Home
তিনু ও তিন্নি

তিনু ও তিন্নি

সুনীল গঙ্গোপাধ্যায়

তিনু ও তিন্নি

সুনীল গঙ্গোপাধ্যায়
short story

Posted byশেষ পৃষ্ঠা10-Feb-2025

Change color

উঠোনে পা দিয়েই বলরাম উগ্র গলায় জিগ্যেস করল, তিনু কোথা? তিনু? কোথায় গেল সেই ছোঁড়াটা?

তিনু এ-বাড়ির যেখানে সেখানে থাকে। তার নিজস্ব কোনও জায়গা নেই, রাত্তিরে শোয় রান্নাঘরের বারান্দায়, অন্য সময় সে চতুর্দিকে ঘুরঘুর করে। সন্ধ্যে হয়ে এসেছে। এসময় সে বাড়ির বাইরে যায় না।

দু-তিনবার হাঁক দিয়েও তার সাড়া পাওয়া গেল না।

বাইরের ঘরে তক্তাপোষের ওপর হ্যারিকেনের আলোয় পড়তে বসছে শিবু আর গৌর, এই একটা ছুতো পেয়ে তারা পড়া ছেড়ে লাফিয়ে বেরিয়ে গিয়ে তিনু-তিনু বলে চিৎকার করতে লাগল।

তিনু গোয়ালঘরে, নেই, রান্নাঘরের কাছাকাছি নেই, পুকুর ধারেও নেই। একটু আগেও সে ছিল! গৌর আর শিবু তাকে দেখেছে। কত্তা বাড়ি ফেরার সময় সে গেল কোথায়? নিশ্চয়ই আজ কিছু একটা কাণ্ড করেছে সে।

বলরাম বারান্দায় এসে চটি খুলল, ঘাড় ঘুরিয়ে বলতে লাগল, কোথায় সে? কোথায়?

তাকে পাওয়া যাচ্ছে না শুনে জিগ্যেস করল, গরু বেঁধেছে? বাড়ি ফিরেছিল?

হ্যাঁ, বাড়িতে সে ফিরেছে ঠিকই। গরুটাকে গোয়ালে তুলেছে, জাবনা দিয়েছে, নিজেও ঢকঢক করে এক ঘটি জল খেল, তারপর কোথায় গেল?

বলরাম নিজের ঘরে গিয়ে ধুতি-পাঞ্জাবি ছেড়ে লুঙ্গি পরল, তারপর পুকুরে গেল হাত-পা ধুতে। জল শুকিয়ে গেছে অনেকখানি, পুকুর এখন প্রায় একটা ডোবা। ঝিঝি ডাকছে তেঁতুল গাছে। ওপারে মেজো জ্যাঠার বাড়িতে হ্যাজাক জ্বেলেছে, দুরে ঘেউঘেউ করছে কয়েকটা কুকুর।

ফিরে এসে বলরাম একটা ট্রানজিস্টার রেডিও খুলে বিড়ি ধরাল। হুঁকো তামাকের পাট তুলে। দিতে হয়েছে কিছুদিন আগে, বিড়িতে কম খরচ পড়ে। সন্ধের পর বাড়িতে ফিরে রেডিও শোনাই বলরামের অবসর বিনোদন। বাড়ির লোকজনদের সঙ্গে সে কথাবার্তা বিশেষ বলে। গাম্ভীর্যই তার ব্যক্তিত্ব।

এমনই কপাল যে চার ছেলেমেয়ের মধ্যে মেয়ে দুটোই জন্মেছে আগে। অর্থাৎ শুধু খরচ আর খরচ, পাশে দাঁড়াবার কেউ নেই। এর মধ্যে আবার বড় মেয়েটি ফিরে এসেছে বিধবা হয়ে। তার বিয়ের জন্য যে জমি বিক্রি করতে হয়েছিল, তা আর ফিরে এল না।

শুধু জমির চাষে আর সংসার চালানো যাবে না। এখন সকলেরই ঝোঁক পঞ্চায়েতের দিকে। ভোটে জিতে পঞ্চায়েতের মেম্বার হতে পারলে অনেক কিছুর সুরাহা হয়। বলরাম তাই কিছুদিন ধরে পঞ্চায়েতের প্রেসিডেন্টের কাছ ঘেঁষবার চেষ্টা করছে। সে রাজনীতি বোঝার চেষ্টা করে। রেডিও শুনে-শুনে! সে বুঝে গেছে যে রেডিওতে যা বলে, পঞ্চায়েত প্রেসিডেন্ট হারানবাবুর কাছে উলটো সুর গাইতে হয়। ও শালারা সব মিথ্যে কথা বলে, এ কথাটা হারানবাবুর মুখে প্রায়ই। শোনা যায়।

খানিকবাদে দামিনী এসে জিগ্যেস করল, তিনু কী করেছে?

বলরাম স্ত্রীর মুখের দিকে তাকাল শুধু একবার। সে কোনওরকম ব্যাখ্যা কিংবা কৈফিয়ৎ দেওয়ার প্রয়োজন মনে করে না। হারানবাবুর বাগানে আম পাড়তে গিয়ে ধরা পড়েছিল তিনু। সেখানে। প্রচণ্ড মার খেয়েছে। হারানবাবুর শখের কলমের গাছের আম। তিনি নিজে শাস্তি দিয়েছেন। তিনুকে। তাতে বলরামের কোনও আপত্তি ছিল না। কিন্তু হারানবাবু জেনে গেছেন যে তিনু বলরামের বাড়িতে রাখালের কাজ করে।

এতে বলরামের ওপরেই তো সব দোষ পড়বে!

বলরাম বলল, সেটাকে পাওয়া গেল না? পালিয়েছে?

দামিনী বলল, এতক্ষণ তো ছিল না, এখন তো দেখলাম রান্নাঘরে বসে খাচ্ছে।

বলরাম সঙ্গে-সঙ্গে উঠে দাঁড়াল। লুঙ্গির কষিতে শক্ত করে গিঁট বেঁধে ঘরের কোণ থেকে তুলে নিল একটা লাঠি। মজা দেখার জন্য শিবু আর গৌর আবার পড়া ছেড়ে ছুটল বাবার পেছনে।

বিধবা মেয়ে নীতার ওপরেই এখন রান্নাবান্নার ভার। রাত্তিরে সে তিনুকেই সবচেয়ে আগে খেতে দেয়। ওকে সব কিছুনা দিলেও চলে। সন্ধের পর থেকেই তিনুর পেট জ্বলে খিদেয়। নীতার কাছে এসে ঘ্যানঘ্যান করে রোজ। এক কাঁড়ি ভাতের সঙ্গে একটু ডাল ও তরকারি দিলেই চলে, তরকারি না হলেও ক্ষতি নেই, তিনু ডাল-ভাতই চেটেপুটে খেয়ে নেবে।

রান্নাঘরের বারান্দায় বসে কলাইকরা থালায় ভাতের অর্ধেকটা তখন সবে শেষ করেছে তিনু। বলরামকে সদলবলে আসতে দেখেই সে কেঁপে উঠল। ভয়ে আমসি হয়ে গেল মুখ, অবশ হয়ে গেল হাত।

বলরাম কাছে এসে দাঁড়িয়ে কয়েক মুহূর্ত নিস্তব্ধ থেকে বুঝিয়ে দিল নিজের মেজাজ। তারপর ধীরস্বরে বলল, খাওয়া শেষ কর!

দ্বিতীয়বার ধমকে তিনু আবার খাওয়া শুরু করল এবং চার্লি চ্যাপলিনের ভঙ্গিতে নিমেষের মধ্যে ভাত শেষ করে ফেলল।

বলরাম বলল, হাত ধুয়ে আয়!

উঠোনের এক কোণে বড়-বড় মাটির গামলায় তিনুই জল ভরে রাখে। চটপট আঁচিয়ে সে শরীর বেঁকিয়ে দাঁড়িয়ে মিনমিনে গলায় বলল, আর করব না। কোনওদিনও।

বলরাম লাঠি দিয়ে ঠিক এক ঘা মারল তার পিঠে। খুব জোরে নয়। তার নিজের হাতে শাস্তি দেওয়া দরকার, তাই সে মেরেছে। তারপর বলল, এই দণ্ডে দূর হয়ে যা! যা, বেরিয়ে যা! কোনওদিন আর এমুখো আসবি না!

গোয়ালঘরের মধ্যে থাকে তিনুর জামা-কাপড়ের একটা পুঁটলি। ঘরটা এতই ছোট যে তার ভেতরে দাঁড়াবার জায়গাও বিশেষ নেই। গরুটার নাম তিন্নি। এ নাম তিনুই রেখেছে। অনেকে বলে তিনু আর তিন্নি ভাই-বোন। শিবুরা বলে, তিনুটা আগের জন্মে গরু ছিল।

গোয়ালের মধ্যে ভনভন করছে মশা আর ডাঁশ। তিন্নি কান লটপট করে ডাঁশ তাড়াচ্ছে। তার মাথায় হাত দিয়ে তিনু ফিসফিস করে কী যেন বলতে গেল। দরজার কাছ থেকে বলরাম ধমক দিয়ে বলল, আদিখ্যেতা করতে হবে না। বেরিয়ে আয়!

পুঁটুলিটা বুকে চেপে বেরিয়ে আসতেই বলরাম লাঠিটা উঁচিয়ে ধরে বলল, দূর হয়ে যা! আর কোনওদিন যেন তোর মুখ দেখতে না হয়! তিনু একবার শুধু শিবুর মুখের দিকে তাকাল। শিবুর কাছে সে দুটো টাকা পায়। কিন্তু সে কথা এখন উচ্চারণ করলে সে বলরামের হাতে তোমার খাবেই, পরে শিবুও তাকে মারবে।

বলরাম সকলের দিকে এমনভাবে চোখ ঘোরাল যে তাতেই বুঝিয়ে দিল, এই নিয়ে আর কোনও আলোচনার দরকার নেই।

মানুষের চরিত্র বোঝা বড় দুষ্কর। হারানবাবুকে খুশি করবার জন্য বলরাম তাড়িয়ে দিল তিনুকে, অথচ সেই হারানবাবুই দুদিন বাদে বললেন, ওহে বলরাম, তুমি নাকি তোমার বাড়ির রাখাল ছোঁড়াটাকে বিদেয় করে দিয়েছ? আরে, না, না! আমার গাছ থেকে সে দুটো আম ছিঁড়েছিল, সেজন্য আমি তাকে শাস্তি দিয়েছি। সে-ই তো যথেষ্ট! তুমি তাকে তাড়ালে, এখন সে খাবে কী? শুনলাম তো ছোঁড়াটার বাপ নেই, মামারা খেতে দেয় না। এদের আমরা যদি একটুআধটু না। দেখি, তা হলে আর কে দেখবে!

একটু থেমে আবার তিনি বললেন, ছোটবেলায় আমরাও কি অন্যের গাছ থেকে ফল-পাকড় চুরি করিনি দু-একবার? আসলে জানো কী ভায়া, দুরন্ত ডানপিটে ছেলেদের আমি পছন্দই করি। সেদিন হঠাৎ মাথায় রাগ চড়ে গিয়েছিল, আমগুলো এখনও পাকেনি, এ বছরেই প্রথম ফল এসেছে…

সুতরাং আবার ফিরিয়ে আনতে হল তিনুকে। বাড়ি ফিরে বলরাম ব্যাজার মুখে বড় ছেলেকে বলল, যা, ছোঁড়াটাকে ডেকে নিয়ে আয়। শিবু মুচকি হাসল। আসল মজার ব্যাপারটা বাবা জানে না। কাজ থেকে ছাড়িয়ে দিলেও তিনু এই কদিন রোজই মাঠে গিয়ে তিন্নির কাছে বসে থেকেছে। শিবু মাঠে গিয়ে গরুটাকে ছেড়ে দিয়েই নিশ্চিন্ত। তিনু বিনে মাইনের, বিনে খোরাকির রাখালি করতেও রাজি। বলরামের ভয়ে সে এ-বাড়িতে আর ঢোকে না, কিন্তু সন্ধের আগে সে-ই তিন্নিকে বাড়ির দোরগোড়ায় পৌঁছে দেয়। তিন্নিকে ছেড়ে সে একদিনও থাকতে পারে না, ভাই-বোন যে!

খবর পেতেই তিনু তার পুঁটুলিটা বগলে নিয়ে লাফাতে-লাফাতে চলে এল। রান্নাঘরের বারান্দায় উঠে বলল, ও নীতাদি, ভাত দাও, ভাত দাও!

যেন কিছুই হয়নি এই কটা দিন!

রাত্তিরবেলা শিবু একবার পেচ্ছাপ করতে বেরিয়ে এসে শুনতে পায়, তিনু গোয়ালঘরের মধ্যে বসে গরুটার সঙ্গে কী সব বকবক করে চলেছে।

**********
No Review
Related Books
Loading books…