
নাম নেই
মলয় রায়চৌধুরী
মুহূর্ত । প্রতিটি মানুষের মাথা তার ধড় থেকে খসে পড়ে গেল ।
কুক্ষণ আর সুক্ষণের ঠিক মাঝখানে যে ব্রাহ্মঝাক্কাস, টুক, অঘটন আর দুর্ঘটনার ঠিক ফুটিফাটা মদ্যিখানে, ঘটাঙ, উপনিবেশ আর উত্তরউপনিবেশের লোভচকচক ফাটলে, ঘ্যাচাঙ, হয়েছিল ব্যাপারটা, ঝিরিবাদলা বর্ষা ফুরিয়ে শরতের কাশফুলায়িত ডাকে ঢলে পড়তে চলেছে এরকম অপরিণামদর্শী সময়ে, ফিনফিনে রাতের চাঁদহীন চাঁদনি দুপুরে, দেশের ছেলে বুড়ো মেয়ে মহিলা ছোকরা ছুকরি কেউই আঁচ করতে পারেনি কী ঘটতে চলেছে, ভূমিকম্প হাওয়াকম্প জলকম্প কথাকম্প বিদ্যুৎকম্প না আকাশকম্প, তাদের জীবনে, দেশে, পরিবারে, সমাজে, আর ব্যাস, ঘ্যাচাঙ নিঃশব্দে, যেন সরু বাদামি চিরুনি দিয়ে কাঁচাপাকা চুলে সিঁথে কাটা হচ্ছে, কোনোরকমের কাঁপকাঁপি ছাড়াই, এক সেকেণ্ডে সব বদলে গেল । দেশের প্রতিটি মানুষের, কোলের খুকু থেকে কোলকুঁজো বুড়ি, প্রত্যেকের মাথা, সেই মুহূর্তক্ষণে, ঘাড় থেকে খসে পড়ে গেল, কারোর এক ফোঁটা ঘাম কান্না রক্ত পড়েনি, সবাক হবার আগেই তারা নির্বাক।
এককালে, যখন তারা ট্রাউজার শার্ট বুশশার্ট পরতে জানতো না, মেয়েরা জানতো না কাকে বডিস ব্লাউজ শেমিজ থঙ বলে, অশুদ্ধ হবার আতঙ্কে বাড়ির বাইরে সাতসকালের অন্ধকারে গাড়ু ঝুলিয়ে হাগতে যেতো, দেশের মানুষজনের সাধারণ ধরণ-ধারণ ছিল, জটিল-সরল মতবাদের সমন্বয় ছিল, ঝুলকোঝোলা ঐতিহ্যের জগাখিচুড়ি ছিল, হুদো-হুদো শাস্ত্রের হাঁচানো বই ছিল, যা সেই লোহার যুগ থেকে চলে আসছে, যদিও এদের কোনো একক প্রতিষ্ঠাতা বলে কিছু ছিল না আর নেইও, যেমন আর সবায়ের দলের হয় ।
অনেক কাল আগে, মানে সেটা যে কতোকাল তা বলা মুশকিল, এদের টোটেম ছিল বয়াংসি বা পাখি, তা কোন পাখি তা নিয়েও গোলমাল, সেই থেকে দেশের মানুষের চরিত্রে লটকান্তি উড়ুউড়ু-ভাব দেখা যায়, কোনো কিছুই নিশ্চিন্তিয়ে করতে পারে না । তবু তাদের দেশের যুবকরা, এখন, আজকের দিনে, প্রগতি যখন চনমনিয়ে দিগবিদিকে ছুটছে, মাথা না থাকা সত্ত্বেও, গলির গন্ধ শুঁকে বলে দিতে পারে পাড়াটা খানকিদের, ঘটকদের, দালালদের, বই বিক্রির, কালেজ ক্যান্টিনের, মেয়েদের হস্টেলের, ফাটকার না বন্দরের, তেমনি যুবতীরা, মাথা না থাকা সত্ত্বেও, গন্ধ না শুঁকেই বলে দিতে পারে কোন কালেজের বারান্দা, কোন মলের পিৎজাঠেক, কোন কফিঘরের গ্যাঞ্জাম, কোন কনডোমের আঁস্তাকুড়, কোন নাচঘরের ঘেমো মাতালদের ঠেক ।
মাঝে , মাঝে মানে এই বছর তিরিশেক আগে, হঠাৎই, যেন বিদেশি দেবদূতদের ফিনফিনে উড়ুক্কু ডানা তাদের চুলেল বগলের তলায় গজিয়েছে, এলাকার সব মানুষের গায়ের চামড়া টকটকে লাল হয়ে গিয়েছিল, সবায়ের সে কি আতঙ্কিত আনন্দ, মাথাহীন চোখ না থাকা সত্ত্বেও, ওদের কমিসারের বাণী মেনে, ছোকরারা পথে-পথে ডাঁটিয়ে বেড়াতো, “এই দ্যাখ, আমার লাল্লিঙ্গ কেমন টকটকে, পুরো দুনিয়াটাকে এবার বদলে ফেলবো, বড়োলোক-ছোটোলোকে তফাত থাকবেনা, কুচো মাছ-বড়ো মাছ তফাত থাকবে না, পাঁঠা-খাসির পার্থক্য থাকবে না, পিছড়াবর্গ আর তাগড়ার্বের আলাদা গেট থাকবে না, বামুন-শুদ্দুরে পার্থক্য থাকবে না, মাঠেঘাটে ধোঁয়াক্কার কলকারখানা বসিয়ে দেবো এই লাল্লিঙ্গের জোরে” ; ছুকরিরা, মাথাহীন চোখ না থাকা সত্ত্বেও, বলে বেড়াতো, “অ্যাই, দেখ-দেখ,আমার লাল্গুদ কেমন টসটসে, পুরো দুনিয়াটাকে এবার পালটে ফেলবো, উঁচুজাত-নিচুজাত থাকবে না, বেশিপড়া-কমপড়া থাকবে না, দামি শাড়ি সস্তা শাড়ির তফাত থাকবে না, ভরাপেট-খালিপেটের তফাত ঘুচিয়ে দেবে আমার এই লাল্গুদ, দেখে নিস তোরা, পথে-পথে মিলমেশিন কাজ করবে চোপোর ঘণ্টা আমার এই লাল্গুদের জোরে”।
আসলে সবায়ের একই রকমের লাল রঙ ছিল না, যার ক্ষমতা যতো বেশি তার চামড়া ততো লাল ছিল, চুল কাঁচা হোক বা পাকা, মাথার নয়, মাথা তো নেইই, সবায়েরই খসে পড়ে গেছে, অন্য জায়গার চুল । সমস্যা হলো যে, ন্যানোনুনুকে মানুষ খারাপ মনে করতো এবং করে, অথচ ন্যানোযোনিকে মনে করতো এবং করে, উর্বশীর চাকুমচুকুম নিশিবরে পাওয়া । চামড়া দেখে লোকে টের পেয়ে যেতো কে কতো ক্ষমতা রাখে, কটা লাশ লোপাট করতে পারে, কতো বডি ফেলিয়ে দিতে পারে, কতোজন তরুণীকে পালোয়ান পাঠিয়ে ধর্ষণ করিয়ে দিতে পারে । যার চামড়া সবচেয়ে টকটকে লাল, সেই কমিসার, তার লাল্লিঙ্গ ছোয়ারার মতন শুকিয়ে গিয়ে থাকলেও, সে এসব খবর কানে এলো বলতো, “অমন তো প্রায়ই হয়, এ আবার নতুন কি”, কাউকে ক্ষমতা দিতে হলে জিগ্যেস করতো, “আমাদের কথা শুনবে-টুনবে তো?”
হায়, রঙটা কাঁচা ছিল বলে তিরিশ বছরের বেশি চামড়ায় রইলো না, কমিসার গিয়ে জমিসার এলো, একটু-একটু করে উবে গিয়ে গণ্ডারের চামড়ার রঙে ফিরে গেছে, আনন্দকে হাহুতাশে রাঙিয়ে । তার আগে, ভয়ার্তযুগে, কচি-কাঁচা ছোকরা-ছুকরিদের লিঙ্গযোনি লালের চেয়ে বেশি টকটকে লাল হয়ে যাচ্ছে দেখে, রোগটা যাতে না সারা এলাকায় ছড়িয়ে পড়ে, ফিকে লাল্লিঙ্গ আর ফিকে লাল্গুদদের হাতে ক্ষমতা যাবার আগের কমিসাররা , তাকে রঙের প্লেগ বলেই মনে করেছিল, তাদের কোতল করে-করে ঠেলায় ল্যাংটো চাপিয়ে চ্যাঙদোলিয়ে নদীতে গিয়ে ঝপাঝপ ফেলে দিতো, আর নদীতে তাদের পচাহাজা মাংস খেয়ে নাচিয়ে গাইয়ে রুপোলি মাছেদের পিত্তি লাল রঙের হয়ে গিয়েছিল ।
আগেকার গোষ্ঠীপতি-পত্নীরা উবে গিয়ে আর কিছুটা পালটি খাবার দরুণ, লাল চামড়ার মানুষেরা খুঁজে বেড়াতো কাদের লাল্লিঙ্গ হয়নি, কাদের লাল্গুদ হয়নি, তাদের ধরে-ধরে বেদম পিটুনি দিয়ে সমবায়ী পিপেতে তাদেরই রক্তে চুবিয়ে রাখতো, ফলে তারা হয় নেতিয়ে মরে ফুলে জলহস্তি হয়ে যেতো বা রক্তের রঙের টুকটুকে হয়ে যেতো । না হতে পারলে তাদের পেঁদিয়ে আড়ং ধোলাই দিয়ে, এলাকাছাড়া করে দেয়া হতো, এমনটাই লিখে গেছেন প্রখ্যাত ইতিহাসকার ইবন ফাতুস্তা ।
সেসময়ে লালন সাঁইয়ের একজন ভক্ত, আড়ং ধোলাই খেয়ে, ‘লাল সেলাম হায়’ নামে এই পদ্যটা লিখেছিল, সত্যিই বেচারা–
মুখের ভেতরে এক জান্তব গোঙানি-ডাক চলাফেরা করে
জেলহাজতের ভিড়ে ত্রিকালজ্ঞ যম দেখে চমকে উঠি
এরা কারা হাতকড়া পরে ঠাঠা হাসে সারাদিন
বাইরে যারা রয়ে গেল ঝুঁকিয়ে দাঁতাল মাথা
তারাই বা কারা
জল্লাদের ছেড়ে-দেয়া প্রশ্বাস বুক ভরে টানে
চাই না এসব ধন্দ
মশারি খাটিয়ে বিছানায় সাপ নারীর বদলে
নৌকোর গলুই থেকে ছুরি হাতে জ্যোৎস্নায়
বুকের ওপরে বসবে লুঙিপরা রোমশ সারেঙ
নাসারন্ধ্র থেকে বন্দুকের ধোঁয়া
‘বল শালা শকুন্তলার আঙটি কোন মাছে আছে’
জানি তবু বলতে পারি না
মুখের ভেতর আঙটি জিভের তলায় আমি লুকিয়ে রেখেছি
সেসময়র পর ইলিশমাছেরা ভয়ে সমুদ্র থেকে এই দেশের নদীতে ডিম পাড়ার বদলে পাশের দেশের নদীতে চলে যেতো, সেখানকার লোকেদের গায়ের চামড়া পিত্তি-সবুজ , সেই ইলিশ ডবল দামে কিনতো এই এলাকার লাল্লিঙ্গ-লাল্গুদ বর-বউ লোক-লোকিনি চাকুরে-চাকরানি সাইকেলবাবু-মোটরগাড়িবাবু । চামড়ার লাল রঙ ঝিংকিচিকিং ঝিংকিচিকিং ফুরিয়ে গিয়ে গণ্ডারের চামড়ার প্রাকৃতিক রঙ ধরার পর, এখন তারা, জমিসাররা, গালে তামাক পুরে আঁশটে নাইলনের থলে ঝুলিয়ে কে বেশি দামে খুকি ইলিশ কিনতে পারে তার প্রতিযোগীতা করে ; তবে ইলিশকে থলেতে ভরলে বাড়ির লোকেদের মনখারাপ হতে পারে বলে পাটের সুতলিতে বেঁধে দোলাতে-দোলাতে নিয়ে যায়, আর খুকি ইলিশের হাসিখানা নিজের ফোলা গালে গিকগিকিয়ে হাসতে হাসতে যায়।
খাটো হেটো ডাঁটো অনুসন্ধানকারীরা এদেশে বহুবার এসেছেন-গেছেন, কালো, বাদামি, হলুদ বা শাদা চামড়ার ওপরে স্যুট-টাই ঝকমকে বাদামি বা কুচকুচে জুতো , কিংবা পায়ের দুআঙুলে পরবার কোলহাপুরি চপ্পলে ধুতি-পাঞ্জাবি রিমলেস চশমায়, বা মাথায় রাষ্ট্রানুযায়ী সংস্কৃতির রঙচঙে টুপি আর ডুরে বা চাককাটা লুঙ্গিতে, দল বেঁধে বা একা, শীতকালেই বেশি, এনজিওর বিদেশি পয়সায় বা রাষ্ট্রের টাকায়, বৈজ্ঞানিক গুপ্তচরগিরি বা নিঃস্বার্থ সন্দেহে, নৌকোয়, স্টিমলঞ্চে, হুডখোলা গাড়িতে বা শীতাতপ নিয়ন্ত্রিত সাত-সিটার মেটেল মোটরে, ল্যাপটপে গবেষণা করেছেন, হ্যাণ্ডিক্যামে ভিডিও তুলেছেন, স্মার্টফোনে ছবি ধরে রেখেছেন, ছককাটা কাগজে তালিকা ছকেছেন, আলোর সামনে ধরে এক্স-রে প্লেট যাচাই করেছেন, ছুঁচে রক্ত নিয়ে টেস্টটিউব নাড়িয়ে পরীক্ষা করেছেন, শেষ পর্যন্ত নির্ণয় নিয়েছেন যে, এই মানব প্রজাতি আসলে ট্রান্সহিউম্যান বা মানবাধিক, তার কারণ এখানকার মানুষদের, দুধের শিশু থেকে কুঁজো বুড়ি, কারোরই, কাঁধের ওপর মাথা নেই, তা সত্বেও তারা সেই সব মানুষের চেয়ে কোনো প্যাঁচপেঁয়াজিতে কম যায় না, যাদের কাঁধে মাথা আছে, আর মাথা থাকলেও যারা ব্রহ্মাণ্ডজগতে নানা গোলমাল পাকিয়ে চলেছে, কতো মানুষকে যে শান্তিতে আরামে আয়েসে তন্দ্রায় আলস্যে বৈভবে দারিদ্র্যে ক্ষুধায় ল্যাদখুরিতে তিষ্ঠোতে দিচ্ছে না, তার গোণাগুণতি করা যন্ত্রের পক্ষেও যন্তর ঘামিয়ে সম্ভব নয় ।
ভিনদেশের কোনো জোব্বাপরা পাকাগুঁফো লম্বাদাড়ি বাবরিচুল ইতিহাসের জ্যোতিষি নতুন যুগ, যাকে অনুসন্ধানকারীরা বলেছেন অ্যানথ্রোপোসিন বা মানব্যযুগ, আনার চেষ্টায় জ্যামিতিক হামবড়াই তৈরি করেছিলেন, বই পড়ে আর বই লিখে, যাতে দেশে দেশে লোকেরা সকলেই উবেরমেনশ বা পরামানব হয়ে উঠতে পারে । তা তো হল না, কিন্তু তাঁর পরীক্ষা-নিরীক্ষার এমনই ফল হল যে ভাদ্র মাসের শুক্রবার দুপুররাতে বারোটা বেজে এক মিনিটে সকলের ঘাড় থেকে মাথা টুপটাপ ঢুপঢাপ ঠকঠকাস দুমদাম এক লপ্তে খসে পড়ে গেল, রক্তহীন, কুমোরের চাকিতে সুতো দিয়ে কাটা কলসির ঢঙে, যেন আঠা দিয়ে জোড়া ছিল জন্মের সময় থেকে । ৯৮৫৩০১০১টা মাথা ফুলশয্যার বিছানায়, মাদুরের ওপর, আরামচেয়ারে, বাড়ির সামনে, বাজারে, পথের পাশে, মাঝ রাস্তায়, পুকুরে, নদীতে, রিকশয়, ঠেলাগাড়িতে, তাসখেলার ক্লাবে, চাষের মাঠে, নৌকোর গলুইতে, ফুটবল মাঠের ময়দানে পড়েছিল সাতরাত-ছয়দিন ।
কোনো-কোনো তে-এঁটে বেগড়বাঁই পাবলিক নিজের খসে পড়া মাথা তুলে আবার ঘাড়ের ওপর বসিয়ে নেবার চেষ্টা করেছিল, মাথাগুলো রাজি হয়নি, আবার মাটিতে লাফিয়ে পড়ে গিয়েছিল চোখে-ঠোঁটে মিটিমিটি হাসি নিয়ে, কোনো-কোনো মাথা বিরক্তিতে খাড়া চুলে আর লম্বা বিনুনি ঝাপটিয়ে গালমন্দও করেছিল, ‘শালা আঁতেল কোথাকার, গাণ্ডু কোথাকার, গায়ক কোথাকার, চশমখোর কোথাকার, হারামজাদা কোথাকার, সাংবাদিক কোথাকার, প্রতিক্রিয়াশীল কোথাকার, খোচর কোথাকার, বানচোদ কোথাকার, খানকি কোথাকার, লুচ্চা কোথাকার, কবি কোথাকার, ফিল্মনির্দেশক কোথাকার, ঘুষখোর কোথাকার, চাষা কোথাকার’, তার কারণ মাথাগুলো তো জানতো যে যার ঘাড় থেকে খসে পড়েছে সে কেমনতর খচ্চর বা খচ্চরিনি । কতো মেয়ে যে ‘আমার বিনুনি আমার চুল আমার খোঁপা’ কাঁদতে কাঁদতে মুণ্ডুগুলোকে ঘাড়ের ওপর থাকতে অনুরোধ করেছিল তার ইয়ত্তা নেই, মাথাগুলো বাঁদিক আর ডানদিকে হেলে হেলে চুল ঝাপটিয়ে বলছিল, ‘উঁহু উঁহু উঁহু উঁহু উঁহু’ ।
দেশের মুণ্ডহীন লোকেরা যখন বুঝতে পারল যে, আরে, আমাদের মাথাগুলো সর্বত্র গড়াগড়ি যাচ্ছে, এদিকে, কই, আমাদের মাথার তো আর কোনো দরকার পড়ছে না, সব কটা ইন্দ্রিয় আগের মতনই কলকলিয়ে দমদার রয়েছে, ওই তো আকাশের তারা দেখতে পাচ্ছি, এই তো কুকুরের ডাক শুনতে পাচ্ছি, স্বামীর জড়িয়ে ধরায় উত্তেজিত-রসাক্ত হচ্ছি, গলার ভেতরে রসোগোল্লা ফেলে মিষ্টি টের পাচ্ছি, কড়া সেন্টের গন্ধে গলা দিয়ে হাঁচছি, তখন তারা, দেশের কালো ধলা বেঁটে লম্বা রোগা মোটা মুণ্ডহীন লোকেরা, দেশের সবচেয়ে বড়ো সরকারি গম্বুজ-ভবনে মুণ্ডগুলো সংরক্ষণ করেছিল, আত্মীয়-অনাত্মীয়-প্রতিবেশী যার মুণ্ডু সামনে পেয়েছে কোলে করে নিয়ে গিয়ে রেখে এসেছে ভবনের একতলা দুতলা তিনতলায়, প্রায় এক সপ্তাহ অন্য কাজ ফেলে মুণ্ডু তোলার কাজে ব্যস্ত ছিল দেশবসতের মানুষ ।
এখন, বছরের পর বছরের পর বছরের পর বছরের পরে মুণ্ডুগুলো হাসিমুখো করোটি হয়ে গেছে, কয়েকটা শ্যাওলায় সবজেটে, কয়েকটার চোখের ভেতরে পাখির ইঁদুরের ঝিঁঝির তক্ষকের বাসা, সে আজ অনেককাল আগের কথা, তখন মাথা না হলে মানুষ কোনো কাজ করতে পারতো না, এমনকী ঝগড়া-মারামারি, মা-বোন তুলে গালাগাল, তহবিল তছরুপ, কিংবা তর্কাতর্কি-খুনোখুনি করতে পারতো না, দেশপ্রেমের গান গাইতে পারতো না, দল