
পরম ও দীপালি
সুনীল গঙ্গোপাধ্যায়
ইস্কুল থেকে ফিরে, সদর দরজা দিয়ে ঢুকতে পরম দেখতে পেল, তাদের বসবার ঘরের দরজার বাইরে অনেকগুলো জুতো।
পরম অবাক হল না। সে বুঝতে পারল, কারা এসেছে। জুতোগুলো গুনে দেখল, মোট পাঁচ জোড়া, তার মধ্যে তিনজোড়া মেয়েদের চটি। প্রত্যেকবার ঠিক পাঁচজনই আসে কেন?
এখন পরমের ও-ঘরে ঢোকা নিষেধ।
বসবার ঘরটা ঠিক আলাদাভাবে বৈঠকখানা নয়, ওটা অনেক রকমভাবে কাজে লাগানো হয়। সন্ধেবেলা পরমের মাস্টারমশাই এলে ওই ঘরে বসেন, এক পাশে ডাঁই করা আছে অনেকগুলো বড়-বড় কাগজের বাক্স, তাতে ছোটকাকার ব্যাবসার কী সব জিনিসপত্র আছে, শান্তি পিসি রাত্তিরে ওই ঘরেই শোয়। তবে, বাইরের কোনও বিশিষ্ট লোক এলে ঘরটা সাজিয়ে গুছিয়ে রাখা হয়, এমনকি মেঝেতে পাতা হয় জুট কার্পেট।
পরম সোজা চলে যায় দিদির ঘরে। সে আর দিদি দুজনেই এ-ঘরে থাকে, কিন্তু দিদির অধিকারটাই বেশি।
রান্নাঘরে রুটি-তরকারি রাখা আছে। পরম ইচ্ছে করলে খেয়ে নিয়ে চলে যেতে পারে তাপসদের বাড়িতে। সে-বাড়ির ঠাকুর দালানের সামনে বড় উঠোনে সবুজ সংঘের ছেলেমেয়েরা খেলাধুলো করে। কিন্তু ইস্কুল থেকে এসে কারুর সঙ্গে একটাও কথা না বলে কি আবার বেরিয়ে যেতে ভালো লাগে?
মা, বাবা, দিদি সবাই এখন বাইরের ঘরে। এমনকি শান্তি পিসি পর্যন্ত। কাকা এখন এখানে থাকে। শান্তি পিসি কিন্তু পরমের নিজের পিসি নয়, তকে আনানো হয়েছে শক্তিগড় থেকে। রান্নাবান্না করাই কাজ, কিন্তু বাবার দূরসম্পর্কের জ্যাঠতুতো বোন বলে ঠিক কাজের লোকের মতন ব্যবহার করা হয় না।
শান্তি পিসির এখন ওখানে থাকার কী দরকার? পরম চিনির কৌটোটা খুঁজে পাচ্ছে না। তাহলে সে দুধ খাবে না, থাক পড়ে!
হঠাৎ বাবা ডেকে উঠলেন, পরম, পরম, এদিকে একবার আয় তো! পরম গিয়ে দাঁড়াল ও-ঘরের দরজার কাছে।
পড়ার টেবিলটা সরিয়ে রাখা হয়েছে একপাশে, মেঝের কার্পেটে বসেছে সবাই, শুধু একজন। বুড়ো মতন ভদ্রলোক বসেছেন চেয়ারে। মাঝখানে অনেকগুলো প্লেটে রয়েছে দু-তিন রকমের সন্দেশ আর সিঙাড়া আর চায়ের কাপ।
বাবা বললেন, এই আমার ছোট ছেলে পরম।
তারপর পরমকে বললেন, প্রণাম কর, প্রণাম কর!
একদম যাদের চেনে না, তাদের প্রণাম করতে পরমের একটুও ভালো লাগে না। রাগ হয়। কিন্তু পরম জানে, এই লোকদের সামনে একদম রাগ দেখানো চলবে না, বরং এদের খুশি করার চেষ্টা করতে হবে।
একে-একে অতিথিদের প্রণাম করার পর পরম বাবা, মা, দিদি, শান্তি পিসিকেও প্রণাম করল পায়ে হাত দিয়ে। কেউ বাদ পড়ে কি না তা তীক্ষ্ণ চোখে লক্ষ করছিলেন মা।
বৃদ্ধটি জিগ্যেস করলেন, তুমি কোন ক্লাসে পড়ো?
পরম বলল, ক্লাস ফাইভ।
বৃদ্ধ বললেন, বাঃ, বেশ ভালো ছেলে। মুখে একটা লক্ষ্মীশ্রী আছে। তুমি কি দিদির সঙ্গে কখনও ঝগড়া-টগড়া করো নাকি?
পরম অবাক হয়ে মুখ তুলল। দিদির সঙ্গে তার ঝগড়া হয় কি না সে কথা সে একজন বাইরের লোককে বলতে যাবে কেন?
পরম কিছু বলার আগেই বাবা গদগদ ভাবে বললেন, না, না, ঝগড়া করবে কেন, দিদির সঙ্গে ওর খুব ভাব!
কথাটা মোটেই সত্যি নয়। দিদির সঙ্গে এক ঘরে থাকে পরম, মাঝে-মাঝে তো ঝগড়া হবেই। রাস্তার দিকের জানলাটা দিদি কিছুতেই খুলতে দেয় না, আর জানলা বন্ধ থাকলে পরমের কেমন দমবন্ধ লাগে।
পরম দিদির দিকে তাকাল।
দিদি মুখ নীচু করে ঊরুর ওপর শাড়িটা সমান করছে।
বৃদ্ধটি আবার বললেন, খোকা, তুমি পড়ার বই ছাড়া গল্পেই বই-টই পড়ো?
এবারেও পরম কিছু বলার আগেই বাবা বললেন, ও তো এবারে পরীক্ষায় সেকেন্ড হয়েছে!
পরম বলল, হ্যাঁ, আমি গল্পের বই পড়ি।
বৃদ্ধটি বলল, বেশ, একটা কবিতা মুখস্থ বলতে পারো? শোনাও না।
পরম দেখল, বাবা আর মায়ের মুখ কেমন যেন শুকিয়ে এসেছে। এরা পছন্দ করতে এসেছে। দিদিকে, কিন্তু পরমকে এত প্রশ্ন করছে কেন?
একটুপরেই পরম চলে গেল খেলতে।
যেতে-যেতে পরম ভাবল, প্লেটের সিঙাড়া-সন্দেশগুলোর বেশ কয়েকটা বেঁচে যাবে। প্রত্যেকবারই বেশি-বেশি আনানো হয়, সব খরচ হয় না। ফিরে এসে পরম সিঙাড়া খাবে। অন্যদিন তাদের বাড়িতে সিঙাড়া আসে না। মায়ের ধারণা ওগুলো খেলে বদহজম হয়।
বাড়ি থেকে বেরুলে একটা গলি, সেটা ডানদিকে বেঁকে গেলে বড় রাস্তা। গলির মোড়ের একদিকে মিষ্টির দোকান, আর-একদিকে কাঠের ফার্নিচারের দোকান।
গলির মোড়ে দাঁড়িয়ে থাকে পাড়ার বড় বয়েসি ছেলেরা।
তাদের মধ্যে একজন পরমকে ডেকে জিগ্যেস করল, তোর দিদিকে আজ আবার দেখতে এসেছে, না রে?
পরম মাথা নাড়ল।
সেই ছেলেটি বলল, এই নিয়ে কটা পার্টি এলো রে? বারো-চোদ্দোটা তো হবেই? তাই না?
পরম মনে-মনে গুনে দেখবার চেষ্টা করল। বেশিও হতে পারে।
সেই ছেলেটির নাম বাপি। সুন্দর চেহারা। চাকরি-বাকরি করে না, একটা ক্লাবে শনি-রবিবার বাচ্চা ছেলেদের ক্রিকেট খেলা শেখায়।
বাপি বলল, শোন, পরম, আজকের পার্টিটা কিন্তু সুবিধের নয়।
ছেলেটার নাম তো শেখর, তাই না? সঙ্গে ওর একটা মাসি এসেছে, সেই মাসিটাকে আমি চিনি। জয়শ্রী। জয়শ্রী দাস, ঠিক তো?
যারা এসেছে, তাদের মধ্যে কে মাসি আর কে পিসি, তাই-ই জানে না পরম, নাম জানবে কী করে? তিনজন মহিলা ছিল।
বাপি বলল, এখান থেকে যখন গেল, তখন আমি দেখেই স্পষ্ট করেছি। শ্যাম পার্কে আমরা ক্রিকেট খেলতে যেতাম, তার পাশেই একটা বাড়িতে থাকে। ওই জয়শ্রীর দুবার বিয়ে। প্রথম বিয়েটার পরেও ওর একটা বয়ফ্রেন্ড ছিল। তারপর সেই বয়ফ্রেন্ড আর জয়শ্রী মিলে স্বামীটিকে খুন করেছে। পুলিশ ধরেছিল, দুজনকেই ধরেছিল। মজার ব্যাপার কী জানিস, জয়শ্রীটা কীভাবে। ম্যানেজ করে কেটে বেরিয়ে এল, যাবজ্জীবন জেল হল সেই বয়ফ্রেন্ডটার, তার নাম নিখিল। কিন্তু ও-পাড়ার সবাই জানে, খুনের ব্যাপারে জয়শ্রীই ছিল আসল। ওর এখনকার হাজব্যান্ড অন্য একজন লোক। কী তালেবর মেয়ে!
নিপু নামে আর-একটি ছেলে বলল, অ্যাই বাপি, তুই ওইটুকু ছেলেকে এসব কথা শোনাচ্ছিস
কেন? ও কী বুঝবে?
বাপি বলল, ওইটুকু ছেলে মানে? পরম মোটেই আর ছোট নেই। কী রে পরম, তুই ছোট? এখনকার বাচ্চারাও অনেক ম্যাচিওরড।
পরম চুপ করে রইল।
নিপু বলল, ওসব নিয়ে আমাদের মাথা ঘামাবার কী দরকার! তুই যা রে পরম!