Home
পরবাসে

পরবাসে

সমরেশ মজুমদার

পরবাসে

সমরেশ মজুমদার
short story

Change color

কেনাকাটা শেষ হয়ে গিয়েছিল গতকালই। সাতদিনের ইন্ডিয়া ভ্রমণের উদ্দেশ্য ছিল নার্গিসকে ডাক্তার দেখানো। তিন মাস আগে ঢাকা থেকে মেল, ফোন করে বিখ্যাত ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া গিয়েছিল।

নার্গিসের সঙ্গে সিরাজের বিয়ে হয়েছিল আট বছর আগে। সুন্দরী স্ত্রী ঘরে আসার পর সিরাজের গার্মেন্ট ব্যবসা ফুলে ফেঁপে উঠেছিল। বনানীতে বড় ফ্ল্যাট কিনে চলে গেছে সার্কুলার রোড ছেড়ে। সবই ঠিকঠাক শুধু ওদের সংসারে সন্তান আসছিল না। প্রথম দুই বছর এ নিয়ে মাথা ঘামায়নি ওরা, তারপর যখন দুই পক্ষের আত্মীয়রা জানতে চাইল কবে সুখবর পাবে তখনই টনক নড়ল। প্রথম দিকে নার্গিসের মনে হয়েছিল এত তাড়াহুড়ার কী আছে? শরীরে সন্তান এলে হবু মায়েদের কী কী সমস্যা হয় তা তার জানা আছে। আর সেই সন্তান পৃথিবীতে আসার পর অন্তত বছর তিনেক তার সেবায় নিজেকে তৈরি রাখতে হয়। নার্গিসের এক ভাবিকে বলতে শুনেছে সে, দিনে জ্বালায়, রাতে ঘুমাচ্ছি না। এই বাচ্চচার জ্বালায়, কেন যে মেয়ে মানুষ হয়ে জন্মালাম! বাচ্চচার বাপের তো এসব সামলাতে হয় না।


অতএব নার্গিস চেয়েছিল হাত—পায়ে শিকল না জড়িয়ে যতদিন থাকা যায় ততদিনই সুখের। কিন্তু চার বছর পরে সিরাজ বলল, ‘না’, এবার কেউ আসুক। ওকে মানুষ করতেও তো সময় লাগবে। মানতে বাধ্য হল নার্গিস।



কিন্তু কোথায় কী! বন্ধুদের উপদেশে সিরাজ প্রথম একজন মহিলা গাইনি ডাক্তারের কাছে নার্গিসকে নিয়ে গেল। তিনি পরীক্ষা করে বললেন, নার্গিসের শরীরে কোনো অস্বাভাবিকত্ব নেই। মা হওয়ার সব রকম যোগ্যতা তার রয়েছে। চাপ পড়ল সিরাজের মনে। তাহলে কি তার শারীরিক ত্রুটির কারণে নার্গিস মা হতে পারছে না? কিন্তু পরীক্ষায় জানা গেল, সিরাজও স্বাভাবিক। আর তাতেই সমস্যা বাড়ল।


বন্ধুরা বলল, আরও মহিলা গাইনি ডাক্তারের কাছে যেতে। ডাক্তার আগের রিপোর্টগুলো দেখে বললেন, যদি ধরে নিই এ রিপোর্টগুলোয় ভুল নেই তাহলে বলব শুধু সময়ের অপেক্ষা করুন। সন্তান আসবেই। ডাক্তার ভিটামিন জাতীয় ওষুধ দিয়েছিলেন।


কিন্তু সাড়ে সাত বছর যখন চলে গেল তখন নার্গিসের মানসিক পরিবর্তনগুলো লক্ষ করল সিরাজ। এখন সে মা হতে চাইছে, কোনো ত্রুটি না থাকা সত্ত্বেও সেটা সম্ভব হচ্ছে না বলে ধীরে ধীরে ভেঙে পড়ছে। এই সময় এক বন্ধু ডক্টর শতদল মুখোপাধ্যায়ের খবরটা দিল। কলকাতার এই বৃদ্ধ ডাক্তার এই ধরনের সমস্যার সমাধান করে আসছেন বেশ কয়েক বছর ধরে। কিন্তু তার অ্যাপয়েন্টমেন্ট পাওয়া খুব মুশকিল। প্রতিদিন নির্দিষ্ট সংখ্যার রোগী তিনি দেখে থাকেন কিন্তু অপেক্ষার তালিকা দীর্ঘ। সিরাজ গুগলে ডক্টর মুখোপাধ্যায় সম্পর্কে যেসব তথ্য পেল তাতে উৎসাহিত হল। সে মেল পাঠাল একটা অ্যাপয়েন্টমেন্টের জন্য, উত্তর এল না। শেষে ডক্টর মুখোপাধ্যায়ের অফিসের কর্মচারীর সঙ্গে কথা হল তিনবার চেষ্টার পর। সে বাংলাদেশ থেকে ফোন করছে শুনে ভদ্রলোক একটু নরম হলেন। বললেন, বাবার কাছে শুনেছি আমাদের বাড়ি ছিল বিক্রমপুরে, ঠিক আছে আপনারা আমি যে তারিখটা বলছি সেই তারিখে বিকেল সাড়ে পাঁচটার মধ্যে স্যারের চেম্বারে পৌঁছে যাবেন। ভদ্রলোক তারিখ এবং ঠিকানা জানিয়ে দিলেন। খবরটা নার্গিসের মুখে হাসি ফোটাল।



কিছুদিন আগেও ইন্ডিয়ায় যাওয়ার জন্য ভিসা নিতে ইন্ডিয়ার হাইকমিশনারের অফিসের সামনে লাইন দিতে হত। সেই লম্বা লাইনে দাঁড়ানো মানুষগুলোর ইন্ডিয়ায় যাওয়ার প্রয়োজন যে চিকিৎসা করাতে, আজমিরের তীর্থ দর্শন করতে, ব্যবসা সংক্রান্ত কারণে অথবা বেড়াতে। ভোর থেকে লাইনে দাঁড়াতে হত। কিন্তু নিয়মটা বদলে দেওয়া হয়েছে। এখন অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হয়। কম্পিউটারই জানিয়ে দেয় কোন তারিখে ভিসার জন্য ইন্ডিয়ার হাইকমিশনারের অফিসে যেতে হবে।


সিরাজ সমস্যায় পড়ল এখানেই। যতবার সে চেষ্টা করছে অনলাইনে অ্যাপ্লাই করতে ততবারই বিফল হচ্ছে। কিছুতেই তার আবেদন পৌঁছোচ্ছে না। এক বন্ধু ব্যাপারটা শুনে খুব হাসলেন, আপনি ব্যবসা করেন আর এই সাধারণ ব্যাপারটা মাথায় ঢুকল না কেন?


কী ব্যাপার?


আপনি অনলাইনে আবেদন করে নাম্বার পেয়ে গেলেন। হাইকমিশনে গিয়ে কারণ বুঝিয়ে পাশাপাশি ভিসার ছাপ মারিয়ে বিনা পয়সায় ইন্ডিয়ায় চলে যাবেন! মামার বাড়ি!



বুঝলাম না। বিনা পয়সায় মানে? ভিসার জন্য তো ফি দিতে হয় না।


তাই তো বিনা পয়সায় বললাম। বন্ধু বললেন।


তাহলে কী করে এত লোক ইন্ডিয়ায় যাচ্ছে? সিরাজ প্রশ্ন করল। ভিসার জন্য ট্রাভেল এজেন্টের কাছে যান। এক সপ্তাহের মধ্যে পাসপোর্ট নিয়ে হাইকমিশনে পৌঁছোতে পারবেন। তবে তার জন্য ভিসাপিছু তিন থেকে চার হাজার টাকা সেলামি দিতে হবে। বন্ধু বললেন।


আমি এত চেষ্টা করেও পাচ্ছি না, ওরা কী করে পাবে?


আপনার তো ভিসা পাওয়া নিয়ে কথা, এত প্রশ্ন করে কী লাভ! ও হ্যাঁ, সব ট্রাভেল এজেন্ট কিন্তু এই কাজ করে না, আমি আপনাকে একটা সন্ধান দিচ্ছি, এতে ফোন করুন কাজ হয়ে যাবে আশা করি। বন্ধু নম্বর দিলেন।


আট হাজার টাকার বিনিময়ে ইন্ডিয়ায় যাওয়ার ভিসা পেল সিরাজ এবং তার স্ত্রী। খুব অস্বস্তি হচ্ছিল সিরাজের। এই আট হাজার টাকার একটা টাকাও বাংলাদেশ সরকার অথবা ইন্ডিয়ার সরকার পাবে না। প্রতিদিন বহু লক্ষ টাকা এভাবে কিছু মানুষ, হাতিয়ে নিচ্ছে। মুশকিল হল, প্রতিবাদ করে যেমন ইন্ডিয়ায় যাওয়া বন্ধ করা উচিত হবে না তেমনি এজেন্টদের বিপদে ফেলাও সম্ভব হবে না।



সকালের বাসে উঠে পদ্মা পেরিয়ে বর্ডার ডিঙিয়ে কলকাতার মার্কুইস স্ট্রিটে ওরা পৌঁছেছিল সন্ধে নাগাদ। হোটেলের খবর ঢাকা থেকেই নিয়ে এসেছিল সিরাজ। সেখানে পৌঁছে নার্গিস খুশি হল।


স্নান সেরে নার্গিস জিজ্ঞাসা করল, আচ্ছা, এখান থেকে নিউমার্কেট কতদূরে? বহু বছর আগে একবার কলকাতায় এসেছিল সিরাজ। তার স্মৃতি আবছা। তবে নিউমার্কেটের কথা মনে আছে। পরের দিন সকালে ওরা পায়ে হেঁটে নিউমার্কেট ঘুরে এল। সিরাজ বলল, আজ কোনো কেনাকাটা নয়, তার জন্য অনেক সময় পাবে। আগে ডাক্তারের সঙ্গে দেখা করি, তারপর—


নির্দিষ্ট সময়ের অনেক আগেই সল্টলেকের ডাক্তারের চেম্বারে পৌঁছে গেল ওরা। ট্যাক্সি ড্রাইভার লোকটি সওয়ারিরা নতুন বুঝতে পেরে বেশি ঘুরিয়ে ভাড়া আদায় করেনি।


স্লিপে নিজেদের নামধাম লিখে বেয়ারাকে দেওয়ার পর ওরা দেখল অন্তত আটটি দম্পতি প্রতীক্ষাঘরে বসে আছেন। ওরা বসতে না বসতেই একজন প্রৌঢ় ভিতর থেকে বেরিয়ে জিজ্ঞাসা করলেন, ‘সিরাজ ভাই কে?’


সিরাজ উঠে দাঁড়াল, ‘আমি।’



‘আপনার মিসেস—?’


‘ইনি।’


আসেন, ভিতরে আসেন। একটা ছোট্ট ঘরে তাদের বসিয়ে ভদ্রলোক বললেন, ‘টেলিফোনে আমার সঙ্গেই আপনার কথা হয়েছিল।’ মাথা নাড়লেন তিনি। ‘খুব আপশোস হয়, জানেন, ছেলেবেলায় বাবা—মায়ের সঙ্গে আমি বিক্রমপুরের ভাষায় চমৎকার কথা বলতে পারতাম। অল্প বয়সে বাবাকে হারিয়েছি। মাও চলে গেলেন কিছুদিন পরে। তারপর কলকাতার মানুষদের সঙ্গে এখানকার ভাষায় কথা বলতে বলতে জিভ থেকে দেশের ভাষা কখন মুছে গেছে বুঝতে পারিনি। এখন চেষ্টা করলেও সব শব্দ ঠিকভাবে উচ্চচারণ করতে পারব না। আচ্ছা একটা ফর্ম ভরতি করতে হবে।’


ভদ্রলোক ছাপানো একটা ফর্ম বের করে, সিরাজের কাছ থেকে জেনে নিয়ে তথ্য লিখে নিতে লাগলেন। জিজ্ঞাসা করলেন, ‘বিয়ে কত বছর আগে হয়েছে?’ উত্তর শুনে বললেন, ‘সময়টা সন্তান হওয়ার পক্ষে বেশি। কখনও জন্মনিরোধক পদ্ধতির সাহায্য নিয়েছেন?’ প্রশ্ন কানে যেতেই নার্গিস মুখ নীচু করল। সিরাজ একটু সংকোচের সঙ্গে জবাব দিল, ‘হ্যাঁ, প্রথম দুই বছর।’



‘কখনও কনসিভ করেছেন?’


‘না।’


‘আপনাদের দুইজনের ব্লাড গ্রুপ কি আলাদা?’


‘হ্যাঁ।’


‘আপনারা ওখানে যেসব টেস্ট করিয়েছেন তার রিপোর্ট কি এনেছেন?’


‘হ্যাঁ।’ ব্যাগ থেকে একটা ফাইল বের করে এগিয়ে দিল সিরাজ। ‘সিরাজ ভাই, আপনারা এখানেই একটু অপেক্ষা করুন।’ ভদ্রলোক সমস্ত রিপোর্ট নিয়ে ভিতরে চলে গেলেন।


মিনিট দশেক পরে তিনি এসে ওদের নিয়ে গেলেন ডক্টর শতদল মুখোপাধ্যায়ের কাছে। কাশফুলের মতো চুল, ফরসা মানুষটি বললেন, ‘আসুন মা, আসুন, বসুন।’ সিরাজ লক্ষ করল ডাক্তার নার্গিসকে মা বলে সম্বোধন করলেও তাকে কিছু বললেন না। ওঁর সামনে নার্গিসের ফাইল খোলা।



‘ঢাকা শহরের ট্রাফিক জ্যাম কি এখনও আগের মতো আছে?’ ডক্টর মুখোপাধ্যায় বললেন, ‘বিকেলবেলায় এয়ারপোর্ট থেকে ধানমান্ডি যেতে দুঘণ্টা লেগে যেত। এখন শুনেছি ফ্লাইওভার হয়ে যাওয়ায় সমস্যা কিছুটা কমে গেছে।


সিরাজ বলল, ‘শুক্রবার যে পথ পনেরো মিনিটে যাওয়া যায়, তা অন্য দিন দেড় ঘণ্টা এখনও লাগে। আরও কয়েকটা ফ্লাইওভার হয়ে গেলে—’


এবার নার্গিসের দিকে তাকালেন ডাক্তার। ‘মা, বিজ্ঞানীরা বলছেন, মানুষের শরীরের সত্তর শতাংশ রহস্য জেনে গিয়েছেন, বাকি আছে ত্রিশ শতাংশ। আমার তো মনে হয় অজানা রয়েছে পঞ্চাশ শতাংশ। শরীরের সব কিছু আপাতচোখে ঠিক আছে তবু কেন সন্তান হচ্ছে না তার যুক্তি খুঁজতে গিয়ে অনেক পরীক্ষা—নিরীক্ষা হচ্ছে। অথচ দেখুন, গরিব ঘরের মায়েদের যখন সন্তানের প্রয়োজন নেই তখনও তারা বছরের পর বছর মা হয়ে যাচ্ছেন। প্রকৃতির এক অদ্ভুত খেয়াল এটা। ঢাকায় যেসব পরীক্ষা হয়েছে তা আমি এই ফাইল থেকে জেনেছি। কিন্তু যে পরীক্ষাগুলো করানো হয়নি তা অবিলম্বে করানো দরকার। কাল সকালেই করে নিন। ওই রিপোর্ট পাওয়ার পর চিকিৎসা শুরু করব।’


সিরাজ বলল, ‘আমাদের কি এখানে অনেক দিন থাকতে হবে?’



‘কী করে থাকবেন? ভিসা দেওয়া হয় নির্দিষ্ট সময়ের জন্য। থাকার দরকার নেই। কিন্তু যোগাযোগ রাখতে হবে।’


হঠাৎ নার্গিস জিজ্ঞাসা করল, ‘আমি মা হতে পারব তো?’


‘ভরসা রাখুন, না না, আমার উপর নয়’ একটা আঙুল উপরের দিকে তুলে হাসলেন ডক্টর শতদল মুখোপাধ্যায়।


সিরাজ অবাক হল, ‘আপনি এসব মানেন?’


‘সেই পুরোনো কথা। আপনি নিজের চোখে বাতাসকে দেখেছেন? না, দেখেননি। কিন্তু অনুভব করেছেন, যে অনুভব করতে পারে সে পায়।’ ডক্টর মুখোপাধ্যায় প্রেসক্রিপশন লিখে দিলেন।


ডক্টর শতদল মুখোপাধ্যায়ের সহকারী ভদ্রলোককে জিজ্ঞাসা করে, এক হাজার টাকা ফি জমা দিয়ে রসিদ নিল সিরাজ। তিনি পার্ক স্ট্রিট এলাকায় একটি প্যাথলজির কার্ড দিয়ে বললেন, ‘সকাল ৮টার মধ্যে এখানে পৌঁছে যাবেন স্যারের প্রেসক্রিপশন নিয়ে। আপনারা কোথায় উঠবেন?’



সিরাজ বলল, ‘মার্কুইস স্ট্রিট—ফ্রি স্কুল স্ট্রিটের মোড়ে, এক হোটেলে।’


‘বাঃ ওখান থেকে হেঁটে যেতে কয়েক মিনিট লাগবে। আমি আপনাদের নাম ওদের ফোনে বলে দিচ্ছি যাতে বেশি অপেক্ষা না করতে হয়।’


নার্গিস চুপচাপ শুনছিল। এই ভদ্রলোককে দেখতে তার এক মামার মতো, যিনি বিয়ের এক বছরের মধ্যে স্ত্রী মারা যাওয়ার পরে আর বিয়ে করেননি। তার মনে হল এর সঙ্গে কথা বলা যায়। সে জিজ্ঞাসা করল, ‘আচ্ছা, উনি কি নতুন টেস্ট করতে দিয়েছেন?’


‘হ্যাঁ, মা।’


‘সেগুলো কি খুব কঠিন?’


‘একদম নয়। এমজিএমএম আদৌ কোনো কঠিন ব্যাপার নয়। সন্তান না হওয়ার পিছনে অনেক কারণ থাকে। যেমন অ্যান্টিবডি যদি বেশি হয়ে যায় তাহলে এই সমস্যা হয়। দেখবেন, যেসব মেয়ের শরীরে অতিরিক্ত চর্বি থাকে তাদের পক্ষে মা হওয়া অনেক সময় সম্ভব হয় না। ভয় পাবেন না মা’ ভদ্রলোক বললেন।



বাইরে বেরিয়ে এসে সিরাজ বলল, ‘তোমার অন্তত ওই সমস্যা নেই।’


‘কী সমস্যা?’


‘তোমার ফিগার দারুণ, কোনো বাড়তি চর্বি নেই।’ সিরাজ হাসল।


‘ধ্যাৎ, অসভ্য!’ লজ্জা পেল নার্গিস।


সেদিন দুপুরে হোটেলের উলটো দিকের রেস্টুরেন্টে খেতে গিয়ে ওরা অবাক হয়ে গেল। একেবারে বাসা

**********
No Review
Related Books
Loading books…