
প্রথম মানবী
সুনীল গঙ্গোপাধ্যায়
ভোরবেলা সেই নারী প্রবেশ করল আদিম উদ্যানে। তখন পৃথিবীর সৃষ্টিরও ঊষাকাল।
কোথাও কোনও শব্দ নেই। যত দূর দৃষ্টি যায় মনুষ্য আকারের আর কোনও প্রাণী নেই। লতা গুল্মে, ক্ষুদ্র-বৃহৎ তরু-বৃক্ষে ফুটে আছে বিভিন্ন বর্ণের ফুল, সেগুলিরও নাম নেই। কোথাও ফুল থেকে ফল ফলেছে, কোনও-কোনও গাছের শাখা ফলভারে নুয়ে পড়েছে, সেইসব ফলও নামহীন।
এখানে ফুলের সৌরভে আর কোনও কটু গন্ধ মেশেনি। বাতাস স্নিগ্ধ। মাঝে-মাঝে বয়ে চলেছে তরঙ্গময় নিঝরিণী, তাদের জল স্ফটিক-স্বচ্ছ। একেবারে তলদেশের পাথরগুলি পর্যন্ত মালিন্যহীন।
বাতাস ও ঝরনা ছাড়া আর যা সঞ্চরণশীল, তা কুয়াশা। যেন আকাশের মেঘ নীচে নেমে এসে ভূমি স্পর্শ করতে চাইছে। তবে পূর্ব গগনের তরুণ সূর্য আস্তে-আস্তে এদের ভক্ষণ করতে শুরু করেন। কুয়াশাই সূর্যের প্রাতরাশ।
আস্তে-আস্তে পা ফেলে হাঁটছে সেই রমণী। তার শরীরে কোনও আবরণ নেই, আভরণ নেই। সুদীর্ঘ চুল পিঠ ছাড়িয়ে নেমেছে মসৃণ নিতম্বে। দুই বাহু ও ঊরুসন্ধিতেও নবীন তৃণের মতন। রোম। নাসিকা তীক্ষ্ণ, হৃদ্বয় গাঢ়, অক্ষিপল্লব সূক্ষ্ম। তার বক্ষের দুটি ঢেউ এবং কটিদেশের খাঁজ কোনও শিল্পীর নিপুণ হাতে গড়া। ঢেউ দুটিতে ভাসছে স্ফুটনোখ দুটি কুঁড়ি। চাঁদের অর্থ কলার মতন নাভি।
রমণীটি যেন ঈষৎ উন্মনা, কোনওদিকেই স্থির দৃষ্টিপাত করছে না।
তার কোনও বয়স নেই। তার বাল্য, কিশোরীকাল নেই, ভবিষ্যৎ জরা সম্পর্কে কোনও উপলব্ধি নেই। সে যৌবনজাত। সে দেখেছে মাত্র কয়েকটি ঋতু, বসন্ত, গ্রীষ্ম, বর্ষা এবং শীত। এবারেও সে টের পাচ্ছে আসন্ন শীতের মিহিন বাতাস।
এই আদিম উদ্যান সে ছেড়ে যেতে বাধ্য হয়েছিল এক বর্ষার রাতে। আশ্রয় নিয়েছিল দূরবর্তী এক পাহাড়ের গুহায়। এখানে তার ফেরা নিষেধ, তবু মাঝে-মাঝে তার শরীর তোলপাড় করে দেয় এক ঘূর্ণি হাওয়া, তার সবকটি আঙুলের অগ্রভাগ, এমনকী কানের লতিতেও জ্বালা ধরায়। অনেক গণ্ডুষ জল পান করলেও তৃষ্ণা মেটে না। ঘুম আসে না রাত্রে। যেমন কাল সারারাত সে চক্ষু মেলে শুধু অন্ধকার দেখেছে।
পর্বতগুহা ছেড়ে সে যে আজ প্রত্যুষে চলে এসেছে, তা সে নিজেই জানে না। এক জলপ্রপাতে স্নান সেরে সে হাঁটতে শুরু করেছিল বিপরীত দিকে। সচেতন সিদ্ধান্ত ছাড়াও মানুষ এমনভাবে কখনও-কখনও যায়। দিনের-পর-দিন একাকিত্ব তার অসহ্য বোধ হচ্ছিল, সে নেমে এসেছে সমতলে।
এ উদ্যানে কোনও নির্দিষ্ট পথ নেই। কখনও-কখনও বৃক্ষগুলির শাখা-প্রশাখা দু-হাতে সরিয়ে যেতে হয়। পায়ে লাগে লতাজাল। কখনও পার হতে হয় অপ্রশস্ত সরণি।
হঠাৎ ঝুপঝুপ করে বর্ষণ শুরু হল। এখানকার বৃষ্টি শীত-গ্রীষ্ম মানে না।
রমণীটি একটি বৃহৎ বৃক্ষের তলায় এসে দাঁড়াল। সেখানে একটি দুগ্ধবতী গাভীও আশ্রয় নিয়েছে, তার গাত্রবর্ণ পিঙ্গল। এই প্রকার গাভীদের চক্ষু সব সময় সজল থাকে।
সে গাভীটির গলকম্বল স্পর্শ করে স্নেহ জানাতেই গাভীটি সন্তোষজনক শব্দ করল। অর্থাৎ সে এই নারীকে চিনতে পেরেছে, কয়েক বিন্দুদুগ্ধক্ষরণ হল তার বাঁট থেকে।
সে এবার অনুভব করল, অনেক গাছপালাও যেন তার উপস্থিতি সম্পর্কে সচেতন। নানারকম অদৃশ্য তরঙ্গ লাগছে তার শরীরে।
সে সহাস্যে বলল, কেমন আছ তোমরা সকলে? আমি এসেছি বলে খুশি হয়েছ তো? হাসিটি সত্য, কথাগুলি অনুচ্চারিত। এখনও মনুষ্য ভাষার সৃষ্টি হয়নি। এই রমণী হাসতে পারে, সশব্দে কাঁদতে পারে, কণ্ঠ দিয়ে কখনও দু-একটি সুর ধ্বনিত হয়। কিন্তু অর্থবহ কোনও শব্দ সে জানে না।
ভাষা নেই, কিন্তু ভাব তো আছে। তাই অনেক কথা হয়, অনেকের সঙ্গে, নিঃশব্দে, মনে-মনে।
তার নিঃশব্দ প্রশ্নের উত্তরে সে নানা দিক থেকে যেন তরঙ্গে-তরঙ্গে ধ্বনিত হল। অনেকদিন পর এলে, তোমাকে দেখে খুশি হয়েছি অবশ্যই। তুমি আরও সুন্দর হয়েছ! একটি গাছ থেকে একটি বর্তুল গড়নের পাকা ফল এই মুহূর্তে খসে পড়ল মাটিতে। এটাও যেন ভাষা। গাছটি স্বাগতম জানাচ্ছে তাকে।
যুবতীটির মন ভার ছিল, গত রাতে তার বুক ভরা ছিল কান্নায়, এখন সে অনেক স্বচ্ছন্দ বোধ। করল। বৃষ্টি থেমে গেছে, সে ফলটি তুলে নিয়ে গিয়ে বসল এক ঝরনার ধারে পাথরের পইঠায়।
সারা আকাশ জুড়ে রামধনু ফুটে উঠেছে।
সে এখন যে পাহাড়ের গুহায় থাকে, সেখান থেকে কোনওদিনই রামধনু দেখা যায় না। এখন। পরিচিত রামধনুকে দেখেও সে প্রশ্ন করল, কেমন আছে?
রামধনু উত্তর দিল কি না, তা বোঝা গেল না।
আকাশ থেকে চোখ ফিরিয়ে সে তাকাল জলের দিকে। দেখতে পেল নিজের মুখের প্রতিবিম্ব। এই জন্যই সে বারবার জলের ধারে বসে। দিনের-পর-দিন নিজের মুখচ্ছবি ছাড়া সে আর। কোনও মানুষকে দেখে না। নিজের সঙ্গেই শুধু কথা হয়।
ঝরনার ওপাশ থেকে কী যন একটি প্রাণী সাঁতার কেটে আসছে। এদিকে আসার পর বোঝা গেল, একটি সাপ। বেশ দিঘল চেহারা। চক্ষু দুটি কপালের ওপরে, জলেই অর্ধেক শরীর ডুবিয়ে সে চেয়ে রইল রমণীটির দিকে।
ভয় পাওয়ার প্রশ্ন নেই। এই সাপটিকে সে এখানে আগেও কয়েকবার দেখেছে। কাছাকাছি এসে চেয়ে থাকে এক দৃষ্টিতে। কী যেন বলতে চায়। কিন্তু সাপের মনের তরঙ্গের সঙ্গে এই রমণীর মনের তরঙ্গ মেলে না, তাই সে কিছু বুঝতে পারে না।
রমণীটি তাকে বলল, তুমি যাও!
তবু সাপটি স্থির হয়ে রইল এক জায়গায়।
রমণী তখন হাঁটতে শুরু করল পুনরায়।
ঝরনাটি কিছুটা নীচের দিকে নেমে গিয়ে মিশে গেছে আর-একটি স্রোতস্বিনীর সঙ্গে। দূর থেকে সেই সঙ্গম স্থানটি দেখা যায়।
সেখানে জংঘা পর্যন্ত জলে ডুবিয়ে দাঁড়িয়ে আছে একজন পুরুষ।
এই রমণীরই মতন সে-ও নিপাট নগ্ন। তার শরীর অনেকটা রোমশ, দীর্ঘ কেশ, মুখমণ্ডল শ্মশ্রুতে প্রায় আবৃত। সুঠাম বক্ষ।
পুরুষটিকে দেখা মাত্র রমণীটির আশিরপদনখ শিহরিত হল। তারপর জ্বালা। তারপর উত্তাল বক্ষস্পন্দন। তার ইচ্ছে হল তৎক্ষণাৎ ঝড়ের মতন ছুটে যেতে। ওই কঠিন বক্ষে তার কোমল বক্ষ মেলাতে। তার শরীরের প্রতিটি অণু-পরমাণু ওই মানুষটির সঙ্গে লীন হতে চায়।
তবু নিজেকে সংযত করল সে।
এ উদ্যান তার জন্য নিষিদ্ধ। এখানে সে বিধি ভেঙে এসেছে। যদি ওই পুরুষ তাকে প্রত্যাখ্যান করে? যদি আরও কঠিন হয়ে উঠে তাকে দূরে ঠেলে দেয়? এখানে অলক্ষ্যে কোথাও আছে সৃষ্টিকর্তার তিন প্রহরী, যদি পুরুষটি তাদের ডাকে?
সে আপনমনে বলল, হে সখা, তুমিও তো নিঃসঙ্গ। আমরা বিবাদ করেছি, তবু তো আমি দুরে সরে থাকতে পারছি না। তোমারও কি মন উচাটন হয় না? তুমি তো কখনও এই উদ্যান থেকে বেরিয়ে পর্বতগুহায় আমার সন্ধানে যাওনি। তুমি কি এখনও ক্রোধ পুষে রেখেছ?
শরীর চাইছে ধেয়ে যেতে, মন টেনে ধরছে রাশ, রমণীটি এক স্থানে স্থির অথচ দোদুল্যমান।
আকাশে রামধনুটি এখনও মিলিয়ে যায়নি। প্রকৃতিতে চলেছে সুন্দরের কত রকম খেলা, বাতাসে মুগ্ধতার আবেশ, তবু ওই পুরুষটিকে দেখার পর রমণীটির আর কোনও দিকে মন গেল না, নিদারুণ তৃষ্ণার্তের মতন সে এক দৃষ্টিতে চেয়ে রইল পুরুষটির দিকে।
একটু পরে পুরুষটি মিলিয়ে গেল জঙ্গলের আড়ালে।
কোথাও একটা পাখি খুব জোরে ডেকে উঠল।
তার ধ্বনিটি অনেকটা যেন টিট্টিভ, কিংবা লিললিথ! একবার মনে হয়, টিটিভ, আর একবার মনে হয়, লিললিথ।
রমণীটি ঘোর ভেঙে পাখিটিকে খুঁজতে লাগল। এই পাখিটির ডাকটি শুনেছে সে, কখনও দেখতে পায়নি। কিছু কিছু পাখি শুধু ঘন পাতার আড়ালে বসে ডাকে, কিন্তু যখন প্রকাশ্যে আসে কিংবা উড্ডীয়মান, তখন ডাকে না।
রমণীটি ব্যাকুলভাবে বলল, ওরে পাখি, আরও জোরে ডাক। নীচের দিকে নেমে যা। আমার পুরুষ যেন এই ডাক শুনতে পায়। তা হলে হয়তো আমার কথা তার মনে পড়বে।
এই পাখির ডাক থেকেই রমণীটির নাম—লিলিথ।
সৃষ্টিকর্তা প্রথম যে মানব সৃষ্টি করেন, সে পুরুষ। জল, মৃত্তিকার মতন প্রকৃতির উপাদান দিয়েই সে গড়া। প্রাণপ্রতিষ্ঠার পর মুগ্ধ দৃষ্টিতে তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তিনি বললেন, তোমার নাম দিলাম আদম। পরে তুমি বহু নামে পরিচিত হবে। তুমি স্বচ্ছন্দে এই স্বর্গোদ্যানে বিচরণ করো।
কিছুদিন পরেই তিনি বুঝতে পারলেন, তিনি একটা গভীর ভুল করেছেন। তিনি প্রথম মানুষটি গড়েছেন অনেকটা নিজের শরীরের আদলে, কিন্তু তিনি তো নারীও নন, তাঁর তো এক থেকে বহু হওয়ার প্রয়োজন নেই, তিনি অদ্বিতীয়, তিনি এলোহিম। কিন্তু মানুষটিকে তিনি পুরুষলিঙ্গ দিয়েছেন, সে অবিরাম বিপরীত লিঙ্গের একজনকে চাইবে। তাঁর অন্যান্য সব সৃষ্টিই তো এক থেকে বহু হয়।
আদমের উপভোগের সব উপাদানই আছে এই কাননে, তবু প্রায়শই সে নিরানন্দ থাকে। কারণটা সে নিজেই জানে না, কিন্তু দূর থেকে তাকে লক্ষ করে তার স্রষ্টা বোঝেন। তাঁর শ্রেষ্ঠ কীর্তির মনোবেদনা দেখে তিনি ব্যথিত হন নিজেও।
আবার একদিন সময় করে তিনি শিল্পকার্যে মন দিলেন। প্রকৃতির সব কিছুর সৌন্দর্য থেকে ছেনে-ছেনে তিনি গড়ে তুললেন এক তিলোত্তমা মূর্তি। পুরুষের তুলনায় এর সব কিছুই কোমল, এমনকী হাতের আঙুলের লীলায়িত ভঙ্গি পর্যন্ত।
প্রাণসঞ্চার করা মাত্র শায়িত মূর্তিটি উঠে দাঁড়াল, একবার পুরুষটির মুখোমুখি। দুজনে এমন ভাবে চেয়ে রইল যেন সেই দৃষ্টিতে রয়েছে একটি সেতু।
আর তখনই শোনা গেল সেই পাখিটির ডাক, টিটিভ! লিললিথ!
তৃপ্তির হাসি ফুটে উঠল সৃষ্টিকর্তার মুখে। এতদিনে সম্পূর্ণ হল তাঁর সৃষ্টির কাজ।
তিনি এই মানব-মানবীকে বললেন, এবার তোমরা এই পৃথিবীকে চালনা করার ভার নাও। আদম, ওই পাখিটির ডাক অনুযায়ী তোমার এই সঙ্গিনীর নাম রাখা হল লিলিথ। তোমরা পরস্পরের পরিপূরক হও। কখনও কোনও সংকট হলে আমার শরণাপন্ন হোয়ো। আমি তোমাদের শব্দ দেব, ভাষা দেব। কিন্তু তা আয়ত্ত করতে তোমাদের সময় লাগবে। ততদিন তোমরা মুখোমুখি দাঁড়ালেই তোমাদের মনের তরঙ্গ বিনিময় হবে। মুখ দিয়ে কিছু উচ্চারণ না করেও তোমরা পরস্পরের সব বাক্য হৃদয়ঙ্গম করতে সক্ষম হবে।
সৃষ্টিকর্তা অদৃশ্য হয়ে যেতেই আদম তার সঙ্গিনীকে বলল, এখন তোমার শরীরে ধূলি লেগে আছে। এসো, আমরা অবগাহন করি।
তারপর কাটতে লাগল দিনের-পর-দিন। দুজনের পরিচয় প্রগাঢ় হল। অবশ্য শরীর মিলনের চেতনা জাগল না। তারা দুই কুরঙ্গ-কুরঙ্গীর মতন পাশাপাশি বিচরণ করে। স্নান করে একসঙ্গে, ফলমূল ভাগ করে খায়, শুয়ে থাকে কাছাকাছি। এক মুহূর্তের জন্যও বিচ্ছেদ নেই। এমনকী ঘুমের মধ্যেও এক-একবার জেগে উঠে পরস্পরের দিকে তাকিয়ে থাকে।
একদিন একটা গাছ থেকে একটি সুপক্ক ফল পাড়তে গেল লিলিথ, আদম বলল, ও ফলটি নিও না।
সরল কৌতূহলে লিলিথ জিগ্যেস করল, কেন?
আদম বলল, কোন ফলটি ভালো, আমি তোমায় চিনিয়ে দেব। আমি আহরণ করে দেব তোমার জন্য।
লিলিথ সহাস্যে বলল, হে সখা, তুমি দেবে, আমি অঞ্জলি পেতে গ্রহণ করব।
আর একদিন এক নতুন জলাশয়ে অবগাহন করতে চাইল লিলিথ, তার এক বাহু চেপে ধরে আদম বলল, ওখানে নেমোনা।
লিলিথ বিস্মিত হয়ে জানতে চাইল, কী কারণে?
আদম বলল, এই সরোবরে কয়েকটি ফুল ভাসছে। এই ফুলগুলি আমি আগে দেখিনি। জলে কেন ফুল ভাসবে? চল, তোমাকে আমি অন্য নির্মল সলিলে নিয়ে যাব।
নতুন সরোবরটিতে আর ওদের অবতরণ করা হল না।
এক অপরাহ্নে আকাশ ধারণ করল রুদ্র রূপ।
সূর্য হারিয়ে গেলেন ঘন কালো মেঘের আড়ালে। সেই মেঘও যেন পাথরের মতন কঠিন। পরস্পরের সঙ্গে সংঘর্ষে শব্দ হতে লাগল প্রচণ্ড। যেন সৃষ্টিকর্তার সঙ্গে স্পর্ধা করছে তাঁর কোনও প্রবল প্রতিপক্ষ, আজ সমস্ত সৃষ্টি ধ্বংস করে দেবে। মাঝে-মাঝে যেন সূর্যের চেয়ে