Home
নসুমামা ও আমি

নসুমামা ও আমি

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

নসুমামা ও আমি

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
short story

Change color


ছেলেমানুষ তখন আমি। আট বছর বয়স।

দিদিমা বলতেন, তোর বিয়ে দেব ওই অতুলের সঙ্গে।

মামারবাড়িতে মানুষ, বাবা ছিলেন ঘরজামাই—এসব কথা অবিশ্যি আরও বড়ো হয়ে বুঝেছিলাম।

অতুল আমার দিদিমার সইয়ের ছেলে, কোথায় পড়ে, বেশ লম্বামত আধফর্সা গোছের ছেলেটা। আমাদের রান্নাঘরে বসে দিদিমার সঙ্গে আড্ডা দিত। অতুলকে আমার পছন্দ হত না, কেমনধারা যেন কথাবার্তা। আমায় বলত—এই পাঁচী, যা—এখানে কী? ওইদিকে গিয়ে খেলা করগে যা—


কখনো বলত—অমন দুষ্টুমি করবি তো বাঁশবনে লম্বা শেয়ালটা আছে তার। মুখে ফেলে দিয়ে আসব বলে দিচ্চি


অতুলকে সবাই বলত ভালো ছেলে। লেখাপড়ায় বছর বছর ভালো হয়ে ক্লাসে উঠত, আমার ছোটোমামার সঙ্গে কীসব ইংরিজি-মিংরিজি বলত—যদি তার কিছু বুঝি!



এইসবের জন্যেই হয়তো অতুলকে আমার মোটেই ভালো লাগত না। তা সে যতই ভালো হোক, লোকে তাকে যতই ভালো বলুক।


ভালো আমার লাগত মুখুজ্যেবাড়ির নসুকে। কী সুন্দর ফর্সা চেহারা, ননী-ননী গড়ন, ডাগর চোখদু-টি, বেশ হাসিহাসি মুখখানি। বয়সও অতুল মামার মতো অত বেশি নয়, আমার চেয়ে সামান্য কিছু বড়ো হবে। অতুল মামার বয়েস হয়ত ছিল ষোলো-সতেরো।


নসু হাসলে তার মুখ দিয়ে যেন মুক্তো ঝরত—দিদিমার সেই গল্পের মতো। এমন সুন্দর মুখ আমার আট বছরের জীবনে এ অজ পাড়াগাঁয়ে ক-টাই বা দেখেছি! দিদিমার কাছে এসে বসে মাঝে মাঝে সেও গল্প করত, সে যা বলত তা যেন মধুর, অতি মধুর! আমি হাঁ করে ওর মুখের দিকে চেয়ে একমনে ওর কথাগুলো যেন গিলতাম। অতুলও তো কথা বলে, কিন্তু তার কথা এত ভালো লাগত না তো?


দিদিমা বলতেন—অতুলের সঙ্গে পাঁচীর বিয়ে দেব, বেশ মানাবে।



আমি মুখ ভারি করে বলতাম—ছাই মানাবে। দি


দিমা হেসে বলতেন—ওমা মেয়ের কাণ্ড দেখো। কেন মানাবে না?


-তুমি তো সব জানো!


—তবে তোর মনটা কী শুনি? কাকে বিয়ে করবি তুই?


—ওই নসুকে।


দিদিমা হেসে গড়িয়ে পড়ে বলতেন—এর মধ্যেই মেয়ে নিজের বর বেছে নিয়েচে। ধন্যি যা হোক, একালের মেয়ে কিনা! শুনলে সই, নসু নাকি ওর বর হবে।


অতুলের মা হেসে বলতেন—কেনরে, অতুলকে তোর পছন্দ হয় না কেন?


—অতুল মামার বয়েস বেশি।



—বেশি আর কত? ষোলো বছর।


—তা যাই হোক, ষোলো বছরের বুড়োকে আমি বুঝি বিয়ে করব? নসু ছেলেমানুষ।


দিদিমা বলতেন—দ্যাখো সই একালের মেয়ের কাণ্ড। নসুর বয়স বারো, ওকেই বেশি পছন্দ। তোমার-আমার কাল চলে গিয়েছে। তেরো বছর বয়সে আমার বিয়ে হল, উনি তখন বিয়াল্লিশ, দোজপক্ষে আমায় ঘরে আনলেন। তোমারও তো


অতুলের মা বললেন—আমার অত না! উনি তখন ঊনত্রিশ, আমার এগারো।


—দোজপক্ষ তো বটে।


—শুধু তাই? সতীন বেঁচে।


—আমায় ভগবান সেদিক থেকে নিষ্কণ্টক করেছিলেন তাই খানিক রক্ষে।


মাঝে মাঝে নসুকে অনেকদিন দেখতাম না। আমাদের পাড়ায় সে আসত না খেলতে। আমার প্রাণ হাঁপিয়ে উঠত, ছুটে যেতাম মুখুজ্যেবাড়িতে।



নসুমামা উঠোনে বসে কঞ্চি কেটে খেলাঘরের বেড়া বাঁধছে। সঙ্গে আরও তিন চারটি ছেলে, ওরই বয়সি।


—আমি বলতাম—ও নসুমামা, আমাদের বাড়ি যাওনি যে?


—কী রোজ রোজ যাব! তুই এতদূর এলি যে? আসতে ভয় করে না?


—না।


—খেলা করবি?


–হুঁ।


অন্য ছেলেগুলো তখুনি বলে উঠত—মেয়েমানুষ আবার আমাদের সঙ্গে খেলবি কেন? যা তুই, পুঁটি মান্তিদের সঙ্গে খেলগে যা।


নসু বলত—খেলুক আমাদের সঙ্গে—তাতে কী।



হাবু বলত—ও কী দা দিয়ে কঞ্চি কেটে আনতে পারবে? কী খেলা হবে ওকে নিয়ে? যা তুই


আমাকে কাঁদো-কাঁদো দেখে নসু এসে হাত ধরত। বলত—কেন ওকে অমন কচ্ছিস তোরা? ও কেন কঞ্চি কাটতে যাবে? মেয়েমানুষ, চুপ করে বসে থাকবে। বোস তুই পাঁচী—


আমি অমনি কৃতার্থ হয়ে উঠোনের একপাশে বসে পড়তাম। নসুমামা খেলতে খেলতে হয়তো একটা পেয়ারা ছুড়ে দিত আমার দিকে। বসে বসে পেয়ারা চিবুতাম। অনেকক্ষণ পরে বলতাম—নসুমামা, খিদে পেয়েছে—


হাবু অমনি বলে উঠত—ওই শোনো কথা। ওসব হ্যাঙ্গাম—


নসুমামা বলত—তুই চুপ কর হাবু। খিদে পেয়েচে? চল পিসিমার কাছে, দুটো চালভাজা খাবি তেলনুন দিয়ে, না-হয় একটা কচি শসা পেড়ে দেব—


আমি বলতাম—না, তুমি বাড়ি দিয়ে এসো। আমি বাড়ি গিয়ে ভাত খাব।



হাবু অমনি চোখ পাকিয়ে বলে—তবে একলা এলি কী করে? কে এখন তোর সঙ্গে যাবে পৌঁছে দিতে? উঃ, ভারি পাজি মেয়ে—


নসু আমার আগে আগে বাড়ি পৌঁছে দিতে আসত, ধুলোমাটির পথের ধারে কত কেঁচোর মাটি, কত বেনে-বউ গাছে গাছে, পাকা বকুল পড়ে থাকত বকুলতলায়। নসুকে পাকা বকুল খাওয়াতে ইচ্ছে করত, আমি বড্ড ভালোবাসি পাকা বকুল। নসুমামাকে কুড়িয়ে খাওয়াতে ইচ্ছে করে। কিন্তু সে বলত—দূর, ও কষা কষা লাগে। তুই খা, আমি খাব না। নসুকে খেতে দিয়ে যেন আমার তৃপ্তি, সে সুযোগ ও আমায় দিত কই।


এইভাবে সারা শৈশব ও বাল্যকাল কেটে গেল সেই আমার ছেলেবেলাকার অতিপরিচিত মামারবাড়ির গ্রামের গাছপালার ছায়ায় ছায়ায়, চৈত্র মাসের পাখি ডাকা শীতল সকালবেলাকার মতো। তারপরেই জীবনের রোদ খরতর হয়ে উঠল ক্রমশ। ফুল-ফোটা পাখি-ডাকা বসন্ত প্রভাত গেল ধীরে ধীরে মিলিয়ে। বাতাস গরম হয়ে উঠল।


সেই গাঁ, সে-ই তাঘরা-শেখহাটি এখনও আছে। মাঝে মাঝে এখনও সেখানে যাই, কত বদলে গিয়েচে সে জায়গা। সে মামারবাড়ি নেই, সে দিদিমাও নেই।



বাবা কোথায় কাদের আড়াতে কাজ করতেন। সামান্য ক-টি টাকা মাইনে পেতেন, দিদিমার সঙ্গে সংসারের খরচপত্র নিয়ে তাঁর প্রায়ই ঝগড়া-তর্ক হত। বাবা রাগ করে চলে যেতেন বাড়ি থেকে, দু-একমাস কোনো খবর আসত না, মা কান্নাকাটি করতেন, হঠাৎ বাবা একদিন এসে হাজির হতেন। দিন এভাবেই চলত।


তেরো বছর বয়সে আমার বিয়ে হল আড়ংঘাটার কাছে এক গ্রামে। বিয়ের দিনকতক আগে নসুদের বাড়ি গিয়েছিলাম। নসুর মার শরীর খারাপ, নসু রান্নাঘরে ভাত রাঁধছে। উনুনের আঁচে ওর ফর্সা মুখ রাঙা হয়ে গিয়েছে। ওদের বাড়ির কোনো বিলিব্যবস্থা নেই। অনেকগুলো ভাই নসুর। তারা কেউ বাইরে পড়ে, কেউ কাজ করে। নসুর মার শরীর চিররুগণ, সংসারের রান্নাবান্নার ভার নসুমামার উপর। আজ অনেকদিন থেকেই নসুর এই অবস্থা দেখছি।


নসুর অবস্থা দেখে সত্যিই কষ্ট হল। নসুর মুখের দিকে চাইবার কেউ নেই, ভাইয়েরা সব স্বার্থপর, সংসার চালানোর ভার ওর ওপর ফেলে দিয়ে সবাই তারা নিশ্চিন্ত হয়ে আছে।


নসুমামা আমায় দেখে হেসে বললে—আয় পাঁচী, বোস। কাল দই পেতেছিলাম, দইটা বসেনি। উনুনের পাড়ে রেখে দেব, কী বলিস?



যত সব মেয়েলি গল্প নসুর। সাধে কী ওকে সকলে বলে জনার্দন মুখুজ্যের বিধবা মেয়ে?


আমায় বললে—কাল বুঝলি, এক কাঠা মুগের ডাল ভাজলাম, ভাঙলাম। বেলা গেল ডালডুল করতে। গা-হাত-পা ব্যথা।


বললাম—তুমি ডাল ভাজলে? সত্যি?


—হ্যাঁরে। নইলে কে করবে? আবার কাল একগাদা ময়লা কাপড় সোডাসাবান দিয়ে সেদ্ধ করতে হবে।


দুঃখিত সুরে বললাম—ওসব মেয়েলি কাজ। তুমি ওসব করো কেন? আমায় ডাকলে না কেন? আমি ডাল ভেজে দিতাম।


নসু বললে—আহা! আমি না-পারি কী? তোকে আবার ডাকতে যাব কেন?


—লেখাপড়া করবে না নসুমামা? এসব কাজ কী তোমার সাজে? পুরুষমানুষ, লেখাপড়া করো।


—আমায় কে পড়াবে? দাদারা এক পয়সা দেবে না। তা ছাড়া মার শরীর খারাপ, আমি বাড়ি থেকে গেলে রান্নাবান্না কে করে বল। পড়বার খরচ জুটলেও আমার পড়া হত না।



আমি বসে বসে ওর কুটনো কুটে দিলাম। আমার বিয়ে কথা বললাম। নসুমামা বিশেষ কোনো আগ্রহ প্রকাশ করলে না। ও যদি একটুও আগ্রহ প্রকাশ করত, শুনত কোথায় আমার বিয়ে হচ্চে ইত্যাদি, তাহলে আমার ভালো লাগত। কিন্তু নাঃ, সে সুখ আমার অদৃষ্টে নেই। নসুমামা একটা কথাও জিজ্ঞেস করলে না সে সম্বন্ধে।


আমার বিয়ের রাত্রে নসু নেমন্তন্ন খেয়ে এল পেটপুরে, কিন্তু না-এল একবার বিয়ে দেখতে, না-একবার বাসরঘরে উঁকি মেরে দেখলে। আমার মনটা যেন কেমন ফাঁকা ফাঁকা, ও যদি আসত তবে খুব ভালো লাগত। মনের মধ্যে ডুব দেবার সময় আমার নয় তখন, তবুও কী যেন একটা হয়ে গেল, এত বাজনা, এত খাবার দাবার, এত লোকজনের যাতায়াত, আমার নতুন কাপড় গয়না—কিছুই ভালো লাগল না। মনে উৎসাহ নেই।


আগেই বলেছি আমার বিয়ে হয়েছিল আড়ংঘাটার কাছে শিকারপুরে। স্বামীর বয়সও সতেরো-আঠারোর বেশি নয়, রোগা চেহারা, মাথার চুল-ওঠা। বিয়ের পরে জানা গেল স্বামী ম্যালেরিয়ার পুরোনো রোগী। মাসে দু-বার ম্যালেরিয়া জ্বর বাঁধা আছেই। আড়ংঘাটার যুগলকিশোর ঠাকুরের মেলার সময় ময়রার দোকান খোলেন আমার খুড়শ্বশুর, স্বামী তাড় দিয়ে সন্দেশ-মুড়কি ভিয়েন করেন।



শ্বশুরবাড়িতে যাবার সময় মনে খানিকটা কৌতূহল নিয়ে যে না-গিয়েছিলাম এমন নয়। না-জানি কেমন বাড়ি-ঘর, কেমন খাওয়া-দাওয়া। গিয়ে দেখি, পুরোনো আমলের ইটবের-করা কোঠাবাড়ি, দুটিমাত্র ঘর, ছোটো একটা বারান্দা, তবে সব ঘরগুলির সামনে সান-বাঁধানো টানা রোয়াক এবং রান্নাঘরটিও কোঠা। খুব বড়ো একটা আমগাছ সমস্ত বাড়ির উঠোনজুড়ে ঘুপসি করে রেখেছে।


আমার শাশুড়ি গর্বের সুরে বললেন—আমের সময় তো আসছে, দেখো বউমা। এমন আম এ অঞ্চলে নেই আমার বাগানে যা আছে, ডাকসাইটে বাগান, কর্তা করে রেখে গিয়েছিলেন, ইস্তক গোয়াড়ি, ইস্তক শান্তিপুর, কোথা থেকে কলমের চারা এনে না-পুঁতেচেন!


আমের সময় এল, কোথা থেকে ব্যাপারীরা এসে বাগান কিনে নিলে। দু-এক ঝুড়ি আম যা আমাদের বাড়ি এল, তা থেকে দুটো-একটা জুটল আমার ভাগ্যে। শাশুড়ি নিতান্ত বাজে কথা বলেননি, আম ভালো।


স্বামীর সঙ্গে আলাপ জমল মন্দ নয়। ক্রমে তাঁকে ভালোও লাগল।


আমায় বল্লেন—তুমি কী খেতে ভালোবাসো?



আমি লজ্জা-টজ্জার ধার ধারিনে, বলে ফেললাম—তেলেভাজা খাবার।


স্বামী বললেন—দূর! অমন বোকা মেয়ে কেন? ভালো খাবারের নাম করো।


—গজা। জিলিপি।


–কেন খাজা?


—সে আবার কী গা? আমাদের গাঁয়ে শুনিনি তো।


উনি হো-হো করে হেসে বললেন—পাড়াগেঁয়ে ভূত! আমাদের এ শহর বাজার জায়গা। কাল খাজা আনব লুকিয়ে। কিন্তু সাবধান, মা যেন টের না-পায়। বকবে। আমি নিজে খাজা ভিয়েন করি।


সেই থেকে মাঝে মাঝে স্বামী লুকিয়ে লুকিয়ে খাবার আনেন। কোনোদিন খাজা, কোনোদিন মিহিদানা। আমরা দুজনে লুকিয়ে খাই। স্বামী বলেন—সবাইকে দিতে গেলে চলে না। খুড়তুতো ভাইয়েরা হাঁসের পাল, সবার মুখে দিতে গেলে তোমার আমার মুখে একটুকরো উঠবে কিনা উঠবে।


শ্বশুরবাড়ি ভালো লাগল না বটে, তবে স্বামীকে কিছুটা ভালো লাগল এই খাবার খাওয়া থেকে। উলোর জাতের মতো বড়ো মেলা এ অঞ্চলে নেই, সে-সময় ময়রার দোকানে কাজ বেশি। উনি ফেরেন অনেক রাতে। হাতে বড়ো বড়ো ঠোঙায় খাবার ভর্তি। উনি হেসে বলতেন—খাও, খাও, খুব খাও—এসো দুজনে পেট ভরে খাই।


একদিন কী করে খুড়শ্বশুর টের পেলেন লুকিয়ে খাবার আনার ব্যাপারটা। এ নিয়ে খুব ঝগড়া হল বাড়িতে। আমাকে আর ওঁকে যথেষ্ট অপমান গালিগালাজ সহ্য করতে হল।


খুড়শাশুড়ি বললেন—অমন নোলায় সাত ঝাঁটা মারি। লুকিয়ে লুকিয়ে খাবার খেয়ে দোকানটা শেষ করে দিলে গা! এমন অলক্ষ্মী বউ তো কখনো দেখিওনি, শুনিওনি। লজ্জাও করে না গুরুজনকে লুকিয়ে লুকিয়ে খেতে।


স্বামীকে রাত্রে বললাম—আর ওসব এনো না। দ্যাখো তো কী কাণ্ড বাধালে!


স্বামী বললেন—না, আনবে না! আমায় কী মাইনে দেয় কাকা? বিনি মাইনের চাকর করে তো রেখেচে। পেটে দুটো খাব না? ঠিক আনব লুকিয়ে, তুমি দেখো। কেমন করে ধরবে কাকা তা দেখব।


স্বামীর শরীর ভালো নয় অথচ ঘোর পেটুক। আমার কথা শুনতেন ন

**********
No Review
Related Books
Loading books…