
নানারকম
মনোজ সেন
ইতিহাসের সূচনা
চাণক্য চিন্তিত মুখে বাতায়নের সামনে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে ছিলেন। কিছুদিন আগে সাম্রাজ্যের পশ্চিম সীমান্ত থেকে যে খবর এসেছে— সেটাই তাঁর উদবেগের কারণ। পাটলিপুত্র নগরের ওপর তখন দিনের আলো ম্লান হয়ে আসছে। মন্দিরে মন্দিরে সন্ধ্যারতির ঘণ্টাধ্বনি আর বৌদ্ধবিহার ও সংঘারাম থেকে ঢক্কার শব্দ শোনা যচ্ছে। চারিদিকে দোতলা বা তিনতলা সুরম্য কাঠের বাড়িগুলোর একতলায় জ্বলে উঠেছে প্রদীপ। নগরপালিকার লোকেরা জ্বলন্ত মশাল হাতে পথের দু-ধারে দীপাধারগুলি জ্বালিয়ে দিতে শুরু করেছে। মালিনীরা মাথায় ঝুড়ি নিয়ে ফুল আর মালা বিক্রি করতে বেরিয়ে পড়েছে। বন্দর আর বিভিন্ন কর্মশালা থেকে কর্মীরা বাড়ি ফিরতে শুরু করেছে। আদিত্যদেবের সঙ্গে এবার তাদেরও বিশ্রাম নেবার সময় হল।
সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য সুখাসনে বসে তাঁর গুরুদেবের দিকে তাকিয়ে ছিলেন। তাঁর চিন্তায় ব্যাঘাত ঘটাতে ঠিক সাহস পাচ্ছিলেন না। শেষপর্যন্ত না-বলে পারলেন না, ‘কেন আপনি এত চিন্তা করছেন, গুরুদেব? সেলুকাস সিন্ধু নদ পার হবার তোড়জোড় করছে, করতে দিন। আমার সৈন্যবাহিনী সিন্ধুর এপারে তার ক্ষত্রপদের একের-পর-এক পরাজিত করে নদী পার করে দিয়েছে। সেলুকাসকেও সেই পথেই যেতে হবে, যদি সে পূর্ব তীরে এসে উঠতে পারে।’
চাণক্য ঘুরে দাঁড়িয়ে তীব্রদৃষ্টিতে চন্দ্রগুপ্তের দিকে তাকিয়ে বললেন, ‘নির্বোধের মতো কথা বোলো না। কতকগুলো সামান্য ম্যাসিডনীয় ক্ষত্রপ আর সেলুকাস এক পদার্থ নয়। সে দস্যু আলেকজান্ডারের সবচেয়ে প্রিয় সৈন্যাধ্যক্ষ। সে শয়তানিতে তার প্রভুর চেয়ে কিছু কম যায় না। ভুলে যাচ্ছ কেন যে এই বিদেশি দস্যুরা ভারতীয় নয়? ভারতের ন্যায়যুদ্ধ এদের কাছে হাস্যকর নির্বুদ্ধিতামাত্র। এই ম্যাসিডনীয়দের কাছে যুদ্ধে জেতার জন্য যেকোনো রকমের জঘন্য নীচতার আশ্রয় নেওয়া শুধু নীতি নয়, পরম ধর্ম। পুরুরাজকে বা পারস্যসম্রাট দারায়ুসকে কীভাবে পরাজিত করা হয়েছিল, সে নৃশংসতার কথা তুমি জানো না?’
‘জানি, গুরুদেব। তবে, এও জানি যে যত কূটকৌশলই সেলুকাস করুক না কেন, মগধের সৈন্যবাহিনীর সামনে সে দাঁড়াতে পারবে না। আমি ইতিমধ্যে উত্তরদেশ থেকে একটি অশ্বারোহী আর দক্ষিণাঞ্চল থেকে একটি পদাতিকবাহিনী সীমান্তে পাঠিয়ে দিয়েছি। সম্প্রতি গঙ্গাহৃদি রাজ্য থেকে কেনা পাঁচ-শো রণহস্তীর মধ্যে দু-শোটির একটি দলও পাটলিপুত্র থেকে রওনা হয়ে গেছে। তারা আমাদের ওখানে বর্তমান সৈন্যবাহিনীর শক্তি তো বাড়াবেই আর দেখবেন, তাদের আক্রমণের সামনে সেলুকাসের সৈন্যরা ঝড়ের মুখে শুকনো পাতার মতো উড়ে যাবে।’
‘মূর্খ, মূর্খ! কে তোমাকে বলেছে যে সে তোমার সৈন্যবাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে অবতীর্ণ হবে? শোনো চন্দ্রগুপ্ত, আমি তোমাকে যে রণনীতি শিক্ষা দিয়েছিলাম যে যখনই তুমি শত্রুকে হেয় জ্ঞান করবে, তখনই তোমার সর্বনাশ অনিবার্য হয়ে উঠবে— সে কথা তুমি ভুলে গেছ। পুরুর সঙ্গে আলেকজান্ডারের একটিমাত্র যুদ্ধের রণকৌশল পর্যালোচনা করে আর ইউডেমাস বা পেইথনের মতো কতকগুলো অপদার্থ ক্ষত্রপকে যুদ্ধে হারিয়ে তুমি ভাবছ যে ম্যাসিডনীয়দের কূটযুদ্ধের সবকিছু তুমি শিখে ফেলেছ, তাই না? জেনে রাখো যে, আসলে তুমি শেখোনি কিছুই!’
চন্দ্রগুপ্ত মাথা চুলকিয়ে বললেন, ‘সত্যিই আমি কিছুই শিখে উঠতে পারিনি, গুরুদেব। আপনি আমাকে বলে দিন যে, সেলুকাস কী ধরনের শঠতার আশ্রয় নিতে পারে তা জানতে হলে আমাকে কী করতে হবে।’
চাণক্য পিঞ্জরবদ্ধ সিংহের মতো ঘরের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত পদচারণা করতে করতে বললেন, ‘সেখানেই তো আসল সমস্যা, চন্দ্রগুপ্ত, আর তাই নিয়েই আমার যত উদবেগ। যেকোনো যুদ্ধে জয়লাভ করতে গেলে বাহুবল অবশ্যই প্রয়োজন; তবে তার চেয়েও বোধ হয় বেশি প্রয়োজন বুদ্ধির। সেলুকাসের প্রতিটি গতিবিধির, প্রতিটি পদক্ষেপের পুঙ্খানুপুঙ্খ বিবরণ পাওয়া না-গেলে তার উদ্দেশ্য বা কৌশল কিছুই সঠিকভাবে জানা সম্ভব হবে না। তার জন্যে চাই— একটি পরিশ্রমী, নিয়মানুবর্তী আর বুদ্ধিমান গুপ্তচরবাহিনী, যারা এইসব সংবাদ পাঠাবে বিশদ, দ্ব্যর্থহীন, স্বচ্ছ ভাষায়, ছোটোখাটো কোনো বিবরণ বাদ না-দিয়ে। যুদ্ধে এই গুপ্তচরদের প্রয়োজন সৈন্যবাহিনীর চেয়ে কম তো নয়ই, বরং বেশি।’
‘আমাদের গুপ্তচররা কি এই কাজ করতে পারে না, গুরুদেব?’
‘পারে, কিন্তু তারা কোথায়? তোমার সাম্রাজ্য এখন সমগ্র উত্তর ভারতে বিস্তৃত, পূর্বে গঙ্গাহৃদি রাজ্যের প্রত্যন্ত সীমা থেকে পশ্চিমে সিন্ধু নদ, উত্তরে হিমালয় থেকে দক্ষিণে গোদাবরী পর্যন্ত। এর সঙ্গে স্বভাবতই বেড়েছে তোমার শত্রুসংখ্যা। এই ঘরের শত্রুদের ওপর নজর রাখবার জন্যে আমাদের প্রায় সমস্ত গুপ্তচরেরাই ছড়িয়ে পড়েছে সর্বত্র। তারা এই মুহূর্তে কে যে কোথায় লুকিয়ে রয়েছে তার সমস্ত সংবাদও আমাদের কাছে এসে পৌঁছোয়নি। পাটলিপুত্র থেকে খবর পাঠিয়ে, তাদের খুঁজে বের করে, পশ্চিম সীমান্তে পাঠানো সময়সাপেক্ষ ব্যাপার। সেলুকাস সে সময় আমাদের দেবে বলে মনে হয় না। ওখানে যে ক-জন আছে তাদের সংখ্যাবৃদ্ধির জন্য আরও দু-চারজনকে পাঠানো হয়তো যায়, কিন্তু যে বিশালায়তন পরিসরে তাদের কাজ করতে হবে, তার পক্ষে তারা পর্যাপ্ত হবে না।’
‘একটা উপায় করা যেতে পারে কি? ধরুন, ম্যাসিডনীয় বাহিনী পুরোপুরি সংগঠিত হবার আগেই যদি আমরা সিন্ধু পার হয়ে তাদের আক্রমণ করি?’
‘তুমি পিপ্পলিবনের পরাক্রান্ত মৌর্যবংশের সন্তান। তোমার মাথায় এ ধরনের চিন্তা আসা স্বাভাবিক। কিন্তু বৎস, সেটা এখানে বসে গোপনে করতে পারবি কি? ও পক্ষের গুপ্তচরেরা কেউ চুপ করে বসে নেই। তারা ঠিক খবর পেয়ে যাবে আর তোমার আক্রমণ প্রতিহত করতে প্রস্তুত হয়ে থাকবে।’
চন্দ্রগুপ্ত হাসতে হাসতে উঠে দাঁড়ালেন। বললেন, ‘পিপ্পলিবনের মৌর্যদের হঠকারী বলে বদনাম আছে ঠিকই; কিন্তু আপনি যখন আমাদের শীর্ষে আছেন, তখন আর চিন্তা কী? হঠকারিতা আর কূটবুদ্ধি একত্র হলে তবেই তো ইতিহাস রচিত হয়, গুরুদেব। তাই না?’
চাণক্যের মুখের রেখাগুলো নরম হয়ে এল। বললেন, ‘ইতিহাস সেদিনই স্বর্ণাক্ষরে লেখা হবে, চন্দ্রগুপ্ত, যেদিন ভারতীয় সৈন্যবাহিনীর হাতে আদ্যন্ত পর্যুদস্ত হয়ে নৃশংস বিদেশি লুণ্ঠকশক্তি পথকুক্কুরের মতো আমাদের দেশ থেকে ঊর্ধ্বশ্বাসে পালাবে। যাক গে, আমার সন্ধ্যাহ্নিকের সময় হল। আজ মধ্যরাত্রে আবার এই মন্ত্রণাগারে পরামর্শ করতে বসব। এর মধ্যে কোনো একটা উপায় হয়তো বেরিয়ে আসবে।’
চন্দ্রগুপ্ত প্রণাম করে বললেন, ‘যথা আজ্ঞা, গুরুদেব।’
.
পরামর্শ চলছিল, হঠাৎ প্রতিহারিণী ঘরে ঢুকে নমস্কার করে দাঁড়াল।
চন্দ্রগুপ্ত বিরক্ত হয়ে বললেন, ‘কী ব্যাপার? কোনো প্রয়োজনীয় সংবাদ আছে কি যে এইসময়ে তোমাকে আসতে হল?’
প্রতিহারিণী করজোড়ে সন্ত্রস্ত গলায় বলল, ‘অপরাধ মার্জনা করবেন, সম্রাট। একটি ঘটনা ঘটেছে, সেটা আপনাদের গোচরে আনা প্রয়োজন বলে মনে হল আমার।’
চাণক্য বললেন, ‘এত রাতে কী এমন ঘটনা ঘটল, প্রতিহারিণী?’
‘একটি যুবক সম্রাটের দর্শনপ্রার্থী, গুরুদেব। তাকে কিছুতেই বিতাড়িত করা যাচ্ছে না। মেরেও না। সে প্রাসাদের সিংহদ্বারের স্তম্ভ আঁকড়ে পড়ে রয়েছে আর অনবরত বলে যাচ্ছে যে তাকে এই মুহূর্তে সম্রাটের সঙ্গে দেখা করতেই হবে, নইলে অত্যন্ত দেরি হয়ে যাবে। সে দ্বাররক্ষীদের প্রহার সহ্য করছে কিন্তু কিছুতেই চলে যাচ্ছে না। তার সর্বাঙ্গ ধূলিধূসরিত। তাকে দেখে মনে হচ্ছে সে অভুক্ত আর দীর্ঘ পথ অতিক্রম করে আসছে।’
‘হু, তোমার কথায় বুঝতে পারছি ছেলেটি বলশালী এবং সে ভিক্ষুক নয়। সে কোথা থেকে আসছে কিছু বলেছে?’
‘হ্যাঁ, সে বলছে যে সিন্ধু নদের পূর্ব তীরবর্তী কোনো গ্রাম থেকে আসছে, তবে গ্রামের নামটি আমার এখন ঠিক মনে পড়ছে না, গুরুদেব—’
চাণক্য বাধা দিয়ে সংহত গলায় বললেন, ‘সিন্ধু নদের পূর্ব তীরবর্তী গ্রাম থেকে? তাকে এই মুহূর্তে এখানে নিয়ে এসো। আর সেইসঙ্গে তার জন্যে কিছু খাবারও এনো। প্রতিহারিণী, তুমি অস্ত্রবিদ্যা শিক্ষা করছ ঠিকই, কিন্তু বুঝতে পারছি যে সেই বিদ্যা তোমার মাতৃহৃদয়কে আচ্ছন্ন করতে পারেনি। কাজেই, একটি ক্ষুধার্ত বলশালী ক্লান্ত যুবকের যতটা খাবারের প্রয়োজন বলে তোমার মায়ের মন বলবে ততটাই নিয়ে এসো।’
প্রতিহারিণী আভূমি প্রণত হয়ে স্মিতমুখে বলল, ‘যথা আজ্ঞা, গুরুদেব।’
.
যুবক সত্যিই স্বাস্থ্যবান, সুদর্শন, গৌরবর্ণ, মাথায় একরাশ উশকোখুশকো কাঁধ পর্যন্ত লম্বা চুল। তার সর্বাঙ্গে ধুলো আর রক্তের দাগ। নগ্ন পায়ে অসংখ্য রক্তাক্ত ক্ষতের চিহ্ন। সে ঘরে ঢুকেই চন্দ্রগুপ্তকে সাষ্টাঙ্গে প্রণাম করে বলল, ‘আমি এক ভয়ংকর সংবাদ নিয়ে এসেছি সম্রাট। কিছুদিন আগে হিমালয়ের গিরিপথ দিয়ে এক বিশাল বিদেশি সৈন্যদল সিন্ধু নদের পশ্চিমাঞ্চলে নেমে আসছে। জনশ্রুতি এই যে, রাক্ষস আলেকজান্ডারের সেনাপতি ও উত্তরাধিকারী সেলুকাস এই সৈন্যদল নিয়ে আসছে। তার উদ্দেশ্য সিন্ধু পার হয়ে আপনার সাম্রাজ্য আক্রমণ করা।
চন্দ্রগুপ্ত কিছু বলতে যাচ্ছিলেন। চাণক্য তাকে হাত নেড়ে বাধা দিয়ে বললেন, ‘আগে বলো, তুমি কে এবং কোথা থেকে আসছ?’
যুবক চাণক্যকে দেখতে পায়নি। তাঁর গলা শুনে তাঁর দিকে ফিরে বলল, ‘আপনি নিশ্চয়ই পণ্ডিতশ্রেষ্ঠ কৌটিল্য। আমার প্রণাম নেবেন।’— বলে সে চাণক্যকে আবার সাষ্টাঙ্গে প্রণাম করে বলল, ‘আমার নাম কর্ণ। সিন্ধু নদের ধারে করঞ্জ গ্রামে আমার নিবাস। আমি মেষপালক।’
‘তুমি যে সৈন্যদলের কথা বললে, তাদের তুমি নিজে দেখেছ? তারা যে সেলুকাসের বাহিনী, তা তুমি জানলে কী করে?’
‘পাহাড়ের ওপর ভেড়া চরাতে গিয়ে আমি এই বাহিনীর অগ্রবর্তী দলটিকে দেখি। সেই দিনই গান্ধার থেকে আসা একদল ব্যবসায়ীর সঙ্গে আমার দেখা হয়, তারা তক্ষশীলায় যাচ্ছিল। তাদের কাছেই সেলুকাসের খবর পাই। আমি সঙ্গেসঙ্গে করঞ্জে গিয়ে গ্রামবাসীদের সঙ্গে পরামর্শ করে সেই রাত্রেই পাটলিপুত্রের উদ্দেশে রওনা হই।’
‘যে সৈন্যদলটিকে তুমি দেখেছ, তার বিষয়ে কিছু বলো দেখি।’
‘এরা সংখ্যায় দুই সহস্রের বেশি হবে না। অশ্ব-শকটের ওপরে স্তূপাকার বস্ত্রাবাস নিয়ে এরা একটি পাহাড়ের পেছনে শিলাময় উপত্যকায় জড়ো করছে, যাতে সিন্ধুর পূর্ব তীর থেকে তাদের দেখা না-যায়। বস্ত্রাবাসগুলির পরিমাণ দেখে মনে হয় যে তাদের সংখ্যা দশ সহস্র মতন হবে। হয়তো, আরও আসবে। ব্যবসায়ীদের কাছে জানতে পেরেছি যে তারা একটি বিশাল সৈন্যবাহিনীকে গিরিবর্ত্মে ঢুকতে দেখেছে। তবে, তাদের সংখ্যা কত তা বলতে পারেনি। তারা তো টাকা গুনতে অভ্যস্ত কাজেই— তারা আর কী করেই বা বলবে।’
চাণক্য কিছুক্ষণ সপ্রশংস দৃষ্টিতে কর্ণের দিকে তাকিয়ে বললেন, ‘তোমার পায়ের অবস্থা দেখে মনে হচ্ছে যে তোমার গ্রাম থেকে এতটা পথ তুমি দৌড়ে এসেছ। তাই কি?’
‘হ্যাঁ, গুরুদেব। সারাদিন দৌড়েছি, রাত্রে কোনো মন্দিরে বা বৌদ্ধবিহারে শুয়ে থেকেছি। তা না-করলে যে ভীষণ দেরি হয়ে যেত।’
‘কেন? তোমার কি ধারণা যে মগধের রাজকর্মচারীরা এতই অপদার্থ, যে এমন গুরুত্বপূর্ণ একটি সংবাদ তারা যথাসময়ে সম্রাটের গোচরে আনবে না?’
‘না গুরুদেব। আমি খুব ভালো করেই জানি যে সম্রাটের কাছে এই সংবাদ পৌঁছে গেছে।’
চাণক্য ভ্রূকুঞ্চিত করে বললেন, ‘তাহলে তাড়াটা কোথায় যে তোমাকে এই দীর্ঘ পথ দৌড়ে আসতে হল?’
‘আমি সম্রাটের সৈন্যদলে যোগ দিতে চাই, যদি দেরি হয়ে গিয়ে না-থাকে।’
চন্দ্রগুপ্ত বললেন, ‘আমাদের সঙ্গে যুদ্ধে যেতে তোমার এত উৎসাহের কারণ কী?’
‘যুদ্ধে যদি আমার মৃত্যুও হয়, তবু মরবার আগে আমি অন্তত একটা ম্যাসিডনীয়র শিরচ্ছেদ করে তার রক্তে আমার প্রিয়জনদের তর্পণ করে যেতে চাই। তাহলেই আমার আট বছরের প্রতীক্ষা শেষ হয়।’
‘কেন? ম্যাসিডনীয়দের ওপর তোমার এত রাগের কারণ? এরা কী ক্ষতি করেছে তোমার?’
চাণক্য চাপা গলায