথা আর বোলো না। হাটে বাগুন কেনতাম পয়সায় দু-সের তিন সের —তাই এখন বলে আটা আনা সের। খাদ্য-খাদক উঠে গেল। ঝিঙে আছে?


—তা তোমার বাপ-মায়ের আশীর্বাদে—দুটো ক-টা দেবানি তুলে, খেয়ো।


—যাক গে, পাঁচ সিকেই দিও সর্দার, কারো কাছে পেরকাশ কোরো না যেন এ-কথা।


ইচু ও রমজান তামাক খেয়ে ঝিঙে ও শসা নিয়ে উঠে চলে এল। নোয়ালি সর্দারের উদ্দেশ্য সিদ্ধ হয়েছে। সে জানে রমজান জনমজুরের নেতা, ওর কথায় দরদস্তুর ঠিক হয়। ওকে খুশি রাখলেই হল।


ইচুর বাড়ি ফিরতে রাত হয়ে গেল। নিমিকে বললে—ভাত বেঁধেছিস?


—এ বেলা শরীরডে খারাপ। পানি দেওয়া ভাত আছে, খাও।


–তরকারি?


—কিছু নেই।


—এই ঝিঙে ক-টা বেঁধে দে।


—রাঁধব কী দিয়ে, তেল কনে? পাঁচ পলা ধার করে এনেলাম আছিরন বিবির কাছ থে। এখনও শোধ দিতে পারিনি—আবার কী ধার করতি ছোটব?


—পোড়া?


নিমি খিল খিল করে হেসে উঠে মুখে আঁচল চাপা দিয়ে বললে—ও মা, মুই কনে যাব গো! ঝিঙে পোড়া কেউ কখনো শুনিনি। খেতি পারবা না।


—পারব পারব। দে তুই

**********
No Review
Related Books
Loading books…