
দুর্মতি
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
নিশ্চিন্তপুর গ্রামের প্রান্তে হরিচরণ রায়ের ছোটো একখানা কোঠাবাড়ি ছিল। সংসারে থাকিবার মধ্যে তাহার স্ত্রী আর এক ছেলে। হরিচরণ রায়ের বয়স বছর ত্রিশেক, স্ত্রীর বয়স একুশ-বাইশ। হরিচরণ রায়ের লেখাপড়া এমন বিশেষ কিছুই জানা ছিল না, তাহার উপর নিতান্তই পাড়াগেঁয়ে মানুষ; কাজেই কোথাও না যাইয়া তিনি বাড়ি বসিয়া পৈতৃক আমলের সামান্য একটু জমিজমার খাজনা সাধিতেন। কচু কুমড়া বেগুন—আবাদ করিতেন ঠিক বলা চলে না—পুঁতিতেন; ইহাতেই তিন প্রাণীর একপ্রকার কষ্টেসৃষ্টে সংসার চলিয়া যাইত।
পৌঁষ মাস। খুব শীত। সন্ধ্যার সময় এক দূর প্রজাবাড়ি হইতে খাজনা আদায় করিয়া হরিচরণ বাড়ি ফিরিয়া আসিল। স্ত্রী বীণাপাণি উঠানের তুলসীতলায় সন্ধ্যা দিতেছিল, স্বামীকে আসিতে দেখিয়া তাড়াতাড়ি তুলসীতলায় প্রণাম সারিয়া, হাসিমুখে কাছে আসিয়া বলিল—তবে যে বলা হল ফিরতে অনেক রাত হবে? আমি এখনও ডাল বাটিনি।
হরিচরণ হাতের পুটুলি নামাইতে নামাইতে বলিল—এলাম চলে। খাজনা তো এক পয়সাও দেবে না, মিথ্যে হয়রান হওয়া।
বীণাপাণি হাতের প্রদীপ নামাইয়া রাখিয়া বলিল—একটু দাঁড়াও, আমি কুয়ো থেকে টাটকা জল তুলে দি, তবুও একটু গরম হবে এখন। এবার যে শীত পড়ল তাতে পুকুরের জলে আর কাজ চলবে না।
হরিচরণের ছেলে নীপু বাবার গলার স্বর পাইয়া ঘরের মধ্য হইতে বাহির হইয়া আসিল। মাকে নিশ্চিন্তমনে তুলসীতলায় প্রদীপ দিতে দেখিয়া সে ঘরের মধ্যে তাকের হাঁড়ি হইতে আমসত্ব চুরির কাজে ব্যাপৃত ছিল। বাবার গলার স্বরে বুঝিল বিপক্ষ সজাগ হইয়াছে। সে ক্ষুগ্নমনে বাহির হইয়া আসিয়া বাবার বড়ো পুটুলিটা দেখিয়া হঠাৎ নিজের অসাফল্যের দুঃখটা ভুলিয়া গেল। বাবাকে সে একটু ভয় করিত। হঠাৎ কাছে না-আসিয়া আঙুল দিয়া পুটুলিটা দেখাইয়া জিজ্ঞাসা করিল— কী বাবা এতে?
হরিচরণ বলিল—হ্যাঁরে, এই বাঁদর, এই শীতে একটা কিছু গায়ে দিতে নেই তোর? ওগো, নীপুর সে দোলাইখানা কোথায় গেল?
বীণাপাণি জলের বালতি নামাইয়া বলিল—সেই বিকেলবেলা থেকে বলছি ছেলেকে, ও কী কারুর কথা শোনে! গায়ে দিয়ে দিলেও গায়ে রাখবে না। ওই তো, কাঠের আলনায় দোলাই রয়েছে।
হরিচরণ বলিল—হুঁ! সে বেতখানা কোথায় গেল?
নীপু প্রমাদ গণিয়া মার মুখের দিকে চাহিল। বীণাপাণি বলিল—থাক গো, আজ আর কিছু বলো না। তারপর ছেলেকে কাছে টানিয়া বলিল—এবার ফের কিন্তু যেদিন—
এক ঘণ্টা পরে দেখা গেল বীণাপাণি রান্নাঘরে বসিয়া ডাল বাটিয়া কী একটা পিঠা তৈয়ারির জোগাড় করিতেছে, বাহিরের কনকনে শীত হইতে আত্মরক্ষা করিবার জন্য হরিচরণ উনানের পাশে বসিয়া তামাক টানিতেছে ও স্ত্রীর সহিত খোশগল্প করিয়া সমস্ত দিনের শ্রম নিবারণের চেষ্টা করিতেছে। নীপু ঘুমাইয়া পড়িয়াছে।
বীণাপাণি ভুলই শুনুক কী যাই হোক, স্বামী বাহির হইয়া যাইবার সময় সে শুনিয়াছিল তাঁহার ফিরিতে রাত হইবে, কাজেই যে ডাল পূর্বে বাটা উচিত ছিল তাহা সে এখন বাটিতে বসিয়াছে। ইহার পর কখন কী হইবে? বীণাপাণি অত্যন্ত অপ্রতিভ হইয়া তাড়াতাড়ি বাটিতে লাগিল।
হরিচরণ ভালো করিয়া এক কলিকা তামাক সাজিতে সাজিতে বলিল—অত করে তাড়াতাড়ি করছিস কেন রে? না হয় একটু রাতই হবে এখন। এই তো সবে সন্ধে, শেষে আঙুল-টাঙুল ঘেঁচে ফেলবি?
নিতান্ত ঘরোয় লোক হরিচরণের স্ত্রীর সহিত সম্ভাষণের রীতি এই রকমই। অবশ্য ছেলেপিলের সম্মুখে এবং বাহিরের লোকের কাছে সম্ভাষণের অন্য রীতি আছে। এটা নির্জনের একটু গাঢ় রকমের আদরের ডাক।
বীণাপাণি হাসিয়া বলিল—কেন? আঙুল কী রোজই হেঁচি নাকি?
বীণাপাণি দেখিতে মন্দ নহে—রংটি খুব ফরসা না-হইলেও উজ্জ্বল শ্যামবর্ণ, মুখের গড়নটি বেশ সুন্দর, চোখদুটিও ডাগর ডাগর। পাড়াগাঁয়ের গৃহস্থবন্ধু, কাজকর্মে থাকে বলিয়া শরীরেও বেশ নিটোল স্বাস্থ্য।
হরিচরণ তামাক টানিতে টানিতে বলিল—না, সত্যি বউ, দেখ কতদিন ভাবছি একজোড়া ভালোরকম অনন্ত তোকে গড়িয়ে দেব, তা ‘এই হবে’ ‘এই হবে’ করে-বুঝলি না?
বীণাপাণি একটুখানি হাসিয়া মুখ নীচু করিল। সে বিবাহের পর প্রথম শ্বশুরবাড়ি আসিয়া আজ দশ বৎসর ধরিয়া এ কথা শুনিয়া আসিতেছে। একজোড়া সোনার অনন্ত গড়াইয়া দেওয়া যে তাহার দরিদ্র স্বামীর পক্ষে কতটা অসম্ভব, তাহা সে বুঝিত। স্বামীকে একটু ভুলাইবার জন্য সমদুঃখে বলিল—তা এবার তো হয়েও যেত; ওই সেটেলমেন্টের খরচা দিতেই তো অনেকটা বেরিয়ে গেল।
হরিচরণের সামান্য যাহা কিছু জমিজমা ছিল, এবার সেটেলমেন্টের খরচ বাবদ তাহার দরুন গভর্নমেন্টের লোককে ত্রিশ টাকা দিতে হইয়াছিল। সে কিন্তু স্ত্রীর কাছে, ও যেসব লোকে জমিজমার ধার ধারে না তাহাদের নিকট প্রচার করিয়া বেড়াইত যে, তাহার পৈতৃক অনেক জমি লোকে ফাঁকি দিয়া খাইত, এখন সেটেলমেন্টে সেগুলি সে ফিরিয়া পাইয়াছে, প্রায় ‘শদাবধি’ টাকা এজন্য তাহাকে খরচা দিতে হইয়াছে, সেটেলমেন্টের ক্যাম্পে তাহার খুব খাতির হইয়াছে ইত্যাদি। স্ত্রীর চোখে বড়ো হইতে সকলেই চাহে।
স্ত্রীর মুখে সেটেলমেন্টের কথা শুনিয়া হরিচরণ আরম্ভ করিল–দেখ সেদিন তো ক্যাম্পে গেলাম। আমাদের গাঁয়ের অনেক সব বড়ো বড়ো (হরিচরণ আঙুল দেখাইল)—হুঁ হুঁডেকে জিজ্ঞাসাও করলে না কানুনগো। আমি যেতেমাত্রই কানুনগো একেবারে চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল, বললে, “আসুন জমিদার মশায়, আসুন!” সাতবেড়ের দরুন সেই জমার যে কাগজপত্র গোলমাল হয়েছিল, বুঝলি তো—তা বলতেই কানুনগো মুহুরিদের সব বকে উঠল, বললে—”রায় মশায়, আমি না-থাকলেই এরা সব গোলমাল করে ফেলে; আপনি বসুন, আমি বন্দোবস্ত করে দিচ্ছি।”—সে খাতির কী!
স্ত্রীর ডাগর চোখের প্রশংসমান দৃষ্টিতে উৎসাহিত হইয়া হরিচরণ অধিকতর ভিত্তিহীন কী একটা ফাঁদিতে যাইতেছিল, এমন সময় তাহাদের বাহিরের বাড়ির সদর দরজায় কে যেন ঘা দিতেছে শোনা গেল।
বীণাপাণি বলিল—ওগো, দরজায় কে যেন ঘা দেয়।
হরিচরণ বলিল—কই না, এত রাত্রে কে ঘা দেবে? সঙ্গে সঙ্গে পুনরায় আঘাতের শব্দ ও কার গলার আওয়াজ পাওয়া গেল। বীণাপাণি বলিল—ওই যে কে ডাকছে, দেখো না একবার?
হরিচরণ শঙ্কিত হইল। পূর্বেও যে আঘাতের শব্দ সে না-শুনিয়াছিল এমন নহে। কিন্তু এই শুনিতে না-পাওয়ার ভান করিবার মূলে একটু প্রত্নতত্ব নিহিত আছে। আজ তিন বৎসর পূর্বে ঠিক এই পৌঁষ মাসেই সে রামনারায়ণপুরের হাটে এক কাবুলি আলোয়ান বিক্রেতার নিকট ধারে দশ টাকা মূল্যের একটা আলোয়ান খরিদ করিয়াছিল। হতভাগ্য কাবুলিওয়ালা দুই-বৎসর যাবৎ হাঁটাহাঁটি করিয়াও এ পর্যন্ত টাকা পাওয়া তো দূরের কথা, হরিচরণের সাক্ষাৎ পর্যন্ত পায় নাই। হরিচরণ শঙ্কিত চিত্তে সামনের উঠানে গেল। সেই কাবুলিওয়ালাটা এত রাত্রে আসে নাই তো! – বিচিত্র কী! সঙ্গে কী সে তাহার দুই একজন দেশভ্রাতাদের আনিয়াছে? তাহা হইলে উপায়?
সন্তর্পণে বাহির-বাটীর দরজার নিকট যাইতে যাইতে হরিচরণ শুনিতে পাইল দরজার বাহির হইতে বাংলায় কে উচ্চৈঃস্বরে বলিতেছে—”রায় মশায় কী বাড়ি আছেন?” যাক বাঁচা গেল। তাহা হইলে কাবুলিওয়ালাটা নয়।
হরিচরণ খিল খুলিয়া দিল। দেখিল বাহিরে একজন অপরিচিত ভদ্রবেশী প্রৌঢ় দাঁড়াইয়া।
প্রৌঢ় জিজ্ঞাসা করিলেন—এইটেই কী হরিচরণ রায়মশায়ের বাড়ি?
হরিচরণ বলিল—আজ্ঞে আমারই নাম।
প্রৌঢ় বলিলেন—তা বেশ।
বড়ো সন্তুষ্ট হলাম। আমি আসছি কলকাতা থেকে —এই ট্রেনেই আসছি। তোমার শ্বশুর রামজীবনবাবু আমার একজন ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তাঁর ওখানে একসময় আমার খুব যাতায়াত ছিল। তবে এখন আমিও বাইরে বাইরে থাকি, এইজন্যে ততটা আর—। তা বেশ বেশ, বড়ো সন্তুষ্ট হলাম বাবাজীবনকে দেখে। বীণা এখানেই আছে তো?
হরিচরণ বলিল—আজ্ঞে হ্যাঁ, তা আসুন বাড়ির মধ্যে।
মুখে অভ্যর্থনা করিলেও মনে মনে সে অত্যন্ত চটিয়া গেল। দিব্য শীতের রাত্রে স্ত্রীর সহিত গল্প জমাইয়া আনিয়াছিল, তা নয়, এখন আবার রাঁধো ভাত, নিয়ে এসো জলখাবার—কোথায়ই বা পিঠা, আর কোথায় বা কি! শ্বশুরগিরি ফলাবার আর সময় পেলেন না। এর চেয়ে সে কাবুলিওয়ালাও যে ছিল ভালো। নাঃ–এইসব দুবৃত্তের জন্য দুনিয়ায় আর সুখশান্তি নাই।
প্রৌঢ় বলিলেন—বাবাজি, তোমার শ্বশুরের সঙ্গে আমার হরিহরাত্মা ছিল। আমার নাম শুনেছ কিনা জানি না—আমার নাম কৃষ্ণলাল গাঙ্গুলী। ছেলেবেলা থেকে বন্ধুত্ব—তার ছেলেপিলে সব আমার কোলেপিঠে মানুষ। তোমার যখন বিয়ে হয় তখন আমি লাহোরে চাকরি করি, কাজেই আসতে পারিনি। আহা, ছোকরা অল্প বয়সেই মারা গেল। সবই ভবিতব্য।
হরিচরণের বাড়ির দালান ছিল নিতান্ত ছোটো; পৈতৃক আমলের বাড়ি, অনেকদিন মেরামত হয় নাই। জানালার কবাট খুলিয়া পড়িয়াছে, কোনো-কোনোটি নারিকেলের ছোবড়ার দড়ি দিয়া গরাদের সহিত বাঁধা। হরিচরণ কৃষ্ণলালবাবুকে দালানে একটা ছোটো টুলের উপর বসাইয়া বলিল—বসুন, আমি বাড়ির মধ্যে বলি।
কৃষ্ণলালবাবু বসিয়া দেখিলেন, দালানের দরজা-জানালা একটাও ভালো অবস্থায় নাই। সবগুলির ফাঁক দিয়াই হু-হু করিয়া হিম আসিতেছে। বন্ধুর এ কন্যাটি সকলের ছোটো, তিনটি মেয়ের বিবাহ দিবার পর সর্বস্বান্ত হইয়া তাহার বিবাহ দেন। সে যে ভালো পাত্রে পড়ে নাই তাহা তিনি জানিতেন। কৃষ্ণলালবাবু মনে মনে কষ্ট অনুভব করিলেন।
মিনিট চার-পাঁচ পরে উত্তরদিকের দরজা ঠেলিয়া বীণাপাণি দালানে প্রবেশ করিল।
কৃষ্ণলালবাবু তাড়াতাড়ি চৌকি ছাড়িয়া উঠিয়া দাঁড়াইলেন, বলিলেন—এসো এসো, বীণু মা আমার, এসো। ওঃ, সেই তোর বিয়ের আগে মা—তখন আমি
বীণাপাণি গলায় আঁচল দিয়া কৃষ্ণলালবাবুকে প্রণাম করিল। কৃষ্ণলালবাবু তাহার হাত ধরিয়া তুলিলেন—এসো এসো, সাবিত্রী-সমান হও মা। দেখি মা বীণু মুখখানা তোর, কতদিন দেখিনি।
বীণাপাণির মাতাপিতা কেহ ছিল না। বাপের বাড়ি ভাইয়েরা থাকিলেও পিতার মৃত্যুর পর তাহারা বড়ো খোঁজখবর করিত না। আজ পাঁচ-ছয় বৎসর সে বাপেরবাড়ি যায় নাই বা বাপেরবাড়ির কাহাকেও দেখে নাই। নির্জনে তাহার মায়ের মুখ মনে পড়িত, বাপের মুখ মনে পড়িত, শৈশবের সাথিদের মুখ মনে পড়িত, উঠানের বকুলতলায় সেঁজুতি ব্রতের কথা মনে পড়িত। তার বিরহী প্রাণটি পুকুরের ঘাটের চালতাতলায়, শত শৈশবের স্মৃতিভরা তাহাদের পাড়ার ধুলামাটির পথে পথে, সেই বকুলফুলের বুকে মুখ লুকাইয়া মনের সমস্ত দুঃখকষ্ট উজাড় করিয়া দিত—অসহ্য তৃষ্ণায়। ভাইয়েরা তাহার খোঁজও করে না। সে ভাবিত, আজ মা-বাপ বাঁচিয়া থাকিলে কী তাহাকে এরূপ করিয়া ফেলিয়া থাকিতে পারিতেন? হাজার হউক মেয়েমানুষ—অনেকদিন পরে পিতৃসম পিতৃবন্ধুকে পাইয়া তাহার সেই অভিমানই সকলের চেয়ে প্রবল হইয়া উঠিল। ডাগর চক্ষুদুটি ছাপাইয়া চোখের জল ঝরঝর করিয়া গড়াইয়া পড়িল।
কৃষ্ণলালবাবু তাড়াতাড়ি কোঁচার খুঁট দিয়া তাহার চোখের জল মুছাইয়া দিতে দিতে সান্ত্বনা দিতে লাগিলেন—ছিঃ বীণু, মা আমার—কেঁদো না। কাঁদে কী মা: ছিঃ!
বীণাপাণি আঁচলে চোখ মুছিতে মুছিতে কাঁদো-কাঁদো সুরে বলিল—এতদিন কোথায় ছিলেন জ্যাঠামশায়?
—আমি তো লাহোরে ছিলাম অনেকদিন। তারপরে দেশে এসে সব শুনলাম। তোর বিয়ের সময়ও আমি চিঠি পেয়েছিলাম বটে, কিন্তু আসতে পারলাম না। বড়ো জরুরি কাজ পড়ে গেল। এই তো সেদিনকার কথা—
—নরুদা ভালো আছে জ্যাঠামশায়?
—নরু ভালো আছে, পড়ছে। এবার বি.এ. পরীক্ষা দেবে।
—আমার কথা বলে নরুদা?
—বলে না মা! খুব বলে। তার নিজের বোন নেই, তোকেই বোনের মতো ছেলেবেলা থেকে জানে। ছেলেবেলা খেলা হতে হতে তুই একবার ঝগড়া করে নরুর মুখ আঁচড়ে দিয়েছিলি, তোর মনে আছে বীণু?
বীণাপাণি একটুখানি হাসিল; সঙ্গে সঙ্গে কিন্তু শৈশবের সাথি নরুদার কথা মনে পড়ায় তার চোখের পাতা পুনর্বার অশ্রুসিক্ত হইয়া উঠিল। বলিল—নরুদা আমায় একবারটি দেখতে আসে না কেন জ্যাঠামশায়? আপনি গিয়ে একবার পাঠিয়ে দেবেন।
কৃষ্ণলালবাবু বলিলেন—দেব বই কী মা, দেব। তবে এখন তো আসতে পারবে না, এবার যে তার পরীক্ষা কিনা। বি.এ. পরীক্ষা হয়ে গেলে তখন তোকে একবার দেখে যাবে, বলে দেব।
বীণাপাণির মনে পড়িল, রাত হইয়াছে