
নিম্মগামী
সুনীল গঙ্গোপাধ্যায়
স্নেহের বাবাজীবন অমিয়,
আমায় তুমি চিনিবা না। তোমার পিতাঠাকুর অকালে স্বর্গগত হইয়াছেন জানিয়া মর্মাহত হইলাম। এতদিন তোমাদের কোনও সন্ধানাদি জানিতাম না। সংবাদপত্রে তোমার পিতা শ্রীমান। ভক্তিপদর মৃত্যুসংবাদ দেখিয়া তোমাদের ঠিকানা জানিলাম। তোমাদের আদি নিবাস ফরিদপুর জেলার পুব মাইজপাড়া গ্রামে, এমনই আমি মনে করিতেছি, আশা করি ইহাতে কোনও ভুল নাই। ভক্তিপদ ও শক্তিপদকে আমি অতি বাল্যকাল হইতেই স্নেহ করি। যাহা হউক, এখন। কাজের কথা বলি। পুব মাইজপাড়া গ্রামে আমার দশকর্ম ভাণ্ডার দোকান ছিল, নিশ্চয় তোমার বাবা-কাকার নিকট সে দোকানের কথা শুনিয়াছ। তোমাদের পরিবার আমার খাতক ছিল। হিসাবপত্রে দেখিতেছি তাং তেরো শত ছাপ্পান্ন, তেইশে আষাঢ় পর্যন্ত আমার দোকান হইতে দুই শত বত্রিশ টাকার তৈজস ও একখানি লেপ বাবদ আরও একান্ন টাকা তোমরা ধারে লইয়াছ। আজও তাহা পরিশোধ করা হয় নাই। তুমি কৃতী হইয়াছ, আশা করি বংশের এই ঋণ তুমি জানিবা মাত্র শোধ করিয়া দিবে। আমি এই শনিবার অর্থাৎ ৪ঠা শ্রাবণ সকাল নয়টায় তোমার গৃহে যাইব। টাকার জোগাড় রাখিও।
ইতি
আং তোমার জ্যেঠা হরিনাথ পাইন
চিঠিখানা পড়ে দলা-মোচা করে ফেলে দিতে গিয়েও অমিয় থেমে গেল। তার মনটা বিস্বাদ হয়ে গেছে। এইরকম সময় কারুর সঙ্গে কথা বলতে হয়, নইলে শুধু নিজের ভেতরে-ভেতরে গজরে গেলে একটা বিষবাষ্প মনকে আরও দুর্বল করে দেয়।
সে জোরে ডাকল, বুলা, বুলা।
সাড়া পাওয়া গেল না। দুটি ঘরের ছোট ফ্ল্যাট। অর্থাৎ বুলা এখন বাথরুমে। সন্ধে থেকেই অন্ধকার। অফিস থেকে ফিরে খাবার টেবিলেই চুপ করে বসেছিল অমিয়, সামনে একটা। কেরোসিন ল্যাম্প জ্বলছে। বুলা চা তৈরি করে দিয়ে এই একটু আগেও তো এখানে বসে কথা। বলছিল। গরম লাগলেই বুলা বাথরুমে গিয়ে শাওয়ার খুলে তার নীচে দাঁড়ায়। অথচ বেরিয়ে এলেই তো আবার ঘাম হবে।
অমিয়র মনের মধ্যে রাগ জমছে। সে টেবিলের ওপর থেকে খবরের কাগজটা টেনে নিল। এটা বাংলা কত সাল? বাড়িতে একটি মোটে ইংরেজি কাগজ রাখা হয়, তাতে বাংলা তারিখ নেই। ক্যালেন্ডারও একটি মাত্র, বিদেশি কোম্পানির। তখন অমিয় মনে-মনে হিসেব করতে লাগল। বাংলা সালের সঙ্গে পাঁচশো তিরানব্বই যোগ করলে ইংরেজি বছর। তাহলে…তাহলে…উনিশ শো উনপঞ্চাশ।
অমিয় দাঁতে দাঁত চেপে কিছু চেপে কিছু একটা অস্ফুট খারাপ কথা বলল।
আধঘণ্টা বাদে বুলা যখন বাথরুম থেকে বেরুল, তখন অমিয় বারান্দায় দাঁড়িয়ে আকাশ দেখছে। সামনে রাস্তা ঘাট মিশমিশে অন্ধকার, দেখবার কিছু নেই।
বুলা পাশে এসে দাঁড়িয়ে বলল, আজ যদি রান্না না করি…বাইরে কোথাও গিয়ে খেয়ে নিলে হয় না? সস্তা কোনও জায়গায়…
মাসের তিন তারিখ মাত্র, এখন দু-একদিন এরকম বিলাসিতা করা যায়। অমিয় বলল, চলো, কটার সময় যাবে, সাড়ে আটটা? এখন তুমি মিনিটদশেক সময় দিতে পারবে, তোমার সঙ্গে একটু কথা বলতে চাই।
বুলা একটু আড়ষ্ট হয়ে বলল, কী ব্যাপার, হঠাৎ গলার আওয়াজ এমন গম্ভীর হয়ে গেল যে!
—শোনো একটা ব্যাপারে আমার মেজাজটা খিচড়ে গেছে। তোমার সঙ্গে আলোচনা করলে আমার মনটা একটু হালকা হতে পারে। কিন্তু সেটা এক হিসেবে স্বার্থপরতাও হবে। আমার খারাপ-লাগাটা তোমার মনের মধ্যেও ছড়িয়ে যাবে খানিকটা।
–কী হয়েছে বলো তো?
—এই চিঠিটা পড়ো।
বুলাকে খাবারের টেবিলের আলোর কাছে গিয়ে পড়তে হল। ফিরে এসে বলল, এটা কি অদ্ভুত চিঠি?
—মনে হচ্ছে, এই শনিবার এক দ্বিতীয় শাইলক আসতে চাইছে আমাদের বাড়িতে।
—টাকা চাইছে তোমার কাছে। কী ব্যাপার কিছু বুঝতে পারলুম না। তোমার জ্যাঠামশাই হন?
—আমার কোনও জ্যাঠামশাই নেই। এই লোকটা কীরকম পাজি ভেবে দ্যাখো, বাবা মারা যাওয়ার খবর কাগজে দেখে লোকটা আমাকে লিখেছে, আসল উদ্দেশ্য টাকা চাওয়া।
—কীসের টাকা? তৈজস, লেপ এসব তোমার বাবা কিনেছিলেন ওই ভদ্রলোকের কাছ থেকে?
—কী করে আমি জানব? কবেকার কথা বলছে জানো? নাইনটিন ফর্টি নাইন, তখন আমি জন্মাইনি। আমার জন্মের আগে বাবা কারুর কাছ থেকে কিছু ধার করেছিলেন কি করেননি, সেই টাকা ওই লোকটা আমার চাইছে হাইট অব অডার্সিটি!
—এতদিন চায়নি কেন?
…তার মানে বাবা ধার করেননি ওর কাছ থেকে। এসব মিথ্যে কথা। কাকা আগেই মারা গেছেন, বাবাও গেলেন, তাই ও এখন আমার সেন্টিমেন্টে সুড়সুড়ি দিয়ে টাকাটা বাগিয়ে নিতে চাইছে। ওঁরা বেঁচে থাকলে জোচ্চুরিটা ধরে ফেলতেন।
—এরকমভাবে টাকা চায়, আমি আগে কখনও শুনিনি।
—লোকটা অতি নীচ। মানুষের এমন নীচতা আমি সহ্য করতে পারি না। যারা অন্যকে ঠকিয়ে নিজের সুখ চায়, তারা নরকের কীট।
—তুমি বেশ রেগে যাচ্ছ।
—রাগব না? ও আমাকে এমন বোকা ভেবেছে।
—তোমার মাকে জিগ্যেস করো ব্যাপারটা।
–কাগজে খবরটা দেখেই লোকটা মনে-মনে এই মতবল ভেঁজেছে। কিন্তু আমার ঠিকানা পেল কী করে?
–কাগজের রিপোর্টেই তো ছিল।
–কাগজে আমাদের বাড়ির ঠিকানা ছিল? না তো।
—ছিল না?
অমিয়র বাবা বিখ্যাত লোক ছিলেন না। তবু তাঁর মৃত্যু সংবাদ ও ছবি ছাপা হয়েছিল প্রায় সব খবরের কাগজের প্রথম পাতায়। স্কুল মাস্টারি থেকে রিটায়ার করেছিলেন, সাতষট্টি বছর বয়েসে, তাঁর স্বভাব ছিল রাস্তায়-রাস্তায় টো-টো করে ঘুরে বেড়ানো। কেন যে তিনি ভোরবেলা রাজভবনের সামনে গিয়েছিলেন তা কেউ জানে না। ওই সময় রাস্তা ফাঁকা থাকে তবু তিনি গাড়ি চাপা পড়লেন। কলকাতায় প্রত্যেক দিনই দু-তিনজন গাড়ি চাপা পড়ে মরে, খবরের কাগজে তারা এক লাইন দু-লাইন স্থান পায়, কিন্তু ভক্তিপদবাবু চাপা পড়েছিলেন, স্বয়ং রাজ্যপালের গাড়ির নীচে। সে গাড়িতে রাজ্যপাল তখন ছিলেন, না ছিলেন না, সে সম্পর্কে মতভেদ আছে, কিন্তু মুমূর্ষু ভক্তিপদবাবুকে রাজভবনের মধ্যে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই তিনি শেষ নিশ্বাস ফেলেন। সেইজন্যই রিপোর্টারদের হুড়োহুড়ি। কয়েকজন রিপোর্টার এসেছিল অমিয়র কাছে। তার রি-অ্যাকশান জানতে।
ভক্তিপদ মৃত্যুর আগে বড় ছেলের নাম উচ্চারণ করেছিলেন, কিন্তু এ-বাড়িতে তিনি থাকতেন না। অমিয়র ছোট ভাই থাকে বেহালায়, মা-বাবা সেখানেই থাকতেন। বুলার সঙ্গে বিয়েটা মা ঠিক মেনে নিতে পারেননি।
বাবা নিজেই অমিয়কে বলেছিলেন, বেহালার বাড়িতে জায়গা এত কম, এখানে তুই নতুন বউকে নিয়ে কী করে থাকবি। একটা ফ্ল্যাট দেখে নে—যাওয়া আসা তো থাকবেই।
মৃত্যুর আগে ছ-মাস বাবার সঙ্গে দেখাই হয়নি অমিয়র। শ্রাদ্ধের পর একুশদিন কেটে গেছে, আজ সেজন্য একটু অনুতপ্ত বোধ করল অমিয়।
বুলা বলল, শনিবার লোকটা আসবে, তুমি কী বলবে?
অমিয় রুক্ষ গলায় বলল, দরজা থেকে ভাগিয়ে দেব। কিংবা আমি দেখা করব না, তুমি মুখের ওপর দরজা বন্ধ করে দিয়ো। এইরকম লোভী লোকদের দেখলেই আমার মাথা গরম হয়ে যায়, হয়তো একটা থাপ্পড়ই মেরে বসব।
একটু বাদে, বাইরে বেরুবার জন্য যখন তৈরি হচ্ছে বুলা, অমিয় আবার উত্তেজিতভাবে বলল, আর একটা কথা মনে পড়েছে। আমার বাবা আমাদের দেশের বাড়িতে লাস্ট গিয়েছিলেন, না