Home
পকেটমার

পকেটমার

সমরেশ বসু

পকেটমার

সমরেশ বসু
short story

Change color

ওঁ সর্বমঙ্গলমঙ্গল্যে শিবে সর্বার্থসাধিকে।

শরণ্যে ত্রম্বকে গৌরি নারায়ণি নমোহস্তু তে ॥


আহ্নিক শেষ করিয়া গৌরমোহন সাষ্টাঙ্গে প্রণাম করিলেন। রহিলেন সে অবস্থায় বেশ খানিকক্ষণ। তখনও তাঁহার কম্পিত ঠোঁটে ও অস্ফুট গলায় কোনও প্রার্থনার ধ্বনি শোনা যাইতে লাগিল। প্রণাম সারিয়া যত্নপূর্বক দৈনন্দিন, চন্দনচর্চিত গীতা এবং চণ্ডী সালুর কাপড়ে জড়াইয়া তুলিয়া রাখিলেন ঠাকুরের আসনের এক প্রান্তে।


বসিয়াছিলেন সেই কোন ভোরে। অন্ধকার থাকিতে গঙ্গাস্নান করিয়া ফিরিবার পথে পাঁচমন্দিরের শিব প্রণাম করিয়া আসিয়াছেন। তার পর আহ্নিক। এখন বেলা প্রায় নটা।


ইতিমধ্যে মেজবউ বারকয়েক উঁকি দিয়া দিয়াছে এবং প্রতিবারেই ফিরিয়া গিয়াছে কিঞ্চিৎ ঠোঁট ফুলাইয়া মৃদু শব্দে আঁচলের ঝাপটা দিয়া। কিংবা অকারণে ঘরে ঢুকিয়া এটা সেটা নাড়িয়া আড়চোখে দেখিয়া গিয়াছে শ্বশুরমশায়ের কোনও ভাবান্তর লক্ষ্য করা যায় কি না। কেন না, বিশেষ কার্যোপলক্ষে তাড়াতাড়ির জন্য তাঁহাকে সন্ধ্যা আহ্নিক করিতেও দেখা গিয়াছে। কিন্তু আজ বৃথা।


গৌরমোহনের চোখ তখনও অর্ধনিমীলিত, ভাবে এবং ভক্তিতে শান্ত ও গম্ভীর সে চোখের দৃষ্টি। কপাল চন্দনচর্চিত। পরনে একখানি বহু রিপু-করা পাতলা গরদ। ধোয়া হইলেও পুরনো গরদের রং দেখিয়া মনে হয় যেন কত ময়লা। মাথার কাঁচা-পাকা চুল ছোট করিয়া কাটা, শিখাটি বেশ লম্বা এবং তাহাতে একখানি পুরো গোলঞ্চ ফুল বাঁধা রহিয়াছে।…তাঁহার দেবভক্তির তুলনা নাই। সারা ভাটপাড়ায় তাঁহার ভক্তিমান ও সৎ বলিয়া খুবই সুনাম। তিনিই বলেন, এ নিয়েই তো বেঁচে আছি, আর কিই বা আছে, কেই বা আছেন বলো?


সত্য, তাঁহার আর কী আছে! একসময় চটকলে কেরানির কাজ করিয়াছেন তাই ছেলেকে লেখাপড়া শিখাইয়া মানুষ করিয়াছেন। কিন্তু ভাগ্য কিছুটা অপ্রসন্ন ছিল। বড়ছেলেটি বিধবা বউ এবং একটি ছেলে রাখিয়া মারা গিয়াছে। মেজটি বছরখানেক পুর্বে বিবাহ করিয়া চাকরি উপলক্ষে বিদেশবাসী হইয়াছে বর্তমানে। বলিতে গেলে তাহার আয়েই এ সংসারের ভরণপোষণ চলিতেছে। ছোটছেলেটি এখনও ছোটই। এ বছরে স্কুলপাঠ শেষ করিয়া সে কলেজে ঢুকিবে। আর তাঁহার স্ত্রী আছেন, সুনয়নী। ওই যে ঘরের একপাশে তক্তপোশে শুইয়া রহিয়াছেন বাত-পঙ্গু, অনড় এবং বাকশক্তিহীনা। কয়েক বছর ধরিয়া বোধ করি দিনেকের জন্যও শয্যা ত্যাগ করা সম্ভব হয় নাই। শুধু তাঁহার বড় বড় চোখ দুটিতে এখনও প্রাণ আছে, মনটা আসিয়া ঠেকিয়াছে সেইখানেই। চোখের ইশারাতেই তিনি ডাকেন, কথা বলেন। হাত দুটি নাড়িতে পারেন খুব আস্তে আস্তে।


এ বাড়ি এবং মানুষগুলির দিকে চাহিলেই বোঝা যায়, সুনয়নীর মৃত্যুর জন্য সবাই প্রতীক্ষা করিতেছে, কিন্তু তিনি সবাইকে নিরাশ করিতেছেন দিনের পর দিন। সারাদিনের মধ্যে তাঁহার প্রতি নজর কারও বড় একটা পড়ে না, খাওয়াইবার সময়টুকু ছাড়া। বলিতে গেলে, এখন তিনি না মরিয়াও মরিয়া রহিয়াছেন।


আহ্নিকের শেষ ঘণ্টাধ্বনি শুনিয়াই মেজবউ মালতী ছুটিয়া আসিল। বালিকামাত্র। বয়স বছর ষোলো সতেরো হইবে বা। চেহারার বিশেষত্ব কিছু না থাকিলেও সব মিলিয়া প্রায় সুন্দরী হইয়া উঠিবার উপক্রম করিয়াছে। আবদারে এবং কর্তৃত্বের ভারসাম্যে বয়সানুযায়ী তার চরিত্রটি বড় মিষ্টি। আদুরি বউ ও কর্মঠ গিন্নি, এ উভয়ধারার সংমিশ্রণে সে মানানসই।


সে আসিয়াই ভ্রূ তুলিয়া অভিমানের সুরে বলিল, আপনার কিন্তু, বাবা, আহ্নিক বেড়ে গেছে।


গৌরমোহন একটি নিশ্বাস ফেলিয়া নীরবে সস্নেহে হাসিলেন। এত বড় কথা একমাত্র মালতীই বলিতে পারে। আর কেহ বলিতে পারে নাই বা পারিবেও না। বিশেষ তাঁহার পূজা-আহ্নিক সম্পর্কে সকলেরই একটা শ্রদ্ধা রহিয়াছে।


আসন ছাড়িয়া উঠিবার মুহূর্তে রেকাবির চিনি প্রসাদের এক চিমটি লইয়া জিভে ও মাথায় ঠেকাইলেন গৌরমোহন। তার পর ছোট জলচৌকিখানিতে আসিয়া বসিলেন।


মালতী তখনও দাঁড়াইয়া আঁচল পাকাইতেছিল। খসা ঘোমটা টানিয়া দিয়া সে আবার বলিল, আজকে কিন্তু বাবা আর না বলতে পারবেন না, আগেই বলে রাখছি।


গৌরমোহনের মুখে হাসি লাগিয়াই আছে। বিরক্ত বা ক্ষুব্ধ হইলেও তিনি তা চকিতে গোপন করেন। বলেন, হ্যাঁ গো বেটি, তাই হবে। এখন তুমি–


আর বলিতে হয় না। খুশিতে চড়াই পাখির মতো ফুৎকারে উড়িয়া গেল মালতী রান্নাঘরের দিকে। আবার তেমনই চকিতে ফিরিয়া আসিল একটি ছোট বাটি ও চামচ লইয়া।


গৌরমোহনের স্নেহহাসি মুগ্ধ হইয়া উঠিল। বলিলেন, এ আবার কী?


মালতী লজ্জায় আনন্দে বাটির দিকে চাহিয়া বলিল, ছোলা আর লঙ্কা ভাজা নুন দিয়ে বেটে দিয়েছি। চায়ের সঙ্গে খুব ভাল লাগবে, খেয়ে দেখুন।


পাগলি কোথাকার! খুশিতে উজ্জ্বল হয়ে উঠিল গৌরমোহনের মুখ। আজকাল এক কাপ চা ছাড়া সকালে আর কিছু পাওয়া যায় না। এটা মালতীর বিশেষ আয়োজন।


ফিরিবার পথে মালতী আপনমনে হাসিয়া আবার দাঁড়াইল। চোখ বড় করিয়া বলিল, জানেন বাবা, অনুদের বাড়ির বউয়ের চুড়িগুলো আমি আজ দেখে এসেছি। কী সুন্দর ফ্যাশানের চুড়ি। আজকাল ওই ফ্যাশানটাই সকলে ভালবাসে।


বলিয়া রুষ্ট মুখে নিজের হাত দুখানি সামনে বাড়াইয়া বলিল, আর এ কী বিচ্ছিরি প্যাটার্ন, একেবারে সেকেলে। আমার বাবার যেমন বুদ্ধি, সোনা একটু দিল তো তার কোনও ছিরিছাঁদ নেই। আপনি আজই এগুলো আকুল স্যাকরার কাছে নিয়ে যান।


ছোলার মশলার ছাতু আটকায় গৌরমোহনের গলায়। হাসির একটু হুঁ হুঁ শব্দ করিতে গিয়া শুকনো ছাতু গলা দিয়া নাসারন্ধ্রে পৌঁছয় প্রায়। না, তাঁহার মন বুঝিয়া এমন অবারিতভাবে আর কেহ এ বাড়িতে আজও কথা বলিতে পারে না। পারে কেবল মেজবউ মালতী।


কিন্তু মালতী গেল না। ফিরিয়া একেবারে শ্বশুরের পায়ের সামনে বসিয়া বড় বড় চোখে ফিসফিস করিয়া বলিল, আমার বাবা তো এই দু আড়াই ভরি সোনাও দিতে চায়নি, জানেন বাবা? বলেছিল আমার ধর্মিষ্টি বেয়াই, হাতে পায়ে ধরে আমি এমনিই মেয়ে দিয়ে আসব।


বলিয়া এক মহাগিন্নির মতো ঘোমটা টানিয়া ভ্রূ কুঁচকাইয়া বলিল, আমিই বেঁকে বসলুম। বললুম, পাঠাচ্ছ তো এক গরিবের ঘরে, তবুও খালি হাতে? বড়দিকে পাঁচ ভরি সোনা দিতে পারলে, আর আমার বেলাতেই যত অভাব। শেষটায় তো–


শুনিতে শুনিতে এবার বিরক্ত হইয়া ওঠেন গৌরমোহন। কিন্তু হাসিটি একেবারে দূর হয় না। বলেন, হ্যাঁ গো পাগলি, খুব বুঝেছি, এবার একটু চা দাও।


ওমা, ভুলেই গেছি। বলিয়াই পড়ি মরি করিয়া ছুটিল মালতী।


আশ্চর্য! আপন বাপও এমন পর হইয়া যায় মেয়েদের কাছে। আর সে গল্পও কি না একেবারে শ্বশুরের কাছে। গৌরমোহনের ক্ষুব্ধ মুখ হইতে হাসিটুকু সম্পূর্ণ বিলুপ্ত হইয়া গিয়াছে।


মালতী আসিয়া চায়ের কাপটা রাখিতেই বাড়ির বাহির হইতে মোটা গলার ডাক ভাসিয়া আসিল, ঠাকুরমশাই, বাড়ি আছেন নাকি?


চায়ে চুমুক দিতে গিয়া চুম্বোনোন্মুখ ঠোঁট গৌরমোহনের আড়ষ্ট হইয়া গেল। বড় অসহায় ও করুণ দৃষ্টিতে তিনি চাহিলেন মালতীর দিকে। বউমা!


মাত্র এক বছর বিবাহ এবং বালিকা হইলেও মালতী এ চাহনির অর্থ বিলক্ষণ জানে। সে একমুহূর্ত অপেক্ষা করিয়া উঠানে আসিয়া জোর গলায় বলিল, দ্যাখো তো ঠাকুরপো, বাবাকে কে ডাকে। বলে দাও, বাড়ি নেই।


**********
No Review
Related Books
Loading books…