
নীলাঞ্জনছায়া
মনোজ সেন
গানটা ভালো করে শোনবার জন্য চোখ বুজে শরীরটা এলিয়ে দিলেন বীথি। শুনতে শুনতে ওঁর সমস্ত দেহমনে এক তৃপ্ত প্রশান্ত মধুর অনুভূতি আস্তে আস্তে ছড়িয়ে পড়তে লাগল। পাঁচতলার ওপরে ভিজে মাটির গন্ধ আসে না, তবু যেন কল্পনায় তাঁর ছেলেবেলাকার সেই অতিপরিচিত সুবাস— বেল, জুঁই আর কেয়াফুলের গন্ধে মিশে তাঁর সমস্ত সত্তাকে অধিকার করে নিতে আরম্ভ করল। যেমন হত হরিমোহনপুরের সোমারভিল কেমিক্যাল ওয়ার্কসের স্টাফ-কোয়ার্টার্সে তাঁর ছেলেবেলায়। ভাবা যায় না যে, তাঁর ছেলেমেয়েরা প্রফুল্ল কদম্ববন যে কী বস্তু তা জানেই না। ঘন মেঘের ছায়ায় জামের বনে যে অন্ধকার গাঢ় হয়ে আসে, বাগান থেকে ভেসে আসে আশ্চর্য সুগন্ধ, সে সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই। তাঁর মনে হতে লাগল যেন তাঁর জীবন থেকে সেই বেঁচে থাকার তীব্রতাটা কখনোই সম্পূর্ণভাবে হারিয়ে যায়নি। কলকাতার ধুলোধোঁয়া, ট্রামবাসের ঘড়ঘড়ানি আর অসংখ্য মানুষের ঠেলাঠেলি তাঁর অস্তিত্বের সেই অংশটাকে কোনোদিনই মুছে ফেলতে পারেনি।
এই চিন্তার মধ্যেই রাজার মতো প্রচণ্ড বজ্রপাতের ডংকা বাজিয়ে ঝমঝম করে বৃষ্টি এল। বীথির মনে হল, এক্ষুনি যেন রান্নাঘরের টিনের চালের ওপরে বৃষ্টির জলতরঙ্গের আওয়াজ ভেদ করে ভেসে আসা মা-র গলা শুনবেন, ‘ওরে জানলাগুলো বন্ধ কর। ঢিপসি হয়ে বসে না-থেকে বাইরের কাপড়গুলো তুলে আনতে পারছিস না? তোর বাবা তো একটা ছাতা নিয়েও যায়নি। ভিজে ঢোল হয়ে ফিরবে।’
হঠাৎ দরজার কর্কশ ঘণ্টির শব্দ বীথিকে একটা নিষ্ঠুর নাড়ায় হরিমোহনপুর থেকে উপড়ে এনে ফেলে দিল রাধামাধব দত্ত রোডের পাঁচতলার ফ্ল্যাটে। এ সময় কে আসতে পারে? গৌতম তো রাত্রে আসছে। তবে আবার কে এল?
চেয়ার থেকে উঠে দরজার আইহোলে চোখ লাগিয়ে বীথি দেখলেন বাইরে একজন অপরিচিত ভদ্রলোক দাঁড়িয়ে রয়েছেন। তাঁর পরনে নীল রঙের শার্ট, ছাইরঙের প্যান্ট, চোখে মোটা ফ্রেমের চশমা, মুখে কাঁচা-পাকা ফ্রেঞ্চকাট দাড়ি। এঁকে কোনোদিন দেখেছেন বলে মনে হল না।
একটু বিরক্ত হয়েই বীথি বললেন, ‘কে?’
বাইরের থেকে প্রশ্ন করা হল, ‘এটা কি মি গৌতম চক্রবর্তীর বাড়ি?’
‘হ্যাঁ। কিন্তু তিনি তো বাড়িতে নেই, কলকাতার বাইরে গেছেন, আজ রাত্রে ফিরবেন। আপনি কাল আসবেন।’
প্রশ্নকর্তা হাসলেন। বললেন, ‘আমি তাঁর সঙ্গে দেখা করতে আসিনি। আমার দরকার তাঁর স্ত্রী বীথির সঙ্গে। তিনি বাড়িতে আছেন কি?’
‘আপনি কে?’
‘আমি শশাঙ্ক, হরিমোহনপুরের শশাঙ্কশেখর মিত্র।’
বিদ্যুৎস্পৃষ্টের মতো থরথর করে কেঁপে উঠলেন বীথি। কোনো কিছু চিন্তা করবার আগেই তাঁর ডানহাতটা যেন উড়ে গিয়ে দরজার ছিটকিনি খুলে দিল। চেঁচিয়ে বললেন, ‘আরে, শশাঙ্কদা, তুমি! তুমি কোত্থেকে? এসো, এসো ভেতরে এসো। একী, দাড়ি রেখেছ কেন? চুলগুলো সব পেকে গেল কী করে? নিজের গলার তীব্রতাটা তাঁর নিজের কানেই কেমন যেন অস্বাভাবিক শোনাল।’
ভিজে জুতো পচপচ করতে করতে, এক হাতে একটা ব্রাউন রঙের চামড়ার ব্যাগ আর অন্য হাতে একটা ভিজে ছাতার জল ঝরাতে ঝরাতে ঘরে ঢুকলেন শশাঙ্ক। দরজার পাশে টেলিফোনের টেবিলের ওপর ব্যাগটা রেখে হাসতে হাসতে বললেন, ‘তোমার অনেক প্রশ্ন করবার আছে তো? আমি জানি। সব জবাব পাবে। আগে বলো, এই ভিজে জুতো আর ছাতা রাখব কোথায়?’
বীথি সামান্য বিস্ফারিত চোখে শশাঙ্ককে দেখছিলেন। তেতাল্লিশ বছর বয়েস অথচ এর মধ্যেই চুলদাড়ি বেশ পেকে গেছে, চোখে চশমা উঠেছে। তবে, সেই অসাধারণ স্বাস্থ্যটি অটুট রয়েছে, টোল খায়নি একেবারেই। হরিমোহনপুরের দিগন্তবিস্তৃত ধান খেতের আলের ওপর দিয়ে হো হো করে দৌড়োনো, ক্যানালের জলে সাঁতার কাটা, আম গাছে উঠে ঘুড়ি পাড়া আর বড়ো দরগার রুক্ষ মাঠে সারাবছর ফুটবল খেলা যে স্বাস্থ্য তৈরি করে দেয়, তাকে নষ্ট করা সহজ ব্যাপার নয়।
শশাঙ্কের প্রশ্ন শুনে বীথি বললেন, ‘এক মিনিট দাঁড়াও, ব্যবস্থা করছি।’ বলে বাথরুমের দিকে রওনা হলেন। হঠাৎ তাঁর ইচ্ছে হল ছেলেমানুষের মতো দৌড়ে যেতে কিন্তু পারলেন না, দেখলেন পায়ে পা জড়িয়ে যাচ্ছে। বাথরুম থেকে একটা লাল প্লাস্টিকের বালতি এনে শশাঙ্কের পায়ের কাছে নামিয়ে দিয়ে বললেন, ‘ভিজে জুতোজোড়া আর ছাতাটা এর মধ্যে রাখো।’
শশাঙ্কের ঠোঁটের কোণে একটা তীক্ষ্ন ছুরির মতো বাঁকা হাসি খেলে গেল। বললেন, ‘আমার প্যান্টটাও কিন্তু ভিজে গেছে।’
বীথির বুকের ভেতরে একটা আকাশ-ফাটানো বাজ পড়ল। ওঁর কান দুটো ঝাঁ ঝাঁ করে উঠল। নিজেকে সামলে নিয়ে চোখ পাকিয়ে বললেন, ‘ভিজুক গিয়ে। ফ্যানের নীচে বসো, এক্ষুনি শুকিয়ে যাবে।’
জুতো আর ছাতা বালতিতে রেখে শশাঙ্ক হাসতে হাসতে একটা সোফায় গিয়ে বসলেন। বললেন, ‘ঠিক আছে, ঠিক আছে। কত বছর বাদে দেখা হল বলো তো? বিশ বছর হবে। এখনও কিন্তু আমাকে বকুনি দেবার তোমার অভ্যেসটি পালটায়নি।’
বীথি ততক্ষণে ফিরেগেছন তাঁর রকিং চেয়ারে। বললেন, ‘বকুনি দেব না তো কী করব? তোমারও তো বাজে কথা বলার অভ্যেস পালটায়নি দেখছি।’
শশাঙ্ক সামনের সেন্টার টেবিলের ওপর পা তুলে দিয়ে, ভালো করে হেলান দিয়ে বসে দীর্ঘনিশ্বাস ফেলে বললেন, ‘এবার তোমার কী কী প্রশ্ন করবার আছে করে ফ্যালো। তারপরে, আমি আমার প্রশ্নমালা বের করব।’
বীথি বললেন, ‘আমার আর কী প্রশ্ন! কোথায় আছ, কী করছ, ছেলেপুলে ক-টি, কী করে তারা— এই তো।’
‘বেশ। তোমার প্রথম প্রশ্নের উত্তর, আছি গৌরদাস লাহা রোডে হিমশিখর অ্যাপার্টমেন্টে। এখান থেকে খুব একটা দূরে নয়। একটা ফ্ল্যাট কিনেছি সেখানে। বছর খানেক হল। দ্বিতীয় প্রশ্নের উত্তর, রুগি মারছি আর পয়সা কামাচ্ছি। হিমশিখরের একতলাতেই আমার চেম্বার। তৃতীয় উত্তর, ছেলেপুলে নেই, কারণ বিয়ে করিনি।’
‘বিয়ে করনি? কেন?’
‘এ প্রশ্নের উত্তর তো তোমার না জানার কথা নয়, বীথি। হরিমোহনপুরকে যদি ভুলে গিয়ে থাকো, তাহলে অবশ্য আলাদা কথা।’
‘হরিমোহনপুরকে ভুলিনি শশাঙ্কদা, ভোলা সম্ভবও নয়। কিন্তু তার জন্যে—’
বাধা দিয়ে শশাঙ্ক বললেন, ‘এর মধ্যে কোনো কিন্তু নেই বীথি। যা হবার নয়, তা হয়নি। ক-টা বছরই বা ছিলুম বিলেতে! তিনবছর, তার বেশি তো নয়। সেই তিনবছরের প্রত্যেকটা দিন আমি বেঁচে থাকতে পেরেছি কেবল হরিমোহনপুরের স্মৃতিটাকে বুকের ভেতর আঁকড়ে রেখে। প্রচণ্ড শীতে সেই আমাকে জুগিয়েছে উত্তাপ, নিঃসঙ্গতায় প্রাণ-ভরানো গান, ক্লান্তিতে নতুন করে লড়াই করার উদ্যম। যখন ফিরে এলুম, দেখলুম আমার সেই স্মৃতির হরিমোহনপুর ছিন্নভিন্ন হয়ে কোথায় মিলেয়ে গেছে, তার আর চিহ্নমাত্র নেই। জানো, তোমার যে বিয়ে হয়ে গেছে সে খবরটা পর্যন্ত আমাকে কেউ দেয়নি।’
বীথির গলার কাছে কী যেন একটা কঠিন জিনিস আটকে আছে, গলা দিয়ে স্বর বেরুতে অসুবিধে হচ্ছে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। কোনোরকমে ঢোঁক গিলে সেটাকে একটু নীচে নামিয়ে বললেন, ‘ওঁরা কেউ জানতেন না শশাঙ্কদা। মা কাউকে জানায়নি। তুমি বিলেত যাবার দশদিনের মধ্যে বাবা অ্যাকসিডেন্টে মারা গেলেন আর সেই আঘাতে মা কীরকম যেন কিংকর্তব্যবিমূঢ় হয়ে গেল। আমিও ভাবতে পারিনি যে তার একমাসের মধ্যে সমস্ত টাকাপয়সা বুঝিয়ে দিয়ে সোমারভিল কেমিক্যাল আমাদের ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দেবে। আমরা তখন অকূল-পাথারে। আর একটা মাস থাকবার অনুমতির জন্যে হেন লোক নেই যার কাছে আমরা দরবার করিনি। কিন্তু লাভ হয়নি কিছুই। কেউ এগিয়ে এসে একজন সামান্য সুপারভাইজারের স্ত্রী আর মেয়েকে সাহায্যের হাত বাড়ানো প্রয়োজন মনে করেনি, এমনকী কিছু বাড়তি মালপত্র কয়েক দিনের জন্য রাখার দায়িত্ব পর্যন্ত কেউ নিতে চায়নি। ফলে, মালপত্র নিয়ে আমরা যখন হাওড়া স্টেশনে এসে নামলুম, তখনও জানি না কোথায় গিয়ে উঠব। সেই রাগে মা হরিমোহনপুরের সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগ করেছিল।’
শশাঙ্ক বললেন, ‘আমি এরকমই কিছু অনুমান করেছিলুম। কিন্তু তোমার যখন বিয়ে ঠিক হল, তখন তুমি একবার হরিমোহনপুরে আমার বাবা-মার কাছে গেলে না কেন?’
‘গিয়েছিলুম শশাঙ্কদা, সব লাজলজ্জা বিসর্জন দিয়ে গিয়েছিলুম। ওঁরা আমার সঙ্গে খুবই সস্নেহ ব্যবহার করেছিলেন, কিন্তু তোমার ঠিকানা দেননি। বলেছিলেন, হারিয়ে গেছে। এরপর, আমার আর কিছু করবার ছিল না। যদিও আজ বলা নিরর্থক, তবু তার কারণটা তোমাকে বলছি। হাওড়া স্টেশন থেকে বেরিয়ে, আমরা জ্যাঠামশাইয়ের বাড়িতে গিয়েছিলুম আশ্রয়ের সন্ধানে। জ্যাঠাইমা পরিষ্কার জানিয়ে দিলেন যে, ওখানে আমাদের স্থান হবে না। সেখান থেকে মা-র বড়োমামার কাছে। সেখানে থাকতে পেলুম। সেটা যে কত বড়ো পাওয়া, যাদের সামনে একমাত্র বিকল্প ফুটপাথ— তারা ছাড়া আর কেউ তা বুঝতে পারবে না। তাই, আমার মামাতো ভাই শম্ভুদার স্ত্রী নন্দাবউদি যখন তার মাসতুতো ভাই গৌতমের সঙ্গে আমার বিয়ের প্রস্তাব আনল, তখন সেটা অস্বীকার করবার মতো ক্ষমতা আমাদের ছিল না। সদ্য বিএ পাশ করা কুড়িবছর বয়েসের একটি মেয়ের পক্ষে বিদ্রোহ করা তখন আত্মহত্যারই নামান্তর হত। পায়ের তলায় যেটুকু সামান্য মাটি সেটা যেকোনো মূল্যে আঁকড়ে থাকাই তখন আমাদের একমাত্র লক্ষ্য। আমার মা-র কথা ভেবে আমাকে রাজি হতে হয়েছিল।’
শশাঙ্ক ফিকে হাসলেন। বললেন, ‘হয়তো ভালোই করেছিলে যে, আমার কথাটা আর ভাবোনি। আমি আজ সেইজন্যে আর কিছু না-হোক, মুক্ত বিহঙ্গ হয়ে থাকতে পারছি। কিন্তু মুক্তি আমি চাইনি বীথি, আমি বন্ধনই চেয়েছিলুম। সেই সোনার খাঁচাটার সন্ধানে বিলেত থেকে ফিরে পাগলের মতো কলকাতার রাস্তায় রাস্তায় ঘুরে বেড়িয়েছি। কত লোকের কাছে অশ্রাব্য গালিগালাজ শুনেছি, কত জায়গায় মার খেতে খেতে বেঁচে গেছি। তবু, সেই খোঁজা তো আজও বন্ধ হল না। কোনো সুন্দরী মেয়ে দেখলে থমকে দাঁড়াই, খুঁটিয়ে খুঁটিয়ে তার মুখে আর একটা মুখ খুঁজি। লোকে ভাবে আমি দুশ্চরিত্র বদমাশ। আমি কেয়ার করিনে।’
‘কাকে তুমি খুঁজছ, শশাঙ্কদা? সেই বীথি তো আর নেই। হরিমোহনপুরের মতো সেও তো আজ কেবল একটা স্মৃতি।’
‘না, হরিমোহনপুর আমার কাছে কেবল একটা স্মৃতি নয়, বীথি। আমার বেঁচে থাকার জন্য দরকারি অন্যান্য অবশ্যপ্রয়োজনীয় জিনিসের মতোই তা বাস্তব। আমি তাকে হাত বাড়িয়ে ছুঁতে পারি। বিশেষ করে যবে থেকে রাজলক্ষ্মী কলেজের ফার্স্ট ইয়ারের একটি দু-বিনুনি করা শান্তশিষ্ট মেয়ের সঙ্গে আমার ঘনিষ্ঠতা, তবে থেকে আমার জীবনের সঙ্গে সে তো ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। তাকে কেবল একটা স্মৃতি বলে এড়িয়ে যাব, তার কি উপায় আছে?’
বীথির মনে হল, যেন তাঁর ঘরের সুস্থ, মসৃণ আর কঠিন দেওয়ালগুলো আস্তে আস্তে ভেঙে পড়ে যাচ্ছে। তাদের আটকানো দরকার, কিন্তু আটকাবেন কী করে? তাদের ভিতগুলো যে কবে নড়বড়ে হয়ে গেছে, টেরই পাননি। কীসের যেন একটা ঘুণপোকা তাঁর অজান্তে তাদের কুরেকুরে খেয়ে ফেলেছে। অথচ, দেওয়ালগুলো না থাকলে অনভ্যস্ত আকাশের নীচে বাঁচতে পারবেন কি? তাই বীথি নিজেকে দিয়ে বলালেন, ‘ওসব কথা থাক, শশাঙ্কদা। তার চেয়ে বলো, আমার ঠিকানা পেলে কোত্থেকে।’
শশাঙ্ক হাসলেন। বললেন, ‘চেষ্টায় কী না হয়, কী না হয় শেষটায়! তোমাদের এই বাড়িতে আমার এক রুগিনী আছেন। দিন দশেক আগে তাঁকে দেখতে এসে, তোমাকে দেখলুম গাড়ি থেকে নামতে। তোমাকে চিনতে এতটুকুও অসুবিধে হয়নি, জানো? রবীন্দ্রনাথের ক্ষ্যাপা পরশপাথর চিনতে পারেনি, এই ক্ষ্যাপা কিন্তু পারল। শুধু একটু মোটা হয়েছ, এই যা। তোমার সব খবর আমার সেই রুগি