Home
প্রভাময়ীর প্রত্যুপকার

প্রভাময়ীর প্রত্যুপকার

মনোজ সেন

প্রভাময়ীর প্রত্যুপকার

মনোজ সেন
short story

Change color

ট্যাক্সি থেকে অরিজিতের হাত ধরে নামতে নামতে প্রভাময়ী বললেন, ‘জায়গাটা কী নির্জন! চারদিকে বাড়িঘর নেই নাকি রে? কোনো লোকজনের আওয়াজ পাইনে কেন?’

অরিজিৎ ট্যাক্সির ভাড়া মিটিয়ে দিতে দিতে বলল, ‘বাড়িঘর আছে মা। শোনো তোমাকে বলি। এই আমরা এখন আট নম্বর জয়চন্দ্র গার্ডেন লেনের সামনে দাঁড়িয়ে আছি। বাড়িটা পুবমুখো। উত্তর আর পশ্চিম দিক ঘিরে রয়েছে নববিদ্যাবীথি হাই স্কুলের প্রকাণ্ড বাড়ি আর খেলার মাঠের পাঁচিল। এখন বাজে পাঁচটা, ইশকুল ছুটি হয়ে গেছে। কাল সকাল হলে শুনতে পাবে একটা বিশাল মৌচাকের ভনভন শব্দের মতো ছেলেমেয়েদের কলরব। দক্ষিণ দিকে মহারাজা নবীনকিশোর রায়চৌধুরির বাড়ির বিশাল উঁচু পাঁচিল, গলিটা শেষ হয়েছে তার গায়ে। ও বাড়ির এখন ভগ্নদশা, কেউই প্রায় থাকে না। আর পুব দিকে গলির ওপারে রাজা বিজয়কৃষ্ণ সিংহের বাড়ির পেছন দিক। ও বাড়িটা এখন সরকারি অফিস, বিকেল হলেই শুনশান।’


প্রভাময়ী বললেন, ‘এ কোন পাড়ায় বাড়ি নিলি রে, খোকা? চারদিকে যে রাজা-মহারাজাদের বাড়ি।’


অরিজিৎ হাসল। বলল, ‘যা বলেছ। একটা সময় ছিল ঠিকই যখন এ পাড়ায় ঢুকতে গেলে আমাদের মতো মধ্যবিত্ত লোকের হাঁটু বেঁকে যেত। আজ আর সেদিন নেই মা। আজ যেখানে নববিদ্যাবীথি হাই স্কুল, সেটা ছিল রাজা জয়চন্দ্র রায়ের বাগানবাড়ি। আর আমাদের বাড়িটা ছিল সেই বাগানবাড়ির কেয়ারটেকার আশুতোষ ধরের কোয়ার্টার। বংশানুক্রমে ধরেরা এই কাজ করেছেন এই বাড়িতে থেকে। রাজা জয়চন্দ্রের বর্তমান বংশধর যখন অর্থাভাবে তাঁর বাগানবাড়ি বিদ্যাবীথি এডুকেশন ট্রাস্টকে বিক্রি করেন তখন জমিসমেত এই বাড়িটা লিখে দেন হরিপদবাবুকে। হরিপদবাবু আশুতোষ ধরের বংশধর। তাঁরও এখন খুবই দুরবস্থা। তিনি আমাকে সম্পত্তিটা বিক্রি করে দিলেন।’


প্রভাময়ী বললেন, ‘বুঝলুম। এবার বাড়িটার কথা বল।’


খড়খড় করে একটা লোহার গেট খুলে অরিজিৎ বলল, ‘বাড়ির সামনেও এক মানুষ সমান উঁচু পাঁচিল, পুব-উত্তর কোণে এই লোহার গেট খুলে আমরা ভেতরে ঢুকছি। বাড়ির সামনে একটা ছোট্ট ঘাসের জমি আছে। বাড়িটা একতলা, তবে মেঝেটা রাস্তা থেকে বেশ ওপরে। মনে রেখো, দশটা সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হবে। সামনে টানা বারান্দা। তার একপাশে তিনটে খিলেন-করা থাম আর অন্যপাশে দুটো শোবার ঘর, একটা রান্নাঘর, একটা ভাঁড়ার ঘর, একটা বাথরুম আর একটা ছোটো পুজোর ঘর। আমাদের পক্ষে এই যথেষ্ট, না কি বলো মা? তার ওপর, বারান্দার সামনের দিকে আগাগোড়া চারটে কোলাপসিবল গেট লাগানো আছে। জানলায় লোহার গ্রিল, দেওয়ালগুলো পঁচিশ থেকে তিরিশ ইঞ্চি চওড়া। গেটগুলো বন্ধ থাকলে কারুর সাধ্যি নেই যে বাড়ির ভেতরে ঢোকে।’


প্রভাময়ী লাঠিতে ভর দিয়ে সিঁড়ি ভেঙে উঠতে উঠতে বললেন, ‘এ তো চমৎকার! এমন একটা বাড়ি তুই এত সস্তায় পেলি— এ তো ভাবাই যায় না।’


‘সবই তোমার আশীর্বাদ, মা।’ অরিজিৎ বলল, ‘তার ওপর আরও দ্যাখো, হরিপদবাবু এমন একজন সজ্জন লোক যে বাড়িটা সারিয়ে-সুরিয়ে রংটং পর্যন্ত করে দিয়েছেন। আমার আর এখন কোনো খরচা করবার দরকার নেই।’


প্রভাময়ী পুত্রবধূ সুনন্দার এগিয়ে দেওয়া একটা মোড়ার ওপর বসে বললেন, ‘আমার কিন্তু কোথায় যেন একটা খটকা লাগছে, জানিস! তুই দলিলপত্র সব ভালো করে দেখে নিয়েছিস তো খোকা? কোথাও কোনো গোলমাল নেই তো?’


প্রভাময়ীর প্রশ্নটা শুনে চমকে উঠেছিল অরিজিৎ। সামলে নিয়ে বলল, ‘সব ভালো করে দেখে নিয়েছি মা। তোমার খটকা লাগার কোনো কারণ নেই।’


‘তবুও লাগছে। আসলে কী জানিস, আমাদের মতো লোকের কপালে এরকম শিকে ছেঁড়বার তো কথা নয়। সারাজীবন তো শুধু বঞ্চনাই পেয়ে এলুম।’


‘সেসব কথা ভুলে যাও, মা। এত কষ্ট করে আমাদের লেখাপড়া শিখিয়েছ সে তো এরকম একটা দিনের আশায়, তাই না? এখন সেদিন আসবার সময় হয়েছে। পুরোনো দিনের কথা আর ভেবো না তো।’


মাথা নাড়লেন প্রভময়ী। বললেন, ‘না, আর ভাববো না। শোন, একটা গৃহপ্রবেশের অনুষ্ঠান করবি না? একটা পুজো বা ওইরকম?’


‘এখনই না, মা। দিদি-জামাইবাবু বলেছে, পুজোর সময় ওরা যখন আসবে, তখন গৃহপ্রবেশের ব্যবস্থা করতে। তা ছাড়া, টাকাপয়সাও তেমন নেই। প্রথম কিস্তির টাকা দিতেই ফতুর হয়ে গেছি। এরপর লোনের টাকা যখন কাটতে শুরু করবে তখন আর বড়ো রকমের কোনো অনুষ্ঠান করবার মতো অবস্থা থাকবে না।’


‘সে আমি জানি। ঠিক আছে, এসব ব্যাপার পরে করলেও হবে।’


মাকে সারা বাড়ি ঘুরিয়ে, তাঁকে তাঁর ঘরে রেখে, চারটে কোলাপসিবল গেট বন্ধ করে, রান্নাঘরে এসে বসল অরিজিৎ। সুনন্দাকে বলল, ‘মার বাড়িটা খুব পছন্দ হয়েছে। সারাজীবন কষ্ট করেছে, বাড়িওলি মাসির মুখঝামটা সহ্য করেছে, এবার অন্তত সেই অত্যাচার থেকে মুক্তি। দুঃখ করছিল যে বাবা দেখে যেতে পারল না। সে দুঃখ যে আমারও নেই তা নয়। তবে, আমি বিশ্বাস করি যে ওপর থেকে নিশ্চয়ই তাঁর আশীর্বাদ পেয়েছি, নইলে আজ যে আমি নিজের বাড়িতে বসে আছি সেটা কখনোই সম্ভব হত না।’


সুনন্দা হাঁড়িকুড়ি গোছাতে গোছাতে বলল, ‘একটা প্রশ্ন জিজ্ঞেস করব?’


‘কী প্রশ্ন জিজ্ঞেস করবে?’


‘মা যখন বললেন যে তাঁর কোথাও একটা খটকা লাগছে, তখন তুমি ভয়ানক চমকে উঠলে কেন? কোথাও একটা গোলমাল আছে, তাই না?’


কাষ্ঠহেসে অরিজিৎ বলল, ‘আরে না, না। গোলমাল আবার কী? গোলমাল কিছু নেই। আসলে, আমার ভয় হয়েছিল যে মার বোধ হয় বাড়িটা পছন্দ হল না। কপালজোরে পেয়ে গেছি, মার পছন্দ না-হলে তো আবার নতুন বাড়ির খোঁজে বেরুতে হবে।’


কথাটা কিন্তু সত্যি নয়। প্রভাময়ী সারাজীবন দারিদ্র্যের সঙ্গে লড়াই করতে করতে আজ একেবারে ভগ্নস্বাস্থ্য, অকালবার্ধক্যে নুয়ে পড়েছেন। গত তিন বছর যাবৎ অতিরিক্ত ডায়াবেটিসে সম্পূর্ণ অন্ধ, তবু তাঁর স্বাভাবিক তীক্ষ্নবুদ্ধির ধার একটুও কমেনি। বরং, দৃষ্টিশক্তি চলে যাবার পর তাঁর বাকি ইন্দ্রিয়গুলো যেন আরও বেশি সজাগ আর সক্রিয় হয়ে উঠেছে। তাঁর কথা শুনে অরিজিতের মনে হয়েছিল বাড়িটাতে যে সত্যিই কোনো গোলমাল আছে বলে ও শুনেছে, সেটা চেপে যাওয়া সত্ত্বেও প্রভাময়ী বোধ হয় ধরে ফেলেছেন।


আসলে গোলমাল তেমন কিছুই নয়। যত সব বাজে কুসংস্কার। হরিপদ ধরের ধারণা যে এই বাড়িটাতে ভূত আছে, এ-কথা সবাই জানে আর সেইজন্যেই তাঁর বাড়ির কোনো খরিদ্দার জুটছে না। বাড়িটা জলের দরে বেচে দেবার কারণটা হল এই। একথা অরিজিৎকে বলতেও দ্বিধা করেননি হরিপদবাবু। ভদ্রলোক সরল প্রকৃতির মানুষ, হয়তো নিজেকে ভবিষ্যৎ বিবেকদংশনের হাত থেকেও মুক্ত রাখতে চেয়েছিলেন। তবে একথা তিনি ভেবে দেখেননি যে উত্তর কলকাতার একটেরে, একটা কানাগলির শেষপ্রান্তে, পাঁচকাঠা জমির ওপরে একটা দেড়শো বছরের পুরোনো বাড়ি কিনতে বিশেষ কারুর দায় পড়েনি। তা ছাড়া, এসব কথা লোক ডেকে বলাও তো যায় না। না-কিনলে সবাই বলবে, ‘তুই একটা গাধা’, কিনলে বলবে, ‘জেনেশুনে এই কাণ্ডটা করলি?’


সুনন্দ অরিজিতের মুখের দিকে চেয়েছিল। বলল, ‘কী ভাবছ?’


অরিজিৎ বলল, ‘ভাবছি যে আজ সারাদিন তোমার খুব ধকল গেছে, এখন এক কাপ চা চাওয়াটা খুব অন্যায় হবে কি?’


‘না। কিছুমাত্র না। আমি তো ভাবছিলুম, তুমি খেলে, আমিও এক কাপ খেতুম। মাকেও ডাকো না। তিনজনেই খাই।’


ডাকার দরকার হল না। প্রভাময়ী নিজেই লাঠি ঠকঠক করতে করতে রান্নাঘরে এসে উপস্থিত হলেন। তাঁর মুখ গম্ভীর, কী যেন চিন্তা করছেন।


সুনন্দা একটু উদবিগ্ন হয়ে প্রশ্ন করল, ‘কী হয়েছে মা? শরীর খারাপ লাগছে?’


প্রভাময়ী মাথা নাড়লেন। বললেন, ‘কই, না তো। আমার শরীর বেশ ভালোই আছে।’ তারপর, একটু থেমে বললেন, ‘আচ্ছা বউমা, তুমি কি একটু আগে আমার ঘরে গিয়েছিলে?’


‘না তো।’


‘সে তো বটেই। তুমি কী করে হবে? তুমি তো গয়না পরো না।’


অরিজিৎ বলল, ‘কী বলছ বলো তো? গয়না-টয়না আবার কী? ওর কি আছে নাকি কিছু যে পরবে?’


প্রভাময়ী পুনর্বার মাথা নাড়লেন। বললেন, ‘তাইতো ভাবছি। মনে হল কে যেন ঘরের ভেতর ঢুকল, তার চুড়ি-বালার টুংটাং শব্দ পেলুম।’


সশব্দে হেসে উঠল অরিজিৎ। বলল, ‘এই ভর সন্ধে বেলা ভূতের ভয় পেলে নাকি মা? ওই শোনো, পাঁচিলের ওপাশে টিউবওয়েলের জল তোলার শব্দ। নিশ্চয়ই ইশকুলের দরওয়ানের বউ চুড়ি-বালা ঠংঠঙিয়ে জল আনতে এসেছে। তুমি তারই আওয়াজ পেয়েছ। এটা নতুন জায়গা, চারদিক ফাঁকা, নিস্তব্ধ। খুব ছোটো ছোটো শব্দও প্রতিধ্বনি হয়ে কানে আসবে। তাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই।’


প্রভাময়ী বললেন, ‘দ্যাখ খোকা, আমার ছোলেবেলাটা কেটেছে গাঁয়ে। সেখানে সন্ধ্যে হলেই ঘন অন্ধকার, তালগাছের ওপর একানড়ে, বেলগাছে বেম্মদত্যি, নদীর পাড়ে শাঁকচুন্নি, পুকুরপাড়ে পেত্নি— এদের মধ্যে বড়ো হয়েছি, তাই এদের আমি ভয় পাইনে। ভয় পাবি তোরা। তবে, মনে হচ্ছে তোর কথাই ঠিক। আমার ভুলই হয়েছিল।’


হাসতে হাসতে অরিজিৎ বলল, ‘ভয় আমারও নেই, মা। আমি একমাত্র ভয় পাই মানুষকে। বিশেষ করে যে মানুষকে চেনা যায় না। তবে চারটে কোলাপসিবল গেটই বন্ধ আছে, কোনো মানুষের সাধ্যি নেই যে ভেতরে ঢুকতে পারে। অবশ্য সুনন্দার কথা জানি না, ও হয়তো ভূতের ভয় পায়।’


সুনন্দ হাত নেড়ে বলল, ‘পাই, পাই। ভূত, পুলিশ, পাগল, মাতাল, সব্বাইকে ভয় পাই।’


অনেক রাত্রে হঠাৎ ঘুমটা ভেঙে গেল প্রভাময়ীর। স্পষ্ট টের পেলেন ঘরের ভেতরে কেউ আছে। চারদিক একেবারে নিস্তব্ধ, মোটা কাপড়ের খসখস শব্দ শুনতে পেলেন পরিষ্কার। খোলা জানলার পাশে একটা চেয়ারে বসে আছে সে। তবে তার কোনোরকম বদ মতলব আছে বলে মনে হল না প্রভাময়ীর। শুয়ে শুয়েই প্রশ্ন করলেন, ‘তুমি কে?’ কোনো সাড়া পেলেন না। আবার প্রশ্ন করলেন, ‘তুমি কথা বলতে পারো না?’ তারও কোনো সাড়া পেলেন না। এবার কিছুক্ষণ চিন্তা করে বললেন, ‘তুমি কি আমার সঙ্গে কথা বলতে চাও? যদি এর উত্তর হ্যাঁ হয়, তবে দরজাটার পাশে গিয়ে দাঁড়াও।’ এবার খসখস শব্দটা চেয়ার থেকে সরে দরজার কাছে চলে গেল।


চমৎকার! প্রভাময়ী বলেন, ‘বাঃ! তাহলে, এখন তো আমরা আলাপ করতে পারি। আমি তোমাকে প্রশ্ন করব, তার উত্তর হ্যাঁ হলে তুমি দরজার কাছে যাবে আর না-হলে চেয়ারে বসে থাকবে। তোমার হয়তো তাতে একটু কষ্ট হবে, তবে কথা তো বলা যাবে। এ ছাড়া আর উপাই বা কী!’ পরে অবশ্য তাঁর মনে হল, যার শরীর নেই তার শারীরিক কষ্ট হবার তো কথা নয়।


এইভাবে একতরফা প্রশ্ন আর হ্যাঁ-না উত্তরের মধ্য দিয়ে আলাপচারি শুরু হল। ভোরের প্রথম কাক ডাকার সঙ্গেসঙ্গে শব্দটা বন্ধ হওযার আগে পর্যন্ত অনেক সংবাদ সংগ্রহ করলেন প্রভাময়ী। ঘরের ভেতরে যিনি আছেন, তিনি একজন মহিলা। বহুবছর ধরে আছেন এই বাড়িতে। চলে যেতে চান, কিন্তু যেতে পারছেন না। তাঁকে আর তাঁর স্বামীকে গুলি করে মেরেছিল তাঁরই কোনো আত্মীয়। মারা যাওয়ার সময় তাঁর বয়স ছিল তিরিশ থেকে পঁয়ত্রিশের ভেতর। সবচেয়ে বড়ো কথা হল, প্রভাময়ীকে তাঁর ভালো লেগেছে কারণ তিনি জানেন যে প্রভাময়ী ভয় পাবেন না এবং তাঁর সঙ্গে কথা বলা যাবে। অনেক কথাই বলবার আছে তাঁর, কিন্তু যার সঙ্গেই কথা বলতে যান, সেই ভয় পায়।


এবার প্রভাময়ীর সামনে দুটো সমস্যা। ব্যাপারটা অরিজিৎকে বলা উচিত কি উচিত নয়? অনেক ভেবে, না বলাই স্থির করলেন প্রভাময়ী। বেচারি অনেক কষ্টে অনেক আশা নিয়ে বাড়িটা কিনেছে। এই ঘটনার কথা জানলে সে ভেঙে পড়তে পারে। এই মহিলার যখন কাউকে ভয় দেখানোর বা কারুর ক্ষতি করার কোনো বাসনা নেই, তখন আর অরিজিৎকে মানসিক বিপর্যয়ের মধ্যে ফেলার কী দরকার?


দিন দশেক বাদে, সকাল বেলায় সুনন্দা অরিজিৎকে বলল, ‘জানো, মার কিছু একটা হয়েছে। তুমি তো সারারাত মোষের মতো ঘুমোও, কিছুই টের পাও না। মাঝে মাঝে যখন অনেক রাতে ঘুম ভেঙে যায়, আমি শুনেছি মা বিড়বিড় করে কথা বলছেন। এরকম তো আগে কখনো শুনিনি। তা ছাড়া, আজকাল যে মা পুজো করেন, দেখছি ধূপ জ্বালেন না, জোরে জোরে মন্ত্র পড়েন না। কী ব্যাপার, বুঝতে পারছি না।’


অরিজিৎ চিন্তিত হ

**********
No Review
Related Books
Loading books…