Home
প্রাকৃতিক

প্রাকৃতিক

সমরেশ মজুমদার

প্রাকৃতিক

সমরেশ মজুমদার
short story

Change color

পঁচাত্তরে পড়তে আর তিনমাস; কিন্তু স্বপ্নেন্দুর মাথার একটি চুলও সাদা হয়নি। দাড়ি কামাবার সময় আয়নার সামনে বসে নিজেকে লক্ষ্য করেন তিনি। দুদিন দাড়ি না কামালে (সেটা খুব কম হয়) গালে সাদা ছোপ লাগে। কিন্তু না জুলপি, না কানের ওপাশে একটি রুপোলি চুল দেখতে পান না। একদা বন্ধুদের সঙ্গে দেখা হলে ঠেস দেওয়া প্রশ্ন শোনেন, ‘কি হে, এই বয়সেও চুলে ব্রাশ করছ? তা করো, কিন্তু একটু-আধটু সাদা রাখলে ভালো করতে।’

স্বপ্নেন্দু বোঝাবার চেষ্টা করেছেন তিনি চুলে কালো রং ব্যবহার করেন না। যাঁদের বলেছেন তাঁরা অবিশ্বাসী চোখ নিয়ে শুনেছেন। স্বপ্নেন্দু এও বলেছেন, তাঁর মা গত হয়েছিলেন সাতাশি বছর বয়সে এবং মৃত্যুকালে মায়ের চুল সম্পূর্ণ কালো ছিল।

আজকাল আর এসব বলতে ইচ্ছে করে না। তাঁর সমসাময়িক তো বটেই, দশ-বারো বছরের যারা ছোট তাঁদের চুল সাদা হয়ে গেছে, কেউ রং দিয়ে দিয়ে আর না পেরে হাল ছেড়ে দেওয়ায় চুলের শরীর শেয়ালের লোম হয়ে গিয়েছে। কিন্তু স্বপ্নেন্দুর চুল এখনো নিবিড় কালো, সামান্য পাতলা হলেও টাক পড়েনি। শ্যাম্পু করলে বেশ ফুলে-ফেঁপে থাকে, পঁয়তাল্লিশ বছর আগে যেমন থাকত। ইদানীং চোখের নিচে একটু ভাঁজ পড়ব পড়ব করছে। মেয়ে সজনী একটা ক্রিম এনে দিয়েছে যা ঘষলে ভাঁজটা অনেকক্ষণ উধাও হয়ে যায়। কিন্তু গলার চামড়া এখনো টানটান কিন্তু বুকের লোমে পাক ধরেছে। কিন্তু গেঞ্জি এবং শার্টের আড়াল থাকায় তা জনসাধারণের জানার কথা নয়। স্বপ্নেন্দু প্রতি ছয়মাস অন্তর রক্ত পরীক্ষা করান। প্রতিবারেই দেখা যায় তাঁর সবকিছু স্বাভাবিক। এমনকি ইসিজি রিপোর্টেও বিপদের আভাস নেই।

সজনী তার শ্বশুরবাড়ির সামনে প্রতি রবিবার দুপুরবেলা আসে, বিকেলে ওর স্বামী এসে ওকে নিয়ে বেড়াতে যায়। কিছুদিন আগে সজনী এসে বলল, ‘আজ সন্ধ্যে সন্ধ্যে খেয়ে শুয়ে পড়বে। কাল সকালে তোমার রক্ত নিতে আসবে নতুন জায়গা থেকে।’

‘কেন? এই তো মাসখানেক আগে সব করালাম – ।’ স্বপ্নেন্দু অবাক।

‘না। মা বলল, তুমি নিশ্চয়ই তোমার রিপোর্ট ঘুষ দিয়ে তৈরি করাও। তাই তোমার জানাশোনা নেই এমন জায়গায় পরীক্ষা করাতে বলল।’ সজনী বলে গেল।

এই হলো সরমা। পঁচিশ বছরে বিয়ে হয়েছিল, বিয়ের পর পঁয়তাল্লিশ বছর কেটে গেছে, কিন্তু সন্দেহ করার স্বভাব মরে যায়নি। প্রতিবাদ না করে সহযোগিতা করলেন স্বপ্নেন্দু। পরের দিন রিপোর্ট দেখে চমকে গেলেন। ফাস্টিং ব্লাড সুগার নববুই, খুব ভালো। কিন্তু ভরপেট খাওয়ার দুঘণ্টা পরে যে-রক্ত নেওয়া হয়েছিল তাতে সুগারের পরিমাণ চুরাশি? হয় নাকি? এক ডাক্তার বন্ধুকে ফোন করে জানলেন, কখনো কখনো ওটা হয়।

মেয়েকে ফোন করে রিপোর্টটা পড়ে শোনালেন। মেয়ে খুব খুশি হলো। বলল, ‘মাকে বলেছ?’ স্বপ্নেন্দু বললেন, ‘না। তিনি তোমাকে নির্দেশ দিয়েছিলেন, তোমার কর্তব্য তাঁকে রিপোর্ট করা।’

স্বপ্নেন্দুর জীবন এইরকম। ভোর সাড়ে পাঁচটায় বাড়ি থেকে বেরিয়ে ঠিক এক মাইল হেঁটে পার্কে দাঁড়িয়ে মানুষ দেখে আবার ওই পথে ফিরে এসে বাজারে ঢোকা। বাজার থেকে নির্বাচিত মাছ-সবজি কিনে রিকশায় চেপে বাড়ি ফেরা। তারপর চা খেয়ে তিনটি খবরের কাগজে ডুবে যাওয়া। সকাল সোয়া ছটায় খানিকটা ফল আর একটা ডিমের পোচ খেয়ে লিখতে বসা। ঠিক দুপুর দুটোয় গাড়ি নিয়ে বের হয়ে দুটো আড্ডা ঘুরে সন্ধ্যের মুখে ফান ক্লাবে ঢুকে দুই পেগ হুইস্কি পান করে নটায় বাড়ি ফিরে ডিনার শেষ করে শুতে যাওয়া। এর মধ্যে তিনি তিনবার সরমার ঘরে যান। প্রথমবার বাজার সেরে। দরজায় দাঁড়িয়ে দেখেন সরমা হাতজোড় করে বসে আছেন তাঁর পুজোর বেদির সামনে। এখন কোনো উত্তর পাওয়া যাবে না জেনেও বলেন, ‘বাজার নিয়ে এলাম।’ সরমা কোনো চোখ খোলেন না। দ্বিতীয়বার, দুপুরে বেরোবার আগে স্ত্রীর দরজায় পৌঁছে বলেন, ‘যাচ্ছি। কোনো দরকার আছে?’

সরমা তখন বিছানায় শুয়ে খবরের কাগজ পড়ছেন। কাগজের আড়ালে মুখ। কথা ভেসে আসে, ‘থাকলে জানাতাম।’

সরমা এখন কেমন আছেন? মাথার নববুই ভাগ চুল এখন ক্যাটকেটে সাদা। বয়সের ছাপ মুখে, গলায়। হাঁটেন খুব ধীরে। পঁয়তাল্লিশ বছর আগের সরমা যেরকম তরতাজা ছিলেন, এখন তার কোনো চিহ্ন খুঁজে পাওয়া যাবে না। সজনী অনেক চেষ্টা করেছে তাঁকে পার্লারে নিয়ে গিয়ে ফেসিয়াল, ডাই ইত্যাদি করাতে। সরমা বলেছেন, ‘তোমার ইচ্ছেটা আমার ওপর চাপিয়ে দিও না। আমি যেমন আছি তেমনই থাকতে চাই। রং মেখে বয়স কমানো পছন্দ করি না।’ তবু মেয়ে জেদাজেদি করছে দেখে শেষ কথা বলেন, ‘আচ্ছা, ওসব করে আবার কী লাভ হবে? দেখলে মনে হবে বয়স কম? কিন্তু আবার মনের বয়স কি তাতে কমবে? মন যে মানতে চাইবে না।’

মেয়ে বলেছিল, ‘কিন্তু তোমার এই চেহারা বাবার পাশে মানাচ্ছে না।’ হেসেছিলেন সরমা, ‘ও। ওঁর পাশে মানায় এমন কাউকে জানা থাকলে যোগাযোগ করো, আমার একটুও আপত্তি নেই।’

না। কোনো ঝগড়াঝাঁটি নয়, তৃতীয় পক্ষের কারণেও দূরত্ব তৈরি হয়। একসঙ্গে থাকতে থাকতে হয়তো সরমার মনে হয়েছিল, অনেক তো হলো, এবার নিজের মতো ভাবা যাক। তিনি সময় কাটাতে দীক্ষা নিলেন। ঈশ্বর এমন একটা অনুভব যার মধ্যে ডুবে গেলে অদ্ভুত স্বস্তি পাওয়া যায়। যাকে সময় এবং ভক্তি ছাড়া কিছুই দিতে হয় না। এবং যাঁর কাছ থেকে কোনো জাগতিক বস্ত্ত পাওয়ার সম্ভাবনাই নেই। মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক তৈরি হলেই একটা এক্সপেক্টেশন তৈরি হয়। আমি যেমন দেব তেমনি তার কাছ থেকেও আমি পাব। এটার ব্যতিক্রম ঘটলে সম্পর্ক ভাঙে, দুঃখ উথলে ওঠে। ঈশ্বরের ক্ষেত্রে সেই সম্ভাবনাই নেই। সরমা কখন ধীরে ধীরে সেই জগতে ঢুকে গেল তা স্বপ্নেন্দু চোখের ওপর দেখলেন। পঞ্চাশ পেরিয়ে গেলে মেয়েদের অন্তত বেশিরভাগ মেয়েদের মন থেকে প্রেম, যৌনআকর্ষণ, বাইশের উন্মাদনা দুপ করে নিভে যায়। স্বামীকে ওই ভূমিকা নিতে দেখলে তারা বিরক্ত হন। মন এবং শরীরের সমর্থন পান না। এই সময় যদি কেউ ঈশ্বরচিন্তায় মুক্তির পথ পেয়ে যান, বাড়িতে থেকেও তাতেই ডুবে থাকতে খুশি হন তাহলে তাঁর প্রতিবন্ধক হওয়া উচিত নয়। স্বপ্নেন্দু সরমাকে তাঁর আপত্তির কথা জানাননি।

রবিবারের দুপুরে বাড়িতে খাবেন না, কাজের মেয়েকে জানিয়ে দিয়েছিলেন স্বপ্নেন্দু। তাঁর পরিচিত এক ব্যবসায়ী কলকাতা রেসকোর্সের স্টুয়ার্ট হয়েছেন। তিনি আমন্ত্রণ জানিয়েছেন আজ। খুব বড় বাজি ছাড়াও মোট আটটি রেসে ঘোড়ারা দৌড়াবে। ভারতবর্ষের সেরা জকিরা আসছে অংশ নিতে। ব্রিটিশ আমলে রেসকোর্সের স্টুয়ার্ট সাদা চামড়ার লোকই হতেন। তবে ভারতীয় রাজা-মহারাজাদেরও এই সম্মান দেওয়া হতো। এখন ব্রিটিশরা নেই, রাজা-মহারাজাদেরও দিন শেষ, কিন্তু সেই সময়ের তৈরি আইন, প্রোটোকল ঠিকঠাক চালু আছে। তাই স্বপ্নেন্দুকে স্যুট-টাই পরতে হয়েছে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখলেন তিনি। এখনো বয়স থাবা বসানো দূরের কথা, অাঁচড় কাটতে পারেনি। চল্লিশেও যেমন ছিলেন এখনো তেমন। হাসলেন তিনি। পার্সে টাকা ভরতে ভরতে মনে পড়ল আমন্ত্রণ জানানোর সময় মিস্টার গোয়েঙ্কা বলেছিলেন, ‘মিসেসকে নিয়ে আসবেন, প্লিজ। কারণ ওখানে মিস্টার-মিসেসরাই আসছেন।’ তখন কিছু বলেননি, কিন্তু আজ সকালে গোয়েঙ্কাকে ফোন করেছিলেন তিনি, ‘সরি মিস্টার গোয়েঙ্কা। আমি যেতে পারছি না।’

‘সে কি! কেন?’

‘ব্যাড লাক। আমার স্ত্রী বাথরুমে পা স্লিপ করে -, তেমন উদ্বেগের কিছু নয়, কিন্তু ডাক্তার ওঁকে আজ হাঁটতে নিষেধ করেছেন।’ মিথ্যে বললেন স্বপ্নেন্দু।

‘ওহো! এখন কেমন আছেন?’

‘ভালো। আজ শুয়ে-বসে থাকতে হবে আর কি!’

‘তাহলে আপনার আসতে কি অসুবিধা হবে?’

‘না। কিন্তু আপনি যে বলেছিলেন সবাই মিসেসকে নিয়ে যাচ্ছেন -?’

‘হ্যাঁ। কিন্তু যাঁর মিসেস নেই তিনিও তো আসছেন। আপনি আসুন, প্লিজ।’

অতএব স্বপ্নেন্দু যাচ্ছেন। কিন্তু কথাটা কানে বাজল। যিনি বিয়ে করেননি অথবা যাঁর স্ত্রী মারা গিয়েছেন, সরমা সঙ্গে না থাকলে তাঁকে ওই দলে ফেলবে সবাই। কিন্তু সরমাকে লক্ষ টাকা দিলেও রেসকোর্সে নিয়ে যাওয়া যাবে না। রেসকোর্স দূরের কথা, সজনী তার মাকে সিনেমা হলে নিয়ে যেতে পারে না। হঠাৎ সজনীর গলা পেলেন স্বপ্নেন্দু। বাড়িতে ঢুকে প্রথমে সে মায়ের ঘরে যায়। কিছুক্ষণ চেঁচামেচি করে। তার বিষয়ও স্বপ্নেন্দুর জানা। ‘এই রংচটা শাড়িটা তুমি আবার পরেছ? গলা খালি কেন? মা, তুমি পাহাড়ের গুহায় বসে সাধনা করছ না, বাড়িতে আছ। ওঠ, এখনই শাড়ি পাল্টাও।’ সরমার প্রতিবাদ শোনা গেল। মেয়েকে ধমকাচ্ছেন তিনি। তাঁর ওপর গলা উঠল সজনীর। ‘কোনো কথা শুনবো না, তুমি শাড়ি না পাল্টানো পর্যন্ত আমি এখান থেকে নড়ব না।’

মিনিট চারেক বাদে মেয়ের এই ঘরে প্রবেশ। তারপরেই তাঁর বিস্ময়, ‘উরে ববাবা। তোমাকে ফাটাফাটি দেখাচ্ছে। কী সেজেছ তুমি?’

‘কী এমন সাজলাম। একটা স্যুট পরেছি মাত্র।’ একটু লজ্জা পেলেন স্বপ্নেন্দু।

‘তাতেই উত্তমকুমারের মতো দেখাচ্ছে। কোথায় যাচ্ছ গো?’

‘আর বলিস না – !’ স্বপ্নেন্দু মিস্টার গোয়েঙ্কার আমন্ত্রণের কথা বললেন।

সজনীর চোখ বড় হলো, ‘তুমি ডার্বি দেখতে

**********
No Review
Related Books
Loading books…